Category: জাতীয়

  • কখনো জাতীয় পার্টির এমপি ছিলাম না: অর্থমন্ত্রী

    কখনো জাতীয় পার্টির এমপি ছিলাম না: অর্থমন্ত্রী

    জাতীয় সংসদের বাজেট আলোচনায় অর্থমন্ত্রীর সমালোচনা করা হলেও তিনি নীরব ছিলেন। কিন্তু তিনি জাতীয় পার্টির এমপি ছিলেন, এই দাবি করতেই চটে গেলেন প্রবীণ এই রাজনীতিবিদ। প্রতিবাদ করলেন। বললেন, নো। কখনো জাতীয় পার্টির এমপি বা সদস্য ছিলাম না।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার সম্পূরক বাজেট আলোচনার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহীত এ প্রতিবাদ করেন।

    তিনি বলেন, আমি আগেও কয়েকবারই বলেছি, কিন্তু জাতীয় পার্টির সদস্যরা সেটা অস্বীকার করে যান। আজকেও অস্বীকার করেছেন। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমি কোনো দিন জাতীয় পার্টির সদস্যও ছিলাম না। কোনো দিন জাতীয় পার্টির মন্ত্রীও ছিলাম না। অনেকবারই এটা বলেছিল।

    অর্থমন্ত্রী আরও বলেন, জেনারেল এরশাদ যখন সামরিক শাসক ছিলেন সেই সময় মন্ত্রী ছিলাম, জাতীয় পার্টির তখন জন্মও হয় নাই। জাতীয় পার্টি জন্ম হওয়ার আগে আমি সেই সরকার থেকে পদত্যাগ করে চলে যাই। কাজেই আমার অনুরোধ হবে ভবিষ্যতে যেন জাতীয় পার্টির সদস্যরা মনে রাখেন, যদি মনে না রাখেন তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। ক্ষুব্ধ অর্থমন্ত্রী আদালতে যাওয়ারও হুঁশিয়ারী উচ্চারণ করেন জাপা এমপিদের বিরুদ্ধে।

    এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ অর্থমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, জাতীয় পার্টি গঠনের পূর্বেই এরশাদ সাহেবের সামরিক শাসনের সময় অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত সাহেব বাজেট দিয়েছিলেন। উনি (অর্থমন্ত্রী) কখনো জাতীয় পার্টি করেননি। তবে আমি আশ্বস্থ করতে চাই, ভবিষ্যতে তার (অর্থমন্ত্রী) মতো জ্ঞানি, অভিজ্ঞ ব্যক্তিকে জাতীয় পার্টি তাদের দলে স্থান দেবে না। এরজন্য (জাতীয় পার্টিও মন্ত্রী বলায়) আপনাকে (অর্থমন্ত্রী) আদালতে যেতে হবে না। কিন্তু আপনি ব্যাংক ডাকাতদের যে প্রটেকশন দিয়েছেন তার জন্য আদালতে যেতে হবে।

    পরে জাতীয় পার্টির সেলিম উদ্দিন বলেন, আমি তাকে (অর্থমন্ত্রী) জাতীয় পার্টির আমলের মন্ত্রী কথাটি বলিনি। তিনি খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু সংসদে আমরা কিন্তু সহকর্মী। অর্থমন্ত্রী বয়স্ক হলেও অন্য সংসদ সদস্যকে এভাবে ধমকানো তার সঠিক হয়নি।

  • নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

    নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

    বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
    আগামী ২৫ জুন থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক এ নিয়োগ কার্যকর হবে। ওই দিন তিন বছর চাকরি শেষে বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অবসরে যাবেন।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার জারি করা প্রজ্ঞাপনে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন ২০১৮ থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা- বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ থেকে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।

  • জনগণের ওপর সরকারের কোন নির্ভরশীলতা নেই: আমির খসরু

    জনগণের ওপর সরকারের কোন নির্ভরশীলতা নেই: আমির খসরু

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নয় তারা (সরকার) জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের নির্ভরশীল এখন পুরোপুরি রাষ্ট্রীয় সন্ত্রাসের ওপর। জনগণেরও ওপর তাদের কোন নির্ভরশীলতা নেই। সরকার জনগণের ভয়ে অস্থির। তাদের মধ্যে এমন ভয়-ভীতি ডুকেছে পবিত্র ঈদের দিনকেও তারা সম্মান দেখাতে পারছে না, ভয় পাচ্ছে।

    আজ রবিবার দুপুরে নগরের মেহেদীবাগস্থ নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    আমির খসরু আরো বলেন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও জনগণকে সাথে নিয়ে ঈদ পালন করা যে মানুষের অধিকার। সেইটাও তারা ভয় পাচ্ছে।বিএনপি নেতাকর্মীরা রাস্তায় গেলে হাজার-হাজার, জনতা বেরিয়ে আসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে আর বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেবে না। কারণ বের হলেই তাদের জন্য সমস্যা। বর্তমানে গণতান্ত্রিক অধিকার ও মালিকানা ফিরে পেতে মানুষ বদ্ধপরিকর।

  • ঈদের নামাজের জামাত ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

    ঈদের নামাজের জামাত ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

    ঈদের জামাতের সুনির্দিষ্ট কোন নিরাপত্তা হুমকি নেই উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আমাদের গোয়েন্দা তথ্য মতে ঈদ জামাতকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোন নিরাপত্তা হুমকি নেই। তবুও নিরাপত্তার স্বার্থে আমরা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি।জাতীয় ঈদগাহসহ দেশের গুরুত্বপূর্ণ ঈদের নামাজের জামাত ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে র‌্যাব।

    আজ শুক্রবার (১৫ মে) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

    র‌্যাব ডিজি বলেন, ঈদকে কেন্দ্র করে ঢাকা ও ঢাকার বাইরে মানুষ যাতে নিরাপদে থাকেন সেজন্য ১৩টি স্থানে অস্থায়ী ক্যাম্প করেছি। আর প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহ, দিনাজপুর ও শোলাকিয়ার বড় ঈদের নামাজের জামাতকে ঘিরে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছি। তিনি বলেন, ২০ রমজানের পর থেকে রাজধানীতে ব্যস্ততা বেড়েছে। তখন থেকেই নগরীজুড়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে র‌্যাব। রাজধানীর মার্কেট, শপিং মল, বাস, রেল ও লঞ্চ টার্মিনাল এবং হাইওয়ে এলাকাসহ সব স্থানেই নিরাপত্তায় র‌্যাব সদস্যরা নিয়োজিত রয়েছেন।

  • চাঁদ দেখা গেছে, কাল ঈদ

    চাঁদ দেখা গেছে, কাল ঈদ

    বাংলাদেশের আকাশে আজ সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

    শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সারাদেশে ঈদ উদযাপিত হবে।

    এর আগে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি বাদ মাগরিব চাঁদ দেখার খবর পর্যালোচনা করতে বৈঠকে বসবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঈদের দিন তারিখ ঘোষণা করা হয়।

  • ঈদের দিন খালেদার সাক্ষাৎ চান বিএনপি নেতারা

    ঈদের দিন খালেদার সাক্ষাৎ চান বিএনপি নেতারা

    ঈদুল ফিতরের দিন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান দলটির জ্যেষ্ঠ নেতারা। এ ব্যাপারে তারা কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।

    বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

    তিনি বলেন, ঈদের দিন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এখন জানি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী করবেন। ঈদের দিন সকালে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জেলগেটে যাবেন।

    ঈদের দিনে দলের কর্মসূচি জানাতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমরা প্রত্যেকে বেদনার্ত, আমাদের মনের মধ্যে কষ্ট। যাকে কেন্দ্র করে ঈদের সর্বস্তরের মানুষের সঙ্গে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হতো। এবার ঈদের সেটা হবে না। দেশনেত্রীকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে।

    তিনি বলেন, ঈদ একটি ধর্মীয় অনুষ্ঠান, খুশির উৎসব। আমাদের মধ্যে ঈদের সেই আনন্দ নেই, খুশি নেই। ঈদের দিন সকালে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তারা জেলগেটে যাবেন। আমাদের নেতাকর্মীরা অনেকেই বলেছেন নেত্রীর প্রতি মনের টানে তারা জেলগেটে যাবেন। তবে সুনির্দিষ্টভাবে আমাদের ঈদের দিন কোনো কর্মসূচি নেই।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

    উল্লেখ্য, প্রতি বছরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন সকালে শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক, গণমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন। তবে ঈদের দিন খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা কারাবিধি অনুযায়ীই সাক্ষাতের সুযোগ পাবেন। তারা সকালেই কারাগারে যাবেন বলে জানা গেছে।

  • বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করাটা এখন বিএনপির ইস্যু

    বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করাটা এখন বিএনপির ইস্যু

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার চিকিৎসা নিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্বেগ নেই, তাদের উদ্বেগ হচ্ছে রাজনীতি।বিএনপি রাজনীতির করার কোন ইস্যু খুঁজে পাচ্ছে না। জনগণ তাদের কোন ইস্যুতে সাঁড়া দিচ্ছে না। এখন তারা বেগম জিয়ার শারিরীক অবস্থাকে নিয়ে নতুন করে ইস্যু খুঁজছে। অসুস্থতা এখন রাজনৈতিক ইস্যু, তার চিকিৎসা নিয়ে রাজনীতি করাটা এখন বিএনপির ইস্যু।

    আজ দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় সড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, গত নয় বছরে নয় মিনিটেরও একটি আন্দোলন করতে পারেনি বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি মনে করেছে নির্বাচন পরবর্তীকালীন জ্বালাও-পোড়াও আন্দোলন করে সরকার হটানো যাবে। তারা কোন ইস্যুতে সফল হতে পারেনি।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব ইস্যুতে ব্যর্থ হয়ে এখন বারবার রমজানের ঈদ, কোরবানির ঈদ এবং বিভিন্ন পরীক্ষার পর আন্দোলনের কথা বলে আশা দিয়ে আসছেন। তারা জানে জনগণ তাদের কোন আন্দোলনে সাড়া দিবে না।

    বিএনপি’র নেত্রীকে দণ্ড দিয়েছে আদালত, কারাগারে গিয়েছেন আদালতের নির্দেশে এবং তিনি কারাগারে আছেন আদালতের নির্দেশে। তারপর বেগম জিয়া হাইকোর্ট ও আপিল বিভাগে আদালতের আদেশেই জামিন পেয়েছেন। অন্যান্য মামলায়ও শুনানি চলছে। সবকিছুই চলেছে আদালতের রুল মোতাবেক, রাজনীতির কোন সংস্পর্শ নেই।

    সড়ক পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ দেশের সব ধরনের সড়ক, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত ঈদ যাত্রায় কোন ধরনের যানজট ও দুর্ঘটনা ঘটেনি। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা অনেক স্বস্তিদায়ক।

    এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়াসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।

  • বিএনপি মহাসচিবের চোখের চিকিৎসা করা দরকার: পররাষ্ট্রমন্ত্রী

    বিএনপি মহাসচিবের চোখের চিকিৎসা করা দরকার: পররাষ্ট্রমন্ত্রী

    বিএনপির লোকেরা দাবি করেন বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী। মানলাম। কিন্তু তিনি কি করেছেন? এতিমের টাকা মেরেছেন। এখন জেলে আছেন। আর বর্তমানে দেশের সকল খাতে উন্নয়ন করছেন আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকার। কিন্তু বিএনপির লোকেরা বলেন, দেশে কোন উন্নয়ন হয়নি। তাদের মহাসচিব তো বলেছেন, তিনি নাকি কোন উন্নয়ন দেখতে পান না। আমার তো মনে হয় তার (মির্জা ফখরুল) চোখের চিকিৎসা করা দরকার। একটা ভালো চশমা দরকার। তাহলে তিনি দেখতে পাবেন দেশের উন্নয়ন হয়েছে কিনা।

    আজ বৃহস্পতিবার দিনাজপুর খানসামা কাচিনীয়া স্কুল এন্ড কলেজ মাঠে বিদ্যূৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন, খানসামাতে যেমন উন্নয়ন হয়েছে। সারাদেশে একই রকম উন্নয়ন হয়েছে। আবার কোথাও কোথাও প্রয়োজন অনুযায়ী বেশি উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও এদেশে শেখ হাসিনার দরকার বলে উল্লেখ করেন তিনি।

    প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ২৮.২৩৭ কিমি ওভারহেড লাইন স্থাপণ করে উপজেলার ৫টি ইউনিয়নের ৪৬টি গ্রামে দুই হাজার ১৮টি পরিবারে বৈদ্যুতিক সংযোগ সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মন্ত্রী। এরমধ্যে ১৯৮৫টি আবাসিক ও ১৬টি বাণিজ্যিক, ১৫টি সেচ গ্রাহক এবং ২টি শিল্প সংযোগ দেয়া হয়।

    খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার শাহের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হরেন্দ্রনাথ বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু ও সফিকুল ইসলাম প্রমুখ।

  • মনোনয়নপত্র নিলেন ২৫ প্রার্থী

    মনোনয়নপত্র নিলেন ২৫ প্রার্থী

    সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার এসব প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    মনোনয়নপত্র সংগ্রহ করা দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী হলেন সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের এবং এসহানুল মাহবুব। এছাড়া ২৭টি ওয়ার্ডের মধ্যে কয়েকটিতে ২১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত জানান, এখনও পর্যন্ত ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঈদের কারণে আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত তিনদিন মনোনয়নপত্র দেয়া বন্ধ থাকবে। সোমবার থেকে ফের মনোনয়নপত্র দেয়া শুরু হবে।

    প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৮ জুন পর্যন্ত জমা দেয়া যাবে মনোনয়নপত্র।

  • সিএমএইচকেও ‘না’ বলা উচিত হবে না খালেদা জিয়ার : সেতুমন্ত্রী

    সিএমএইচকেও ‘না’ বলা উচিত হবে না খালেদা জিয়ার : সেতুমন্ত্রী

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসা নিতে চাইলে সিএমএইচকেও প্রত্যাখ্যান করা খালেদা জিয়ার উচিত হবে না।
    আজ বুধবার বেলা ১১টার দিকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে গ্রামমুখো মানুষের ঈদ-যাত্রা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত প্রকাশ করেন।
    ওবায়দুল কাদের বলেন, সিএমএইচ হচ্ছে দেশের সবচেয়ে ভালো হাসপাতাল, এর চেয়ে ভালো চিকিৎসা আর কোথায় আছে। তিনি বিএসএমএমইউতে চিকিৎসা নেবেন না, তাই আমরা সিএমএইচের কথা বলেছি। তিনি একটা বড় দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তাই আমরা তাকে দেশের সবচেয়ে ভালো যেখানে চিকিৎসা ব্যবস্থা, সেখানে নিয়ে যাওয়ার কথা বলছি। যদি তিনি চিকিৎসা চান, তবে এটা প্রত্যাখ্যান করা উচিত হবে না।
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে ‘অনীহা’ প্রকাশের পর সরকারের তরফ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সেবা দেয়ার কথা বলা হচ্ছে।