Author: banglarmukh official

  • গোপনে বিয়ে করলেন নুসরাত!

    গোপনে বিয়ে করলেন নুসরাত!

    ব্যাচেলর নয়। নুসরাত জাহান নাকি বিবাহিত। শোনা যাচ্ছে তেমনই। টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী নুসরাত জাহান কয়েক বছর আগে ডিসেম্বরেই নাকি বিয়ে সেরে ফেলেছেন। পাত্রের নাম ভিক্টর ঘোষ। তবে তারা কিন্তু জনসমক্ষে লিভ ইন রিলেশনশিপে আছেন বলে জানান।

    রাজ চক্রবর্তীর শত্রু ছবি দিয়ে টলিউডে আত্মপ্রকাশ নুসরাতের। তারপর টলিউডে একের পর এক ছবিতে সফল নুসরাত। ছবির শুটিংয়ের জন্য তাকে বিদেশ যেতে হত। তখন থেকেই নাকি ভিক্টরের সাথে তার পরিচয়। জামশেদপুরের ছেলে ভিক্টর। সিভিল অ্যাভিয়েশনে চাকরি করে সে। শোনা যায়, বিয়ের পর থেকে নাকি নুসরাত ও ভিক্টর বালিগঞ্জে ঘর বাঁধেন।

    ঘনিষ্ঠ সূত্রে খবর, ওরা বিবাহিত। ব্যক্তিগত ও পেশাগত কারণে নুসরাত সবার সামনে বিয়ের কথা স্বীকার করে না। কিন্তু ওদের সমস্ত ঘনিষ্ঠ বন্ধুরা বিয়ের কথা জানে। এমনকী, নুসরাতের বুকে ভিক্টরের নামের একটি ট্যাট্যুও রয়েছে।

    নুসরাত ও ভিক্টরকে যারা কাছ থেকে চেনে, তাদের মনে ওরা দুজনেই খুব সাপোর্টিভ। একদিকে যেমন নুসরাতের ফিল্ম নিয়ে মতামত জানান ভিক্টর, তেমনই ভিক্টরের রেস্তোরাঁর ব্যবসা সাপোর্ট করেন নুসরাত।

    টলিউডের এক প্রযোজকের সাথে জড়িয়েছে নুসরাতের নাম। কিন্তু তাতে নুসরাতের কিছু আসে যায় না। সবার কাছে ভিক্টরকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেন নুসরাত। ভিক্টরও তার ফেসবুক স্টেটাসে লিখে রেখেছেন, ‘ইন আ রিলেশনশিপ’।

    কিন্তু বিয়ের কথা অস্বীকার করেন নুসরাত। সবাইকে তিনি একটাই কথা বলেন, তারা খুব শিগগিরই বিয়ে করবেন। আর যখন বিয়ে করবেন, তখন সবাইকে জানিয়েই করবেন। অতএব এখন যেন গুজবে কান না দেওয়া হয়।

  • বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে ফের এমপি মোতাহারের মামলা

    বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে ফের এমপি মোতাহারের মামলা

    লালমনিরহাটে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকসহ ৪ জনের বিরুদ্ধে ফের মানহানির মামলা করেছেন এমপি মোতাহার হোসেন। রবিবার সকালে মোতাহার হোসেন বাদী হয়ে লালমনিরহাট আমলী-৪ আদালতে মামলাটি করেন।

    গত ২১ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় লালমনিরহাটে মোতাহার  সাম্রাজ্য’শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হলে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। প্রতিবেদনে উঠে আসে এমপি মোতাহার ও তার পরিবারের নানা অপকাহিনী। এই প্রতিবেদনের ফলে জেলার সর্বস্তরের মানুষ ও সুশীল সমাজ বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রতিবেদকদ্বয়কে অভিনন্দন জানালেও ক্ষুদ্ধ হন এমপি মোতাহার ও তার পরিবারের লোকজন।

    এরই জের ধরে সকালে মোতাহার হোসেন বাদী হয়ে লালমনিরহাট আমলী-৪ আদালতে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান রিমন ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বাদী পক্ষের শুনানী শেষে আদালতের বিচারক মোঃ আফাজ উদ্দিন আসামিদের বিরুদ্ধে আগামী ১৮ মার্চ আদালতে হাজির হওয়ার নিদেশ দিয়ে সমন জারি করেন।

    উল্লেখ্য, এর আগেও লালমনিরহাট-১ আসনের এই এমপি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিকের নামে একটি মানহানির মামলা দায়ের করেন। যে মামলাটি বর্তমানে আদালতে চলমান।

  • স্ত্রীকে খুন করে স্টোভে রান্না করল স্বামী!

    নারী বিদ্বেষী হওয়ায় নিজের প্রাক্তন স্ত্রীকে খুন করে, তার দেহ টুকরো টুকরো করে কেটে তা স্টোভে রান্না করেছে এক ব্যক্তি। নারকীয় এই ঘটনা ঘটেছে মেক্সিকোতে। নিহত ওই নারী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

    জানা গেছে, ওই নারীর প্রাক্তন স্বামী নারী বিদ্বেষী ছিল। সে কারণেই সে তার স্ত্রীকে নৃশংসভাবে খুন করে।

    তদন্তকারী গোয়েন্দাদের কাছ থেকে জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি ২৮ বছরের ম্যাগডালেনা আগুইলার রোমেরো তার সন্তানদের ট্যাস্কোতে তার প্রাক্তন স্বামীর বাড়ি থেকে আনতে যান। কিন্তু স্বামীর বাড়ি থেকে আর তিনি ফিরে আসেননি। পরে পুলিশ অভিযুক্ত সিজার লোপেজের বাড়ি থেকে নারীর দগ্ধ দেহ উদ্ধার করে।

    স্টোভের ওপর একটি পাত্রে নারীর টুকরো করা দেহাবশেষ পোড়া অবস্থায় পাওয়া যায়। কিছুটা দেহের টুকরো প্ল্যাস্টিক ব্যাগে করে ফ্রিজে রাখা ছিল, সেটাও উদ্ধার করে পুলিশ।

    পুলিশ ধারণা করছে, দেহটিকে টুকরো করে রান্না করা হয়েছিল। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

  • কক্সবাজারে জেমস বন্ডের নায়িকা

    কক্সবাজারে জেমস বন্ডের নায়িকা

    কক্সবাজারের উখিয়ার বালুখালি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জেমস বন্ডের ‘জিরো জিরো’ছবির নায়িকা মালয়েশিয়ান বংশোদ্ভূত মিশেল ইয়ো।

    শনিবার বিকেল সাড়ে ৪টায় বালুখালীর দুই ক্যাম্পে স্থাপিত স্বাস্থ্যসেবা ও ত্রাণ কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

    প্রসঙ্গত, রবিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান মালয়েশিয়ার চিফ অব ডিফেন্স ফোর্সেস রাজা মোহাম্মদ আফফানদি বিন রাজা মোহাম্মদ নুরসহ ৪৯ সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য হয়ে মিশেল ইয়োও রবিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

    হলিউড অভিনেত্রী মিশেল ইয়ো জেমস বন্ড সিরিজের পিয়ার্স ব্রসনানের সঙ্গে (টুমরো নেভার ডাইস- ১৯৯৭) অভিনয়ের মাধ্যমে আলোচিত হন। এছাড়া হলিউডের আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি বিশ্বব্যাপী প্রশংসা কুড়ান। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।

  • কখনো বলিনি ফেসবুক বন্ধ করে দেব : শিক্ষামন্ত্রী

    কখনো বলিনি ফেসবুক বন্ধ করে দেব : শিক্ষামন্ত্রী

    পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধ করে দেওয়ার কোনো কথা কখনো বলেননি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, এটা বন্ধ করার ক্ষমতাও আমাদের নেই। আমারা বিটিআরসির সাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য বা কয়েকঘণ্টার জন্য ফেসবুক বন্ধ রাখতে পারেন কি-না, সেটা নিয়ে আলাপ করেছি। বিটিআরসি জানিয়েছে, বিভিন্ন পদ্ধতিতে এসব প্রশ্ন আসে, তাই পরীক্ষার সময়টাতে তারা সেখানে লোক নিয়োগ করে রাখবেন।

    সংসদরে শীতকালীন অধিবেশনে রবিবারের বৈঠকে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। প্রশ্নকর্তা সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত শিক্ষামন্ত্রীর বক্তব্যের বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধের কথা বলেছেন। বিষয়টি সংসদে পরিষ্কার করতে বললে, এসময় শিক্ষামন্ত্রী বলেন, আমি এই কথা কখনো বলিনি যে, আমরা ফেসবুক বন্ধ করে দেবো। এই ক্ষমতাও আমাদের নেই। তিনি বলেন, পরীক্ষার সময় যদি কিছু হয়, তাৎক্ষণিকভাবে জানাবেন, সে অনুসারে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। আমরা কখনো বন্ধ করে  ফেলবো, এই কথা বলতে পারি না, আমাদের ক্ষমতাই নেই। বিটিআরসি বলেছে সহযোগিতা করবে, তারা বলেছে বন্ধ না করেও অন্যভাবে সহযোগিতা করবে। জনগণের ব্যাঘাত সৃষ্টির জন্য আমরা কিছু বলিনি।

    তিনি আরও বলেন, দেড় মাস ধরে এসএসসি-এইচএসসি পরীক্ষা হয়। এই দীর্ঘ দিন হাজার হাজার কেন্দ্রে পাহারা দিয়ে প্রশ্ন রাখা বড় কঠিন কাজ। প্রশ্নগুলো যখন স্কুলে পৌঁছায়, কিছু শিক্ষক আছেন, তারা প্রশ্ন বিলির আগে খুলে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে পাঠিয়ে দেন। আমরা এই জায়গাটায় আটকে গেছি। তাই বলেছি, বিটিআরসি’র (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সঙ্গে আলাপ করবো।

    প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ ১০ বছরের জেল
    মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা আইন-১৯৮০ (সংশোধিত ১৯৯২) এর ধারা ৪ অনুযায়ী প্রশ্ন ফাঁসে জড়িতদের অন্যূন ৩ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

  • কাঁদলেন ‘রাজা’ রজার

    রাজা’ রজার। ফের একবার টেনিস দুনিয়া সাক্ষী থাকল ‘যুবক’ রজার ফেদেরারের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের‌। যুবক এই কারণেই যে, ৩৬ বছর বয়সে এসে পাঁচ সেটের দুরন্ত লড়াইয়ের পর এখনও গ্রান্ডস্লাম জেতার ক্ষমতা দেখাতে পেরেছেন সুইস তারকা।

    রবিবার বছরের প্রথম গ্রান্ডস্লাম, অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেওয়া শুধু নয়, টেনিসগ্রহে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২০টি গ্রান্ডস্লাম জেতার রেকর্ডও গড়লেন এই তারকা খেলোয়াড়। তবে জেতার পর আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। আর তখন গোটা স্টেডিয়াম যেন কুর্নিশ জানাচ্ছে ‘রাজা’কে।‌

    কোর্টে যতই লড়াই করুন, পুরস্কার নিতে গিয়ে অবশ্য চোখের পানি আর ধরে রাখতে পারেননি সুইস তারকা। গোটা গ্যালারি যখন হাততালিতে ফেটে পড়ছে তখন চোখের পানি মুছতে মুছতেই ফেদেরার বলেন, এ যেন স্বপ্ন সত্যি হলো। আরও একটা গ্র্যান্ডস্লাম জয় যে কতটা স্পেশাল, সেটা বলে বোঝাতে পারব না। আর অস্ট্রেলিয়া ওপেন আমার কাছে সব সময় স্পেশাল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

  • ৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির সভা ডেকেছেন খালেদা

    ৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির সভা ডেকেছেন খালেদা

    আগামী ৩ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা আহ্বান করেছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া।

    বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান রবিবার  এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সভার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

    বর্ধিত সভায় নির্বাহী কমিটির সদস্য ছাড়াও চেয়ারপার্সসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি এতে উপস্থিত থাকবেন। তবে বৈঠকটি কোথায় হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

  • মাশরাফিকে জরিমানা

    মাশরাফিকে জরিমানা

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে লঙ্কান ওপেনার ধানুশকা গুনাতিলাকাকেও সতর্ক করা হয়েছে।

    তাদের উভয়ের বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মাশরাফিকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।এছাড়া একই সঙ্গে ধানুশকা ও মাশরাফির নামের পাশে ১টি ডি মেরিট পয়েন্ট যোগ হয়েছে।

    ম্যাচ শেষে ম্যাচ রেফারি ডেভিড বোনের কাছে দুই ক্রিকেটারই নিজেদের দোষ শিকার করে নেওয়ায় আর কোনও শুনানির প্রয়োজন হয়নি।

    উল্লেখ্য, ফাইনাল ম্যাচের লঙ্কান ইনিংসের ষষ্ঠ ওভারে কুসাল মেন্ডিসকে আউট করেন মাশরাফি। তাকে আউট করে উদযাপনটা বেশ কড়াভাবেই করেন মাশরাফি। আর বাংলাদেশ ইনিংসে তামিম আউট হওয়ার পর ধানুশকা তাকে প্যাভিলিয়নের পথ দেখান। ফলে তাকেও শাস্তি দেওয়া হয়।

  • ১০ বছরের ছেলেকে নির্মম নির্যাতন বাবার, ভিডিও ধারণ করলেন মা!

    মিথ্যা কথা নানা কারণে বাচ্চারা বলেই থাকে! ধরা পড়ে গেলে তার জন্য বরাতে জুটে গালমন্দ! কিন্তু বেঙ্গালুরুতে এই ১০ বছরের বাচ্চা ছেলেটির সাথে যা হল, কোনো দিক থেকেই কোনো কিছুর সাথে তার তুলনা চলে না। মায়ের কাছে মিথ্যা কথা বলার অভিযোগে অমানবিক নির্যাতনের শিকার হতে হলো তাকে।

    ঘটনাটি ঘটেছে মাস দুয়েক আগে। অনেক দিন ধরেই নাকি ছেলেটির স্বভাব খারাপ হতে শুরু করেছিল। বিভিন্ন কারণে ছেলেটি অনবরত মিথ্যা বলতো মাকে। বার বার করে তাকে সচেতন করে দেওয়া সত্ত্বেও না কি তার চৈতন্য হয়নি!

    ফলে, ঘটনাটি যে দিনের, সে দিন আর ভাগ্য তার সহায় হলো না। মায়ের কাছে গড়গড়িয়ে বলে যাওয়া মিথ্যা কথা শুনে ফেলল দারুণ রাগী বাবা! ব্যস, তার পর আর যায় কোথায়! মাকে ঘটনাটির ভিডিও করতে বলে ছেলেকে উত্তম-মধ্যম দিতে শুরু করল বাবা! যাতে পরের বার আর মারতে না হয়, স্রেফ ভিডিওটা দেখালেই কাজ চলে!

    আর এই নির্মমভাবে মারধরের জায়গা থেকেই শুরু হয়েছে ভিডিও। দেখা যাচ্ছে, একটা মোবাইল ফোনের চার্জার দিয়ে ছেলেটির হাতের পাতায়, গায়ে উন্মত্তের মতো প্রহার করে চলেছে বাবা। চিবুক ধরে তাকে তুলে ধরছে শূন্যে, আছাড়ের পর আছাড় মেরেই চলেছে!

    এখানেই শেষ নয়। ভিডিওতে দেখা যাচ্ছে, এক সময় শুরু হলো মাটিতে ফেলে লাথি মারার পর্ব। সাথে অনর্গল কানে আসবে বাচ্চাটির কান্না আর আর্তনাদ!

    বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ঘটনাচক্রে মাস দুয়েক আগে তোলা এই ভিডিওটি দেখে ফেলেন এলাকার এক দোকানদার। ছেলেকে নির্যাতনের এই ঘটনা শুধু ভিডিও করেই ক্ষান্ত থাকেননি দম্পতি, তা আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়াতেও। তারপর তিনি ওই ভিডিওটি নিয়ে দ্বারস্থ হন এক স্বেচ্ছাসেবী সংস্থার এবং তাদের সহায়তায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতির নামে।

    বেঙ্গালুরু পুলিশের পশ্চিম বিভাগের ডেপুটি কমিশনার এম এন অনুচৈত জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ছেলেটির বাবাকে গ্রেফতার করে। এছাড়া জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৮২ নম্বর ধারা অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সূত্র: এনডিটিভি

  • খালেদা জিয়ার সাজা নিশ্চিত- পটুয়াখালীতে নৌমন্ত্রী

    খালেদা জিয়ার সাজা নিশ্চিত- পটুয়াখালীতে নৌমন্ত্রী

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রসঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপির অভিজ্ঞ আইনজীবীরা মামলা পরিচালনা করতে গিয়ে জেনে গেছেন খালেদা জিয়ার সাজা নিশ্চিত। কেয়ারটেকার সরকারের আমলে করা মামলায় আদালত রায় দেবে। এখানে সরকারের কিছু নেই।

    রোববার পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দরের সার্ভিস জেটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ওয়ার হাউসের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    নৌমন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ বুঝে গেছে দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়ার সাজা হবে। এ কারণে বিএনপি বলছে সরকার মামলার রায় আগে থেকে নির্ধারণ করে রেখেছে। তবে বিএনপির এ কথার কোনো ভিত্তি নেই। এর আগে বন্দর সংশ্লিষ্ঠদের সঙ্গে নিয়ে ২১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ২৬৯ টাকা ব্যয়ে ৮০ মিটার দীর্ঘ একটি সার্ভিস জেটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং ২০ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৭৩২ টাকা ব্যয়ে ১ লাখ বর্গফুট আয়তনের ওয়ার হাউসের শুভ উদ্বোধন করেন নৌমন্ত্রী।

    এছাড়াও প্রশাসনিক ভবন, শেখ হাসিনা ফোর লেন সড়কসহ পায়রা বন্দরের চলমান বিভিন্ন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য মাহাবুবুর রহমান তালুকদার, পায়রা বন্দর চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।