Author: banglarmukh official

  • জামিন না পাওয়ায় বরিশাল আদালতে পুলিশকে ধাক্কা দিয়ে ভাংচুর

    জামিন না পাওয়ায় বরিশাল আদালতে পুলিশকে ধাক্কা দিয়ে ভাংচুর

    জামিন না পাওয়ায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের এজলাসের জানালার কাঁচ ভাংচুর করেছে ডাকাতি মামলার আসামী নয়ন হাওলাদার নামে এক যুবক।

    বুধবার দুপুরে আদালতের কার্যক্রম চলা অবস্থায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নয়ন হাওলাদারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন কাবুল। তিনি জানান, বাকেরগঞ্জের বাসিন্দা নয়ন হাওলাদারের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও নারী নির্যাতনসহ ১৪ টি মামলা রয়েছে এবং সে একটি অস্ত্র মামলায় ২০১৭ সালের ২৬ জুন থেকে হাজতেই রয়েছেন।

    বুধবার তাকে আদালতে নেয়া হলে তিনি অস্ত্র মামলায় জামিনের জন্য আবেদন করেন। কিন্তু আদালতের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন তার আবেদন না মঞ্জুর করলে সে উত্তেজিত হয়ে আদালত থেকে বের হওয়ার সময় পুলিশকে ধাক্কা দিয়ে জানালার কাঁচ ভাংচুর করে। এই ঘটনায় তার বিরুদ্ধে এটিএসআই মাইনুল হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে সরকারী কাজে বাঁধা প্রদান, সরকারী মালামাল ভাংচুর ও আইনভঙ্গ করায় দুটি ধারায় মামলা দায়ের করা হবে বলে আদালত সূত্রে জানা যায়।

  • এক রাতেই সানিকে ছাড়িয়ে গেলেন প্রিয়া

    মাত্র এক রাতেই সেলিব্রিটি হয়ে উঠেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে একটি ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে স্কুলের একটি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা আনন্দ করছে। এরপর দেখা যায় ভিডিওতে একটি ছেলে এক মেয়ের দিকে ভুরু নাচিয়ে ইশারা করছে। পাল্টা ইশারা করে মেয়েও।

    এরপরই দেখা যায়, মেয়েটি চোখ টিপে প্রেমের আদর গ্রহণ করছে ছেলেটির থেকে। ভ্যালেন্টাইন্স ডে-র একদিন আগে এই ভিডিওটি নিয়ে মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া।

    ভিডিওটি একটি মালয়ালি ছবির অংশ। ছবির নাম ‘উরু আদার লাভ’। ছবির অন্যতম মূল চরিত্রে অভিনয় করছে সিনেমা জগতে সদ্য পা রাখা প্রিয়া। এই ছবিরই একটি গান ‘মানিকিয়া মালারইয়া।’ সেই গানেরই একটি দৃশ্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা ইউটিউবে ইতিমধ্যেই ২ মিলিয়ন ভিউ পেয়েছে। এরপরই রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছেন প্রিয়া।

    এমনকি সানি লিওনি, ক্যাটরিনা কাইফদেরও হারিয়ে দিয়েছেন তিনি। গুগল সার্চে এই দু’দিনে সবচেয়ে বেশিবার সার্চ হয়েছে প্রিয়ার নাম। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন সানি লিওন। তারপর ক্যাটরিনা কাইফ, অানুশকা শর্মা, দীপিকা পাড়ুকোনরা ছিলেন তালিকায়।

    কেরলের ত্রিশূরের বাসিন্দা প্রিয়া ভক্তদের পাগল করে দিয়েছেন। শান রহমানের সুরে, ভিনীথ শ্রীনিবাসনের আওয়াজে গানটি ইতিমধ্যেই জনপ্রিয়। প্রিয়া তো বটেই।

    টুইটারে প্রিয়া বলেছেন, একটা গানের জন্য সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয় হয়ে যাব তা ভাবতেই পারিনি। এত লোক আমাকে সমর্থন করেছেন!‌  ‌‌

  • ক্ষমা চাইলে সব ভুলে আবার সংসার শুরু করতাম: শাকিব

    ক্ষমা চাইলে সব ভুলে আবার সংসার শুরু করতাম: শাকিব

    ঢাকা উত্তর সিটি করপোরেশনে শাকিব খানের করা ডিভোর্সের আবেদনের দু’দফা সমঝোতা বৈঠকে ঢালিউড সুপারস্টার উপস্থিত না থাকায় ভেস্তে গেছে তাদের নতুন করে সংসার গড়ার পথ। এদিকে, আগামী ২২ ফেব্রুয়ারি পূর্ণ হবে ডিভোর্স আবেদনের তিন মাস। একই সঙ্গে কার্যকর হবে ডিভোর্স।

    এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘সহ্যের সীমা আছে, তার জন্য কী করিনি, সে আমাকে স্বামী হিসেবে কখনো মানেনি চেয়েছিলাম সুখে শান্তিতে ঘর করতে। তারপরেও সে নানাভাবে আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে। সর্বশেষ গত বছরের ১০ এপ্রিল আমার বিরুদ্ধে আমার সন্তানকে নিয়ে টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে যাওয়া কি তার উচিত ছিল? তারপরেও আমি তার ও আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাওয়ার চেষ্টা করেছি।’

    শাকিব খান বলেন, ‘১০ এপ্রিলের ঘটনার পরেও নিয়মিত তার বাসায় যেতাম, তার ও আমাদের সন্তানের খোঁজখবর নিতাম। মাসে যা ভরণ-পোষণ দরকার সবই দিচ্ছি। এত কিছুর পরেও সে কখনো আমাকে ঘিরে তার করা নেতিবাচক কর্মকাণ্ডের জন্য একবারও সরি বলেনি। সে শুধু আমাকেই অপমান করেনি। আমার বাবা-মাকেও অসম্মান করেছে। সে যদি একবার সবার সামনে এর জন্য ক্ষমা চাইত আমি অবশ্যই সব ভুলে গিয়ে আবার ঘর সংসার শুরু করতাম।’

    শাকিব দুঃখ করে বলেন, ‘এরপর আবার সে আমার বাচ্চাকে বাসায় কাজের মানুষের কাছে রেখে ঘর তালাবদ্ধ করে দেশের বাইরে চলে যায়। এমন খবরে সন্তানের জন্য চরম উৎকণ্ঠিত হয়ে দেশে এসে সন্তানকে উদ্ধারে নিকেতনে তার বাসায় ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারলাম, দরজায় তালা দিয়ে অপু চাবি নিয়ে চলে গেছে। এরপর বাবা হিসেবে আমি কেমন মানসিক যাতনায় ছিলাম তা কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।’

    ঢালিউড সুপারস্টার বলেন, ‘এরপরও কিছু বলিনি। অপু ফিরে এসে এর জন্য আমার কাছে ক্ষমা তো চায়নি বরং আমার বিরুদ্ধে আবার বিষোদগার শুরু করে। এই অবস্থায় তাকে ডিভোর্স দেওয়া ছাড়া আমার আর কোনো পথ ছিল না। ২২ নভেম্বর বাধ্য হয়ে আইনজীবী মারফত ডিভোর্স লেটার পাঠাই।’

  • খালেদাকে মানহানির মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

    খালেদাকে মানহানির মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

    মানহানির একটি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর জন্য ঢাকার সিএমএম আদালতে আবেদন করা হয়েছে।

    বুধবার ঢাকা মহানগর হাকিম নুর নবীর আদালতে এ আবেদন করেন মামলার বাদী এবি সিদ্দিকী।

    আবেদনে তিনি বলেন, এ মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি অন্য মামলায় কারাগারে আছেন। তাই তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হোক। শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানান।

    প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে ‘অপমানিত’ এবং মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে এই মানহানির মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

  • প্রেম নিবেদনে সেরা ১০ উক্তি

    প্রেম নিবেদনে সেরা ১০ উক্তি

    ভালোবাসার নামই প্রেম। ভালোবাসার গভীরতাকে মোহ নামে আখ্যায়িত করেন অনেকে। তবে     হাজারো দ্বন্দ্ব সংঘাতের এই পৃথিবী টিকে আছে ভালোবাসার টানে। স্নেহ-প্রীতির বন্ধন, প্রেম আর ভালোবাসার জন্য কি বিশেষ কোনো দিনের প্রয়োজন হয়! কিন্তু তারপরও পৃথিবীর মানুষ পালন করে আসছে একটি দিন। আর সেই কাঙ্ক্ষিত দিনটিই আজ— বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা নিবেদনের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কীভাবে বলবেন? কী বলে মন জয় করবেন তার?

    আপনার জন্য রইল প্রেম নিবেদনের পৃথিবী বিখ্যাত ১০ উক্তি। এগুলো থেকে শিক্ষা নিন, অনুপ্রাণিত হোন। তারপর তৈরি করে নিন নিজের ভালবাসার সঠিক অভিব্যক্তি—

    ১. ‘তুমি, শুধু তুমি কাছে থাকলে আমি বুঝি আমি বেঁচে আছি। অন্য পুরুষরা দাবি করে, তারা নাকি পরীর দেখা পেয়েছে। আমি দেখেছি শুধু তোমাকে, আর সেটুকুই আমার পক্ষে যথেষ্ট।’— জর্জ মুর (আইরিশ ঔপন্যাসিক)

    ২. ‘তোমাকে যে ভালোবাসি তা কেবল তুমি কেমন মানুষ তা দেখে নয়, তোমার সংস্পর্শে আমি যেমনটা হয়ে উঠি তার আকর্ষণেও।’ — এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং (১৯শ শতকের ব্রিটিশ কবি)

    ৩. ‘হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মন আর আমাদের মধ্যেকার ভালবাসার সবটুকু আমাকে জানতে দিও।’ — সম্রাট অষ্টম হেনরি (১৬শ শতকের ইংল্যান্ড সম্রাট)

    ৪. ‘ভালবাসা কী তা জানতে পেরেছি তোমার জন্যই।’ — হারমান হেস (জার্মান কবি, ঔপন্যাসিক)

    ৫. ‘এসো, আমরা প্রেমকে অমর করে দিই।’ — হার্বার্ট ট্রেঞ্চ (আইরিশ কবি)

    ৬. ‘ভালোবাসা, এসো, ঘুমিয়ে পড়ো হে, আমার নিকটে এসে, আমি জানি, আমি তোমার প্রেমের জোয়ারে গিয়েছি ভেসে।’ — রবার্ট ব্রাউনিং (১৯শ শকের ব্রিটিশ কবি)

    ৭. ‘আমি তোমায় ভালোবাসি, আমৃত্যু ভালোবাসব, আর মৃত্যুত্তর জীবন বলে যদি কিছু থাকে সেই জীবনেও ভালোবেসে যাব তোমাকে।’ — কাসান্দ্রা ক্লেয়ার (মার্কিন ঔপন্যাসিক)

    ৮. ‘আমার অন্তরতম অন্তরে, যেখানে আমি একেবারে একা, সেখানে তোমার ঝর্ণাধারা কখনও শুকোবার নয়।’— পার্ল এস বাক (আমেরিকান ঔপন্যাসিক)

    ৯. ‘তোমার কাছে আমার যত ঋণ,
    সে ঋণ কভু শোধ হবার নয়,
    যতই করি অর্থ ব্যয় আর
    যতই করি দিবস অপচয়…’
    — জেসি বেল রিটেনহাউস (আমেরিকান কবি)

    ১০. ‘সবচেয়ে জরুরি কথাটিই বলা সবচেয়ে কঠিন, কারণ শব্দের বাঁধনে কথার অর্থ খাটো হয়ে আসে।’
    — স্টিফেন কিং (আমেরিকান কথাসাহিত্যিক)

  • বিএনপির জোটে ফাটল! আসছে বিএনজেপি জোট

    বিএনপির জোটে ফাটল! আসছে বিএনজেপি জোট

    জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি) এর নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে ২০ দলীয় ঐক্যজোট। জোটে থাকছেন বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা শরীকদের একাংশ। আগামী ১৮ ফেব্রুয়ারি (রোববার) আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে জানা গেছে। বিএনজেপি’র চেয়ারম্যান মো. ফয়েজ চৌধুরী নতুন জোট গঠনের বিষয়ে নিশ্চিত করেছেন।

    ২০ দলীয় জোটে থাকা শরীক দলের মধ্যে জামায়াত ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের নেতারা দল থেকে বেরিয়ে নতুন দল গঠন করতে যাচ্ছেন। এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) অনেক দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা রয়েছেন। সেসব দলের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে ২০ দলীয় ঐক্যজোট।

    জোটে এলডিপি, বিজেপি, এনপিপি, ইসলামী ফন্ট, পিডিপি, লেবার পার্টি, জাতীয় নাগরিক মঞ্চ, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামিক ঐক্যজোট, বিডিপি, খেলাফত মজলিস, বিএনডেপিসহ বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ফয়েজ চৌধুরী।

    তিনি বলেছেন, বিএনপি জোটে শীর্ষ নেতাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমাদের জোটে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। খুব শিগগিরই তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোট ত্যাগ করবেন। আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আমাদের জোটে আসার জন্য।

    তিনি বলেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রত্যাখ্যান করেছেন। বিএনপির নেতৃত্ব ছেড়ে বিএনজেপি জোটে যোগদান করবেন। মুক্তিযোদ্ধের চেতনায় বাংলাদেশ গড়াই হবে এই জোটের মূল লক্ষ্য।

    ফয়েজ চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জোট দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জোটের নেতৃত্ব দেবে বিএনজেপি।

    তিনি বলেন, আমরা চাই একটি টেকসই গণতন্ত্রের জন্য আগামী দিনে একটি শান্তিপূর্ণ আন্দোলন করতে। আর এই শান্তিপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দেবে বিএনজেপি, বিএনপি নয়। আপনারা জানেন বিএনপি ইতিপূর্বে অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে, তাদেরকে জনগণ চিরতরে প্রত্যাখ্যান করেছে। তাই আমি বিএনপির এ কর্মকাণ্ডের জন্য তাদের নেতাদের বিচার দাবি করছি।

  • জাতীয় উদ্যানে সিংহের পেটে শিকারি

    শেষে কি না শিকারি নিজেই শিকার হয় গেল। সিংহকে মারতে গিয়ে সিংহের পেটেই চলে গেল এক শিকারি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে।

    ক্রুগার জাতীয় উদ্যানের উপকণ্ঠে একটি পার্কের মধ্যে ওই শিকারির দেহ উদ্ধার হয়েছে। তবে দেহটি যখন উদ্ধার করা হয়, তখন তার অংশ বিশেষ বলতে কিছুই ছিল না। সবই ততক্ষণে সিংহদের পেটে চলে গেছে। কিন্তু কী ভাবে বোঝা গেল যে সিংহের  দল যাকে খেয়েছে সে এক শিকারি?

    এ প্রসঙ্গে পুলিশের এক কর্মকর্তা বলেন, সব তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে ওই লোকটা শিকারি ছিল। শুধুমাত্র মৃতের মাথা আর দেহের অল্প একটু অংশ ছাড়া কিছুই উদ্ধার হয়নি। তবে দেহের কাছে একটা শিকারি বন্দুক উদ্ধার হয়েছে। শিকারি বন্দুকের জন্যই মৃত ব্যক্তিকে শিকারি বলেই সন্দেহ হয়েছে পুলিশের।

    গত এক বছর ধরেই এই অঞ্চলে শিকারির সমস্যা ক্রমে বাড়ছিল। সিংহদের শরীরে কোনো ভাবে বিষ প্রয়োগ করে তাদের মেরে ফেলা হচ্ছিল। সিংহের পাশাপাশি শিকারিদের লক্ষ্য ছিল গণ্ডাররাও। গণ্ডারের খড়গ মূলত চীন, ভিয়েতনামে বিক্রি করা হয়।

  • ইসরায়েল পাগল হয়ে গেছে

    ইসরায়েল পাগল হয়ে গেছে

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক ও মিডিয়া উপদেষ্টা বাসিনা শাবান বলেছেন, ‘সিরিয়া কর্তৃক এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করায় ইসরায়েল পাগল হয়ে গেছে।’

    সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের ইসলামি বিপ্লববার্ষিকীর এক অনুষ্ঠানে রবিবার তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, এফ-সিক্সটিন জঙ্গিবিমানটি ইরান ভূপাতিত করেছে বলে ইসরায়েল অভিযোগ করছে। কিন্তু এ অভিযোগের কোনো ভিত্তি নেই। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই বিমানটি ভূপাতিত করেছে। শুধু জঙ্গিবিমান নয়, ইসরাইলের অনেক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। এজন্য ইসরায়েল এখন পাগল হয়ে গেছে। কারণ এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ইসরায়েলি যুদ্ধাস্ত্রগুলোর টিকে থাকার ক্ষমতা নেই।

    শনিবার সকালে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এফ-সিক্সটিন জঙ্গিবিমানকে ভূপাতিত করার পর তেল আবিব জনমতকে ধোঁকা দিতে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে।

    ইসরায়েল দাবি করছে, সিরিয়া নয় বরং ইরান জঙ্গিবিমানটি ভূপাতিত করেছে। তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

  • জায়গাটা নোংরা লাগছে; কাজ করতে ইচ্ছে করছে না: সুজন

    জায়গাটা নোংরা লাগছে; কাজ করতে ইচ্ছে করছে না: সুজন

    বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আমার কাজ করতে ইচ্ছেই করছে না। নোংরা লাগছে জায়গাটা।’ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে নিজের ক্ষোভ এভাবেই প্রকাশ করেছেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

    মূলত, ঘরের মাঠে লঙ্কানদের কাছে ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজের হারের পর সোশ্যাল মিডিয়ায় যে তীব্র সমালোচনা চলছে।  তাতেই ভীষণ ক্ষুব্ধ হয়েছেন সাবেক এই ক্রিকেটার।

    পাশাপাশি জাতীয় দলের দায়িত্ব নিতে চান না ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘খারাপ ফলের দায় আমি নিতেই পারি। আমাদের পরিকল্পনায় ভুল থাকতে পারে, আরও কিছু থাকতে পারে। কিন্তু আরও অনেক ঘটনা তো আসে মিডিয়ায়। আমার ওপরও অনেক দায় আসে। এটা আমি বোর্ডকে বলব। ব্যক্তিগতভাবে আমি একটুও আগ্রহী নই।

    নোংরা বিষয়টা ঠিক কেমন- জানতে চাইলে সুজন বলেন, ‘বলার কিছু নেই। আপনারাও জানেন, আমরাও জানি। নোংরা বলতে গেলে যে, মিডিয়ায় যেভাবে বলা হয়, আমাদের ক্রিকেটের একটা বড় অন্তরায় মিডিয়াও। আমরা এত ফিশি হয়ে যাচ্ছি আস্তে আস্তে, মিডিয়ার কারণে আমাদের ক্রিকেট আটকে আছে কিনা, সেটাও একটা প্রশ্ন এখন আমার কাছে।’

    সুজন ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘মিডিয়ায় এত বেশি আলোচনা হচ্ছে… আমার এটা মনে হচ্ছে, এত বছর ধরে ক্রিকেটে আছি, এত গসিপিং, এত কিছু ঠিক আছে। এসব হবেই। ভালো-খারাপ আসবেই। সবকিছুই আসবে। কিন্তু কিছু কিছু জিনিস নেতিবাচক হয়ে যাচ্ছে আমাদের ক্রিকেটের জন্য।’

    এদিকে মার্চে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ ‘নিদাহাস কাপ’ এ তিনি জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘এটা বোর্ড ঠিক করবে। কারণ বোর্ডই আমাকে এই দায়িত্ব দিয়েছে।  কাজ করব না, এই কথা আমি কখনোই বলতে চাই না। কিন্তু দেখা যাচ্ছে, কেউ কাজ করলেই বাঙালির সবচেয়ে বড় সমস্যা। দল হেরে যাওয়ার পরও যে আমি এই দেশে আছি, এটাই বড় কথা। চন্দিকা যখন প্রথম এসেছিল, আরও বড় বড় কোচ এসেছে, তখনও শুরুতে ফল খারাপ হয়েছে। কিন্তু এ রকম হয়নি।’

  • মাদারীপুরে জুট মিলে ভয়াবহ আগুন

    মাদারীপুরে জুট মিলে ভয়াবহ আগুন

    মাদারীপুর টিবি ক্লিনিক এলাকায় হায়দার কাজী জুট মিল প্রাইভেট লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বিকেলে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এতে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ সূত্র জানা যায়, বিকেলে মিলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত মিলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে মাদারীপুর ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, স্থানীয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    জুট মিলের পরিচালক কাজী মোক্তার জানান, আগুনে মিলে থাকা প্রায় দেড় লাখ মন পাট, প্রায় শতাধিক মেশিন ও ৩টি গোডাউন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

    পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে পুলিশ।