Author: banglarmukh official

  • বরিশালে সুন্দরবনের তিন দস্যু বাহিনীর  আত্মসমর্পন

    বরিশালে সুন্দরবনের তিন দস্যু বাহিনীর আত্মসমর্পন

    সুন্দরবনের অন্যতম সক্রিয় জলদস্যু ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন বাহিনীর ৩৮ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। ফলে ২১ মাসে ছোট-বড় মিলে মোট ১৭ জলদস্যু বাহিনী র‌্যাব-৮ এর কাছে আত্মসমর্পণ করলেন।

    মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা পৌনে ৪ টায় বরিশাল শহরের রূপাতলীর র‌্যাব-৮ এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে এ তিন বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

    বরিশাল র‌্যাব অফিস সূত্র জানিয়েছে, সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে জলদস্যু ‘বড় ভাই’ বাহিনীর প্রধান মো. আব্দুল ওয়াহিদ মোল্লা, ভাই ভাই বাহিনীর প্রধান মো. ফারুক মোড়ল ও সুমন বাহিনীর প্রধান মো. জামাল শরিফ সুমনসহ ৩৮ সদস্য আত্মসমর্পণ করেছেন।

    আত্মসমর্পণকারীদের মধ্যে ‘বড়ভাই’ বাহিনীর বাচ্চু শেখ (৩৫), মাহামুদ হাসান (২৩), মো. রফিকুল ইসলাম (৪২), ওলি ইজারাদার (৩১), গোলাম মাওলা (৫০), অলিয়ার শেখ (৫০), বরকত আলী শেখ (৫০), রেজাউল মোল্লা (৪৫), রিপন শেখ (৩১), খালিদ ইজারাদার (৪০), মিকাইল ইজারাদার (৩১), বায়েজিদ মোল্লা (৩৪), লিটন আলী ইজারাদার (৩১), মাজেদ ইজারাদার (৫০), এসএম মেহেদি হাসান মিলন (৩১), আব্দুল মজিদ ভাঙ্গী (৫৫) ও ইউনুস আলীসহ (৩২) মোট ১৮ সদস্য।

    ‘ভাই ভাই’ বাহিনীর রেজাউল সানা (৫০), অনিমেষ বাড়ৈ (২৪), কুতুব উদ্দিন গাজী (৩০), ইমদাদুল হক (২৮), আলমগীর হাওলাদার (৩২), আলামিন হাওলাদার (৩০) ও হাবিবুর রহমান সিকদারসহ (৩২) আট সদস্য।

    ‘সুমন’ বাহিনীর কাইয়ুম জোমাদ্দার (২৯), আলামিন মৃধা (৪০), জামাল তালুকদার (৩৫), রাজা ফরাজি (২৫), আলামিন খাঁ (২৫), মো. রফিকুল (৪১), আকরাম হোসেন গাজী (৩১), জুয়েল রানা (৩০), আবুল কালাম শেখ (৬০), মিলন হাওলাদার (২২) ও ছমির তালুকদারসহ (৪৫) মোট ১২ সদস্য আত্মসমর্পণ করেছে।

    আত্মসমর্পণকারীরা সবাই খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা। এদের কাছ থেকে দেশি-বিদেশি ৩৮ টি আগ্নেয়াস্ত্র এবং সকল প্রকার অস্ত্রের ২ হাজার ৯৬৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবাররুদ উদ্ধার করা হয়।

    এর মধ্যে ১৪ টি বিদেশি একনালা ও ৯ টি দোনালা বন্দুক, ৩ টি পয়েন্ট ২২ বোর বিদেশি রাইফেল, ৬ টি বিদেশি এয়ারগান, ৫ টি পাইপগান ও ১ টি বিদেশি কাটা রাইফেল রয়েছে।

    বরিশাল র‌্যাবের উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন’ বাহিনী সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মংলা, শ্যালাগাং, হারবাড়িয়া, ভদ্রা, পশুর নদী এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে সক্রিয় জলদস্যু বাহিনী। এসব অঞ্চলের বনজীবী ও জলজীবী সাধারণ মানুষ তাদের টার্গেট ছিলো। বিভিন্ন জলদস্যু/ডাকাত বাহিনী র‌্যাবের হাতে নিস্ক্রিয় হওয়ার পাশাপাশি, র‌্যাব-৮ এর ক্রমাগত একাধিক কঠোর অভিযানের কারণে কোনঠাসা হয়ে আতংকিত হয়ে পড়ায় তারা অনুধাবন করে অধিক অর্থ উপার্জন ও প্ররোচণার স্বীকার হয়ে তারা ভুল পথে পরিচালিত হয়েছিলো।

    ১৯৯৫ সালে ‘বড়ভাই’ বাহিনী ও ২০০৮ সাল থেকে ‘ভাইভাই’ বাহিনী ও ২০১০ সালে ‘সুমন’ বাহিনী সুন্দরবনে জলদস্যুবৃত্তি করছিলো।

    জলদস্যু আত্মসমর্পন অনুষ্ঠানে র‌্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীবের সভাপতিত্বে প্রধানঅতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার)। বরিশাল সদর সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ বক্তব্য রাখেন।
    এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।

  • সরকারি চাকরিতে ৩ লাখ ৫৯ হাজার ২৬১ পদ শূন্য

    সরকারি চাকরিতে ৩ লাখ ৫৯ হাজার ২৬১ পদ শূন্য

    জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি।

    জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে মঙ্গলবারের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষের (মুন্সিগঞ্জ-১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    মন্ত্রী আরো বলেন, সরকারি অফিস সমুহে মূণ্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এছাড়া শূন্য পদ পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সকল মন্ত্রণালয় ও বিভাগে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

    মোহা. গোলাম রাব্বানীর (চাঁপাইনবাবগঞ্জ-১) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী জানান, মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরসমূহে মধ্যে প্রথম শ্রেণির শূন্য পদ ৪৮ হাজার ২৪৬টি। দ্বিতীয় শ্রেণির শূন্য পদ ৫৪ হাজার ২৯৪টি। তৃতীয় শ্রেণির শূন্য পদ ১ লাখ ৮২ হাজার ৭৩৭টি এবং চতুর্থ শ্রেণির শূন্য পদ সংখ্যা ৭৩ হাজার ৯৮৪টি।

  • ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতবে : পেলে

    ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতবে : পেলে

    ঘরের মাঠের বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের দু:সহ স্মৃতি কাটিয়ে রাশিয়া বিশ্বকাপ জয়ে ব্রাজিলকেই ফেবারিট হিসেবে মানছেন দেশটির কিংবদন্তী ফুটবলার পেলে।
    চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জার্মানদের কাছে ব্রাজিলের ৭-১ গোলের বিধ্বস্ত হবার ঘটনা এখনো ভুলে যায়নি সমর্থকরা। কিন্তু ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ‘কালো মানিক’ খ্যাত পেলে বিশ্বাস করেন নতুন কোচ তিতের অধীনে রাশিয়ায় এক অন্য ব্রাজিলকেই দেখবে পুরো ফুটবল বিশ্ব। পুনর্জাগরিত ব্রাজিল ইতোমধ্যেই তিতের অধীনে নিজেদের সামর্থের প্রমানও দিয়েছে।
    ব্রাজিলে রিও ডি জেনিরো লিগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ৭৭ বছর বয়সী পেলে বলেছেন, যারা মন থেকেই ব্রাজিলকে সবসময়ই সমর্থন দিয়ে আসছে তারা বিশ্বাস করে বিশ্বকাপ জয়ে ব্রাজিলই ফেবারিট।
    দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে যেখানে চির প্রতিদ্বন্দ্বী ও গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা রাশিয়ার টিকিট পেতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় ছিল সেখানে প্রথম দল হিসেবে অত্যন্ত দাপটের সাথেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার ও বার্সেলোনার নতুন রিক্রুট ফিলিপ কুতিনহোকে নিয়ে তিতে এযেন এক অন্য ব্রাজিলকে গড়ে তুলেছেন।
    পেলে আরো বলেন, ‘সবচেয়ে ভাল দিক হলো তিতের অধীনে খেলোয়াড়রা নতুনভাবে নিজেদের ফিরে পেয়েছে। গত বিশ্বকাপে আমাদের দলে সেরা খেলোয়াড়রা ছিল, কিন্তু দল মোটেই গোছানো ছিলনা। কিন্তু এবারের দলটি সম্পূর্ণ ভিন্ন যা আমাদের সবাইকে আত্মবিশ্বাসী করে তুলেছে।’
    ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলে বর্তমানে শারিরীক ভাবে বেশ অসুস্থ। ডিসেম্বরে হুইলচেয়ারে করে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দেবার পরে গতকালই তিনি প্রথম জনসমুক্ষে উপস্থিত হন। তবে এখন তিনি কিছুটা সুস্থ অনুভব করছেন বলে জানিয়েছেন। একইসাথে এই সময়ের মধ্যে যারা তাকে সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেলে।

  • ২০৪০ সালে যুক্তরাষ্ট্রে মুসলিমদের অবস্থান হবে দ্বিতীয়, ইহুদিরা তৃতীয়

    ২০৪০ সালে যুক্তরাষ্ট্রে মুসলিমদের অবস্থান হবে দ্বিতীয়, ইহুদিরা তৃতীয়

    আগামী ২০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলিমদের অবস্থান হবে দ্বিতীয়। ২০৪০ সালে ইহুদিরা নেমে যাবে তৃতীয় স্থানে। যুক্তরাষ্ট্রের ইহুদিদের ছাড়িয়ে যাবে মুসলিমরা। বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

    পিউ রিসার্চ সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১ লাখ মুসলিম যোগ হচ্ছে। মুসলমান অভিবাসী এবং আমেরিকান মুসলমানদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকায় এমনটা হচ্ছে।  মুসলমানদের সংখ্যা ইহুদি জনগোষ্ঠীর তুলনায় অনেক দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।
    যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরাই বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। বর্তমানে দেশটির জনসংখ্যার শতকরা ৭১ ভাগ খ্রিস্ট ধর্মাবলম্বী।

    পিউ রিসার্চ সেন্টার জানায়, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এরপরেই অবস্থান করছে ইহুদিরা। যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে মুসলিমদের সংখ্যা ছিল ৩.৪৫ মিলিয়ন, যা মোট জনসংখ্যার শতকরা ১.১ ভাগ।
    অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ২০১৫ সালে  ইহুদি জনগোষ্ঠী ছিল ১.৮ শতাংশ।  মুসলিমদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ১ শতাংশ।

    গবেষণায় দেখানো হয়, মুসলিমদের সংখ্যা আগামী দুই দশকে দাঁড়াবে ১.৮ শতাংশে। মুসলিমদের মোট সংখ্যা হবে ৮০ লাখের বেশি। ওই সময় ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে ১.৪ শতাংশে।

    পিউ রিসার্চ সেন্টার জানায়, যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা বেড়েছে খুব। এই ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয়গোষ্ঠী হিসেবে আবির্ভূত হবে মুসলমানরা।

    তথ্যসূত্র: নিউজউইক

  • সংসদে স্বাস্থ্যমন্ত্রী : রোগী আটকে টাকা আদায় বন্ধে সরকার আইন করছে

    সংসদে স্বাস্থ্যমন্ত্রী : রোগী আটকে টাকা আদায় বন্ধে সরকার আইন করছে

    স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, বেসরকারি হাসপাতালে সেবার নামে হয়রানি ও অর্থ আদায় বন্ধে সরকার একটি নতুন আইন করতে যাচ্ছে।

    তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য নূর ই হাসনা লিলি চৌধুরীর কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে আনীত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে বলেন, ‘রোগীকে আটকে রেখে টাকা আদায় করা জঘন্য অপরাধ, এটি একটি ক্রাইম। এ ধরনের অপরাধ বন্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন করা হবে।’

    নূর ই হাসনা লিলি চৌধুরী নোটিশে বলেন, রাজধানীসহ দেশের বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টের নামে রোগীকে আটকে রেখে লাখ লাখ টাকা আদায় ও নানা ধরনের হয়রানি করা হয়।

    জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক বেসরকারি হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটছে। আমরাও অনেক অভিযোগ পেয়েছি। মুমূর্ষু রোগীকে আটকে রেখে টাকা আদায় করা হয়। মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয়।’

    তিনি বলেন, এমনও প্রমাণ আছে, রোগী মারা গেছে কিন্তু রোগী লাইফ সাপোর্টে আছে বলে টাকা আদায় করা হয়েছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হয় বলে তিনি জানান।

    অনেকে ফাইভ স্টার হোটেলের মতো হাসপাতাল চালায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের বোঝা উচিত, মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে যায়। অথচ এই রোগীদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করা হয়। এটা একটা ক্রাইম।’

  • আতিকুল ইসলামই আওয়ামী লীগের মেয়র প্রার্থী

    আতিকুল ইসলামই আওয়ামী লীগের মেয়র প্রার্থী

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

    ডিএনসিসি উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহী ১৭ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন। যারা মনোনয়নপত্র জমা দেন, তারা হলেন- বিজেএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল, রাসেল আশেকী, আদম তমিজি হক, মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন, সাবেক অধ্যক্ষ শাহ আলম, এফবিসিসিআইর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশ টুডের সম্পাদক জোবায়ের আলম, মো. আবেদ মনসুর, মো. ইয়াদ আলী ফকির, শামীম হাসান, মোমতাজ উদ্দিন আহমেদ (মেহেদী), মো. আবুল বাসার, মো. জামাল ভূঁইয়া, মো. ওসমান গণি ও আসমা জেরিন ঝুমুসহ ১৭ জন।

    নির্বাচনে দুই নারীসহ মোট ১৮ জন মনোনয়নের জন্য আবেদন করেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    কাদের বলেন, আমাদের কোনো প্রার্থীর যোগ্যতা কম নয়। ১৮ জন থেকে একজন খুঁজে বের করা কঠিন।

    তিনি বলেন, মনোনয়ন বোর্ডে সবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লিন ইমেজের সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তানকে মনোনয়ন দেয়া হয়েছে।

    উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে আনিসুল হক মেয়র নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হওয়ার পরই তিনি উত্তর সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছাড়াও বেশ কিছু উন্নয়ন কাজে হাত দেন। এ ছাড়া উত্তরের যানজট নিরসনেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তার কর্মপরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপে খুব অল্প সময়ে জনগণের প্রসংশা কুড়ান। গত ৩০ নভেম্বর লন্ডনে মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর ৪ ডিসেম্বর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

    pm

    এদিকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গতকাল সোমবার গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগেও ডিএনসিসি নির্বাচনে প্রয়াত মেয়র আনিসুল হকের বিপরীতে অংশ নিয়েছিলেন তাবিথ। তবে ভোটের দিন দুপুরে নির্বাচন বর্জন করেন ২০ দলীয় জোটের এ প্রার্থী।

    আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনে মোট ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন ভোটার ভোটদানে সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণ হবে ১ হাজার ৩৪৯টি কেন্দ্রের ৭ হাজার ৫১৬টি ভোটকক্ষে।

    এছাড়া নতুন ১৮টি ওয়ার্ডে ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে ৫ লাখ ৭১ হাজার ৬৮৪ জন ভোটার ভোটদানের সুযোগ পাবেন।

  • মুস্তাফিজ ও মুশফিককে নিয়ে যা বললেন সাকিব

    মুস্তাফিজ ও মুশফিককে নিয়ে যা বললেন সাকিব

    মিরপুরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে বছর শুরু করেছে বাংলাদেশ। ৮ উইকেটের বড় জয়ে দারুণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ৩ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৩৭ রান। আর তাই দিন শেষে ম্যাচ সেরার পুরস্কারটা তার হাতেই উঠল।

    অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে মুশফিক, তামিম ও মুস্তাফিজকে ক্রেডিট দিতে ভুলে যাননি টেস্ট স্কিপার।

    মুশফিকের উইকেট কিপিং প্রসঙ্গে সাকিব বলেন- আমার মনে হয় মুশফিক ভাই ভালো পিক করেছে। কারণ ডাউন দ্য লেগে যে কোনো কিপারের জন্য ক্যাচ ধরা কঠিন। আজকে উনার দিনটা ভালো ছিল। বেশকিছু ক্যাচও ধরেছেন তিনি।

    মুস্তাফিজের পারফরম্যান্সেও মুগ্ধ সাকিব বললেন- ‘মুস্তাফিজ সব সময়ই ভালো বোলিং করেছে। একজন মানুষ সব ম্যাচে উইকেট পাবে, এটা সম্ভব নয়। আমি মনে করি মুস্তাফিজ সব সময়ই ভালো বোলিং করে। এই ম্যাচেও ভালো করেছে।’.

    এছাড়া এদিন তামিম ইকবালের ৮৪ রানে ইনিংস, রুবেল হোসেনের ১০০ উইকেট প্রাপ্তি, সানজামুলের বোলিং ও অধিনায়ক মাশরাফির প্রশংসাও করেন সাকিব।

  • জাপান উপকূলে আবারও ‘রহস্যময়’ নৌকা, ৮ লাশ উদ্ধার

    জাপান উপকূলে আবারও ‘রহস্যময়’ নৌকা, ৮ লাশ উদ্ধার

    জাপানের মধ্যাঞ্চলীয় উপকূল জলসীমায় আবারও একটি নৌকা ভেসে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভাঙ্গা ঐ নৌকা থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এটি উত্তর কোরিয়ার নৌকা বলে ধারণা করা হচ্ছে।

    মঙ্গলবার এ ব্যাপারে সিনিয়র পুলিশ কর্মকর্তা হিরোশি অ্যাবে বলেন, গত সপ্তাহ জাপানের মধ্যাঞ্চলীয় কানাজাওয়ায় ভেসে আসা ওই নৌকার ভিতর থেকে কোস্টগার্ড সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করে। এ নৌকার প্রায় ১৫ মিটার দূর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, লাশগুলো পঁচা শুরু করায় এগুলো চিহ্নিত করা কঠিন হচ্ছে। লাশটি পঁচে গিয়েছিল।

    এদিকে জাপান কোস্টগার্ডের পক্ষ থেকে জানা গেছে, গত বছর রেকর্ড সংখ্যক উত্তর কোরিয়ার মাছ ধরা নৌকা জাপানের জলসীমায় ভেসে আসে। ২০১৬ সালে এ সংখ্যা ৬৬ হলেও গত বছর এ সংখ্যা ছিল ১০৪।

    সূত্র: এএফপি

  • মুস্তাফিজকে দলে ভেড়াতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স

    মুস্তাফিজকে দলে ভেড়াতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স

    বিশ্বের অন্যতম জমজমাট ক্রিকেট লিগ আইপিএল। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর একাদশ আসর। আর এবারের আসরকে সামনে রেখে নতুন করে নিলাম ডেকেছে আইপিএল আয়োজক কর্তৃপক্ষ। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে আইপিএলের এ নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে ১১২২ জন ক্রিকেটার নিলামে উঠবেন।
    অার সেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন আট ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন সাকিব, তামিম, মুস্তাফিজ, সাব্বির, লিটন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ ও আবুল হাসান রাজু।
    আর এবার বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে কিনতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এ আসরে প্রতিটি দলকেই প্রায় নতুন করে দল সাজাতে হচ্ছে। পাঁচজন খেলোয়াড় ধরে রাখার নিয়ম থাকলেও অধিকাংশ দলই তিনজন করে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে। টাইগার তারকা মুস্তাফিজকেও ছেড়ে দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।
    গত আসর গুলোতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। আইপিএলে নিজের প্রথম আসরে দলের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। নির্বাচিত হন সেরা উদীয়মান খেলোয়াড়। কিন্তু গত আসরে বল হাতে বিবর্ণ ছিল এ বাঁহাতি পেসারের পারফরম্যান্স। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় মাত্র এক ম্যাচে মাঠে নামেন এই তারকা। এবারের নিলামের মুস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি থেকে।
    এদিকে বাংলাদেশের আরেক খেলোয়াড় সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে শাহরুখের কলকতা নাইট রাইডার্স। তাই এবার আসরে সাকিবকেও নিলামে তোলা হবে।
  • আদালতে খালেদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ

    আদালতে খালেদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ

    দুর্নীতির দুই মামলায় রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এর আগে আজ মঙ্গলবার সকাল ১১টা ৩৭ মিনিটে ঢাকার বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে হাজির হন ‍তিনি।

    টানা তিনদিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) আদালতে উপস্থিত হয়ে যুক্তিতর্ক উত্থাপনের দিন ধার্য রয়েছে। আজ দশম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটিও রয়েছে অপেক্ষমাণ।

    উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মামলার অপর আসামিরা হলেন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

    অন্যদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার দু’বছর আগে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় আরও একটি মামলা করে দুদক। এই মামলার অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।