Category: জাতীয়
-

তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের ২৮ জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৮ জুন। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং অফিসার ১ থেকে ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। ৩০ জুলাই ভোট গ্রহণ হবে।খুলনা ও গাজীপুরের মদো রাজশাহী, বরিশাল ও সিলেটেও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সংশ্লিষ্ট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে।এই সিটি নির্বাচনের পর চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করতে হবে ইসিকে। -

রাস্তার যানজটের কারণে দেরিতে উড়লো বিমান!
বাংলাদেশ বিমানের জেদ্দাগামী ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা ছিল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায়। কিন্তু ঢাকার রাস্তায় যানজটের কারণে ফ্লাইটটি তার শিডিউল ঠিক রাখতে পারল না। যানজটের জন্য দেড়ঘন্টা ধরে শাহজালালে অপেক্ষায় থাকে ফ্লাইটটি। যার ফলে চরম বিরম্বনার মধ্যে পড়তে হয় দুশতাধিক যাত্রিকে।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০১৩৫ ফ্লাইটের উড্ডয়নের কথা ছিল। এর পাইলট ছিলেন ক্যাপ্টেন ইলিয়াস। কিন্তু ঢাকার রাস্তার যানজটে আটকা পড়েন তিনি। এর ফলে তিনি বিমানবন্দরে যথাসময়ে আসতে পারেননি। ফলে দুই শতাধিক যাত্রীকে দেড় ঘণ্টা অনবোর্ড করে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টায় ফ্লাইটটি উড্ডয়ন করে। চট্টগ্রাম হয়ে রাতেই ফ্লাইটটির জেদ্দা যাবার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ইফতারের আগ মুহূর্তে যানজট রাজধানীর পরিচিত রূপ। পাইলট বাসা থেকে সময়মতোই রওনা দিয়েছিলেন। বিমানবন্দরে ঠিক সময়ে হাজির হতে পারেননি। তাই দেড় ঘণ্টা বিলম্বে ফ্লাটটি রাত সাড়ে ৮টায় শাহজালাল থেকে উড্ডয়ন করে।
-

দেশে ফিরেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ড ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩ জুন চিকিৎসার জন্য ব্যাংকক যান মির্জা ফখরুল। এরপর ৮ জুন যান লন্ডনে তিনি। সেখানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একটি অনুষ্ঠানেও যোগ দেন বিএনপি মহাসচিব।
-

বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাকারিয়া আলম দিপুঃ ১১ তারিখ শোমবার ২৫ই রমজান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল বরিশাল নগরীর বাধ রোড সংলগ্ন হোটেল গ্রান্ড পার্কে অনুষ্ঠিত হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির মাননীয় আহবায়ক (মন্ত্রী) এবং স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ , সংসদ সদস্য , বরিশাল -১।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মাহ্ফুজুর রহমান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুছ, বরিশাল-৩ আসনের সংসদ এ্যাডঃ টিপু সুলতান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর ড. এস.এম ইমামুল হক,জিওসি ৭ম পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া মেজর জেনারেল মোঃ সাইফুল আলম, SUP, AWC, PSC, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম, বরিশাল বিজ্ঞ জেলা জজ সৈয়দ এনায়েত হোসেন, বরিশাল শেবাচিম অধ্যক্ষ ডাঃ ভাস্কর সাহা, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন,NDC, AFWC, PSC ,ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আশরাফুল হক, PSC , শেবাচিম পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, ডিজিএফ আই কর্ণেল জিএস, জিএম শরিফুল ইসলাম, মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম,শেখ হাসিনা সেনানিবাস থেকে আগত উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট , জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যজিষ্ট্রেটগণ, বরিশাল বিভাগীয় পর্যায়ের পুলিশের বিভিন্ন ইউনিটের এবং বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ,সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ।
-

বায়িং হাউজের নিবন্ধনের বিধান রেখে বস্ত্রবিল উত্থাপিত
টেকসই উন্নয়নের জন্য দেশের বস্ত্রখাতকে সুসংহত ও সম্প্রসারিত করতে সংসদে নতুন বস্ত্রবিল-২০১৮ উত্থাপিত হয়েছে।বিলে বৈদেশিক ও বহুজাতিক কোম্পানির বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে। তবে রপ্তানিমুখী বস্ত্রশিল্পে ব্যবহার বা প্যাকেজিংয়ের জন্য আমদানি করা কাঁচামাল রপ্তানি বহির্ভূত বস্ত্রশিল্পে ব্যবহার বা বাজারজাতের ওপর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।একইসঙ্গে আইনে বায়িং হাউজের নিবন্ধনের বিধান রাখা হয়েছে।
সংসদের বাজেট অধিবেশনে আজ বিলটি উত্থাপন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ কার্য দিবসের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বস্ত্র শিল্পের জন্য আমদারি করা রং, রাসায়নিকসহ অন্য যেকোনো উপাদান যেকোনো পর্যায়ে বাজারজাত করার সময় আমদানিকারকের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার বিধান রাখা হয়েছে।মিলগুলোর ব্যবস্থাপনা, তদারকি ও আধুনিয়কায়নের সুযোগ রাখা হয়েছে। এছাড়া উৎপাদন উপকরণের মান নিয়ন্ত্রণ, তদারকি ও সমন্বয়, কাঁচামাল আমদানি ও রপ্তানি, নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে।
বস্ত্রখাতে দক্ষ জনবল সৃষ্টি, মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয়, কলেজ, ডিপ্লোমা ও ভোকেশনাল ইনস্টিটিউট, ফ্যাশন ইনস্টিটিউট, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে।সরকার প্রয়োজনে বিধির মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে ও শর্তে বস্ত্র শিল্পকে প্রণোদনা দিতে পারবে সেই বিধানও রাখা হয়েছে।
-

অতিমাত্রায় বৃষ্টিপাত হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে
অতিমাত্রায় বৃষ্টিপাত হলে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
রবিবার দুপুরে নগর ভবনে ঈদের জামাত নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সভায় আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুরো বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করবে উল্লেখ করে মেয়র বলেন, ঈদের জামাতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। থাকবে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সাঈদ খোকন বলেন, আগামী ১৪ জুন (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে চূড়ান্তভাবে জানানো হবে, ঈদের কয়টি জামাত কখন অনুষ্ঠিত হবে। এবার একসঙ্গে ৮৫ হাজার মানুষ জামাতে নামাজ আদায় করতে পারবেন। তাদের নিরাপত্তার দায়িত্ব আগামী ১৪ জুন স্পেশাল ফোর্সের কাছে হস্তান্তর করা হবে।
-

নারী ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তাদের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার এক বিবৃতিতে রাষ্ট্রপতি মেয়েদের অভিনন্দন জানিয়ে বলেছেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের অসাধারণ সাফল্য ও দলের এমন স্পৃহায় আমি সত্যিই গর্ববোধ করছি।
মেয়েদের অভাবনীয় সাফল্যে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিবৃতিতে তিনি বলেছেন, মেয়েদের অসাধারণ নৈপুণ্য ও দলীয় স্পৃহায় পুরো জাতিই আজ গর্বিত।
প্রধানমন্ত্রী এ সময় মেয়েদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি আরও আশা করেন মেয়েদের জয়ের ধারা এভাবেই অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কোনও ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের এটাই সেরা সাফল্য।
-

খিলগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট রাজধানীর খিলগাঁওয়ে ‘মাদকবিরোধী’ বিশেষ অভিযান চালাচ্ছে। শনিবার দুপুর ১টার দিকে থানা পুলিশসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।
এ ব্যাপারে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, খিলগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে থানা পুলিশের সঙ্গে ডিবি পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যসহ ডগ স্কোয়াড অংশ নিয়েছে।
অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
-

আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই
আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
শনিবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থলবন্দর উদ্বোধন উপলক্ষে তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, বিএনপি বা তাদের ২০ দলীয় জোট যদি আগামী সংসদ নির্বাচনে না আসে সেক্ষেত্রে হয়তো যে যার মতো নির্বাচন করতে পারে। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।
পরে স্থলবন্দর চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী প্রমুখ।
-

এটি প্রতারণার বাজেট: রিজভী
বিএনটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে সর্বশেষ লুটপাটের এই জন্যই বিশাল আকারের বাজেট পেশ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি বাজেটের কঠোর সমালোচনা করেন।
এর আগে, বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের জন্য চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ বাজেট বাস্তবায়ন অসম্ভব জানিয়ে রিজভী বলেন, এটি মানুষকে বোকা বানানোর ও প্রতারণার বাজেট। প্রস্তাবিত বাজেট ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে। এটি কোনো জনকল্যাণমূলক বাজেট না। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে মেগা দুর্নীতির জন্য সকল পথ খোলা রাখা হয়েছে। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর অনিশ্চয়তা ও অস্থিরতা বিদ্যমান।
রিজভী বলেন, বাজেটে ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর হিসবে দুই লাখ ৯৬ হাজার ২০০১ কোটি টাকা আদায় করা হবে, যা জনগণের রক্ত চুষে আদায় করতে হবে।
বাজটে নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই জানিয়ে দেশে বেকার সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করেন রিজভী। তিনি বলেন, বর্তমানে দেশে বিনিয়োগের পরিবেশ নেই। দেশি-বিদেশি বিনিয়োগ বন্ধ রয়েছে। শেয়ার মার্কেট থেকে বিদেশি বিনিয়োগ তুলে নিচ্ছে।
প্রস্তাবিত বাজেট পাশ হলে সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে। পাশাপাশি গৃহকর ও বাসাভাড়া বাড়বে। এমন আশঙ্কা জানিয়ে সামগ্রিকভাবে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বিপাকে পড়বে বলে উদ্বেগ জানান রিজভী।
প্রস্তাবিত বাজেটে ৭ দশমিক ৮ ভাগ প্রবৃদ্ধি হবে বলে অর্থমন্ত্রীর প্রত্যাশা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মুখপাত্র।