Author: banglarmukh official

  • সোয়া একঘন্টা পর পরীক্ষা অনুষ্ঠিত প্রশ্নপত্র তালাবদ্ধ রেখে প্রধানশিক্ষক গিয়েছিলেন ভোজে

    সোয়া একঘন্টা পর পরীক্ষা অনুষ্ঠিত প্রশ্নপত্র তালাবদ্ধ রেখে প্রধানশিক্ষক গিয়েছিলেন ভোজে

    মাহামুদ হাসান  :

    প্রশ্নপত্র স্টীলের আলমিরায় তালাবদ্ধ করে রেখে প্রধানশিক্ষক গিয়েছিলেন একটি শ্রাদ্ধানুষ্ঠানে। তাই উন্মূক্ত বিশ^বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত সময়ের সোয়া এক ঘন্টা পর। প্রধানশিক্ষকের এহেন কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ার পাশাপাশি সচেতনমহলের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

    ঘটনাটি ঘটেছে শুক্রবার জেলার বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) স্কুল কেন্দ্রে। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী শুক্রবার দুপুর দুইটায় তাদের শারিরীক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার কথাছিলো। সেমতে তারা কেন্দ্রে এসে জানতে পারেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও কেন্দ্র সুপার কৃষ্ণ কান্ত হাওলাদার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় একটি শ্রাদ্ধানুষ্ঠানে গেছেন।

    তিনি (প্রধানশিক্ষক) পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয়ে তার কক্ষের স্টীলের আলমিরায় তালাবদ্ধ করে রেখেছেন। ফলে ৪৮ জন পরীক্ষার্থী প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকেন। বিষয়টি জানতে পেরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির একাধিক সদস্য ও শিক্ষকরা একাধিকবার প্রধানশিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলেও তিনি ভোজে ব্যস্ত থাকায় ফোন রিসিভ করেননি। প্রায় সোয়া এক ঘন্টা পরে বিকেল সোয়া তিনটার দিকে প্রধানশিক্ষক স্কুলে এসে আলমিরা থেকে প্রশ্নপত্র বের করে দেয়ার পরে পরীক্ষা শুরু করা হয়।

    সূত্রমতে, পাশবর্তী উপজেলার কেন্দ্রগুলোতে দুপুর দুইটায় একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন মোবাইলফোনে মাধ্যমে ফাঁস হয়ে যায়। এ ব্যাপারে উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের বরিশালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামীম জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান উকিল বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম জানান, বিষয়টি তদন্তপূর্বক প্রধানশিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে অভিযুক্ত প্রধানশিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন সংবাদকর্মীদের ম্যানেজ প্রক্রিয়ায় নেমেছেন।

  • কবি জীবনানন্দ দাশের ১১৯ তম জন্মবার্ষিকীতে আড্ডা ধানসিড়ি’র শ্রদ্ধা নিবেদন

    কবি জীবনানন্দ দাশের ১১৯ তম জন্মবার্ষিকীতে আড্ডা ধানসিড়ি’র শ্রদ্ধা নিবেদন

    হুজাইফা রহমানঃ

    রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জীবনানন্দ সড়ক সংলগ্ন জীবনানন্দ মিলনায়তনে আড্ডা ধানসিড়ি বরিশাল থেকে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ।

    সকাল ১০ টায় আড্ডা ধানসিড়ি’র সম্পাদক অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের নেতৃত্বে উপস্থিত আড্ডার সদস্যগণ কবির প্রতিকৃতিতে ফুল দেন। এরপর অনুষ্ঠিত হয় কবি জীবনানন্দ দাশের জন্মদিন কে কেন্দ্র করে ধানসিড়ি’র বিশেষ আড্ডা (৬৪ তম)। আড্ডায় উপস্থিত আড্ডারুগণ স্বরচিত কবিতা পাঠ করেন এবং অধ্যাপক ড. মুহসিন উদ্দীন আড্ডারু ছোটন্দ্রনাথ চক্রবর্তী ও এ্যালেন সাইফুল জীবনানন্দ দাশ’র বই থেকে কবিতা পাঠ করেন।

    এই আড্ডায় সিদ্ধান্ত নেওয়া হয় জীবনানন্দ দাশের প্রতিটি কবিতা নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনার। প্রথম কাজ হিসাবে কবির ‘ধূসর পান্ডুলিপি’ বইটি নির্ধারিত হয়েছে। এই কাজের প্রাথমিক দায়িত্ব অর্পণ করা হয়েছে আড্ডারু কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী’র উপর। বাংলাদেশের সাহিত্যাঙ্গণের বিভিন্ন ব্যক্তির বিশ্লেষণাত্মক আলোচনার মাধ্যমে এই প্রয়াসটি ধারাবাহিকভাবে এগিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে বরিশালের এই সাহিত্য আড্ডাটি।

    এছাড়াও উপস্থিত ছিলেন আড্ডারু কবি শফিক আমিন, হুজাইফা রহমান ও উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বরিশালের জীবনানন্দ মেলায় ঢাকা থেকে আগত বরিশালের তরুন কবি এ্যালেন সাইফুল ও প্রিন্স হাসান।

  • বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের ৩৮ তম পাঠক আড্ডা অনুষ্ঠিত

    বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের ৩৮ তম পাঠক আড্ডা অনুষ্ঠিত

    হুজাইফা রহমানঃ

    সম্পূর্ন ভিন্ন ধাচে সম্পন্ন হলো বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের ৩৮ তম পাঠক আড্ডা। উন্মুক্ত এই পাঠক আড্ডায় যোগ দিতে বিকাল তিনটায় পূর্ব নির্ধারিত বিষয় নিয়ে কথা বলতে সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গনে হাজির হন পাঠকগণ। উপরে আকাশ নিয়ে ঘাসের বিছানায় বসে যায় আড্ডা।

    আড্ডার শুরুতেই বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের সহ-সমন্বয়কারী জনাব ছোটন্দ্রনাথ চক্রবর্তী ১৯৫২ সনে মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল জানা অজানা শহীদদের পূন্যস্মৃতিকে স্মরণ করে আড্ডা শুরু করেন।

    আড্ডায় উপস্থিত ওয়েব প্রোটাল বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক জনাব শেখ সুমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত তার অনুভূতি প্রকাশ করেন। কোটালিপাড়ায় জন্ম নেওয়া এই পাঠক তার দাদার মুখ থেকে শোনা বঙ্গবন্ধুর স্মৃতি কথা উপস্থাপন করেন।

    ইংরেজী সাহিত্যের শক্তিমান লেখক ডি.এইচ লরেন্স কে নিয়ে আলোচনা করেন পাঠক অমল সাওজাল। এরপর একে একে পাঠক নজরুল ইসলাম জীবনানন্দ দাশ, হাছনাঈন তুহিন সুনীল গঙ্গোপাধ্যায়, হুজাইফা রহমান কাজী নজরুল ইসলাম, পারভেজ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ছোটন্দ্রনাথ চক্রবর্তী হুমায়ূন আহমেদ কে নিয়ে কথা বলেন।

    পাঠক শশাঙ্ক বিশ্বাস খ্যাতিমান বিজ্ঞানী নিকোলা টেরসার অসাধারণ কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। আড্ডায় আরো উপস্থিত ছিলেন পাঠক অদিতি দাশ, তৌফিক ওমর ও প্রসেনজিৎ।

    পরে পাঠচক্রের সহ-সমন্বয়কারী জনাব ছোটন্দ্রনাথ চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিকাল ৫.৩০ এ আড্ডার সমাপ্তি ঘোষণা করেন।

    উল্লেখ্য, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র বরিশাল শহরে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে নিয়মিত পাঠচক্র ও নানাবিধ সৃজনশীল কর্মসূচী’র মাধ্যমে কাজ করে যাচ্ছে।

  • বরিশাল আদালত থেকে খালাস পেলেন পেরুর নাগরিক জেরি ভিক্টর

    বরিশাল আদালত থেকে খালাস পেলেন পেরুর নাগরিক জেরি ভিক্টর

    বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় খালাস পেয়েছেন পেরুর নাগরিক জেরি ভিক্টর।

    রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রায় দেড় বছর কারাভোগের পর বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান তাকে খালাসের নির্দেশ দেন।

    আদালত সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে শুনানীর সময় জেরি ভিক্টর আইনজীবীর মাধ্যমে তার দোষ স্বীকার করে একটি আবেদন জমা দেন। সার্বিক পর্যালোচনায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে পাসপোর্ট বিধিমালার ১৯৫৫-এর ৭ বিধি মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    তবে প্রাপ্ত সাজার থেকে হাজতবাসের সময় বেশি হওয়ায় একই আদেশে তাকে মামলার দায় থেকে মুক্তির নির্দেশ দেয় আদালত। পাশাপাশি তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

    ২০১৫ সালের ২১ ডিসেম্বর বরিশালের বন্দর থানাধীন চরকাউয়া এলাকা থেকে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে জেরি ভিক্টরকে। উদ্ধারের পর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    জ্ঞান ফেরার পর জেরি ভিক্টর পুলিশকে জানান, তাকে মারধর করে পাসপোর্ট ও টাকা ছিনিয়ে নিয়েছে বিপ্লব নামের এক ব্যক্তি। এসময় তিনি একটি পাসপোর্ট নম্বর দেন পুলিশকে। নম্বরটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে ওই নম্বরের কোনো পাসপোর্টের অস্তিত্ব পাওয়া যায়নি।

    ফলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেরি ভিক্টরের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশের এসআই শাহ সাব খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

    এ মামলায় ২০১৫ সালের ২৩ ডিসেম্বর থেকে জেরি ভিক্টর হাজতে রয়েছেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার ওসি (তদন্ত) তাইয়্যেবুর রহমান জেরি ভিক্টরের পরিচয় জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টাপোলের সহয়াতা নেন। তিনি জানতে পারেন, জেরি ভিক্টর একজন পেরুর নাগরিক।

  • বরিশাল জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি প্রদান

    বরিশাল জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি প্রদান

    মাহামুদ হাসান :

    কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারমুক্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা ও মহানগর বিএনপি।

    রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালযে গিয়ে বিএনপি নেতৃবৃন্দ এই স্মারকলিপি দেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, জেলা দক্ষিন বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।

    এরআগে দলবদ্ধভাবে দলীয় কার্যালয় থেকে জেলা প্রশাসকের দপ্তরে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এরপর নেতৃস্থানীয়রা গিয়ে স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে।

  • এখনই পদত্যাগ করে প্রধানমন্ত্রীকে বাঁচান

    এখনই পদত্যাগ করে প্রধানমন্ত্রীকে বাঁচান

    অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ডিসেম্বরে নয়, এখনই অবসরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু। অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি ডিসেম্বরে অবসরে যাবেন বলে একটি অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন। ডিসেম্বর পর্যন্ত কেন আপনি রক্তক্ষরণ কনটিনিউ করবেন? আমাদের বাঁচান, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, প্রধানমন্ত্রীকে বাঁচান। আপনি আজই অবসরে চলে যান।’ জাতীয় সংসদে রোববার পয়েন্ট অব অর্ডারে অর্থমন্ত্রীর ডিসেম্বরে অবসরে যাওয়ার ঘোষণার প্রসঙ্গ টেনে জিয়া উদ্দিন আহমেদ বাবলু এসব কথা বলেন।

    আর্থিক খাতে অনিয়মের জন্য অর্থমন্ত্রীকে দায়ী করে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের সূত্রপাত করেন। তিনি শেয়ারবাজারে ধস নিয়ে কথা বলেন। অর্থনীতির যক্ষ্মা হয়েছে- উল্লেখ করে বাবলু বলেন, ‘দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। অর্থপাচার নিয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। প্রথমে পানামা পেপারসে নাম এলো, অর্থমন্ত্রী কোনো ব্যবস্থা নিলেন না। এরপর প্যারাডাইস পেপারসে এলো অনেক ব্যবসায়ীর নাম। তাতেও ব্যবস্থা নেয়া হলো না। ব্যাংক খাতে চলছে আতঙ্ক, উদ্বেগ আর বিভ্রান্তি। এ হচ্ছে মানি মার্কেটের অবস্থা।’ তিনি বলেন, ‘পানামা পেপারস কেলেঙ্কারির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পদত্যাগ করতে হয়েছে। আমাদের ২৭ জনের নাম এসেছে। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। কত টাকা পাচার হয়েছে, তারও কোনো হিসাব অর্থমন্ত্রী সংসদে দেননি। মনে হয় তিনি বাধ্যও নন। এর দায়িত্ব আপনাকে (অর্থমন্ত্রীকে) নিতে হবে।

    দায়িত্ব নিয়ে আজই অবসরে যান। দেশ ও জাতিকে পরিত্রাণ দিন।’ জাপার এ এমপি বলেন, ‘সোনালী, জনতা, রূপালী ও বেসিক ব্যাংকের রিফাইন্যান্সিং দরকার। দুই হাজার কোটি টাকা দিয়েছেন। গত কয়েক বছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। কার টাকা এটা। এটা গৌরী সেনের টাকা নয়। ১৬ কোটি মানুষের টাকা। কীভাবে দিলেন, তার কোনো উত্তর নেই।’ তিনি বলেন, ‘সব ব্যাংকে রক্তক্ষরণ হচ্ছে। ছোট বেলায় শুনতাম, যার হয় যক্ষ্মা, তার নাই রক্ষা। অর্থনীতির যক্ষ্মা হয়েছে, অর্থনীতির কোনো রক্ষা নাই। বাঁচাতে হবে। অর্থনীতির রক্তক্ষরণের কারণে দেশের রক্তক্ষরণ হচ্ছে, জাতির রক্তক্ষরণ হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে না। কর্মসংস্থান হচ্ছে না। কর্মসংস্থান না হলে অর্থনীতি বেগবান হবে কীভাবে?

  • ইনজুরির মিছিলে তামিম-মুশফিক, তবুও আশাবাদী মাহমুদউল্লাহ

    বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।কিন্তু দলের সেরা তিন তারকা সাকিব, তামিম ও মুশফিক ইনজুরি আক্রান্ত।  প্রথম ম্যাচে সাকিবের না খেলাটা পুরোপুরি নিশ্চিত।  শঙ্কা রয়েছে তামিম ও মুশফিককে নিয়েও।  তবে কালকে ম্যাচের আগে তামিম-মুশফিক সুস্থ হয়ে উঠবেন সেটাই প্রত্যাশা মাহমুদুল্লাহর।এমন পরিস্থিতি পাঁচ নতুন ক্রিকেটারকে নিয়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

    তবে একটুও বিচলিত নন সাইলেন্ট কিলার খ্যাত এ তারকা।  বরং বুধবার বিকেলে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আশার কথাই শোনালেন মাহমুদুল্লাহ।

    বললেন, ঘরের মাটিতে আমরা যার বিরুদ্ধেই খেলি আমি আমাদের দলকে এগিয়ে রাখব। যদিও আমরা টেস্ট ও ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারিনি। আমার বিশ্বাস ভালো ক্রিকেট খেলেই ঘুরে দাঁড়াতে পারব।

    টি-টোয়েন্টি ক্রিকেট আলাদা একটা ফরম্যাট। আমাদের টি-টোয়েন্টি সামর্থ্যের ওপর একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই সিরিজে একটা স্টেটমেন্ট দেওয়ার আছে বাকি বিশ্বকে। টি-টোয়েন্টি ক্রিকেট ফেয়ারলেস ক্রিকেট খেলা উচিত। ফেইলিয়র নিয়ে যদি চিন্তা করেন টি-টোয়েন্টিতে সাফল্যের পরিমাণটাও কমে যাবে।

    নতুনদের সম্পর্কে বললেন, তারা সবাই ওয়েল ডিজার্ভিং। বিপিএলে সবাই ভালো খেলেছে, আশা করি সেই ফর্মটা এখানেও ধরে রাখবে। নতুন যারা এসেছেন, তারা সবাই প্রমিজিং। তারা যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে।

  • ভালোবাসা দিবসে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল এসএসসি পরীক্ষার্থী

    ভালোবাসা দিবসে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল এসএসসি পরীক্ষার্থী

    নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ভালবাসা দিবসে ঘুরতে গিয়ে বুড়িগঙ্গায় ডুবে লাশ হয়ে ফিরল রকিবুল ইসলাম শান্ত (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী। আজ বিকেলে একটি ট্রলারে চড়ে বুড়িগঙ্গা নদী পার হতে গিয়ে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ ছিল শান্ত। পরে পাগলা কোস্টগার্ড স্টেশনের ডুবুরি দল তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৬টায় শান্ত’র লাশ উদ্ধার করে।

    এছাড়া কেরানীগঞ্জ নৌ পুলিশ শান্তর ৪ বন্ধুকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৩জন শান্তর সহপাঠী ও এসএসসি পরীক্ষার্থী। শান্তর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
    নিহত শান্ত পাগলায় নয়ামাটি এলাকার মিলন ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া শফিকুল ইসলাম রতনের ছেলে। শান্ত এবছর পাগলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

    আটককৃতরা হলো- ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার আবুল বাশারের ছেলে এসএসসি পরিক্ষার্থী রুবেল, একই এলাকার হাকিম হাওলাদারের ছেলে এসএসসি পরিক্ষার্থী সজিব, আমির হোসেনের ছেলে এসএসসি পরিক্ষার্থী মেহেদী হাসান শুভ ও একই এলাকার মোখলেছের ছেলে ওয়ার্কশপের শ্রমিক রাব্বি।

    আটককৃতদের বরাত দিয়ে কেরানীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফরহাদ আলম জানান, শান্ত তার চার বন্ধুর সঙ্গে ফতুল্লার পাগলাস্থ বাড়ি থেকে বুড়িগঙ্গা নদী পার হয়ে কেরানীগঞ্জের পানগাও এলাকায় ভালোবাসা দিবস উপলক্ষে ঘুরতে যায়। সেখানে আনন্দ ফুর্তি শেষে বাড়ি ফেরার পথে একটি ট্রলারে বিকেল সাড়ে ৪টায় বুড়িগঙ্গা নদী পাড় হওয়ার সময় মাঝ নদীতে শান্ত ট্রলার থেকে পড়ে পানিতে ডুবে যায়। তবে নিহতের মায়ের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে এবং ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

    শান্তর মা আসমা বেগম বলেন, শান্তকে পরিকল্পিত ভাবে নদীতে ধাক্কা দিয়ে পানিতে ফেলে হত্যা করেছে তার বন্ধুরা। আমি এর বিচার চাই।

    এদিকে বিকেলে বুড়িগঙ্গায় এসএসসি পরীক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে কোস্টগার্ড পাগলা স্টেশনের কর্মকর্তা মাসুদ রানার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে শান্তর লাশ উদ্ধার করে।

  • নাগরিক উদ্যোগে নির্মিত হচ্ছে আরজ আলী স্মৃতি জাদুঘর ও লাইব্রেরী কমপ্লেক্স

    নাগরিক উদ্যোগে নির্মিত হচ্ছে আরজ আলী স্মৃতি জাদুঘর ও লাইব্রেরী কমপ্লেক্স

    হুজাইফা রহমান :

    নাগরিক উদ্যোগে নির্মিত হচ্ছে বরিশালের চারণ দার্শনিক আরজ আলী স্মৃতি জাদুঘর ও লাইব্রেরী কমপ্লেক্স। এই স্মৃতি রক্ষার অন্যতম পুরোধর হচ্ছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।

    এ লক্ষে গতকাল বুধবার বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বশিক্ষিত দার্শনিক আরজ আলী মাতুব্বর প্রয়াত হয়েছেন ৩২ বছর আগে। মায়ের মৃত্যু-পরবর্তী ঘটনার মধ্য দিয়ে তার যে চেতনার উন্মেষ ঘটে তার বরাতে আজীবন সত্য সন্ধানে নিজেকে ব্যাপৃত রেখেছেন। সমাজ ও মানুষকে বিজ্ঞানমনস্ক চেতনার আলোকে সমৃদ্ধ করার আহবান জানিয়ে গেছেন তার জীবন জিজ্ঞাসার মাধ্যমে।

    আজ পর্যন্ত আমাদের পশ্চাৎপদ সমাজের জন্য আরজ আলী মাতুব্বরের দার্শনিক তত্ত্ব অত্যন্ত প্রাসঙ্গিক। আরজ আলীর স্মৃতি সংরক্ষণ ও সজীব রাখতে এবং তার দর্শন চর্চাকে বেগবান করার জন্য তার বসতবাটি এবং তার প্রতিষ্ঠিত আরজ মঞ্জিল লাইব্রেরি নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

    এ লক্ষ নিয়ে ১৯৭ শতাংশ জমির উপর প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে স্মৃতি কমপ্লেক্স নির্মাণের নকশা প্রস্তাব করছে জনবিজ্ঞান ফাউন্ডেশন। সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ, শিল্প প্রতিষ্ঠান, ধনাঢ্য ব্যক্তি, গণমাধ্যম এবং আরজ আলী মাতুব্বর-এর উত্তরসূরী ও স্বজনেরা সবাই মিলে সচেষ্ট করলে “আরজ আলী মাতুব্বর স্মৃতি জাদুঘর ও লাইব্রেরি কমপ্লেক্স”টি নির্মাণ করা সম্ভব হবে।

    এ উদ্যোগের আরো একজন পুরোধর হচ্ছেন আরজ আলী গবেষক বিশিষ্ট সাংবাদিক, লেখক আইয়ুব হোসেন। “আরজ আলী মাতুব্বর স্মৃতি জাদুঘর ও লাইব্রেরি কমপ্লেক্স”টির প্রস্তাবিত নকশাটি প্রণয়ন করেছেন স্থপতি তারিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরজ আলী ট্রাষ্টি বোর্ডটিকে আবার নতুন করে গঠনের প্রস্তাব করা হয়। পাশাপাশি আরজ আলী মাতুব্বরের বই এর রয়েলেটি পাওয়ার বিষয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা করা হয়।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জনবিজ্ঞান ফাউন্ডেশনের যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক দেবাশীষ চক্রবর্তী ।

  • আ.লীগ নেতা মাখন লাল’র মৃত্যুতে এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র শ্রদ্ধার্ঘ্য

    আ.লীগ নেতা মাখন লাল’র মৃত্যুতে এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র শ্রদ্ধার্ঘ্য

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা রাজিহার ইউনিয়ন ৮নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মাখন লাল মন্ডল(৯০) অসুস্থ হয়ে নিজ বাড়িতে সোমবার রাতে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে এক মেয়ে, নাতী নাতনীসহ অংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।

    গতকাল মঙ্গলবার দুপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে উপজেলার রামানন্দের আকঁ গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তোষ্টিক্রিয়া সমপন্ন করা হয়েছে। তার বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারকে সমবেদনা জানান পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপিত ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’সহ উপজেলার দলীয় নেতা কমীরা।

    এসময় এমপির সাথে ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, গৌরনদী পৌর মেয়র হারিচুর রহমান হারিচ, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়াম্যা মলিনা রায়, আওয়ামীলীগ নেতা মো. হেমায়েত উদ্দিন শিকদার, গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমনীকান্ত সরকার, রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস, তরুন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম পাইক, উজ্জল লাহেরী, উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুর সরদার, সহ-সভাপতি লিটন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা রফিক তালুকদার, জাকির তালুকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন পাইক সহ নেতৃবৃন্দ।