Author: banglarmukh official

  • চীন শক্তিশালী হতে পারে, ভারত দুর্বল নয় : ভারতের সেনাপ্রধান

    চীন শক্তিশালী হতে পারে, ভারত দুর্বল নয় : ভারতের সেনাপ্রধান

    ভারত দুর্বল দেশ নয়। ভারত ভূখণ্ডে হানাদারি মেনে নেওয়া হবে না। চীনের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। একই সঙ্গে তিনি বলেছেন, রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পরমাণু অস্ত্রের বিপদ সম্পর্কে আশঙ্কা ক্রমশ বাস্তব হচ্ছে। তার মতে, জঙ্গি-সন্ত্রাসবাদীদের থেকেই এই বিপদ আসতে পারে।

    শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জেনারেল রাওয়াত পাকিস্তানের চেয়েও চীন বড় বিপদ বলে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, পশ্চিমপ্রান্ত থেকে সরিয়ে এবার উত্তরের দিকে নজর দেওয়ার সময় এসেছে। যে কোন বিদেশি আগ্রাসনের মোকাবিলা করতে সামরিক বাহিনী প্রস্তুত। এই অঞ্চলে চীনের অগ্রগতি প্রতিহত করার ক্ষমতা রাখে বাহিনী।

    উল্লেখ্য, চীন সাম্প্রতিককালে ভারতের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রকে বিপুল আর্থিক সহযোগিতা দিয়ে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। এ প্রসঙ্গে সেনাপ্রধানের মন্তব্য, ভারত তা হতে দেবে না। তিনি বলেন, “চীন শক্তিশালী হতেই পারে। তাই বলে ভারত কোন অংশে দুর্বল নয়।”

  • ট্রাম্পের ‘শিটহোল’ শব্দ নিয়ে বিব্রত সাংবাদিকরা

    ট্রাম্পের ‘শিটহোল’ শব্দ নিয়ে বিব্রত সাংবাদিকরা

    “এসব ‘শিটহোল’ দেশের লোকজন সবাই কেন আমাদের দেশে আসছে”? হোয়াইট হাউজের এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এই বর্ণবাদী মন্তব্য করেন বলে অভিযোগ করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প নাকি হোয়াইট হাউজে রিপাবলিকান এবং ডেমোক্রেট দলীয় সেনেটরদের সঙ্গে এক বৈঠকে এভাবেই হেইতি,এল সালভাডর এবং আফ্রিকান দেশগুলোকে বর্ণনা করেছেন। এই বৈঠকে তিনি সিনেটরদের সঙ্গে অভিবাসন নিয়ে কথা বলছিলেন।

    প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এই শব্দটি ব্যবহারের কথা অস্বীকার করেছেন। কিন্তু তারপরও ঘটনাটি সাংবাদিকদের রিপোর্ট করতে হয়েছে। আর এই ‘শিটহোলে’র অনুবাদ করতে গিয়ে বিশ্বজুড়েই সাংবাদিকরা বেশ বিপাকেই পড়েছিলেন।

    যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ‘শিটহোল’ শব্দটি সরাসরি ব্যবহার করেনি অনেকে। সিএনন এবং এমএসএনবিসি তাদের স্ক্রীনে শব্দটি ব্যবহার করেছে, কিন্তু সংবাদ উপস্থাপক ওলফ ব্লিটজার পুরো শব্দটি না বলে এর চেয়ে কম আপত্তিকর ‘এস হোল’ বলেই ক্ষান্ত দিয়েছেন।

    কিন্তু বাকী দুনিয়ার সাংবাদিকরা কী করেছেন?
    বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কয়েক ডজন ভাষায় সংবাদ প্রচার করা হয়। সেই বিভিন্ন ভাষায় কিভাবে বর্ণনা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের উচ্চারিত এই শব্দটি?

    কিছু কিছু ভাষা বিভাগ ‘শিটহোল কান্ট্রিজে’র একেবারে আক্ষরিক অনুবাদই করেছে। বিবিসি মুন্ডু, যারা মূলত স্প্যানিশ ভাষায় দক্ষিণ আমেরিকার মানুষের জন্য রেডিও অনুষ্ঠান করে, তারা এটিকে অনুবাদ করেছে ‘পেইসেস ডে মিয়েরডা’ বা ‘মল বা বিষ্ঠার দেশ’ বলে।

    বিবিসি তুর্কী ভাষা বিভাগ ‘শিটহোলে’র অনুবাদ করেছে ‘বোক কাকারু’ বা ‘মল ভর্তি গর্ত’ বলে।

    বিবিসি ইন্দোনেশিয়া ভাষা বিভাগ জানিয়েছে, তাদের ভাষায় ‘শিটহোল’ হচ্ছে, ‘লোবাং কোটেরান’, অর্থাৎ ‘মলত্যাগের গর্ত। তারা সংবাদটি পরিবেশনের সময় তাই বলেছে।

    বিবিসি ইন্দোনেশিয়ার লিস্টন সিরেগার বলেন, আমাদের শ্রোতাদের জন্য এটা সেরকম বড় কোন ব্যাপার নয়। এটা একটা অভদ্র এবং বাজে শব্দ। কিন্তু ইন্দোনেশিয়ায় কেউ যখন খুব রেগে যায়, তখন এরকম শব্দ ব্যবহার করে। তবে একজন রাজনীতিক বা প্রেসিডেন্টের মুখ থেকে এটা কেউ আশা করেন না।”

    তবে অন্য অনেক ভাষা বিভাগ সরাসরি এই শব্দের আক্ষরিক অনুবাদ ব্যবহার করতে চাননি এটি খুবই অরুচিকর শোনাবে বলে। উর্দূ ভাষা বিভাগ ব্যবহার করেছে ‘ঘাটিয়া’ বা টয়লেট শব্দটি। বিবিসির ফার্সি বিভাগের সাংবাদিকরা ব্যবহার করেন ‘টয়লেটের মলভান্ড’ শব্দটি।

    রুশ ভাষা বিভাগের ফামিল ইসমাইলভ বলেন, আমাদের ভাষায় এরকম শব্দ আমরা ব্যবহার করতে পারি না, এটা ইংরেজীর চেয়েও অনেক বেশি আপত্তিকর শোনাবে।”তারা এটির অনুবাদ হিসেবে ব্যবহার করেছেন ‘দূর্গন্ধযুক্ত গর্ত’।

    ভিয়েতনামী বিভাগের সাংবাদিক থু ফ্যান বলেন, তারাও আক্ষরিক অনুবাদের পরিবর্তে টয়লেট শব্দটি ব্যবহার করেছেন। তার মতে, যদি তারা আসল শব্দটি ব্যবহার করতেন, তাহলে হয়তো খবরটি ভাইরাল হয়ে যেতে সোশ্যাল মিডিয়ায়।

    কিন্তু ইংরেজি ভাষাতেই বা ‘শিটহোলে’র আসল অর্থ কী?

    অক্সফোর্ড ইংলিশ ডিকশনারী অনুযায়ী শিটহোলের এক নম্বর অর্থ আসলে ‘রেকটাম’ বা ‘অ্যানাস’, অর্থাৎ মানুষের মলদ্বার। এর তিন নম্বর অর্থ হিসেবে টয়লেটও আছে অবশ্য। তবে বিবিসির থাই সার্ভিস তাদের খবরে ‘শিটহোলের’ অনুবাদ হিসেবে ‘মলদ্বার’কেই বেছে নিয়েছে।

    সূত্র: বিবিসি বাংলা

  • আ.লীগের সাংগঠনিক সফর শুরু ২৬ জানুয়ারী

    আ.লীগের সাংগঠনিক সফর শুরু ২৬ জানুয়ারী

    সংগঠনকে গতিশীল ও নির্বাচনমুখী করার প্রত্যয়ে ২৬ জানুয়ারি থেকে আওয়ামী লীগের ১৫টি টিম দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করবে। দলের উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর সদস্যরা এসব টিমের নেতৃত্ব দেবেন। শুক্রবার দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে গঠিত এই টিমগুলো একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, থানা পর্যায়ে সাংগঠনিক সফরে যাবেন। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তারা অংশ নেবেন। গঠিত টিমগুলোর সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করে সফরের দিনক্ষণ ও কর্মসূচি নির্ধারণ করবেন। দেশব্যাপী এই সাংগঠনিক সফরকে সফল করার লক্ষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    ১৫ টিমে যারা থাকবেন এবং যেখানে যাবে টিম- উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বাধীন অপর একটি টিম সফর করবে বরিশাল, বরিশাল মহানগর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি জেলায়। এ টিমে রয়েছেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম।

     

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে গঠিত টিম সফর করবে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায়। এ টিমে রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে গঠিত টিম সফর করবে রংপুর, রংপুর মহানগর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায়। এ টিমের রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক টিপু মুন্সী, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের নেতৃত্বে গঠিত টিম সফর করবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রাজশাহী মহানগর, পাবনা, সিরাজগঞ্জ জেলায়। এই টিমে রয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে গঠিত টিম সফর করবে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর জেলায়। এই টিমে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী কমিটির সদস্য মো. মমতাজ উদ্দিন। সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী পীষুষ কান্তি ভট্টাচার্য্যর নেতৃত্বে গঠিত টিম সফর করবে বাগেরহাট, খুলনা, খুলনা মহানগর, সাতক্ষীরা, যশোর, নড়াইল জেলায়। এ টিমে রয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নির্বাহী কমিটির সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, এস, এম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বে গঠিত টিম সফর করবে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলায়। এ টিমে রয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী কমিটির সদস্য এস. এম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা।

    দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে গঠিত টিম সফর করবে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী জেলায়। এ টিমে রয়েছেন দলটির সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু।

    দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত কমিটি সফর করবে টাঙ্গাইল, শেরপুর, জামালপুর জেলায়। এ টিমে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক মো. মিজবাহউদ্দিন সিরাজ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নির্বাহী কমিটির সদস্য মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি।

    দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে গঠিত টিম সফর করবে নেত্রকোনা, ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর, কিশোরগঞ্জ জেলায়। এ টিমে রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মো. মিজবাহউদ্দিন সিরাজ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুছ ছাত্তার, নির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

    দলটির উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে গঠিত টিম সফর করবে সিলেট, সিলেট মহানগর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায়। এ টিমে রয়েছেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মো. মেজবাউদ্দিন সিরাজ, নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, মো. গোলাম কবীর রাব্বানী চিনু।

    দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেনের নেতৃত্বে গঠিত টিম সফর করবে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার জেলায়। এ টিমে রয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম মহানগর), নির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।

    সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে গঠিত অপর একটি টিম সফর করবে কুমিল্লা, কুমিল্লা মহানগর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এ টিমে রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, নির্বাহী কমিটির সদস্য র. আ. ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।

    দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর নেতৃত্বে গঠিত টিম সফর করবে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলায়। এ টিমে রয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে গঠিত টিম সফর করবে ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, গাজীপুর, গাজীপুর মহানগর, মানিকগঞ্জ জেলায়। এ টিমে রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নির্বাহী কমিটির সদস্য নুরুল মজিদ হুমায়ুন, নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।

  • বর্ষসেরা শিক্ষক অ্যাওয়ার্ড-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মুসতাক আহমেদ

    বর্ষসেরা শিক্ষক অ্যাওয়ার্ড-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মুসতাক আহমেদ

    ফিরোজ

    বর্ষসেরা শিক্ষক অ্যাওয়ার্ড-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমেদ।

    গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ড. মুসতাক আহমেদকে এ পুরষ্কার দেওয়া হচ্ছে বলে মনোনয়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়। আগামী ২৭-২৯ জানুয়ারি প্রতিবেশী দেশ ভারতের উত্তর প্রদেশের বারাবাংকি শহরে উচ্চশিক্ষা বিষয়ক ৯ম আন্তর্জাতিক সম্মেলনে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ সম্মেলনের আয়োজন করেছেন বারাবাংকির সরকারি মুন্সি রঘুনন্দন প্রসাদ সরদার প্যাটেল মহিলা পিজি কলেজ এবং সাউথ এশিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। সম্মেলনের প্রথমদিন ২৭ জানুয়ারি ‘বেস্ট টিচার অফ দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড-২০১৮ দেওয়া হবে।

    ড. মুসতাক আহমেদ ‘অ্যাকাডেমিক প্রোফাইল দেখে তারা তাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একজন শিক্ষক হিসেবে এমন স্বীকৃতি পাওয়া খুবই আনন্দের। এটি তার বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়।

     

  • কেমন আছেন বিরাটের সাবেক প্রেমিকা ইসাবেল!

    কেমন আছেন বিরাটের সাবেক প্রেমিকা ইসাবেল!

    বিরাট কোহলি এখন সংসারী পুরুষ। মুম্বাইতে আনুশকা শর্মার সঙ্গে ঘর গুছিয়ে নিয়েছেন তিনি। কিন্তু এক সময়ে বহু নারীর সঙ্গে নাম জড়িয়েছে ভারত অধিনায়কের।

    বিরাটের সুন্দরী সাবেক প্রেমিকাদের মধ্যে অন্যতম হলেন ব্রাজিলীয় সুন্দরী ইসাবেল। বহু নামী সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন ইসাবেল। এছাড়া ‘সিক্সটিন’ (২০১৩) ও ‘পুরানি জিন্স’ (২০১৪) নামে দুইটি হিন্দি ছবিতে কাজ করেছেন।

    বিরাটের সঙ্গে টানা দুই বছর প্রেমের সম্পর্কে ছিলেন ইসাবেল। কিন্তু তার পরে আর প্রেম টেকেনি। অতঃপর ব্রেক আপ। কিন্তু তাতে মোটেই কষ্টে ইসাবেল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যাবে, জার্মানির বাসিন্দা মারসেল রেইমার নামের এক স্কেটারের সঙ্গে এই সুন্দরীকে।

    শুধু তাই নয়, ইসাবেল কতটা সুন্দরী, তা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেই দেখা যাবে। আর বর্তমান প্রেমিকের সঙ্গে দিব্যি সুখে রয়েছেন বিরাটের প্রাক্তন প্রেমিকা।

  • কুয়াশা ও শীতে কাজ নেই দিনমজুরদের

    কুয়াশা ও শীতে কাজ নেই দিনমজুরদের

    তানজীল শুভ ;

    ঈশ্বরদী (পাবনা):

    ঘড়ির কাটায় সকাল ১০টা, তখনও কাজের জন্য দাঁড়িয়ে আছেন ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া এলাকার দিনমজুর বিলু শর্মা (৫৮)। প্রতিদিন সকালে কাজ মিললেও আজ তিনি কোনো কাজ পাননি। শীতের তীব্রতা ও কুয়াশা বেড়ে যাওয়ায় কাজের পরিধিও কমে গেছে। দুই ছেলে-মেয়ে নিয়ে ছোট সংসার তার। মেয়ে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ও ছেলে পাবনা এডওয়ার্ড কলেজ বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষের ছাত্র।

    ঈশ্বরদীতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় দরিদ্র মানুষ কষ্টে দিনযাপন করছেন। বিশেষ করে ছিন্নমূল মানুষ যেমন- স্টেশন, বাস টার্মিনাল এবং গ্রামীণ জনপদে থাকা মানুষগুলো শীতে অসুস্থ হয়ে পড়ছেন। ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বুধবার ঈশ্বরদীতে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও বাতাসের কারণে শীতের তীব্রতা রয়েছে আগের মতোই। ৮ই জানুয়ারি তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববারও একই তাপমাত্রা ছিল।

    ৪ঠা জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে তাপমাত্রা কমতে শুরু করে। ওইদিন সকালে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ নিয়মানুযায়ী ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তা শৈত্য প্রবাহ হিসেবে গণ্য করা হয়। প্রচণ্ড শীতে কর্মজীবী মানুষদের হয়েছে সবচেয়ে অসুবিধা। অনেকে কাজ পাচ্ছেন না। দিনমজুর শ্রেণির মানুষজন যারা প্রতিদিনের আয়ে সংসার নির্বাহ করেন তারা ভীষণ কষ্টে দিনযাপন করছেন। পদ্মা নদীর তীর ঘেঁষা ঈশ্বরদী উপজেলা অঞ্চলে ভারত থেকে ধেয়ে আসা হিমেল বাতাসে তাপমাত্রা নেমে গেছে। দিনমজুর আজিজল, লোকমান, সাঈদ, আশরাফুল সেই সকাল থেকে ডালা-কোদাল নিয়ে বসে আছেন রেলগেটে, কখন কাজের ডাক পড়বে সেই আশায়, কিন্তু সূর্যের দেখা নেই, কাজও নেই। কাজ না জুটলে বাড়ির জন্য বাজার নিয়ে যাওয়া অসম্ভব। তাদের আশঙ্কা আজ আর কাজ জুটবে না, খালি হাতেই ফিরতে হবে।

  • আম বয়ানের মধ্য দিয়ে তুরাগ পাড়ে ইজতেমার প্রথম পর্ব শুরু

    বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ শুক্রবার ফজরের নামাযের পর আ’ম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে জর্ডানের শেখ ওমর খতিব আ’ম বয়ানের শুরু হয় ৫৩তম বিশ্ব ইজতেমা। ৭৯টি দেশের ৩ হাজার ৯১৯ জন বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৪টি জেলার কয়েক লাখ মুসুল্লি এই পর্বে অংশ নিচ্ছেন। তবে তাবলিগ জামাতের শূরা সদস্য দিল্লীর মাওলানা সা’দ ইজতেমায় অংশ নিচ্ছেন না। আজ ইজতেমা ময়দানে লাখো মুসুল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জুমার জামাত অনুষ্ঠিত হবে।

    তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণের জন্য দেশি-বিদেশি মুসুল্লীরা ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। ইজতেমার মূল বয়ান মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরুব্বীরা আগত মুসুল্লীদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত ইসলামী বিধানের উপর দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করছেন। ইজতেমার প্রথম পর্বে দেশের ১৬টি জেলা থেকে আগত মুসুল্লিরা ২৮টি খিত্তায় অবস্থান করে ভোর থেকেই বয়ান শুনছেন।

    ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

    এক মুসুল্লির মৃত্যু : রাত পৌনে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুসুল্লির মৃত্যু হয়েছে। তার নাম- আজিজুল হক (৬০)। তার বাড়ি মাগুরা জেলার শালিথা থানার হবিশপুর গ্রামে। হাসপাতাল সূত্র জানায়, রাত ১১টার দিকে ইজতেমা ময়দানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়।

    আগামি ১৪ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।

  • নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় ৩ লাশ

    নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় ৩ লাশ

    রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকার রুবি ভিলা নামের ছয় তলা বাড়ির পঞ্চম তলায় র‍্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার ওই ‘জঙ্গি আস্তানায়’ শুরু হওয়া এ অভিযানে তারা নিহত হয়।

    এসময় দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক জেল ও একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

    এসব তথ্য নিশ্চিত করে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকার একটি ৬তলা বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে র‌্যাব সদস্যরা বাড়িটি চারদিক থেকে ঘিরে অভিযান চালায়। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর র‌্যাবের এই অভিযান শুরু হয়। জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারে ও গুলি চালায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন।
    পরে র‌্যাবও জঙ্গি আস্তানা লক্ষ্য করে গুলি চালালে হতাহত হয়। র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে পৌঁছে কাজ শুরু করে।

    পরে ওই বাড়ির মালিক দারোয়ানসহ বেশ কয়েকজনকে আটক করেছে র‌্যাব।

    এসব তথ্য নিশ্চিত করে শুক্রবার সকাল ১০টার দিকে র‌্যাব মহাপরিচালক বেনজীর ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন।

  • ইরানের সঙ্গে সবচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি করল চীন

    ইরানের সঙ্গে সবচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি করল চীন

    যুক্তরাষ্ট্রের চাপের মুখেই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে এক হাজার কোটি ডলার ঋণ দিল চীন। এজন্য দু দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে।

    জানা গেছে চুক্তি অনুযায়ী, চীনের সিআইটিআইসি গ্রুপ কর্পোরেশন ইরানের কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অর্থ সরবরাহ করবে। জ্বালানি, প্রাকৃতিক পরিবেশ, পরিবহন ও জল-সম্পদ ব্যবস্থা খাতের নানা প্রকল্প বাস্তবায়নে সে অর্থ ব্যয় করবে তারা। চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়ালিউল্লাহ সাইফ।

    পরে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইরানের ব্যাংকগুলো চিনের সিআইটিআইসি’র কাছ থেকে অক্টোবর মাসের প্রথম দিক থেকে অর্থ পেতে শুরু করবে। তিনি জানান, চীনা সংস্থাটি অনেক বেশি সহজ শর্তে ঋণ দিতে রাজি হয়েছে যা ব্যাংক ইতিহাসে ইতিবাচক সহযোগিতার ভিত্তি হতে পারে।

    উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর এটাই হচ্ছে তেহরান এবং বেইজিংয়ের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি।

  • জঙ্গিরা মনে হয় ভুয়া অাইডি দিয়ে বাসাটি ভাড়া নেয় : র‍্যাব ডিজি

    জঙ্গিরা মনে হয় ভুয়া অাইডি দিয়ে বাসাটি ভাড়া নেয় : র‍্যাব ডিজি

    রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকার রুবি ভিলা নামের ছয় তলা বাড়ির পঞ্চম তলায় র‍্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার ওই ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে তারা নিহত হয় নিশ্চিত করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

    সকাল ১০টার দিকে সাংবাদিকদের র‌্যাব ডিজি আরও বলেন, রুবি ভিলায় তিন জনের মরদেহ পাওয়া গেছে। সম্ভবত গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তারা অাত্মঘাতি হয়েছে।

    বেনজির অাহমেদ বলেন, জঙ্গিরা জাহিদ নামের একটি ন্যাশনাল অাইডি কার্ড ব্যবহার করে গত ৪ জানুয়ারি বাসাটা ভাড়া নেয়। বাসাটি ভাড়া নেয়। তবে বাসার ভেতরে অারও একটি ন্যাশনাল অাইডি কার্ড পাওয়া গেছে। দুইটি কার্ডেরই ছবি একটি নামে। অামাদের মনে হচ্ছে তারা ভুয়া অাইডি কার্ড ব্যবহার করে বাসাটি ভাড়া নিয়েছে।

    নিহতরা সবাই ২০ থেকে ৩০ বছরের যুবক বলে জানিয়ে তিনি অারও বলেন, বাসার ভিতরে একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। অারও একটি গ্রেনেড ভিতরে রয়েছে। তাদের রুমে পিস্তলসহ অারও কিছু অার্মস রয়েছে।

    র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকার একটি ৬ তলা বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে র‌্যাব সদস্যরা বাড়িটি চারদিক থেকে ঘিরে অভিযান চালায়। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর র‌্যাবের এই অভিযান শুরু হয়। জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারে ও গুলি চালায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন।
    পরে র‌্যাবও জঙ্গি আস্তানা লক্ষ্য করে গুলি চালালে হতাহত হয়। র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে পৌঁছে কাজ শুরু করে।

    পরে ওই বাড়ির মালিক দারোয়ানসহ বেশ কয়েকজনকে আটক করেছে র‌্যাব। এছাড়া ভবনের ৬১ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।