Author: banglarmukh official

  • রংপুর সিটির তিন কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    সিটি চিকলী পার্কের উদ্বোধন জন্য মালামাল ক্রয় না করে ভুয়া ভাউচারের মাধ্যমে ক্রয় দেখিয়ে ৮ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রংপুর সিটি করপোরেশনের বর্তমান ও সাবেক তিন কাউন্সিলর এবং ২ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

    রবিবার রাতে কোতোয়ালী থানায় দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক প্রবীর কুমার দাস বাদী হয়ে মামলাটি করেন বলে সোমবার জেলা দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার জানিয়েছেন।

    আসামিরা হলেন ২৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন ও বর্তমান কাউন্সিলর সেকেন্দার আলী, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম দুলাল, ও ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকরাম হোসেন, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান চৌধুরী এবং উপ-সহকারী প্রকৌশলী নূর মো. মহিউদ্দিন।

    মামলার বাদী প্রবীর কুমার বলেন, “২০১৪-১৫ অর্থবছরে সিটি চিকলী পার্কের উদ্বোধন ও অন্যান্যা সার্বিক ব্যবস্থপনার জন্য একটি কমিটি গঠন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ১১ সদস্যের এই কমিটির আহ্বায়ক ছিলেন তৎকালীন কাউন্সিলর শফিকুল ইসলাম দুলাল। বাকিরা ছিলেন সদস্য”।

    “সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান চৌধুরী পরে ব্যয়ের যে হিসাব ব্যবস্থাপনা কমিটির কাছে উপস্থাপন করেন, সেখানে ৫৪ লাখ ৪০ হাজার ৩৫৫ টাকা খরচ দেখানো হয়। ৭৫টি ভাউচার দেখিয়ে ওই অর্থ উত্তোলন করা হয়”।
    ওই ৭৫টি ভাউচারে মধ্যে ১৮টি ছিল ‘ভুয়া’।  আসামিরা পরস্পর যোগসাজশে মামলামাল ক্রয় না করে ১৮টি ভুয়া ভাউচারের মাধ্যমে তা ক্রয় দেখিয়ে আট লাখ ১৮ হাজার ১৩১ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়”।

    এতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে প্রবীর কুমার জানিয়েছেন।

    ওই ঘটনায় অনুসন্ধান শেষে রবিবার দুদকের প্রধান কার্যালয় এ মামলা দায়েরে অনুমোদন দিয়েছে বলে রংপুর দুদকের উপ পরিচালক মোজাহার আলী সরদার জানান।

  • বরিশালে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরোধিতার মুখে আ’লীগের ৬ এমপি

    বরিশালে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরোধিতার মুখে আ’লীগের ৬ এমপি

    তৃণমূল নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বিরোধিতার মুখে দক্ষিণের আওয়ামী লীগের ৬ এমপি। আগামী নির্বাচনে এসব এমপি যাতে মনোনয়ন না পান সেজন্য তাদের বিরুদ্ধে তৃণমূল থেকে রেজুলেশন নেয়া থেকে শুরু করে কেন্দ্রে চিঠি দেয়া হচ্ছে। কোথাও এমপিদের বিরুদ্ধে মামলা পর্যন্ত হচ্ছে। তৃণমূলের এ অবস্থায় বিচলিত নন এমপিরা, তারা পাত্তাও দিচ্ছেন না। কেউ কেউ বলেছেন, ‘আওয়ামী লীগের মতো বড় দলে সবাই পক্ষে থাকবে এমন নয়। যাদের অন্যায় আবদার মানা হয়নি তারাই বিরোধিতা করছেন।’

    বেশি বেকায়দায় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের এমপি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। স্থানীয় কমিটির নেতারা প্রায় সবাই পঙ্কজের বিরুদ্ধে একাট্টা। দলের দুই কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলাও হয়েছে। মেহেন্দীগঞ্জে শেখ রাসেল স্মৃতি সংসদের জমি দখলের অভিযোগে হয়েছে আরও একটি মামলা।

    কাজীরহাট থানা আওয়ামী লীগের সভাপতি জব্বার খান বলেন, ‘এলাকায় অবস্থান কতটা দুর্বল হলে একজন এমপির বিরুদ্ধে এতগুলো মামলা হতে পারে, ভাবুন। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা শুধু উপেক্ষিতই নয়, চরমভাবে অবহেলিত।’

    হিজলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু বলেন, ‘এলাকার তিনটি সাংগঠনিক থানার পক্ষ থেকে আলাদা রেজুলেশন করে ঢাকায় পাঠানো হয়েছে তার বিরুদ্ধে। আগামী নির্বাচনে পঙ্কজ মনোনয়ন পেলে নৌকার বিজয় অসম্ভব হবে।’

    জানতে চাইলে পঙ্কজ দেবনাথ বলেন, ‘ত্যাগী নেতাকর্মী মাপার পরিমাপক যন্ত্রটা কি বলবেন? প্রধানমন্ত্রী জানেন, আমার কারণে দলের ক্ষতি হয়েছে নাকি উপকার হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত তার।’

    পটুয়াখালী-৪ আসনের এমপি মাহবুব তালুকদারের বিরুদ্ধে দুদকের মামলা বিচারাধীন। তৃণমূলের অভিযোগ, স্থানীয় বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে আত্মীয়করণ এমনকি নিজের স্ত্রীকেও প্রার্থী করার চেষ্টা করেন মাহবুব। নানা কারণে দলের অধিকাংশ নেতাকর্মী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। নির্বাচন সামনে রেখে তার বিরুদ্ধে সবাই একাট্টা।

    কলাপাড়ার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার বলেন, ‘মাহবুব তালুকদারকে ফের মনোনয়ন দিলে ফল ভালো হবে না। ক্ষমতার অপব্যবহার, নেতাকর্মীদের সঙ্গে দূরত্বের কারণে তার জনসমর্থন শূন্যের কোঠায়।’

    কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার বলেন, ‘তাকে যাতে আর মনোনয়ন না দেয়া হয় সেজন্য নেত্রীর কাছে আবেদন জানিয়েছি।’ জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, ‘মনোনয়ন নিশ্চিত হলে আর কোনো সমস্যা থাকবে না। মাঠের নেতাকর্মী এবং ভোটাররা নৌকার প্রশ্নে দ্বিমত করে না। সেটাই আসল ব্যাপার।’

    ৩০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ পটুয়াখালী-২ আসন অর্থাৎ বাউফলের এমপি। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, তার এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে এক আওয়ামী লীগ নেতা মামলা পর্যন্ত দিয়েছেন।

    বাউফলের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মজিবর রহমান বলেন, ‘দলের নেতাকর্মীদের ২-৪ জন ছাড়া আর কেউই এখন তার পক্ষে নেই।’

    উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, প্রবীণ নেতা নিজাম উদ্দিন খান বলেন, ‘বঙ্গবন্ধুর সময় থেকে আওয়ামী লীগ করছি। জাতির জনক ব্যক্তিগতভাবেও আমায় চিনতেন। পরিস্থিতি যা চলছে তাতে ভালো আছে বিএনপি-জামায়াতের লোকেরা। ফিরোজকে বাদ দিয়ে ক্লিন ইমেজের কাউকে মনোনয়ন না দিলে নৌকা বিপর্যয়ের মুখে পড়বে।’

    আ স ম ফিরোজের সঙ্গে চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বলেন, ‘এসব পাগলের প্রলাপ। ফিরোজই এখানে দলের একমাত্র যোগ্য প্রার্থী। তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে জিতবে নৌকা।’

    ১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের তলব এবং হোটেল রেইনট্রির কলঙ্কিত অধ্যায় নিয়ে বিপাকে ঝালকাঠি-১ আসনের এমপি বিএইচ হারুন। অভিযোগ রয়েছে, তার বাবা ‘বুলবুলে পাকিস্তান’ ছিলেন স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধ শক্তি। হারুন ১৯৯১ সালে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। ১৯৯৬ সালে তিনি নির্বাচনী কর্মকাণ্ড করেন জেপির (মঞ্জু) প্রার্থীর পক্ষে।

    রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন মাতব্বর বলেন, ‘আমাদের ওপর তাকে চাপিয়ে দেয়া হয়েছে।’

    কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ সিকদার বলেন, ‘নির্বাচনী এলাকার ১২টি ইউনিয়নের প্রায় সবটিতে বিএনপি-জামায়াতকে প্রতিষ্ঠিত করেছেন হারুন।’

    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিএইচ হারুন বলেন, ‘তরুণ-রিয়াজ এরা কারা? এরা তো দলের কেউ নয়। এলাকার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা আমার পক্ষে আছেন। তাছাড়া নেত্রী ভালো জানেন, সিদ্ধান্ত তার।’

    অসংখ্য অভিযোগ বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে। তার বাবা খলিলুর রহমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির চেয়ারম্যান হিসেবে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

    পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন এবং সাবেক সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘তাকে আবার মনোনয়ন দেয়া হলে এখানে আওয়ামী লীগের বিজয় দূরের কথা দল জামানত হারাবে।’

    বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হারুন অর রশিদ বলেন, ‘তার বাবা রাজাকার ছিল। মুক্তিকামী বহু মানুষের রক্ত লেগে আছে এই পরিবারের হাতে।’

    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এমপি রিমন বলেন, ‘আমার স্ত্রী এবং কন্যা অসুস্থ। আমি তাদের নিয়ে ব্যস্ত আছি। এ মুহূর্তে কিছুই বলতে পারব না।’

    আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীকে হারিয়ে তাক লাগানো ইমেজ খুব বেশিদিন ধরে রাখতে পারেননি পিরোজপুর সদর আসনের এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি একেএমএ আউয়াল। তার বিরুদ্ধে দুর্নীতি-সন্ত্রাসের বিস্তর অভিযোগ। এমনকি তার ভাইয়েরা পর্যন্ত তার বিরুদ্ধে মাঠে নেমেছেন।

    জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, তার মতো একটা নষ্ট মানুষকে মনোনয়ন দেবে না কেন্দ্র। দিলে জামানত হারাবে আওয়ামী লীগ।’

    জেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র এবং এমপি আউয়ালের আপন ভাই হাবিবুর রহমান মালেক বলেন, ‘কোনো অবস্থাতেই আউয়ালকে যেন মনোনয়ন দেয়া না হয়।’

    আলাপকালে এমপি আউয়াল বলেন, ‘২০১৪ সালে এখানে ৩০ জনেরও বেশি নেতা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। নেত্রী আমার ওপর ভরসা করেছেন। প্রধানমন্ত্রী ভালো করে জানেন আমার সম্পর্কে। কে কী বলল তাতে কিছু আসে যায় না। আশা করি আমিই মনোনয়ন পাব।’

  • সাড়ে চার মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

    সাড়ে চার মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

    বরিশালের উজিরপুর উপজেলায় প্রায় সাড়ে চার মাস পর কবর থেকে বন্যা আক্তার(২৬) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে রোববার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে কবর থেকে ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করে পুলিশ। উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল জানান, আদালতের নির্দেশে গতকাল দুপুরে গৃহবধূ বন্যার লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এ সময় নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা সিকদার উপস্থিত ছিলেন। মৃত্যুর প্রায় চার মাস ১৮ দিন পরে ওই গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তিনি আরও জানান, পরিবার ও এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে গত ২৫ মার্চ উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের মোশারফ হাওলাদারের বাসা থেকে অগ্নিদগ্ধে মৃত এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতর পরিবারের আবেদনের প্রেক্ষিতে সে সময় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়। কিন্তু গত ১৮ এপ্রিল নিহত গৃহবধূর ছোট বোন লিপি বেগম তার বোনকে যৌতুকের টাকার জন্য নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে ৬ জনকে আসামি করে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা গত ২৫ মে ময়না তদন্তের জন্য কবর থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলনের আদেশ দেন। নিহত গৃহবধূর পরিবার ও আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, বন্যা অক্তারের সাথে সামাজিকভাবে ২০০৭ সালে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের মোশারফ হোসেনের পুত্র মো. নজরুল ইসলাম হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। ২০১৪ সালে স্বামী নজরুল ইসলাম ব্যবসা করতে বাবার বাড়ি থেকে ধার বাবত পাঁচ লক্ষ টাকা আনার জন্য স্ত্রী বন্যাকে চাপ দেন।

    এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। পরবর্তিতে বোনের সুখের কথা চিন্তা করে ২০১৫ সালে দুই বছরে ফেরত দেয়ার শর্তে ধার বাবত দুলাভাই নজরুলকে পাঁচ লক্ষ টাকা দেন বাদী লিপি বেগম। কিন্তু ২ বছর অতিবাহিত হওয়ার পর নিহত বন্যার ছোট বোন লিপির নিকট থেকে ধার নেয়া পাঁচ লাখ টাকা দিতে অপরাগত জানায় স্বামী নজরুল। এনিয়ে মোবাইল ফোনে নজরুল ও লিপির মধ্যে একাধিকবার বাকবিতন্ডা হলে বোন লিপির পক্ষ নেয় নিহত বন্যা। এরই জের ধরে গত ২১ মার্চ ঝগড়া ঝাটির এক পর্যায়ে বোনের দেবর রফিক হাওলাদার(২৮), রবিউল হাওলাদার(২৫) স্বামী নজলুল ইসলাম(৩২) শ্বশুর মোশারফ হোসেন(৫০) বন্যা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে মারা গেছে ভেবে ঘটনা ধাঁমাচাঁপা দিতে বন্যার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। বন্যার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে ২২ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠান। ২৫ মার্চ ঢাকা মেডিকেল থেকে রোগী রিলিজ করে দিলে বাড়ি ফেরার পথে বন্যা মারা যান।

    নিহতর ছোট বোন মামলার বাদী লিপি বেগম জানান, আমার বোনের মৃত্যুর পরের দিন ২৬ মার্চ উজিরপুর থানায় মামলা দিতে গেলে মামলা নিতে তালবাহানা শুরু করে পুলিশ। উজিরপুর থানা মামলা না নিলে গত ১৮ এপ্রিল বোনের স্বামী, শ্বশুর ও দেবরসহ ৬ জনকে আসামি করে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে তিনি (লিপি) মামলা করলে আদালতের বিচারক এ নির্দেশ দেন।

  • টিটিসি’র দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম : গ্রেপ্তার ২

    টিটিসি’র দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম : গ্রেপ্তার ২

    সানজিদ আলম সিফাত :

    সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে শহরের চৌমাথা এলাকার এই ঘটনায় একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাগর ও তার বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

    এই ঘটনায় আহতরা হলেন- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান দিপু (১৫) এবং রাজিব হোসেন (১৪)।

    গ্রেপ্তার দুই ভাই হলেন- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দশম শ্রেণির ছাত্র সাগর ও তার বড় ভাই ইমরান হোসেন।

    ঘটনা প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান নামে এক যুবক জানিয়েছেন- দশম শ্রেণির শিক্ষার্থী সাগরকে একই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র তামিমসহ আরও বেশ কয়েক নাম ধরেন ডাকে। ওই বিষয়টি নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

    এতে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান দিপু এবং রাজিব হোসেন ভুমিকা রেখে বিষয়টি মীমাংসা করে। পরবর্তীতে যে যার ক্লাসে চলে যায়।

    কিন্তু প্রতিষ্ঠান ছুটির পরে এই বিষয়টিকে নিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে সিঅ্যান্ডবি রোডে তামিমের সাথে সাগরের মারামারির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ সাগর প্রতিষ্ঠানের পাশে গোলপাতা নামক একটি রেস্তোরাঁয় কর্মরত তার বড় ভাই ইমরানকে ডেকে নিয়ে আসে। তখন ভয়ে তামিম পালিয়ে গেলে ঘটনাস্থলে মতিউর রহমান দিপু এবং রাজিব হোসেনকে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে দুই ভাই।

    বিষয়টির সত্যতা নিশ্চিত বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানিয়েছেন- এই ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে ঘটনাস্থল থেকে রক্তমাখা ধারালো অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

    এই ঘটনায় আহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের কথা জানিয়েছে।’

  • মারামারির ঘটনায় বিএনপি নেতার ছেলেসহ আটক ৩

    মারামারির ঘটনায় বিএনপি নেতার ছেলেসহ আটক ৩

    প্রিন্স মুন্সি :

    মারামারির অভিযোগে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের ছেলে ইয়াফি (১৭) সহ ৩ কিশোরকে আটক করেছে পুলিশ।

    এ সময় তাদের কাছ থেকে বক্সিং খেলার রিং বিশিষ্ট বিশেষ ধরনের গ্লোভস উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিপক্ষের উপর হামলার জন্য রিং বিশিষ্ট এ গ্লোভস ব্যবহার করে এ কিশোরারা।

    গতকাল সন্ধা সারে ৬ টার দিকে নগরীর নতুন বাজার পুলিশ ফাঁড়ির টিএসআই এদেরকে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে। আটক কৃত অন্য দুই কিশোর হলো, সামিউল ও আমিনুল। এ ঘটনায় আনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ঘটনার পর পরই থানা হাজত থেকে বিএনপি নেতার ছেলেকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে লবিং তদ্বির শুরু করে।

  • পটুয়াখালীর পাঁচ যুদ্ধাপরাধীর রায় সোমবার

    পটুয়াখালীর পাঁচ যুদ্ধাপরাধীর রায় সোমবার

    ইসহাক সিকদার পটুয়াখালীরসহ পাঁচ যুদ্ধাপরাধীর বিরু‌দ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় সোমবার ঘোষণা করবে আন্তর্জা‌তিক অপরাধ ট্রাইব্যুনাল।

    র‌বিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এ দিন ঠিক করে দেন।

    এ মামলায় ইসহাক সিকদার ছাড়া বাকি চার আসা‌মি হলেন, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। আসা‌মিরা সবাই গ্রেফতার র‌য়ে‌ছেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনা‌নি ক‌রেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
    প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ অক্টোবর এই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাত্তরে হত্যা ও ১৭ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর মধ্যে এখনও আটজন বীরাঙ্গনা জীবিত আছেন বলে তদন্ত কর্মকর্তা সূত্রে জানা যায়।

  • ছেলেসহ সাংবাদিককে কুপিয়েছে দুর্বৃত্তরা

    ছেলেসহ সাংবাদিককে কুপিয়েছে দুর্বৃত্তরা

    কুমিল্লার দাউদকান্দিতে দৈনিক আমাদের সময় পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী শাহীন ও তার ছেলে নবম শ্রেণির ছাত্র মশীহ আলী নাফে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা । শনিবার রাত ৮ টার দিকে দাউদকান্দি উপজেলা সদরের চৌধুরী মার্কেটের পাশে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত বাবা-ছেলেকে প্রথমে দাউদকান্দির গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, ৬-৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে প্রথমে সাংবাদিক মোহাম্মদ আলী শাহীনের ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে ছেলে মশীহ আলী নাফে বাসা থেকে ছুটে এসে বাবাকে বাঁচাতে চেষ্টা করে। তখন তাকেও কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    তাদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    দাউদকান্দি স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা. মো. শাহিনূর আলম সুমন বলেন, আহত সাংবাদিক মোহাম্মদ আলী শাহীনের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার ছেলের মাথা ও চোখে প্রচণ্ড আঘাত পাওয়ায় উভয়কে ঢামেকে পাঠানো হয়েছে।

    এদিকে এ খবর পেয়ে গৌরীপুর হাসপাতালে ছুটে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ও স্থানীয় সাংবাদিকরা।

    দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মুঠোফোনে জানান, আহত সাংবাদিক মোহাম্মদ আলী শাহীন ও তার ছেলেকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১০ টার দিকে ঢাকায় পাঠানো হয়।

    দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে আহত সাংবাদিকের পেশাগত নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ’

  • মারা গেছেন সাহিত্যে নোবেলজয়ী ভি এস নাইপল

    মারা গেছেন সাহিত্যে নোবেলজয়ী ভি এস নাইপল

    সাহিত্যে নোবেলজয়ী লেখক ভি এস নাইপল মারা গেছেন। ৮৫ বছর বয়সে লন্ডনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় বংশোদ্ভূত নাইপল ১৯৩২ সালে ১৭ আগস্ট ব্রিটেনে জন্মগ্রহণ করেন।

    ভি এস নাইপলের দাদা ভারত থেকে পাড়ি জমান ত্রিনিদাদ ও টোবাগোতে। তার বাবাও একজন লেখক ও সাংবাদিক ছিলেন। বাবার পথেই হাঁটেন নাইপল। ২০০১ সালের সাহিত্যে নোবেল বিজয়ী নাইপল ৩০টির বেশি বই লিখেছেন। নোবেল বিজয়ের আগে ১৯৭১ সালে তিনি বুকার পুরস্কার পেয়েছেন।

    তিনি এক একটি দেশ ঘুরেছেন আর এক একটি সাড়াজাগানো বই লিখেছেন। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিটারেরি ফেস্টিভ্যাল’-এর ষষ্ঠ পর্বে অংশ নিতে বাংলাদেশেও এসেছিলেন তিনি।

    ভি এস নাইপলের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘এ হাউস ফর মি. বিশ্বাস’, ‘এ বেন্ড ইন দ্য রিভার’, ‘অ্যামং দ্য বিলিভার্স’, ‘দি অ্যানিগমা অব অ্যারাইভাল’।

  • রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’, খালেদার জামিন বহাল

    রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’, খালেদার জামিন বহাল

    কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় নিহতের ঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনে `নো-অর্ডার’ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

    প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ রোববার এই আদেশ দেন।

    আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির, মুরাদ রেজা। তাদের সঙ্গে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও ড. বশির উল্লাহ।

    অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভেকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, এ কে এম এহসানুর রহান, অ্যাডভোকেট মাসুদ রানা, সালমা সুলতানা সোমা প্রমুখ।

    বৃহস্পতিবার শুনানি শেষ করে এ বিষয়ে আদেশের জন্য রোববার (১২ আগস্ট) দিন ধার্য করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    এর আগে গত ৭ আগস্ট চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। তার আগে গত ৬ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস.এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন।

    রাষ্ট্রপক্ষ সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানালেও এ বিষয়ে তারা কোনো আদেশ দেননি। ফলে এ মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকছে। এছাড়াও এর আগে এ মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। সেই আবেদন এখন শুনানি অবস্থায় রয়েছে।

    আইনজীবী এহসানুর রহমান বলেন, এ মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিন আবেদন শুনানির জন্য বেশ কয়েকবার দিন ধার্য করেন কুমিল্লার আদালত। কিন্তু বারবার দিন নির্ধারণ করায় গত ২৩ জুলাই খালেদা জিয়ার করা জামিন আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্ট নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিল। পরে এ মামলায় গত ২৫ জুলাই কুমিল্লা জেলা ও দায়রা জজ কেএম সামছুল আলম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আইনজীবীরা আপিল এবং জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেয়ে গত ৬ আগস্ট হাইকোর্ট এ মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন। আজ আপিল বিভাগের নো-অর্ডারের ফলে তার জামিন বহাল রইলো।

    উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড হওয়ার পর থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

  • আরিফুলের বাসার সামনে হামলা-গুলি, ছাত্রদল নেতা নিহত

    আরিফুলের বাসার সামনে হামলা-গুলি, ছাত্রদল নেতা নিহত

    সিলেটে ছাত্রদলের একপক্ষের ওপর অপর পক্ষের হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ফয়জুর রহমান রাজু নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক। এ ছাড়া বেশ কজন আহত ও গুলিবিদ্ধ হয়েছেন।

    শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরের কুমারপাড়ায় সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরিফুল হক চৌধুরী ও বিএনপি নেতারা তার বাসায় অবস্থান করছিলেন।

    রাত সোয়া ১১টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবব্রত রায় জানান, আহতদের মধ্যে রাজু নামের এক যুবককে হাসপাতালে আনার পর মারা গেছেন।

    jagonews24                                   নিহত ছাত্রদল নেতা ফয়জুর রহমান রাজু

    প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাতে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মেয়র আরিফের গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেলযোগে নগরের কুমারপাড়া এলাকায় তার বাসায় যান ছাত্রদলকর্মী উজ্জ্বল, রাজুসহ তিনজন। আরিফুল হককে বাসায় পৌঁছে দিয়ে ফেরার সময় তিনজন একই মোটরসাইকেলে করে ফিরছিলেন। গলির ভেতর থেকে কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন গলির মুখে আসা মাত্র শাহি ঈদগাহের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে ছাত্রদলের কয়েকজন এসে তাদের ওপর হামলা চালায়।

    হামলাকারীরা স্টাম্প, দা-সহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে পদবঞ্চিত ছাত্রদলের তিন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাত সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

    তবে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।