Category: জাতীয়

  • ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, নতুন রোগী ৫৩

    ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, নতুন রোগী ৫৩

    নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। তাদের মধ্যে ১৮ জন ঢাকার বাইরের।

    রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদফতর জানায়, যে ২ জন মারা গেছেন, তারা কক্সবাজারের। তাদের নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে ৩ জন মারা গেলেন।

    রোগীদের মধ্যে ২২২ জন এখনো চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৪৯৮ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    চলতি বছর দেশে মোট ১ হাজার ৭২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।

  • ওমানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর

    ওমানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর

    অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ও ওমানের মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়েছে।

    ১৪ জুলাই থেকে চুক্তিটি কার্যকর হয়েছে জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

    এতে বলা হয়, গত ২৪ মার্চ বাংলাদেশ ও ওমান সরকারের মধ্যে ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য সালতানাত অব ওমান অন দ্য মিউচুয়াল ভিসা এক্সাম্পশন ফর হোল্ডার্স অব ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল, স্পেশাল অর সার্ভিস পাসপোর্ট’ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

    এমতাবস্থায়, উল্লিখিত চুক্তি মোতাবেক দুই দেশের কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়টি কার্যকর/বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

    এর আগে গত ৩০ মে বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনীতিক, অফিসিয়াল, বিশেষ বা সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। এ চুক্তির আওতায় কূটনীতিক, সরকারি কর্মকর্তাদের সঙ্গে কর্মীদেরও দুই দেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসার প্রয়োজন হবে না।

  • তৃতীয় লিঙ্গ; ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত শনাক্তের সুপারিশ

    তৃতীয় লিঙ্গ; ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত শনাক্তের সুপারিশ

    অনলাইন ডেস্কঃ ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত তৃতীয় লিঙ্গের মানুষ শনাক্তে কমিটি গঠন করে আইডি কার্ড প্রদান ও তাদের উপদ্রব প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

    রোববার (১৭ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

    বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাগো নিউজকে বলেন, দেশে তৃতীয় লিঙ্গের উৎপাত বেড়ে গেছে। অনেকে ব্ল্যাকমেইল করেন। অভিযোগ রয়েছে এদের অনেকেই তৃতীয় লিঙ্গের মানুষ নন। তাই ডাক্তারি পরীক্ষা করে কে তৃতীয় লিঙ্গের তা শনাক্ত করার সুপারিশ করা হয়েছে।

    জানা যায়, বৈঠকে ১৯তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট সম্পর্কে স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী গৃহীত ব্যবস্থার অগ্রগতি ও সামগ্রিক পরিস্থিতি এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তৃতীয় পৃষ্ঠপোষকমণ্ডলীর সভা ও আইন প্রণয়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

    কমিটি সহিংসতায় আক্রান্ত নারী এবং পাচারের সময় উদ্ধারকৃত নারীদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনের জন্য সুপারিশ করে।

    বৈঠকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তৃতীয় পৃষ্ঠপোষকমণ্ডলীর সভা প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে আহ্বানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানোর সুপারিশ করা হয়।

    রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন, নাসরিন জাহান রতনা, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আরমা দত্ত অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগ দেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ইসির কোনো ক্ষমতা নেই: ফখরুল

    ইসির কোনো ক্ষমতা নেই: ফখরুল

    অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) কোনো ক্ষমতাই নেই, তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারই হচ্ছে মূল বিষয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, সেটা আমরা দেখেছি। তাহলে নির্বাচন কমিশনের সংলাপে গেলেই বা কী, আর না গেলেই বা কী।

    রোবাবর (১৭ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    ফখরুল বলেন, দেশের মূল সংকট হলো গণতন্ত্র নেই। নির্বাচন একটা ফার্স্ট ডোর ফর ডেমোক্রেসি। সেই জায়গায় আজকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

    তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটা নির্বাচন হয়েছে, যা নিয়ে বিতর্ক হয়নি। চিরকাল ক্ষমতায় থাকার জন্যই তারা (আওয়ামী লীগ) দলীয় সরকারের অধীনে নির্বাচন করছে। এটা সত্য কথা যে পৃথিবীর বহু দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। সেটা কোথায় হয়? যেসব দেশ গণতান্ত্রিকভাবে অনেক অভিজ্ঞ, ২০০-২৫০ বছর ধরে গণতন্ত্রের চর্চা চলছে।

    বিএনপি মহাসচিব বলেন, যেখানে দেশের মানুষ চায় না এই ইসির অধীনে কোনো নির্বাচন হোক, এই সরকারের অধীনে নির্বাচন হোক। সে কারণে আমরা এই ইসির সংলাপই বলেন, আলোচনা বলেন, সে বিষয়ে কোনো মন্তব্যই করি না। কারণ এই ইসির অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে, তা আমরা বিশ্বাসই করি না। সরকার যদি পরিবর্তন না হয়, নিরপেক্ষ সরকার যদি না আসে, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।

    এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কদ্দুস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।

  • করোনায় ৪ জনের মৃত্যু, হাজারের নিচে নামলো শনাক্ত

    করোনায় ৪ জনের মৃত্যু, হাজারের নিচে নামলো শনাক্ত

    অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম, একজন রাজশাহী ও একজন খুলনা বিভাগের বাসিন্দা। সবারই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৩৪ জনে।

    একই সময়ে নতুন করে ৯০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জনে।

    রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে আট হাজার ১৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৯১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

    মহামারি শুরু থেকে দেশে এ পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ৯০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৫ লাখ ৩৯ হাজার ৮৫৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ৬০ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন এক হাজার ৯৮৩ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ২৪ হাজার ৯৬০ জন।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

  • বাড়তে শুরু করেছে বৃষ্টি

    বাড়তে শুরু করেছে বৃষ্টি

    আবহাওয়া ডেস্কঃ বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে বৃষ্টি বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    এরই মধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি ১৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। সেখানে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে, একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

    আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘সিলেটে ভারি বৃষ্টি হয়েছে। চট্টগ্রামের কিছু অঞ্চলেও বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সেভাবে বৃষ্টি হয়নি। আশা করি আগামী ১৮ ও ১৯ জুলাই থেকে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। উত্তর-পূর্বাঞ্চলের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তখন তাপপ্রবাহ দূর হতে পারে।’

    ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি একেবারে কমে যাওয়ায় প্রায় সারাদেশের মানুষ গরমে কষ্ট পাচ্ছে। বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ। টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

    শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

    শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

    শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

  • আ’লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না: কাদের

    আ’লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না: কাদের

    অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না, চায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন।

    রোববার (১৭ জুলাই) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না।

    আজ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসেছে, নির্বাচন কমিশনের এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। ৩১ জুলাই কমিশনের সঙ্গে আওয়ামী লীগের ১০ সদস্যদের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ডাকে এই সংলাপে অংশগ্রহণ করা সব রাজনৈতিক দলের দেশপ্রেমের দায়িত্ব, নির্বাচনের মাধ্যমে যারা সরকারের পরিবর্তন চান- তাদেরই নির্বাচনে অংশ নিতে হবে।

    নির্বাচন কমিশনের সংলাপে প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেবে, এমন প্রত্যাশা করে ওবায়দুল কাদের বলেন, আমরা এই নির্বাচনকে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক হিসেবে দেখতে চাই। সে কারণে নিবন্ধিত সবার অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

    নির্বাচন ব্যবস্থায় আরও উন্নতি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থায় ইতোমধ্যে অনেকটা উন্নতি করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা আরও আধুনিক-মানসম্মত করা হবে।

    বর্তমান ব্যবস্থাও একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে হবে বলে মনে করেন ওবায়দুল কাদের।

    বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে- বিরোধী দলের কেউ কেউ বারবার একথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নির্বাচন অবাধ-নিরপেক্ষ হবে, এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। সরকার শুধু সহযোগিতা করবে কমিশনকে।

    তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সরকারের কোনো সংস্থা বা দপ্তর নির্বাচন চলাকালে, সরকারের নির্দেশে চলবে না। চলবে নির্বাচন কমিশনের অধীনে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশা করে বলেন, নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যে রাজনৈতিক সংলাপের আহ্বান করেছেন- সেখানে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো অংশ নিয়ে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

    এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি ও বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি লাভের ধারায় ফিরে এসেছে- এ ধারা অব্যাহত রাখতে হবে। বিআরটিসি সরকারের যেন বোঝা না হয় সেদিকেও নজর দিতে হবে।

  • ভোটের মাঠের সহিংসতা ইসি বন্ধ করতে পারবে না: সিইসি

    ভোটের মাঠের সহিংসতা ইসি বন্ধ করতে পারবে না: সিইসি

    ভোটের মাঠের সহিংসতা নির্বাচন কমিশন (ইসি) বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    সিইসি বলেন, ‘আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না। কিন্তু আপনাদের (রাজনীতিবিদ) দায়িত্ব নিতে হবে। এখানে খেলোয়াড় হচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনারা মাঠে যাবেন, খেলবেন। আমরা (ইসি) হলাম রেফারি।’

    রোববার (১৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় ভোটের মাঠে সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকে পদক্ষেপ নিতে হবে বলে ইঙ্গিত দেন সিইসি।

    নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের মাঠে নিয়ম লঙ্ঘন করে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ান, তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকেও রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শ দেবো।’

    সিইসির এমন বক্তব্যের পর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘আইনে আমাদের শটগান নিয়ে দাঁড়ানো পারমিট করে না।’

    এনডিএমের প্রতিনিধিদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের দায় আমাদের ওপরে চাপাবেন না। আমরা আমাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের দায়টা বহন করবো।’

    কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সরকার সহায়তা না করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিণতি মন্দ হতে পারে। তবে ইসি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে সর্বাত্মক চেষ্টা করবে।’

  • এইচএসসি পরীক্ষা নভেম্বরে

    এইচএসসি পরীক্ষা নভেম্বরে

    বন্যার কারণে নির্ধারিত সময়ে না হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    তিনি বলেন, ‘বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো সেই অনুযায়ী পরীক্ষার সংশোধিত সময়সূচি তৈরি করে প্রকাশ করবে। এসএসসি শুরুর ৪৫ দিন পর অর্থাৎ নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হবে।’

    রোববার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝে বড় ধরনের বিরতি দেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে এসব পরীক্ষা শেষ করা হবে। পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। পরীক্ষা চলাকালীন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।’

    এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। তবে সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

  • এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

    এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

    বন্যার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো সেই অনুযায়ী পরীক্ষার সংশোধিত সময়সূচি তৈরি করে প্রকাশ করবে। এসএসসি শুরুর ৪৫ দিন পর অর্থাৎ নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

    রোববার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝে বড় ধরনের বিরতি দেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে এসব পরীক্ষা শেষ করা হবে। পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। পরীক্ষা চলাকালীন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।’

    এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। তবে সিলেট, ‍সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

    শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।