Home Blog

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান

0
Oplus_131072

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান জাতিসংঘের তথ্যসমাজবিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলন, ডব্লিউএসআইএস ফোরাম ২০২৬-এ উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত হন।

উল্লেখ্য আগামী ৬ থেকে ১০ জুলাই ২০২৬ সুইজারল্যান্ডের জেনেভায় এই ফোরাম অনুষ্ঠিত হবে। ফোরামটি যৌথভাবে আয়োজন করবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, আইটিইউ এবং সুইস কনফেডারেশন। সহ-আয়োজক হিসেবে থাকবে আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপি ও ইউএনসিট্যাড। এছাড়া জাতিসংঘের ৫০টির বেশি সংস্থা এ প্রক্রিয়ার অংশীদার হিসেবে যুক্ত থাকবে।

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

0

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের খেলায়, তখন এর আড়ালে বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার আসক্তি। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে নতুন নতুন কিশোর-তরুণ জড়িয়ে পড়ছে অনলাইন বাজিতে। সর্বস্ব হারিয়ে অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছে, শেষ পর্যন্ত পরিবারের উদ্যোগে ঠাঁই হচ্ছে মাদক নিরাময় কেন্দ্রে।

বরিশালের বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি মাসেই অনলাইন জুয়ার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পরবর্তীতে মাদকাসক্ত হয়ে পড়া ১২৩ জন তরুণকে জেলার ছয়টি নিরাময় কেন্দ্রে ভর্তি করেছে তাদের পরিবার।

বরিশাল নগরীর এক তরুণ (ছদ্মনাম সাকিবুল ইসলাম) জানান, রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করার পর দূরসম্পর্কের এক আত্মীয়ের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে ৫০০ টাকা জমা দিয়ে কয়েক হাজার টাকা জেতায় তার আগ্রহ তৈরি হয়। পরে ধীরে ধীরে আসক্ত হয়ে গত দুই মাসে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা হারান।

তিনি বলেন, প্রথমে লাভ হওয়ায় মনে হয়েছিল সহজেই টাকা আয় করা যায়। পরে একসময় জুয়া নেশায় পরিণত হয়। ইয়াবা ও গাঁজা সেবনের পাশাপাশি অনলাইন জুয়ায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে শুরু করি। বিশ্বকাপ এলেই নতুন করে অনেক তরুণ এই জুয়ার ফাঁদে জড়িয়ে পড়ে।

একই নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন আরেক তরুণ নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনলাইন জুয়ার কারণে নিজের ও পরিবারের বড় ধরনের ক্ষতি হয়েছে তার। পরে বিষয়টি পরিবারের কাছে স্বীকার করলে তারা তাকে চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাবুগঞ্জ উপজেলার এক যুবক (ছদ্মনাম শরিফুল) অকপটেই বলেন, বিশ্বকাপ উপলক্ষ্যে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছি। আসর শেষ হওয়ার পর নিজেকে বদলে ফেলতে চাই। অন্যদেরও এ বিষয়ে সচেতন করার চেষ্টা করব।

খোঁজ নিয়ে জানা গেছে, বন্ধু কিংবা পরিচিতজনের মাধ্যমে অধিকাংশ তরুণ প্রথমবার অনলাইন বাজির প্ল্যাটফর্মে যুক্ত হন। একবার আসক্ত হওয়ার পর জুয়ার টাকা জোগাড় এবং লোকসানের হতাশা কাটাতে অনেকেই মাদকের দিকে ঝুঁকে পড়েন। সেখান থেকে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধেও জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বরিশালের দি নিউ লাইফ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মর্তুজা জুয়েল বলেন, আমাদের পর্যালোচনায় দেখা গেছে, তরুণরা প্রথমে স্মার্টফোনে অতিরিক্ত আসক্ত হয়। এরপর অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত হয়। পরবর্তীতে মাদক ও অপরাধপ্রবণ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। এতে একটি সম্ভাবনাময় জীবন অন্ধকারে হারিয়ে যায়। এ থেকে উত্তরণের প্রধান উপায় পারিবারিক নজরদারি ও সামাজিক সচেতনতা বৃদ্ধি।

এদিকে অনলাইন জুয়ার সিন্ডিকেট দমনে সাইবার নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ২০২৪ সালে ‘টুসকি’ নামের একটি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের বরিশাল বিভাগীয় প্রধানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবারও বিশ্বকাপকে ঘিরে অনলাইন জুয়া নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির কথা জানিয়েছে প্রশাসন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুল হান্নান বলেন, ফুটবল বিশ্বকাপ ও আইপিএলের মতো বড় ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে অনলাইন জুয়ার প্রবণতা বেড়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের টহল দল ও সাইবার ইউনিট সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

ক্রীড়ার সুস্থ বিনোদনকে কেন্দ্র করে যেন তরুণ প্রজন্ম অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধিতে জড়িয়ে না পড়ে, সেজন্য আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত সচেতনতাই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সচেতন মহল ও সংশ্লিষ্টরা।

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

0

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

বুধবার (১ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দেয়।

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ সময় জাপানি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে পাঁচটি পেট্রোল বোট প্রদান করা হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সহযোগিতা ও আন্তর্জাতিক পরিসরে আরও ভূমিকা আশা করেন।

প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আশা প্রকাশ করেন।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

0

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ লাখ ৩৮ হাজার ১২৮ কোটি টাকার বেশি। দেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স এর আগে কখনো আসেনি।

আগের অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত অর্থ পাঠানোর সুযোগ বাড়ায় প্রবাসীরা আগের তুলনায় বেশি বৈধ চ্যানেল ব্যবহার করছেন। ফলে চলতি অর্থবছরে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

এদিকে অর্থবছরের শেষ মাসে রেমিট্যান্স প্রবাহে কিছুটা ভাটা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, জুনে দেশে এসেছে ২৮০ কোটি ৬ লাখ মার্কিন ডলার, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে আগের বছরের জুনের তুলনায়ও রেমিট্যান্স কিছুটা কমেছে। তবে ব্যাংক হলিডের কারণে ১১টি ব্যাংকের তথ্য প্রাথমিক হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। ফলে চূড়ান্ত হিসাবে এ অঙ্ক কিছুটা বাড়তে পারে। এর আগে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিল গত বছরের অক্টোবরে, তখন আসে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার।

সংশ্লিষ্টদের মতে, মার্চ, এপ্রিল ও মে মাসে ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য অতিরিক্ত অর্থ পাঠান। ঈদ-পরবর্তী সময়ে সেই চাপ কমে যাওয়ায় জুন মাসে রেমিট্যান্সেও কিছুটা স্বাভাবিক নিম্নগতি দেখা দিয়েছে।

সদ্য সমাপ্ত অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের চিত্রে দেখা যায়, জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার, এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, মে মাসে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার এবং জুনে ২৮০ কোটি ৬ লাখ ডলার।

রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ইতিবাচক ধারার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

পকেটে ছিল না নগদ টাকা, কিউআর স্ক্যানেই চা, মোগলাই ও সবজি কিনলেন গভর্নর

0

পকেটে ছিল না নগদ টাকা, ছিল না খুচরা বা ভাঙতি টাকার ঝামেলাও। হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিউআর কোড স্ক্যান করে ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট, সুপার শপ ও কাঁচাবাজারের বিল মিটিয়ে দিলেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

ক্যাশলেস বাংলাদেশ বা নগদ টাকাবিহীন লেনদেনের স্বপ্ন বাস্তবায়নে ‘বাংলা কিউআর’-এর ব্যবহার জনপ্রিয় করতে এবার নিজেই মাঠে নামলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বুধবার (১ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বের হয়ে সরাসরি রাস্তায় নেমে আসেন তিনি। নগদ অর্থ ব্যবহার না করে ‘বাংলা কিউআর’ কোড স্ক্যানের মাধ্যমে একের পর এক কেনাকাটা ও বিল পরিশোধ করে ডিজিটাল লেনদেনের বাস্তব চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।

প্রথমে ফুটপাতের ক্ষুদ্র বিক্রেতাদের কাছ থেকে কেনাকাটার মাধ্যমে দিনটির কার্যক্রম শুরু করেন গভর্নর। এরপর রাস্তার পাশের একটি চায়ের দোকানে গিয়ে চা পান শেষে কাউন্টারে থাকা বাংলা কিউআর কোড স্ক্যান করে বিল পরিশোধ করেন তিনি।

পরে একটি সুপার শপে গিয়ে একই পদ্ধতিতে একটি পিনাট বার কেনেন। দুপুরের দিকে একটি রেস্টুরেন্টে গিয়ে মোগলাইয়ের বিলও পরিশোধ করেন বাংলা কিউআরের মাধ্যমে। সবশেষে একটি কাঁচাবাজারে গিয়ে একজন সবজি বিক্রেতার কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সবজি কেনাকাটা সম্পন্ন করেন।

ফুটপাতের দোকান, চায়ের স্টল, রেস্টুরেন্ট, সুপার শপ কিংবা কাঁচাবাজার—সব ক্ষেত্রেই একই পদ্ধতিতে লেনদেন সম্পন্ন করে গভর্নর একটি বার্তা দিতে চেয়েছেন যে, ডিজিটাল পেমেন্ট এখন আর শুধু বড় ব্যবসাপ্রতিষ্ঠান বা শহুরে অভিজাত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনেও এটি সহজেই ব্যবহার করা সম্ভব।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’-এর ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে দেশে একটি সমন্বিত ও আন্তঃপরিচালনাযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। নগদ অর্থ বহন, ভাঙতি টাকার ঝামেলা এবং আলাদা আলাদা পেমেন্ট প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা দূর করে একটি একীভূত কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থার আওতায় সব ধরনের ব্যবসায়ী ও গ্রাহককে যুক্ত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন প্রতীকী অংশগ্রহণ দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও সাধারণ ক্রেতাদের মধ্যে ডিজিটাল লেনদেন ব্যবহারে আগ্রহ বাড়াবে এবং ক্যাশলেস বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি যোগ করবে।

এদিকে দেশে ক্যাশলেস বা নগদহীন লেনদেন উৎসাহিত করতে ‘বাংলা কিউআর’ কোডে লেনদেন ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, এই কিউআর কোড ব্যবহার করে মার্চেন্ট বা বিক্রেতারা লেনদেনের বিপরীতে ভ্যাটসহ সর্বোচ্চ ১ শতাংশ ফি বা চার্জ কাটতে পারবেন।

বরিশালে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল

0

বরিশাল মহানগর এলাকায় চলাচলকারী থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল রাখা এবং লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, লাইসেন্স নবায়ন না হওয়া থ্রি-হুইলারগুলোর বিরুদ্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী সাধারণের স্বার্থে বিদ্যমান ভাড়া অপরিবর্তিত রাখার পাশাপাশি সব যানবাহনের বৈধ কাগজপত্র ও লাইসেন্স নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।

এ ছাড়াও নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং থ্রি-হুইলার মালিক ও চালক সমিতির নেতারাও সভায় অংশ নেন।

প্রসঙ্গত, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে রোববার (২৮ জুন) নগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ, ভাড়া যাচাই অভিযান পরিচালনা করেন এবং শতাধিক থ্রি-হুইলার সাময়িকভাবে আটকে রাখেন। সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শতবর্ষ গেট ও মসজিদ গেট এলাকায় অবস্থান নেয়।

এ সময় চলাচলকারী ইজিবাইক, সিএনজি ও এলপিজিচালিত থ্রি-হুইলারের ভাড়া যাচাই করা হয়। যেসব চালক নির্ধারিত ভাড়া নিয়েছেন তাদের ছেড়ে দেওয়া হলেও অতিরিক্ত ভাড়ার অভিযোগে অনেক গাড়ি সাময়িকভাবে আটক রাখা হয়।

কীর্তনখোলায় পর্যটন বোট ‘কুইন অব উলানিয়া’র যাত্রা শুরু

0

বরিশালের নদীকেন্দ্রিক পর্যটনে নতুন মাত্রা যোগ করতে কীর্তনখোলা নদীতে যাত্রা শুরু করেছে কাঠ ও বাঁশের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল পর্যটন বোট ‘কুইন অব উলানিয়া’।

স্থানীয় সংস্কৃতি ও নদীভিত্তিক পর্যটনের বিকাশে বেসরকারি উদ্যোগে নির্মিত এই নৌ-তরীকে সম্ভাবনাময় সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কীর্তনখোলা নদীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। উদ্বোধনের পর তিনি বোটে চড়ে নদী ভ্রমণ করেন।

এ সময় তিনি বলেন, সরকার পর্যটনকে আরও জনপ্রিয় করতে ‘একটি গ্রাম একটি পণ্য’ ধারণার আদলে ‘সাংস্কৃতিক গ্রাম’ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষে বরিশাল ও ঝালকাঠির মৃৎশিল্প, পাটি শিল্প এবং নদীকেন্দ্রিক পর্যটন বিকাশে পরিকল্পনা ইতোমধ্যে এডিবিতে পাঠানো হয়েছে। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান এবং বরিশাল-ভোলার নদ-নদীকে ঘিরে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ‘কুইন অব উলানিয়া’ সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি এ ধরনের উদ্যোগে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বোটটির স্বত্বাধিকারী সৈয়দ রাজিউর রহমান চৌধুরী জানান, ২০২৫ সালের ২৭ জুন কুষ্টিয়া থেকে ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি সংগ্রহ করা হয়। পরে দীর্ঘ সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে ২০২৬ সালের ১৪ এপ্রিল এটি চলাচলের উপযোগী করা হয়। নৌ-তরীর অভ্যন্তরের প্রায় সবকিছুই কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, যাতে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া বজায় থাকে।

তিনি আরও বলেন, এটি শুধু পর্যটন বোট হিসেবে নয়, দুর্গম চরাঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতেও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই নৌ-তরীর মাধ্যমে মেডিকেল ক্যাম্প, চক্ষু ক্যাম্প, কিডনি ক্যাম্পসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, এই নৌ-তরীকে কাজে লাগিয়ে সরকার শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক ভ্রমণ, সাংস্কৃতিক কার্যক্রম ও নদীভিত্তিক শিক্ষা কর্মসূচি পরিচালনা করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ‘কুইন অব উলানিয়া’ কীর্তনখোলা নদীতে এক মনোরম ভ্রমণ সম্পন্ন করে। পরে বোটটি বরিশাল নদীবন্দরে ফিরে আসে।

নদীমাতৃক বরিশালে ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিক পর্যটনের সমন্বয়ে নির্মিত ‘কুইন অব উলানিয়া’ ভবিষ্যতে দেশি-বিদেশি পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা।

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

0

‘কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বাদ জোহর নিজ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন হয়। এসময় তাকে বিদায় জানাতে আসা সহকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন এবং শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডে নিজ অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট এবং হৃদ রোগে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন আরিফিন তুষার। সহকর্মীরা তাৎক্ষণিক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে আরিফিন তুষারের বয়স হয়েছিল ৩৮ বছর। দেড় বছর বয়সী পুত্র সন্তান, স্ত্রী, বাবা, মা এবং দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হোসেন ভূঁইয়া। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তুষার ছিলেন সর্বজ্যেষ্ঠ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আরিফিন তুষারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মৃতদেহ বরিশাল প্রেসক্লাবে নিয়ে আসা হয়। সেখানে আরিফিন তুষারের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় বরিশাল প্রেসক্লাব, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, তার প্রিয় কর্মস্থল কালবেলা পরিবার, বার্তা সম্পাদক ফোরাম বরিশাল, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক সময়ের বার্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল ১০টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে মরহুমের প্রথম জানাজা নামাজ হয়। জানাজার ইমামতি করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। এসময় আরিফিন তুষারের বাবা আবুল ভূঁইয়া, মেঝ ভাই হিমেল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল, ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আবদুল মালেক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ন কবির, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ তুষারের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

পরে মরদেহ তার নিজ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে দ্বিতীয় জানাজা নাশেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরিফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছাড়াও প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

0

বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। যুবলীগের সাবেক কর্মী পরিচয়ধারী ইমরান হোসেন জনি ও তার বোন নুসরাত জাহান হ্যাপির নেতৃত্বে একদল দুর্বৃত্ত প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে গুরুতর জখম করেছে এক নারী ও তার মেয়েকে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিজমা ও চাঁদাবাজি নিয়ে বিরোধ চলছিল, যার পরিণতিতে ঘটেছে এই নৃশংস হামলা। গুরুতর আহত দুইজন বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তরা হলেন, নুসরাত জাহান হ্যাপি (৪০), তার ভাই ইমরান হোসেন জনি ওরফে খান জনি (৩৮), কবির খান দুলাল (৫৫) সহ আরও ৪–৫ জন সন্ত্রাসী। অভিযোগ রয়েছে, এরা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলের সিন্ডিকেট চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে।

ভুক্তভোগী আলেকজান্ডার খান জানান, মঙ্গলবার দুপুরে পরিকল্পিতভাবে তার বাসভবনে হামলা চালানো হয়। জমি জবরদখলের চেষ্টার প্রতিবাদ করলে অভিযুক্ত জনি ও তার বোন হ্যাপির নেতৃত্বে একদল সন্ত্রাসী তার স্ত্রী নার্গিস বেগম ও কন্যা জোহরাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জানাযায় ইমরান হোসেন জনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী বলেও এলাকাবাসীর দাবি। বিগত দিনে দলীয় প্রভাব কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার, জমি দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিনের।

স্থানীয়রা অভিযোগ করেন, ক্ষমতার পালাবদলের পর জনি স্থানীয় কিছু বিএনপি রাজনৈতিক ঢাল হিসেবে রেখে অপরাধচক্র পরিচালনা করে আসছে।

একই পথে হ্যাপিও, ভাইয়ের ছত্রছায়ায় ‘ভূমিদস্যুতা’র অভিযোগের একাধিক ঘটনার সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্র জানাযায়। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন নানা অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে চক্রটি।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তবে আমানতগঞ্জ এলাকার একাধিক বাসিন্দা বলেন, “এই পরিবারটি পুরো এলাকাকে জিম্মি করে রেখেছে। জমি দখল, ভয়ভীতি দেখানো ও নারীদের হেনস্তা করাই যেন তাদের নেশা হয়ে দাঁড়িয়েছে।”

তারা আরও বলেন, “জনি নিজেকে কখনো যুবলীগ নেতা, আবার কখনো বিএনপির লোক বলে পরিচয় দেয়। মূল উদ্দেশ্য একটাই—ক্ষমতা ও ভয়ের মাধ্যমে দখলদারি চালানো। আমাদের মত সাধারণ মানুষ কোথায় যাবে?”

সুশীল সমাজ মনে করছে, রাজনৈতিক পরিচয়ের পেছনে লুকিয়ে থাকা এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে দলীয় অবস্থান নির্বিশেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।