Author: banglarmukh official

  • শিল্পীদের সতর্ক থাকতে অভিনয় শিল্পী সংঘের আহ্বান

    শিল্পীদের সতর্ক থাকতে অভিনয় শিল্পী সংঘের আহ্বান

    শিল্পীদের সতর্ক করল ‘অভিনয় শিল্পী সংঘ’। দেশের দেশের চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট না দেয়ার জন্য শিল্পীদের প্রতি অনুরোধ জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ। সংগঠনটির সভাপতি শহিদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এই আহ্বান জানান।

    এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘অভিনয় শিল্পী সংঘ একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। বর্তমানে নিরাপদ সড়ক চাই যে আন্দোলন তা যৌক্তিক এবং আমরা অভিনয় শিল্পীরা এর সঙ্গে আছি। আমরা অভিনয় শিল্পীরা অনেকেই ব্যাক্তিগতভাবে ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং সহমর্মিতা জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে কোমলমতি ছাত্রছাত্রীদের সব যৌক্তিক দাবি মেনে নেয়ায় কৃতজ্ঞতা জানাই।’

    তারা আরও বলেন,‘আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত সব অভিনয় শিল্পীদের বিশেষভাবে অনুরোধ জানাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও রকম বিভ্রান্তিমূলক খবর না প্রচার করার জন্য।’

    প্রসঙ্গত, ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গত শনিবার সন্ধ্যায় উত্তরা থেকে র‌্যাব-১ তাকে আটক করে।
    তার বিরুদ্ধে ৫৭ ধারায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে) মামলা করা হয়েছে। রোববার (৫ আগস্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানায় র‌্যাব-১ এ মামলাটি করেন। মামলা নং-৮।

    রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কাজী নওশাবা আহমেদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য খায়রুজ্জামান কামাল সভাপতিত্ব করেন।

    অন্যান্যের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং সাংবাদিক নেতা কুদ্দুস অফ্রাদ, সাজ্জাদ আলম তপু, আখতার হোসেন, আবদুল মজিদ, শরিফুল ইসলাম বিলু, নুরুল ইসলাম হাসিব, অমরেশ রায়, মতলু মল্লিক, আশিষ কুমার দে ও কুদরত ই খুদা, ওসমান গণি বাবুল বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, পেশাজীবীদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। সাংবাদিকরা বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে। ঐক্যের মাধ্যমে আমরা সব বাধা প্রতিরোধ করবো। রোববার দুর্বৃত্তদের হামলায় ২৩ জন সাংবাদিক আহত হয়েছে।

    তারা বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। আর প্রতিবাদ নয় এখন থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে।

    সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিইউজের বিক্ষোভ সমাবেশ এবং দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

  • সিলেটে ৩ ঘণ্টা অবস্থান শেষে ঘরে ফিরেছে শিক্ষার্থীরা

    সিলেটে ৩ ঘণ্টা অবস্থান শেষে ঘরে ফিরেছে শিক্ষার্থীরা

    ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে নিরাপদ সড়ক, ঘাতক বাস চালকদের বিচার করা, নৌপরিবহণমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে টানা ৫ দিন ধরে রাজধানীর সঙ্গে সিলেটেও বিক্ষোভ প্রদর্শন করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

    সোমবার সাড়ে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে বেলা আড়াইটার দিকে তারা অবস্থান থেকে চলে যায়। এর আগে বেলা ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরের চৌহাট্টা পয়েন্টে জড়ো হন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় পুরো সিলেট নগরজুড়ে যানজটের সৃষ্টি হয়।

    আজও সহস্রাধিক শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবিতে স্লোগানমুখর করে তুলেন ব্যস্ততম নগরের চৌহাট্টা এলাকা। নগরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্টে জড়ো হন। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন।

    শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে পয়েন্টের চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আজ শিক্ষার্থীরা গাড়ির কোনোরকম কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেননি।

    শিক্ষার্থীরা জানান, আমরা জেনেছি সড়ক পরিবহন আইন মন্ত্রীসভায় অনুমোদন পেয়েছে। এ কারণে আমরা প্রাথমিকভাবে অবস্থান থেকে ফিরে যাচ্ছি। আইনে যদি আমাদের দাবি-দাওয়ার সম্পূর্ণ প্রতিফলন না ঘটে। প্রয়োজনে আমরা আবারও রাস্তায় নামবো। আমরা দুর্ঘটনা চাই না। মৃত্যু চাই না। স্কুল-কলেজের ড্রেসে রক্তের দাগ চাইনা।

    শিক্ষার্থীরা আরও বলেন, আমরা চাই সবাই সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকুক। আর পুলিশসহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ দায়িত্ব পালন করুন এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসুক।

  • শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

    শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

    নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল নগরীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখা।

    সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদররোড অশ্বিনীকুমার হলের সামনে তারা এই সমাবেশ করে। এর আগে সকালে একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা প্রদান করলেও সেই বাধা উপেক্ষা করেই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তরা বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে সারাদেশে স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোরলে এক নতুন মাত্রা যোগ করেছিল। আর এই শান্তিপূর্ণ আন্দোলনে সারাদেশে পুলিশ ও ছাত্রলীগ ন্যাক্কারজনক হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করেছে। বক্তরা অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সকল যোক্তিক দাবির দৃশ্যমান বাস্তবায়ন দাবি করেন।

    জেলা সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি জোহরা রেখা, ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর, সাংগঠনিক সম্পাদক নিলীমা জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম, শিক্ষার্থী প্রকৃতি শ্যামলিমা, সিয়াম। সমাবেশ পরিচালনা করেন জেলা সদস্য অন্বেষা দাস প্রমি।

  • সিঙাড়া ৫০ পয়সা, পরোটা এক টাকা!

    সিঙাড়া ৫০ পয়সা, পরোটা এক টাকা!

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নাভিশ্বাস মানুষের তখন ব্যতিক্রমী এক দোকানির নাম মালেক বিশ্বাস। গত ৩০ বছরেরও অধিক সময় ধরে সিঙাড়া, পরোটা আর আলুর চপের দোকান চালাচ্ছেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্য তিনি শুরু থেকেই দোকানে পরোটা এক টাকা আর সিঙাড়া বিক্রি করছেন ৫০ পয়সায়। দ্রব্যমূল্যের দাম বাড়লেও বাড়েনি মালেকের দোকানের সিঙাড়া আর পরোটার দাম।

    Singara-(2)

    সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর বাজারে প্রতিষ্ঠিত এ দোকানটি স্থানীয়দের কাছে ‘আট আনার দোকান’ নামে পরিচিত। এলাকার মানুষ দোকানি মালেক বিশ্বাকে একজন সৎ ও সহজ সরল লোক হিসেবেই জানেন। এই আট আনার দোকানে এক টাকার পরোটা, আলুর চপ আর ৫০ পয়সার সিঙাড়া খেতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। এলাকায় বেশ চাহিদাও রয়েছে এই দোকানের পণ্যের।

    শ্রীরামপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গত ৩০ বছরেরও অধিক সময় ধরে তিনি দোকানটি পরিচালনা করছেন। যেখানে ৫০ পয়সার সিঙাড়া এবং এক টাকার পরোটা ও আলুর চপ বিক্রি করা হয়। ক্রমান্বয়ে জিনিসপত্র ও খাদ্যদ্রব্যের দাম বাড়লেও বাড়েনি এই দোকানের পণ্যের দাম।

    Singara-(3)

    দোকানটি মুত্যুকাল পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়ে মালেক বিশ্বাস বলেন, মালপত্রের দাম যতই বাড়ুক আমার দোকানের সিঙাড়া, আলুর চপ আর পরোটার দাম বাড়বে না। সীমিত লাভ হয়। তবে তাতেই আমি খুশি। অনেক আগে এই দোকানের ব্যবসার লাভের টাকা দিয়ে কিছু জমি কিনেছিলাম, সেই জমির ইজারা আর ফসলে সংসার চলে। ব্যবসাটা ধরে রেখেছি ভক্তি আর শ্রদ্ধার কারণে।

  • রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফখরুলসহ ৩ জনের নামে মামলা

    রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফখরুলসহ ৩ জনের নামে মামলা

    রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

    সোমবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে তেজগাঁও থানাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

    বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি  নিশ্চিত করেছেন।

    মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ সোশ্যাল গণমাধ্যমে ভাইরাল হয়। যেখানে শোনা যায় কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক কর্মীর সঙ্গে কথা বলছেন তিনি। নওমীকে তিনি বলছেন ঢাকা এসে লোকজন নিয়ে নেমে পড়তে।

    অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর হুকুমে নিরাপদ সড়ক চাই আন্দোলনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্রদলের লোকজন ঢুকে পরে।

    এছাড়াও মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর হুকুমে কোমলমতি ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মাঝে ছাত্রদলের কর্মীদের ঢুকিয়ে দিয়ে উত্তরায় এনা পরিবহনের দুই বাসে অগ্নিসংযোগ, জিগাতলায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও হামলা করে কর্মীদের আহত করেছে, মিরপুরে মারপিট, হামলা ও গুলিবর্ষণ ঘটিয়েছে ছাত্রদলের কর্মীরা।

    মামলায় আরও উল্লেখ করা হয়েছে আসামিরা সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্র লিপ্ত হয়ে এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন। যার ফলে আসামীরা ১৫৩ ও ১০৯ ধারায় অপরাধ করেছেন।

  • ঈদের আগেই মুক্ত হবেন খালেদা : আশা আইনজীবীদের

    ঈদের আগেই মুক্ত হবেন খালেদা : আশা আইনজীবীদের

    সব ঠিক থাকলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে আটক বেগম খালেদা জিয়া ঈদের আগেই মুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন আইনজীবীরা।

    এ মামলায় খালেদার জামিন ৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় আদালত জামিন পাচ্ছেন। সর্বশেষ কুমিল্লার মামলায় সোমবার তাকে ছয় মাসের জামিন দেয়া হয়। এখন নড়াইলের মামলায় জামিন পেলেই খালেদা জিয়ার মুক্তি মিলবে- জানান আইনজীবীরা।

    কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয়ার পর সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দাঁড়িয়ে আইনজীবীরা এমন মন্তব্য

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল ও জামিন আবেদন করেন তার আইনজীবীরা। জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে খালেদা জিয়ার জামিনের মেয়াদ চারবার বাড়ান হাইকোর্ট। এছাড়া নিম্ন আদালতের দণ্ডের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল ৩১ অক্টোবরের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

    খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, “আজ যে মামলায় জামিন হয়েছে সেটি হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টের। অর্থাৎ কুমিল্লার নাশকতার মামলায় আমরা হাইকোর্টে জামিন আবেদন করেছিলাম। সেই আবেদন শুনানিতে ‘এবাউট টু রিজেকশন’ একটি আদেশ দিলেন। বেইল দিলেন না। এবং বললেন, কুমিল্লার আদালতে আবেদন করার জন্য। সেই আদেশ অনুযায়ী আমরা কুমিল্লার কোর্টে আবেদন করেছিলাম। ওই কোর্টে আমাদের আবেদন খারিজ করা হয়। এরপর আমরা ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করি, সঙ্গে সঙ্গে জামিনও চাওয়া হয়। দুদিন শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত আজ তার আদেশে বললেন, আপিল গ্রহণ করা হলো এবং ছয় মাসের জামিন দেয়া হলো।”

    মুক্তি পেতে আর কয়টি মামলায় জামিন পেতে হবে- এমন প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন জানান, আজ কুমিল্লার আরও একটি হত্যা মামলার আদেশের জন্য রয়েছে। বেলা ২টার দিকে আদেশ দেয়া হবে। আর একটি মামলা ‘৫৬১’ আছে। এছাড়া নড়াইলের একটি মামলা রয়েছে।

    ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, বেগম খালেদা জিয়া গুলশানের অফিসে আটকা ছিলেন। ওই সময় কুমিল্লার এক সড়কে ঘটনাটি ঘটে। ক্রিমিনাল জুড়িডিকশনে এজাহার সংশোধনের সুযোগ নেই। এ মামলায় এজাহার সংশোধন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার জামিন তো নয়ই তার কোনো জামিন আবেদনই নিচ্ছিল না আদালত।

    তিনি বলেন, নাশকতার এ মামলায় যত আসামি আছে সবার জামিন হয়েছে। কিন্তু একমাত্র আসামি বেগম খালেদা জিয়ার জামিন হয়নি। কিন্তু তার জামিন প্রথমেই হওয়া উচিত ছিল।

    অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুবু উদ্দিন খোকন- দুজনেই বলেন, কুমিল্লার দুই মামলায় জামিন হওয়ার পর নড়াইলের আরও একটি মামলা রয়েছে। নড়াইলের মামলাটি জামিন হলে, আমরা আশা করি বেগম খালেদা জিয়া তাড়াতাড়ি কারাগার থেকে মুক্ত হবেন।

    খোকন আরও বলেন, সব ঠিক থাকলে বেগম খালেদা জিয়াকে ঈদের আগেই বের করার চেষ্টা করবো, ইনশা-আল্লাহ।

    এর আগে কুমিল্লায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয়া হয়।

    গত ২৩ জুলাই হাইকোর্ট এক আদেশে বিচারিক আদালতে খালেদা জিয়ার করা জামিনের আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করে জামিন চান। খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষে সোমবার ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।

    আদালতে এদিন খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

    পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াকে হাইকোর্ট ছয় মাসের জামিন দিয়েছেন। কুমিল্লায় দায়ের হওয়া আরেক মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি হাইকোর্টের একই বেঞ্চে আজ বেলা ২টায় ধার্য রয়েছে।

    আইনজীবীরা বলেছে, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপে আট যাত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলায় হয়। একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা, অপরটি হত্যা মামলা।

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

  • ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ফিরল রাবি

    ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ফিরল রাবি

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত থেকে ফিরে আবারো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    আগামী ৩ সেপ্টেম্বর আবেদন শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সেশনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

    অধ্যাপক আনন্দ কুমার বলেন, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে। ইউনিট থাকবে ৫টি এবং পূর্বে ইউনিট প্রতি ১৬ হাজার শিক্ষার্থীর কথা বলা হলেও সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী একটি ইউনিটে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন।

    এদিকে ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ অক্টোবর।

    প্রশ্নের মান বণ্টনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে যেভাবে প্রশ্ন করা হতো সেভাবেই থাকবে।

    এর আগে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীতে লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান। তবে সোমবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত পরিবর্তন করে এমসিকিউ পদ্ধতির বিষয়টি চূড়ান্ত করা হয়।

    এদিকে আসন সংখ্যা বাড়বে জানিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার উপ রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন জানান, দুইটি বিভাগে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। সেখানে ম্যাটেরিয়ালস সায়েন্স ও ব্যাংকিং ইন্স্যুরেন্স বিভাগে ১০টি করে আসন বেড়েছে এবং ব্যবসা ও বাণিজ্য আইন বিভাগে ৫০টি আসন রয়েছে। এই হিসাবে মোট আসন বাড়বে ৭০টি।

    তিনি আরও জানান, এ বছর এমসিকিউ এর পাশাপাশি দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ রাখা হয়েছে। তবে আগামী বছর থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে না এবং লিখিত পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে।

  • আন্দোলনে গুজব ছড়ানোর অভিযোগে তিনজন গ্রেফতার

    আন্দোলনে গুজব ছড়ানোর অভিযোগে তিনজন গ্রেফতার

    নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে উসকানি দেয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সদস্যরা তাদের গ্রেফতার করেছে।

    গ্রেফতার তিনজন হলেন- মাহবুবুর রহমান আরমান (৩০), আলমগীর হোসেইন (২৭) ও সাইদুল ইসলাম (৩১)। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, মেমরিকার্ডসহ ফেসবুক আইডির পাসওয়ার্ড ও গ্রুপসমুহ জব্দ করা হয়েছে।

    পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম  এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গ্রেফতার মাহবুবুর রহমান আরমান নিজেকে সাইবার অ্যানালিস্ট বলে পরিচয় দিয়েছে। সে সাইবার মাহবুব নামেও পরিচিত। সাইবার সেবা দানের কথা বলে Fight For Survivors Right : FSR নামে একটি গ্রুপ খোলে মাহবুব। এছাড়াও সাইদুল ইসলাম ও আলমগীর হোসেন নিজেদের ফেসবুক আইডি ব্যবহার করে সহিংসতার পক্ষে গুজব রটিয়েছে।

    নাজমুল ইসলাম আরও জানান, গ্রেফতার তিনজন বিভিন্ন সময় ফেসবুক লাইভ ও পোস্টসহ নানা কন্টেন্ট শেয়ার করে আন্দোলনকে সহিংস করতে ভূমিকা রেখেছেন বলে তদন্তে জানা গেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসল উদ্দেশ্য জানা যাবে।

    শিক্ষার্থীদের আন্দোলনে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের উসকানিদাতা হিসেবে ২৮টি ফেসবুক ও টুইটার আইডি শনাক্ত করেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তাদের বিরুদ্ধে গত ২ আগস্ট রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

    গ্রেফতার তিনজনকে রমনা থানার সাইবার আইনে দায়ের করা ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে।

  • এত দুর্বল চিত্তের লোক হলে চলবেন কী করে, মন্ত্রীদের প্রধানমন্ত্রী

    এত দুর্বল চিত্তের লোক হলে চলবেন কী করে, মন্ত্রীদের প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন, এত দুর্বল চিত্তের লোক হলে চলবেন কী করে? অান্দোলন কীভাবে করতে হয় তা কি ছাত্ররা দেখাতে পেরেছে? ছাত্রদের অান্দোলনে বিচলিত হওয়ার কিছু নেই। ভয়ের কিছু নেই। এরা কতদূর যেতে পারে সেটাও অামার জানা ছিল। এত দুর্বল চিত্তের লোক অামার সঙ্গে থাকার দরকার নেই, না থাকাই ভালো।

    সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছাত্ররা আন্দোলনে দেশ স্থবির করে দিয়েছিল মন্ত্রীদের এ সংক্রান্ত কথার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    প্রকৃত আন্দোলন মানে রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, এমন তো কিছুই হয়নি- উল্লেখ করেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুক সমস্যা করেছে মন্ত্রীদের এমন মন্তব্যের পর প্রধানমন্ত্রী বলেন, আসলেই ফেসবুক একটা সমস্যাই। অনেক খবরাখবর হয়তো নিতে পারেনি।

    সড়ক পরিবহন আইন, ২০১৮-তে সর্বোচ্চ ৫ বছরের পরিবর্তে ৭ বছরের সাজা রাখার প্রস্তাব করেছিলেন মন্ত্রীরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা (আইন মন্ত্রণালয়) যখন একটা সুপারিশ করে পাঠিয়েছে তখন ৫ বছরই থাকুক। অনেক কিছু ঘেঁটেই তারা আইনটি করেছে।’

    নতুন আইনে মোবাইল কোর্ট পরিচালনার কথা বলা নেই। এ ক্ষেত্রে ‘মোবাইল কোর্ট’ নতুন আইনে থাকতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।