Author: banglarmukh official

  • গৃহবধূকে খুঁটিতে বেঁধে পেটাল কনস্টেবলের পরিবার

    গৃহবধূকে খুঁটিতে বেঁধে পেটাল কনস্টেবলের পরিবার

    সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বাড়ি থেকে আকলিমা বেগম (২৬) নামে এক গৃহবধূকে ধরে নিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের পরিবারের বিরুদ্ধে।

    এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূর স্বামী সেলিম মিয়া বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। এ ঘটনায় বুধবার সকালে কাজল নামে একজনকে গ্রেফতার করা হয়।

    ভিকটিম আকলিমা উপজেলার ধনপুর ইউপির পশ্চিম ছাতারকোনা গ্রামের সেলিম মিয়ার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    অভিযোগে জানা যায়, উপজেলার ছাতারকোনা গ্রামের কনস্টেবল শফিকুল ইসলামের পরিবার ও গৃহবধূ আকলিমার পরিবারের মধ্যে মামলা-মোকদ্দমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে কনস্টেবলের বাবা আবদুল মোতালেব ও আইন উদ্দিনের ছেলে আবদুল মান্নানসহ অন্যরা ওই গৃহবধূকে বাড়ি থেকে মঙ্গলবার সকালে ধরে নিয়ে যায়। এরপর চাচা আবদুল কুদ্দুসের বাড়ির উঠোনে থাকা গরু বাঁধার খুঁটিত বেঁধে বেধড়ক মারপিট করে।

    ঘটনার খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    আকলিমার স্বামী সেলিম মিয়া জানান, আকলিমা গত রোববার আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় তারা আমার স্ত্রীকে বাড়ি থেকে ধরে নিয়ে খুঁটিতে বেঁধে মারপিট করেছে।

    সুনামগঞ্জে টুকেরঘাটে নৌ-পুলিশে কর্মরত কনস্টেবল শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মা সুফিয়া খাতুনকে বাড়িতে এসে আকলিমা মারপিট করায় তার আত্মীয়রা তাকে মারধর করেছেন।

    বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মো. মুনির হোসেন জানান, এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর স্বামী সেলিম মিয়া বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা করেছেন। এরপর আজ সকালে কাজল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।

  • অবশেষে ছেলের বাসায় ফিরলেন সেই শিক্ষক বাবা

    অবশেষে ছেলের বাসায় ফিরলেন সেই শিক্ষক বাবা

    ছোট ছেলের বাসায় উঠেছেন রাজশাহীর স্যাটেলাইন টাউন হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মাজহার হোসেন।

    বুধবার সকাল ৯টার দিকে স্বজনরা তাকে নগরীর বিনোদপুর ধরমপুরের বাসায় নিয়ে যান। হাসিমুখেই বিদ্যালয় ছেড়ে গেছেন পৌঢ় এ অবসরপ্রাপ্ত শিক্ষক। যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছেন বিছানাসহ যাবতীয় জিনিসপত্র।

    সকালে বাবাকে ফেরাতে বিদ্যালয়ে যান মেয়ে মমতাজ বেগম, তার স্বামী রফিক উদ্দিন, বড় ছেলে আক্তারুজ্জামান মুকুল, তার স্ত্রী মাহমুদা বেগম এবং ছোট ছেলে আসাদুজ্জামান আপেল।

    স্বাধীনতার আগে ভারতের মালদাহের একটি মাদরাসায় শিক্ষকতা করতেন মাজহার হোসেন। সেখান থেকে রাজশাহী এসে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে প্রতিষ্ঠা করেন স্যাটেলাইট টাউন হাইস্কুল। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে প্রায় ২৮ বছর দায়িত্ব পালনের পর ১৯৯৮ সালের ৫ এপ্রিল তিনি অবসরে যান।

    পরিবার বিচ্ছিন্ন হয়ে ২০১০ সালের শেষ দিকে বিদ্যালয়ে এসে ওঠেন অসহায় ওই শিক্ষক। এরপর থেকে একা সেখানেই বসবাস করে আসছিলেন তিনি।

    এনিয়ে গত ৩ আগস্ট জাগো নিউজে ‘দুই প্রতিষ্ঠিত সন্তানের শিক্ষক বাবার রাত কাটছে স্কুলের বারান্দায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর ভাইরাল হয়ে যায় সেই খবর। পরদিন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমগুলো এনিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর থেকেই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন অনেকেই।

    খবর পেয়ে গত ৫ আগস্ট রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের ওই শিক্ষকের কাছে ছুটে যান। ওই শিক্ষককে সঙ্গে নিয়ে তিনি নগরীর নিউ মার্কেট এলাকার বড় ছেলে আক্তারুজ্জামান মুকুলের বাসায় গিয়েছিলেন। কিন্তু বহুতল হওয়ায় সেই বাসায় থাকতে রাজি হননি তিনি। পরে ওই শিক্ষক বিদ্যালয়ের পরিত্যক্ত বারান্দায় গিয়েই ওঠেন।

    শেষ পর্যন্ত রোগাক্রান্ত ওই শিক্ষকের চিকিৎসার দায়িত্বভার নেয় জেলা প্রশাসন। ছেলেরা তার ভরণ-পোষণের দায়িত্বভার না নিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন জেলা প্রশাসক।

    গত তিন দিন ধরে মাজহার হোসেনের খাবারের দায়িত্ব নিয়েছেন রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শিরিন আক্তার জাহান। মঙ্গলবার তিনিও ছেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

     

    জানতে চাইলে ছোট ছেলে আসাদুজ্জামান আপেল বলেন, বাবা নিচতলা খোলামেলা বাসা চাইছিলেন। তার বাসাটি তেমনই। বাসায় আসতে আপত্তি জানাননি বাবা। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখেই বাড়ি ফিরেছেন তিনি। সকাল ৮টার দিকে তিন ভাই-বোন গিয়ে বাড়ি নিয়ে এসেছি বাবাকে।

    এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম বলেন, সকালে স্বজনরা এসে তাকে নিয়ে গেছেন। যাওয়ার সময় বেশ হাসিখুশি মনে হয়েছে তাকে। আবার ফিরবেন কি না জানতেই চেয়েছিলেন তিনি জানিয়েছেন আর ফিরবেন না।

    দুই ছেলে এবং এক মেয়ের জনক মাজহার হোসেন নগরীর বিনোদনপুর ধরমপুর এলাকার বাসিন্দা। সেই ভিটেতে ছোট ছেলে আসাদুজ্জামান আপেল মাকে নিয়ে বসবাস করছেন। আপেল নগরীর মদিনাতুল কামিল মাদরাসার গণিতের প্রভাষক। বড় ছেলে আক্তারুজ্জামান মুকুল পরিবার নিয়ে নগরীর নিউ মার্কেট এলাকার ভাড়া বাসায় বসবাস করছেন।

  • শহিদুল আলমকে বিএসএমএমইউয়ে নেয়া হয়েছে

    শহিদুল আলমকে বিএসএমএমইউয়ে নেয়া হয়েছে

    তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশের পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউয়ে নেয়া হয়।

    দৃক গ্যালারির মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আজ (বুধবার) সকালে শহিদুল আলমকে হাসপাতালে নেয়া হয়েছে।

    তিনি আরও বলেন, বিএসএমএমইউয়ে ডিবির প্রহরায় কেবিন ব্লক ৫১২ নম্বরে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার চিকিৎসার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

    সাতিদিনের রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

    নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ বক্তব্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তার বিরুদ্ধে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • হলি আর্টিসানে হামলা : অব্যাহতি পেলেন হাসনাত করিম

    হলি আর্টিসানে হামলা : অব্যাহতি পেলেন হাসনাত করিম

    রাজধানীর গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর ফলে এখন তার মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

    আইনজীবী ছানোয়ার হোসাইন জানান, হাসনাত করিম দীর্ঘদিন ধরে গ্রেফতার রয়েছেন। চার্জশিটে নাম না থাকায় তাকে মুক্তির জন্য ট্রাইব্যুনালে আর্জি জানানো হয়। বিচারক আর্জি মঞ্জুর করে তাকে মামলা থেকে অব্যাহিত দেন।

    বুধবার (৮ আগস্ট) বহুল আলোচিত গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলা মামলার চার্জশিট গ্রহণ করেন ট্রাইব্যুনাল। চার্জশিটে তার নাম না থাকায় আইনজীবীরা তাকে অব্যাহতির আবেদন জানান। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মজিবুর রহমান আবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

    গত ২৩ জুলাই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর।

    আসামিদের মধ্যে ছয়জন কারাগারে এবং দুইজন পলাতক রয়েছেন। কারাগারে থাকা ছয় আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর।

    পলাতক দুইজন হলেন- শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে।

    এছাড়াও বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের অব্যাহতিদানের সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা। পরে তাদেরকেও অব্যাহতি দেন বিচারক। অব্যাহতি পাওয়া ১৩ জনের মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানে ও পাঁচজন হলি আর্টিসানেই নিহত হয়েছেন।

    গুলশানের হলি আর্টিসানে সেনাবাহিনীর ‘অপারেশন থান্ডারবোল্টে’ নিহত পাঁচজন হলেন- রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।

    বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে নিহত ৮ জন হলেন- তামীম আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।

  • হলি অার্টিসান মামলার চার্জশিট গ্রহণ

    হলি অার্টিসান মামলার চার্জশিট গ্রহণ

    রাজধানীর গুলশানের হলি আর্টসানে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (৮ আগস্ট) সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মজিবুর রহমান এ চার্জশিট গ্রহণ করেন। আলোচিত এ মামলা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে অব্যাহতি দেয়া হয়েছে।

    গত ২৩ জুলাই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর। আসামিদের মধ্যে ছয়জন কারাগারে এবং দুইজন পলাতক রয়েছেন।

    কারাগারে থাকা ছয় আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর।

    পলাতক দুইজন হলেন- শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হলে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। আগামী ১৬ আগস্ট গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

    এছাড়াও বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের অব্যাহতিদানের সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা। পরে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। তাদের মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানে ও পাঁচজন হলি আর্টিসানেই নিহত হয়েছেন।

    গুলশানের হলি আর্টিসানে সেনাবাহিনীর ‘অপারেশন থান্ডারবোল্টে’ নিহত পাঁচজন হলেন- রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।

    বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে নিহত ৮ জন হলেন- তামীম আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।

    ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

  • চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

    চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

    ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বিকেল সোয়া চারটায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় ঘণ্টাব্যাপী। বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

    তবে বিএনপি সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থিত বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে তাদের লিখিত তথ্য দেয়া হয়েছে।

    বিএনপির পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের যে বিষয়ে অবহিত করা হয়, তার মধ্যে সদ্য সমাপ্ত বরিশাল, সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসা ছাড়াও আসে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গ।

    এ সময় সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসায় সরকারের বাধা এবং শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের দমন পীড়নের অভিযোগ করেন বিএনপি নেতারা।

    বিএনপির এই বৈঠকে বিদেশি কূটনীতিকদের মধ্যে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার, যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, কুয়েত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য ও জার্মান দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    এছাড়া বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন, এ জে মোহাম্মদ আলী, মীর হেলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য রুমিন ফারহানা, জেবা খান ও তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

  • প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রী ও বাবাকে মারধর : ছাত্র আটক

    প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রী ও বাবাকে মারধর : ছাত্র আটক

    শেখ সুমন :

    বরিশাল সরকারি বিএম কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীকে মারধরের ঘটনায় শিফাতউল্লাহ সৌরভ নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শিফাতউল্লাহ সৌরভ পলাশপুরের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে। গতকাল (৬ আগস্ট) সোমবার নগরীর হোটেল আপ্যায়নের সামনে থেকে এসআই আরাফাত রহমান হাসান তাকে গ্রেফতার করেন।

    মামলা সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌসি মিম বরিশাল সরকারি বিএম কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। আসামী একই কলেজ থেকে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে। আসামী সৌরভ প্রায়ই মিমকে কু-প্রস্তাব দিয়ে আসছে। প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায় মিমের বান্ধবীদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তাকে ডিস্টার্ব শুরু করে।

    এ ঘটনা মিম তার বাবা-মাকে জানালে আসামী আরও বেশি ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন গত ৫ আগস্ট রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিতলাখোলাস্থ মিমের বাড়ি এসে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে মিমের মোবাইল ভেঙ্গে ফেলে। চর-থাপ্পর মেরে গুরুতর আহত করে।

    এ সময় মিমের ডাকচিৎকারে অসুস্থ বাবা আসলে তাকেও মারধর করে। এ ঘটনায় মিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সৌরভকে আটক করে আদালতে সোপর্দ করে। বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

  • এশিয়ান জলবায়ু যুব এসেম্বলিতে নেপাল যাচ্ছেন বরিশালের সাহারিয়া

    এশিয়ান জলবায়ু যুব এসেম্বলিতে নেপাল যাচ্ছেন বরিশালের সাহারিয়া

    প্রথম এশিয়ান যুব জলবায়ু এসেম্বলিতে যোগ দিতে নেপাল যাচ্ছেন বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের সদস্য সাহারিয়া রহমান খান। নেপাল ইয়ূথ পার্লামেন্টের আমন্ত্রণে আগামী ৯ আগষ্ট সকাল সাড়ে ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেপালের উদ্দেশে যাত্রা করবেন তিনি। আন্তর্জাতিক যুব দিবসের প্রাক্কালে সাহারিয়ারের এ সাংগঠনিক বিদেশ সফর উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের প্রধান উপদেষ্টা ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, ভাইস চেয়ারপার্সন এম জাহিদুর রহমান মনির সহ সংগঠনের নির্বাহী পরিষদ ও সাধারন পরিষদ এর সকল সদস্যবৃন্দ ।

    বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের নির্বাহী প্রধান সোহানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হিমালয়কণ্যা খ্যাত                 নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ১১ ও ১২ আগষ্ট অনুষ্ঠিতব্য ২ দিনব্যাপি সম্মেলনটির প্রধান উদ্দেশ্য হচ্ছে এশীয় দেশসমূহের তরুণদের মধ্যে বোঝাপারা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে জাতিসংঘ ঘোষিত টেকসই লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন তরান্নিত করা। বৈরিকুতমন্ডপ জাতীয় সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ড’র এসেম্বলি উদ্বোধনের কথা রয়েছে।

    এশিয়ার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ের মন্ত্রী এবং রাষ্ট্রদূতসহ জলবায়ু পরিবর্তন ও এসডিজি নিয়ে কর্মরত যুব সংগঠক এসেম্বলিতে উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। ন্যাশনাল ইয়ূথ পার্লামেন্ট নেপাল এবং এশিয়ান ইয়ুথ এসেম্বলি যৌথভাবে এ উচ্চ পর্যায়ের সম্মেলনটির আয়োজন করছে। দুই দিনের পর্যালোচনা শেষে কাঠমান্ডু যুব ঘোষণাপত্র প্রকাশ করা হবে। যা এ অঞ্চলের তরুণদের আরো ক্ষমতায়িত করতে মাইলফলক হিসেবে কাজ করবে।

    সাহারিয়ার রহমান খান বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের সাথে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সামাজিক পরিবর্তনের লক্ষ্যে নিবেদিতভাবে কাজ করে আসছেন। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে এ ম বি এ তে অধ্য। পড়াশোনা করছেন বরিশাল ল’ কলেজের এলএলবি কোর্সে। বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্ট জলবায়ু নেটওয়ার্ক ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নেতৃত্ব দিয়ে আসছে। গতবছর এপ্রিলে নেপাল ইয়ূথ পার্লামেন্টের আমন্ত্রণে কাঠমান্ডুতে প্রথম সার্ক শীর্ষ যুব সম্মেলনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা। এছাড়া গত এপ্রিলে সংগঠনটির নির্বাহী প্রধান ও মহাসচিব সোহানুর রহমান লন্ডনে কমনওয়েলথ ইয়ূথ ফোরাম এবং ২০১৫ সালে মরক্কোতে গার্লস নট ব্রাইডস বাল্যবিবাহ বিরোধী বিশ্বসভায় যোগ দিয়েছিলেন। এবছর গত জুলাই মাসে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে হাই লেভেল পলিটিক্যাল ফোরামে সংগঠনটির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের সদস্য নাইমুল ইসলাম।

  • তিন দিনে ৭৪ হাজার মামলা দিল ট্রাফিক পুলিশ

    তিন দিনে ৭৪ হাজার মামলা দিল ট্রাফিক পুলিশ

    চলমান ট্রাফিক সপ্তাহের প্রথম তিন দিনে সারাদেশে মোট ৭৩ হাজার ৯৩৮টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন অমান্য, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে এই মামলা দেয়া হয়েছে।

    পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

    পুলিশ হেডকোয়ার্টার্স সূত্র জানায়, গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের আজ তৃতীয় দিন। এই অভিযানে ফিটনেস/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র নেই এবং অন্যান্য আইন অমান্য করায় মোট ৫৮ হাজার ৫৪৯টি যানবাহন ও ১৫ হাজার ৩৮৯ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময়ে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার ৯৫ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া আইনগত ব্যবস্থা হিসেবে এক হাজার ৮৭০টি যানবাহন আটক করা হয়েছে।

    week

    গত রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ট্রাফিক সপ্তাহ চলবে ১১ আগস্ট পর্যন্ত।

    গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশকে হটিয়ে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র যাচাই ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে। এরপরই শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ করে নতুন উদ্যমে কাজ শুরু করে ট্রাফিক পুলিশ।

  • বুধবার থেকে স্মার্ট কার্ড পাবেন ২৭ জেলার নাগরিক

    বুধবার থেকে স্মার্ট কার্ড পাবেন ২৭ জেলার নাগরিক

    ২৭ জেলার নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের কাজ বুধবার (৮ আগস্ট) শুরু হচ্ছে।

    বেলা ১১টায় রাজধানীর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষ হতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।

    ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, উদ্বোধনের মাধ্যমে ২৭ জেলায় একযোগে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে।

    যেসব জেলায় স্মার্ট কার্ড বিতরণ হবে:

    মানিকগঞ্জ সদর, মুন্সিগঞ্জ সদর, নরসিংদী সদর, শেরপুর সদর, জামালপুর সদর, ময়মনসিংহ সদর, টাংগাইল সদর, কিশোরগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুর সদর, চাঁদপুর সদর, ফেনী সদর, নাটোর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, নওগাঁ সদর, চুয়াডাংগা সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর, সাতক্ষীরা সদর, কুষ্টিয়া সদর, যশোর সদর, রাজবাড়ী সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, মৌলভীবাজার সদর এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলা।

    এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর এক যোগে ৩৭ জেলায় ভিডিও কনফারিন্সিংয়ের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।