Author: banglarmukh official

  • মুসলিম বিরোধী টুইটের জন্য ক্ষমা চাইবেন ট্রাম্প

    মুসলিম বিরোধী টুইটের জন্য ক্ষমা চাইবেন ট্রাম্প

    মুসলিমবিরোধী একটি টুইটের জন্য ক্ষমা চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    আইটিভি নামের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আপনারা যদি বলেন যে তারা খুবই ভয়ংকর, ভয়ংকর বর্ণবাদী হন তাহলে তাদের ভিডিও শেয়ার করার জন্য আমি ক্ষমা চাইবো। আর আমার টুইটে যদি কেউ দু:খ পেয়ে থাকেন তাদের কাছেও আমি ক্ষমা চাইবো।

    উল্লেখ্য, গত নভেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের কট্টরপন্থীদের একটি ভিডিও শেয়ার করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এমনকি ব্রিটিশ সরকারও এই ধরনের কর্মকান্ডের নিন্দা জানায়। তবে এই প্রথম কোনো টুইটে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প।

  • রাশিয়ার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা

    রাশিয়ার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা

    ক্রিমিয়া প্রজাতন্ত্রে বাণিজ্যিক পণ্য পাঠানোর অভিযোগে রাশিয়ার আরো কিছু ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়  এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় এখন নতুন করে আরো ২১ জন রুশ কর্মকর্তা ও নয়টি রুশ কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এসব ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ, তারা ক্রিমিয়া প্রজাতন্ত্রে জার্মানির সিমেন্স কোম্পানির তৈরি গ্যাস টার্বাইন সরবরাহ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার উপ জ্বালানিমন্ত্রী আন্দ্রে চেরেজোভ রয়েছেন।

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রতিহত করার লক্ষ্যে রাশিয়া ‘সতর্ক ব্যবস্থা’ গ্রহণ করবে।

  • পাকিস্তানে শিশু পর্নোগ্রাফি চক্রের মূল হোতা মন্ত্রীরা

    পাকিস্তানে শিশু পর্নোগ্রাফি চক্রের মূল হোতা মন্ত্রীরা

    পাকিস্তানে শিশু পর্নোগ্রাফি চক্রের মূল হোতা দেশটির পাঞ্জাব প্রদেশের এক মন্ত্রী। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন প্রভাবশালী নেতা ও কর্মকর্তা। সম্প্রতি দেশটির কাসুর শহরে ৬ বছর বয়সী শিশু জয়নাবকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডেও ওই চক্র দায়ী বলে ধারণা করা হচ্ছে।

    শিশু জয়নাবকে ধর্ষণ এবং হত্যায় জড়িত সন্দেহে আটক মোহাম্মদ ইমরান আলি ওই মন্ত্রীর অপরাধচক্রের অন্যতম সহযোগী।

    বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিমকোর্টে এমন সব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। কিন্তু কে সেই মন্ত্রী বা কারা তার সহযোগী, তাদের পরিচয় প্রকাশ করেননি সুপ্রিমকোর্ট।

    পাকিস্তানের টিভি উপস্থাপক ড. শহিদ মাসুদ দাবি করেন, জয়নাব হত্যার প্রধান সন্দেহভাজন ইমরান পাকিস্তানের একজন কেন্দ্রীয় মন্ত্রীসহ প্রভাবশালী এক গোষ্ঠীর সমর্থনপুষ্ট। সরকারিমহলের কোনো নেতার বিরুদ্ধে এমন গুমর ফাঁস করে দেয়ায় জীবন সংশয়ে রয়েছেন ড. শহিদ। এমনকি তার আশঙ্কা, পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই ইমরানকে হত্যা করা হতে পারে।

    উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কোরআন ক্লাস শেষে বাসায় ফেরার পথে পাঞ্জাবের কাসুর শহর থেকে জয়নাবকে অপহরণ করা হয়। সেসময় বাবা-মা ওমরাহ পালন করতে সৌদি আরবে থাকায় খালার কাছে ছিল সে। ৯ জানুয়ারি শাহবাজ খান রোডে আবর্জনার স্তূপ থেকে জয়নাবের লাশ উদ্ধার করে পুলিশ।

  • বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল

    বরিশাল নগরী এবং উজিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। শুক্রবার সকালে নগরীর নতুন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় প্রবীণ শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী (৬৫) এবং গত বৃহস্পতিবার রাতে উজিরপুরে নিহত হয় স্কুল ছাত্রী ফাতেমা আক্তার (১১)।

    বিশ্বনাথ নগরীর অমৃত লাল দে সড়কের ঝাউতলা প্রথম গলি এলাকার বাসিন্দা। সে কোন স্কুলের শিক্ষক না হলেও প্রাইভেট পড়িয়ে নগরীতে সুনাম কুড়িয়েছেন।

    বিশ্বনাথের পারিবারিক সূত্র থেকে জানায়, শুক্রবার সকালে নতুনবাজার সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় বিশ্বনাথ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    শেরেবাংলা মেডিকেলের জরুরী বিভাগের ডা. দাস রনবীর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হলে পঞ্চমতলার সার্জারি ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এদিকে গত বৃহস্পতিবার রাতে উজিরপুরের মূলপাইন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে নিহত ফাতেমা স্থানীয় শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও উজিরপুর পৌর এলাকার বাসিন্দা রহমান সেরনিয়াবাতের মেয়ে।

    স্থানীয়রা জানায়, উজিরপুরের বড়কোঠায় কুলখানীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের ইজিবাইকে বাড়িতে ফিরছিলেন বাবা ও মেয়ে। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ফাতেমা গুরুতর আহত হয়। তাকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যায়।

  • মেয়র নির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাই সাদিক আবদুল্লাহকে : নগরবাসীর মুখে একটাই কথা

    মেয়র নির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাই সাদিক আবদুল্লাহকে : নগরবাসীর মুখে একটাই কথা

    শেখ সুমন :

    বরিশাল মেয়র নির্বাচনের বেশি দিন বাকি না থাকলেও তবে কাকে নগর পিতা বানাবে এনিয়ে ভাবতে বাধানেই কারো। একের পর এক মানুষের মন জয় করে নিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র -এমপি’র ছেলে সাদিক আবদুল্লাহ।

    মেয়র নির্বাচন আসতে না আসতেই নগরীতে সবার মুখে মুখেই শোনা যায় আগামীর নগর পিতা সাদিক আবদুল্লাহ। বয়সে তরুণ হলেও রাজনীতিতে যেন মহা নায়ক। যেমন রাজনীতির কৌশল তেমন জনগণের ভালোবাসা পাওয়ার যোগ্যতার কৌশল ঠিক যেন এক বরিশালের উন্নয়নের আরেক নক্ষত্র তিনি। অল্প দিনেই রাজনৈতিক যোগ্যতা অনুযায়ী গতবছরে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয় সাদিক আবদুল্লাহ।

    বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ যে একজন যোগ্য বা দক্ষ নেতা তা নেতৃত্বের মাধ্যমে ইতোমধ্যে প্রমাণ দিয়েছেন।মহানগর আওয়ামীলীগ এর সহযোগী সকল সংগঠন এর তৃনমুল নেতাকর্মীরা সাদিক আবদুল্লাহ,র নেতৃত্বে এখন শক্তিশালী অবস্থান এ ।মাসব্যাপী ৩০টি ওয়ার্ড এর সকল তৃনমুল নেতাকর্মীর সাথে পর্যায়ক্রমে কর্মিসভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সম্পাদন করে নেতাকর্মীর মাঝে নিজের অবস্থান দৃঢ় করেছেন ।

    ফলে বরিশাল আওয়ামীলীগ যে আগের থেকে এখন অনেক শক্তিশালি তা আর বলার অপেক্ষা রাখে না। যে বিষয়টি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবগত রয়েছেন। এই বিশেষ কারণে সাদিকের তুখোর নেতৃত্বের বিষয়টি নিয়ে হাইকমান্ডে প্রায়শই আলোচনা শোনা যায়।

    ইতিমধ্যে বরিশাল মহানগর আওয়ামীলীগ ও ৩০টি ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ সকলের সর্বসম্মতিক্রমে রেজুলেশন এর মাধ্যমে সাদিক আবদুল্লাহ কে মেয়র পদে দলীয় মনোনয়ন এর জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগ এর বরাবর আবেদন পাঠিয়েছেন ।

    তার রাজনৈতিক দক্ষতা আর ভালবাসা দেখে নগরবাসীর মুখে একটাই কথা আগামী মেয়র নির্বাচনের দলীয় প্রার্থী হিসেব দেখতে চাই সাদিক আবদুল্লাহকে।

  • রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

    একুশতম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকেলে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

    ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি  জাতীয় সংসদের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর আগে, আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এছাড়া মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৭ ফেব্রুয়ারি। এরপর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।

    প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৮। দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচনে এমপিরাই ভোট দিতে পারবেন। কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চাইলে কোনো সংসদ সদস্যের সমর্থনেই মনোনয়ন নিতে হয়। আর সিইসি সে নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তার ভূমিকা পালন করবেন।

  • মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী আজ

    মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী আজ

    বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)। মধু কবি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।

    মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।

    মধুকবি তার বিশাল প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাংলা সাহিত্যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই। অসাধারণ প্রতিভাধর এই কবি তার সৃষ্টিশীলতায় বাংলা সাহিত্যের ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর।

    মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত কলকাতায় ওকালতি করতেন। মা জাহ্নবী দেবী সাধ্বী ও গুণশালিনী নারী ছিলেন। মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয় সাগরদাঁড়িতেই। ১৩ বছর বয়সে মধুসূদন চলে যান কলকাতায়। ধর্মান্তরিত হলে মাইকেল মধুসূদনকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হতে হন। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় কপর্দকশূন্য করুণ অবস্থায় মৃত্যু হয় কবির।

    বিস্ময়কর প্রতিভার অধিকারী মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবির জন্মভিটা সাগরদাঁড়িতে ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা। শেষ হবে ২৬ জানুয়ারি। মেলার সমাপনী দিনে মধুসূদন পদক প্রদান প্রদান করা হবে। মধুমেলা উপলক্ষে সাগরদাঁড়ি সেজেছে বর্ণিল সাজে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোরের জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ উপলক্ষে দেয়া এক বাণীতে বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। জন্মভূমির প্রতি কবির গভীর অনুরাগ আগামী প্রজন্মের জন্য দেশপ্রেমের চিরন্তন উৎস হয়ে থাকবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে দেয়া এক বাণীতে বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। কালজয়ী এ সাহিত্যিকের লেখনীতে ফুটে উঠেছে বাঙালির স্বাধীনচেতা মনোভাব।

    ১৯৭৩ সাল থেকে মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়িতে তার জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়ে থাকে। ২০ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

  • দুধের কিছু অজানা ব্যবহার

    দুধের কিছু অজানা ব্যবহার

    যে কোনো বয়সে সুস্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম ও প্রোটিনসমৃদ্ধ দুধ অনেক বেশি কার্যকরী। তবে দুধের অন্য অনেক ব্যবহার আছে যা আমাদের কাছে অজানা। হ্যাঁ, পান করা বা মজাদার খাবার তৈরি করা ছাড়াও দুধের আরও কিছু ভিন্ন ব্যবহার আছে।

    ১। পোকার কামড় সারিয়ে তুলতে
    যে কোনো পোকার কামড় ব্যথাময়। পোকার এই ব্যথা জ্বালাপোড়া সারিয়ে তুলতে পারবেন দুধ দিয়ে। দুধ এবং লবণ দিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি পোকার কামড়ের স্থানে লাগান। এই মিশ্রণটি ত্বকের চুলকানি কমানোর পাশাপাশি ফোলাভাব কমিয়ে দেবে।

    ২। চামড়ার জিনিস চকচকে করতে
    চামড়ার জিনিসপত্র দ্রুত উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এই উজ্জ্বলতা ফিরে আনতে দুধের জুড়ি নেই। একটি কাপড় দুধে ভিজিয়ে সেটি দিয়ে চামড়ার জিনিসপত্র মুছে ফেলুন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেল দেখবেন আগের মত সাইন করছে।

    ৩। আসবাবপত্র পরিষ্কার করতে
    স্প্রে বোতলে দুধ এবং লেবুর রস একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। কাঠের আসবাবপত্রের উপরে স্প্রে করুন। দুধ আসবাবপত্র থেকে ধুলাবালি ময়লা দূর করে আসবাবপত্রে উজ্জ্বলতা বৃদ্ধি করে।

    ৪। ফ্রিজে রাখা মাছের স্বাদ ফিরিয়ে আনতে
    অনেক সময় ডিপ ফ্রিজে কাঁচা মাছ রয়ে যায়। বেশিদিন ফ্রিজে থাকার ফলে মাছের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই সমস্যা দূর করে দেবে দুধ। ফ্রিজ থেকে মাছ বের করে ঠান্ডা ছাড়িয়ে মাছ দুধ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর রান্না করুন। দেখবেন মাছের স্বাদ ফিরে এসেছে এবং গন্ধও নেই একেবারে।

    ৫। কাপড় থেকে দাগ তুলতে
    কাপড় থেকে দাগ তুলতে ব্যবহার করতে পারেন দুধ। কিছুটা অদ্ভুত শোনালেও দুধ দাগ দূর করতে বেশ কার্যকর। কলমের কালি দাগের উপর কিছুটা দুধ দিয়ে দিন কিছুক্ষণ ঘষুন। এই দুধে কাপড়টি সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ধুয়ে ফেলুন।

    সূত্র: রেমিডিস এন্ড হার্বস

  • নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

    নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

    পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থার বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

    বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। যা আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে দায়িত্ব পালনকারী আইজিপি এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদও শেষ হচ্ছে ওইদিন।

    ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাবেদ পাটোয়ারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন ১৯৮৬ সালে। ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা চাকরিতে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে বর্তমানে পুলিশের সর্বোচ্চ পদের এক ধাপ নিচে অতিরিক্ত মহাপরিদর্শক পদে কর্মরত। তার চাকরির মেয়াদ ২০২০ সালের এপ্রিল পর্যন্ত।

    এর আগে, ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে যথেষ্ট পরিচিতি রয়েছে তার। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের ওপর লেখা গ্রন্থ কারাগারের রোজনামচার বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

  • জাপানের আকাশে রহস্যময় ধোঁয়া!

    জাপানের আকাশে রহস্যময় ধোঁয়া!

    জাপানের কিউশু দ্বীপে সম্প্রতি অদ্ভুত এক আকাশযান দেখতে পান স্থানীয়রা। রাতের আকাশে অজানা এক আকাশযান পুরো আকাশে আলোর রেখা টেনে চলে যায়। ভোরের আলো ফোটা পর্যন্ত সেই রহস্যময় ধোঁয়ার রেখা দেখতে পান স্থানীয়রা।

    আর সেই দৃশ্যকে ঠিকই ধরে রেখেছেন স্থানীয়রা। এদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছেড়েও দেন। এরপরই ভাইরালে পরিণত হয় ঘটনাটি।

    এ ব্যাপারে অনেকেই অনেক মন্তব্য করেছেন। তবে অধিকাংশের মতামত ছিল এটা ভিনগ্রহের যান না হয়েই যায় না! আবার অনেকের মতে, এটা যুদ্ধবিমান। প্রচণ্ড গতিতে যাওয়ায় পেছনে ধোঁয়ার রেখা ফেলে গেছে।

    তবে আবহাওয়া সংবাদে বলা হয়, ওই রাতে কিমোটসুচি শহরের কাছে অবস্থিত ‘উচিনোরা স্পেস সেন্টার’ থেকে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এপসিলন ৩ (Epsilon-3) নামের রকেটটি মহাকাশে পাড়ি দেয়।

    অবশ্য কেউ কেউ বলেছিলেন, সেই রকেট সন্ধ্যায় উৎক্ষেপণের কথা! তাহলে এতো রাতে কেন তার ধোঁয়া দেখা যাবে? এ ব্যাপারে মহাকাশ সংস্থা জানায়, সেদিন খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে রকেটটিকে উৎক্ষেপণ করা হয়।