Category: জাতীয়

  • খালেদা জিয়া জানতে চেয়েছেন, আমি জেলে কেন?

    খালেদা জিয়া জানতে চেয়েছেন, আমি জেলে কেন?

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন, তিনি জেলে কেন?

    বৃহস্পতিবার বিকেলে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

    খোকন বলেন, ‘খালেদা জিয়া বারবার জানতে চেয়াছেন, তিনি জেলে কেন? আমি কোনো কাগজে স্বাক্ষর করিনি, কোনো অনুমোদন দিইনি, কোনো চেক সই করিনি। আমি জেলে কেন?’ তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের কথার ব্যাখ্যা আমরা দিয়েছি।’

    তিনি বলেন, তাঁরা (আইনজীবীরা) ১ ঘণ্টা ৫ মিনিট খালেদা জিয়ার সঙ্গে আলাপ করেছেন।

    আরেক আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘আমরা ম্যাডামের সঙ্গে আইনগত বিষয়গুলো নিয়ে আলাপ–আলোচনা করেছি। গতকাল বুধবার রাজনৈতিক নেতারা আলোচনা করেছেন। আমরা দীর্ঘ এক মাস আইনজীবী হিসেবে তাঁর সঙ্গে কোনো আলাপ করতে পারিনি। আমরা অনুমতি নিয়ে দেখা করেছি। আপিল আবেদন থেকে শুরু করে, জামিনের বিষয়ে আলাপ–আলোচনা করেছি। ম্যাডাম জানতে চেয়েছেন যে জামিন আবেদনের কী হলো? সে বিষয়ে তাঁকে আমরা বলেছি।’

    ন্যায়বিচার পেতে উচ্চ আদালতের ওপর খালেদা জিয়া আস্থাশীল বলেও জানান এই আইনজীবী। তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামী রোববার আদালত জামিনের আদেশ দেবেন। দেশের মানুষ নিম্ন আদালতের ওপর আস্থাশীল না হলেও উচ্চ আদালতের ওপর আস্থাশীল। তেমনি ম্যাডামও উচ্চ আদালতের ওপর আস্থাশীল।

    এর আগে আইনজীবীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বিকেল সাড়ে চারটার দিকে কারাগারে প্রবেশ করেন। অন্য তিন আইনজীবী হলেন এ জে মোহাম্মদ আলী, আবদুর রেজাক খান ও সানাউল্লাহ মিয়া।

  • নারায়ণগঞ্জে ৫০ হাজার ইয়াবাসহ এএসআই গ্রেফতার

    নারায়ণগঞ্জে ৫০ হাজার ইয়াবাসহ এএসআই গ্রেফতার

    নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছ থেকে ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিজের হেফাজতে থাকা ৫ হাজার ও বাসায় তল্লাশি করে ৪৫ হাজার পিছ ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বুধবার রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে পুলিশের এএসআই সোহরাওয়ার্দী রুবেলের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

    এদিকে অভিযোগ রয়েছে সম্প্রতি এএসআই সোহরাওয়ার্দী রুবেল একজন নারীকে আটকে রেখে প্রায় ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছিলেন। তার স্বজনরাও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তিনি বিভিন্ন লোককে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে মোটা অংকের টাকা আদায় করতেন বলে তথ্য বেরিয়ে আসছে।

    জানা যায়, পুলিশের এএসআই সোহরাওয়ার্দী রুবেল নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত থাকা অবস্থায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকলেও এলাকার লোকজন জানার পরও কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস পায়নি। তিনি বন্দরের রূপালী আবাসিক এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কামরুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকেন। বন্দর থানা থেকে বদলী হয়ে কিছুদিন আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন তিনি।

    রুবেল মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এমন অভিযোগে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তার বন্দরের ফ্ল্যাট থেকে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরে থানার ভেতর তার দেহ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    এএসআই রুবেলের বন্দরের ফ্ল্যাটের কেয়ারটেকার জিয়াউল জানান, প্রায় সময় এএসআই রুবেল বিভিন্ন ধরনের লোকজনকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক করে এনে ফ্ল্যাটে রাখতেন। ওনাকে জিজ্ঞেস করলে কিছুই বলতেন না।

    নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সদর থানায় তার ব্যাগ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এমনকি তার বাসা থেকেও ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সিনিয়ার অফিসারদের সঙ্গেও আলোচনা চলছে।

  • কলেজ ছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ফুটেজ হাতে- স্বরাষ্ট্রমন্ত্রী

    কলেজ ছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ফুটেজ হাতে- স্বরাষ্ট্রমন্ত্রী

    ঢাকায় সাতই মার্চের সমাবেশের মিছিলের মধ্যে বাংলামোটরে কলেজছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ফুটেজ হাতে পাওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অপরাধীরা কোনোভাবে ছাড় পাবে না।

    বুধবারের ঘটনা নিয়ে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যে বৃহস্পতিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘ব্র্যাক স্কুল অব পাবলিক হেলথ’ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতই মার্চ বাংলামোটরে শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় ভিডিও ফুটেজ হাতে এসেছে। কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক বাংলামোটরে এক কলেজ শিক্ষার্থীকে হয়রানি করেছিল।

    “ভিডিও ফুটেজ দেখে তাদের আইডেনটিফাই করার চেষ্টা হচ্ছে, যারা এই ঘটনা ঘটিয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারাও জানতে পারেন, কারা কারা এতে জড়িত।”

     

    ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ছিল। এই জনসভায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে যোগ দেন ক্ষমতাসীন দলটির বিভিন্ন ওয়ার্ড শাখা এবং ছাত্রলীগ, যুবলীগের মতো সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

    বাংলামোটরে এরকম একটি মিছিলের মধ্যে পড়ে একদল যুবকের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা নিজের ফেইসবুকে এক তরুণী পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায় ফেইসবুকে।

    ঢাকার একটি কলেজের শিক্ষার্থী ওই তরুণী বিকালে পোস্টটি দেওয়ার পর তিন ঘণ্টায় তার শেয়ার ৫ হাজার ছাড়িয়ে যায়। অনেকেই সোচ্চার হন।

    ওই তরুণী ফেইসবুকে ঘটনার বর্ণনা দিয়ে লিখলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন বলে তার ঘনিষ্ঠ একজন জানান।

    এই কারণে তিনি প্রথমে পাবলিক স্ট্যাটাস দিলেও পরে তা ‘অনলি মি’ করে দেন বলে তা এখন আর সবাই দেখতে পারছেন না।

    বিষয়টি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলে তারা কেউ এই ধরনের ঘটনার খবর ‘জানেন না’ বলে জানিয়েছেন।

    কলেজ থেকে ফেরার সময় এই জনসভার কারণে বাস না পেয়ে হাঁটতে হাঁটতে বাংলামোটরে আসার পর একটি মিছিলে থাকা একদল যুবক তাকে ঘিরে ফেলে যৌন নিপীড়ন করে বলে ওই তরুণীর অভিযোগ।

    তিনি ফেইসবুক পোস্টে লিখেছেন, ১৫-২০ জন যুবক তাকে যৌন নিপীড়ন শুরু করলে এক পুলিশ সদস্য তাকে উদ্ধার করে একটি বাসে তুলে দেয়। ক্ষোভের সঙ্গে ওই তরুণী লেখেন, এরপর তিনি বাংলাদেশেই থাকবেন না।

    তার এই পোস্ট ব্যাপক শেয়ার হতে শুরু করে, বিভিন্নজন মন্তব্যও করে। এই বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনাও আসে নানাজনের মন্তব্যে। পরে নিজের পোস্ট সরিয়ে দেন তিনি।

    পরে আরেক পোস্টে তিনি লেখেন- “পোস্টটা অনলি মি করেছি কারণ পোস্টটা রাজনৈতিক উস্কানিমূলকভাবে শেয়ার করা হচ্ছিল। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পোস্টটা দিইনি। প্লাস আমার কলেজকে জড়ানো হচ্ছিল এই ব্যাপারে। ব্যাপারটার সাথে আমার কলেজের কোনো সম্পর্ক নাই।”

    তরুণী অভিযোগ তোলার পর পুলিশের নানা পর্যায়ে যোগাযোগ করা হলেও কেউ সত্যতা নিশ্চিত করতে পারেনি বুধবার রাতে।

    পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত পুলিশ পরিদর্শক বদিউজ্জামান বলেন, এই খবর শোনার পর সত্যতা জানতে বাংলামোটর ও আশে পাশে দায়িত্বরত প্রায় ৪০ জন পুলিশ সদস্যের সাথে কথা হয়েছে তার। “তারা এ ধরনের ঘটনার ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়েছে,” বলেছিলেন এই পুলিশ কর্মকর্তা।

    ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেছিলেন, “আমি খোঁজ নিয়ে দেখেছি আমাদের পুলিশের কেউ এ বিষয়টি জানেন না বা কাউকে এ ধরনের সাহায্য করেনি। এছাড়া পুলিশের কাছে কেউ অভিযোগও করেনি।”

    তবে ঘটনাটির সত্যতা যাচাই করতে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি। বাংলামোটরে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মোরশেদুল আলম বলেন, তাদের যে সব সদস্য এখানে দায়িত্ব পালন করেছেন তাদের প্রায় প্রত্যেকের কাছে এই খবরের বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি। “কিন্তু এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না,” বলেছিলেন তিনি।

    এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন, বুধবার রাতেই ওই তরুণীর বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলে আসেন পুলিশ কর্মকর্তারা।

    বুধবার রাজধানীর পথে এই ধরনের বিরূপ অভিজ্ঞতার মুখে পড়ার কথা জানিয়ে আরও কয়েকজন নারী ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন।

    এই ধরনের ঘটনাকে ‘দুঃখজনক’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের নজরে যেগুলো এসেছে, সেগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘টেলিফোনে সাক্ষাৎকার দেবেন না’ বলে বিষয়টি এড়িয়ে যান।

    রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, তার কাছে কোনো ভিডিও ফুটেজ নেই। অন্য কোনো সংস্থার কাছে আছে কি না, তাও তার জানা নেই।

    র‌্যাবের মহাপরিচালক মুফতি মাহমুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ভিডিও ফুটেজ বা এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই।”

  • খালেদার জামিন বিষয়ে আদেশ রবিবার

    খালেদার জামিন বিষয়ে আদেশ রবিবার

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বিষয়ে আগামী রবিবার আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

    খালেদা জিয়ার আইনজীবীদের এ বিষয়ে করা এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

    জয়নুল আবদীন আদালতে বলেন, বিচারিক আদালত থেকে নথি আসা সংক্রান্ত আদেশের ১৬ দিন পেরিয়ে গেছে। নথি এসেছে কি না আমরা জানি না। তখন আদালত বলেন, এ বিষয়ে রবিবার আদেশ দেওয়া হবে।

    প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক ড. মো. আখতারুজ্জামান। খালেদা জিয়ার পাশাপাশি তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    রায় ঘোষণার পরপরই কঠোর নিরাপত্তার মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার ভবনে। সেই দিন থেকে এখনো কারাগারেই রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

    রায় ঘোষণার ১১দিন পর গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের সার্টিফাইড কপি বা অনুলিপি হাতে পান। পরদিন বিকেল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার জিয়ার আইনজীবী দলের সদস্য ব্যারিস্টার কায়সার কামাল আপিল (ক্রিমিনাল আপিল নং- ১৬৭৩/১৮) দায়ের করেন। এরপর শুনানির দিন ধার্য করা হয়। পরে ২৫ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্ট বলেন, বিচারিক আদালত থেকে নথি আসার পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

  • মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে

    মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের মেধা কাজে লাগাতে হবে। নারীদের এগিয়ে আসতে হবে অর্থনীতির সব পর্যায়ে।

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন নারীর হাতে জয়িতা পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

    নানান বাধা সত্ত্বেও প্রতিটি পর্যায়ে সরকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা যতই নারীর অধিকার নারীর বলে স্লোগান দেই। অধিকার তো আর হেঁটে আসবে না। নারীর অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মেয়েদের বসে থাকলে হবে না। নিজের পায়ে দাঁড়াতে হবে।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

  • ‘নিজের ব্যাপারে নারী স্বাস্থ্য সচেতন নয়’

    ‘নিজের ব্যাপারে নারী স্বাস্থ্য সচেতন নয়’

    ‘নারী স্বাস্থ্য সচেতন নয়, নিজের ব্যাপারে স্বাস্থ্য সচেতন নয়, কিন্তু স্বামী- সন্তান ও পরিবারের অন্য সবার ব্যপারে স্বাস্থ্য সচেতন। আসলে সে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়ার সময়ই খোঁজে পায় না।এ ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় সবার নিচে স্থান হয় নারীর। তাই পরিবারের সহযোগিতা দরকার।’ এখন সময় নারীর’ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ডা. সাগুফা আনোয়ার।

    ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এ বৈঠকের আয়োজন করে।

    ইউনাইটেড হাসপাতালের ডিরেক্টর ও চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. সাগুফা আনোয়ার আরও বলেন, নারী প্রতি বৈষম্য, ব্যক্তির বৈষম্য। মা-বাবার নয়, পরিবারের নয়। এটা ব্যক্তিভেদে বিভিন্ন রকম হয়।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমদাদুল হক মিলন, নূরজাহান বেগম মুক্তা, নিলুফার চৌধুরী মণি, সামিয়া রহমান, অধ্যাপক রুপা চক্রবর্তী, ফাতেমা বেগম, অধ্যাপক ড. জিনাত হুদা, কামরুন নাহার ডানা ও কবি শামীম আজাদ প্রমুখ।

  • স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু ৭ দিনের রিমান্ডে

    স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু ৭ দিনের রিমান্ডে

    রাজধানীর শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ ১২ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বুধবার রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

    রিমান্ড মঞ্জুর হওয়া অপর আসামিরা হলেন, ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রফিক দেওয়ান সুমন, ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন হোসেন, হাফিজুর রহমান হাফিজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, দক্ষিণগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আজিজ হোসেন, দাউদকান্দি থানা ছাত্রদলের সহ-সম্পাদক রকিবুল ইসলাম, গৌরিপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার রিমন আহমেদ, দাউদকান্দি থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও সহ-সভাপতি রুমন খন্দকার।

    আসামিদের মধ্যে শফিউল বারী বাবুকে ১০ দিন, অপর ১১ আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার এসআই অমল কৃষ্ণ দে।

    বিচারক শফিউল বারী বাবুর ৭ দিন ও অপর ১১ আসামির প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

  • বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বারবার বিজয় ছিনিয়ে এনেছে

    বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বারবার বিজয় ছিনিয়ে এনেছে

    কিছু মানুষ কখনই বাংলাদেশের স্বাধীনতা চাননি। বরং ওই যুদ্ধাপরাধীরা পাক-হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে। অসংখ্য মুক্তিকামী মানুষকে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বারবার বিজয় ছিনিয়ে এনেছে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছে। আর এই স্বাধীনতা অর্জন করতে ৭ মার্চের ভাষণের মাধ্যমে করণীয় বলে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত জনসভায় আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

    এর আগে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত আছেন।

    আওয়ামী লীগ আয়োজিত এ জনসভা বুধবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উদ্যান এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীসহ সারাদেশ থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের হাতে রয়েছে ব্যানার-ফেস্টুন। অনেকের গায়ে একই রঙের টি-শার্ট, মাথায় একই রঙের ক্যাপ শোভা পাচ্ছে। জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে উদ্যান এলাকা।

    এদিকে, আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় তল্লাশি করছে।

    ১৯৭১ সালের ৭ মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানেই যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশে এই প্রথম দিবসটি উদযাপিত হচ্ছে।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার (০৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

    শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আরেকটি পুষ্পস্তবক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তুলে দেন।

    পরে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

    ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। বঙ্গবন্ধুর ৭মার্চের এই ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অমূল্য প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণে তাদের ওয়ার্ল্ড মেমোরি রেজিস্টারে অন্তর্ভূক্ত করে স্বীকৃতি দিয়েছে।

  • কিশোর প্রেমের ভয়ঙ্কর কিলিং মিশন

    মাইসার সঙ্গে আগেই রওনকের সম্পর্ক ছিল। পরে রওনক মাইসার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুহু নামে আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে। কিন্তু তুহুর সঙ্গে সম্পর্ক ছিল অন্য একটি ছেলের। তুহুর ওই প্রেমিক রওনকের আগের প্রেমিকাকে ব্যবহার করে রওনককে হত্যার পরিকল্পনা করে। হত্যার জন্য বেছে নেওয়া হয় হোলি উৎসব।

    পরিকল্পনামতো রওনক হোলি উৎসবে এলে তাকে হত্যার মাধ্যমে ইতি ঘটে ত্রিভুজ প্রেমের গল্পের। এ ঘটনায় সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন— রিয়াজ আলম ওরফে ফারহান, ফাহিম আহম্মেদ ওরফে আব্রো, ইয়াসিন আলী, আল আমিন ওরফে ফারাবী খান ও লিজা আক্তার ওরফে মাইসা আলম। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি। তবে মূল পরিকল্পনাকারী তুহুর দ্বিতীয় প্রেমিককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান জানান, মূলত রওনকের দ্বিতীয় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ওই ছেলে ও রওনকের মধ্যে ফেসবুকে কথাকাটাকাটি ও একজন অন্যজনকে হুমকিদানের ঘটনা ঘটে। তাই ওই ছেলে পরিকল্পনা করে হোলি উৎসবকে বেছে নেয় রওনককে খুন করার  তাই মাইসাকে ব্যবহার করে রওনককে হোলি উৎসবে নিয়ে আসে ওই তরুণ।

    ডিসি বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী মাইসার কল পেয়ে ১ মার্চ রওনক কামরাঙ্গীরচরের বাসা থেকে কলাবাগানে অন্য বন্ধুদের সঙ্গে মিলিত হয়। রওনক পৌঁছার আগেই ওই তরুণ লক্ষ্মীবাজারে কয়েকজনকে নিয়ে পরিকল্পনা করে এবং ছুরি সরবরাহ করে। রওনক বন্ধুদের সঙ্গে শাঁখারী বাজার শনি মন্দিরের সামনে গেলে মাইসা তাকে একপাশে ডেকে নিয়ে যায়।

    সেখানে ২০-২৫ জন মিলে তাকে মারধর করে। এদের মধ্যে কয়েকজন রওনককে ছুরিকাঘাত করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ফারহান নিজেই ছুরিকাঘাত করেছে। মূল পরিকল্পনাকারীসহ জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এই ঘটনার সঙ্গে রওনকের বর্তমান প্রেমিকার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

    এক প্রশ্নের উত্তরে পুলিশের এই কর্মকর্তা বলেন, রওনক, মাইসা, তুহু কিংবা এই বন্ধুমহলের কেউ কোনো নির্দিষ্ট এলাকা অথবা একই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে না। তারা ফেসবুকের মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিত হয় এবং নির্দিষ্ট সময়ে তারা একসঙ্গে দেখা করে। এদের মধ্যে কলেজছাত্র যেমন রয়েছে তেমনি ফলের দোকানিও আছে। উঠতি বয়সী তরুণ-তরুণীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে তাদের পরিবারকে আরও সচেতন হতে হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক গলিতে ছুরিকাঘাতে রওনককে খুন করে দুর্বৃত্তরা। ঘটনার দিনই নিহতের মা হেনা বেগম অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।