Category: জাতীয়

  • অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটের অনিয়ম ঠেকাবে ইসির বিশেষ সফটওয়্যার

    অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটের অনিয়ম ঠেকাবে ইসির বিশেষ সফটওয়্যার

    সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন অনুষ্ঠানে বিতর্কিত হয়ে পড়া নির্বাচন কমিশন (ইসি) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রযুক্তি নিয়ন্ত্রিত করার উদ্যোগ নিয়েছে। বড় পরিসরের এই নির্বাচন নিয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের ওপর আর আস্থা রাখতে পারছে না সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তাই অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দিতে এবার তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ভোট সম্পন্ন করতে চায় ইসি। সে লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে ফলাফল ঘোষণাসহ পুরো ভোট ব্যবস্থাপনার সবকিছু ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। ভোটকেন্দ্রে ব্যবহারের জন্য কেনার উদ্যোগ নেয়া হয়েছে ৪২ হাজার ট্যাব (ট্যাবলেট কম্পিউটার)। ৫ ধরনের বিশেষ সফটওয়্যার ব্যবহার করে এসব বিশেষায়িত ট্যাবের মাধ্যমে দ্রুত অনিয়মের অভিযোগ গ্রহণ ও সে অনুযায়ী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবে কমিশন।

    ইসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, নির্বাচন ও অফিস ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে এরই মধ্যে কমিশন সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত ট্যাবগুলো বিশেষায়িত থাকবে। নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার সফটওয়্যার ওই ট্যাবে ইনস্টল থাকবে। ওসব ট্যাবে সাধারণ কাজ করা যাবে না। সেগুলো পাইলটিং করতে হবে।

    সংশ্লিষ্ট সূত্র মতে, নির্বাচনী ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল করতে কার্যক্রম চালাচ্ছে ইসি। সে জন্য প্রতিটি কেন্দ্রে কাস্টমাইজড ট্যাব সরবরাহ করা হবে। ওই ট্যাব নির্বাচনকালীন এবং পরেও অনেক কাজে লাগবে। অনলাইনে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, প্রার্থীর তথ্য সংগ্রহ, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ, এসএমএসের মাধ্যমে কেন্দ্রের তথ্য প্রেরণ, দ্রুত কেন্দ্রের ফলাফল প্রেরণ, ভোট চলাকালীন ভিডিও ধারণ, সরাসরি ইসিকে দেখানো, ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ, বায়োমেট্রিক ভেরিফিকেশন, মৃত ভোটার ব্যবস্থাপনাসহ নির্বাচন সংক্রান্ত সব কাজ ডিজিটাল করার পরিকল্পনা নিয়েই ওই ট্যাব কেনা হচ্ছে। মূলত নির্বাচনে ভোটের তথ্য ও ফল দ্রুত রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানোর জন্য প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে একটি করে ট্যাব দেয়া হবে।

    সূত্র জানায়, আসন্ন সংসদ নির্বাচনে ১১ ধরনের প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। আর এসব প্রযুক্তির ব্যবহার করতে ১৭ ধরনের হার্ডওয়্যার ও ৫ ধরনের সফটওয়্যার কেনার উদ্যোগ নেয়া হয়েছে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ৬০ লাখ টাকা। তার মধ্যে ট্যাব কেনায় ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা। আর ৫ ধরনের সফটওয়্যার কিনতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১০ লাখ টাকা।

    সূত্র জানায়, জেলা প্রশাসকের নেতৃত্বে রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয় তদারকি করার আলাদা কমিটি করা হবে। ভোটের অভিযোগ নেয়ার জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার ও এসএমএসে অভিযোগ সংগ্রহ করবে ইসি সচিবালয়। সে অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থাও নেয়া হবে। আর ডিজিটাল পদ্ধতিতে ভোটের ফলাফল সংগ্রহ করে তা ডিজিটালভাবেই প্রচার করা হবে। তাছাড়া ফলাফল সংগ্রহের পরপরই তা যেন ওয়েবসাইটে প্রকাশ করা যায় সে জন্য সফটওয়্যারে সেই ব্যবস্থাও রাখা হবে।

    এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইসির এক কর্মকর্তা বলেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন ধরনের কেনাকাটার আয়োজন করা হচ্ছে। এরই অংশ ইভিএম ও ট্যাব কেনার উদ্যোগ। তবে এর কিছু সমস্যাও আছে। তিনি বলেন, বিগত কোনো নির্বাচনে ট্যাব ব্যবহার করা হয়নি। দুর্গম ও চরাঞ্চলের ভোটকেন্দ্রে ইন্টারনেট পাওয়া যাবে না। আর অদক্ষ প্রিসাইডিং কর্মকর্তা হলে ট্যাব ব্যবহারই করতে পারবে না। এসব বিষয় নিয়েও ইসি ভাবছে।

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ করা উচিত: মওদুদ

    বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ করা উচিত: মওদুদ

    কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

    শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সংঘাতের রাজনীতি, গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারির ঘটনা প্রসঙ্গে মওদুদ বলেন, যেমনিভাবে রিজার্ভ চুরির দায়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছিলেন, তেমনি বর্তমান গভর্নরেরও পদত্যাগ করা উচিত। তাহলে তার সম্মান বাঁচবে।

    বিএনপির এই জ্যোষ্ঠ নেতা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি টাকায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সেভাবে বিএনপিকেও সমাবেশ করতে দিতে হবে।

  • গণসংবর্ধনা মঞ্চে প্রধানমন্ত্রী

    গণসংবর্ধনা মঞ্চে প্রধানমন্ত্রী

    দেশের উন্নয়নে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে এরইমধ্যে যোগ দিয়েছেন তিনি।

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা ঘিরে দুপুর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে ঢল নামে নেতাকর্মীদের। বেলা ১২টা থেকে নেতাকর্মীদের প্রবেশের জন্য মূল সমাবেশস্থলের গেট খুলে দেয়া হয়।

    সংবর্ধনায় যোগ দিতে সকাল থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন ফটকের সামনে অবস্থান নেন তারা।

    সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনার আনুষ্ঠানিকতা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, পদ্মা সেতুসহ দেশের উন্নয়নে অনন্য ভূমিকার জন্যই এই আয়োজন ক্ষমতাসীন দলের। কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

  • উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল-বিফল

    উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল-বিফল

    পাবলিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দেড় দশক ধরে চলছে সামন্তবাদী একঘেয়েমি, উৎকণ্ঠার রাজত্ব। পাবলিক পরীক্ষার ফল প্রকাশের দিনে দেশের ১৭ কোটি মানুষকে দিতে হচ্ছে ধৈর্যের পরীক্ষা। সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী পরীক্ষার ফল ঘোষণা করেন আর দেশের মানুষ তা জানতে পারে বেলা দুটোর পর। কেননা, শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন আর সেখানে তিনি জাতির সামনে কৈফিয়ত দেবেন। কী কৈফিয়ত তিনি এবার দিয়েছেন? এবার নাকি ‘বৈজ্ঞানিক পদ্ধতিতে’ উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। আর তাই পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে। মন্ত্রীকে ধন্যবাদ দিতেই হবে। বাংলাদেশের ইতিহাসে, সম্ভবত পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম সময় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী মন্ত্রী এত দিনে ‘বিজ্ঞানসম্মত উত্তরপত্র পরীক্ষণের সূত্র’ আবিষ্কার করেছেন। আর তাতে জাতি নিশ্চয় ধন্য হয়েছে। কী সে পদ্ধতি? কেউ তা জানে না।

    তাঁর আমলে শিক্ষার নামে দেশে পরীক্ষার মচ্ছব চলছে। বোল ফোটার আগেই পড়ুয়াকে বসতে হচ্ছে পরীক্ষায়। পরীক্ষা নামক দানবের খপ্পরে পড়ে লেখাপড়া লাটে উঠেছে, পড়ুয়ার নতুন নামকরণ হয়েছে পরীক্ষার্থী। দেশের সচেতন মানুষের উদ্বেগ-উৎকণ্ঠার কোনো মূল্য নেই; পরীক্ষার মোচ্ছব চলছেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরীক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে আর লেখাপড়া জায়গা খুঁজে নিয়েছে কোচিং সেন্টারে।

    বাংলাদেশে সবচেয়ে বড় দুটো লুটপাটের জায়গা এখন শিক্ষা ও স্বাস্থ্য। দুটোতেই লুটেরাদের একাধিপত্য। সেটা সম্ভব করে দিয়েছে এই রাষ্ট্র। তারই সূত্র ধরে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আপন ঘরে অনিরাপদ এখন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাই।

    এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে দেশের মানুষের উৎকণ্ঠার সীমা ছিল না। মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রহসনের মধ্য দিয়ে। প্রায় সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তাই দুশ্চিন্তা ছিল সবার। কিন্তু বাহবা সরকার পেতেই পারে। উচ্চমাধ্যমিকে প্রশ্নফাঁসের অভিযোগ এবার অন্তত ছিল না। নির্বিঘ্নে পরীক্ষা নেওয়া গেছে। প্রশ্নফাঁস ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপ সুফল দিয়েছে। পরীক্ষার ফলে তার প্রভাব পড়েছে। কিন্তু মন্ত্রী সেটা উল্লেখ করেননি। তিনি এর মধ্যে ‘বিজ্ঞান’ আবিষ্কার করেছেন। আমরা জানি, যে বিজ্ঞানের কথা মন্ত্রী বলেছেন, সেটা আমলাদের বানানো বার্তা। সেখানে কোনো অভিনবত্ব নেই। শুধু সরকারের একটা সিদ্ধান্ত আছে, পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরে সহানুভূতিসূচক ২/১ নম্বর দিয়ে পাস বা পরবর্তী গ্রেড পাইয়ে না দেওয়া। ফলে কেউ ৩২ পেলেও সহানুভূতির এক নম্বর না পেয়ে ফেল করেছে; আবার ৭৯ পেয়েও মাত্র এক নম্বরের জন্য ৮০ নম্বর না পেয়ে জিপিএ-৫ থেকে বঞ্চিত থেকেছে। এভাবে প্রান্তক নম্বর সংশোধনের বহু পুরোনো নীতির অবসান ঘটেছে। সেটাও গত এক বছর কার্যকর হয়েছে। সুতরাং এ বছর তার নতুন কোনো তাৎপর্য নেই। কিন্তু মন্ত্রী সেটাই বললেন, মুখস্থবিদ্যার মতো।

    আমরা যদি গত তিন বছরের সংখ্যাচিত্র পর্যালোচনা করি, তাহলে ভিন্ন চিত্র দেখতে পাব। যেমন ২০১৬ সালে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ, ২০১৭ সালে ৬৮ দশমিক ৯১ শতাংশ এবং এ বছর ৬৬ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ আটটি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার গত বছরের চেয়ে ২ দশমিক ২৯ শতাংশ কম। অন্যদিকে, ২০১৬ সালে জিপিএ-৫ পাওয়া মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ২৭৬, ২০১৭ সালে ৩৭ হাজার ৯৬৯ এবং এ বছর ২৯ হাজার ২৬২। দেখা যাচ্ছে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে এবং গত তিন বছরে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

    এর পেছনে কী কী কারণ ক্রিয়াশীল ছিল? প্রথমত, প্রশ্ন ফাঁস না হওয়া এবং দ্বিতীয়ত প্রাপ্ত প্রান্তক নম্বর সংশোধন না করা (অর্থাৎ ৭৯ নম্বর পেলে তা ৮০ না করা)। কিন্তু আরও নানা কারণ যুক্ত বলেই মনে হয়। যেমন যখন-তখন সিলেবাস সংশোধন, প্রশ্নের মান পুনর্বণ্টন, মূল বই পড়তে শিক্ষার্থীদের অনীহা, নোট-গাইডের প্রতি অতিরিক্ত নির্ভরতা, উত্তরপত্র মূল্যায়নে কড়াকড়ি আরোপ ইত্যাদি। এর মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের প্রসঙ্গ কেন? কী সেই বৈজ্ঞানিক পদ্ধতি? একই উত্তরপত্র ফটোকপি করে ২০ থেকে ২৫ জন প্রধান পরীক্ষককে দিয়ে প্রথমে মূল্যায়ন করা; তারপর তা পর্যালোচনা করে একটি সমন্বিত নমুনা উত্তরমালা তৈরি করে নির্দেশনা প্রস্তুত করা? এটি শিক্ষা বোর্ডে বহু পুরোনো এক পদ্ধতি। সুতরাং উত্তরপত্র মূল্যায়নে শিক্ষামন্ত্রীর কথিত বৈজ্ঞানিক পদ্ধতিতে অভিনবত্বের কিছুই নেই।

    এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয় মানুষের নজর কেড়েছে। তার মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার কমে গড়ের কাছাকাছি (৬৬.৫১%) আসা। এই বোর্ডে পাসের উচ্চ হার দেশের গড় পাসের হারের চেয়ে সামঞ্জস্যহীনভাবে উঁচু (২০১৫ সালে ৭৭.৫৪%, ২০১৬ সালে ৭৫.৪০%, ২০১৭ সালে ৭১.৩০%) ছিল বলে গত কয়েক বছর সমালোচিত হয়ে আসছিল। এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণে দেখা গেল, আগের সেই অবিশ্বাস্য উচ্চ পাসের হার কমে গেছে। এদিকে সিলেট বোর্ডেও একই ঘটনা ঘটেছে। দীর্ঘকাল যাবৎ এই দুই বোর্ডের পাসের হার নিয়ে সমালোচনা ছিল।

    এবার ইংরেজির পাশাপাশি আইসিটি বিষয়টি আলোচনায় এসেছে। এবারের উচ্চমাধ্যমিকে ফল খারাপের অন্যতম কারণ হিসেবে ইংরেজির পাশাপাশি আইসিটি প্রশ্নপত্র কঠিন হয়েছে—এ কথা যেমন উঠেছে, পাশাপাশি আইসিটি শিক্ষকের অভাবের প্রসঙ্গটিও সামনে চলে এসেছে। সরকারি কলেজগুলোয় আইসিটি পাঠ চলছে গোঁজামিল দিয়ে। সেখানে আইসিটি শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নেই। আবার আইসিটি শিক্ষকের যে যোগ্যতা ধরা হয়েছে, তাতে এ বিষয়ে ডিগ্রিধারীরা শিক্ষকতা পেশায় আসতেও আগ্রহী নন। কেননা, সরকারি কলেজে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার চেয়ে অন্যত্র তাঁরা বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। সরকারি কলেজেই যদি আইসিটির উপযুক্ত শিক্ষক না পাওয়া যায়, বেসরকারি কলেজে তা পাওয়ার আশা করা বাতুলতা মাত্র।

    দেশে স্কুল-কলেজগুলোয় লেখাপড়া লাটে উঠেছে। দুপুর ১২টার পর অনেক কলেজেই ছাত্রছাত্রীর দেখা মেলে না। তারা কোচিং সেন্টারে ছোটে। আর উঠে গেছে ব্যবহারিক ক্লাস। কয়টি কলেজে এখন বিজ্ঞান বিষয়গুলোর ব্যবহারিক ক্লাস হয়? পাবলিক পরীক্ষায় টাকা দিয়ে ব্যবহারিকে ফুল মার্ক পাওয়ার পাকা বন্দোবস্ত এখন সারা দেশে। নৈতিকতার চরম অবক্ষয়ই এর প্রধান কারণ। সময় এসেছে এসব অনাসৃষ্টি থেকে জাতিকে উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার।

    এবার দেশের ৫৫টি কলেজ থেকে একজনও পাস করেনি। প্রশ্ন ওঠা স্বাভাবিক, এই কলেজগুলো স্থাপিত হয়েছে কীভাবে? সেগুলো কি বোর্ডের অনুমোদন পেয়েছে? গত দুই দশকে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন একটি লাভজনক ব্যবসায়ে পরিণত হয়েছে। আর সে ব্যবসার পেছনে যাঁরা সক্রিয়, তাঁদের থাকে রাজনৈতিক ক্ষমতা। সাধারণভাবে ক্ষমতাসীন দলের লোকেরাই এসব প্রতিষ্ঠান স্থাপনের আসল হোতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করেই তার স্বীকৃতি আদায় করা হয়ে থাকে। সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ‘শর্ত শিথিল’ করে এসব প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে লোকগুলোকে বাধ্য করে। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসবের একটা বিহিত হওয়া দরকার।

    আমিরুল আলম খান: যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান

  • একুশে পদকের টাকায় চিকিৎসা সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের

    একুশে পদকের টাকায় চিকিৎসা সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের

    এ বছর একুশে পদকের সঙ্গে দুই লাখ টাকা পেয়েছিলাম। সেই টাকা আর আগের কিছু জমানো টাকা দিয়ে আমার চিকিৎসা চলছে।’ বললেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। গত বছর এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে ভূষিত করা হয়।

    শারীরিক পরীক্ষার জন্য সপ্তাহ তিনেক আগে ভারতের বেঙ্গালুরু যান ৭৩ বছর বয়সী সুজেয় শ্যাম। প্রয়োজনীয় কিছু পরীক্ষা শেষে সেখানে চিকিৎসকেরা তাঁর দেহে ক্যানসারের আশঙ্কা করেন। এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়ার জন্য তাঁকে এমআরআই করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তখন এই বরেণ্য সংগীত ব্যক্তিত্বের হাতে প্রয়োজনীয় অর্থ অবশিষ্ট না থাকায় চিকিৎসা অসম্পূর্ণ রেখেই দেশে ফিরে আসেন।

    দেশে ফেরার কিছুদিন পর সুজেয় শ্যামের শারীরিক অবস্থার অবনতি ঘটে। ব্যথা যখন চরমে, তখন বাধ্য হয়ে জমানো টাকা থেকে ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এমআরআই পরীক্ষা করান। এরপর তাঁর প্রোস্টেটে ক্যানসার ধরা পড়ে।

    সুজেয় শ্যাম বলেন, ‘আমি কখনো চাকরি করিনি। গান করে আয় করেছি। এই আয় দিয়েই সংসার চালানোর পাশাপাশি কিছু টাকা জমিয়েছি। সেই জমানো টাকায় যতটা সম্ভব চিকিৎসা চালিয়ে নিচ্ছি।’

    প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা করানোর জন্য আগামী ৪ আগস্ট আবার ভারতের কলকাতায় যাওয়ার কথা সুজেয় শ্যামের। সেখান থেকে পরদিন বেঙ্গালুরু যাবেন। প্রোস্টেটে ক্যানসার ধরা পড়লেও বছর খানেক ধরে সুজেয় শ্যাম চোখের সমস্যায় ভুগছেন। চোখের চিকিৎসার জন্য তিন মাস পর পর কলকাতায় যেতে হয় তাঁকে। সুজেয় শ্যাম বলেন, ‘তিন মাস পর পর কলকাতায় গিয়ে একটি করে ইনজেকশন দিয়ে আসতে হয়। প্রতিবার ইনজেকশনের জন্য ২৬ হাজার টাকা খরচ হয়।’

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে দেশ স্বাধীনের ৪৫ বছর পর মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন সুজেয় শ্যাম। তবে মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ভাতা পান না বরেণ্য এই সুরকার ও সংগীত পরিচালক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানের হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুর করেন সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানের সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সুজেয় শ্যামের অন্য গানগুলোর মধ্যে রয়েছে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’ ও ‘শোনরে তোরা শোন’।

    ইউনিলিভারের প্রযোজনায় ২০০৯ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫০টি গান এই প্রজন্মের শিল্পীদের দিয়ে নতুন সংগীতায়োজনে গাইয়েছেন সুজেয় শ্যাম। তাঁকে সহযোগিতা করেন পার্থ বড়ুয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০১৪ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর সংগীতায়োজন করেন সুজেয় শ্যাম।

    সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেটে জন্মগ্রহণ করেন। বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করছেন বরেণ্য এই সংগীত পরিচালক।

  • রানওয়েতে গিয়েও ফিরে এল হজফ্লাইট

    রানওয়েতে গিয়েও ফিরে এল হজফ্লাইট

    যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি হজফ্লাইট দুই দফা রানওয়েতে গিয়ে আবার ফিরে আসে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে যাত্রীদের টার্মিনাল ভবনে ফেরত আনা হয়।

    বিমানবন্দর সূত্র জানায়, বিমানের হজফ্লাইটটির (বিজি ৫০২৭) যাত্রার সময় ছিল সন্ধ্যা পাঁচটা ৫৫ মিনিটে। ৪১৯ আসনের ওই ফ্লাইটটিতে যথাসময়ে যাত্রীদের তোলা হয়। এরপর রানওয়েতে গিয়ে উড়োজাহাজটি (বোয়িং ৭৭৭) ফিরে আসে। পরে দ্বিতীয় দফা আবার উড্ডয়নের জন্য রানওয়েতে যায়, আবার ফিরে আসে।

    এই বিষয়ে জানতে চাইলে বিমানের একজন মুখপাত্র রাত সাড়ে ১০টায় বলেন, উড়োজাহাজের শীতাতপ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি উড্ডয়ন করেনি। তিনি বলেন, হজযাত্রী পরিবহন বিমানের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই যত দ্রুত সম্ভব এসব হজযাত্রীদের সৌদি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

    ওই ফ্লাইটের হজযাত্রীদের একজন নিকটাত্মীয় রিয়াজুল ইসলাম রাত পৌনে ১১টায় বলেন, তাঁর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ওই ফ্লাইটের যাত্রী। তাঁরা শুক্রবার সকাল সাড়ে ১১টায় আশকোনা হজ ক্যাম্পে আসেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে তাঁদের বিকেল পৌনে চারটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। এরপর নির্দিষ্ট সময়ে উড়োজাহাজে তোলা হয়। পাঁচটা ৫৫ মিনিটেই তাঁদের ফ্লাইট রানওয়ের উদ্দেশে রওনা হয়। কিন্তু উড্ডয়ন না করে ফিরে আসে। এ ভাবে দুই দফা রানওয়েতে গিয়ে আবার ফিরে আসে।

    হজ পরিচালক সাইফুল ইসলাম রাত ১১টায় বলেন, উড়োজাহাজটি কারিগরি ত্রুটির কারণে উড্ডয়ন করেনি। দুই ঘণ্টা চেষ্টা করেও বিমান কর্তৃপক্ষ ত্রুটি সারাতে পারেনি। এখন অন্য একটি উড়োজাহাজে এসব হজযাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

  • সাদিককে নিয়ে স্বপ্ন : এতটা আত্মবিশ্বাসী কখনও ছিলনা আওয়ামীলীগ

    সাদিককে নিয়ে স্বপ্ন : এতটা আত্মবিশ্বাসী কখনও ছিলনা আওয়ামীলীগ

    এতটা আত্ম বিশ্বাসী কখনও দেখা যায়নি আওয়ামীলীগকে। দেখা যায়নি এভাবে ঐক্যবদ্ধ হতে। তরুণ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে বরিশাল আওয়ামীলীগ।

    নতুন নেতার হাত ধরে দীর্ঘ দিনের স্বপ্ন ‘বিসিসি জয়’ এখন ক্রমশই বরিশালের আকাশে দৃশ্যমান হচ্ছে। বিগত দুটি সিটি নির্বাচনেই আওয়ামীলীগে যে গৃহ বিবাদ ছিল এবার এর ছিটেফোটাও নেই। প্রবীন থেকে তরুণ, কেন্দ্র থেকে জেলা, মহানগর, উপজেলা সব খানে এখন সাদিক আবদুল্লাহকে নিয়ে স্বপ্ন রচনা শুরু হয়েছে।

    সে স্বপ্নের সুতিকাগার বরিশাল আওয়ামীলীগের তৃণমূল। বহু বিভক্ত তৃণমূলের নেতাকর্মীদের স্বপ্নের কান্ডারী এখন সাদিক আবদুল্লাহ। হাটখোলার শিপু কিংবা সাগরদীর মোতালেব সবার চোখেমূখেই স্বপ্ন। এবার সাদিকের হাত ধরেই নগর পিতার আসনটি পুনরুদ্ধার হবে আওয়ামীলীগের।

    ২০০২ সালে পৌরসভা থেকে বরিশাল সিটি কর্পোরেশনে রূপান্তরীত হবার পর নগর পিতার আসনটি মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়। প্রথম মেয়র হন সাবেক পৌর চেয়ারম্যান আহসান হাবিব কামাল। এর পর মজিবর রহমান সরোয়ার।

    ২০০৮ সালের নির্বাচনে শওকত হোসেন হিরনের মাধ্যমে নগর পিতার আসনে প্রথম বসেন আওয়ামীলীগের কোন নেতা। তবে তার মৃত্যুর পর আবার এ আসনটি বিএনপির আহসান হাবিব কামালের করায়াত্ব হয়।

    ২০১৩ সালের নির্বাচনের আগেই খন্ড বিখন্ড হয়ে পড়ে আওয়ামীলীগ। এ সুযোগটি কাজে লাগিয়ে সে সময় বিএনপি নির্বাচনে জয়লাভ করে। হিরণ মারা যাবার পর আরও করুণ অবস্থার সৃষ্টি হয়।

    আর ঠিক সে সময়েই একজন নেতা হিসাবে আবির্ভাব ঘটে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর। নিজ প্রজ্ঞা, মেধার সমন্বয়ে এক কাতারে নিয়ে আসেন আওয়ামীলীগকে। তার রাজনৈতিক মেধার পরিচয়ে মুগ্ধ হন কেন্দ্র।

    যুবলীগ থেকে তাকে নিয়ে আসা হয় মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে। দায়িত্বও বেড়ে যায় কয়েকগুন। নিজেকে একজন যোগ্য রাজনৈতিক হিসাবে গড়ে তুলতে প্রবীনদের অনুকরণ করেন।

    ছুটে যান বিভিন্ন স্থানে সহকর্মীদেরর দুঃখ ভাগ করে নিতে। দিন রাত পরিশ্রম করতে থাকেন। তার এ পরিশ্রম বৃথা যায়নি। ক্রমন্বয়ে শক্তিশালী সাংগঠনিক রূপ পেতে থাকে বরিশাল আওয়ামীলীগ।

    কি মহানগর, কি জেলা, সর্বত্র সাদিক আবদুল্লাহর অস্থিত্ব ছিল সরব। আর সে কারণেই এবার সর্বস্থরের নেতা কর্মীদের আনেকটাই দাবি ছিল সাদিককে মেয়র পদে মনোনয়ন। কেন্দ্রও দেরি করেনি।

    সাদিকের হাতেই তুলে দেয়া হল নৌকার বৈঠা। গন্তব্য বিসিসি। মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল দৃঢ় কন্ঠে বলেন তার রাজনৈতিক জীবনে বরিশাল আওয়ামীলীগকে এতটা ঐক্যবদ্ধ কখনও দেখেননি।

    আশা করা হচ্ছে বিসিসির নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধাণে জয়লাভ করবে আওয়ামীলীগ। ইনশাল্লাহ দেশের সবচেয়ে তরুণ মেয়র হবেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লহ।

    উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান রিন্টু দ্বার্থহীন কন্ঠে বলেন, এবার আওয়ামীলীগের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। যে উন্নয়ন বিপ্লব বরিশালে সাবেক মেয়র শওকত হোসেন শুরু করেছেন, তা অব্যাহত রাখতে এমন একজন তরুণ নেতার প্রয়োজন। সেরনিয়াবাত পরিবারের গর্ব সাদিককে নিয়ে অবশ্যই স্বপ্ন দেখছে তৃণমূল।

  • বরিশাল বিএম কলেজছাত্র নিখোঁজ

    বরিশাল বিএম কলেজছাত্র নিখোঁজ

    অনলাইন ডেস্ক// বরিশাল সরকারি বিএম কলেজ থেকে এবারের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী কাজী অনর্ঘ আহমেদ ১৮ জুলাই বিকেলে নগরীর সদর গার্লস স্কুলের সামনে আইকন কোচিং সেন্টারের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি।
    স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধ্যান না পেয়ে বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৭০৯, তারিখ ১৯-০৭-২০১৮।

    কোন সহৃদয় ব্যক্তি কাজী অনর্ঘ’র সন্ধ্যান পেলে তার বাবা কাজী মহিউদ্দিন আহমেদের সাথে (মোবাইল নম্বর ০১৭১৮৫১০৫৭৯) যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো। অর্ঘদের বাসার ঠিকানা: ‘স্বপ্নের ঠিকানা’ ৩য় তলা, বৈদ্যপাড়া, বরিশাল।

  • বরিশাল সিটি নির্বাচন : চলছে প্রার্থীদের জোর প্রচারণা

    বরিশাল সিটি নির্বাচন : চলছে প্রার্থীদের জোর প্রচারণা

    বরিশাল নগরবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন ভোটারদের কাছে প্রার্থীরা। সকাল থেকে রাত অবধি তারা প্রচারণা চালাচ্ছে। কেবল সাত মেয়র প্রার্থীই নন; ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরাও।

    এদিকে আওয়ামীলীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জোর কদমে চালিয়ে যাচ্ছেন তার প্রচারণা। প্রতিদিন তিন থেকে চারটি উঠান বৈঠকের পাশাপাশি গণসংযোগ করছেন। এতে করে ভোটারদের বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।

    বিএনপির মেয়র প্রার্থী আজ নগরীর পলাশপুর থেকে গণসংযোগ শুরু করেন। তিনি বলেন, জোর প্রাচারণা চলছে এবং তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    জাতীয় পাটির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস আজ সকাল থেকে নগরীর বালুর মাঠ কলোনী থেকে তার হনসংযোগ শুরু করেন।
    তিনি বলেন বরিশাল সিটি নির্বাচনে লাঙ্গল প্রতীকের সমর্থক পূর্বের চেয়ে অনেক ভাল অবস্থানে বরিশালে মানুষ লাঙ্গল প্রতীককে ভালবাসে যদি বরিশালে সুষ্ঠ নির্বাচন হয় তাহলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
    এছাড়া অপর চার মেয়র প্রার্থী তারাও কিন্তু বসে নেই বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ডের সকল স্থানে তাদের পায়ের পদচারনা পড়ছে তারাে বরিশালকে একটি সুস্থ নগরী উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দোয়া চাইছেন।
    আজ স্বতন্ত্র মেয়র প্রার্থী বশির আহমেদ তার ৩১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

  • বরিশালে ইভটিজারদের হাতে প্রাণ গেলো মেধাবী ছাত্রী মিলির

    বরিশালে ইভটিজারদের হাতে প্রাণ গেলো মেধাবী ছাত্রী মিলির

    বরিশালের আগৈলঝাড়ায় ইভটিজারদের বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় পিতার সামনে অকালে ঝড়ে গেলে এক মেধাবী ছাত্রীর প্রাণ। উপজেলার পূর্ব পয়সা গ্রামের টিএম নজরুল ইসলামের মেয়ে ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী মেনহাজ হাসান মিলি। আইসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় ৬০ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জালরে গতকাল শুক্রবার সকালে মারা গেছে। এঘটনায় মিলির স্কুলের শিক্ষক, সহপাঠিসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।ৎ

    নিহত মিলির বাবা টিএম নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে তিনি উপজেলা সদর থেকে তার মেয়ে মিলিকে ডাক্তার দেখিয়ে মাহেন্দ্র যোগে সন্ধ্যার সময় নিজের বাড়ি সামনে নেমে রাস্তার উত্তরপাড়ে বসে ভাড়া পরিশোধ করছিলেন। মিলি রাস্তা পার হয়ে দক্ষিণপাড়ে দাড়িয়েছিল। এসময় পশ্চিম দিক থেকে পাঁচটি মোটরসাইকেল নিয়ে বেপারোয়া গতিতে যাবার সময় মোটরসাইকেলে থাকা তার মেয়ে মিলিকে কুরুচিপূর্ণ বাক্যছুড়ে ধাক্কা দিয়ে রোডের উপরে ফেলে দিয়ে ইভটিজারা ছাত্রীর গায়ের উপরদিয়ে মোটরসাইকেল চালিয়ে যায়। মুহুর্তের মধ্যে মিলির নাক-কান দিয়ে রক্ত বেরিয়ে আসে রাস্তার উপরে ছটফঁট করতে থাকে।

    এসময় স্থানীয়রা মিলিকে গুরুতক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকেরা মিলিকে দ্রুত উপজেলা হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। মিলিকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার রাতেই স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র উদ্যোগে মিলিকে বরিশাল সেবাচিম হাসাপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। আইসিইউ’তে চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দশটার দিকে মিলি মারা যায়।

    মিলি পয়সা মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি’তে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিল। পয়সা মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক না থাকায় গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। মিলি পড়ালেখা করে কম্পিউার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। নিহত মিলির চাচা জব্বার তালুকদার জানান, ইভটিজারদের ফেলে যাওয়া বরিশালে রেজিষ্ট্রেশন করতে দেয়া মোটরসাইকেলের কাগজ অনুযায়ি মালিকের নাম রিফাত আকন, পিতা আতাহার আকন। তার বাড়ি মুলাদি উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামে। দুর্ঘটনার সময় রিফাত নিজে গাড়ি চালাচ্ছিল। রিফাত প্যাচিফিক ফার্মাসিউটিক্যাল লিঃ নামে ঔষধ কোম্পানীতে উজিরপুর উপজেলায় কর্মরত রয়েছে।

    এব্যাপারে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মোল্লা জানান, তিনি খবর পেয়ে এসআই জাহিদুর রহমানকে ঘটনা স্থলে পাঠিয়েছি। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জরিতদেরকে গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।