Blog

  • খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির গণমিছিল

    খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির গণমিছিল

    ডেস্ক রিপোর্ট :

    খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলার প্রতিবাদে রাজধানীতে গণমিছিল করছে বিএনপি। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে ঢাকায় বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

    দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মিছিলের নেতৃত্ব দেন। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘আমরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে এ কর্মসূচি দিয়েছি। সেই সাথে দেশনেত্রী খালেদা জিয়ার নিশর্ত মুক্তি দাবি করছি। এখন বক্তৃতা দেওয়ার সময় নয়। এখন কাজের সময়। আমরা সবাই একসাথে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব।’

    দুপুরের পর থেকেই মিছিলের জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে। এসময় শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

    গণমিছিলটি পল্টন থেকে শুরু হয়ে মালিবাগ মোড় ঘুরে এসে আবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে ঢাকার বাহির থেকেও বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

    এর আগে গতকাল নতুন বছরের প্রথম দিন বিএনপিসহ সমমনা জোটগুলো রাজধানীতে গণমিছিলের ডাক দেয়। তাদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।

  • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে কসবায় বিক্ষোভ

    নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে কসবায় বিক্ষোভ

    কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

    নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার (০১ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
    দলটির কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় বেলা ১২ টার দিকে উপজেলায় বিভিন্ন সড়কে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা।

    সীমান্ত কমপ্লেক্স মার্কেটের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের পুরান বাজার ঘুরে উপজেলা চত্বরের পাশে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াস।

    সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন,‘শেখ হাসিনার সরকার অবৈধ। তারা সরকার গঠন করার সাথে সাথে, সব দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে অবৈধ সরকারের বাণিজ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সবকিছুর দাম মানুষের হাতের নাগালে আনতে হবে।’

    মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. ইকলিল আজম, মো. শরীফূল ইসলাম ভূইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওসমান হারুনুর রশিদ, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. সানাউল্লাহ, বায়েক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।