Author: Banglarmukh24

  • ইমরান খান দায়িত্ব নিতেই পিসিবির চেয়ারম্যান পদে রদবদল

    ইমরান খান দায়িত্ব নিতেই পিসিবির চেয়ারম্যান পদে রদবদল

    ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না হতেই দেশটির ক্রিকেটে রদবদল প্রক্রিয়া শুরু হয়ে গেল! আজ সোমবার নাজাম শেঠি পদত্যাগ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে। তার কয়েক ঘন্টার মধ্যেই আইসিসির সাবেক সভাপতি এহসান মানিকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে দিলেন ইমরান খান।

    পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, নাজাম শেঠি আর পদ ধরে রাখতে পারবেন না। কেননা ইমরান খানের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। শেষপর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। আজ বিকেলেই নতুন প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেঠি।

    পদত্যাগপত্রে নাজাম শেঠি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু পাকিস্তান ক্রিকেটকে নিয়ে আপনার স্বপ্ন ও বিশেষ পরিকল্পনা রয়েছে, সেজন্য তা বাস্তবায়নে আপনার নিয়োজিত একটি ব্যবস্থাপনা কমিটি সবচেয়ে ভালো কাজ করতে পারবে। এ কারণে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।’

    বোঝাই যাচ্ছে, ইচ্ছের বিরুদ্ধেই পদত্যাগের এই সিদ্ধান্ত শেঠির। তার পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে এহসান মানিকে পিসিবির নতুন চেয়ারম্যান নির্বাচিত করে ইমরান খান সেই ব্যাপারটি যেন আরও পরিষ্কার করলেন।

  • ফাঁকা রাজধানী ঢাকা থাকবে নিরাপত্তার চাদরে

    ফাঁকা রাজধানী ঢাকা থাকবে নিরাপত্তার চাদরে

    ফাঁকা রাজধানীর সার্বিক নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদ উপলক্ষে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি কিংবা চুরি ঠেকাতে পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বয় করে কাজ করছে।

    একই সঙ্গে রাজধানীর প্রতিটি ঈদগাহ, জাতীয় মসজিদের নিরাপত্তা ও ঈদের জামাতের নিরাপত্তা দেবে পুলিশ।

    মঙ্গলবার (২১ আগস্ট) তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পলিটেকনিক ইন্সটিটিউট কলোনীর বাজার মাঠে গরুর হাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

    কমিশনার বলেন, ব্যবসায়ীরা যে কোনো সময় যে কোনো হাটে গরু নিয়ে যেতে পারবেন। এতে হাট ইজারাদার বা অন্য কেউ বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

    তিনি বলেন, জোর করে এক হাটের গরু অন্য হাটে নামানোর কোনো অভিযোগ এখনও পাইনি। হাটের প্রথম দিকে রামপুরা ও মেরাদিয়ায় এমন অভিযোগ পাওয়া যায়। সেখানে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

    ডিএমপি কমিশনার বলেন, ‘পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত অজ্ঞান পার্টির খপ্পরে বা হাটে কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি। এখন পর্যন্ত ঢাকা মহানগরীতে গরুর হাট, বিপণীবিতান, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক কোনো অপরাধ হয়েছে বলে তথ্য পাইনি। সব মিলিয়ে এখন পর্যন্ত ঈদুল আজহার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।

    তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর প্রত্যেকটি পশুর হাটে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম আছে। এসব কন্ট্রোল রুমে অজ্ঞান পার্টির হাত থেকে বাঁচতে জনসাধারণকে সচেতন করা, জাল টাকা শনাক্তকরণ ও মানি এস্কর্ট সেবা দেয়া হচ্ছে। এ ছাড়াও চোর, ডাকাত, অজ্ঞান পার্টি ধরতে সাদা পোশাকে পুলিশ কাজ করছে।

    রাজধানীর ভেতরে চারটি বাস টার্মিনালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়েরহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে ভিজিলেন্স টিম নজরদারি শুরু করেছে।

    লঞ্চঘাটেও একই নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারে সে বিষয়টি নজরদারি করা হচ্ছে।

    নগরবাসীকে আশ্বস্ত করে কমিশনার বলেন, ঈদের দিন এবং পরের দিনগুলোতে যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য পুলিশ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সঙ্গে নিয়ে কাজ করছে। এ সময় ডিএপমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি

    উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি

    ২০১৭-১৮ মৌসুমের উয়েফা বর্ষসেরা পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ আর মিসরের তারকা মোহাম্মদ সালাহ। তবে জায়গা হয়নি আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসির।

    তিনজনের সংক্ষিপ্ত তালিকায় সালাহ ঢুকে গেছেন গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে ফাইনালে তোলায়। রোনালদো মনোনীত হয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড পঞ্চমবার এবং টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে। টানা ছয় মৌসুম টুর্নামেন্টটির সর্বোচ্চ গোলদাতাও তিনি।

    রোনালদোর মতোই মদ্রিচ জায়গা পেয়েছেন রিয়ালের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোতে। তার আবার বিশ্বকাপে আলো ছড়িয়ে গোল্ডেন বলও জিতেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

    এদিকে, দলের ব্যর্থতার প্রভাবটাই পড়েছে মেসির উপর। চ্যাম্পিয়ন্স লিগে তার দল বার্সেলোনা রোমার কাছে হেরে শেষ আট থেকেই বাদ পড়ে। বিশ্বকাপেও আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডের গন্ডি পার হতে পারেনি। ঘরোয়া, মহাদেশীয় এবং আন্তর্জাতিক আঙিনায় ব্যর্থতার কারণেই তিনজনের সংক্ষিপ্ত তালিকার বাইরে চলে গেছেন আর্জেন্টাইন তারকা।

    উয়েফা বর্ষসেরা ফুটবলারের তিনজনের এই সংক্ষিপ্ত তালিকাটি করেছেন গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগে খেলা দলগুলোর ৮০ জন কোচ, সঙ্গে ছিলেন ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার (ইএসএম) ৫০ জন সাংবাদিক।

    সোমবার এই তালিকা ঘোষণা করা হয়েছে। ৩০ আগস্ট বৃহস্পতিবার মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্র চলার সময় বিজয়ীর নাম ঘোষণা হবে।

    উয়েফা বর্ষসেরা হিসেবে আগের বিজয়ীরা :

    ২০১১- লিওনেল মেসি
    ২০১২- আন্দ্রেস ইনিয়েস্তা
    ২০১৩-ফ্রাঙ্গ রিবেরি
    ২০১৪-ক্রিশ্চিয়ানো রোনালদো
    ২০১৫-লিওনেল মেসি
    ২০১৬-ক্রিশ্চিয়ানো রোনালদো
    ২০১৭-ক্রিশ্চিয়ানো রোনালদো

  • বন্দর নগরীর নিরাপত্তায় ৫৪ পয়েন্টে ৩ হাজার পুলিশ

    বন্দর নগরীর নিরাপত্তায় ৫৪ পয়েন্টে ৩ হাজার পুলিশ

    কোরবানি ঈদের ছুটিতে ফাঁকা হয়ে আসা চট্টগ্রাম নগরের নিরাপত্তায় ৫৪টি পয়েন্টে তিন হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

    মঙ্গলবার (২১ আগস্ট) সকালে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদগাহের নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে তিনি বলেন, সার্বিক নিরাপত্তায় নগরীর ৫৪টি পয়েন্টে তিন হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে। এবার ঈদ জামাতে অন্যবারের চেয়ে বেশি তল্লাশি করা হবে জানিয়ে নিরাপত্তার স্বার্থে এই বিড়ম্বনা মেনে নেয়ার অনুরোধ করেছেন পুলিশ কমিশনার।

    তিনি বলেন, চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় ঈদ জামাত জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায়কে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রবেশমুখে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মেটাল ডিটেক্টরসহ বিভিন্ন পয়েন্টে অন্তত চারবার তল্লাশির পর মুসল্লিরা যেতে পারবেন মূল প্রাঙ্গণে।

    নগর পুলিশের ৭৫ ভাগ পুলিশ সদস্য ঈদে দায়িত্ব পালন করবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, তিন হাজারের বেশি সদস্য ঈদে চট্টগ্রাম নগরের নিরাপত্তায় থাকবেন। ঈদের দিনে কোরবানি পশুর চামড়া যাতে পাচার না হতে পারে সেজন্য বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চলবে। সাদা পোশাকে পুলিশ থাকবে। গোয়েন্দা নজরদারিও করা হবে।

    এ সময় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদ উল হাসান ও অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সবাই যাচ্ছে বাড়ি, আমরা আছি রাস্তায় : আইজিপি

    সবাই যাচ্ছে বাড়ি, আমরা আছি রাস্তায় : আইজিপি

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হয়েছে। স্বস্তিতে ঘরে ফিরে আত্মীয়-স্বজনের সঙ্গে মানুষ ঈদ করুন তা দেখার অপেক্ষায় ছিলাম আমরা।

    তিনি বলেন, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে সাধারণ মানুষ গ্রামের বাড়ি যাচ্ছে। তাদের নিরাপত্তায় আমরা সবাই রাস্তায়। পুলিশের আইজি, ডিআইজি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রাস্তায় রয়েছেন। সারারাত জেগে কাজ করেছেন। মানুষ যাতে নিশ্চিন্তে ঘরে ফিরতে পারে তার জন্য কাজ করছি আমরা সবাই।

    মঙ্গলবার বিকেলে মহাসড়কে যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

    আইজিপি বলেন, ঈদের সময় কোটি মানুষ ঈদ করতে গ্রামের বাড়িতে যায়। সবার নিরাপদে বাড়ি ফেরার বিষয়টি আমাদের কাছে ছিল বিশাল চ্যালেঞ্জ। সেটি সফলভাবে করতে পেরেছে পুলিশ। নির্বিঘ্নে-নিশ্চিন্তে ঘরে ফিরেছে সবাই।

    জাবেদ পাটোয়ারী বলেন, ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত কোথাও যানজট নেই। কোনো রকমের প্রতিবন্ধকতা নেই। মাত্র ২০ মিনিটে ঢাকার মিন্টু রোড থেকে গাজীপুর এসেছি। পুরো রাস্তা ফাঁকা।

    আইজিপি বলেন, ঈদের পর মানুষ কর্মস্থলে ফিরবে। তাদের কর্মস্থলে ফেরা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের কোনো ছুটি নেই। কারো কোনো ঈদ নেই। আমাদের সকল পুলিশ অফিসার সড়কে দায়িত্ব পালন করবেন। জনগণের জন্য আমাদের সার্ভিস। এই সার্ভিসটাই আমাদের ঈদ।

    এ সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন- পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।

  • ঈদের দিন বাপ বেটার বিয়ে

    ঈদের দিন বাপ বেটার বিয়ে

    এবারের ঈদে খুব বেছে বেছে বিশেষ বিশেষ নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। যে কারণে গত বছরের তুলনায় এবার ভালো ভালো গল্পের নাটকে তাকে দেখা যাবে। এমনটাই জানালেন এই অভিনেতা।

    তেমনি একটি ভালো গল্পের নাটক ‘বাপ বেটার’। এটি পরিচালনাও করেছেন মীর সাব্বির নিজেই। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন অহনা, সাঈদ বাবু প্রমুখ।

    মীর সাব্বির জানান, ‘প্রতি ঈদেই ব্যতিক্রমী কিছু কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এবারেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। ‘বাপ বেটার বিয়ে’ মূলত একটি আঞ্চলিক ভাষার নাটক। হাসি আছে, কান্না আছে। জীবনের নানা বোধও এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের কাছে দারুণ উপভোগ্য হবে।’

    গাজী টিভিতে নাটকটি প্রচার হবে আগামীকাল ঈদের দিন রাত ১১টায়।

  • অবশেষে জামিন পেলেন অভিনেত্রী নওশাবা

    অবশেষে জামিন পেলেন অভিনেত্রী নওশাবা

    তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জামিন পেয়েছেন। পাঁচ হাজার টাকা মুচলেখা দিয়ে জামিন পেলেন এ অভিনেত্রী।

    মঙ্গলবার (২১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন।

    উত্তর পশ্চিম থানার আদালতের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মমলাটি ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে।

    এর আগে শুক্রবার (১০ আগস্ট) ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী। রোববার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার (৪ আগস্ট) কাজী নওশাবা নিজের ফেসবুক থেকে অত্যন্ত আবেগী কণ্ঠে লাইভ ভিডিও সম্প্রচার করে বলেন যে, ‘জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করিয়া একজনের চোখ উঠাইয়া ফেলেছে এবং চারজনকে মেরে ফেলেছে। আপনারা যে যেখানে আছেন কিছু একটা করেন।’

    তার এ আহ্বান মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এতে জনমনে আতঙ্ক ও বিদ্বেষ ছড়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তার এই মিথ্যা প্রপাগান্ডার উৎস জানতে ফোন করলে তিনি তার স্বপক্ষে সঠিক কোনো উত্তর দিতে পারেননি। ওই সময় জিগাতলায় এ ধরনের কোনো ঘটনাও ঘটেনি।

    এ ঘটনায় রোববার (৫ আগস্ট) র‌্যাব-১ এর ডিএপি আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭(২) ধারায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।

  • সিদ্ধিরগঞ্জে ডিবির বরখাস্ত পলাতক এএসআই ইয়াবার চালানসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার

    সিদ্ধিরগঞ্জে ডিবির বরখাস্ত পলাতক এএসআই ইয়াবার চালানসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার

    নারায়ণগঞ্জ ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ জেলা গোয়েন্দা পুলিশের বরখাস্ত ও পলাতক এক সাবেক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করেছে র‍্যাব। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মো. সালাউদ্দিনকে (৩৮)

    এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা, ডিবি পুলিশের একটি জ্যাকেট, পুলিশের আইডি কার্ড এবং তাঁর ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কার জব্দ করেছে। আজ মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে মৌচাক এলাকা থেকে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে।

    আজ দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র‌্যাব–১১–এর সদর দপ্তরে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ্ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাজমুল হাসান, মশিউর রহমান প্রমুখ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডিবি পুলিশের বরখাস্ত এএসআই সালাউদ্দিন এবং তাঁর গাড়িচালক রনি (৩২)।

    সংবাদ সম্মেলনে মেজর আশিক বিল্লাহ জানান, টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান গ্রহণ করতে বরখাস্ত সালাউদ্দিন সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১–এর একটি দল ভোর পৌনে চারটার দিকে সিদ্ধিরগঞ্জ মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাদা প্রাইভেট কারসহ পলাতক মাদক ব্যবসায়ী জেলা গোয়েন্দা পুলিশের বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দিন ও তাঁর গাড়ির চালক মো. রনিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর গাড়ি তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি, মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা, একটি পুলিশের আইডি কার্ড ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার আসামি এএসআই সালাউদ্দিন স্বীকার করেন, নারায়ণগঞ্জ ডিবিতে থাকা অবস্থায় তাঁর সঙ্গে টেকনাফের কিছু মাদক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এরপর টেকনাফ থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা আমদানি করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন এ ছাড়া এএসআই সালাউদ্দিন আরও জানান, তিনি বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসা ভাড়া নিতেন এবং সেই বাসা ব্যবহার করে তাঁর গাড়িচালক রনি ও অন্য সহযোগীদের মাধ্যমে ইয়াবা মজুত ও বিক্রি করতেন।

    এর আগে গত ২৩ জুলাই র‌্যাব-১১–এর একটি অভিযান দল সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এএসআই সালাউদ্দিনের ভাড়া বাসা থেকে ৫ হাজার ৬০০ ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ৯ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করে। এ সময় সালাউদ্দিনের সহযোগী সুমনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মামলা করে। ওই মামলার পর থেকে সালাউদ্দিন পলাতক ছিলেন। গ্রেপ্তার সুমনের দেওয়া তথ্য অনুযায়ী, র‌্যাব ওই দিনই সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় ফ্রেন্ডস টাওয়ার ও সদর থানার নগরখানপুর এলাকায় ডিবির বরখাস্ত এএসআই সালাউদ্দিনের দুটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬২০টি ইয়াবা ও মাদক বিক্রির ৯ লাখ ৪০০ টাকা উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে আরও দুটি মাদকের মামলা রয়েছে। ডিবি পুলিশ থেকে বরখাস্ত হওয়ার পরও সালাউদ্দিন নিজেকে ডিবির এএসআই পরিচয় দিয়ে মাদক ব্যবসাসহ আইনবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তিনি জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    এদিকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রায় আট মাস আগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে বরখাস্ত হন এএসআই সালাউদ্দিন। এরপর থেকে সালাউদ্দিন পলাতক। পলাতক হলেও তিনি নারায়ণগঞ্জ ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেড়াতেন। স্থানীয় লোকজন তাঁকে সালাউদ্দিন স্যার ও ডিবি স্যার হিসেবে চিনত।

  • নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১১

    নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১১

    নরসিংদীর বেলাবো উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জঙ্গুয়ার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    ১১ জন মানুষের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই আটজন, নরসিংদী জেলা হাসপাতালে একজন এবং স্থানীয় হাসপাতালে দুজন মারা গেছেন।

    নিহত ব্যক্তিরা হলেন সিলেটের আজমেরীগঞ্জের আবুল হোসেন (৫৫), আবদুল মিয়া (২৪) ও মোবারক হোসেন (২৮); সুনামগঞ্জ জেলার সুজন (৩০) ও তাঁর স্ত্রী (২৪) এবং লেগুনার চালক অলিউর রহমান। নিহত অন্য লোকজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

    পুলিশ, স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকার মহাখালীগামী ঢাকা বস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। আহত লোকজনকে নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

    বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, বেলাব থানার পুলিশ, ভৈরব হাইওয়ে পুলিশ ও নরসিংদীর ফায়ার সার্ভিস হতাহত লোকজনকে উদ্ধারে কাজ করছে।

  • পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-৮ এর অভিযানে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে মোঃ আবুল হোসেন(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৪ পিচ ইয়াবাসহ আটক করেছে। গতকাল শুক্রবার রাত ১০টায় ভান্ডারিয়া-মঠবাড়িয়াগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

    আটক আবুল হোসেন দক্ষিণ ভান্ডারিয়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে। র‌্যাবের বিজ্ঞপ্তি জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন কানুয়া সাকিনস্থ কাজী বাড়ি মসজিদের অনুমান ৩শ গজ উত্তরে ভান্ডারিয়া-মঠবাড়িয়াগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ১৭ আগষ্ট ২০১৮ তারিখ আনুমানিক ২১.৫৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আবুল হোসেনকে আটক করে।

    এ সময় তার দেহ তল্লাশী করে ৪৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।