Category: জাতীয়

  • অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করব: প্রধানমন্ত্রী

    অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করব: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, করোনার অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও দেশের মানুষ যেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে। তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন, আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ যেন কেউ না করেন যাতে সংক্রমণের মাত্রা আরও বেড়ে যায়।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সরকারপ্রধান এই আহ্বান জানান। এ সময় তিনি দেশবাসী ও বিদেশে বসবাসরত সব বাঙালিকে ঈদের শুভেচ্ছা জানান।

    পাশাপাশি এই করোনাকালে যেসব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মী নিজের জীবন বাজি রেখে মানুষের সেবা দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

    আওয়ামী লীগের সভাপতি সারা বিশ্বে করোনা পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, বিগত এক বছরের বেশি সময় ধরে বিশ্ব এক গভীর সঙ্কটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। কোভিড-১৯ নামক এক মরণঘাতী ব্যাধি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতাসম্পন্ন এই ভাইরাস একদিকে যেমন অগণিত মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অন্যদিকে ক্ষতিসাধন করছে মানুষের জীবন-জীবিকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে এই ভাইরাস।

    ‘গত বছরের শেষদিকে যখন বিশ্বব্যাপী সংক্রমণ অনেকটা কমতে শুরু করেছিল, তখন সবার সঙ্গে আমরাও আশান্বিত হয়েছিলাম যে বিশ্ববাসী বুঝি এই মরণঘাতী ভাইরাস থেকে মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু মার্চের মাঝামাঝি থেকে দ্বিতীয় ঢেউ আমাদের সকল পরিকল্পনা ও প্রত্যাশাকে নৎস্যাৎ করে দেয়।’

    মানুষের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়, কাজেই জনসমাগম এড়াতে না পারলে এ রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণে কষ্ট হবে জেনেও আমরা বাধ্য হয়েছি মানুষের স্বাভাবিক চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করতে। দোকানপাট, শপিংমলসহ ব্যবসাপ্রতিষ্ঠানগুলি স্বাস্থ্যবিধি মেনে চালু রাখতে হচ্ছে। একই কারণে গণপরিবহন চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

    এমনি এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে এবারও আমাদের ঈদুল ফিতর উদযাপন করতে হচ্ছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘আমরা ঈদ উদযাপন করব, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। কোনোভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ্য হয়ে না উঠে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণের প্রতি অনুরোধ: আপনারা আবেগের বশবর্তী হয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাবেন না। অনেকের কোনো বাহ্যিক লক্ষণ না থাকায় আপনি বুঝতে পারবেন না আপনার পাশের ব্যক্তিটিই করোনাভাইরাস বহন করছে। এর ফলে আপনি যেমন করোনাভাইরাসের ঝুঁকিতে পড়বেন, তেমনি আপনার নিকটাত্মীয় বা পাড়া-প্রতিবেশীকে ঝুঁকির মুখে ফেলবেন। মনে রাখবেন, সবার উপরে মানুষের জীবন। বেঁচে থাকলে আসছে বছর আবার আমরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারব।’

    শেখ হাসিনা বলেন, ‘এই ভাইরাসের বিস্তার প্রতিরোধে গত বছরের মতো এ বছরও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে হবে।’

    সরকারপ্রধান দেশবাসীর আহ্বান জানিয়েছেন, ‘আসুন, আমরা সবাই যে যেখানে আছি সেখান থেকেই ঈদের আনন্দ উপভোগ করি। বিত্তবান যাঁরা আছেন বা যাঁদের সামর্থ্য আছে, তাঁদের প্রতি অনুরোধ, এই দুঃসময়ে আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর পাশে দাঁড়ান। তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সাহায্য হয়তো একটি পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবে। দেখবেন, তাঁদের হাসিমুখ আপনার হৃদয়মনকেও পরিপূর্ণ করে তুলবে ঈদের আনন্দে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্তব্য। আমরা যেন এই কর্তব্যকর্ম ভুলে না যাই।’

  • আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

    আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

    ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন।

    (১২ মে) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানানো হয়েছে।

    হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ কার্যত যুদ্ধে রূপ নিয়েছে। বুধবার (১২ মে) সেই যুদ্ধ চলছে টানা পঞ্চম দিনের মতো। সোমবারের মতো মঙ্গলবারও দিনভর লড়াই হয়েছে। একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাসও।

    মঙ্গলবার (১১ মে) রাতভর এবং বুধবার (১২ মে) ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশুও রয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ২৫০ জন ফিলিস্তিনি।

    অপরদিকে ফিলিস্তিনির প্রতিরোধ যোদ্ধা গ্রুপ হামাস গত তিন দিনে ইসরায়েল অভিমুখে ২০০টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইহুদিবাদী দেশটিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভারতীয় নারীও রয়েছেন বলে জানা গেছে।

    এর আগে মঙ্গলবার (১১ মে) অবরুদ্ধ উপত্যকা গাজায় ১৩তলা একটি ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। ‘হানাদি টাওয়ার’ নামের ওই ভবনটি বোমার আঘাতে ধসে পড়েছে। তবে ভবনে থেকে বাসিন্দারা আগেই সরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। ওই ভবনে হামাস নেতাদের রাজনৈতিক কার্যালয় ছিল বলে জানা গেছে।

    পবিত্র রমজানের জুমাতুল বিদা এবং পবিত্র রাত শবেকদরেও আল-আকসায় তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। নিরস্ত্র ফিলিস্তিনিরা এর প্রতিবাদ করে আসছেন। এর মধ্যেই গত সোমবার প্রতিশোধ হিসেবে হামাস ইসরায়েলে দিকে রকেট হামলা চালায়। তারপর থেকে অব্যাহত বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

     

  • লকডাউন’ বাড়লো আরও এক সপ্তাহ

    লকডাউন’ বাড়লো আরও এক সপ্তাহ

    দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী মঙ্গলবার বলেন, আমাদের পরিকল্পনা আছে আর এক সপ্তাহ লকডাউন বাড়ানোর।

    কারণ দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
    সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি মাথায় রাখতে হবে।

    চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন পালন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার।

    আর এবারের ঈদে লঞ্চ-ট্রেন এবং দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে।

  • একটা ঈদ বাড়িতে না করলে কী হয় : প্রধানমন্ত্রী

    একটা ঈদ বাড়িতে না করলে কী হয় : প্রধানমন্ত্রী

    করোনা সংক্রমণ রোধে ঈদে বাড়ি যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবার উদ্দেশে বলেছেন, ‘প্রত্যেকে যার যার অবস্থানে থেকে ঈদ করুন। একটা ঈদ বাড়িতে না করলে কী হয়?’ তিনি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

    পূর্বাচল প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের প্লট বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে রবিবার (৯ মে) তিনি এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানে যুক্ত হন।
    বিজ্ঞাপন

    প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের নতুন আরেকটি ভ্যারিয়েন্ট এসেছে যেটা আরও বেশি মারাত্মক। এতে যারা সংক্রমিত হয় তারা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মারা যান। যে কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। কেননা পার্শ্ববর্তী দেশে এ ভাইরাস আক্রমণ করেছে। আর প্রতিবেশী আক্রান্ত হলে তা থেকে দূরে থাকা কঠিন হয়ে যায়। তাই সবাইকে বলবো, নিজ নিজ অবস্থানে থেকে ঈদ করুন। কেননা বাড়ি যাওয়ার পথে কে ভাইরাস বহন করছেন, কে করছেন না, তা আমরা কেউ জানি না। কাজেই বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বলবো, বাড়ি যাওয়া থেকে বিরত থাকুন। কেননা যাওয়ার পথে আপনি ভাইরাস বহন করে নিয়ে যেতে পারেন আপনার পরিবারের কাছে। যাতে করে আপনার মা-বাবা ভাই-বোনসহ পরিবারের সদস্যরা আক্রান্ত হতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে। সবাইকে সুরক্ষিত থাকতে হবে। নিজে সুরক্ষিত তেকে অন্যদের সুরক্ষিত রাখতে হবে। সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে।’

    তিনি বলেন, ‘রমজান মাস, আল্লাহর কাছে দোয়া করেন যেন এই করোনাভাইরাস থেকে যেন আমাদের দেশ মুক্তি পায়, দেশের মানুষ যেন মুক্তি পায় আর যেন প্রাণহানি না হয়।  শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী এই করোনার জন্য কত মানুষ মারা যাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশে প্রতিদিন কত লোক মারা যাচ্ছে এবং এই প্রতিবেশী দেশে যখন হয় স্বাভাবিকভাবে তখন আমাদের দেশে আসার একটা সম্ভাবনা থাকে। সেজন্য আগে থেকেই আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে। নিজেদেরকে সেভাবে চলতে হবে, যেন আপনারা সবাই করোনাভাইরাস থেকে বেঁচে থাকতে পারেন।’

  • খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    আইন অনুযায়ী দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এ জন্য খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের আবেদন আমরা মঞ্জুর করতে পারিনি।’

    রবিবার (৯ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী, তিনি মাদার অব হিউম্যানিটি বলে সবাই জানেন। তিনি তাকে (খালেদা জিয়া) মানবতার তাগিদে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪০১ এর ১ ধারা অনুযায়ী তার দণ্ড স্থগিত করে তার বাসায়, তার সুবিধা মতো চিকিৎসা গ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছিলেন।

    তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ করে কোভিডে আক্রান্ত হয়ে এভার কেয়ার নামে একটি হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। এর মধ্যে তার ছোট  ভাই আবেদন করেছিলেন, তিনি বিদেশে যাওয়ার জন্য অনুরোধ আমাদের কাছে করেছিলেন।

    তিনি আরো বলেন, আমরা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য সেখানে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয় থেকে মত এসেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৪০১ ধারায় সাজা স্থগিত করে যে সুবিধাটি দেওয়া হয়েছে, ৪০১-এ সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর অবকাশ দ্বিতীয়বার নেই।

    তিনি বলেন, শর্ত সাপেক্ষে তার সাজা স্থগিত হয়েছিল যে তিনি বিদেশে যেতে পারবেন না। বাসা থেকেই চিকিৎসা নেবেন। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, আবেদনটি আমরা মঞ্জুর করতে পারছি না।

  • আসুন, দোয়া করি আল্লাহ যেন করোনা থেকে মুক্তি দেন’

    আসুন, দোয়া করি আল্লাহ যেন করোনা থেকে মুক্তি দেন’

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতে মুক্তির পথ দেখায়।

    রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনি। সিয়ামসাধনার মাসের এ রাতে মানবজাতির পথনির্দেশক পবিত্র আল কোরআন পৃথিবীতে নাযিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতে মুক্তির পথ দেখায়।

    শেখ হাসিনা বলেন, মহান আল্লাহতা’য়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্যলাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত।

    বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন- আমরা সবাই মহিমান্বিত রজনীতে মহান আল্লাহতা’য়ালার দরবারে বিশেষভাবে ইবাদত ও দোয়া প্রার্থনা করি, যেন আল্লাহ বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি দেন।

    প্রধানমন্ত্রী পবিত্র রজনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম-জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

  • করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল

    করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল

    আগামী ০৭ মে রোজ শুক্রবার করোনা ভাইরাস থেকে মানব জাতিকে পরিত্রাণের প্রার্থনায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৪.০০ টায় বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

    সংগঠনের সভাপতি এড.আসাদুজ্জামান দুর্জয় সর্বস্তরের নেতা-কর্মী আমন্ত্রন জানান।

  • ১৬ মে পর্যন্ত বাড়লো লকডাউন

    ১৬ মে পর্যন্ত বাড়লো লকডাউন

    করোনা সংক্রমণের কারণে চলমান ‘লকডাউন’ বা বিধি-নিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ মে) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান।

    গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এতে অংশ নেন।

    আনোয়ারুল ইসলাম বলেন, আজ সিদ্ধান্ত হয়েছে যে লকডাউন যেটা আছে সেটা ১৬ তারিখ (১৬ মে) পর্যন্ত একইভাবে কনটিনিউ করবো।
    ম্যাসিভলি যদি মাস্ক না পরে তাহলে আমরা এখন স্ট্রং অ্যাকশনে যাচ্ছি।

    ‘কাল স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে, আজ কেবিনেট করে (অনুমোদন) দিয়েছে। আজ থেকে পুলিশ, সিটি করপোরেশন ও ম্যাজিস্ট্রেট দেশের প্রত্যেক মার্কেট সুপারভাইজ করবেন। যদি কোনো মার্কেটে… মাস্ক ছাড়া যদি লোকজন ঘোরাফেরা করে তাহলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেবো। এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমাদের কো-অপারেট করবেন বলে আশ্বস্ত করেছেন এবং ওনারা নিজেরাও এটা সুপারভাইজ করবেন। ’

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো অবস্থাতেই যদি স্বাস্থ্যবিধির ব্যাপক ভায়োলেশন হয় তাহলে প্রয়োজনে ওই মার্কেট আমরা বন্ধ করে দেবো।

    তিনি জানান, আর ৬ মে থেকে গণপরিবহন জেলার ভেতরে চলাচল করতে পারবে। যেমন- ঢাকা জেলার মধ্যে থাকতে হবে। আন্তঃজেলা চলাচল করবে না। ওনারা আমাদের কথা দিয়েছেন, কোনোভাবে গণপরিবহনে স্বাস্থ্যবিধি ভায়োলেট করা হবে না। যদি করা হয় তাহলে বন্ধ করে দেওয়া হবে। এটা আমরা দেখবো।

    তিনি বলেন, লঞ্চ ও ট্রেন বন্ধ থাকবে। যেহেতু ওগুলো এক জেলা থেকে আরেক জেলায় যায়। সুতরাং, বন্ধ থাকবে।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রাইভেটের কোনো ইন্ডাস্ট্রি এই সময়ে বন্ধ করা যাবে না। যেগুলো যেভাবে আছে সেগুলো ওভাবেই চলবে।

  • মুনিয়ার মৃত্যুতে হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মামলা

    মুনিয়ার মৃত্যুতে হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মামলা

    রাজধানীর গুলশানে নিজ ফ্ল্যাটে মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার ঘটনায় এবার জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন করেছেন মুনিয়ার ভাই।

    রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মোর্শেদ আল মামুনের কোর্টে আবেদনটি করা হয়। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে এ বিষয়ে পরে আদেশ দেওয়ার কথা জানিয়েছেন।

    মামলার আবেদনে বলা হয়, “মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগে মামলা করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে বাদী বিভিন্ন পত্র-পত্রিকা, টেলিভিশনের মাধ্যমে জানতে পারেন, নাজমুল করিম চৌধুরী শারুনের সঙ্গে মোসারাত জাহান মুনিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাদের মধ্যে মনোমালিন্যও হয়। এরই পরিপ্রেক্ষিতে শারুন গুলশানের বাসায় গিয়ে মুনিয়াকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন।”

    গত ২৬ এপ্রিল, সোমবার সন্ধ্যার পর রাজধানীর গুলশানের নিজের ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান। মামলার এজাহারে বাদী বলেন, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিরা। দুই বছর আগে মুনিরা এবং সায়েম সোবহান তানভীরের মধ্যে পরিচয় হয়। এরপর থেকে তারা বিভিন্ন রেস্তোরাঁয় দেখা করতেন। তাদের প্রায় সময় মোবাইলে ফোনে কথা বলতে দেখা যেত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

  • বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের আইন উপদেষ্টা নির্বাচিত হলেন আসাদুজ্জামান মোল্লা দুর্জয়

    বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের আইন উপদেষ্টা নির্বাচিত হলেন আসাদুজ্জামান মোল্লা দুর্জয়

    বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের আইন উপদেষ্টা নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক সাবেক সভাপতি, মাদারীপুর জেলা ছাত্রলীগ এবং যুবলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সংগ্রামী সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডঃ মোঃ আসাদুজ্জামান মোল্লা দুর্জয়।

    এতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল মহানগর সহ বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানায়।

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর সভাপতি মুহাঃ পলাশ চৌধুরী এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।