Author: banglarmukh official

  • ভাবিকে পেটালেন ৪ দেবর, বসে বসে দেখলেন চেয়ারম্যান

    ভাবিকে পেটালেন ৪ দেবর, বসে বসে দেখলেন চেয়ারম্যান

    কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পরকীয়ার অপবাদ দিয়ে চার সন্তানের এক জননীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে চার দেবর।

    গৃহবধূকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চার দেবরের হাতে ভাবি নির্যাতনের দৃশ্যটি সালিশদারসহ সবাই দেখলেও কেউ কোনো প্রতিবাদ করেনি। দেবরদের যোগসাজশে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে গৃহবধূকে লাঠি দিয়ে এমন নির্যাতন করা হয়।

    গত ১ আগস্ট দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের বেকিসাত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারী গ্রামের সামছু বেপারীর ছেলে প্রবাসী কবির হোসেনের স্ত্রী।

    এ ঘটনায় ওই নারীর বোন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করেছেন। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতিত গৃহবধূ চার সন্তানের জননী। তার এক ছেলে কোরআনে হাফেজ, আরেক ছেলে মাদরাসায় পড়ে, অন্য দুইজনের একজন কেজির ছাত্র এবং ছোট ছেলের বয়স চার বছর।

    গত ৩১ জুলাই রাত ১০টার দিকে পরকীয়ার অপবাদ দিয়ে পাশের বারপাড়া গ্রামের আলম নামের এক ব্যক্তিকে ডেকে জোর করে গৃহবধূর ঘরে আটকে রাখে দেবররা।

    পরে আটক দুইজনের ওপর রাতভর দফায় দফায় নির্যাতন চালায় দেবর সাইফুল, বাবুল, মিন্টু, মোস্তাক ও আরেক ভাই খোকনের স্ত্রী। পরদিন সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন তালুকদারের উপস্থিতিতে সালিশের আয়োজন করা হয়। সালিশ বৈঠক চলাকালে প্রতিবেশী মিন্টু মাতব্বরদের নির্দেশে লাঠি দিয়ে ওই নারীর ওপর নির্যাতন চালানো হয়। সেইসঙ্গে আলমকেও বেধড়ক পেটানো হয়।

    নির্যাতনের ঘটনায় ৩ আগস্ট ওই গৃহবধূর বোন বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা করেন। পাশাপাশি গৃহবধূকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।

    এ মামলায় অভিযুক্ত দেবর সাইফুল ও বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা হলো- মিন্টু, মোস্তাক ও নির্যাতনের শিকার ওই নারীর দেবর খোকনের স্ত্রী শিল্পী।

    এ বিষয়ে জানতে চাইলে বৈঠকে উপস্থিত বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন তালুকদার বলেন, বিষয়টা তাদের পারিবারিক ষড়যন্ত্রের অংশ। কবিরের চার ভাই ও এক ভাবি মিলে এ কাণ্ড ঘটিয়েছে। ওই দিন সকালে বৈঠক শুরুর পর হঠাৎ করেই কবিরের এক ভাই এসে তার ভাবিকে মারধরের নির্দেশ দেয়। পরে আমার ইউনিয়নের তিনজন সদস্য ও আশপাশের লোকজন মিলে আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

    বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি মো. আলমগীর হোসেন বলেন, খুবই অমানবিক একটি ঘটনা। দেবরদের হাতে এমন নির্যাতন কল্পনাও করা যায় না। এ মামলায় প্রধান আসামি সাইফুল ও বাবুলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবা জব্দ

    টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবা জব্দ

    কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাচারের সময় ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১০ কোটি ২০ লাখ টাকা।

    শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদী সংলগ্ন রহমানের মৎস্যখামার এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

    টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজিবি সূত্র জানায়, নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হবে বলে তথ্য পায় বিজিবি। এই সূত্র ধরে টেকনাফ সদরে নাজিরপাড়ার সীমান্তচৌকির হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নাফ নদী সংলগ্ন রহমানের মৎস্য খামার এলাকায় অভিযানে যায়। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জন লোককে একটি বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির টহল দলের সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করা হয়।

    পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে পালানোর চেষ্টা চালায়। এ সময় তাদের ধাওয়া করেও কাউকে আটকাতে পারেননি বিজিবির সদস্যরা। পরে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তার ভেতর ইয়াবা পাওয়া যায়। বিজিবি সেগুলো গণনা করে দেখে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা যার আনুমানিক মূল্য ১০ কোটি ২০ লাখ টাকা।

    টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, জব্দ করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।

  • রমিজ উদ্দিন কলেজের কাছে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

    রমিজ উদ্দিন কলেজের কাছে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

    রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নিকটে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সাকল ১০টায় বিমানবন্দর সড়কে বীরসপ্তক ক্রসিং পয়েন্টের কাছে ‘পথচারী আন্ডার-পাস’ প্রকল্পের এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তিনি।

    গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় মিম ও রাজিব নামের দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও ১০ শিক্ষার্থী। ওই ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

    media

    প্রতিষ্ঠানটির ওই দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর প্রধানমন্ত্রী তার অঙ্গীকার অনুযায়ী এ আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করেছেন।

    এছাড়া ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী।

  • বাকেরগঞ্জ ছাত্রলীগ সম্পাদক রিপনের ফেইসবুক পোস্টে বন্ধ হলো তুলাতলি ব্রিজে অবৈধ টোল আদায়

    বাকেরগঞ্জ ছাত্রলীগ সম্পাদক রিপনের ফেইসবুক পোস্টে বন্ধ হলো তুলাতলি ব্রিজে অবৈধ টোল আদায়

    নিজস্ব প্রতিবেদক ॥

    ছাত্রলীগ সাধারন সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপনের ফেইসবুক পোস্টে বন্ধ হলো দিন-দুপুরে প্রতারণার ফাদ। এলজিইডির টোলমুক্ত ব্রিজে তিনমাস ধরে টোল হাতিয়েছে বাকেরগঞ্জ পৌরসভার পাচ নং ওয়ার্ড আলীগের সভাপতির নেতৃত্বে প্রতারণা করে হাতিয়ে নেয়া হয়েছে মোটা অংকের টাকা। এনিয়ে ছবিসহ ফেইসবুক পেইজে ঘটনাটি আপলোড করলে টনক নড়ে এলজিইডি কর্তৃপক্ষের। এদিকে এনিয়ে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মো: লোকমান ডাকুয়া বলেন, তুলাতলির নদীতে জেলা পরিষদ গোপনে ইজাড়া দিয়েছে কিন্তু ইজাড়া শেষ হওয়ার আগেই ব্রিজের কাজও শেষ হয়ে চলাচল শুরু হয়েছে।

    এসুযোগে অসাধু ইজাড়াদার বিভিন্ন যানবাহন থেকে টোল হাতিয়েছে এবং বিষয়টি আমি জানতে পেরে ব্যবস্থা নিয়েছি। এনিয়ে স্থানীয় একাধিকসূত্র জানায়, টোল আদায়কারী ওই গ্র“পটি লোকমান ডাকুয়ার আশির্বাদপুষ্ট। যদি তা না হয় তাহলে প্রায় তিনমাস ধরে টোল আদায় করা হয়েছে তাকি তার নজড়ে আসেনি। এখন জনরোষ এড়াতে বলছে ভিন্ন কথা। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপন বলেন, বাকেরগঞ্জের তুলাতলি ব্রিজটি বরিশাল এলজিইডি দপ্তর করেছে এবং টোলমুক্ত। কিন্তু ওই অসাধু মহলটি ব্রিজ থেকে পার হওয়া অটোরিক্সা, বাস, মটরসাইকেল, পিকআপ, মাহেন্দ্র এমনকি গবাধিপশু পার হলেও টোল নেয়া হচ্ছিল ঈদুল ফিতরের পর থেকেই। এনিয়ে আমি সম্প্রতি একটি ফেইসবুক পোস্ট করলে অবৈধ এ টোল আদায় বন্ধ হয়েছে। যেকারণে জনমনে স্বস্তিও বিরাজ করছে।

  • ঝালকাঠি সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ভিত্তি স্থাপন

    ঝালকাঠি সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ভিত্তি স্থাপন

    ঝালকাঠি সদর হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য ছয়তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    শনিবার সকাল ১১টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এর উদ্বোধন করেন।

    প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে প্রাথমিকভাবে ১১ তলা বিশিষ্ট এ ভবনের ৬ তলা নির্মাণ করা হবে। চলতি বছরের পহেলা জুলাই থেকে আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার সময় নির্ধারণ করা হয়েছে। আধুনিক সকল সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে এ হাসপাতালটিতে।

    পরে হাসপতাল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাসহ মানুষের মৌলিক অধিকার পূরণে সর্বদা সচেষ্ট। শেখ হাসিনা ক্ষমতায় এসেই ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকগুলো চালু করে মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে।

    আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ঝালকাঠি সদর হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত হবে বলে। এছাড়া জেলার প্রতিটি ইউনিয়নে ১০ শয্যার হাসপাতাল নির্মানেরও প্রতিশ্রুত দেন শিল্পমন্ত্রী।

    সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক ও পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

    মন্ত্রী পরে তার বাসার সামনের সড়কে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    বিকেল সাড়ে ৩টায় শিল্পকলা মিলনায়তনে কৃষি বিভাগ আয়োজিত কৃষি মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী আমির হোসেন আমু।

  • মাকে বিয়ে করতে মেয়েকে অপহরন

    মাকে বিয়ে করতে মেয়েকে অপহরন

    বরিশালের কাউনিয়া থানা পুলিশের অভিযানে অপহৃত ৬ বছরের এক শিশু উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে শরীয়তপুরের গোসাইরহাট থানার দাসের জঙ্গল নামক গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুর নাম শিলা। গত ৭ আগস্ট মঙ্গলবার নগরীর বেলতলা চরআবদানী থেকে শিশু শিলাকে অপহরণ করা হয়েছিল।

    থানা সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট মঙ্গলবার ঢাকা থেকে লঞ্চযোগে মা পারভীন আক্তারের সাথে বরিশালের বেলতলা চরআবদানি মামার বাসায় আসে শিলা। আসার সময় লঞ্চে বসে নুর ইসলাম (৩৫) নামের ওই অপহরণকারীর সাথে পরিচয় হয় শিলার মা পারভীনের। লঞ্চে বসে শিশু শিলাকে ডিম, চানাচুর, লজেন্স কিনে দেয় নুর ইসলাম। বরিশাল ঘাটে আসার পর বাসায় যাওয়ার ভাড়া টাকা না থাকায় নুর ইসলাম তাকে অটোযোগে বেলতলায় নিয়ে আসে। ভাড়া দেওয়ার পরপরই নুর ইসলাম পারভীনের কাছে ভাড়া ও লঞ্চে খাওয়ানো বাবদ টাকা দাবী করে।

    এ সময় পারভীন তাকে ভাইয়ের বাসায় নিয়ে যায় এবং দাবীকৃত টাকা পরিশোধ করে। কিন্তু অপহরণকারী নুর ইসলাম তাকে বিয়ে করবে বলে জানিয়ে সেখানেই বসে থাকে। এক পর্যায় পারভীন শিশু শিলাকে ঘরে রেখে পাশের ঘরে যায়। এ সুযোগে নুর ইসলাম শিশু শিলাকে মজা কিনে দিবে বলে তাকে নিয়ে দ্রুত সটকে পড়ে।

    এর ১০ মিনিট পরেই নুর ইসলাম শিলার মা পারভীনকে মুঠোফোনে হুমকি দিয়ে বলে, আমার সাথে বিয়ে না বসলে কিছুক্ষণের মধ্যেই টের পাবে। ৩০ মিনিট পর শিশু শিলাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার মা। এরপর থেকে নুর ইসলাম তার মুঠোফোন বন্ধ করে রাখে। পরে সন্ধ্যার দিকে কাউনিয়া থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন পারভীন।

    পরে কাউনিয়া থানা পুলিশ মোবাইল ট্র্যাক করে নুর ইসলামের অবস্থান শরীয়তপুরে বলে নিশ্চিত হন। ওই দিন রাতেই উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাহাঙ্গীর মল্লিকের নির্দেশনায় শিলার মা পারভীনকে সাথে নিয়ে এসআই জসিম, এসআই হাবিব, এএসআই ফিরোজ আলম, এএসআই হুমায়ুন ও এএসআই হালিমসহ একটি টিম শরীয়তপুরে যান। সেখানে গিয়েও প্রতিনিয়ত মোবাইল ট্র্যাক করে অপহরণকারী নুর ইসলামের অবস্থান শনাক্ত করে ছদ্মবেশে সম্ভাব্য এলাকায় অভিযান চালায় তারা।

    এরপর ৮ আগস্ট দুপুরে পুনরায় অপহরণকারী নুর ইসলামের মুঠোফোনে (নাম্বার ০১৮ .৮২০) কল দিয়ে পারভীন তাকে বিয়ে করার কথা জানায়। এ সময় পারভীনকে শরীয়তপুর বাসস্ট্যাণ্ডে আসতে বলে নুর ইসলাম। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। প্রায় ঘন্টা দুই পর নুর ইসলাম ফোন করে পারভীণের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ না দিলে শিশু শিলাকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারী। বাধ্য হয়ে নুর ইসলামকে ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছিল।

    কিন্তু চতুর নুর ইসলাম টাকা পাওয়ার পরপরই মুঠোফোন বন্ধ করে দেয়। এ বিষয়টি তাৎক্ষণিক উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে তাদের নির্দেশে উন্নত প্রযুক্তির মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীর মামা শ্বশুর বাবুল মোল্লাকে আটক করে তাকে সাথে নিয়ে এবং গোসাইরহাট থানা পুলিশের সহায়তায় গ্রামে গ্রামে টানা তিন দিন তল্লাশী চালায় এবং স্থানীয়দের অপহরণের বিষয়টি জানায় অভিযানে থাকা দলটি। তবে যে সিম দিয়ে অপহরণকারী মুক্তিপণ দাবী করে তা রেজিষ্ট্রেশন করা না থাকায় তার পূর্ণ পরিচয় জানতে পারেনি পুলিশ।

    কাউনিয়া থানা পুলিশ শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশের সহযোগিতায় দাসের জঙ্গল গ্রামে পুনরায় অভিযান চালিয়ে সেখান থেকে গতকাল সকাল ৭টায় শিশু শিলাকে উদ্ধার করে। শিশু শিলা তার মায়ের সাথে কাউনিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ৯ আগস্ট রাতে কাউনিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে শিলার মা পারভীন।

    পুলিশ জানিয়েছে অপহরণকারী নুর ইসলাম পুলিশের তৎপরতা টের পেয়ে শিশু শিলাকে ফেলে রেখে পালিয়ে গেছে। তাছাড়া পুলিশ গোসাইরহাট গ্রামে গিয়ে জানতে পেরেছে অপহরণকারী এরপূর্বে দুটি বিবাহ করলেও সেখানে তার নাম থাকলেও পিতা-মাতা কিংবা ঠিকানা কিছুই উল্লেখ করা হয়নি।

  • নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় একজন শিশু

    নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় একজন শিশু

    রাকিব সিকদার নয়নঃ-

    আজ দুপুর আনুমানিক ০২.৩০ মিনিটে বছিলা ব্রিজের ঠিক পশ্চিম পার্শ্বের দিক দিয়ে কয়একজন সহপাঠী একসাথে নদীতে গোসল করার সময় একটি ছেলে ডুবে যায়।

    এরপরে তাদের সহপাঠীরা হৈচৈ করলে পাশেই কিছু বেধে থাকে। তারা তারাতারি করে নদীতে নেমে পড়ে, অনেকক্ষণ খোজ করার পর এক লোকের পায়ে লেগেযায় ছেলেটি। তারপরে তাকে উঠানো হয়, উপরে উঠানোর কিছুক্ষন পরে  হাসপাতালে নিয়ে যায়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক। ছেলেটার সহপাঠীদের কাছ থেকে জানা যায়, তাদের মধ্যে অনেকেই সাতার জানেনা।

  • সাংস্কৃতিক সংগঠন উত্তরণ’র বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত

    সাংস্কৃতিক সংগঠন উত্তরণ’র বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত

    হুজাইফা রহমানঃ

    বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ’র বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট উত্তরণ’র নিজস্ব কার্যালয়ে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বােধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার।

    সংগঠনের সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক উদয় শংকর দাস। আরও উপস্থিত ছিলেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিন্টু কর, উত্তরণ উপদেষ্টা আজমল হোসেন লাবু, পার্থ সারথি, সাইফুর রহমান মিরন, সুকুমার মিত্র প্রমুখ।

    সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন করা হয়। কমিটি গঠনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন স্নেহাংশু বিশ্বাস। উত্তরণ’র নবগঠিত কমিটিতে জুবায়ের হোসেন শাহেদ সভাপতি ও শাকিল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন কিশোর কুমার বালা।

  • চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত

    চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাসির ওরফে মামুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

    পুলিশের দাবি, নিহত মামুন খুন-ধর্ষণসহ ১৮টি মামলার আসামি।

    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ  বলেন, ‘নিহত মামুনের বিরুদ্ধে খুন-ধর্ষণসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল। গতকাল (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়। কিন্তু তাকে নিয়ে ফেরার সময় তার অনুসারীরা পুলিশের ওপর হামলা করে মামুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ গুলি চালালে মামুন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

    এসময় পুলিশের এক এএসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

    ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি দুলাল মাহমুদ।

    অন্যদিকে মাগুরার মহম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত বাশার ডাকাত দলের সদস্য। তার নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে।

  • স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে বাসের ধাক্কা

    স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে বাসের ধাক্কা

    রাজধানীর কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বহনকারী গাড়িকে ধাক্কা দিয়েছে নিউভিশন পরিবহনের একটি বাস। এতে গাড়ির ক্ষতি হলেও মন্ত্রী রক্ষা পেয়েছেন।

    ট্রাফিক সপ্তাহ চলাকালে শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ বাসটিকে জব্দ এবং চালক ও হেলপারকে আটক করে।

    শেরেবাংলা নগর থানার পরিদর্শক ইয়াদুল হক বিষয়টি নিশ্চিত করেন। মামলার প্রক্রিয়া চলছে।