Author: banglarmukh official

  • পানমুনজমে কিম-মুনের হঠাৎ বৈঠক

    পানমুনজমে কিম-মুনের হঠাৎ বৈঠক

    সীমান্তের যুদ্ধবিরতিগ্রাম পানমুনজমে আবারো আকস্মিক সাক্ষাৎ করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই প্রেসিডেন্ট। এর আগে গত ২৭ এপ্রিল উত্তরের প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইন প্রথম সাক্ষাৎ করেন। এক মাসের কম সময়ের মধ্যে এনিয়ে দুই প্রেসিডেন্টের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হলো।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠক নিয়ে ওয়াশিংটন-পিয়ংইয়ংয়ের পাল্টাপাল্টি হুমকির মাঝে দুই কোরিয়ার প্রেসিডেন্ট আবার মিলিত হলেন শনিবার। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আগামী ১২ জুনের অনুষ্ঠেয় বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে এক চিঠি লেখেন।

    তবে এর কিছুক্ষণ আবারো সুর নরম করেন মার্কিন এ প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় ওই বৈঠকের ব্যাপারে তিনি বলেন, এখনো অনুষ্ঠিত হতে পারে।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলছে, যুদ্ধবিরতিগ্রাম পানমুনজমের উত্তর দিকে স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কিম জং উন ও মুন জায়ে ইনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের ব্যাপারে রোববার সকালে মুন জায়ে ইন ঘোষণা দেবেন।

    প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি বলছে, ‘দুই নেতা মত-বিনিময় করেছেন…উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্মেলনের সফলতার ব্যাপারে।’ পলিটিকো ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস ও পররাষ্ট্র দফতরের ৩০ কর্মকর্তার সমন্বয়ে একটি দল চলতি সপ্তাহের শেষের দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

    গত সপ্তাহে বার্তাসংস্থা রয়টার্স জানায়, বৈঠকের আলোচ্যসূচি এবং অন্যান্য বিষয়ে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য এই কর্মকর্তারা সিঙ্গাপুরে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, অগ্রগামী এই দলে রয়েছেন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জোসেফ হ্যাজিন, মার্কিন জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেল।

  • প্রাথমিকে প্রধান শিক্ষক পদায়নে স্থবিরতা

    প্রাথমিকে প্রধান শিক্ষক পদায়নে স্থবিরতা

    আইনি জটিলতায় আটকে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ-পদোন্নতি কার্যক্রম। তাই সংকট নিরসনে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে বসানোর সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমলাতান্ত্রিক জটিলতায় সেই কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশে প্রায় ২০ হাজার প্রধান শিক্ষক সংকট রয়েছে। এ সংকটের কারণে সহকারী শিক্ষককে ওই পদের দায়িত্ব পালন করতে হচ্ছে বলে শ্রেণিকক্ষে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয়ের প্রশাসনিক কাজ সাধারণত সহকারী শিক্ষক চালিয়ে নিচ্ছেন। সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিলে কর্মঘণ্টার বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয় প্রশাসনিক কাজে। ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়। এর মাশুল দিচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা।

    এ সংকট থেকে উত্তরণের জন্য এক বছর আগে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে পদায়ন করার ঘোষণা দেন। এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা পাঠাতে বলা হয়। সেই তালিকার ভিত্তিতে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে বিভিন্ন জেলার প্রধান শিক্ষক শূন্য প্রতিষ্ঠানে পদায়ন কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। জানা গেছে, প্রধান শিক্ষক নেই এমন প্রায় ২০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে হযবরল অবস্থা হলেও গত এক বছরে মাত্র ১৫ জেলায় চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয়েছে। এসব জেলার মধ্যে ২০১৭ সালের ২৩ মে ঢাকা মহানগরে ৮৭ জন, ১২ জুলাই ভোলার ১১৬ জন, ২২ জুলাই লক্ষ্মীপুরে ১১৭ জন, ২৫ অক্টোম্বর মেহেরপুরে ৭৮ জনকে প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে ১৮ জানুয়ারি নেত্রকোনায় ৩১৬ জন, ৮ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে ২৭৬ জন, ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় ১৫২ জন, ২৭ ফেব্রুয়ারি মানিকগঞ্জে ২৬৮ জনকে পদায়ন করা হয়।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি দায়িত্ব কার্যক্রমে নানা ধরনের অনিয়ম ওঠায় ডিপিই থেকে পদায়নের দায়িত্ব মাঠ পর্যায়ে জেলা শিক্ষা কর্মকর্তাদের দেয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। জ্যেষ্ঠতা নির্বাচনে অনিয়ম করা হয়েছে উল্লেখ করে অনেক শিক্ষক আদালতে মামলাও করেছেন। এরপর চলতি বছরের মার্চে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে মাঠ পর্যায়ে পদায়নের দায়িত্ব দেয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক কিশোরগঞ্জে আংশিক ১৯৪ জন, শেরপুরে ১৭০ জন, ময়মনসিংহে ৫৯২ জন, দিনাজপুরে ৫৬৮ জন, মাগুরায় ১২৪ জন, যশোরে ৩৮০ জন এবং গোপালগঞ্জে ১৯১ জনকে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদে বসানো হয়।

    ডিপিই থেকে জানা গেছে, বর্তমানে কুমিল্লা, সিরাজগঞ্জ, পঞ্চগড়, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, বগুড়া, নোয়াখালী ও কিশোরগঞ্জের চার উপজেলার জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা ও ফরিদপুরের তালিকা যাওয়ার অপেক্ষায় রয়েছে। টাঙ্গাইল, সাতক্ষীরা, জয়পুরহাট ও ঝালকাঠির ফাইল চলমান। জামালপুর, মাদারীপুর, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, হবিগঞ্জ, চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, শরীয়তপুর, চাপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, নাটোর খাগড়াছড়ি, নীলফামারী ও মুন্সীগঞ্জসহ ১৭ জেলার তালিকা যাচাই-বাছাই চলছে। ঢাকা, গাজীপুর, রংপুর, ঝিনাইদহ, পিরোজপুর, নওগাঁ, রাজশাহী, ঝালকাঠি, বরগুনা, খুলনা, গাইবান্ধা ও লালমনিরহাটসহ ১২ জেলার গ্রেডেশন তালিকা পাওয়া গেছে। পর্যায়ক্রমে তালিকা তৈরি করা হবে। সিলেট, মৌলভীবাজার, বান্দরবান, রাঙামাটি, পাবনা, নড়াইল, কক্সবাজার ও ফেনীসহ আট জেলার তথ্য-উপাত্তে কিছু ভুল পাওয়া গেছে। তা সংশোধনের জন্য জেলায় ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আগামী ৩০ মে’র মধ্যে বাকি জেলার জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা পাঠানো হবে বলে জানা গেছে।

    ডিপিই’র একাধিক কর্মকর্তা জানান, প্রতি সপ্তাহে দুটি করে জেলায় প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে বসানের প্রজ্ঞাপন জারি করার কথা থাকলেও নানা কারণে এ কাজে বিলম্ব হচ্ছে। অধিকাংশ জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো তথ্যে নানা ভুল-ভ্রান্তি থাকছে। তা আবারো সেই জেলায় পাঠানো হয়, তারপর তা সংশোধন করে পাঠানো হয়। তারা জানান, এ কার্যক্রমে একটি জেলার ফাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকসহ একাধিক কর্মকর্তার শতাধিক সাক্ষর প্রয়োজন হয়। কেউ ছুটিতে থাকলে ফাইল আর উপরে-নিচে উঠা-নামা করে না। অনেকে আবার দীর্ঘদিন ছুটিতে থাকায় পুরো প্রক্রিয়া স্থগিত হয়ে পড়ে। এরপর তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হলে সেখানেও অনেক সময়ক্ষেপণ হয়। এসব কারণে চলতি দায়িত্বে পদায়নের কাজে স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, আইনি জটিলতায় ২০১১ সাল থেকে প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে। প্রধান শিক্ষক পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় বিধি মোতাবেক নিয়োগ ও পদোন্নতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে চলে যায়। নিয়ম অনুযায়ী, এ পদে ৩৫ শতাংশ সরাসরি নিয়োগ ও ৬৫ শতাংশ জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেয়ার কথা থাকলেও নিয়োগ বিধি না থাকায় ২০১১ সাল থেকে পদোন্নতি বন্ধ রয়েছে। সারা দেশের ৬৪ হাজার সরকারি বিদ্যালয়ের মধ্যে ২০ হাজারই চলছে প্রধান শিক্ষক ছাড়া। সহকারী শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হলেও আইনি জটিলতার কারণে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারছে না মন্ত্রণালয়। অন্যদিকে প্রতি বছর পিএসসি আয়োজিত বিসিএস পরীক্ষার নন-ক্যাডার থেকে প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ করা হলেও তা পর্যাপ্ত নয়। শুধু তাই নয়, যাদের সুপারিশ করা হচ্ছে তাদের অনেকে অন্য দফতর, সংস্থা বা প্রতিষ্ঠানে যোগদান করায় তাদেরও পাওয়া যাচ্ছে না।

    এ বিষয়ে জানতে চাইলে গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির  বলেন, প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণি হওয়ায় বিধি মোতাবেক পিএসসি’র মাধ্যমে নিয়োগ ও পদোন্নতি দেয়া হচ্ছে। ফলে এ প্রক্রিয়ায় নানা জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, পিএসসি’র একটি বিসিএস প্রক্রিয়া শেষ করতে দুই বছর পার হচ্ছে। সেখান থেকে নন-ক্যাডারে কিছু সুপারিশ আসলেও তাদের পাওয়া যাচ্ছে না। তাই এ প্রক্রিয়া বিকেন্দ্রীকরণ করে নিয়োগ দেয়া জরুরি। বর্তমানে পদোন্নতি প্রাপ্তদের চলতি দায়িত্ব প্রধান শিক্ষক পদে বসিয়ে এ সমস্যা দূরীকরণের চেষ্টা চলছে। এছাড়া শিক্ষক নিয়োগে জাতীয়ভাবে একটি কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, প্রতিটি কাজের জন্য একটি নির্ধারিত পদ্ধতি অবলম্বন করতে হয়। চলতি দায়িত্ব দেয়ার ক্ষেত্রেও তা করতে হচ্ছে। তবে এ প্রক্রিয়া আরও সহজ করা প্রয়োজন। ডিপিই থেকে তালিকা পাঠানোর পরবর্তী এক সপ্তাহের মধ্যে তা চূড়ান্ত করা হয় বলে জানান এ অতিরিক্ত সচিব।

  • রাশিয়া বিশ্বকাপে ৩২ দলের অফিসিয়াল স্লোগান

    রাশিয়া বিশ্বকাপে ৩২ দলের অফিসিয়াল স্লোগান

    ফুটবলে সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপ। আর এ বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বিশ্বজুড়ে। আর মাত্র ১৯ দিন পরেই পুতিনের দেশে বসবে ৩২ দেশের শিরোপা জয়ের লড়াই। পুরো বিশ্বকে ড্রিবলিং, পাসিংয়ের জাদুতে মাতিয়ে রাখবেন মেসি, নেইমার, রোনালদোরা।

    এদিকে বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দলের অফিশিয়াল স্লোগান প্রকাশ করেছে ফিফা। অনলাইন জরিপের মাধ্যমে সর্বোচ্চ ভোট পাওয়া স্লোগানগুলো নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। ভক্তদের অনলাইনে ভোটের মাধ্যমে মোট ৯৬টি স্লোগান থেকে ৩২ দেশের স্লোগান বেছে নেয়া হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত ভোট নেয়া হয়। প্রত্যেকটি দেশের স্লোগান তাদের নিজ নিজ টিম বাসে লেখা থাকবে।

    ১. আর্জেন্টিনা: একটি স্বপ্নের জন্য এক সাথে।
    ২. জার্মানি: চলো একসঙ্গে ইতিহাস লিখি।
    ৩. বেলজিয়াম: রেড ডেভিলরা নেমেছে মিশনে।
    ৪. ব্রাজিল: পাঁচ নক্ষত্রেরও বেশি, ২০ কোটি হৃদয়ে।
    ৫. কলম্বিয়া: এক স্বপ্ন, তিন রঙ আর পাঁচ কোটি হৃদয়।
    ৬. কোস্টারিকা: কোনকিছুই অসম্ভব নয় যখন একসঙ্গে খেলে পুরো দেশ।
    ৭. ক্রোয়েশিয়া: ছোট দেশ, বড় স্বপ্ন।
    ৮. ডেনমার্ক: একসঙ্গে আমরা গড়বো ইতিহাস।
    ৯. ইংল্যান্ড: আমাদের বিজয়ী পাঠাও।
    ১০. মিসর: যখন তুমি ফারাওদের কিছু বলবে, সারা বিশ্ব অবশ্যই উঠে দাঁড়াবে আর শুনবে।
    ১১. ফ্রান্স: তোমাদের শক্তি, আমাদের স্বপ্ন! জেগে উঠো লা ব্লুজরা।
    ১২. অস্ট্রেলিয়া: সাহসী হও, হও দুঃসাহসী, সকারুদের মতো স্বর্ণ-সবুজে।
    ১৩. আইসল্যান্ড: চলো আমাদের স্বপ্নকে সত্যি করি।
    ১৪. ইরান: ৮ কোটি মানুষ, একটি দেশ, একটি হৃৎস্পন্দন।
    ১৫. জাপান: সামুরাই ব্লু, এখনই লড়াইয়ের সময়!
    ১৬. সাউথ কোরিয়া: এশিয়ার বাঘ, বিশ্বের বিজেতা।
    ১৭. মেক্সিকো: মেক্সিকোয় তৈরি, তৈরি বিজয়ের জন্য
    ১৮. মরক্কো: অ্যাটলাসের সিংহ, মরক্কোর গর্ব।
    ১৯. নাইজেরিয়া: আফ্রিকার গর্বের পাখা।
    ২০. পানামা: দুই সাগরের শক্তি পানামা।
    ২১. পেরু: এই তো আবারও আমরা। ৩ কোটি পেরুভিয়ান ফিরবে এখানেই।
    ২২. পোল্যান্ড: এগিয়ে চলো পোল্যান্ড।
    ২৩. পর্তুগাল: অতীত গর্বের, বর্তমান ইতিহাসের।
    ২৪. রাশিয়া: হৃদয় খুলে খেলো।
    ২৫. সৌদি আরব: মরুভূমির বীর।
    ২৬. সেনেগাল: সেনেগালিজদের কাছে অসম্ভব বলে কিছু নেই।
    ২৭. সার্বিয়া: এক দল, এক স্বপ্ন, এক সার্বিয়া।
    ২৮. স্পেন: এক সাথে আমরা অপ্রতিরোধ্য।
    ২৯. সুইডেন: সুইডেনের জন্য এক সাথে।
    ৩০. সুইজারল্যান্ড: চার ভাষা, এক জাতি।
    ৩১. তিউনিসিয়া: হাতে রেখে হাত ঈগলরা আসছে রাশিয়ায়।
    ৩২. উরুগুয়ে: সূর্যের আলোকে রাশিয়ার আকাশ হবে আলোকিত নীল।

  • অভিযোগ প্রমাণিত হলে এমপি বদিও ছাড় পাবে না : কাদের

    অভিযোগ প্রমাণিত হলে এমপি বদিও ছাড় পাবে না : কাদের

    কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকেও ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, বদির বেয়াই যেমন ছাড় পায়নি, ঠিক তেমনি আওয়ামী লীগ, বিএনপি যে দলেরই হোক কেউ রেহাই পাবে না।

    ঈদকে সামনে রেখে শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার আব্দুল্লাহপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব বলেন।

    ওবায়দুল কাদের বলেন, সারাদেশে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে র‌্যাব এবং পুলিশ। এই অভিযানে রাজনৈতিক মতলবে একটি মহল খুশি না হতেও পারে। কিন্তু দেশের মানুষ অনেক খুশি। কারণ এদেশের তরুণ সমাজ মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে।

    সেতুমন্ত্রী বলেন, আজকে মিয়ানমার থেকে রোহিঙ্গা স্রোতের মত দেশে সুনামির মত মাদক ঢুকে পড়েছে পাড়া মহল্লায়। এই অবস্থায় জনগণ এরকম একটি অভিযান চেয়েছে। মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে এবং তদন্ত করে র‌্যাব ও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

    বন্দুকযুদ্ধ সম্পর্কে মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদদের সঙ্গে সন্ত্রাসী সংগঠনগুলোও যুক্ত। এদের কাছে অস্ত্র রয়েছে। তাই যখনই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতারে যাচ্ছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য গুলি ছুড়ছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষা করেছে মাত্র।

    তিনি বলেন, গুলি চালায় এটাই বন্দুকযুদ্ধ। মাদক ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করে, তাই তাদের কাছে অস্ত্র থাকে।

    আগামী অক্টোবর মাসে আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার ডিইপিজেড পর্যন্ত সাড়ে আটশ কোটি টাকা ব্যয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে বলেও জানান মন্ত্রী।

    এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী সুজব আহম্মেদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল, খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন, পরিবহন শ্রমিক লীগের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।

  • রেজিষ্ট্রেশন কার্ড না আসায় জরিমানা ধার্য্য : বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন

    রেজিষ্ট্রেশন কার্ড না আসায় জরিমানা ধার্য্য : বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন

    বরিশাল :

    পূর্বের ভর্তি বাতিল করে নতুন সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড না আসায় বিপাকে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তাদের প্রত্যেকের মাথাপিছু ১০ হাজার ৭’শত টাকা জরিমানা ধার্য্য করেছে কর্তৃপক্ষ।

    এই ঘটনার প্রতিবাদে  বৃহষ্পতিবার (২৪ মে) বেলা ১২টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের অভিযোগ, তারা কলেজ থেকে পূর্বের সেশনে ভর্তি বাতিল করেই পরের সেশনে ভর্তি হয়েছেন। এতে কলেজ কর্তৃপক্ষও তাদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা গ্রহণ করেছে। কিন্তু কলেজ থেকে আদৌ ভর্তি বাতিল করা হয়নি। এতে রেজিষ্ট্রেশন কার্ড না আসায় বিপুল পরিমান টাকা জরিমানা ধার্য্য করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারা তাদের উপর ধার্য্যকৃত জরিমানা বাতিল ও রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার জন্য দাবী জানিয়েছেন।

    মানববন্ধন শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

  • বেতন ভাতার দাবিতে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের মিছিল ও স্মারকলিপি প্রদান

    বেতন ভাতার দাবিতে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের মিছিল ও স্মারকলিপি প্রদান

    বরিশাল :

    বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সদ্য যোগদানকৃত ১৯৫ জন কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।

    বৃহষ্পতিবার (২৪ মে) বেলা ১১ টা থেকে হাসপাতাল কম্পাউন্ডে অবস্থিত বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাসপাতালের পরিচালক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবীতে পরিচালক ডাঃ আঃ বাকির হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

  • বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের ইফিতার ও দোয়া মাহফিল- ২০১৮

    বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের ইফিতার ও দোয়া মাহফিল- ২০১৮

    ২৪ মে ২০১৮ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট এর ইফতার ও মাহফিল সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতন এবার ও সংগঠনটি অত্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে ইফতার মাহফিল করেছে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্বেচ্ছায় রক্তদাতাগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ এক সাথে ইফতার করেন। ওয়াহিদুল ইসলাম এর সঞ্চালনায় এবং মুজাহিদুল ইসলাম তিমু’র সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা জনাব উজ্জ্বল হোসেন, প্রভাষক উদ্ভিদবিজ্ঞান বিভাগ জনাব মোঃ সিরাজিস সাদিক, প্রভাষক লোক প্রশাসন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। ছাত্র উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক এবং অনুপ চক্রবর্তী।

    ইফতার মাহফিলে সকল মুমূর্ষু মানুষের রোগমুক্তি এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজের আরো সম্প্রসারণ এর জন্য দোয়া করা হয়।

    উল্লেখ্য  বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট বরিশাল বিশ্ববিদ্যালয় এর অন্যতম প্রধান একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোর জন্য বিনামূল্যে মানুষদের রক্তের গ্রুপ পরীক্ষা করে জানিয়ে দেওয়া, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং রক্তদান সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক নানান কর্মসূচী পরিচালনা করে থাকে।

  • বরিশালে প্রশ্নপত্র ফাঁস পরিকল্পনা, ছাত্রলীগ নেতাসহ আটক ১০

    বরিশালে প্রশ্নপত্র ফাঁস পরিকল্পনা, ছাত্রলীগ নেতাসহ আটক ১০

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার পরিকল্পনার অভিযোগে বরিশালে ১০ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ইলেকট্রনিক্স ডিভাইস ও নগদ টাকা।

    আটকদের মধ্যে রয়েছেন- বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম বাপ্পি ও তার সহযোগী সোহেল। বাকী ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ সূত্র জানিয়েছে- গোয়েন্দা তথ্যে নিশ্চিত রাত সাড়ে ১২টার দিকে শহরের গির্জ মহল্লা এলাকার আবাসিক হোটেল ইম্পিরিয়ালে অভিযান চালানো হয়। এখান থেকে তিন পরীক্ষার্থীসহ আরও ৭জনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ইলেকট্রনিক্স ডিভাইসসহ আরও বেশকিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

    পরবর্তীতে তাদের স্বীকারোক্তি নিয়ে রাত ১টার দিকে শহরের হাতেম আলী কলেজ এলাকায় অভিযান চালিয়ে বাপ্পিকে তার বাসা থেকে আটক করা হয়। ওই সময় নগদ টাকাসহ আরও ২ পরীক্ষার্থীকে আটক করা হয়।

    এই অভিযানে নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গোলাম রউফ, ওসি আওলাদ হোসেন মামুন ও এসআই মহিউদ্দিন মাহি। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বেশকয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

    কোতয়ালী মডেল থানার এস আই মহিউদ্দিন মাহি (পিপিএম) বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে।

  • শেষ বয়সে ‘পাপ’ করব না

    শেষ বয়সে ‘পাপ’ করব না

    অভাবের তাড়নায় টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোডে সপ্তাহে দুইদিন সুলভমূল্যে ডিম বিক্রি করে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছেন বৃদ্ধ আব্দুস ছালাম। বাজার দরের চেয়ে কিছুটা কম দামে ডিম বিক্রি করেন তিনি। ডিম বিক্রি করে যে কয় টাকা আয় হয় তা দিয়েই স্ত্রীকে নিয়ে দিব্যি চলে যায় তার সংসার। দাম কমের জন্য পুরাতন আদালত রোডে আব্দুস ছালাম একজন সুপরিচিত ডিম বিক্রেতা।

    জানা যায়, ডিম বিক্রেতা আব্দুস ছালাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৭নং আলোকদিয়া ইউনিয়নের সিংরামবাড়ি গ্রামের মরহুম রুস্তম আলীর ছেলে। এক সময় জমিজমা ভালোই ছিল। তিন ছেলের পড়ালেখা করাতে গিয়ে প্রায় সব জমিই বিক্রি করতে হয়েছে তাকে। ছেলেরাও বড় হয়ে সংসারী হয়েছেন। একজন বিদেশে চাকুরি করছেন। কিন্তু তারা বৃদ্ধ বাবা-মাকে দেখভালের প্রয়োজন বোধ করেন না। দেখা-শোনা তো পরের কথা, সন্তানরা বাবা-মার খোঁজ-খবর পর্যন্ত রাখে না। জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে ডিম বিক্রির কাজে নেমেছেন। সপ্তাহে দুই দিন ডিম বিক্রি করে যা আয় হয় তা দিয়ে স্বামী-স্ত্রীর সংসার ভালোই চলে।

    আব্দুস ছালাম সপ্তাহে পাঁচদিন নিজ এলাকা মধুপুরে ঘুরে ঘুরে পাইকারি দরে হাঁস-মুরগির ডিম কিনেন আর সেই ডিম সপ্তাহে দুই দিন টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোডে বিক্রি করেন। বাজার দরের চেয়ে প্রতি হালিতে ১-২ টাকা কম দামে বিক্রি করায় তার ডিমের চাহিদাও ব্যাপক। বলতে গেলে স্থানীয় ক্রেতারা বৃদ্ধ আব্দুস ছালাম কবে ডিম নিয়ে আসবেন সে অপেক্ষায় থাকেন।

    ৮০ বছরের বৃদ্ধ আব্দুস ছালাম আক্ষেপ করে জানান, ছেলেরা বিয়ে করে সংসারী হওয়ায় তাদের নিজেদেরই অনেক সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে বাবা-মার বোঝা কী করে বইবে! জীবিকা নির্বাহের জন্য তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্ট দফতরের বারবার ধর্ণা দিয়েও একটি বয়স্কভাতার কার্ড পাননি। কার্ড পেতে ‘ঘুষ’ লাগে, কিন্তু বৃদ্ধ মানুষ এই শেষ বয়সে ঘুষ দিয়ে ‘পাপ’করতে চান না। তাই সামান্য পুঁজি নিয়েই ডিমের ব্যবসায় নেমে পড়েন। প্রথমে তিনি মধুপুরের গ্রামে গ্রামে ঘুরে বাড়ির গৃহিনীদের কাছ থেকে ডিম কিনে মধুপুর বাসস্ট্যান্ডে বিক্রি করতেন। তাতে তেমন লাভ হতো না। এর মধ্যে জনৈক ব্যক্তির মুখে শুনতে পান মধুপুরের চেয়ে টাঙ্গাইল শহরে ডিমের দাম হালিতে ৩-৪ টাকা বেশি। তখনই তিনি সিদ্ধান্ত নেন মধুপুর থেকে ডিম কিনে টাঙ্গাইল শহরে বিক্রি করবেন। সেই থেকে শুরু, চলছে এখনও!

    তিনি আরও জানান, টাঙ্গাইল শহরে হাঁস-মুরগির (দেশি) ডিমের বাজার মূল্যের চেয়ে তিনি হালিতে ১-২ টাকা দাম কম নেন। এটা ব্যবসা বাড়ানোর জন্য নয়, দেশপ্রেম থেকে। তিনি মনে করেন, এক হালি (চারটি) ডিমে ১-২টাকা মুনাফা করা যুক্তিযুক্ত বেশি হলে পাপ হবে।

    তপ্ত রোদ, ঝড়-বৃষ্টি কিংবা যত প্রতিকূল আবহাওয়াও আব্দুস ছালামকে দমাতে পারে না। সপ্তায় দুইদিন আদালত রোডে তিনি ডিমের দোকান খুলবেনই।

  • রোনালদো না সালাহ, কে জিতবেন শ্রেষ্ঠত্বের মুকুট

    রোনালদো না সালাহ, কে জিতবেন শ্রেষ্ঠত্বের মুকুট

    ফুটবলপ্রেমীদের ঘুম হারাম। স্প্যানিশ, ইংলিশ, সিরি-আ, বুন্দেসলিগা এমনকি ফরাসি লিগ ওয়ানও শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। প্রতিটি লিগের কাপ ফাইনালও অনুষ্ঠিত হয়ে গেছে। এমনকি ইউরোপা লিগেরও সমাপ্তি ঘটে গেছে। বাকি রয়েছে শুধুমাত্র একটি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইউক্রেনের রাজধানী কিয়েভ আয়োজন করছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সেরা ম্যাচ- ফাইনালের। যেখানে মুখোমুখি রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল।

    এই একটি ম্যাচ দেখার জন্যই দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। বড় কোনো ম্যাচ মানেই দুটি বড় দলের মুখোমুখি হওয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বর্তমান অবস্থান কিংবা সাম্প্রতিক কয়েক বছরে তাদের পারফরম্যান্স- কোনোটাই লিভারপুলকে বড় দলের তকমা এনে দিতে পারছে না। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ নিঃসন্দেহে বিশ্বের সেরা এক-দুটি ক্লাবের মধ্যে রয়েছে।

    এমন দুই দলের ফাইনাল নিয়ে আগ্রহ-উত্তেজনা খুব বেশি হওয়ার কথা ছিল না; কিন্তু হচ্ছে। উত্তেজনার পারদ ক্ষণে ক্ষণে বাড়ছে। উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ-পরিস্থিতি। টগবগে ফুটছে কিয়েভ। লন্ডন থেকে মাদ্রিদ। ইংল্যান্ড থেকে স্পেন, সারা ফুটবল বিশ্ব। মূল কারণ একটাই, এই ম্যাচেও মুখোমুখি হচ্ছে বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মোহামেদ সালাহ।

    ক্রিশ্চিয়ানো রোনালদোর তারকাদ্যুতি ছড়িয়েছে ২০০৪-০৫ সাল থেকে। আর মোহামেদ সালাহর তারকাদ্যুতি ছড়িয়েছে মাত্রই, চলতি মৌসুমে। লিভারপুলের হয়ে একের পর এক গোল আর অসাধারণ ফুটবল প্রতিভা দিয়ে তিনি জয় করে নিয়েছেন ফুটবল বিশ্বে সমস্ত ফুটবলপ্রেমীদের হৃদয়। অনেকেই তো মিশরীয় এই তারকাকে তুলনা করতে শুরু করে দিয়েছেন, মেসি-রোনালদোদের সঙ্গে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো তো বলেই ফেললেন, মেসির মতই খেলেন সালাহ।

    যদিও সালাহ নিজে বিশ্বাস করেন না, তার লড়াইটা রোনালদোর সঙ্গে। তিনি সাফ বলে দিয়েছেন, ‘এখানে ব্যক্তি গুরুত্বহীন। আসলে খেলাটা আমাদের সঙ্গে রিয়ালের।’

    আর রোনালদোর মুগ্ধতা অন্য জায়গায়, ‘লিভারপুলের আক্রমণে তিনজন অসম্ভব গতিসম্পন্ন। ওদের দেখলে মনে পড়ে যায়, তিন বছ আগের রিয়ালকে। যতই স্বপ্ন দেখি না কেন, আমাদের কাজটা সহজ নয়।’

    একজন নিজের ওপর দারুণ আত্মবিশ্বাসী। অন্যজন প্রতিপক্ষকে সমীহ করেই মাঠে নামার পরিকল্পনা করছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিপক্ষকে প্রকাশ্যে সমীহ করার নজির খুব কমই। অথচ তিনিই কি না, কিয়েভের ফাইনালে মাঠে নামার আগে লিভারপুলকে ‘সালাম’ দিয়ে নামছেন।

    ২০০৪-০৫ সালের পর চ্যাম্পিয়ন্স লিগ কেন, ইংলিশ প্রিমিয়ার লিগেরও ধারে-কাছে নেই লিভারপুল। সে তুলনায়, টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে, হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। দু’দলই ছক কষছে নিজেদের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মোহামেদ সালাহকে কেন্দ্র করেই। দুই ক্লাবের লড়াইয়ের মাঝে যে পুরো ফুটবল বিশ্বের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে সেরা দুই ফুটবলার রোনালদো এবং সালাহর ওপর।