Author: banglarmukh official

  • বরিশালের ৬ জেলায় মাদক বিরোধী অভিযানে ৬ দিনে গ্রেফতার ২১৩

    বরিশালের ৬ জেলায় মাদক বিরোধী অভিযানে ৬ দিনে গ্রেফতার ২১৩

    ডেস্ক রিপোর্ট :

    বরিশাল রেঞ্জ পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিভাগের ৬ জেলায় ৬ দিনে ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল রেঞ্জ অফিস থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মে থেকে চলমান বিশেষ মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল রেঞ্জের অধীনে ৬ জেলায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।

    রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম-বিপিএম, পিপিএম এর নির্দেশনা ও সরসরি তদারকিতে গত ৬ দিনে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলায় মাদকের সাথে সংশ্লিষ্টতার জন্য মোট ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৩ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ কেজি ২৪৯ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রিত নগত ৮২ হাজার টাকা, বিদেশী বিয়ার ২৩ ক্যান, ৩ শত মিলি লিটার চোলাইমদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়। যার প্রেক্ষিতে মোট ১৭১ টি মামলা রুজু করা হয়েছে।

  • কলাপাড়ায় ইটভাটায় হামলা : আহত-৪

    কলাপাড়ায় ইটভাটায় হামলা : আহত-৪

    ডেস্ক রিপোর্ট :

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রাতের আধারে ইটভাটায় হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা, তার ভা্ই ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভাটার মালিকসহ ৪ জন আহত হওয়ার পাশাপাশি প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট ও ভাটার অফিস কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে।

    আহতরা হলো উপজেলার নীলগঞ্জের নবিপুর এলাকার মৃত অহিদুর রহমানের ছেলে ও ভাটা মালিক শফিকুর রহমান সুমন (৩০), একই এলাকার বাসিন্দা কাঞ্জন মাঝির ছেলে আলাউদ্দিন নাজির (৪০), সমীর (৩৫), ও উপজেলার লালুয়ার গোলবুনিয়া এলাকার মৃত রফেজ সর্দারের ছেলে মোঃ আনোয়ার সর্দার (৪০)। যাদের মধ্যে রাতেই শফিকুর রহমান সুমন (৩০) ও মোঃ আনোয়ার সর্দার (৪০) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    আহত শফিকুর রহমান সুমন জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের নীচকাটা এলাকায় বন্ধন ব্রিকস নামে একটি ইটভাটা রয়েছে। যা তারা ৪ জন ব্যবসায়ীক পার্টনার মিলে পরিচালনা করেন। তিনি বলেন, পৌর যুবলীগ নেতা জাকির হোসেন, তার ছোট ভাই খালিদ, চাচাতো ভাই মোশারেফ তাদের সহযোগী ফয়সাল, নাহিদ, মোজাম্মেল, নজরুল, সোহেলসহ ৩০/৪০ জন বুধবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে ইটভাটায় আকস্মিক হামলা চালায়। এসময় তারা আমাদের পিটিয়ে আহত করার পাশাপাশি ইটভাটার অফিসের ক্যাশে থাকা ৩ লাখ ২০ হাজার টাকা লুটে নেয় এবং অফিসকক্ষ ভাংচুর করে আরো লাখ টাকার ক্ষতি সাধন করে।

    রাতেই স্খানীয়রা আমিসহ ৪ জন আহতকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হই ২ জন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল ইতিমধ্যে কলাপাড়া থানার এসআই আলমগীর পরিদর্শন করেছেন।

  • বরিশাল নগরীতে ১২০ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বরিশাল নগরীতে ১২০ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ডেস্ক রিপোর্ট :

    বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

    বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে রুপাতলি হাউজিং এলাকা থেকে তাকে আটক করে। কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই শামীম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুপাতলী হাউজিং এলাকা থেকে ১২০ পিচ ইয়াবাসহ আবুল হোসেনের স্ত্রী পারভীন বেগম ওরফে সাথী (৩২) কে আটক করা হয়েছে।

    সাথীর গ্রামের বাড়ি বাবুগঞ্জের লোয়ালীয়া এলাকায়। তিনি রুপাতলী হাউজিং এলাকার ইউনুস ভিলায় ভাড়া থাকে। আটককৃত পারভীন বেগম ওরফে সাথীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

    মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই শামীম, এএসআই সুমন, এএসআই শরিফ।

  • মার্কিন আদালত: টুইটারে অনুসারীদের ব্লক করতে পারবেন না ট্রাম্প

    মার্কিন আদালত: টুইটারে অনুসারীদের ব্লক করতে পারবেন না ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে নিজস্ব অনুসারীদের ব্লক করার বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির এক আদালত।  সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে তার ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে সাতজন অনুসারীকে ব্লক দেয়ায় মামলা দায়ের করে কলম্বিয়া ইউনিভার্সিটির নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউট। বুধবার ওই মামলায়, ট্রাম্প তার অনুসারীদের ব্লক করা বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘনের সামিল বলে রায় দিয়েছে নিউ ইয়র্কের এক আদালত। এ খবর দিয়েছে আল জাজিরা।
    জেলা জজ নাওমি রেইস বুচওয়াল্ডকে উদ্ধৃত করে খবরে বলা হয়, সকল মার্কিন নাগরিকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার একাউন্ট-@রিয়েলডোনাল্ডট্রাম্প- একটি স্বীকৃত সরকারি ফোরাম হিসেবে বিবেচিত হবে। বর্তমানে একাউন্টটির অনুসারীর সংখ্যা হচ্ছে ২০ কোটি ২২ লাখ। ট্রাম্প তার একাউন্টটি বিভিন্ন রাজনৈতিক ঘোষণা দেয়ার জন্য ব্যবহার করে থাকেন।
    বুচওয়াল্ড বলেন, প্রেসিডেন্ট ‘রিয়েল ট্রম্প’ নামে যে অ্যাকাউন্ট চালান সেটি আসল কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, এটি আসলে সরকারি অ্যাকাউন্ট। একজন প্রেসিডেন্ট হিসেবেই তিনি এটা চালাচ্ছেন, তাই কাউকে ব্লক করার এখতিয়ার ট্রাম্পের নেই।
    প্রসঙ্গত, একজন টুইটার ব্যবহারকারী যখন অন্য একজন ব্যবহারকারীকে ব্লক করেন তখন ব্লক করা ব্যবহারকারী ব্লক-কারী ব্যবহারকারীর টুইটে প্রতিক্রিয়া দেখাতে পারেন না।
  • বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন নেইমার

    বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন নেইমার

    রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন নেইমার। মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন। পায়ের ইনজুরির কারণে ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন এই ব্রাজিল তারকা।

     

    ব্রাজিলের রিওডি জেনিরোর পাশে তেরেসপলিসে ক্যাম্পে নেইমার এক ঘণ্টা সময় কাটান। ম্যানচেস্টার সিটিতে খেলা গ্যাব্রিয়েল জেসুস ও ড্যানিলোও এ দিন নেইমারের সঙ্গে অনুশীলনে অংশ নেন। অনুশীলনে এ দিন তিনি দূর পাল্লার ও ছোট শট নেন।

    মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা শেষে ছাড়পত্র নিয়েই অনুশীলনে যোগ দিলেন নেইমার। এদিকে সাবেক ব্রাজিল তারকা রিভালদো ব্যালন ডি অ’র ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে নেইমারকে পিএসজি ছাড়ার আহ্বান জানিয়েছেন। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, আমি মনে করি রিয়াল মাদ্রিদ বা ইংল্যান্ডের কিছু ক্লাবে গেলেও তার সুযোগ থাকবে (ব্যালন ডি অ’র জেতার)। কারণ এখনও স্প্যানিশ লিগ বা ইংলিশ লিগের সমতায় যেতে পারেনি ফ্রেঞ্চ লিগ। সেখানে কিছু জটিলতা আছে।
  • মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ সারাদেশে আরো ৯জন নিহত

    মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ সারাদেশে আরো ৯জন নিহত

    সারাদেশে পুলিশ ও মাদক বিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এর মধ্যে ফেনীতে দুইজন, মাগুরায় দুইজন, আখাউড়ায় একজন, নারায়ণগঞ্জে একজন, কুমিল্লায় দুইজন। আহত হয়েছেন ৯ পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
    বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো খবর :
    ফেনী : বৃহস্পতিবার ভোরে ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী জাম্বুড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সামিরান শামীম উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজ গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে ও অপরজন ফুলগাজী সদর ইউনিয়নের মনতলা গ্রামের মুত ফটিক মিয়ার ছেলে মজনু মিয়া ওরফে মনির।
    মাগুরা : মাগুরা পৌর এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজেদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাগুরা পৌর এলাকার মিজানুর রহমান কালু (৪৫) ও নিজনান্দুয়ালী গ্রামের আইয়ুব হোসেন (৫০)। মিজানুর রহমান কালুর নামে ২১টি এবং আইয়ুব হোসেনের নামে ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
    কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল প্রকাশে লম্বা বাবুল (৩৮) এবং সদর দক্ষিণে রাজিব (২৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আমানগন্ডা সলাকান্দা নতুন রাস্তার মাথায় এবং রাত সোয়া ২টার দিকে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম পুুরাতন ট্যাংক রোডের গোয়ালমথন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করেছে। উভয় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক।
    সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে এক মাদক ব্যবসায়ীর (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই লাশের পাশ থেকে এক বস্তা ফেনসিডিল, একটি রিভলবার, একটি বন্দুকের গুলির খোলা ও একটি রাইফেলের গুলির খোসা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
    নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম ওরফে ফেনসিডিল সেলিম নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছাত্তার, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, ওসি (অপারেশন) আজিজুল হক, উপ-পরিদর্শক ইব্রাহীম, কনেস্টবল সাইদুল ও জাহাঙ্গীরসহ ছয়জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শুটার গান, একটি গিয়ার চাক্কু, ৫শত ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এর আগেও একবার পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছিলেন ফেনসিডিল সেলিম। বৃহস্পতিবার ভোর ৩টায় সিদ্ধিরগঞ্জের দক্ষিণ নিমাইকাসারী ক্যানেলপাড় বজলুখানের খালি জায়গায় এ ঘটনা ঘটে।
    ব্রাহ্মণবাড়িয়া : বুধবার দিবাগত রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা ও হত্যা মামলার আসামি আমির খাঁ নিহত হয়েছেন। নিহত আমির উপজেলার চানপুর এলাকার মৃত সুরুজ খাঁর ছেলে। এ সময় আখাউড়া থানা পুলিশের এএসআই ও দুই জন কনস্টেবল আহত হয়েছেন।ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, একটি কাতুর্জ, একটি রামদা, ১০ কেজি গাঁজাসহ ৮টি স্কফ সিরাপ উদ্ধার করেছে।
  • কর্মসূচিতে না যাওয়ায় মধ্যরাতে ৩৫ ছাত্রকে পেটাল ছাত্রলীগ

    কর্মসূচিতে না যাওয়ায় মধ্যরাতে ৩৫ ছাত্রকে পেটাল ছাত্রলীগ

    কর্মসূচিতে না যাওয়ায় ও গেস্টরুমে দেরি করে উপস্থিত হওয়ায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩৫জন ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা। বুধবার দিবাগত রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমনের অনুসারীরা এই ঘটনা ঘটায়।
    জানা যায়, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের এক বিক্ষোভ সমাবেশ ছিল। হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন এই কর্মসূচিতে তার অনুসারীদের যাওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রথম বর্ষের কম সংখ্যক অনুসারী ওই কর্মসূচিতে হাজির হন। এতে রাতে ১১টায় হলের দ্বিতীয় বর্ষের ছাত্রলীগ কর্মীরা হল সাধারণ সম্পাদক লিমনের নির্দেশনা ছাড়াই হলের ২০৮ নম্বর কক্ষে গেস্টরুমে আহ্বান করেন। ওই গেস্টরুমে প্রথম বর্ষের কয়েকজন দেরি করে উপস্থিত হন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ কর্মীরা উপস্থিত প্রায় ৩৫জনের সবাইকে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষি মারতে থাকেন। মুনতাসির, স্মরণ, মাহিন, ইসতিয়াক, আলআমিন, সজীব, সাকিন এদের নেতৃত্বে আরও কয়েকজন ছাত্রলীগকর্মী প্রথম বর্ষের ছাত্রদের থেমে থেমে দেড় ঘণ্টা ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা মারধরের কথা স্বীকার করেছেন।
    মারধরকারী ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের মুনতাসির, পপুলেশন সাইয়েন্স বিভাগের স্মরণ ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন ছাত্রদের মারধর করার কথা স্বীকার করেন।
    এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন বলেন, রমজান মাসে গেস্টরুম করার নির্দেশ ছিল না। ছাত্রদের মারধর করা ঠিক না। আমি এ ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নিব।
    এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়া রহমান ও প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীকে একাধিকবার ফোন দেয়া হলেও তারা রিসিভ করেন নি।
  • আন্তর্জাতিক ক্রিকেটে ডি ভিলিয়ার্সের যত অর্জন

    আন্তর্জাতিক ক্রিকেটে ডি ভিলিয়ার্সের যত অর্জন

    তাকে বলা হতো ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। আধুনিক ক্রিকেটের সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান। এমন একজন ব্যাটসম্যান কোনো আগাম ঘোষণা ছাড়া হঠাৎই বিদায় বলেন দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এবি ডি ভিলিয়ার্সের এমন ঘোষণায় রীতিমতো হতবাক ক্রিকেট বিশ্ব। তবে সব কিছুরই তো শেষ আছে। শেষ বলে দিতেই হয়। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটিং মাস্টারের ঝুলিতে কত কত অর্জন, চলুক এক নজরে তার কিছুটা চোখ বুলিয়ে নেয়া যাক…

    ১ : এবি ডি ভিলিয়ার্সই ক্রিকেট বিশ্বের একমাত্র ব্যাটসম্যান, ওয়ানডে ক্রিকেট একশর উপর স্ট্রাইকরেটে পঞ্চাশের উপর গড়ে রান করেছেন (কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে)।

    ৩২৪.১৫ : ডি ভিলিয়ার্সের দ্রুততম ওয়ানডে ইনিংস (কমপক্ষে ৪০ বল) আর ধীরতম টেস্ট ইনিংসের (কমপক্ষে ১০০ বল) পার্থক্য বিশ্বের সকল ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে বেশি। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ৩৩৮.৬৩। একই বছর ভারতের বিপক্ষে ২৯৭ বলে ৪৩ রান করেছিলেন প্রোটিয়া এই ব্যাটসম্যান, স্ট্রাইকরেট ছিল মাত্র ১৪.৪৮।

    ৫ : ২৫তম ওভারের পর ব্যাটিংয়ে নেমে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি ৫টি। বিশ্বের আর কোনো ব্যাটসম্যান এই সময়ে দুটির বেশি সেঞ্চুরি করতে পারেননি (বিরাট কোহলি আর জস বাটলারের দুটি করে)। চার বা তার নিচে ব্যাট করতে নেমে ২১টি সেঞ্চুরি আছে ডি ভিলিয়ার্সের। ১৭ সেঞ্চুরি নিয়ে এই তালিকায় তার নিকট প্রতিদ্বন্দ্বি নিউজিল্যান্ডের রস টেলর।

    ৩১ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডি ভিলিয়ার্সের ৩১ বলে সেঞ্চুরিটি ওয়ানডে ইতিহাসেরই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। ওয়ানডেতে দ্রুততম ফিফটি (১৬ বলে) আর দ্রুততম দেড়শর (৬৪ বলে) রেকর্ড দুটিও তারই দখলে।

    ২ : টেস্ট এবং ওয়ানডেতে পঞ্চাশের উপর গড়ে ৫ হাজারের বেশি রান করা ব্যাটসম্যান কেবল দুজন-ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি।

    ১ : এক টেস্টে দশের অধিক ডিসমিসালের সঙ্গে সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

    ৫৭.৬৮ : ২০০৮ সালের পর ডি ভিলিয়ার্সের টেস্ট গড়। এই সময়ে পাঁচ হাজারের বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি গড় কেবল দুজনের-স্টিভেন স্মিথ আর কুমার সাঙ্গাকারা।

    ২০০১৪ : আন্তর্জাতিক ক্রিকেটে ডি ভিলিয়ার্সের রান। ২০০৪ সালের ডিসেম্বরে তার অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে থাকা ব্যাটসম্যানদের মধে কেবল সাঙ্গাকারাই তার চেয়ে বেশি (২১, ৪৩৭) রান করেছেন।

    ৬২.১১ : পাঁচ নাম্বারে ব্যাটিংয়ে নেমে ডি ভিলিয়ার্সের টেস্ট গড়। এই পজিশনে ২৫০০ বা তার বেশি বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে সেরা। ৬০.৮০ গড় নিয়ে তার পরের অবস্থানটি মাইকেল ক্লার্কের।

    ৭১.১৬ : সর্বশেষ টেস্ট সিরিজে ডি ভিলিয়ার্সের গড়। গত ৩০ বছরের মধ্যে ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজে ৩০০-এর বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সেরা। নিজের শেষ টেস্ট সিরিজে তার চেয়ে বেশি গড়ে রান করেছেন কেবল ব্রায়ান লারা। শেষ সিরিজে ক্যারিবীয় কিংবদন্তীর গড় ছিল ৮৯.৬০।

  • ধর্ষিতাকে নিয়ে চেয়ারম্যানের ‘নাটক’

    ধর্ষিতাকে নিয়ে চেয়ারম্যানের ‘নাটক’

    ভোলার চরফ্যাশনে এক ধর্ষককে বাঁচাতে উঠেপড়ে লেগেছেন নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হাওলাদার। একই সঙ্গে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী ও তার পরিবারকে ছয় মাস ধরে বিচারের আশ্বাসে ঘুরিয়েছেন চেয়ারম্যান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের কাজল ফরাজির ছেলে মিঠুন একই ইউনিয়নের শাহাবুদ্দিনের ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে।

    ধর্ষণের বিচার চাইতে চেয়ারম্যান আলমগীর হাওলাদারের কাছে যান নির্যাতিত কিশোরী ও তার মা-বাবা। এরপর নানা অজুহাতে তাদের ঘুরাতে থাকেন চেয়ারম্যান। কিছুদিন পর নির্যাতিত কিশোরীকে চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়। সেই সঙ্গে ধর্ষকের সঙ্গে বিয়ের আশ্বাস দেয়া হয়।

    এরই মধ্যে এক ব্যক্তিকে কাজি ও হুজুর সাজিয়ে ৩ লাখ টাকা দেনমোহরে মিথ্যা বিয়ের আয়োজন করে চেয়ারম্যান। সেখানে মেয়ে পক্ষকে জোর করে রাজি করালেও ছেলে পক্ষের কেউ আসেনি। এভাবে চলতে থাকে চেয়ারম্যানের নাটক। দীর্ঘ সময় পার হলেও কাজের কাজ কিছুই হয়নি।

    কিছুদিন পর ধর্ষক মিঠুনকে কৌশলে চট্টগ্রাম পাঠিয়ে দেন চেয়ারম্যান আলমগীর। চলতে থাকে বিয়ের আশ্বাস ও ধর্ষককে ধরে আনার হুমকি। পাশাপাশি নির্যাতিত কিশোরীর বাবার কাছ থেকে হাতিয়ে নেয়া হয় ৫৫ হাজার টাকা।

    গত ছয় মাস চেয়ারম্যান আলমগীর হাওলাদারের কাছে বিচার চেয়ে এমন প্রতারণার শিকার হওয়ার কথা সাংবাদিকদের জানান ৬ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী ও তার মা-বাবা।

    অন্তঃসত্ত্বা কিশোরীর বাবা শাহাবুদ্দিন বলেন, মেয়েকে নিয়ে আমি ও আমার স্ত্রী চেয়ারম্যান আলমগীর হাওলাদারের কাছে একাধিবার যাই। বিচারের নামে আমার কাছ থেকে ৫৫ হাজার টাকা নেয় চেয়ারম্যান। পাশাপাশি মোটা অঙ্কের টাকা খেয়ে ধর্ষক মিঠুনকে কৌশলে চট্টগ্রামে পাঠিয়ে দেন চেয়ারম্যান।

    নির্যাতিত কিশোরীর ভাষ্য, ছয় মাস আগে আমাকে ধর্ষণ করে মিঠুন। মা-বাবাকে নিয়ে ধর্ষণের বিচার চাইতে চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান বিচার করবে করবে বলে ৬ মাস আমাকে হেফাজতে রাখে। কিন্তু কোনো কাজ হয়নি।

    বিষয়টি স্বীকার করে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হাওলাদার বলেন, আমি ধর্ষকের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন করেছি। কিন্তু আমার কথা ছেলে শোনেনি। মিঠুন পালিয়ে গেছে। তাই বিয়ে দেয়া সম্ভব হয়নি।

  • মাদকবিরোধী এক এসপি’র সাফল্যগাথা

    মাদকবিরোধী এক এসপি’র সাফল্যগাথা

    উত্তরের জেলা লালমনিরহাট। দেশের দ্বিতীয় বৃহত্তম মাদক পাচার রুট বলে পরিচিত। লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের ভাতিজা মীর সাব্বির হোসেনকে জেলার মাদক সম্রাট নামে জানে এলাকায়। বেশ কয়েকবার আটক হয়েছিলেন মাদক চোরাচালানের দায়ে। এমনকি মোতাহার হোসেন নিজেও ভাতিজাকে পুলিশে দিয়েছিলেন।

    মাদকের বিরুদ্ধে সংসদ সদস্য মোতাহারেরও শক্ত অবস্থান। কিন্তু আইনের ফাঁকে প্রতিবারই বের হয়ে এসেছেন ভাতিজা। অভিযোগ রয়েছে পুলিশকে ম্যানেজ করেই সাব্বিরের এই অপকর্ম। সাব্বিরের মাদক সাম্রাজ্যের সহায়ক ছিলেন হাতীবান্ধা থানার এক সাব ইন্সপেক্টর, এমনটিই প্রচার রয়েছে জনমুখে। সর্বশেষ নীলফামারীর জলঢাকায় গাড়িতে ফেনসিডিল বহনের দায়ে সাব্বিরকে আটক করে পুলিশ। এখন সাব্বিরের মাদক নেটওয়ার্ক ভেঙে তছনছ।

    সাব্বিরের মতো গড়ে তোলা মাদকের শত শত নেটওয়ার্ক ভেঙে দিয়েছে লালমনিরহাট পুলিশ। মাদক চোরাচালান এবং ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগ ছিল দুই বছর আগেও। অথচ সেই পুলিশই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাটে।

    বিশাল সীমানা নিয়ে দরিদ্র মানুষের ঠিকানা লালমনিরহাট জেলা। কৃষি আর দৈনিক মজুরির ওপরেই বেঁচে থাকা এখানকার অধিকাংশ মানুষের। দিন আনে দিন খায় গোছের মানুষের জীবনে শান্তিও ছিল অফুরন্ত। অথচ গেল এক দশকে সে শান্তি যেন উবে গেছে। মাদকের সর্বনাশা থাবায় সমস্ত সুখ কেড়ে নিয়েছে এখানকার মানুষের। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব সবাই যেন এখন মাদক আতঙ্কে। হাত বাড়ালেই মিলত মাদক। ফেনসিডিল আর গাঁজা সেবন চলত স্কুল-কলেজের বারান্দাতেও। গোটা লালমনিরহাট জুড়েই মাদকের এই ছোবল। সভা-সেমিনার করেও কোনো প্রতিকার মেলেনি। বরং দিনকে দিন এর ভয়াবহতা বাড়তেই থাকে। অপ্রাপ্ত বয়সীরাও মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়ে। দিশেহারা হয়ে পড়ে এখানকার অভিভাবকরা।

    মাদকের ভয়াবহতা নিয়ে কথা হয় ব্যবসায়ী ও দোয়ানি হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, মাদক নিয়ে সবাই আতঙ্কে। কূল-কিনারা খুঁজে পাচ্ছিল না এখানকার মানুষ। মাদকের কারণে অন্য অপরাধের মাত্রাও বেড়ে যায় গত কয়েক বছরে। চুরি-ছিনতাই তো আছেই, স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও গাঁজা-ফেনসিডিল সেবন করে আসছে।

    Roshidul-2

    চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সময় বদলেছে। মাদকের বিরুদ্ধে এখন সবাই সোচ্চার। তবে পুলিশের ইতিবাচক ভূমিকার কারণে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটাই কমেছে। বিশেষ করে বর্তমান পুলিশ সুপার আসার পরেই পরিস্থিতি পাল্টে যায়। পুলিশ চাইলে মাদক নিয়ন্ত্রণে শতভাগ সফল হতে পারবে।’

    বছর দেড়েক আগেও দেশের দ্বিতীয় বৃহত্তম মাদকদ্রব্য পাচার রুট হিসেবে পরিচিত ছিল এ জেলার। পুলিশের নিয়মিত অভিযানে সে পরিচয় বদলে গেছে। লালমনিরহাটের চিত্র এখন পুরোটাই ভিন্ন। মাদক ব্যবসায়ীদের অনেকেই এলাকা ছেড়েছে। কেউ মন দিয়েছেন কৃষি বা অন্য ব্যবসায়। পুলিশের অভিযানেই স্বস্তি ফিরেছে জনমনে। মাদকের এক সময়ের আখড়া মোগলহাটের নামও পরিবর্তন করে রাখা হয়েছে গোল্ডেন ভিলেজ।

    স্থানীয়রা এর পুরো কৃতিত্ব দিলেন জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হককে। এমন অবদানের জন্য রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার উপাধিও পেয়েছেন তিনি। মাদককের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও ধরে রাখার দাবি সীমান্তবর্তী লালমনিরহাটবাসীর।

    লালমনিরহাট পুলিশ প্রশাসন জানায়, ২০১৬ সালের ১৯ জুলাই থেকে ২০১৮ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অভিযান পরিচালনা করে গাঁজা ৩৯৭৮.২৭০ কেজি, ফেনসিডিল- ৩২০৯৩ বোতল, হেরোইন ১৯৩৮০ পুরিয়া, ইয়াবা ১৬ হাজার ৮৫৯ পিস, বিদেশি মদ ৫৫০ বোতল, দেশি মদ ১৮ বোতল, অ্যালকোহল ১২ বোতল, কোরেক্স ২২৩ বোতল, চোলাই মদ ১৬৫.৫০০ লিটার, ফেলিরেক্স ৬ বোতলসহ মোট ৭ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৬৪০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

    মাদক প্রসঙ্গে কথা হয় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুকের সঙ্গে। বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সীমান্ত হওয়ার কারণে লালমনিরহাটে মাদকের ঝুঁকি আরও বেশি। দেশের অন্যত্র থেকে মাদকব্যবসায়ী লালমনিরহাটের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে আসছে। বিভিন্ন অভিযান পরিচালনা করে অন্তত তাই জানতে পেরেছি।

    তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে পুলিশ এখন বদ্ধপরিকর। লালমনিরহাট পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কোনো ছাড় হবে না মাদকের সঙ্গে জড়িতদের। পুলিশ প্রশাসন জড়িত থাকলেও ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যেই ব্যবস্থা নেয়া হয়েছে। আর এ কারণেই পুলিশের ওপর জনআস্থা বাড়ছে। সাধারণও পুলিশকে এখন এ ব্যাপারে সহযোগিতা করছে। এলাকা মাদকমুক্ত রাখতে পুলিশের চেষ্টার কোনো অন্ত থাকবে না।’

    Roshidul-3

    মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় ইতোমধ্যে স্বীকৃতিও মিলেছে লালমনিরহাট পুলিশের। মাদক নির্মূলে বিশেষ অবদানের জন্য টানা দ্বিতীয়বার দেশ সেরা হয়েছে লালমনিরহাট জেলা পুলিশ।

    মাদক নির্মূলে ‘গ গ্রুপে’ দেশ সেরা এবং চোরাচালানে ‘গ গ্রুপে’ দ্বিতীয় নির্বাচিত হয়ে গত ১০ জানুয়ারি পৃথক দুটি ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।

    পুলিশ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ দুটি হস্তান্তর করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গত বছরও চোরাচালান ও মাদকদ্রব্য নির্মূলে বিশেষ অবদান রাখায় লালমনিরহাট জেলা পুলিশ ‘গ গ্রুপে’ দেশ সেরার ক্রেস্ট ও সনদ পায়।

    ভারতীয় সীমান্তবর্তী এ জেলার মাদক নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে ২০১৬ সালের ১৯ জুলাই পুলিশ সুপার হিসেবে যোগ দেন এসএম রশিদুল হক।

    এরপর থেকে একের পর এক অভিযানে ও জেলায় কর্মরত পুলিশ সদস্যদের তৎপরতায় প্রতিনিয়ত মাদকসহ ব্যবসায়ীদের গ্রেফতার করে পুলিশ।

    একপর্যায়ে পুলিশি তৎপরতায় দেড় সহস্রাধিক মাদক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে মাদক ছেড়ে দিয়ে নতুন জীবনযাপনের শপথ নেন। শুধু অভিযানেই সীমাবদ্ধ নেই এ জেলার পুলিশ। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সামাজিক বিভিন্ন অপরাধ নির্মূলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও পাড়া-মহল্লায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা সেমিনারও করেছেন লালমনিরহাট পুলিশ সুপার।

    এতে করে ২০১৭ সালে মাদকের সঙ্গে চোরাচালান রোধে ‘গ গ্রুপে’ দ্বিতীয় স্থান অর্জন করে লালমনিরহাট জেলা পুলিশ। শুধু তাই নয়, গত দেড় বছরে রংপুর রেঞ্জের সেরা পুলিশ সুপার হিসেবে ৬টি ক্রেস্ট অর্জন করেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

    Roshidul-4

    মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে কথা হয় এসএম রশিদুল হকের সঙ্গে। বলেন, মাদকবিরোধী সচেতনতা বাড়াতে আমরা দুইভাবে কাজ করছি। প্রথমত, পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সভা-সেমিনার, লিফলেট বিতরণ, স্থানীয় ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া। আইনি ব্যবস্থার মাধ্যমেও সচেতনতা বাড়ানো যায়। একজন অপরাধীর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিলে আর দশজন সচেতন হয়ে যায়। আমরা এটি খুব শক্ত হাতে করছি। মাদকের বিরুদ্ধে লালমনিরহাট পুলিশ একাট্টা।

    তিনি বলেন, একার পক্ষে কোনোকিছুই করা সম্ভব হয় না। আমি যোগদানের পরেই মাদকের ব্যাপারে বার্তা পৌঁছে দিয়েছি পুলিশের প্রতিটি সদস্যের কাছে। কনস্টেবল থেকে শুরু করে একেবারে ঊর্ধ্বতন অফিসাররাও এ ব্যাপারে একাট্টা এখন।