Author: banglarmukh official

  • কিডনির সমস্যা রোধ করে টমেটো

    কিডনির সমস্যা রোধ করে টমেটো

    উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল হলেও, সবজি হিসেবেই সারা বিশ্বে টমেটো পরিচিত। সবজি এবং সালাদ হিসেবে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ টমেটোর বেশ চাহিদা। ক্ষুদ্র ও মাঝারি চাষীদের জন্য এটি একটি বিশেষ অর্থকরী সবজি। আকর্ষণীয়তা, ভাল স্বাদ, উচ্চ পুষ্টিমান এবং বহুবিধ উপায়ে ব্যবহারযোগ্যতার কারণে সর্বত্রই এটি জনপ্রিয়।

    এ সবজিতে প্রচুর পরিমাণে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন-এ এবং ভিটামিন-সি রয়েছে। টমেটোতে লাইকোপেন নামে বিশেষ উপাদান রয়েছে, যা ফুসফুস, পাকস্থলী, অগ্ন্যাশয়, কোলন, স্তন, কিডনি সমস্যা, মূত্রাশয়, প্রোস্টেট ইত্যাদি অঙ্গের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে।

    বিশেষজ্ঞরা বলেন, দিনে  ৪টা থেকে ৫টা টমেটো খাদ্য তালিকায় রাখলে শরীরে কোলেসিসটোকিনিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যা পেটের এবং ইনটেস্টাইনের মধ্যে যে বাল্ব রয়েছে তা সংকুচিত করে দেয়। ফলে পেট ভরা থাকে, খিদে কম পায়। আর তাতে ওজন বাড়ার সম্ভাবনাও থাকে না। এছাড়াও টমেটোর মধ্যে রয়েছে আরও বিশেষ কিছু গুণাগুণ, আসুন জেনে নেওয়া যাক সেই গুণগুলি কী কী-

    ১। ইনসুলিন নিঃসরণ কমে এবং ওজন বৃদ্ধির হরমোন নিয়ন্ত্রণে থাকে-

    খাদ্য হিসেবে এটা অত্যন্ত কম ক্যালরিযুক্ত। একটা ছোট টমেটোতে ক্যালরির মাত্রা থাকে মাত্র ১৬। এছাড়া, টমেটোতে থাকে প্রাকৃতিক শর্করা। যা ‘গ্লাইসেমিক ইন্ডেক্স’ সমৃদ্ধ। এটি রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে। ফলে ইনসুলিন নিঃসরণ কমে যায় এবং যে হরমোন চর্বি সঞ্চয় ও ওজন বৃদ্ধি করতে সাহায্য করে সেটিও নিয়ন্ত্রিত থাকে।

    ২। ডায়াবেটিস ও কিডনির সমস্যা রোধ করে-

    ওজন নিয়ন্ত্রণে রাখা ছাড়াও শরীরের অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্রে টমেটো বেশ উপকারি। যেমন ডায়াবেটিস বা কিডনির সমস্যা রুখতেও এটি সাহায্য করে। এছাড়াও রোগ প্রতিরোধে টমেটোর আরও বেশ কয়েকটি গুণ বর্তমান।

    ৩। হাড় ভালো রাখে-

    টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন কে রয়েছে। এগুলো হাড়ের টিস্যু ঠিকঠাক রাখতে ও ছোটখাটো হাড় সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে।

    ৪। চোখের দৃষ্টিশক্তি বাড়ায়-

    চোখের দৃষ্টি উন্নত করতে টমেটোর ভূমিকা অপরিসীম। তাই রোজ খাদ্যতালিকায় টমেটো থাকলে তা আপনার চোখের জন্য উপকারি।

    ৫। ধূমপানের ক্ষতি কমায়-

    আবার ধূমপানের ফলে শরীরে যে ক্ষতি হয় তার প্রভাব কমাতে পারে টমেটো। এতে বিদ্যমান রয়েছে কোমেরিক অ্যাসিড ও ক্লোরোজেনিক অ্যাসিড। যা শরীরে ধূমপান থেকে ক্ষতি কমাতে বিরাট সাহায্য করে।

  • বদি কেন আলোচনায়

    বদি কেন আলোচনায়

    সারা দেশে মাদকবিরোধী অভিযান চলাকালে আবারও আলোচনায় টেকনাফের এমপি আবদুর রহমান বদি। সামাজিক গণমাধ্যম ও মিডিয়াতে তাকে ঘিরেই এখন আলোচনা। কেউ কেউ বলছেন, টেকনাফ দিয়ে মিয়ানমার থেকে আসা মরণনেশা ‘ইয়াবা গেট’ বন্ধ করতে হলে স্থানীয় এই এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এমনকি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, অপরাধী যে-ই হোক না কেন, ব্যবস্থা নেওয়া হবে। একসময় ইয়াবা ব্যবসা নিয়ে বদির সম্পৃক্ততার বিষয়ে তুমুল আলোচনা থাকলেও বদির বক্তব্য কতটা স্বচ্ছ তা নিয়ে আবারও তদন্ত করছে বিভিন্ন সংস্থা।

    জানা গেছে, ইয়াবার মতো ভয়াবহ মাদকের মূল উৎস টেকনাফ। মিয়ানমার থেকে প্রতিদিনই বিপুল পরিমাণ ইয়াবা প্রবেশ করছে বাংলাদেশে। টেকনাফের অনেক স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা ইয়াবার সঙ্গে জড়িত থাকায় বারবার এমপি বদির নাম উঠে এসেছে। এমনকি তার ঘনিষ্ঠ কর্মী এবং আত্মীয়স্বজনও সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। তাদের কেউ কেউ এরই মধ্যে ক্রসফায়ারে নিহত হয়েছেন। ২২ মে সচিবালয়ে এমপি বদির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘সংসদ সদস্য বদির বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে আছে। আমরা সেই অভিযোগগুলো সম্পর্কে খোঁজ নিচ্ছি। বদিসহ অন্য মাদক ব্যবসায়ীদের বিষয়ে আপনাদের কাছেও কোনো তথ্য থাকলে আমাদের দিন। বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নাই।’ এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বদির বিষয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

    গত বছর ৩১ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) থেকে ১৪১ জনের তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়। ওই তালিকায় গডফাদার হিসেবে বদি ও তার পাঁচ ভাইয়ের নাম রয়েছে। তালিকার দ্বিতীয় পৃষ্ঠার একটি প্যারায় উল্লেখ করা হয়েছে, ‘মাননীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি দেশের ইয়াবা-জগতের অন্যতম নিয়ন্ত্রণকারী। তার ইশারার বাইরে কিছুই হয় না। দেশের ইয়াবা আগ্রাসন বন্ধের জন্য তার ইচ্ছাশক্তিই যথেষ্ট।’

    তালিকায় সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে মাদকসাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি বলা হয়েছে। এতে বদির সঙ্গে তার পাঁচ ভাইয়ের নামও উঠে এসেছে। তারা হলেন মৌলভি মুজিবুর রহমান, আবদুস শুক্কুর, মো. সফিক, আবদুল আমিন ও মো. ফয়সাল। তাদের মধ্যে সরকারের প্রায় সব সংস্থার তালিকায় সংসদ সদস্য আবদুর রহমান বদি ছাড়া তার পাঁচ ভাইয়ের নাম রয়েছে। তবে আপন ভাই ছাড়াও তালিকায় বদির পিএস মং মং সেন ও ভাগ্নে সাহেদুর রহমান নিপুসহ আরও বেশ কয়েকজন ঘনিষ্ঠভাজনের নাম রয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকা-সংক্রান্ত গোপনীয় প্রতিবেদনের ভূমিকা অংশে বলা হয়েছে, ‘সরকারদলীয় এমপি হওয়ার সুবাদে উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী/সহযোগী নিয়ে তিনি ইচ্ছামাফিক ইয়াবা ব্যবসাসহ অন্যান্য উৎস হতে অবৈধ আয়ে জড়িত আছেন। শীর্ষ ইয়াবা ব্যবসায়ীরা তার অনিচ্ছার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা করার সাহস রাখে না। তার ইচ্ছার বিরুদ্ধে জেলার অন্য শীর্ষ মাদক ব্যবসায়ী বা টেকনাফের যে কোনো চাঁদাবাজ এলাকায় প্রভাব বিস্তারে সক্ষম নয়। বিশেষত মিয়ানমার থেকে চোরাচালান হওয়া ইয়াবা ব্যবসা বন্ধ করার জন্য তার ইচ্ছাশক্তি সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।’ এদিকে এক বছর আগে ডিএনসির করা তালিকায় ইয়াবা ব্যবসায়ীর সংখ্যা বলা হয় এক হাজার ২০০ জনের বেশি। দুই বছর আগের তালিকায় ছিল ৫৫৪ জন। দুটি তালিকাতেই কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে আবদুর রহমান বদি, তার আপন দুই ভাই ও দুই সৎ ভাই রয়েছেন। রয়েছেন তার অনেক ‘অনুসারী’। তালিকায় বদির আপন ভাই মো. আবদুশ শুক্কুর ও মৌলভি মুজিবুর রহমান, দুই সৎ ভাই আবদুল আমিন ও ফয়সাল রহমানের নাম এসেছে। এর বাইরে বদির বেয়াই আখতার কামাল ও শাহেদ কামাল, মামা হায়দার আলী, মামাতো ভাই কামরুল ইসলাম রাসেল এবং ভাগ্নে নিপুও ইয়াবা ব্যবসায় জড়িত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বদির ঘনিষ্ঠ ও ডান হাত জাফর আহমেদ এবং তার চার ছেলের নাম রয়েছে শীর্ষ ব্যবসায়ী হিসেবে।

    এরা হলেন শাহজাহান, ইলিয়াস, দিদারুল আলম ও মোস্তাক আহমদ। শাহজাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বড় ছেলে মোস্তাক আহমেদ রয়েছেন নিখোঁজ। টেকনাফের সাধারণ মানুষ আক্ষেপ করে জানান, সৌন্দর্যের লীলাভূমি টেকনাফ ইয়াবায় এখন ভেসে থাকে। ইয়াবা ব্যবসায়ীদের কারণেই সাধারণ মানুষ আর এখানে বসবাস করতে চান না। অনেকে বাইরে পরিচয় পর্যন্ত দেন না। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে টেকনাফে বদির ঘনিষ্ঠ ছয়জনকে ক্রসফায়ারে হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, টেকনাফের মানুষের প্রধান ব্যবসাই ইয়াবা। টেকনাফের রাজনীতি আর অর্থনীতি সব চলছে ইয়াবাকে কেন্দ্র করে। জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই, যারা ইয়াবার ব্যবসায় জড়িত নন। ইয়াবা এখন এতটাই লাভজনক ব্যবসা যে লবণ, মাছ চাষ ও কাঠসহ বিভিন্ন বৈধ ব্যবসা ছেড়ে শত শত ব্যবসায়ী ইয়াবায় অর্থ লগ্নি করছেন। আর এসব কারণে সীমান্তবর্তী টেকনাফ হয়ে উঠেছে মাদকের স্বর্গরাজ্য। মাফিয়াদের বিচরণে মুখরিত থাকছে সৌন্দর্যের অপার লীলাভূমি টেকনাফ। এ কারণে ইয়াবা ব্যবসায় বারবার উঠে আসছে এমপি আবদুর রহমান বদির নাম।

     

  • জ্যাকুলিনের সঙ্গে নতুন প্রেমে সালমান!

    জ্যাকুলিনের সঙ্গে নতুন প্রেমে সালমান!

    বলিউডের সুলতান খ্যাত অভিনেতা সালমান খান নতুন করে প্রেমে মজেছেন। আর তার নতুন প্রেমিকা হচ্ছেন আরেক অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি জ্যাকুলিনের লাল শিফনের শাড়ি পরে একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন বজরঙ্গি ভাইজান। এরপর থেকেই এমন গুঞ্জন শুরু হয়েছে।

    বি টাউনে বলা হচ্ছে, ক্যাটরিনা, লুলিয়া এখন অতীত। নতুন নায়িকার প্রেমে পাগল বলিউডের ‘ভাইজান’। এছাড়া সোনম কাপুরের বিয়েতে জ্যাকুলিন এবং সালমান একসঙ্গে এন্ট্রি নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা ইন্ডাস্ট্রিকে। এখন বলিউডের নতুন লাভবার্ডস হল সালমান-জ্যাকি।

    ‘রেস থ্রি’র শ্যুটিং ফ্লোরে জ্যাকুলিনের একটি ছবি শেয়ার করেন সালমান। যেখানে লাল শাড়িতে তাঁর রূপ ঠিকরে পড়ছিল। ছবিটি নিঃসন্দেহে সুন্দর। তাই জন্যই নিমেষে ভাইরাল হয় পিকচারটি। তবে ভাইরাল হওয়ার আরেকটি কারণ হল সালমান নিজেই ছবিটি ট্যুইট করে ক্যাপশন দিয়েছেন, “কী মিষ্টি লাগছে জ্যাকুলিনকে!”

    দিন কতক আগে লুলিয়ার ভান্তুরের একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে নিন্দুকদের মধ্যে জল্পনা বেশ ঘোলাটে হয়েছিল। সঠিক প্রেমের পুরুষকে বেছে নিতে ব্যর্থ হয়েছেন তিনি। এমনই একটি পোস্ট করেছিলেন এই রাশিয়ান সুন্দরী। সূত্রের খবর, সোনমের বিয়েতে জ্যাকুলিনের সঙ্গে সালমানের ঘনিষ্টতা লুলিয়ার পছন্দ হয়নি। তাই তিনি এমন প্রেমের ব্যর্থতা সংক্রান্ত স্টেটাস দিয়ে বসেন। সালমানের সঙ্গে লুলিয়ার প্রেম একটা সময় চর্চার বিষয় ছিল। তবে হঠাৎ জ্যাকির সঙ্গে ‘ভাইজান’র ঘনিষ্ঠতা অন্যদিকে ইশারা করছে।

  • রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইভ ইট আপ

    রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইভ ইট আপ

    আগামী ১৪ জুন রাশিয়ায় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। পুতিনের দেশে শিরোপা জেতার লড়াইয়ে নামবেন মেসি-রোনালদো-নেইমাররা। আর আগামী মাসে মস্কোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ-২০১৮-এর অফিসিয়াল সঙ্গীত হিসেবে তৈরি করা হয়েছে ‘লাইভ ইট আপ’।

    হলিউড তারকা উইল স্মিথ, ল্যাটিন গ্র্যামি এওয়ার্ড বিজয়ী নিকি জ্যাম এবং আলবেনিয়ার গায়ক ও সঙ্গীত রচয়িতা ইরা ইসত্রেফি গানটি পরিবেশন করবেন।

    ফিফা জানায়, ফিফা বিশ্বকাপ-২০১৮ এর অফিসিয়াল সঙ্গীত হিসেবে ‘লাইভ ইট আপ’ তৈরি করেছে ডিজে এবং রচয়িতা ডিপলো। ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল খেলার আগে ৮০ হাজার আসনের লুজনিসি এরেনা স্টেডিয়ামের দর্শকের সামনে স্মিথ, নিসি জ্যাম এবং ইরা সিত্রেফি কয়েকমিনিট ধরে এই গান পরিবেশন করবেন। এ সময় একশ’ কোটি লোক টিভিতে দর্শক হিসেবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

    বিশ্বব্যাপী ফুটবল ভক্তরা গানটি ২৫ মে থেকে শোনার সুযোগ পাবেন, তবে আনুষ্ঠানিকভাবে গানটির ভিডিও প্রকাশ করা হবে ৭ জুন।

    ২২ দিনব্যাপী ফিফা বিশ্বকাপ রাশিয়ার রাজধানীতে শুরু হবে। এছাড়া আরো ১১টি নগরীতে খেলার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এগুলো হলো- মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি, কাজান, সারানস্ক, কালিনইনগ্রাদ, ভলগোগ্রাদ, রোসটোভ-অন-ডন, নিজনি নভগোরোদ, ইকাতারিমবার্গ ও সামারা। ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ১২টি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।

  • রোজা রেখেই মাঠে নামবেন সালাহ

    রোজা রেখেই মাঠে নামবেন সালাহ

    মোহাম্মদ সালাহর নাম এখন আর কারও অজানা থাকার কথা নয়। ইতোমধ্যে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন এই মিশরীয় ফুটবলার। জায়গা করে নিয়েছেন সময়ের সেরা তারকা মেসি, রোনালদো ও নেইমারের পাশে। আর তার পারফরম্যান্সের ওপর ভর করেই প্রায় এক দশক পর প্রথম ইউরোপের বড় মঞ্চের ফাইনালে খেলছে লিভারপুল। আগামীকাল শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ ক্লাবটি। যেখানে মোহাম্মদ সালাহ রোজা রেখেই খেলার ঘোষণা দিয়েছেন।

    মিসরীয় পত্রিকা আল মাসরি আল ইয়ুম বলছে, রোজা রেখেই মাঠে নামবেন সালাহ। যদিও আর মাত্র ৩০ মিনিট পর খেলা শুরু হলে সালাহকে এতো কষ্ট করতে হতো না। কারণ ফাইনাল যখন শুরু হবে তখনও কিয়েভে সূর্য অস্ত যেতে বাকি থাকবে ৩০ মিনিট। তাই সালাহ সিদ্ধান্ত নিয়েছেন রোজা রেখে ম্যাচের ৩০ মিনিট পর পানি খেয়ে ইফতার করবেন।

    লিভারপুল দলের সবাই জানেন সালাহ ধর্মপ্রাণ মুসলমান। সালাহ ছাড়াও তার দলে রয়েছেন সেনেগালের মুসলিম ফুটবলার সাদিও মানে। মূলত মানে, সালাহ এবং ফিরমিনোর নৈপুণ্যেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছে লিভারপুল।

  • একই সঙ্গে দুই বান্ধবীকে বিয়ে রোনালদিনহোর

    একই সঙ্গে দুই বান্ধবীকে বিয়ে রোনালদিনহোর

    বিশ্বকাপের পরই এক সঙ্গে দুই বান্ধবীকে বিয়ে করবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের দাবি, দুই বান্ধবী প্রিসিলা কোয়েল ও বিয়াত্রিজ সুজার সঙ্গে ইতিমধ্যে বাগদানও হয়ে গেছে।

    গত ডিসেম্বর থেকেই রোনালদিনহোর বিলাসবহুল বাড়িতে থাকেন তার দুই বান্ধবী। ব্রাজিলিয়ান তারকা প্রথমে প্রেমে পড়েন প্রিসিলার। তারপর রোনালদিনহোর জীবনে আসে বিয়াত্রিজ। ব্রাজিলিয়ান সুপারস্টার কাউকেই না করতে পারেননি। দুই বান্ধবীকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।

    প্রতিবেদনে বলা হয়েছে, দুই বান্ধবী পরস্পরের বন্ধু। তারা একই শহরের। গত মার্চে জাপানে দুই বান্ধবীকে নিয়ে সাম্বা নাচে মেতে ওঠার দৃশ্য ইস্টাগ্রামে দেন রোনালদিনহো নিজেই। তারপর থেকেই আলোচনায় আসে বিষয়টি। অবশেষে ব্রাজিলিয়ার মিডিয়ার খবরে সব পরিষ্কার হয়ে গেল।

  • ভয়ঙ্কর হয়ে উঠছে চীন, যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

    ভয়ঙ্কর হয়ে উঠছে চীন, যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

    আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে রাশিয়ার। এই বছরেই চীনকে আরও ১০টি অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান দিতে চলেছে রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোস্তেক। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

    এ ব্যাপারে জানানো হয়েছে, প্রায় আড়াই বিলিয়ন ডলারে এসইউ-৩৫ এর মতো আরও অত্যাধুনিক ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন। গত দুই বছরে রোস্তেক চীনকে ১৪টি এসইউ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করেছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স। বাকি ছিল ১০টি। সেগুলোও চলতি বছরের মধ্যে চীনকে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    মোট ২৪টি যুদ্ধবিমান যুক্ত হলে বেইজিংয়ের এয়ারফোর্সের শক্তি আরও দ্বিগুণ হবে বলে জানানো হয়েছে।

  • এক কাতারে শেখ হাসিনা-মোদি-মমতা

    এক কাতারে শেখ হাসিনা-মোদি-মমতা

    পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এক কাতারে দাঁড়ালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার স্থানীয় সময় বেলা ১০টায় শান্তিনিকেতনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সেখানে তাকে অভ্যর্থনা জানান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজ কলি সেন। এরপর শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। বিশ্বভারতীতে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

    এর আগে, দুই দিনের সরকারি সফরে কলকাতার উদ্দেশ্যে শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এ সময় বিমানবন্দরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চিফ হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম, মূখ্য সচিব মো. নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশ ভবন’ দুই দেশের বন্ধুত্বের প্রতীক: মোদি

    বাংলাদেশ ভবন’ দুই দেশের বন্ধুত্বের প্রতীক: মোদি

    বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বাংলাদেশ ভবন দুই দেশের বন্ধুত্বের প্রতীক বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    শুক্রবার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

    অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন।

  • দুই প্রতিবেশী দেশ একসাথে চলতে চাই: শেখ হাসিনা

    দুই প্রতিবেশী দেশ একসাথে চলতে চাই: শেখ হাসিনা

    মুক্তিযুদ্ধ ও ছিটমহল বিনিময়সহ ভারতের সঙ্গে বাংলাদেশের সৌহর্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দুই প্রতিবেশী দেশ সব সময় একসাথে চাই।

    ভারত সফরে শান্তিনিকতেনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    মুক্তিযুদ্ধের বিষয়ে শেখ হাসিনা বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোনো দিন ভুলে যাওয়ার নয়। এ সময় মুক্তিযুদ্ধকালীন ভারতে এক কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় ও মুক্তিযুদ্ধাদের ট্রেনিং দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, কবি গুরুর হাতে গড়া এই শান্তিনিকেতন। তিনি শুধু ভারতের কবি নন, তিনি আমাদেরও (বাংলাদেশ) কবি। তার (রবীন্দ্রনাথ) অধিকাংশ কবিতা বাংলাদেশে বসে লেখা। তাই কবি গুরুর ওপর বাংলাদেশের অধিকারও বেশি বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

    ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় বিষয়ে শেখ হাসিনা বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সোহার্দ্য ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়- বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।