Author: banglarmukh official

  • বিএনপির সঙ্গে আর কোনো দিন সংলাপ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    বিএনপির সঙ্গে আর কোনো দিন সংলাপ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সঙ্গে আর কোনো দিন সংলাপ হবে না। ২০ দলকে আর কোনো ছাড় নয়। যারা ষড়যন্ত্র করে তাদের আর ছাড় দেয়া হবে না। তা হলে নিজেদেরই ধ্বংস হয়ে যেতে হবে।

    মঙ্গলবার জাতীয় শোক দিবসে উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী; কিন্তু উদার গণতন্ত্রে নয়। উদার গণতন্ত্র শেখ রাসেলের মতো শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। উদার গণতন্ত্রে আইভি রহমানকে হত্যা করেছে। তাই আমরা উদার গণতন্ত্রে বিশ্বাসী নই। কারণ উদার গণতন্ত্রেই সবাই চক্রান্তের সুযোগ পায়।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ড. মুদাচ্ছের আলী। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ড. এম ইকবাল আর্সলান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

  • ১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি

    ১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি

    দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি।

    মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

    তিনি বলেন, ‘১ সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইব। এজন্য গণপূর্ত মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারকে চিঠি দেয়া হবে। আশা করছি, সমাবেশের অনুমতি পাব।’

    এদিকে, আগামীকাল বুধবার খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার মুক্তি ও রোগমুক্তি কামনায় সারাদেশে পূর্বঘোষিত মিলাদ মাহফিল কর্মসূচি পালন করা হবে বলেও জানান রিজভী। তিনি বলেন, ঢাকায় এই কর্মসূচি সকাল ১১টায় নয়াপল্টন কার্যালয়ে হবে।

    সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বরিশালে নতুন বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস

    বরিশালে নতুন বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস

    বরিশাল, রংপুর ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
    দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জয়নুল বারীকে রংপুর, দারিদ্রপীড়িত অঞ্চলে স্কুল ফিডিং প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক রামচন্দ্র দাসকে বরিশাল ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরীকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    আলাদা আদেশে বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানকে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

    এর আগে গত ১২ আগস্ট রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী হাসান আহমেদকে ওএসডি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।’

  • মা হয়ে ছাত্রদের ক্ষমা করুন, প্রধানমন্ত্রীকে এরশাদ

    মা হয়ে ছাত্রদের ক্ষমা করুন, প্রধানমন্ত্রীকে এরশাদ

    নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে রাস্তায় নেমে গ্রেপ্তার হওয়া ছাত্রদের ‘নিঃশর্ত’ মুক্তি দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

    মঙ্গলবার জাতীয় পার্টির পাঠানো এক বিবৃতিতে সরকারপ্রধানের প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী বিশেষ দূত।

    এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাতৃজ্ঞানে’ গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দিয়ে ‘মহানুভবতা’ দেখাবেন বলে আশা করছেন এরশাদ। একইসঙ্গে নিরাপদ সড়কের আন্দোলনকে যারা ‘ভিন্ন খাতে’ নিতে চেয়েছে- তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন তিনি।

    এরশাদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে মায়ের সমান। তিনিও যথার্থ উপলব্ধি করে বলেছেন, ‘আমাদের সন্তানরা আমাদের চোখ খুলে দিয়েছে’। তিনি মাতৃজ্ঞানে কোনো কালবিলম্ব না করে ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। তার এই মহানুভবতাকে সম্মান দেখিয়ে হলেও গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া উচিত।”

    নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের গত ৫ আগস্ট থেকে রাস্তা ছেড়ে দিলেও পরদিন থেকে রাস্তায় নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ৬ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা এবং রামপুরায় তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর আটক করা হয় ২২ জন শিক্ষার্থীকে। দুই দিনের রিমান্ড শেষে তারা এখন কারাগারে।

    এই শিক্ষার্থীদের মুক্তি দিতে বিভিন্ন সংগঠন এবং নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি জানানো হলেও সরকার তাতে সাড়া দেয়নি।

    আন্দোলন থেমে আসার পর এক বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিরাপদ সড়কের আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থীদের জন্য সাধারণ ক্ষমার আবেদন জানিয়েছিলেন। কিন্তু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার এখতিয়ারের নয় বলে জানিয়ে দেন।

    এরশাদ আরও বলেন, ‘এদেশের সর্বস্তরের মানুষ এবং দলমত নির্বিশেষে যে ছাত্রদের অভিনন্দন জানিয়েছে- এখন তাদের মধ্যে আর কাউকে গ্রেপ্তার করে রাখা ঠিক হবে না।’

    নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ‘সফল এবং যৌক্তিক’হিসেবে বর্ণনা করে জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘আন্দোলনের মধ্যে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতেই পারে। তার মধ্যে কোনো কোনো আন্দোলনকারী ছাত্র অবুঝের মতো হয়ত নিজেদের জড়িয়ে ফেলেছে। কিন্তু যখন তাদের ঘরে এবং ক্লাসে ফিরে যাবার জন্য বলা হয়েছে- তখন তারা ফিরেও গেছে।’

    ‘এখানে কেউ (শিক্ষার্থী) যদি কোনো ভুল করে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী যেন তাদের মাতৃজ্ঞানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।’

  • বরিশালের বিভাগীয় কমিশনার শহিদুজ্জামানকে বদলী

    বরিশালের বিভাগীয় কমিশনার শহিদুজ্জামানকে বদলী

    বরিশাল ও রংপুর, সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জয়নুল বারীকে রংপুর, দারিদ্রপীড়িত অঞ্চলে স্কুল ফিডিং প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক রাম চন্দ্র দাসকে বরিশাল ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরীকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
    আলাদা আদেশে বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানকে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

    এর আগে গত ১২ আগস্ট রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী হাসান আহমেদকে ওএসডি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে নতুন ডিজি

    এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন একই সংস্থার পরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম।

    আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. রিয়াজ আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারী জাতীয় যাদুঘরের মহাপরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

    এ ছাড়া পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত অতিরিক্ত সচিব শেখ মো. কাবেদুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

    কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহমেদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন যাহিদা খানমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এবং অর্থ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. রেজাউল আহসানকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে।

  • বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ির আদলে বরিশালে প্রতিকৃতি

    বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ির আদলে বরিশালে প্রতিকৃতি

    স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্মৃতি বিজরিত বাসভবন অর্থাৎ ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির আদলে একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছে বরিশাল নগরীতে। আর সেই বাড়ির সামনে বেশ কিছু প্ল্যাকার্ডে ‘কাঁদো বাঙালি কাঁদো’, ‘রক্তে ভেজা সিক্ত মাটি বিবর্ণ এই ঘাস, বুকের মাঝে রাখা আছে বঙ্গবন্ধুর লাশ’ এ ধরনের লেখা বা উক্তি শোভা পাচ্ছে। এখান থেকেই মাইকে বেঁজে উঠছে ঐতিহাসিক দলিল হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর স্বীকৃতিপ্রাপ্ত বঙ্গবন্ধুর ভাষন।
    বরিশাল ‘ল’ কলেজের সাবেক ভিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের উদ্যোগে নগরীর নাজিরেরপুল এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আদলে নির্মিত প্রতিকৃতি স্ব-চক্ষে দেখতে সর্বস্তরের মানুষ ভিড় করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ ব্যতিক্রর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ১৫ আগস্ট ভয়াল কাল রাতে স্বজন হারানো বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ সর্বস্তরের নগরবাসী।
    এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীসহ জেলার দশ উপজেলার প্রধান প্রধান সড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার প্রবেশদ্বার গৌরনদীর ভূরঘাটা বাসটার্মিনাল পর্যন্ত শত শত কালো রঙয়ের তোরণ, ব্যানার-পোস্টার আর নিশানে ছেয়ে গেছে গোটা বরিশাল। খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের গুরুত্বপূর্ণস্থানে ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক শোকের তোরণ নির্মান করেছেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী।
    সূত্রমতে, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ওয়ার্ড, বাসষ্ট্যান্ড, মহাসড়কের পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটি করে শোক তোরণ তৈরি করেছেন নেতাকর্মীরা। সংগঠনের পক্ষ থেকে লাগানো হয়েছে শোক দিবসের পোস্টার, কেউ কেউ নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি শোক দিবসের তাৎপর্যমূলক বিভিন্ন উক্তি বা কথা তুলে ধরেছেন ব্যানার, পোষ্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
    দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী অব্যাহত রয়েছে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জেলা, মহানগর, উপজেলা এবং ওয়ার্ডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কাল পতাকা উত্তোলন করা হবে। সবপর্যায়ের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। শোকের মাসের শুরু থেকে দলীয় কার্যালয়ে চলছে কোরআনখানি। আজ সকাল নয়টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধামঞ্চে পূস্পার্ঘ অর্পণ এবং সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী বের করা হবে। এছাড়া ওয়ার্ডের প্রতিটি মসজিদে জোহর নামাজের পর ১৫ আগস্ট ভয়াল কাল রাতে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ওয়ার্ডে মাইকযোগে কোরআনখানি ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। দলীয় কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শোক দিবস পালনের জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

  • নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

    নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

    বাংলাদেশের কাছে পাত্তাই পাবে না নেপাল, তা জানাই ছিল। নেপালের জালে কতবার বল পাঠায় বরং তা-ই ছিল দেখার অপেক্ষা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের কিশোরীরা। একটি করে গোল করেছে তহুরা খাতুন, মারিয়া মান্দা ও সাজেদা খাতুন। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ। ১৬ আগস্ট ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান।

    পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলের জয়ের পর স্বাভাবিকভাবে বাংলাদেশের মেয়েদের প্রতি প্রত্যাশার পারদ গিয়েছে বেড়ে। সেই মেয়েরাই যখন ৪৫ মিনিট পর্যন্ত প্রতিপক্ষের গোলের দরজা খুলতে না পারে, দুশ্চিন্তা তো হওয়ারই কথা। হয়েছিলও তা–ই। বিরতিতে যাওয়ার আগে সেখান থেকে মুক্তি দিয়েছে আগের ম্যাচের জোড়া গোলদাতা তহুরা খাতুন। ৪৬ মিনিটে অধিনায়ক মারিয়া মান্দার ক্রসে দূরের পোস্ট থেকে হেডে গোল করেছে তহুরা। এ যেন গোলের রাস্তা খুঁজে পেল বাংলাদেশ।

    দ্বিতীয়ার্ধে বল জালে পাঠিয়েছে মারিয়া ও সাজেদা খাতুন। ৫১ মিনিটে দুর্দান্ত গোলে ২-০ করেছে অধিনায়ক মারিয়া। তহুরার শট নেপালিজ ডিফেন্ডার ঠেকিয়ে দিলে চলতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেছে বাংলাদেশ অধিনায়ক। ৬৭ মিনিটে শেষ গোলটি করেছে সাজেদা খাতুন।

    ১৬ আগস্ট ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

  • সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলার মুখ পরিবারের শোক

    সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলার মুখ পরিবারের শোক

    সিঙ্গাপুরে চিকিৎসাধীন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিঙ্গাপুর সময় রাত ১১টা ২৫ মিনিটে তিনি মারা যান।

    তার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে বাংলার মুখ ২৪ ডট কম সাংবাদিক পরিবার ।

    এর আগে বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন গোলাম সারওয়ারকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

    গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু গত রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

    এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

  • ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুতে পলাশ চৌধুরির শোক

    ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুতে পলাশ চৌধুরির শোক

    বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: ওলিউল্লাহ  ওলি এর বাবা বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি ও বাংলার মুখ ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক মুহা: পলাশ চৌধুরি।

    তিনি বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমাননের  রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    উল্লেখ্য, মরহুম মাহাবুবুর রহমান মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নািইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

  • চাকরিতে কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করব: মন্ত্রিপরিষদ সচিব

    চাকরিতে কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করব: মন্ত্রিপরিষদ সচিব

    কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত কোটা পর্যালোচনা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, সরকারি চাকরিতে কোটা তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেওয়ার পক্ষে মত দিয়েছে কোটা পর্যালোচনায় গঠিত সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। এখন মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে উচ্চ আদালতের মতামত চাওয়া হবে।

    আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, কোটা নিয়ে সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আমরা মেরিটকে প্রাধান্য দিয়ে অলমোস্ট কোটা উঠিয়ে দেওয়ার সুপারিশ করব।

    তিনি আরো বলেন, কোটা বাতিল, সংস্কার ও পর্যালোচনায় গঠিত ৫ সদস্যের এই কমিটি তাদের প্রাথমিক মতামত আরো বলেছে মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে আদালতের অবজারভেশন চাওয়া হবে।

    মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে সচিব বলেন, মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের বিষয়ে কোর্টের আদেশ আছে, সে অনুযায়ীই তা চলবে।

    পিছিয়ে পড়া জনগোষ্ঠি সম্পর্কে জানতে চাইলে শফিউল আলম বলেন, দেশে অনগ্রসর জনগোষ্ঠী অগ্রসর হয়ে গেছে। এখন আর অনগ্রসর নাই। তাই এ ক্ষেত্রে কোটার দরকার হবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

    কোটা ব্যবস্থা সংস্কারে গত জুলাইতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়। ওই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়।  কমিটি গঠনের এক মাসের বেশি সময় পর মন্ত্রিপরিষদ সচিব আজ এ তথ্য জানালেন।