Category: জাতীয়

  • গণতন্ত্র এখন ক্রসফয়ারতন্ত্রের বেড়াজালে আবদ্ধ: রিজভী

    গণতন্ত্র এখন ক্রসফয়ারতন্ত্রের বেড়াজালে আবদ্ধ: রিজভী

    গণতন্ত্র এখন ক্রসফয়ারতন্ত্রের বেড়াজালে আবদ্ধ বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ অগ্রগতির দিকে নয়, অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

    গতকাল সোমবার গণভবনে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আমাদের গণতন্ত্র সুদৃঢ়, মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। অর্থনীতির ভিত্তিও যথেষ্ট শক্তিশালী।

    রিজভী বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের জনগণের সঙ্গে একেবারেই তামাশা এবং মস্করা। এটা যে একেবারে পেছন দিকের অন্ধকারের অতলে এগিয়ে যাচ্ছে সেটা জনগণ জানে। আর গণতন্ত্র এখন ক্রসফয়ারতন্ত্রের বেড়াজালে আবদ্ধ।  

    তিনি আরও বলেন, সারাদেশের সড়ক-মহাসড়ক এখন ছোট ছোট খালে পরিণত হয়েছে।  সরকারের উন্নয়ন শুধু সাইনবোর্ড ও বিলবোর্ডে শোভা পায়। দেশের সড়ক-মহাসড়ক ও গ্রামীণ সড়ক মিলে ৮৫ হাজার কিলোমিটার সড়কের বেহাল দশা বিরাজ করছে।

    সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

    বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

    বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে নিয়োগ দিয়েছে সরকার।

    সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি) কে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদান পৃর্বক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে ৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। এ আদেশ আগামী ১২ জুন ২০১৮ তারিখ অপরাহ্ন থেকে কার্যকর হবে।

    আগামী ১২ জুন এয়ার মার্শাল পদে পদোন্নতি পাওয়ার পর ৩ বছরের জন্য এ পদের দায়িত্ব নেবেন তিনি।

  • ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা বৃহস্পতিবার

    ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা বৃহস্পতিবার

    দশম জাতীয় সংসদের একুশতম অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল ৫ জুন। আর ২০১৮-১৯ অর্থবছরের বাজেট সংসদে পেশ হবে আগামী ৭ জুন বৃস্পতিবার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। এরমাধ্যমে সংসদে ১২তম বাজেট পেশ করার দুর্লভ কৃত্বি অর্জন করবেন অর্থমন্ত্রী।

    আজ অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনের মাধ্যমে একাধারে দশবার বাজেট দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন।

    প্রতিবারের ন্যায় এবারো ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে।বাজেটকে ব্যাপক অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd -এ বাজেটের সকল তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করা যাবে এবং দেশ বা বিদেশ থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে। প্রাপ্ত কল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদে বাজেট অনুমোদনের সময়ে ও পরে তা কার্যকর করা হবে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ব্যাপক ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ওয়েবসাইট লিংক www.bangladesh.gov.bd, www.nrb-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.portal.gov.bd, www.pmo.gov.bd  এবং বেসরকাারি ওয়েবসাইট লিংক www.bdnews24.com ঠিকানায় বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

    বাজেট উপস্থাপনের পর দিন অর্থাৎ আগামী ৮ জুন শুক্রবার বিকেল আড়াইটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

  • বেগমগঞ্জে নতুন তেল-গ্যাস জোনের সন্ধান, কাল পরীক্ষামূলক উত্তোলন

    বেগমগঞ্জে নতুন তেল-গ্যাস জোনের সন্ধান, কাল পরীক্ষামূলক উত্তোলন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজিরহাটে বেগমগঞ্জ গ্যাস ফিল্ডে নতুন তিন নম্বর তেল-গ্যাস অনুসন্ধান জোনের গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

    এ উপলক্ষে আজ সকালে পরিক্ষামূলক ভাবে উত্তোলন শুরু করা হয়। এবং আসছে ঈদের পরেই এটি জাতীয় গ্রীডে সংযোগ দেওয়া যাবে বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

    এই প্রকল্পের খনন অনুসন্ধান কর্মকর্তারা জানান, কুপটির তৃতীয় জোনে গ্যাসের প্রবাহ দেখে সেখানে আগুণ দেয়া হয়। তবে আগামী দুইদিন কুপে গ্যাসের প্রবাহ রেকর্ড করে এখানে কি পরিমাণ গ্যাস রয়েছে এবং তা উত্তোলন কতটা লাভজনক হবে তা নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক পর্যবেক্ষণের পর কুপটিতে গ্যাস মজুদ রয়েছে বলে পেট্রোবাংলাকে রিপোর্ট দাখিল করা হয়। ঐ রিপোর্টের প্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর পরিচালনা পর্ষদ প্রকল্পটি খননের উদ্যোগ নেয়।

    প্রকল্পের আওতায় কেয়ার্ন কর্তৃক চিহ্নিত এলাকায় ২ ডি সাইসমিক সার্ভে পরিচালনার মাধ্যমে আহরিত উপাত্ত ও নমুনা বিশ্লেষণ করে কূপ খননের স্থান চিহ্নিত করার পর প্রায় ৩ হাজার ৫০০ মিটার (সাড়ে তিন কিলোমিটার) গভীর অনুসন্ধান কূপ খনন এবং কূপ পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

    বাপেক্স আরো জনান, প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে আগামী ঈদুল ফিতরের পর জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। নোয়াখালীসহ দেশের শিল্প ও বাণিজ্যিক বিকাশে এ গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নোয়াখালী, ফেনী, লক্ষীপুরে বিরাজমান তীব্র গ্যাস সঙ্কট নিরসনে সহায়তা করবে বলে ও আশা করছেন তারা।

  • বাংলাদেশি ৮০ হাজার শ্রমিক নিয়োগ নিয়ে বিব্রত মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি ৮০ হাজার শ্রমিক নিয়োগ নিয়ে বিব্রত মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ থেকে ৮০ হাজার শ্রমিক নিয়োগ করা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। সোমবার এই খবর দিয়েছে মালয়েশিয়ার স্টার অনলাইন।

    অভিযোগ রয়েছে, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের কিছুদিন আগে বাংলাদেশ থেকে ৮০ হাজার শ্রমিক নিয়োগ নিয়োগের অনুমোদন দেয় তার মন্ত্রণালয়। ‘দাতুক আমিন’ নামে এক ব্যক্তি এর সঙ্গে যুক্ত। তাকে ওই অনুমতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে মালয়েশিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে আসলে ঘটনা কি তা মন্ত্রীকে জানানোর জন্য স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন।

    স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন রবিবার। তাতে তিনি বলেছেন, বাংলাদেশি শ্রমিক আনার বিষয়ে যে অনুমোদন দেয়া হয়েছে সে বিষয়ে তাকে পুরোপুরি জানাতে বলা হয়েছে ওই সচিবকে।

    মন্ত্রী আরও বলেছেন, যদি এমন অনুমোদন দেয়া হয়েও থাকে এবং সে নির্দেশ বহাল থাকে তাহলে তা স্থগিত করা হবে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য যারাই আইনের লঙ্ঘন করবে তাদের কোনো ছাড়া দেবে না মন্ত্রণালয়। যে বা যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • প্রধানমন্ত্রীকে জি-সেভেন আউটরিচে আমন্ত্রণ ট্রুডোর

    প্রধানমন্ত্রীকে জি-সেভেন আউটরিচে আমন্ত্রণ ট্রুডোর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জি-সেভেন আউটরিচে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী ৮-৯ জুন ব্যাপী জি-সেভেন শীর্ষ সম্মেলনের সঙ্গে ওই বিশেষ আউটরিচ সেশনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনে সভাপতিত্ব করবে কানাডা।

    বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক আগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের (কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন) বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। একেই বলা হয় জি-সেভেন আউটরিচ মিটিং। এবার সেশনের মূল প্রতিপাদ্য হবে সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি।

    বাংলাদেশের পাশাপাশি এবার আর্জেন্টিনা, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, মার্শাল দ্বীপপূঞ্জ, নরওয়ে, রুয়ান্ডা, সেনেগাল, সিচিলিস, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনামকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এবং বিশ্বব্যাংকও আছে অতিথির তালিকায়।

  • বিএনপির আগেই জামায়াত মাঠে, লক্ষ্য সংসদ নির্বাচন

    বিএনপির আগেই জামায়াত মাঠে, লক্ষ্য সংসদ নির্বাচন

    জানা গেছে, সিটি নির্বাচনে আগাম মেয়র প্রার্থী ঘোষণার মতো জাতীয় সংসদ নির্বাচন নিয়েও জামায়াত একই ধরনের কৌশল নিয়েছে। দলটি ৭০ থেকে ৮০টি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে তাঁদের এলাকায় কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে। এসব প্রার্থীর কেউ কেউ ইতিমধ্যে নিজ নিজ এলাকায় পোস্টার ছেপে প্রার্থিতা জানান দিয়েছেন।

    রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। দলটি এখন আর নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারবে না। তাকে হয় জোটগতভাবে ধানের শীষ প্রতীকে, অথবা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হবে। জোটগত রাজনীতিতে থাকলেও জামায়াত স্বতন্ত্রভাবেও ভোট করার একটা প্রস্তুতি নিচ্ছে বলে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে।

    এর আগে সিটি নির্বাচনে আগাম মাঠে নেমে মাঠপর্যায়ের নেতা-কর্মীদেরও প্রস্তুত করার চেষ্টা রয়েছে বলে জানা গেছে।

    সিলেটে এহসানুল মাহবুব জোবায়ের, বরিশালে মুয়ায্‌যম হোসাইন (হেলাল) ও রাজশাহীতে সিদ্দিক হোসেনকে প্রার্থী মনোনীত করেছে জামায়াত। প্রার্থীদের কেউ কেউ ইতিমধ্যে রোজার ঈদের শুভেচ্ছা জানিয়ে নগরীতে পোস্টার লাগিয়েছেন। আবার কেউ ইফতার অনুষ্ঠানের মাধ্যমে কর্মী সংযোগ শুরু করেছেন। সিলেটের জোবায়ের ও বরিশালের মুয়ায্‌যম মহানগর জামায়াতের আমির। আর সিদ্দিক হোসেন রাজশাহী মহানগর কমিটির সেক্রেটারি।

    জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, সিটি নির্বাচনে আগেভাগে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী ঘোষণার অন্য উদ্দেশ্যও আছে। একদিকে বিএনপির ওপর স্নায়ুচাপ সৃষ্টি করা, যাতে মেয়র পদে দলের সমর্থনের বিনিময়ে ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপি সমঝোতায় বসে। এ ছাড়া আগাম প্রার্থী ঘোষণার রাজনৈতিক কৌশলও আছে। তা হচ্ছে দীর্ঘদিন ধরে মাঠে প্রায় নিষিদ্ধ হয়ে পড়া দলীয় কার্যক্রম প্রকাশ্যে আনা। তাই বিএনপির সঙ্গে সমঝোতা বা মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত মাঠে থেকে দলীয় প্রচারণার সুযোগটি নিতে চায় জামায়াত।

    জামায়াতের লক্ষ্য দুটি: তিন সিটিতে মেয়র প্রার্থী দিয়ে কাউন্সিলর পদে বিএনপির সঙ্গে দর-কষাকষি, জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগির ক্ষেত্র প্রস্তুত।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে আগাম প্রার্থী ঘোষণা দিলেও জামায়াত শেষ পর্যন্ত নির্বাচনে না-ও থাকতে পারে। বিএনপির সঙ্গে জোটগতভাবেই অংশ নিতে পারে। সে ক্ষেত্রে জামায়াত মেয়র পদে প্রার্থিতা তুলে নেবে।

    এ বিষয়ে প্রশ্ন করলে বরিশালে জামায়াতের মেয়র পদপ্রার্থী মুয়ায্‌যম হোসাইন প্র বলেন, ‘সবে তো শুরু, শেষের কথা কি এখনই বলতে পারি? আমরা দলীয় সিদ্ধান্তেই কাজ করছি। পরে বসে যেয়ো, এ রকম কোনো ম্যাসেজ দল দেয়নি।’

    এর আগে ঢাকা উত্তর সিটি ও গাজীপুরে মেয়র পদে প্রার্থী দিয়েছিল জামায়াত। ঢাকায় মহানগর উত্তর কমিটির আমির সেলিম উদ্দিন ও গাজীপুরে মহানগর আমির এস এম সানাউল্লাহকে মেয়র পদে প্রার্থী করেছিল। ঢাকার নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত আছে। আর ১৫ মে গাজীপুরের স্থগিত নির্বাচন ২৬ জুন হবে। এই নির্বাচন স্থগিত হওয়ার আগেই জামায়াত গাজীপুরের মেয়র প্রার্থী তুলে নিয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেয়। এর পরদিনই এক ঘরোয়া বৈঠক থেকে প্রার্থিতা প্রত্যাহারকারী জামায়াতের নেতা সানাউল্লাহসহ দলের ৪৫ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়।

    খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী ও বরিশালের চেয়ে সিলেটে জামায়াতের প্রার্থীকে নিয়ে নেতা-কর্মীরা বেশ সক্রিয়। অন্য সিটি করপোরেশনগুলোতে সমর্থন দেওয়ার বিনিময়ে তারা সিলেটে মেয়র পদটি চাইবে।

    এ বিষয়ে সিলেটে জামায়াতের মেয়র পদপ্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের  বলেন, ‘সিলেটের ব্যাপারটা আলাদা। আমরা নির্বাচন করব। প্রস্তুতি চলছে।’

    অবশ্য বিএনপি জামায়াতের আগাম প্রার্থিতাকে খুব গুরুত্ব দিতে চাইছে না। তারা মনে করছে, সব রাজনৈতিক দলের অধিকার আছে নির্বাচন করার ও প্রার্থী দেওয়ার। জামায়াতও সেভাবে হয়তো আগাম প্রার্থী দিয়েছে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী  বলেন, জামায়াত তাদের কৌশল থেকে প্রার্থী ঘোষণা করেছে। তবে চূড়ান্তভাবে তারা কী করে, সেটাই দেখার বিষয়। মানুষও জানে, কার সঙ্গে কার নির্বাচন হবে, কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে।

  • অডিও হাতে এসেছে, তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    অডিও হাতে এসেছে, তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে প্রকাশিত অডিও হাতে পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত চলছে।

    আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। দেশব্যাপী মাদকবিরোধী ফেস্টুন বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনী ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, যত দিন না পর্যন্ত মাদক নির্মূল হবে, তত দিন মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ হতে থাকবে, অভিযানও চলবে।

    মাদকবিরোধী অভিযানে টেকনাফে গত ২৬ মে একরামুল হক নিহত হন। তাঁকে বাসা থেকে ডেকে নেওয়ার পর হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।

    একরামুল নিহত হওয়ার ঘটনা অডিও ইউটিউবে প্রকাশ হওয়ার পর তা সামাজিক নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা নিয়ে সামাজিক নেটওয়ার্কে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    র‍্যাব বলেছে, প্রকাশ হওয়া অডিও তারা খতিয়ে দেখছে।

    সিদ্ধেশ্বরীতে আজকের অনুষ্ঠানে মাদকবিরোধী অভিযান নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটা যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ যুদ্ধ মাদকের বিরুদ্ধে। মাদকের আগ্রাসন সবাইকে ভাবিয়েছে।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বন্দুকযুদ্ধে যারা নিহত হচ্ছে, তাদের কিছুতেই আমরা কন্ট্রোল করতে পারছিলাম না।’

    বন্দুকযুদ্ধে নিহত হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ নিহত হোক বা আহত হোক তা তাঁদের কাম্য নয়।

    আসাদুজ্জামান খান বলেন, ‘যুবসমাজকে বাঁচাতে হবে। মেধা নষ্ট হতে দেওয়া যাবে না। সে জন্যই মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের জয়ী হতেই হবে।’

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলী নকী বলেন, সারা বিশ্বেই মাদকের ব্যবহার বাড়ছে। প্রবৃদ্ধি বাড়লে এর প্রবণতাও বেড়ে যায়। এ অবস্থায় দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ হাত ধরাধরি করে এগিয়ে যায়। এটাকে থামাতে হবে। মাদক সরবরাহকারীদের প্রতিহত করতে হবে।

  • রাস্তা নয়, ফিটনেসবিহীন গাড়ির জন্য যানজট হতে পারে: কাদের

    রাস্তা নয়, ফিটনেসবিহীন গাড়ির জন্য যানজট হতে পারে: কাদের

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে-পরে রাস্তার জন্য দেশের কোথাও যানজট হবে না।

    আজ শুক্রবার সকালে ঢাকার মাতুয়াইলে ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানায় অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

    ফিটনেসবিহীন গাড়ি তৈরি নিয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বলে মন্তব্য করেন কাদের।

    মন্ত্রী বলেন, রাস্তার জন্য এবার যানজট হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না। কিন্তু এই ফিটনেসবিহীন গাড়িগুলো যানজট সৃষ্টি করতে পারে। এর কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, রাস্তায় যদি গাড়ি বিকল হয়ে যায় রেকার এসে সরাতে সরাতে দীর্ঘ যানজট হয়ে যায়।

    ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানায় অভিযান চলবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এগুলোর দায়িত্ব ছিল বিআরটিএর। তাঁরা এ ব্যাপারে কেন নাকে তেল দিয়ে ঘুমিয়েছে? প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি পুলিশ ও বিআরটিএর প্রতি আহ্বান জানান।

    ঈদের আগে ঢাকার রাস্তাগুলোতে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

  • মাশরাফি-সাকিবের বিষয়ে এখনই মন্তব্য নয়: কাদের

    মাশরাফি-সাকিবের বিষয়ে এখনই মন্তব্য নয়: কাদের

    বাংলাদেশের দুই জাতীয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান রাজনীতি আসছেন কিনা বা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে এ মুহূর্তে মন্তব্য করতে চান না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে কিছু চমক থাকবে বলে জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ওবায়দুল কাদের।

    তিনি বলেন, ‘সাকিব আর মাশরাফি এদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাই না। সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। বিশ্বকাপের আগে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে তাদের কোনো কথা নেই।’

    সেতুমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে কিছু চমক থাকছে। তবে সেটা এখনও চূড়ান্ত রূপ নেয়নি। অনেকের আবেদন আছে, আগ্রহ আছে। সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্র এবং মিডিয়া ব্যক্তিত্ব— এমন ধরনের কিছু প্রার্থী থাকবেন। তবে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন, তাকে উইনেবল প্রার্থী হতে হবে।’

    ছাত্রলীগের নতুন কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রলীগের যাতে ভালো কমিটি হয়, এ বিষয়গুলো নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই খোঁজ-খবর করছেন। খুব শিগগিরই ছাত্রলীগের কমিটি প্রকাশ করতে পারবো বলে আশা করছি। তবে দিনক্ষণ বলতে পারবো না। ছাত্রলীগের ভালো কমিটি আসবে। সবার প্রশংসা করার মতোই কমিটি আসবে।’

    গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আচারণবিধি মেনেই আওয়ামী লীগ প্রচার-প্রচারণা চালাবে।

    রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই তিনটি সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দলের মনোয়নপ্রত্যাশীদের মধ্যে ১৮ জুন থেকে ২১ জুন পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। আর ২২ জুন সন্ধ্যা ৭টায় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    বৈঠকের শুরুতে মহাকাশে বঙ্গবন্ধু- স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে দলের তথ্য ও গবেষণা উপ-কমিটি প্রকাশিত ‘মহাকাশে বাংলাদেশ’ নামের পুস্তিকা ওবায়দুল কাদেরের হাতে তুলে দেন তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এ সময় ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস এবং ২৩ জুন আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করা হয়। এছাড়া আগামী ৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।

    ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. হাছান মাহমুদ, ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট আফজাল হোসেন, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, ড. আবদুস সোবহান গোলাপ, ড. শাম্মী আহমেদ, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।