Author: banglarmukh official

  • বিজ্ঞাপনে এসে বিতর্কে শহিদ কাপুরের স্ত্রী

    বিজ্ঞাপনে এসে বিতর্কে শহিদ কাপুরের স্ত্রী

    মিডিয়া অঙ্গনে আলোচনা চলছিল অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের। বর্তমানে সে সম্ভাবনা দূরস্থ হলেও বিজ্ঞাপনে আত্মপ্রকাশ করেছেন তিনি। আর শুরুতেই হয়ে উঠলেন বিতর্কের কেন্দ্রবিন্দু।

    গত মঙ্গলবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথম বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেছিলেন। এরপর থেকেই সমালোচনার মুখে পড়েন তিনি। একটি নামী সংস্থার অ্যান্টি এজিং ক্রিমের বিজ্ঞাপনে মীরাকে দেখা গেছে নিজের অভিজ্ঞতা ভাগ করতে।

    কিভাবে সন্তানের জন্মের পর রাত জাগা ও নতুন মায়ের দায়িত্ব তার ত্বকের উপর প্রভাব ফেলে বা তার থেকে কী করে বেরিয়ে আসা যায় ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন মীরা। তবে দর্শকরা তার এ বিজ্ঞাপনটি মেনে নেননি। তার এ বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

    দর্শকদের বক্তব্য, মাত্র ২৩ বছর বয়সে তিনি কীভাবে অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করতে পারেন? কেউ কেউ তো কটাক্ষ করে এও বলেছেন যে, ২৩ বছর বয়সেই যদি অ্যান্টি এজিংয়ের প্রয়োজন পড়ে, তাহলে ৪০-এ পৌঁছে কী ব্যবহার করবেন তিনি! কারও কারও অভিযোগ শুধুমাত্র পাবলিসিটির জন্যই তিনি এ ধরনের বিজ্ঞাপনে অভিনয় করেছেন।

  • স্বজনদের বিদায় দিতে চায় না মন

    স্বজনদের বিদায় দিতে চায় না মন

    ইমিগ্রেশন শেষ হয়েছে ঘণ্টাখানেক আগেই। সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইট টাইম হলেও কাকডাকা ভোরেই হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে হাজির হন। স্বজনরা চোখের জলে বিদায় জানান হজযাত্রীকে। কিন্তু বিদায় দিলেও মনটা মানতে চায় না। আর তাইতো হজ ক্যাম্প থেকে হজযাত্রীরা যখন বাসে উঠে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন, তখনও স্বজনরা কেউ বের হওয়ার রাস্তার মুখে কেউ রেলগেটের সামনে আবার কেউবা বিমানবন্দরে প্রবেশের মুখে অশ্রুসিক্ত নয়নে হজযাত্রীদের একনজর দেখতে অপেক্ষায় থাকেন।

    বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে হজযাত্রীদের একজন ৭-৮ বছর বয়সী ছেলেকে কাঁদতে দেখে সামনে এগিয়ে যেতে চাইলে নিরাপত্তাপ্রহরীরা আটকে দেন। বাসে উঠে বাবাও চোখের জলে বিদায় নেন।

  • প্রধানমন্ত্রীকে সরাতে ‘জুডিশিয়াল ক্যু’তে জড়িত ছিলেন ড. কামাল

    প্রধানমন্ত্রীকে সরাতে ‘জুডিশিয়াল ক্যু’তে জড়িত ছিলেন ড. কামাল

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাতে ড. কামাল হোসেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সঙ্গে জুডিশিয়াল ক্যু’তে জাড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এমন মন্তব্য করেন।

    আইনমন্ত্রী বলেন, ‘আমাদের সাবেক বিচারপতি এস কে সিনহাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছেন তাদের সবার নাম কিন্তু আমরা জানি, ড. কামালের নাম আপনারা জানেন না। শেখ হাসিনা তো বাংলাদেশের উন্নয়ন করেই ফেলেছেন। এখন কি করার? প্রথম ষড়যন্ত্র হলো একটি জুডিশিয়াল ক্যু (বিচারিক অভ্যুত্থান)) করে শেখ হাসিনাকে কী করে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে সরানো যায়। আপনারা দেখেছেন, প্রথমে শ্রীলঙ্কায় রাজাপাকশে যখন তার প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন তখন রাজাপাকশেকেও নেমে যেতে হয়েছে। তারপর পাকিস্তানের নওয়াজ শরিফকে নামিয়ে দিয়েছেন তার প্রধান বিচারপতি। এরপর নেপালে এবং আমাদের সাবেক বিচারপতি এস কে সিনহাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছেন তাদের সবার নাম কিন্তু আমরা জানি।’

    এ সময় উপস্থিত অতিথিরা উচ্চস্বরে ষড়যন্ত্রকারীদের নাম জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আপনারা তাদের তো চিনবেনই। ড. কামাল হোসেনকে আপনারা চিনেন না? তারপর এই ষড়যন্ত্র যখন বিফলে গেছে, আমি জানি আমাকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিটিং জাজেরা বলেছেন যে, তারা (জাজেরা) একটি অনুষ্ঠানের জন্য ড. কামাল হোসেনকে ডাকতে গিয়েছিলেন। তখন তিনি (ড. কামাল হোসেন) তাদেরকে (জাজদের) সিনহার (এস কে সিনহা) ব্যাপারে বকাঝকা করেন, ‘কেন সিনহার ব্যাপারে তারা (জাজরা) প্রতিবাদ করেননি, কেন সিনহাকে তারা সরিয়েছেন?’

    তিনি আরও বলেন, ‘তারপরে কোটা সংস্কারের আন্দোলনের কথা যেই মুহূর্তে প্রধানমন্ত্রী শুনেছেন, তিনি বলেছেন- ঠিক আছে। কোটার ব্যাপারে যদি এ রকম কিছু হয়ে থাকে, তাহলে আমি নিশ্চয়ই দেখবো। দরকার হলে কোটা সম্পূর্ণ বাতিল করে দেব। তারপরেও তো আন্দোলনের কোনো প্রয়োজন হয় না। এই আন্দোলন যাতে চলমান থাকে, এই আন্দোলনের ঘোলাপানিতে মাছ শিকার করা যায়, সেইজন্য এই কামাল হোসেন (ড. কামাল হোসেন), এই ইউনূছ (ড. মুহাম্মদ ইউনূছ), এই খালেদা জিয়ার যারা সহযোগী তারা কিন্তু এটার মধ্যে নাক গলানো শুরু করেন।’

    a

    ‘তারপরে সড়ক দুর্ঘটনা হয়েছে। ছাত্ররা রাস্তায় নেমেছে। তাদের যৌক্তিক দাবি কিন্তু সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। ঠিক আছে, সব ঠিক করে দেব। তারাও ফিরে যেতে চেয়েছে এবং তারা ফিরে গেছে। এর মধ্যেও একটা ষড়যন্ত্র, সরকারকে ফেলে দিতে হবে।’

    আনিসুল হক বলেন, ‘এগুলো কিসের আলামত? এগুলো হচ্ছে, উনারা কোনো একটা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান। যাতে আবারও যে উন্নয়নের পথ, যে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছে, সেটাকে আবারও সেই জায়গা থেকে ফেলে দিতে হবে। পাকিস্তানের নিচে নামাতে হবে।’

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘মওদুদ সাহেব বলেন, আমাদের ডিজিটাল বাংলাদেশের দরকার নাই, আমাদের সেইভ (নিরাপদ) বাংলাদেশ দরকার। ওনাদের সেইভ বাংলাদেশের নমুনা হলো- হত্যার বিচার হবে না, আর ক্যান্টনমেন্টে প্রত্যেক শুক্রবার হত্যাযজ্ঞ চলবে। এটা হচ্ছে ওনাদের সেইভ বাংলাদেশ। আর ডিজিটাল বাংলাদেশ হলে বাংলাদেশ পাকিস্তান থেকে উন্নত হয়ে যাবে। তাহলে তো ওনাদের ঘুম হবে না। এটা হচ্ছে ওনাদের নিয়মনীতি।’

    বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঞ্চালনায় এবং পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, আব্দুল বাসেত মজুমদার, বারের সাবেক সম্পাদক ও অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির, নজিবুল্লাহ হিরু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল প্রমুখ।

  • ড. আফতাব হত্যা : সাবেক এমপি তৃপ্তি গ্রেফতার

    ড. আফতাব হত্যা : সাবেক এমপি তৃপ্তি গ্রেফতার

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আফতাব আহমেদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি বিএনপির সাবেক এমপি মো. মফিকুল হাসান তৃপ্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    বুধবার রাজধানী থেকে তাকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের কোতয়ালী ইউনিট।

    সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) শারমিন জাহান ক্ষুদেবার্তা পাঠিয়ে  তৃপ্তিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর ফুলার রোডে বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের নিজ বাসায় অধ্যাপক আফতাবকে গুলি করে দুর্বৃত্তরা। এর তিন দিন পর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    এ ঘটনায় তার স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

  • এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র

    এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র

    এবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে ওয়াশিংটনের তরফ থেকে এমন পদক্ষেপের কথা জানানো হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত সাবেক রুশ এজেন্ট এবং তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

    গত মার্চে সাবেক রুশ এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়াকে সালিসবারি শহরের একটি বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় যে, তাদের ওপর রাসায়নিক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা নেয়ার কয়েক সপ্তাহ পর তারা সুস্থ হতে শুরু করেন।

    ব্রিটেনের এক তদন্তে ওই রাসায়নিক হামলার জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছে। তবে এ ধরনের অভিযোগে কঠোরভাবে বিরোধীতা করেছে ক্রেমলিন। তাদের দাবি ওই হামলার সঙ্গে রাশিয়ার কোন সম্পর্ক নেই।

    বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে তারা নিশ্চিত হয়েছেন যে, রাশিয়াই ওই ঘটনার সঙ্গে জড়িত। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নওয়ের্ট এক বিবৃতিতে বলেন, এটা নিশ্চিত হওয়া গেছে যে দেশটি রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। অথবা, তারা নিজেদের দেশের নাগরিকদের ওপর লিথাল রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহার করেছে।

    যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে স্বাগত জানিয়েছে ব্রিটেন। এক বিবৃতিতে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, সালিসবারির রাস্তায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করার ঘটনায় কঠোর আন্তর্জাতিক প্রতিক্রিয়া রাশিয়াকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে, তাদের উত্তেজক এবং বেপরোয়া আচরণকে অবশ্যই চ্যালেঞ্জ করা হবে।

  • উইন্ডিজ সফর শেষে দেশে ফিরলেন সাকিবরা

    উইন্ডিজ সফর শেষে দেশে ফিরলেন সাকিবরা

    ওয়েস্ট ইন্ডিজে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে জোড়া ট্রফি নিয়ে দেশে ফিরলেন টাইগাররা। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাকিব আল হাসানসহ জাতীয় দলের মোট ৯ জন ক্রিকেটার ঢাকা এসে পৌঁছেছেন।

    এদিকে আগেই জানা ছিল তারকারা আসছেন না। ওয়ানডে দলে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা স্ত্রী এবং সন্তানের চিকিৎসার জন্য নিউইয়র্কে যাবেন। ওয়ানডে সিরিজ শেষেই তিনি নিউইয়র্কে চলে গেছেন। তার দেশে ফিরতে আরও চার-পাঁচদিন সময় লাগতে পারে।

    মাহমুদুল্লাহ রিয়াদ চলে গেছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সেন্ট কিটসে। এছাড়া তামিম ইকবাল ও মুশফিকুর রহিম স্ত্রীসহ রয়ে গেছেন যুক্তরাষ্ট্রে। তারা দেশে ফিরবেন ঈদের আগে। সৌম্য সরকার চলে গেছেন আয়ারল্যান্ডে। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন তিনি।

    তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অধিনায়ক সাকিব আল হাসানসহ মোট ৯ জন ক্রিকেটার দেশে ফিরছেন। ধারণা করা হচ্ছে, সম্ভবত সাকিব এবার হজ করতে যাবেন। তবে এ ব্যাপারে সাকিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    বাংলাদেশের এ সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে। তিন ম্যাচ করে দুটি সিরিজেই ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ।

  • পরকীয়া প্রেমিকার কামড়ে পুরুষাঙ্গ হারিয়ে মৃত্যু

    পরকীয়া প্রেমিকার কামড়ে পুরুষাঙ্গ হারিয়ে মৃত্যু

    কুষ্টিয়ায় পরকীয়া করতে গিয়ে প্রেমিকার কামড়ে পুরুষাঙ্গ হারিয়ে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই প্রেমিকের নাম হাবিবুর রহমান (৩৫)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমানের মৃত্যু হয়। এদিন বিকেলে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার গাড়া দাইড়পাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আল্লারদর্গার মৃত সাইদ মাস্টারের ছেলে হাবিবুর রহমান ওই এলাকার গাড়া দাইড়পাড়ার স্বামী পরিত্যক্তা মাছুরা খাতুনের (৩২) সঙ্গে বেশ কিছুদিন যাবৎ পরকীয়া প্রেম চালিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে মাছুরা গাড়া দাইড়পাড়ায় তার বোনের বাড়িতে প্রেমিক হাবিবুরকে ডেকে নেন।

    ফাঁকা বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার এক পর্যায়ে প্রেমিকা মাছুরা হাবিবুরের পুরুষাঙ্গ কামড় দিয়ে ছিঁড়ে নেন। এসময় হাবিবুরের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

    পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হঠাৎ কেন প্রেমিকা মাছুরা খাতুন প্রেমিক হাবিবুর রহমানের ওপর নিষ্ঠুর এ আচরণ করলো তাৎক্ষণিকভাবে পুলিশ তার কারণ জানাতে পারেনি। পুলিশ ঘাতক প্রেমিকা মাছুরা খাতুনকে গ্রেফতার করেছে।

  • প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়েই মানুষকে জয় করতে চাই : সাদিক আবদুল্লাহ

    প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়েই মানুষকে জয় করতে চাই : সাদিক আবদুল্লাহ

    শেখ সুমন :

    ‘‘প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়েই মানুষকে জয় করতে চাই। “আমার কোন চাহিদা নেই, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমার দাদা, আমার বাবার মত সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হতে হলে অবশ্যই আমাকে নগরবাসীর জন্য কাজ করতে হবে এবং দুর্নীতিমুক্ত থাকতে হবে। আমি নগরবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন।”

    গতকাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে এসে বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কথাগুলো বলেছেন। গতকাল সন্ধ্যায় রিকশাযোগে বরিশাল প্রেসক্লাবে আসেন তিনি। পরে প্রেসক্লাব মিলনায়তনে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন।

    অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, মানবেন্দ্র বটব্যাল, বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক তপংকর চক্রবর্তী, পুলক চ্যাটার্জি, মুরাদ আহম্মেদ, কাজী মিরাজ মাহামুদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    অনুুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ নগরবাসীর ভাগ্যের পরিবর্তন ও নগরীর উন্নয়নসহ বিভিন্ন দাবি দাওয়ার কথাও তুলে ধরেন সাদিক আবদুল্লাহ’র কাছে।

    অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র সাদিক আবদুল্লাহ বরিশালের প্রবীন ও তরুণ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৩০ জুলাই অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে তাকে সহযোগিতা করার জন্য। এসময় তিনি বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: মোখলেসুর রহমানের কথা স্মরণ করে বলেন, ‘‘মোখলেসুর রহমানের মত একজন মানুষের সাথে চলতে পেরেছি বলেই আজ আমি মেয়র। তার কথাগুলো মেনে চলতে পেরেছি বলেই বরিশালের সর্বস্তরের নাগরিকরা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন।

    ” তিনি বলেন, ‘‘প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়েই মানুষকে জয় করতে চাই। যখন আমি সিটি করপোরেশনের দায়িত্ব বুঝে নেব তখন থেকে আমার কাছে নগরীর সব মানুষগুলোই সমান। সাবাই আমার কাছে সমান অধিকার পাবেন। আপনাদের পাশে নিয়েই আমি নগরবাসীর সকল সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা চালাবো।” তিনি সকলকে সাথে নিয়ে ও সকলের সহযোগিতায় কাজ করতে চান।

  • এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি নিয়ে সংশয়

    এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি নিয়ে সংশয়

    বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম দ্বৈরথ, এক দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা। সারা বিশ্ব বাদ দিয়ে শুধু দুই দেশের কথা চিন্তা করলেও মাঠের ক্রিকেট ছাপিয়ে দুই দলের লড়াইটা রূপ নেয় এক জাতিগত লড়াইয়ে। তবে খেলার বাইরে ছড়ায় না সেই সংঘাত, লড়াইয়ের সমাপ্তি ঘটে খেলার ফলাফলের মাধ্যমে।

    দুই দেশের মধ্যকার ধ্রুপদী লড়াইয়ের সুযোগ হয়ে এসেছিল আসন্ন এশিয়া কাপ ক্রিকেট। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। প্রকাশিত সূচিতে ১৯ সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই দলের। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচির কারণে সংশয় জেগেছে এই ভারত-পাকিস্তান লড়াইটা মাঠে গড়ানোর বিষয়ে।

    প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে ১৯ ও ২০ তারিখ পরপর দুইদিন খেলা রয়েছে ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে আবার বিরতি ছাড়াই দুইদিন দুইটি ওয়ানডে খেলা কঠিন বলেই মন্তব্য করেছিলেন ভারতের সাবেক ওপেনার ভিরেন্দর শেবাগ।

    দুবাইয়ের তীব্র গরমের মধ্যে টানা দুটি ম্যাচ খেলা অসম্ভব বলেই জানিয়েছিলেন শেবাগ। সাবেক এই ওপেনার বলেন, ‘আমি সূচি দেখে ভীষণ ধাক্কা খেয়েছি। এখনকার দিনে কোন দেশ টানা ম্যাচ খেলে? ইংল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যেও দুদিন বিরতি থাকে। আর এখানে আপনি দুবাইয়ের গরম অাবহাওয়ায় খেলবেন ওয়ানডে, সেটা আবার বিরতি ছাড়া। তাই আমি মনে করি না, সূচিটা সঠিকভাবে হয়েছে।’

    সে সময় ভারতকে এই টুর্নামেন্ট বর্জনের আহ্ববান জানিয়ে তিনি বলেন, ‘এশিয়া কাপ খেলার জন্য এত কান্নাকাটি কেন? এশিয়া কাপ খেলো না। হোম অথবা অ্যাওয়ে সিরিজ খেলার প্রস্তুতি নাও। টানা ম্যাচ খেলা আসলেই খুব কঠিন।’

    কিন্তু ভারতের মতো একটি দল যদি এশিয়া কাপ বর্জন করে তাহলে বাণিজ্যিক ও মাঠের লড়াইয়ের দিক থেকে অনেকটাই রঙ হারাবে টুর্নামেন্ট। তাই নিজেদের প্রকাশিত সূচি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

    ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শেষ হবে ১১ তারিখ। এশিয়া কাপ শুরু হবে ১৫ তারিখ। এশিয়া কাপের জন্য কোনোরকম প্রস্তুতি ছাড়াই আরব আমিরাতে উড়াল দেবে ভারত। সেখানে আবার দুইদিনে দুই ম্যাচ খেলাটা যে তাদের জন্য সহজ হবে না সেই বোধোদয় হয়েছে এসিসিরও। তাই বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের সূচির ব্যাপারে নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছে এসিসি।

  • ফেসবুকে উসকানি : সিরাজগঞ্জে আইনজীবী গ্রেফতার

    ফেসবুকে উসকানি : সিরাজগঞ্জে আইনজীবী গ্রেফতার

    নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার দেয়ার অভিযোগে সিরাজগঞ্জে এক আইনজীবীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    সোমবার মধ্যরাতে শহরের মাহমুদপুর মহল্লার ওপেন গার্ডেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সপার আবু ইউসুফ।

    গ্রেফতার সাখাওয়াত হোসেন শাকিল মৃত আব্দুল কুদ্দুস সরকারের ছেলে। তিনি সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সদস্য।

    মঙ্গলবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আইনজীবী সাখাওয়াত হোসেন পোস্ট দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় আইসিটি আইনে মামলা করা হয়েছে।