Author: banglarmukh official

  • রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার

    রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার

    রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঘোষণা করা হবে। বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকেদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

    তিনি বলেন, আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৮ জন। সংসদ সদস্য ৩৫০ জন হলেও মৃত্যু জনিত কারণে দুটি আসন শূন্য রয়েছে।

    এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছে ভোটার তালিকা চেয়ে চিঠি দেয়া হয়। কমিশনের পক্ষ থেকে বলা হয় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। ২৫ জানুয়ারি কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর তারিখ ঘোষণা করা হবে।

    জানা গেছে, আজ (২৪ জানুয়ারি) থেকে ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে বৈঠক ডাকা হয়েছে।

    ইসির প্রস্তুতির মধ্যেই গত সোমবার রাতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে ইসির কাছে জানতে পেরেছি।

    স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৯ মেয়াদে ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সে হিসেবে আবদুল হামিদ এ পদে সপ্তদশ ব্যক্তি।

    সংশ্লিষ্টরা জানান, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেয়া বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ চলতি বছরের ২৩ এপ্রিল শেষ হবে।

    সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে ওই পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।

  • হেসে উঠলেন দু’মাস পর কবর থেকে তোলা মৃত সন্ন্যাসী

    হেসে উঠলেন দু’মাস পর কবর থেকে তোলা মৃত সন্ন্যাসী

    ২০১৭ সালের ১৬ নভেম্বর তার মৃত্যু হয়। সে সময় পূর্ণ মর্যাদায় তাকে সমাহিতও করা হয়। কিন্ত ঠিক দু‌’মাস পর কবর থেকে তোলা হয় তার দেহ। আর তখনই হেসে উঠেন থাইল্যান্ডের ব্যাংকক শহরের বৌদ্ধ ভিক্ষু লুয়াং ফোর পুয়ান।

    জন্মসূত্রে কম্বোডিয়ান এই সন্ন্যাসী তার জীবনের সিংহভাগ অতিবাহিত করেন মধ্য থাইল্যান্ডের লোপবুরি মঠে। আধ্যাত্মিক গুরু হিসেবে তার বিপুল খ্যাতিও ছিল। ৯২ বছর বয়সে তার মৃত্যু ঘটলে তাকে পূর্ণ মর্যাদায় মঠেই সমাহিত করা হয়।

    এর দু’মাস পরে ধর্মীয় রীতি মেনেই তার দেহ কবর থেকে তোলা হয়। তার ভক্তরা দেখেন, এই দু’মাস তার দেহ প্রায় অবিকৃত রয়েছে। এবং তার মুখে এক আশ্চর্য হাসি লেগে রয়েছে, যা তার প্রয়াণের সময়ে ছিল না।

    তার দেহকে যখন ধর্মীয় আচারের জন্য ভক্তদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই তার মুখে এই সৌজন্যমূলক হাসি ফুটে ওঠে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘দ্য মিরর’-এর এক প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে।

    এদিকে, থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পিয়ানের দেহকে দেখে মনে হচ্ছিল বড়জোর ৩৬ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।

    বৌদ্ধ তত্ত্বকে সামনে রেখে ভক্তরা বলছেন, পিয়ান প্রকৃতই নির্বাণ লাভ করেছেন। এই হাসিই তার প্রমাণ। প্রয়াণ থেকে ১০০ দিন পরে আবার তাকে সমাহিত করা হবে। ততদিন চলবে ভক্তদের নিরবচ্ছিন্ন প্রার্থনা।

  • স্ত্রীর ভালোবাসাকে সম্মান জানাতে কুকুরদের হাসপাতাল গড়ছেন মমতার মন্ত্রী

    স্ত্রীর ভালোবাসাকে সম্মান জানাতে কুকুরদের হাসপাতাল গড়ছেন মমতার মন্ত্রী

    স্ত্রী কুকুরকে খুব ভালবাসতেন। কিন্তু তিনি আজ আর ইহলোকে নেই। তাই প্রয়াত স্ত্রী’এর ভালবাসাকে সম্মান জানাতেই কুকুরদের হাসপাতাল গড়ছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। কলকাতায় ওই হাসপাতাল তৈরির কাজ ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। মন্ত্রী নিজেই ওই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। স্ত্রী’এর নামেই ওই হাসপাতালের নাম রাখা হয়েছে ‘বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল পেট হসপিটাল’।

    উল্লেখ্য ২০১৭ সালের ২৬ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার ইএম.বাইপাশের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন মন্ত্রী পার্থ চ্যাটার্জির স্ত্রী বাবলি। মৃত্যুর সংবাদ শুনে ওইদিন সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ সরকারের শীর্ষ মন্ত্রীরা।
    স্ত্রী বাবলি কুকুরকে খুব ভালবাসতেন, তাই স্ত্রীর মৃত্যুর পরই তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই কুকুরদের জন্য হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেন মন্ত্রী। তিনি জানান, ‘আমার স্ত্রী ছিলেন একজন প্রকৃত কুকুরপ্রেমী। তিনি কুকুরদের খুব ভালবাসতেন। অসুস্থ কুকুরদের তিনি নিজে চিকিৎসকদের কাছে নিয়ে যেতেন এবং তাদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতেন। এটা দেখেই আমি কুকুরদের জন্য হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিই, যাতে আমার স্ত্রীর স্মৃতিগুলো জীবন্ত থাকে’।

    পুরনো দিনের কথা স্মরণ করে মন্ত্রী জানান, ‘গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে কোন কোন দিন যখন অনেক রাত করে বাড়িতে ফিরতাম, সেসময় বাড়ির পোষা কুকুরটি আমার বিছানায় শুথে থাকতো, ফলে আমাকে বিছানার বদলে মেঝেতে শুতে হয়েছিল’।

    মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী জানান, ‘কলকাতায় পশু হাসপাতালের স্বল্পতা রয়েছে। আমার স্ত্রী প্রায়ই এই বিষয় নিয়ে আমাকে বলতেন। ট্রাস্টের সদস্যরা আমার সঙ্গে ও পশু চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমি তাদেরকে নিশ্চিত করেছি যে কুকুরদের সবচেয়ে ভাল চিকিৎসাই এখানে দেওয়া হবে’।

    ২০১১ সালের ২০ মে পার্থ চ্যাটার্জি ক্য্যবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন মমতার মন্ত্রিসভায়, তাঁকে দেওয়া হয় শিল্প ও বাণিজ্য, তথ্য প্রযুক্তি, সংসদীয় মন্ত্রণালয়ের দায়িত্ব। ওই বছরেই রাজ্য বিধানসভায় তৃণমূলের ডেপুটি লিডার নির্বাচিত করা হয়। ২০১৬ সালে মন্ত্রিসভায় রদবদলের সময় উচ্চশিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় পার্থ চ্যাটার্জিকে।

  • প্রয়াত মেয়র আনিসুল হকের বাবা আর নেই

    প্রয়াত মেয়র আনিসুল হকের বাবা আর নেই

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাবা শরিফুল হক (৯৫) আর নেই (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সিএমএইচ-এ তিনি মৃত্যুবরণ করেন।

    এদিকে, সেনাবাহিনীর প্রধানের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    বুধবার দুপুরে পাঠানো এক শোক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

  • ম্যারাডোনা নয়, মেসিই সেরা : আর্জেন্টাইন প্রেসিডেন্ট

    ম্যারাডোনা নয়, মেসিই সেরা : আর্জেন্টাইন প্রেসিডেন্ট

    আর্জেন্টিনার ইতিহাসে সেরা ফুটবলার কে? ব্যাপারটি নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। ফুটবলাপ্রেমীদের নিরন্তর বিতর্কের উৎস এই প্রসঙ্গটি। কেউ মেসিকে আর আবার কেউ ম্যারাডোনা কে এগিয়ে রেখেছেন।

    আর্জেন্টিনার নাগরিকরা হয়তো ম্যারাডোনাকেই এগিয়ে রাখবেন। কারণ, তিনিই দেশটির হয়ে জিতেছেন বিশ্বকাপ। সে হিসেবে মেসি বাকি সব জিতলেও দেশের জন্য যে কিছুই জিততে পারেননি। এতো কিছুর ধার ধারেন না স্বয়ং আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিও মাক্রি।

    তাইতো প্রেসিডেন্ট মাওরিসিও মাক্রি বলেছেন, আর্জেন্টিনার ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসিই। ২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে কূটনীতিক সফরে রাশিয়ায় পা রেখেছেন মাক্রি। সেখানেই ফুটবল নিয়ে নানা কথা বলেন তিনি। এক পর্যায়ে মেসি-ম্যারাডোনার তুলনা টানতে গিয়ে মেসিকেই সেরা বলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

    রাশিয়ার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কাছে মেসিই সেরা। আগের চেয়ে এখন ফুটবলে সেরা হওয়া অনেক কঠিন। এর অন্যতম কারণ ফুটবলের গতি এবং খেলার ধরণ।

  • পাকিস্তানের মাটিতে ট্রাম্পের ড্রোন হামলা

    পাকিস্তানের মাটিতে ট্রাম্পের ড্রোন হামলা

    আর্থিকভাবে সাসপেন্ড করার পর এবার পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। সেই হামলায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার পাকিস্তানের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

    এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চলের দাপা মামোজাই নামে একটি গ্রামে ড্রোন হামলা চালায় আমেরিকা। আহসান খোরাই, নাসির মেহমুদ নামে দুই হাক্কানি নেটওয়ার্কের জঙ্গি নিহত হয়েছেন।

    গত বছর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর একাধিকবার আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। চলতি মাসের শুরুতেই এক ড্রোন হামলায় এক ব্যক্তি আহত হয়, এছাড়া গত বছরের ২৬ ডিসেম্বর আরও হামলায় আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে।

    পাকিস্তানে হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবারই চাপ দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি পাকিস্তানের জন্য বরাদ্দও কমিয়ে দিয়েছে আমেরিকা।

  • ঢাবির ঘটনায় যারাই জড়িত থাক আইনের আওতায় আনা হবে

    ঢাবির ঘটনায় যারাই জড়িত থাক আইনের আওতায় আনা হবে

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য কার্যালয়ে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাক সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বুধবার বেলা ১১টায় রাজধানীর মা‌নিক মিয়া এভিনিউয়ে বিআর‌টিএ’র মোবাইল কোর্ট প‌রিদর্শনকা‌লে এ কথা জানান তিনি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা খতিয়ে দেখা হবে জানিয়ে ওবায়দুল কা‌দের ব‌লেন, উপাচার্যকে অবরুদ্ধ ক‌রে হামলার চেষ্টা হ‌য়ে‌ছি‌ল। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার ক‌রে‌ছে।

    তিনি জানান, উবার, স্যাম, পাঠাও এসব নতুন প্রযুক্তির প‌রিবহন সু‌বিধাগু‌লোর বিষয়ে নী‌তিমালা পাস হ‌য়ে‌ছে। এতে সিএন‌জি অটোরিকশায় মিটার ব্যবহা‌রের প্রবণতা বাড়‌বে।

  • ঢাবিতে ছাত্রলীগ যা করেছে তা আওয়ামী লীগের চরিত্র’

    ঢাবিতে ছাত্রলীগ যা করেছে তা আওয়ামী লীগের চরিত্র’

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ যা করেছে তা আওয়ামী লীগের চরিত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে কবর জিয়ারত করতে গিয়ে বুধবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

    ফখরুল অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রমাণ করে, এটিই আওয়ামী লীগের চরিত্র। দেশের সব জায়গায় ছাত্রলীগ এমন করছে।

    এর আগে, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • মেয়েকে এপিএস করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

    মেয়েকে এপিএস করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

    কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার কন্যা বেগম কানিজ ফাতেমাকে (চৈতী)। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।  প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কানিজ ফাতেমাকে নিয়োগ দেওয়া হয়েছে।

  • জাবি ছাত্র জুবায়ের হত্যায় ৫ জনের ফাঁসি বহাল

    জাবি ছাত্র জুবায়ের হত্যায় ৫ জনের ফাঁসি বহাল

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট।

    বুধবার দুপুরে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

    এর আগে, এই মামলায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত।

    মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদ ছাত্রলীগের কোন্দলে প্রতিপক্ষের হামলায় নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তিনি মারা যান। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

    একই বছরের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।