







ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে সমাজের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারে তারা।
রোববার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। প্রতিটি প্রতিবন্ধী সন্তানকে অবশ্যই সু-শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে বোঝা মনে করে অবহেলা করা যাবে না। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।
বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল আহম্মেদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য আ. খালেক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষাকার্যক্রমের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব, বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোতালেব হাওলাদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু প্রমুখ।

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ হালদার নান্টু হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয় কারফা বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।
খবর পেয়ে বরিশাল এবং উজিরপুর থেকে ফায়ার সার্ভিস এবং গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে যেতে চাইলে পথিমধ্যে তাদের বাধা দেয় স্থানীয়রা। এসময় গোয়েন্দা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে তারা। এতে সাংবাদিক ও পুলিশসহ স্থানীয় কয়েক জন আহত হয়েছে।
অন্যদিকে নান্টুকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক ইউপি সদস্য পান্না, আইয়ুব আলী ফরাজী, হরষিত রায়সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে ওই হত্যাকাণ্ডের পর থেকে শনিবার বিকেল পর্যন্ত ওই ৫ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে উজিরপুরের জল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মিজানকে ক্লোজড করা হয়েছে। এলাকায় র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, বিশ্বজিৎ হালদার নান্টু দলের অভ্যন্তরীন কোন্দলে খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দায়িত্বে অবহেলার কারণে উজিরপুরে জল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মিজানকে ক্লোজড করা হয়েছে। যে কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে । হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার জয়নগর ইউনিয়নে পুলিশের ধাওয়া খেয়ে লতা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক শফিকুল ইসলাম তুহিনের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে লতা নদীতে তুহিনের মরদেহ পাওয়া যায়। শনিবার বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল তুহিন। মৃত শফিকুল ইসলাম তুহিন হিজলা উপজেলার হরিণাথপুর ইউনিয়নের আহসান উল্লাহ খানের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে উপজেলার জয়নগরের আয়নাল কাজীর ঘরে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে এসআই মো. মিজান, এসআই মো. শহিদ, এএসআই মো. সাগর ও এএসআই মো. রশিদসহ আটজনের একটি টিম অভিযান চালায়। এ সময় চারজন ওই ঘর থেকে বেরিয়ে নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে টিপু হাওলাদার, আলতাফ সরদার ও সুলতান হাওলাদার সাঁতরে তীরে উঠলে পুলিশ তাদের আটক করে। সেখানে তুহিন নিখোঁজ হয়।
রোববার দুপুর ১২টার দিকে নদীতে তুহিনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারকে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
তুহিনের বাবা আহসান উল্লাহ খান বলেন, অভিযানে অংশ নেয়া এসআই ও এএসআইসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। অভিযানের সময় পুলিশের কেউ পোশাকধারী ছিল না।
কাজীরহাট থানা পুলিশের ওসি হারুন অর রশিদ বলেন, শনিবার মাদকবিরোধী অভিযান চালাতে জয়নগরের আয়নাল কাজীর বাড়িতে পুলিশ হানা দেয়। এ সময় সেখানে জুয়া খেলারত একদল যুবক পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। তাদের মধ্যে তুহিন নামের ওই যুবক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। রোববার দুপুরে তার মরদেহ পাওয়া যায়।
ওসি বলেন, পুলিশের কাছে তথ্য ছিল জয়নগরে মাদকের ব্যবসা হচ্ছে। পুলিশ গিয়ে সেখানে যুবকদের জুয়া খেলারত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনার শিকার তুহিন নিজ বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে জয়নগর ইউনিয়নের ওই বাগানে জুয়া খেলায় অংশ নিয়েছিল। জুয়া খেলায় অংশ নেয়া যুবকরা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
তবে হরিণাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, তুহিন মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নয়। সে ডিগ্রি পাস করে ফিলিপাইন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ভিসাও হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে তার ফিলিপাইন যাওয়ার কথা ছিল। তার আর ফিলিপাইন যাওয়া হলো না।

নিজেকে মেলে ধরার সুযোগ কখনো হাত ছাড়া করেননি বলিউডের নতুন সেনসেশন তারকা দিশা পাটানি। অভিনয়ের পাশাপাশি গ্ল্যামার দিয়েও ভক্তদের মুগ্ধ করে চলেছেন এই নায়িকা।
সর্বশেষ সাগর পাড়ে করা তার ফটোশুটের একটি ছবি তো এখন বলিউডের টক অব দ্য টাউন।

‘বাঘি ২’ দিয়ে বাজিমাত করা এ অভিনেত্রী নিজেকে ফিট রাখতে জিম এবং মার্শাল আর্ট প্রশিক্ষণও নিচ্ছেন।
সম্প্রতি দিশা কাজ করছেন সালমান খানের নতুন ছবি ‘ভারত’-এ। ছবিটিতে পার্শ্ব অভিনেত্রীর চরিত্রে দেখা মিলবে তার।

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতীয় ঐক্যের নামে আজ যে নাট্য মঞ্চ তৈরি হয়েছে সেখানে দুই হাজার লোকও নেই। জনবিচ্ছিন্ন গুটিকয়েক লোক নিয়ে জাতীয় ঐক্য মঞ্চ তৈরি করা হয়েছে। এটা তাদের দুঃস্বপ্ন।
শনিবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চাঁদেরও কলঙ্ক থাকে। আমাদের যদি কোনো দোষ-ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন।
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম’র সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাক মাহবুব-উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আক্রাম হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আক্রামুজ্জামান, খায়রুল বাশার তপন, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন রাশেদ, জহির উদ্দিন মাহমুদ লিপটন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, ফেনী পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল প্রমুখ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ঢাকা মহানগরীতে ‘কেন্দ্রভিত্তিক কমিটি’ গঠনের কাজ শুরু করেছে আওয়ামী লীগ। প্রত্যেক কেন্দ্রে ভোট পাহারা দিতে এ কমিটি গঠন করা হচ্ছে।
আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের নিয়ে ১২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। সারাদেশে ৪০ হাজার কমিটি করা হবে। ভোটের আগে এ কমিটির সদস্যদের প্রশিক্ষণও দেয়া হবে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কেন্দ্রভিত্তিক কমিটিতে যাদের রাখা হবে তাদের আওয়ামী লীগ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের অত্যন্ত বিশ্বস্ত হতে হবে। এলাকার ভোটারদের চিনতে হবে। এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর নিজস্ব লোককে কমিটিতে প্রাধান্য দেয়া হবে। এলাকার ভোটার সম্পর্কে ধারণা থাকতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি বারবার যাওয়ার ইচ্ছে আছে এমন লোকজনকে কমিটিতে রাখা হবে।
কারণ এ কমিটির সদস্যদের মধ্যেই পোলিং এজেন্ট করা হবে। এ কমিটির সদস্যরা ভোটকেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিটি থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘কেন্দ্রভিত্তিক কমিটি’ কীভাবে কাজ করবে তার নির্দেশনা দেয়া হয়।
আওযামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ‘কেন্দ্রভিত্তিক কমিটি’ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, এ কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের সংশ্লিষ্ট এলাকার বিশ্বস্ত ছেলে-মেয়েদের নিয়ে এ কমিটি গঠনের কথা বলেছি। এরাই হবে ভোটের পাহারাদার। কেউ যদি জাল ভোট বা কোনো কারচুপি করতে চায় তাহলে কেন্দ্রভিত্তিক কমিটির সদস্যরা রুখে দাঁড়াবে। এ কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ বলেন, ২০০১ সালে আমরা কেন্দ্রভিত্তিক কমিটিতে তেমন তৎপর ছিলাম না। যে কারণে বিজয় হাত ছাড়া হয়েছিল। এবার আর সে সুযোগ দেয়া হবে না। এ কমিটির সদস্যরা ভোটকেন্দ্র পাহারা দেবে। আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ১৪ দলের নেতাকর্মী এবং মহিলাদের কমিটিতে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দ্য বেস্ট’র তালিকা থেকে গত কয়েক বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো বাদ পড়েছেন লিওনেল মেসি । তবে তালিকা থেকে বাদ পড়লেও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই অনুষ্ঠানে ঠিকই উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।
জানা গেছে আগামী সোমবার অনুষ্ঠিত হবে ফিফার এই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার প্রদান অনুষ্ঠান। তালিকায় থাকা ফুটবলারদের পাশাপাশি থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসিও।
ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা পেয়েছেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও মিশরের মোহাম্মদ সালাহ। সেরা তিন ফুটবলারের তালিকায় নাম না থাকলেও ফিফার বর্ষসেরা একাদশে নাম রয়েছে মেসির। আর তাই বাকি ফুটবলারদের সম্মান জানাতেই অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি।
সর্বশেষ উয়েফা বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম না থাকায় অনুষ্ঠানে আসেননি রোনালদো। পুরস্কার জেতেন মদ্রিচ। তবে সে ক্ষেত্রে উদারতাই দেখাতে যাচ্ছেন মেসি।