Category: অন্যান্য

  • বিএনপির সঙ্গে আর কোনো দিন সংলাপ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    বিএনপির সঙ্গে আর কোনো দিন সংলাপ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সঙ্গে আর কোনো দিন সংলাপ হবে না। ২০ দলকে আর কোনো ছাড় নয়। যারা ষড়যন্ত্র করে তাদের আর ছাড় দেয়া হবে না। তা হলে নিজেদেরই ধ্বংস হয়ে যেতে হবে।

    মঙ্গলবার জাতীয় শোক দিবসে উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী; কিন্তু উদার গণতন্ত্রে নয়। উদার গণতন্ত্র শেখ রাসেলের মতো শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। উদার গণতন্ত্রে আইভি রহমানকে হত্যা করেছে। তাই আমরা উদার গণতন্ত্রে বিশ্বাসী নই। কারণ উদার গণতন্ত্রেই সবাই চক্রান্তের সুযোগ পায়।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ড. মুদাচ্ছের আলী। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ড. এম ইকবাল আর্সলান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

  • চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত

    চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাসির ওরফে মামুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

    পুলিশের দাবি, নিহত মামুন খুন-ধর্ষণসহ ১৮টি মামলার আসামি।

    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ  বলেন, ‘নিহত মামুনের বিরুদ্ধে খুন-ধর্ষণসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল। গতকাল (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়। কিন্তু তাকে নিয়ে ফেরার সময় তার অনুসারীরা পুলিশের ওপর হামলা করে মামুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ গুলি চালালে মামুন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

    এসময় পুলিশের এক এএসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

    ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি দুলাল মাহমুদ।

    অন্যদিকে মাগুরার মহম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত বাশার ডাকাত দলের সদস্য। তার নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে।

  • সিঙাড়া ৫০ পয়সা, পরোটা এক টাকা!

    সিঙাড়া ৫০ পয়সা, পরোটা এক টাকা!

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নাভিশ্বাস মানুষের তখন ব্যতিক্রমী এক দোকানির নাম মালেক বিশ্বাস। গত ৩০ বছরেরও অধিক সময় ধরে সিঙাড়া, পরোটা আর আলুর চপের দোকান চালাচ্ছেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্য তিনি শুরু থেকেই দোকানে পরোটা এক টাকা আর সিঙাড়া বিক্রি করছেন ৫০ পয়সায়। দ্রব্যমূল্যের দাম বাড়লেও বাড়েনি মালেকের দোকানের সিঙাড়া আর পরোটার দাম।

    Singara-(2)

    সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর বাজারে প্রতিষ্ঠিত এ দোকানটি স্থানীয়দের কাছে ‘আট আনার দোকান’ নামে পরিচিত। এলাকার মানুষ দোকানি মালেক বিশ্বাকে একজন সৎ ও সহজ সরল লোক হিসেবেই জানেন। এই আট আনার দোকানে এক টাকার পরোটা, আলুর চপ আর ৫০ পয়সার সিঙাড়া খেতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। এলাকায় বেশ চাহিদাও রয়েছে এই দোকানের পণ্যের।

    শ্রীরামপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গত ৩০ বছরেরও অধিক সময় ধরে তিনি দোকানটি পরিচালনা করছেন। যেখানে ৫০ পয়সার সিঙাড়া এবং এক টাকার পরোটা ও আলুর চপ বিক্রি করা হয়। ক্রমান্বয়ে জিনিসপত্র ও খাদ্যদ্রব্যের দাম বাড়লেও বাড়েনি এই দোকানের পণ্যের দাম।

    Singara-(3)

    দোকানটি মুত্যুকাল পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়ে মালেক বিশ্বাস বলেন, মালপত্রের দাম যতই বাড়ুক আমার দোকানের সিঙাড়া, আলুর চপ আর পরোটার দাম বাড়বে না। সীমিত লাভ হয়। তবে তাতেই আমি খুশি। অনেক আগে এই দোকানের ব্যবসার লাভের টাকা দিয়ে কিছু জমি কিনেছিলাম, সেই জমির ইজারা আর ফসলে সংসার চলে। ব্যবসাটা ধরে রেখেছি ভক্তি আর শ্রদ্ধার কারণে।

  • বাড়ি ফেরার আগে রাস্তার কাচ পরিষ্কার করল শিক্ষার্থীরা

    বাড়ি ফেরার আগে রাস্তার কাচ পরিষ্কার করল শিক্ষার্থীরা

    রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর রোডে বাসের ভাঙা কাচ পরিষ্কার করতে দেখা গেছে দুই শিক্ষার্থীকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইতিবাচক আলোচনা হয়।
    রাস্তায় পড়ে থাকা কাচে যেন কোন দুর্ঘটনা না ঘটে- তার জন্য বাড়ি ফেরার আগেই তা রাস্তা থেকে সরিয়ে ফেলে তারা। আর অনেকের মতে, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করল আন্দোলনকারী শিক্ষার্থীরা।
    রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আজ বুধবার তৃতীয় দিনের মতো আন্দোলন করে শিক্ষার্থীরা।
    কাচ পরিষ্কারের এ ঘটনায় ফেসবুকে কুদ্দুস আফ্রাদ নামের এক ব্যক্তি বলেন, ‘তোমাদের হাতে সমাজের জঙ্গল পরিষ্কার হবে। তোমরা এগিয়ে যাও। জয় বাংলা।’
    আব্দুল হালিম নামের একজন লিখেছেন, ‘বিষয়টি সত্যিই অসাধারণ! তোমাদের হাতেই বাংলার জয় হবে।’
    জুবাইর চৌধুরী বলেন, দিনভর রাজপথ দখল করে আন্দোলন। বাড়ি ফেরার আগে রাস্তা ঝাড়ু! আন্দোলনের সংজ্ঞাই পাল্টে দিলে তোমরা! তোমাদের মতো শিক্ষার্থীদের জন্য গর্ব হচ্ছে। তোমাদের জন্য ভালোবাসা। জয় বাংলা! তোমাদের হাতে সমাজের জঙ্গলগুলোও পরিষ্কার হবে! এটাই বিশ্বাস।
    গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর নিহত হয়। আজ শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে।
  • শিক্ষার্থীদের বাধায় পড়ে ফিরে গেল বাণিজ্যমন্ত্রীর গাড়ি

    শিক্ষার্থীদের বাধায় পড়ে ফিরে গেল বাণিজ্যমন্ত্রীর গাড়ি

    রাজধানীর শাহবাগ এলাকা দিয়ে ‘উল্টোপথে’ যাওয়ার সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বিএমডব্লিউ গাড়ি আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত পুলিশ প্রোটোকলে থাকা গাড়িটি ওই পথেই ফিরে যেতে বাধ্য হয়।
    আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িটিকে শিক্ষার্থীরা আটকে রাখে। আজ নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে অবস্থান নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার একপাশে শিক্ষার্থীদের অবস্থানের কারণে বাণিজ্যমন্ত্রীর গাড়িটি উল্টো পথে এগিয়ে যাচ্ছিল। এ সময় শিক্ষার্থীদের বাধার মুখে প্রায় ১৫ মিনিট গাড়িটি সেখানে আটকে থাকে। তোফায়েল আহমেদ তখন গাড়ি থেকে নেমে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
    শিক্ষার্থীরা মন্ত্রীর কাছে সড়ক দুর্ঘটনার বিচার চায়। এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকে। এর আগে পুলিশ প্রোটোকলে থাকা কর্মকর্তা গাড়িটি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে শিক্ষার্থীরা ‘আইন সবার জন্য সমান’ বলেও স্লোগান দেন। পরে গাড়িটি যে পথে আসছিল সে পথে ফিরে যায়।
  • সাভারে চোর সন্দেহে যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

    সাভারে চোর সন্দেহে যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

    ঢাকা জেলার সাভারের একটি জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা ও মাইকিং চুরির অভিযোগে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বায়তুন নাজাত তালবাগ কবরস্থান জামে মসজিদে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ওই যুবকের নাম বাবুল হোসেন এবং তার বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার উত্তরপাড়া গ্রামে।

    মসজিদ কমিটি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে লোকজন চলে গেলে ওই যুবককে আটক করে মসজিদের মোয়াজ্জিন মো. মোমিন। এ সময় তার ডাকে মসজিদটিতে নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানে রম্যানেজার মো. নুরুজ্জামান ও তার সহকারীরা এগিয়ে আসে। এই সময় যুবককে মসজিদের ঢুকে চুরি করতে দেখে তারা আটক করেন। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে ওই যুবককে রশি দিয়ে বেঁধে ফেলে এভং গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে যুবক হাত বাঁশের সঙ্গে বেঁধে পুরো এলাকা ঘোরানো হয়। পরে আটক যুবকটিকে মসজিদের সামনে একটি গাছের সাথে কাপড় দিয়ে বেঁধে গণধোলাই দেয়া হয়। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পর্যায়ক্রমে গণধোলাইয়ের শিকার হওয়া যুবকটি একপর্যায়ে অচেতন হয়ে পড়ে।

    এ সময় একটি রিকশাযোগে তাকে সাভার থানায় নেওয়া হয়। কিন্তু থানায় যাওয়ার পথে যুবকটির কোনো সাড়া শব্দ না পেয়ে মৃত ভেবে রিকশাওয়ালা ভয়ে তাকে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    মসজিদের ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নুরুজ্জামান বলেন, ফজরের নামাজ শেষে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মোয়াজ্জিন হুজুর চোর চোর বলে চিৎকার করে। এ সময় আমাদের লোকজন এগিয়ে এসে ওই যুবকটিকে আটক করে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে যুবককে হেয় প্রতিপন্ন করার জন্য বাঁশের সঙ্গে বেঁধে এলাকা ঘোরায়। এসময় কিছু লোকজন তাদের লাঠি দিয়ে পেটায় বলেও জানান তিনি।

    জানতে চাইলে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ চুন্ন মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কে বা কারা ওই যুবককে পিটিয়ে হত্যা করেছে সে বিষয়ে আমরা কিছু জানি না। তবে কিছুদিন আগেও আমাদের মসজিদের একটি মাইক চুরি হয়। সে কারণে হয়তো মোয়াজ্জিন হুজুরসহ অন্যান্যরা যুবকটিকে আটক করেছিলো। এছাড়া ঘটনার পর থেকে মোয়াজ্জিন হুজুর মসজিদে না থাকায় এ বিষয়ে আমরা কেউ পরিষ্কার করে কিছু বলতে পারছি না।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির  বলেন, তালবাগ কবরস্থান মসজিদে চোর সন্দেহে হত্যা করা হয়েছে। নিহত যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    তবে এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • হাজার টেস্টের রেকর্ড গড়ছে ইংল্যান্ড

    হাজার টেস্টের রেকর্ড গড়ছে ইংল্যান্ড

    বার্মিংহামের এডজবাস্টনে ভারতের বিপক্ষে কাল বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড ক্রিকেট দল। এ টেস্ট দিয়ে ক্রিকেটে প্রথম দল হিসেবে হাজারতম টেস্ট খেলতে নামছে ইংলিশরা। টেস্ট ফরম্যাটে আজ অবধি কোন দলই ১ হাজার টেস্ট খেলতে পারেনি। প্রথম দল হিসেবে ইংল্যান্ডই এমন রেকর্ড করতে যাচ্ছে। ইংল্যান্ডের ইতিহাস সৃষ্টির ম্যাচে সাক্ষী হবে ভারত। সৌভাগ্য বিরাট কোহলির দলের।
    ১৮৭৭ সালের ১৫ মার্চ টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মেলাবোর্নে লড়েছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেটিই ছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। এরপর এখন পর্যন্ত ৯৯৯টি টেস্ট খেলেছে তারা। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এটি। এই রেকর্ড আরও বড় করতে যাচ্ছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামলেই বিশ্ব ক্রিকেটে এক অনন্য ইতিহাসের জন্ম দিবে ইংল্যান্ড। ৯৯৯ ম্যাচে অংশ নিয়ে এখন পর্যন্ত ৩৫৭টি জয়, ২৯৭টি হার ও ৩৪৫টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। এরমধ্যে দেশের মাটিতে ৫১০ ম্যাচ খেলেছে ইংলিশরা। ২১৩টি জয়, ১১৯টি হার ও ১৭৮টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড।
    ইংল্যান্ডের পরই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ৮১২ ম্যাচ খেলে সবচেয়ে বেশি টেস্ট খেলার তালিকায় দ্বিতীয় স্থানে অসিরা। তবে অস্ট্রেলিয়ার জয় ইংল্যান্ডের চেয়েও বেশি। ৩৮৩ ম্যাচে জিতেছে তারা। ২১৯টি ম্যাচে হার ও ২০৮টি ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৫৩৫ ম্যাচ। ৫২২ ম্যাচ খেলে চতুর্থস্থানে রয়েছে ভারত। ২০০০ সালে টেস্ট অভিষেকের পর আজ অবধি ১০৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১০টি জয়, ৮২টি হার ও ১৬টি ম্যাচ ড্র করেছে টাইগাররা। বাসস।
  • নিউ ইয়র্কের রাস্তায় নাচলেন প্রিয়াঙ্কা

    নিউ ইয়র্কের রাস্তায় নাচলেন প্রিয়াঙ্কা

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের রাস্তায় দর্শকদের নাচে-গানে মাত করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জানা যায়, ‘ইজ নট ইট রোমান্টিক’ নামে হলিউডের একটি সিনেমার শুটিংয়ের প্রয়োজনে নেচেছেন এই অভিনেত্রী। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাচের কিছু ছবি দ্রুতই ছড়িয়ে পড়েছে।

    এ ব্যাপারে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের ৪০তম সড়কে নেচেছেন প্রিয়াঙ্কা।

    এদিকে প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি রঙের জামা পরে নাচছেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে রয়েছেন রেবেল উইলসন। তিনি উজ্জ্বল লাল রঙের জামা পরে নাচছেন। এছাড়াও লিয়াম হ্যামসওয়ার্থকে কালো রঙের পোশাক পরে নাচতে দেখা যায়।

    টড স্ট্রাউস-স্কুলসন পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করছে নিউ লাইন সিনেমা। ২০১৯ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

    নিউইয়র্কের এক স্থাপত্যবিদ নাটালিকে নিয়ে সিনেমাটির কাহিনি। সেখানে নাটালির ভূমিকায় অভিনয় করছেন রেবেল। লিয়াম ব্লেক নামে এক সুদর্শন ক্রেতার ভূমিকায়। আর প্রিয়াংকা যোগব্যায়াম শিক্ষক ইসাবেলার চরিত্রে অভিনয় করছেন।

  • ভেবেছিলাম আমি প্রস্তুত, আসলে তা নয়: সানি লিওন

    ভেবেছিলাম আমি প্রস্তুত, আসলে তা নয়: সানি লিওন

    সাবেক পর্নস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওনের ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ মুক্তি পেয়েছে। সানির বায়োপিক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শক মহলে। কেউ বলছেন, সত্যিটা সামনে এসেছে। আবার কারও মনে হয়েছে, সানির জীবনের অনেক ঘটনাই নাকি দেখানো হয়নি।

    সানি লিওন জানিয়েছেন, তিনি ছবিটির জন্য প্রস্তুতই ছিলেন না। বিশেষ করে বাবা-মার মৃত্যু আরও একবার দেখতে হয়েছে তাকে। সেটা তাকে আরও একবার দুঃখ দিয়েছে।

    সানি লিওনের মা মারা যান ২০০৮-এ। ক্যানসারে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১০-এ মারা যান বাবা।  মিড ডে-কে দেওয়া সাক্ষাত্কারে সানি লিওন বলেছেন, আমি জানি যে, ছবিতে যারা অভিনয় করেছেন তারা আমার আসল বাবা-মা নন। কিন্তু আবেগ ও পরিস্থিতিটা তো একই ছিল। অনস্ক্রিন বাবাকে ক্যানসারে ভুগতে দেখা বা কফিনে মাকে, ঘটনাগুলিকে জীবন্ত করা সহজ ছিল না। হৃদয়ের ব্যথা কখনই মুছে যায় না। আমিই এসব পরিস্থিতির মধ্য দিয়ে আরও একবার যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম। ভেবেছিলাম আমি এসবের জন্য প্রস্তুত, আসলে তা নয়।

  • বরিশালে সাদিক আবদুল্লাহর বিজয়

    বরিশালে সাদিক আবদুল্লাহর বিজয়

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১ লাখ ৭ হাজার ৩শ’ ৫৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১শ’ ৩৫ ভোট। সোমবার রাত ১২টা ৫ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান এই বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

    এছাড়া মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের মাওলানা ওবাইদুর রহমান মাহবুব ৬ হাজার ৪শ’ ২৩ ভোট, বাসদের ডা. মনিষা চক্রবর্তী ১ হাজার ৯শ’ ১৭ ভোট, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ৬৯৬ ভোট, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট একে আজাদ ২শ’ ৪৪ এবং স্বতন্ত্র (জাপা বিদ্রোহী) প্রার্থী বশির আহম্মেদ ঝুনু পেয়েছেন ৮১ ভোট।

    যদিও গতকাল ভোটের দিন দুপুরের মধ্যে একমাত্র আওয়ামী লীগ প্রার্থী বাদে প্রতিদ্বন্দ্বী অপর ৫ মেয়র প্রার্থী নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। এর আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ান জাপা বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ ঝুনু।

    বরিশাল সিটি করপোরেশনে মোট ২ লাখ ৪২ হাজার ১ শ’ ৬৬ জন ভোটারের মধ্যে সোমবার ১ লাখ ২৯ হাজার ৮শ’ ৪৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নানা কারনে ৩ হাজার ৪শ’ ৫১টি ভোট বাতিল করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। প্রদত্ত মোট ভোটের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৩শ’। ভোট প্রদানের হার ছিলো ৫৫ ভাগ।

    অনিয়মের অভিযোগে নগরীর পশ্চিম কাউনিয়ার সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ এবং অপর ১৫টি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত করে নির্বাচন কমিশন। এই ১৬ কেন্দ্রের মোট ভোটার ৩১ হাজার ২শ’ ৮৭ জন। এই সকল ভোট কোন প্রার্থীর অনুকূলে গেলেও চূড়ান্ত ভোটের ফলাফলে কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

    এদিকে চূড়ান্ত ফল ঘোষণার পর রাত সাড়ে ১২টায় নগরীর কালীবাড়ি রোডের নিজ বাসবভবনে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক আবদুল্লাহ বলেন, তার এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই জনগণ ভোট দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছে।

    দায়িত্ব নেওয়ার পর নগরীর সুবিধা বঞ্চিত, বস্তিবাসী এবং বর্ধিত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহ সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড করার প্রতিশ্রুত দেন নব নির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহ।