Category: জাতীয়

  • শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর

    শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর

    শোকার্ত কোমলমতি শিক্ষার্থীদের শোক সংবরণ করে শান্ত থাকা ও ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করে তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কোমলমতি শিক্ষার্থীসহ শিক্ষা পরিবারের আমরা সবাই শোকার্ত।’

    শিক্ষামন্ত্রী বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক তাৎক্ষণিক সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। তিনি শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এবং সহমর্মিতা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।

    শিক্ষামন্ত্রী বলেন, ওই দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সব শিক্ষক, অভিভাবক ও অন্যদের শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার জন্য ভূমিকা রাখারও আহ্বান জানান।

    শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

  • আন্দোলনরত শিক্ষার্থীর ওপর পিক-আপ উঠিয়ে দিল চালক

    আন্দোলনরত শিক্ষার্থীর ওপর পিক-আপ উঠিয়ে দিল চালক

    লাইসেন্স দেখার গাড়ি থামানোর সংকেত দিলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পিক-আপ উঠিয়ে দিয়েছে চালক।
    বুধবার দুপুরে রাজধানীর শনির আখড়ায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের উপর পিকআপ উঠিয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।
    ভিডিওতে দেখা যাচ্ছে- আন্দোলরত শিক্ষার্থীরা একটি পিক-আপকে থামানোর চেষ্টা করে। এ সময় পিক-আপটি আসতে আসতে সামনের দিকে এগিয়ে যায়। একি পর্যায়ে এক শিক্ষার্থীর উপর পিক-আপ উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। ওই শিক্ষার্থী পিক-আপের দুই চাকার মাঝে পড়ে আহত হয়।
    এই ভিডিও প্রসঙ্গে একটি ফেসবুক আইডিতে লেখা হয়েছে, ‘শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল। প্রতিটি গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা হচ্ছিল। লাইসেন্স না থাকলে ড্রাইভারকে নামিয়ে ভাংচুর করা হচ্ছিল। একটি পিক-আপের ড্রাইভারকে থামিয়ে লাইসেন্স চেক করার চেষ্টা করা হলে একজন ছাত্রের গায়ের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়।
  • বাড়ি ফেরার আগে রাস্তার কাচ পরিষ্কার করল শিক্ষার্থীরা

    বাড়ি ফেরার আগে রাস্তার কাচ পরিষ্কার করল শিক্ষার্থীরা

    রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর রোডে বাসের ভাঙা কাচ পরিষ্কার করতে দেখা গেছে দুই শিক্ষার্থীকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইতিবাচক আলোচনা হয়।
    রাস্তায় পড়ে থাকা কাচে যেন কোন দুর্ঘটনা না ঘটে- তার জন্য বাড়ি ফেরার আগেই তা রাস্তা থেকে সরিয়ে ফেলে তারা। আর অনেকের মতে, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করল আন্দোলনকারী শিক্ষার্থীরা।
    রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আজ বুধবার তৃতীয় দিনের মতো আন্দোলন করে শিক্ষার্থীরা।
    কাচ পরিষ্কারের এ ঘটনায় ফেসবুকে কুদ্দুস আফ্রাদ নামের এক ব্যক্তি বলেন, ‘তোমাদের হাতে সমাজের জঙ্গল পরিষ্কার হবে। তোমরা এগিয়ে যাও। জয় বাংলা।’
    আব্দুল হালিম নামের একজন লিখেছেন, ‘বিষয়টি সত্যিই অসাধারণ! তোমাদের হাতেই বাংলার জয় হবে।’
    জুবাইর চৌধুরী বলেন, দিনভর রাজপথ দখল করে আন্দোলন। বাড়ি ফেরার আগে রাস্তা ঝাড়ু! আন্দোলনের সংজ্ঞাই পাল্টে দিলে তোমরা! তোমাদের মতো শিক্ষার্থীদের জন্য গর্ব হচ্ছে। তোমাদের জন্য ভালোবাসা। জয় বাংলা! তোমাদের হাতে সমাজের জঙ্গলগুলোও পরিষ্কার হবে! এটাই বিশ্বাস।
    গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর নিহত হয়। আজ শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে।
  • শিক্ষার্থীদের বাধায় পড়ে ফিরে গেল বাণিজ্যমন্ত্রীর গাড়ি

    শিক্ষার্থীদের বাধায় পড়ে ফিরে গেল বাণিজ্যমন্ত্রীর গাড়ি

    রাজধানীর শাহবাগ এলাকা দিয়ে ‘উল্টোপথে’ যাওয়ার সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বিএমডব্লিউ গাড়ি আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত পুলিশ প্রোটোকলে থাকা গাড়িটি ওই পথেই ফিরে যেতে বাধ্য হয়।
    আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িটিকে শিক্ষার্থীরা আটকে রাখে। আজ নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে অবস্থান নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার একপাশে শিক্ষার্থীদের অবস্থানের কারণে বাণিজ্যমন্ত্রীর গাড়িটি উল্টো পথে এগিয়ে যাচ্ছিল। এ সময় শিক্ষার্থীদের বাধার মুখে প্রায় ১৫ মিনিট গাড়িটি সেখানে আটকে থাকে। তোফায়েল আহমেদ তখন গাড়ি থেকে নেমে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
    শিক্ষার্থীরা মন্ত্রীর কাছে সড়ক দুর্ঘটনার বিচার চায়। এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকে। এর আগে পুলিশ প্রোটোকলে থাকা কর্মকর্তা গাড়িটি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে শিক্ষার্থীরা ‘আইন সবার জন্য সমান’ বলেও স্লোগান দেন। পরে গাড়িটি যে পথে আসছিল সে পথে ফিরে যায়।
  • কাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

    কাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

    সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আদেশ জারি করা হবে।

    শিক্ষামন্ত্রী শোকার্ত কোমলমতি শিক্ষার্থীদের শোক সংবরণ করে শান্ত থাকতে এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
    এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহত ও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কোমলমতি শিক্ষার্থীসহ আমরা শিক্ষা পরিবারের সবাই শোকার্ত।’
    শিক্ষামন্ত্রী বলেন, ওই দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষীদের গ্রেপ্তার করেছে। দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ অব্যাহত আছে।

    সভায় মন্ত্রী সংশ্লিষ্ট সব শিক্ষক, অভিভাবক ও অন্যদের শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার জন্য ভূমিকা রাখতে বিশেষভাবে অনুরোধ জানান।

  • দুই শিক্ষার্থীর মৃত্যু তদন্তে ইলিয়াস কাঞ্চনসহ তিন সদস্যের কমিটি

    দুই শিক্ষার্থীর মৃত্যু তদন্তে ইলিয়াস কাঞ্চনসহ তিন সদস্যের কমিটি

    রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    কমিটির সদস্যরা হলেন-বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মিজানুর রহমান, বুয়েটের প্রফেসর মো. হাদিউজ্জামান ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দুর্ঘটনার জন্য কার কতটুকু দায় তা নিরূপণ করবে। আইনজীবী রুহুল কুদ্দস কাজল এই তথ্য জানিয়েছেন।

    বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হা্ইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

    এর আগে গত সোমবার (৩০ জুলাই) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেকের পরিবারকে এক সপ্তাহের মধ্যে আপাতত পাঁচ লাখ টাকা (টোকেন মানি) করে ক্ষতিপূরণের নির্দেশ দেন হাইকোর্ট।

    পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে আদেশ এবং রিটের পরবর্তী আদেশের জন্য ১২ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত। ওই তারিখের মধ্যে বিআরটিএকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    এছাড়া কুর্মিটোলার এ মর্মান্তিক দুর্ঘটনায় জাবালে নূর পরিবহনের দায় নির্ধারণে তদন্ত প্রতিবেদন ২ মাসের মধ্যে প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালকের প্রতি নির্দেশ দেয়া হয়। আর এতে সহায়তার জন্য ডিএমপি কমিশনার ও বিআরটিএকে আদেশ দেয়া হয়।

    সোমবার (৩০ জুলাই) জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন।

    আদেশের পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, বিদ্যমান যে ট্রাফিক আইন আছে তা যথাযথ প্রয়োগের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ কেন দেয়া হবে না এবং শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ব্যাংক ইন্টারেস্টসহ দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    যদিও রিটে দুই পরিবারকে এক কোটি টাকা করে মোট দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল।

    আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে হয়েছে।

    তিনি জানান, আদালতের জারি করা রুলে চালকদের ড্রাইভিং লাইসেন্স কোন যোগ্যতার ভিত্তি দেয়া হয় এবং সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে বিআরটিএকে নির্দেশ দেয়া হয়েছে।

    রোববার দুপুরে হোটেল রেডিসনের সামনে জিল্লুর রহমান ফ্লাইওভার ঘেঁষে রাস্তার বাঁ-পাশে দাঁড়ানো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থীর ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস। এতে দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন।

  • কল করলেই বাড়িতে যাবেন ডাক্তার, দেবেন বিনামূল্যে ওষুধ

    কল করলেই বাড়িতে যাবেন ডাক্তার, দেবেন বিনামূল্যে ওষুধ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদানের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ‘বঙ্গবন্ধু প্রাথমিক স্বাস্থ্য সেবা পক্ষ- ২০১৮’ কর্মসূচির আওতায় ঢাকা দক্ষিণের ৫৭টি ওয়ার্ডের বাসিন্দারা এই সুবিধা পাবেন।

    বুধবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ কর্মসূচির উদ্বোধন করেন।

    এসময় তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা এ কর্মসূচি নিয়েছি। নাগরিকরা হটলাইনে (০৯৬১১০০০৯৯৯) কল করলেই আমাদের ডাক্তার রোগির বাড়িতে চলে যাবেন। বর্ষাকালীন রোগের চিকিৎসা দিবেন। শুধু তাই নয়, ওষুধও দেয়া হবে। আর সবাই এ সেবা পাবেন বিনামূল্যে।

    তিনি আরও বলেন, ৫৭টি ওয়ার্ডের জন্যই সাব অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল টিম রয়েছে। তারা বাড়িতে গিয়ে চিকিৎসা দিবেন। সর্বমোট ১৩০ জন এ কাজে নিয়োজিত থাকবেন। আমাদের এই কর্মসূচি ১৫ দিনের জন্য চালু হলো। নাগরিকদের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রয়োজনে এই সময় আরও বাড়ানো হবে।

    মেয়র সাঈদ খোকন বলেন ,জাতীয় শোক দিবসে প্রথাগতভাবে আলোচনা অনুষ্ঠান, স্মরণসভা, রক্তদান অনুষ্ঠানের পরিবর্তে নাগরিকদের সেবাদান কর্মসূচি সর্বোত্তম পন্থা হতে পারে। সেই চেতনা থেকেই বঙ্গবন্ধু প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হলো। এছাড়া আগ্রহী ওয়ার্ড কাউন্সিলররা স্ব স্ব ওয়ার্ডে এ সেবা দিতে চাইলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে চাহিদাপত্র দিয়ে এটি নিতে পারবেন।

    অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহউদ্দিন আহমেদ, প্রধান সম্পত্তি আব্দুল মালেকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সচিবালয়ে জরুরি বৈঠকে তিন মন্ত্রী

    সচিবালয়ে জরুরি বৈঠকে তিন মন্ত্রী

    রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের ধাক্কায় দুই সহপাঠী নিহতের ঘটনায় বুধবার চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবহন মালিক- শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিন মন্ত্রী।

    তারা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ও তথ্যমন্ত্রী হাসানুলহক ইনু। বুধবার দুপুর দেড়টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে পরিবহন মালিক- শ্রমিকদের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

    প্রসঙ্গত, চারদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। তাদের এখন পুলিশের ভূমিকায়ও দেখা যাচ্ছে। লাইসেন্স না থাকায় কাউকে গাড়ি চালাতে দেয়া হচ্ছে না।

    এদিকে, জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় গত রোববার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর নিহতের পর থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের এ বিক্ষোভ প্রতিদিনই বিস্তৃতি পাচ্ছে।

    তাদের বিক্ষোভ, মিছিল আর অবরোধের কারণে বুধবার সকাল থেকে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে।

    ফার্মগেট, শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভরত শিক্ষার্থীরা পুলিশের সামনেই যানবাহন থামিয়ে চালকদের কাছে লাইসেন্স দেখতে চাইছেন। লাইসেন্স দেখাতে না পারলে চালকদের কাছ থেকে চাবি রেখে দেয়া হচ্ছে। ফলে গাড়ি পড়ে থাকছে রাস্তায়। এদিনও রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়।

  • ‘দা দিয়া কোপাইয়্যা গাল ও কান কাইট্টা দেছে’

    ‘দা দিয়া কোপাইয়্যা গাল ও কান কাইট্টা দেছে’

    টাকা না দেয়ায় তিন সন্তানের জননী ছকিনা বেগমের গাল ও কান কেটে দিলেন পাষণ্ড স্বামী হাবিব খান। বরগুনার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, পাঁচ দিন ধরে হাসপাতালের বেডে বিষম ব্যথায় কাতরাচ্ছেন তিনি। অর্থাভাবে তার সঠিক চিকিৎসা হচ্ছে না। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। ছকিনা হাবিবের প্রথম স্ত্রী। হাবিব খানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

    ছকিনা বেগম বলেন, ‘বিয়ের পর অইতে স্বামীর লগে দিনমজুরের কাম হইর‌্যা সংসার চালাই। স্বামী দ্বিতীয় বিয়া হরছে। হেইয়্যার পর হইতেই মোরে স্বামী অ্যাকছের জালায়। প্রায়ই আইয়্যা টাকা চায়। টাহা না দিলে মারে। মঙ্গলবার টাকা চাইছে, মুই টাহা দিতে রাজি না অওয়ায় মোরে মাইর‌্যা হালানোর জন্য দা হান দিয়া কোপাইয়্যা গাল ও কান কাইট্টা দেছে। মুই অ্যাইয়্যার বিচার চাই।’

    জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে ছকিনা। জন্মের দু’বছরের মাথায় বাবা-মাকে হারান তিনি। আলীপুরের রাখাইন সম্প্রাদায়ের মইয়্যা নামের এক পরিবারে বেড়ে উঠেন তিনি।

    ২০০৩ সালে মহিষডাঙ্গা গ্রামের হাবিব খানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ছকিনা দিনমজুরের কাজ করে স্বামীর সংসার চালিয়ে আসছেন। তাদের তিন সন্তান। হাবিব খান ২০০৬ সালে কক্সবাজারে দ্বিতীয় বিয়ে করেন। তিনি দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগমকে নিয়ে থাকেন। প্রথম স্ত্রী ছকিনাকে ভরণপোষণ তো দেনই না বরং প্রায়ই তার কাছে টাকা চাইতে আসেন।

    মঙ্গলবার রাতেও ছকিনার কাছে টাকা চান হাবিব। তাকে টাকা দিতে অস্বীকার করলে ছকিনাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন হাবিব। এতে ছকিনার বাম গাল ও কান কেটে যায়। ছকিনার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, ছকিনার মুখের বাম অংশ থেকে শুরু করে কান পর্যন্ত কেটে গেছে। আমতলী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বাদল বলেন, স্বামী হাবিব খানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবো-সাদিক আবদুল্লাহ

    দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবো-সাদিক আবদুল্লাহ

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, বরিশালবাসী তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। নগরের প্রত্যেকটি পরিবার এখন তার পরিবার, তিনি সব নাগরিকের প্রতিনিধি। দলমত নির্বিশেষে তিনি সবার হয়ে কাজ করবেন। নগর ভবনে সবাই সমান সেবা পাবেন।

    বিএনপির দুর্গে দীর্ঘ প্রায় ৩৪ বছর পর ২০০৮ সালের সিটি নির্বাচনে বরিশালে জয় পেয়েছিলেন তৎকালীন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন। পাঁচ বছর পর ২০১৩ সালের সিটি নির্বাচনে আবার নগর ভবনের প্রধান চেয়ারটি চলে যায় বিএনপির দখলে। সোমবারের ভোটে ফের নগরপিতা হলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    ২০১৬ সালে বরিশাল মহানগর কমিটিতে পদ পান সাদিক আবদুল্লাহ। মূলত তখন থেকেই তিনি মেয়র পদে প্রার্থিতার প্রস্তুতি শুরু করেন। এর আগেই নগর রাজনীতিতে গড়ে তোলেন শক্ত অবস্থান। বরিশালের ঐতিহ্যবাহী সেরনিয়াবাত পরিবারের তৃতীয় প্রজন্মের এই প্রতিনিধি স্থানীয় রাজনীতিতে ‘যুবরত্ন’ হিসেবে পরিচিত। নির্বাচনের মাঠে ‘নতুন মুখ’ হলেও গত কয়েক বছরে দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের ঝলক দেখিয়ে সাদিক আবদুল্লাহ ছিলেন বরিশাল নগরীর সবচেয়ে বেশি আলোচনায়।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ ‘৭৫-এর ১৫ আগস্টের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বিজয়ের সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গোটা দক্ষিণাঞ্চলসহ সারাদেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, সে উন্নয়নে আস্থা রেখে বরিশাল নগরবাসী নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করেছে। নগরবাসীর এ রায়কে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তিনি নগরীর উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন বলেও অঙ্গীকার করেন। নবনির্বাচিত এ মেয়র বলেন, সাবেক মেয়র মরহুম শওকত হোসেন হিরন বরিশাল নগরীতে যে উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতা রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন করা হবে। এ ব্যাপারে তিনি নগরীর অভিজ্ঞ ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করবেন অকাতরে।

    গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর কালীবাড়ি সড়কের বাসভবনে বসে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাদিক আবদুল্লাহ বলেন, ২০১৩ সালে শওকত হোসেন হিরনকে ভোট না দিয়ে গত পাঁচ বছর নগরবাসী যে দুর্ভোগ পেয়েছেন সে জন্য এখন তারা দুঃখ প্রকাশ করছেন। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে দ্রুততম সময়ের মধ্যে নগরবাসীর মৌলিক সমস্যাগুলোর সমাধান করা। বিশেষ করে পানি সংকট ও জলাবদ্ধতা দূর করা। নগর পরিকল্পনাবিদদের পরামর্শ নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই উন্নয়ন করতে চাই।

    নগর ভবনের নানাবিধ অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে সাদিক আবদুল্লাহ বলেন, আমি সোজা ও সৎ পথে চলি। নিজে কখনও দুর্নীতি করিনি, ভবিষ্যতেও করব না। নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমার আহ্বান, তারাও যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করেন। অতীতে কাউন্সিলররা করপোরেশনের উন্নয়ন কাজের ঠিকাদারি করতেন, সে সুযোগ কাউন্সিলররা পাবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, দলীয় কাউন্সিলরদের প্রতিও আমার অনুরোধ থাকবে কোনো বিতর্কিত কর্মকাণ্ডে যাতে নবনির্বাচিত নগরপরিষদ জড়িত না হয়। এ প্রসঙ্গে সাদিক বলেন, বিজয়ী অভিজ্ঞ এবং পুরনো কাউন্সিলরদের পরামর্শ নিয়ে এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগর ভবনের কার্যক্রম পরিচালনা করতে চাই। করপোরেশন পরিচালনার ক্ষেত্রে আইনি যে বাধ্যবাধকতা রয়েছে, তা ষোলোআনা অনুসরণ করা হবে। এর বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না। কেউ বাড়তি কোনো সুযোগও পাবে না।

    দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী ভোলার গ্যাস বরিশালে সরবরাহের প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী বরিশালের জনসভায় ভোলার গ্যাস বরিশালে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই প্রতিশ্রুতি অনুযায়ী বরিশালে গ্যাস আনার জন্য পাইপলাইনের কাজও শুরু হয়েছে। বরিশালে যাতে অল্প সময়ের মধ্যে বাণিজ্যিক এবং আবাসিক খাতে গ্যাস সরবরাহ করা সম্ভব হয় সে জন্য সংশ্নিষ্ট ঊর্ধ্বতন দপ্তরগুলোতে তিনি যোগাযোগ করবেন।

    সাদিক আবদুল্লাহ বলেন, আমি প্রধানমন্ত্রীর আত্মীয়- এ কথা ভোটারদের বলে নির্বাচনের প্রধান প্রতিপক্ষ সরোয়ার কাকু নগরীতে হৈচৈ তুলেছিলেন। ওই প্রচারণায় নগরবাসীর সহমর্মিতা তার প্রতি আরও বেড়েছে; পাশাপাশি প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। নগরবাসী মনে করেন, আমি প্রধানমন্ত্রীর আত্মীয় বিধায় তাদের আশা-আকাঙ্ক্ষা বেশি পূরণ করতে পারব। সাদিক আবদুল্লাহ তার বাবার প্রসঙ্গ টেনে বলেন, দক্ষিণাঞ্চলে আওয়ামী রাজনীতির অভিভাবক কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর পরামর্শ ও নির্দেশনা নিয়ে বরিশাল বিভাগীয় শহরকে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল নগরীতে পরিণত করা হবে। দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে সর্বদা এ অঞ্চলের মানুষের প্রত্যাশার প্রতি আকাত্ম থাকব এবং যে কোনো অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবো।

    নাগরিক সুবিধা না পেয়েও নগরের বর্ধিত এলাকার বাসিন্দারা অসহনীয় করের বোঝা বয়ে বেড়াচ্ছেন। এ প্রসঙ্গে কী উদ্যোগ নেবেন জানতে চাইলে নবনির্বাচিত মেয়র বলেন, মাঠ পর্যায়ে জরিপ না করে বর্তমান মেয়র নগরীতে বিভিন্ন ধরনের কর ৩০ থেকে ৫০ গুণ বৃদ্ধি করেছেন। স্থান ও অবস্থান ভেদে ওই কর যথাযথভাবে নির্ধারণ হয়নি। মাঠ পর্যায়ে জরিপ করিয়ে কর ব্যবস্থা পুনর্বিন্যাস করা হবে। সাদিক বলেন, নতুন কোনো কর আরোপ করব না। নাগরিক সুবিধাবঞ্চিত নগরবাসীকে বাড়তি করের বোঝা থেকে মুক্ত করা হবে। যারা পানি পান না, তারা কেন পানির ট্যাক্স দেবেন। করপোরেশন নগরবাসীর সঙ্গে প্রতারণা করতে পারে না।

    প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল নগরীর খাল ও পুকুর রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে সাদিক আবদুল্লাহ বলেন, বরিশাল নগরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করব। নগরের খালগুলো ভরাট এবং দখলের সঙ্গে অনেক রাঘববোয়াল জড়িত। মাস্টারপ্ল্যান অনুসরণ করে খালগুলো দখলমুক্ত করা হবে। জলাধার রক্ষার পাশাপাশি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়তে নথুল্লাবাদ বাস টার্মিনাল গড়িয়ার পাড়ে স্থানান্তর করা হবে। নগরীতে দিন দিন জনবসতি বাড়ছে জানিয়ে সাদিক বলেন, বর্ধিত জনসংখ্যার বিষয়টি পরিকল্পনায় রেখে সব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে, যাতে নগরীর প্রকৃত চরিত্র বজায় থাকে। যত্রতত্র দালানকোঠা তৈরি করতে দেওয়া হবে না। নগরীর পূর্বাংশ দিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলা নদীর তীর যতটুকু সিটির আওতায় পড়েছে তার ওপর ‘মেরিন ড্রাইভের’ আদলে শহর রক্ষা বাঁধ নির্মাণ করে নগরবাসীর সহায়-সম্পদ রক্ষা এবং বিনোদনের ব্যবস্থা করা হবে।

    সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল নগরীর কলোনিগুলোর (বস্তি) বাসিন্দাদের উন্নত জীবনযাপন নিশ্চিত করতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, বরিশাল নগরীর উন্নয়ন পরিকল্পনার জন্য ‘নগর উন্নয়ন কর্তৃপক্ষ’ নেই। দায়িত্ব পাওয়ার পরপরই সংশ্নিষ্ট ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করব বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য, যাতে সব ধরনের উন্নয়ন পরিকল্পিত ও টেকসইভাবে করা সম্ভব হয়। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাকে ভোট দিয়ে নগরবাসীর সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল নগরের সর্বস্তরের বাসিন্দার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি নগরবাসীর এ রায়কে সর্বদা মর্যাদার আসনে রাখব।