Author: banglarmukh official

  • চেলসিকে কাঁদিয়ে ফাইনালে আর্সেনাল

    চিলিয়ান তারকা আলেক্সিস সানচেজ ছাড়া নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই শক্তিমত্তার জানান দিল আর্সেনাল। ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের ফিরতি পর্বের হাইভোল্টেজ ম্যাচে পিছিয়ে থেকেও চেলসির বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

    এমিরেটস স্টেডিয়ামে ৭ মিনিটেই চেলসিকে লিড এনে দেন ইডেন হ্যাজার্ড। পাঁচ মিনিট বাদে চেলসিরই জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে আর্সেনাল। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৬০ মিনিটের মাথায় গানারদের হয়ে জয়সূচক গোল উদযাপন করেন সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা।

    নির্ধারিত সময়ের আগে আর ম্যাচে ফিরতে পারেনি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

    এর আগে, স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত চেলসি ও আর্সেনালের মধ্যকার প্রথম লেগের খেলা গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়।

    উল্লেখ্য, শিরোপা নির্ধারণীতে ছন্দে থাকা ম্যানচেস্টার সিটির সামনে পড়বে গানাররা। শেষ চারে দুই লেগ (২-১ ও ৩-২) মিলিয়ে ব্রিস্টল সিটিকে ৫-৩ অ্যাগ্রিগেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পেপ গার্দিওলার ম্যানসিটি।

  • পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত, আহত দুই পুলিশ সদস্য

    পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত, আহত দুই পুলিশ সদস্য

    ময়মনসিংহে পুলিশের গুলিতে নাঈম (২২) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারী চক্রের হামলায় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল রাশেদ আহত হয়েছেন।

    বুধবার ভোররাতে নগরীর পাটগুদামস্থ পিবিআই অফিসের উল্টো দিকে বালুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ খসরু (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে।

    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ক’দিন আগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহতের ঘটনায় জড়িত ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ করে ছিনতাইকারীরা। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা এ সময় গুলি চালালে ঘটনাস্থলেই নাঈম (২২) নামে এক ছিনতাইকারী নিহত হন। আহত হয় দুই পুলিশ সদস্য।

    ওসি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রেস কনফারেন্স করবেন। সেখানে এ অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

  • শাহজালালে ২৩২ লাখ টাকার স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

    শাহজালালে ২৩২ লাখ টাকার স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে পাঁচ কেজি স্বর্ণসহ মোস্তফা কামাল নামে এক বিমান কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

    বুধবার দিবাগত রাতে সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। মোস্তফা কামাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতা কর্মী।

    কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া স্বর্ণের দাম আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা।

    ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদু্ল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে আটক করা হয়। তাঁর পরনে জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম।

  • সালমান খানকে বিয়ে করতে চান পপি

    সালমান খানকে বিয়ে করতে চান পপি

    বলিউড সুপারস্টার সালমান খানকে বিয়ে করতে চান ঢালিউড নায়িকা পপি।  গতকাল বুধবার একুশে টিভির একটি অনুষ্ঠানে তিনি এ ইচ্ছা পোষণ করেন।

    নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটির র‌্যাপিড প্রশ্নোত্তর পর্বে পপি বলেন, সালমান খানকে বিয়ে করতে চাই, তবে শাহরুখ খানকেও ভাল লাগে।

    পপি অারও জানান, পর্দার বাইরে এখনও প্রেম করার সময় পাননি তিনি।  তবে অভিনয় করতে করতে প্রেমের প্যাশন কিছুটা অনুভব করতে পারেন তিনি।

  • সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় বিজিবির ‘সার্ভেইল্যান্স সিস্টেম’

    সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় বিজিবির ‘সার্ভেইল্যান্স সিস্টেম’

    বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী ৫১১ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর ওই এলাকাজুড়ে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ‘কমান্ড’ স্তরের নজরদারি নিশ্চিত করতে ‘সার্ভেইল্যান্স সিস্টেম’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। শক্তিশালী করা হয়েছেসীমান্ত রক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থাও। একই সঙ্গে এই বাহিনীর স্বতন্ত্র এয়ার উইংয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে মাদকের আবাধ প্রবেশ ও চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দেওয়া তথ্য ও জাতীয় সংসদে পাঠানো মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ ৫১১ কিলোমিটার সীমান্তকে আগামী তিন বছরের মধ্যে সার্ভেইল্যান্স সিস্টেমের আওতায় আনা সম্ভব হবে। ড্রোন, রাডার, থার্মাল ক্যামেরা, ভিডিও ক্যামেরাসহ বিভিন্ন সেন্সর সমৃদ্ধ এই সিস্টেমের বদৌলতে বিজিবির বিভিন্ন ‘কমান্ড’ স্তর থেকে ওই সব এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি রাখা সম্ভব হবে।

    যশোরের পুটখালীর সাত কিলোমিটার স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যে এই সিস্টেম স্থাপন করা হয়েছে। টেকনাফ সীমান্তের ৯ কিলোমিটার এলাকা এর আওতায় আনার কাজ চলছে। এ ছাড়া টেকনাফের আরো ১৮ কিলোমিটার এবং নওগাঁর হাপানিয়ার ১৪ কিলোমিটারে সার্ভেইল্যান্স সিস্টেম বসানোর কাজও শিগগিরই শুরু হবে। বর্তমানে সদর দপ্তরসহ বিজিবির পাঁচটি রিজিওনাল সদর দপ্তর, ১৪টি সেক্টর সদর দপ্তর, বর্ডার গার্ড ট্রেইনিং সেন্টার অ্যান্ড স্কুল, পাঁচটি বর্ডার গার্ড হাসপাতাল এবং আটটি ব্যাটালিয়ন সদরসহ মোট ৩৩টি ইউনিটে ভিডিও কনফারেন্স সুবিধা চালু রয়েছে। শিগগিরই অবশিষ্ট ইউনিটগুলোও এ সুবিধা পাবে। এ ছাড়া বিজিবির সব আইসিপি ও ল্যান্ডপোর্টকে সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিজিবির গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। চারটি সেক্টর ও চারটি রিজিওনাল ইন্টেলিজেন্স ব্যুরো স্থাপন করা হয়েছে। নতুন অনুমোদিত ১৫টি ব্যাটালিয়ন স্থাপনের মাধ্যমে বিজিবি পুনর্গঠনের প্রথম পর্ব শেষ হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি বিবেচনা করে বিজিবির বিদ্যমান জনবল কাঠামো দিয়ে কক্সবাজারে একটি অ্যাডহক রিজিয়ন সদর দপ্তর স্থাপন করা হয়েছে। সময়োপযোগী ও আধুনিক শক্তিশালী বাহিনীতে রূপান্তরে অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্বতন্ত্র এয়ার উইংয়ের অনুমোদন দিয়েছে সরকার, যা তৈরির কাজ পূর্ণগতিতে এগিয়ে চলছে। চট্টগ্রামের সাতকানিয়ায় ওই এয়ার উইংয়ের হেলি বেস নির্মাণের কাজ শুরু হয়েছে।

  • সু চি’র ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলে মার্কিন কূটনীতিকের পদত্যাগ

    সু চি’র ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলে মার্কিন কূটনীতিকের পদত্যাগ

    রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে পরামর্শ দেয়ার জন্য যে আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে সেটির সদস্য এবং সুপরিচিত মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন পদত্যাগ করেছেন।

    রোহিঙ্গা সংকট সমাধানে এই প্যানেলের ভূমিকা ও অং সান সু চি’র ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলেছেন রিচার্ডসন। প্যানেলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিচার্ডসন এটিকে ‘লোক দেখানো’ বলে উল্লেখ করেছেন।

    মিয়ানমার সরকার রিচার্ডসনকে এ প্যানেলে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, রোহিঙ্গাদের দুর্দশার বিষয়টি আন্তরিকতার সাথে আলোচনা করা হয়নি। তিনি অং সান সু চি’র ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন।

    একসময় ক্লিনটন প্রশাসনে কাজ করা এই অভিজ্ঞ কূটনীতিক বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চি’র ‘নেতৃত্বে নৈতিকতার ঘাটতি’ রয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রিচার্ডসন বলেছেন, সোমবারে এক বৈঠক চলার সময় সু চি’র সাথে তার কথা কাটাকাটি হয়েছে।

    সোমবারের বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে রিপোর্ট করতে গিয়ে মিয়ানমারে আটক হওয়া রয়টার্সের দুই সাংবাদিকের আটক হবার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন রিচার্ডসন।

    এই প্রসঙ্গের অবতারণা করতেই সু চি ‘ক্ষিপ্ত’ হয়ে যান এবং এ বিষয়ে কথা বলা ‘অ্যাডভাইজরি বোর্ডের কাজ নয়’ বলেও তিনি সাফ জানিয়ে দেন।

    এছাড়া এই প্যানেল নামে মাত্র থাকলেও কাজের কাজ কিছু না করে মূলত সেদেশের সরকারকে তুষ্ট রাখা বা মনোরঞ্জন করাই মূল উদ্দেশ্য বলেও তিনি উল্লেখ করেছেন।

    তার ভাষায় সরকারের জন্য ‘চিয়ার-লিডিং স্কোয়াড’ হিসেবে কাজ করবেন না বলেই তিনি পদত্যাগ করেছেন।

    অং সান সু চি উদ্যোগে গত বছর এ আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড গঠন করেছিল মিয়ানমার সরকার। এর উদ্দেশ্য ছিল রাখাইন রাজ্যের স্থিতিশীলতার জন্য সুপারিশ বাস্তবায়ন করা। ১০ সদস্য বিশিষ্ট এ উপদেষ্টা বোর্ডের পাঁচজন বিদেশী সদস্য।

    রিচার্ডসনের পদত্যাগের পর এখনো মিয়ানমার সরকারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নির্যাতনের হাত থেকে বাঁচতে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে যে নৃশংসতা চলছে, সেটিকে জাতিসংঘ ‘জাতিগত নিধনের একটা ধ্রুপদী উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে।

  • ফাইনালে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা না জিম্বাবুয়ে? সমীকরণ যা বলছে

    ফাইনালে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা না জিম্বাবুয়ে? সমীকরণ যা বলছে

    ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার হলেও লঙ্কানদের জন্য জয়ের বিকল্প নেই। যদিও কাছাকাছি হারলে বড় ক্ষতি হবে না। তবে বড় ব্যবধানে হারলেই বিদায় নিতে হবে হাথুরুসিংহের শিষ্যদের। আবার ম্যাচটি ড্র কিংবা পরিত্যক্ত হলে ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কা হেরে গেলে দেখা হবে নেট রানরেট। কারণ তখন দু’দলেরই পয়েন্ট হবে ৪।

    এখন পর্যন্ত যে অবস্থা সেখানে জিম্বাবুয়ের থেকে নেট রান রেটে এগিয়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের যেখানে -০.৯৮৯, সেখানে নেট রান রেট -১.০৮৭। ফলে বাংলাদেশে যদি আজ প্রথমে ব্যাট করে ২৫০ বা ৩০০ রান করে এবং ৬৯ রানের বেশি ব্যবধানে জেতে তাহলে বাদ পড়বে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ ২০০ রান করলে লঙ্কানদের ১৩৪ রান করলেই হবে। তখন জিম্বাবুয়ের আশা শেষ হয়ে যাবে। আবার লঙ্কানরা যদি আগে ব্যাটিং করে ২০০ রানের বেশি করে এবং বাংলাদেশ সেই রান যদি ৩৭.৪ ওভারের মধ্যে পেরিয়ে যায় তাহলে আর ফাইনাল খেলা হবে না লঙ্কানদের। তখন আগামী ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে জিম্বাবুয়েকে।

  • না ফেরার দেশে কথাসাহিত্যিক শওকত আলী

    না ফেরার দেশে কথাসাহিত্যিক শওকত আলী

    একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক শওকত আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন যাবত তিনি ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

    ভোর সাড়ে ৫টার দিকে তার ছেলে শওকত কল্লোল বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত শওকত আলীকে গত ৪ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

    শওকত আলীর জন্ম ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে।

    ছাত্রজীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন শওকত আলী। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরে শিক্ষকতায় যোগ দেন তিনি।

    বামপন্থিদের ‘নতুন সাহিত্য’ পত্রিকায় লেখালেখি করেন শওকত আলী। এছাড়া দৈনিক মিল্লাত, মাসিক সমকাল, ইত্তেফাকে তার অনেক গল্প, কবিতা ও শিশুতোষ লেখা প্রকাশিত হয়।

    কথাসাহিত্যে অবদানের জন্য ১৯৯০ সালে একুশে পদক পান শওকত আলী। পরে বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার পান।

    ‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’ এবং ‘পূর্বরাত্রি পূর্বদিন’ উপন্যাসত্রয়ীর জন্য তিনি ‘ফিলিপস সাহিত্য পুরস্কার’ পান।

    তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে, ‘পিঙ্গল আকাশ’, ‘প্রদোষে প্রাকৃতজন’, ‘অপেক্ষা’, ‘গন্তব্যে অতঃপর’,

    ‘উত্তরের খেপ’, ‘অবশেষে প্রপাত’, ‘জননী ও জাতিকা’, ‘জোড় বিজোড়’।

    ‘উন্মুল বাসনা’, ‘লেলিহান সাধ’, ‘শুন হে লখিন্দর’, ‘বাবা আপনে যান’সহ বেশ কয়েকটি গল্পগ্রন্থ সম্পাদনা করেছেন তিনি।

  • ভোলার ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    ভোলার ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    দ্বীপের রাণী খ্যাত ভোলার সর্বদক্ষিণের চরফ্যাশন উপজেলাকে দেশের অন্যতম সেরা পর্যটন এলাকায় রূপান্তর করতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ‘জ্যাকব টাওয়ার’ উন্মুক্ত করা হয়েছে। টাওয়ারটি দিনে যেমন সুন্দর রাতের আলোকসজ্জায়ও হরেক রকম আলোক রশ্মির নান্দনিকতায় বিস্ময় জাগবে মনে।

    ৭৫ ফুট মাটির নিচ থেকে ৭০টি পাথর ঢালাই পাইলিং ফাউন্ডেশনের ওপর স্টিল কাঠামোর আট মাত্রার ভূমিকম্প সহনশীল ১৭ তলা বিশিষ্ট ২২৫ ফুট উচ্চতার এই টাওয়ার  বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    বঙ্গোপসাগর মোহনার উপকূলীয় উপজেলা ভোলার চরফ্যাশনে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি স্থপতি কামরুজ্জামান লিটনের নকশায় জ্যাকব টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে চরফ্যাশন পৌরসভার বাস্তবায়নে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে এটি নির্মাণে। এ ছাড়া রয়েছে ১৬ জন ধারণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ ক্যাপসুল লিফট। এক হাজার বর্গফুটের ১৭ তলার ওপরে দাঁড়িয়ে ক্ষমতা সম্পূর্ণ বাইনোকুলারের মাধ্যমে ১০০ কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাবে দক্ষিণের সবুজের বুক চিরে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, চর কুকরি মুকরির মায়াবী হরিণসহ অনেক অজানাকে জানা যাবে।

    আরো দেখা যাবে তেঁতুলিয়া নদীর সুনীল শুভ্র জলাধার, পূর্বে মেঘনার উথাল ঢেউ। জ্যাকব টাওয়ার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আযম মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

  • বরিশালে আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ইজতেমা

    বরিশালে আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ইজতেমা

    আজ বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বরিশাল অঞ্চল পর্যায়ের তিনদিন ব্যাপী ইজতেমা। এরই মধ্যেই শেষ হয়েছে ইজতেমার সকল প্রস্তুতি। গতকাল বুধবার থেকেই নগরীর নবগ্রাম রোডে সদর উপজেলা সংলগ্ন ইজতেমা মাঠে আসতে শুরু করেছে মুসল্লিরা।

    এদিকে ইজতেমাকে ঘিরে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ। বিশেষ করে জঙ্গি কিংবা নাশকতা প্রতিরোধে ইজমেতা মাঠের আশপাশে ছাত্রবাসা, আবাসিক হোটেল কিংবা মেস বাড়িতে বিশেষ নজরদাড়ি বৃদ্ধি করা হচ্ছে। ওইসব স্থাপনা গুলোতে নিয়মিত তল্লাশী অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন বিএমপি উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জাহাঙ্গীর মল্লিক। তাছাড়া মুসল্লিদের সুবিধার্তে ইজতেমা মাঠের আশপাশে কোন প্রকার দোকান পার্ট স্থাপণে নিষেধাজ্ঞা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

    তাবলীগ জামায়াতের সুরা সদস্য মাওলানা আব্দুল মান্নান বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ২৫ জানুয়ারী থেকে সদর উপজেলা পরিষদের পেছনে নগরীর নবগ্রাম রোড এলাকার প্রায় ১৪ একর জমিতে ইজতেমা শুরু হবে। আজ বৃহস্পতিবার ফজর নামাজের বাদে তাবলীগ জামায়াতের ভোলার আমীর মাওলানা তৈয়বুর রহমান এর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা।

    তিনি প্রায় দুই ঘন্টা বয়ান করবেন। এরপর সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তালিম অনুষ্ঠিত হবে। একই সময়ে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের নিয়ে পৃথক পৃথক কামরায় বয়ান হবে। বাদ জোহর পুনরায় আসর পর্যন্ত এবং আসর বাদ মাগরিব পর্যন্ত বয়ান অনুষ্ঠিত হবে। তাছাড়া এশার নামাজের পূর্বে মোজাকারা অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল বুধবার ইজতেমাস্থল পরির্দশন করেছেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।