বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বুথটি দিয়ে সাময়িক টোল আদায় বন্ধ রয়েছে।পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, বুথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছে। তবে টোল আদায় সম্ভব। যখন গাড়ির চাপ বাড়বে তখন আমরা এটি খুলে দিবো।তিনি আরও জানান, ২ নম্বর বুথ বন্ধ থাকলেও টোলপ্লাজার অপর চারটি বুথ সচল রয়েছে। সেগুলো দিয়ে টোল আদায় হচ্ছে।টোলপ্লাজায় দায়িত্বরত দুই নিরাপত্তা কর্মী জানান, সাড়ে ১০টার দিকে সেতু পার হতে টোলপ্লাজায় আসা শরীয়তপুরগামী একটি বাস ডানপাশ থেকে টোল বুথে ধাক্কা দিলে ওপরের স্টিলের কাঠামো দুমড়ে-মুচড়ে যায়। এতে মূল কাঠামোও কিছুটা হলে পড়ে। এরপর ওই বুথ দিয়ে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়।
Category: জাতীয়
-

শিনজো আবের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বাংলাদেশে
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আজ শনিবার (৯ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় এ শোক ঘোষণা করা হয়। ওইদিন জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে রাজনৈতিক পথসভায় ভাষণ দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়ে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিনজো আবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার (৯ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় আজ বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
-

পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় ৪ কোটি ১৯ লাখ
পদ্মা সেতুতে শুক্রবার (৮ জুলাই) ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এ পর্যন্ত একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড এবং প্রথমবারের মতো একদিনে চার কোটি টাকা আদায় হয়েছে।
শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। এতে দুই কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। অন্যদিকে জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১২ হাজার ৫৬টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় এক কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।
ড. মাহমুদুর রহমান বলেন, ‘শুক্রবার পার হওয়া যানবহানের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টি ছিল ব্যক্তিগত গাড়ি। এছাড়া বাস পারাপার হয়েছে সাত হাজার ৭২২টি। একদিনে টোল আদায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।’
-

দেশে আরও ২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সারাদেশে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
বর্তমানে সারাদেশে সর্বমোট ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে আট জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৩৭৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৫৪ জন রোগী।ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে একজন রোগীর মৃত্যু হয়েছে।
-

পরিদর্শক হলেন পুলিশের ৬৬ এসআই
বাংলাদেশ পুলিশের ৬৬ জন উপ-পরিদর্শককে (এসআই) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) এ পদোন্নতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ২৬ জন, ইন্সপেক্টর (সশস্ত্র) পদে ৩০ জন ও ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে ১০ জনসহ মোট ৬৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বর্তমান পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের উদ্যোগে বিদ্যমান পদোন্নতির পদ্ধতিতে পরিবর্তন ও সহজ করা হয়েছে। ২০২০ সাল থেকে শুধু পরিদর্শক পদেই মোট ৯৭৪ জন পদোন্নতি পেয়েছেন।
-

ঈদের আগে গরম মসলা ঠান্ডা, ঝাল বেড়েছে শুকনো মরিচের
সাধারণত ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে রাজধানীর বাজারগুলোতে গরম মসলার দাম বাড়ার প্রবণতা দেখা যায়। তবে এবার ব্যতিক্রম। এবার ঈদ কেন্দ্রিক গরম মসলার দাম বাড়েনি, উল্টো এলাচের দাম কমেছে।
গরম মসলার দাম না বাড়লেও শুকনো মরিচের দাম বেড়ে গেছে। একই সঙ্গে কিছুটা বেড়েছে জিরার দাম। এছাড়াও তেজপাতা ও ধনের দামও কিছুটা বেড়েছে।
এবার ঈদ কেন্দ্রিক গরম মসলার দাম না বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বন্যার কারণে এবার বিক্রি অনেক কম হয়েছে। অপরদিকে গরম মসলা আমদানি হয়েছে বেশি। ফলে চাহিদার তুলনায় জোগান বেশি হওয়ায় দাম বাড়েনি।
খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারিতে মানভেদে এখন এলাচের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে দুই হাজার ২০০ টাকা। এক মাস আগে এলাচের কেজি ছিল এক হাজার ৪০০ থেকে দুই হাজার ৪০০ টাকা। এ হিসাবে কেজিতে এলাচের দাম কমেছে ২০০ টাকা পর্যন্ত।
এলাচের দাম কমলেও স্থিতিশীল রয়েছে লবঙ্গ ও দারুচিনির দাম। পাইকারিতে লবঙ্গের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ৪০ থেকে এক হাজার ৬০ টাকা। এছাড়া দারুচিনির কেজি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৯০ টাকা।
অপরদিকে ভারত থেকে আমদানি করা জিরার দাম কিছুটা বেড়ে এখন ৩৮৫ থেকে ৩৯০ টাকা বিক্রি হচ্ছে। কিছুদিন আগে যা ছিল ৩৮০ থেকে ৩৮৫ টাকা। অর্থাৎ ভারত থেকে আমদানি করা জিরা পাইকারিতে কেজিতে ৫ টাকা বেড়েছে। তবে আফগানিস্তান থেকে আমদানি করা জিরা আগের মতো ৪০০ থেকে ৪১০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মসলার দামের বিষয়ে মৌলভীবাজারের ব্যবসায়ী মো. রুবেল বলেন, ঈদের আগে এবার ভারতীয় জিরা ছাড়া কোনো মসলার দাম বাড়েনি। বরং এলাচের দাম কমেছে। আর দারুচিনি ও লবঙ্গের দামে কোনো পরিবর্তন হয়নি। ভারতীয় জিরার সরবরাহ কম থাকায় কেজিতে ৫ টাকা বেড়েছে। কিছুদিন আগে আমরা ভারতীয় জিরার কেজি ৩৮০ টাকা বিক্রি করেছি, এখন ৩৮৫ টাকা বিক্রি করছি।
তিনি বলেন, কোরবানির ঈদের আগে গরম মসলার বাড়তি চাহিদা থাকে। এ জন্য একটু দাম বাড়ে। তবে এবার বিক্রি খুবই কম। গত ১০-১৫ বছরের মধ্যে এবারই বিক্রি সব থেকে কম হয়েছে। আমাদের ধারণা দেশের বিভিন্ন স্থানে বন্যা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে এবার বিক্রি কম।
এদিকে খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, দারুচিনির কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৬০ টাকা। এলাচ বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৮০০ টাকা। জিরার কেজি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। লবঙ্গের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা।
মসলার দামের বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. ইদ্রীস বলেন, কোরবানি ঈদ কেন্দ্রিক এবার গরম মসলার দাম বাড়েনি। এক-দুই মাস আগে লবঙ্গ, দিরুচিনি, এলাচ যে দামে বিক্রি হয়েছে, এখনো সেই দামে বিক্রি হচ্ছে। তবে জিরার দাম একটু বেড়েছে।
এদিকে, গরম মসলার না বাড়লেও শুকনো মরিচের দাম বেড়ে গেছে। দেশি শুকনো মরিচের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা, যা কিছুদিন আগে ছিল ২২০ থেকে ২৬০ টাকার মধ্যে। আর আমদানি করা শুকনো মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪২০ টাকা, যা কিছুদিন আগে ছিল ৩০০ থেকে ৩৮০ টাকা।
শুকনো মরিচের দামের বিষয়ে হাজীপাড়ার ব্যবসায়ী মো. আফজাল বলেন, দশদিন ধরে পাইকারিতে শুকনো মরিচের দাম অনেক বেড়ে গেছে। এরইমধ্যে কেজিতে বেড়েছে ৫০ টাকার বেশি। তবে ঈদের আগে আর দাম বাড়বে না বলে মনে হচ্ছে।
কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. রাজু বলেন, বাজারে আমদানি করা শুকনো মরিচের সরবরাহ কম। দেশি শুকনো মরিচও কম আছে। এ কারণে দাম একটু বেড়েছে। তবে শুকনো মরিচের এই বাড়তি দাম খুব বেশি দিন থাকবে না।
এদিকে পেঁয়াজ, রসুন, আদার দাম স্থিতিশীল রয়েছে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। দেশি রসুনের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা। আমদানি করা রসুনের কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা। আদার কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা।
তবে কিছুটা বেড়েছে তেজপাতা ও ধনের দাম। তেজপাতার কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, যা কিছুদিন আগে ছিল ১৫০ থেকে ১৭০ টাকার মধ্যে। আর ধনে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৭০ টাকা, যা কিছুদিন আগে ছিল ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে।
ঈদের আগে মসলার দামে অস্থিরতা দেখা না দেওয়ায় খুশি ক্রেতারা। রামপুরা বাজারে বিভিন্ন ধরনের মসলা কিনতে আসা আলেয়া বেগম বলেন, আমাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। কোরবানি না দিলেও ঈদের দিন ভালোই মাংস পাবো। অনেক দিন হয়ে গেছে গরুর মাংস খাওয়া হয়নি। আল্লাহ মেহেরবানি করলে ঈদের দিন পরিবারের সবাই মিলে তৃপ্তি করে গরুর মাংস খাবো। এ জন্য কিছু মসলা কিনে নিয়ে যাচ্ছি।
মসলার দাম কেমন? এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমি ২০ টাকা, ৫০ টাকা করে মসলা কিনেছি। আমাদের পক্ষে তো কেজি কেজি কেনা সম্ভব না। তাই শুনিনি। তবে ২০ টাকা, ৫০ টাকায় ভালোই মসলা দিয়েছে।
কারওয়ান বাজারে মসলা কিনতে আসা হাবিবুর রহমান বলেন, এবার মসলার দাম বাড়েনি। এক মাস আগে যে দামে কিনেছিলাম, সেই দামেই কিনতে পারছি। মসলার দাম বাড়েনি দেখে ভালোই লাগছে। কিন্তু বাজারে গরুর তো অনেক দাম চাচ্ছে। দুদিন বাজারে গিয়েছি, দাম শুনে চলে এসেছি। কোরবানির নিয়ত করেছি, ইনশাআল্লাহ কোরবানি দেবো। ঈদের আগের দিন গরু কিনবো।
-

স্বাস্থ্যবিধি মেনে কোরবানির আহ্বান প্রধানমন্ত্রীর
আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এসময় সবাইকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী করোনা মহামারিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
পবিত্র ইদুল-আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে সবাই দ্রুত মুক্তি পাই।’
সরকার প্রধান বলেন, ‘হযরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর উদ্দেশে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানরা কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ইদুল-আজহা।’
প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই পবিত্র ইদুল-আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।’
প্রধানমন্ত্রী তার বাণীতে ইদুল-আজহা’র এ দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।
-

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি হাজীদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো।
সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রীর মধ্যে একজনের তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক। আইটি হেল্পডেস্ক বৃহস্পতিবারের হজের বুলেটিনে জানিয়েছে, বৃহস্পতিবার (৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার (৫৯) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- EF0852839।
এর আগে সৌদিতে যে ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ নয়জন এবং নারী চারজন।
মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক আরও জানিয়েছে, সারা বিশ্ব হতে আসা হজযাত্রীদের মিনায় অবস্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। মিনায় আসা সব হজযাত্রী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগির মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন ।
শুক্রবার (৯ জিলহজ) ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজের দিন। হজযাত্রীরা মধ্যরাত থেকেই মিনা হতে আরাফার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তাদের কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠবে পুরো আরাফাতের ময়দান। সেখানে তারা এক আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন এবং সারাদিন অবস্থান শেষে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুজদালিফার উদ্দেশ্যে আরাফা ত্যাগ করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন শেষে ১০ জিলহজ ফজর নামাজ আদায় করে মিনায় ফিরে আসবেন এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করবেন বলে বলে টেনে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত গত ৩২ দিনে ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
-

কিংবদন্তি সুরস্রষ্টা আলম খান আর নেই
বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান আর নেই।
শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টা ৩২ মিনিটে মারা গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সংগীত পরিচালক আরমান খান।
এছাড়া সোশ্যাল মিডিয়ায় আরমান খান লেখেন, ‘আব্বা চলে গেলেন না ফেরার দেশে। আজ বেলা ১১টা ৩২ মিনিটে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
বাংলা সিনেমার গানে অবিস্মরণীয় নাম আলম খান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন। একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি।
আলম খানের জন্ম ১৯৪৪ সালের ২২ অক্টোবর সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে। ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল থেকে মেট্রিক পাস করেন তিনি। এই স্কুলে থাকা অবস্থায় গানের প্রতি আগ্রহী হন এবং মায়ের উৎসাহে তিনি গানের চর্চা শুরু করেন। এরপর বাবাও সমর্থন দেন। তার ছোট ভাই ছিলেন বাংলাদেশের কিংবদন্তি পপ শিল্পী আজম খান।
-

রাস্তার পাশে পশুর হাটের পরিসর যেন না বাড়ে: কাদের
ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব কোরবানির পশুর হাট রয়েছে সেগুলোর পরিসর যেন কোনোভাবেই না বাড়ে সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক নজরদারির আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৮ জুলাই) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান।
যানজট নিয়ন্ত্রণে জরুরি ও রপ্তানি পণ্য ছাড়া ট্রাক-কাভার্ডভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চলাচল বন্ধ রাখার আহ্বানও জানিয়েছেন ওবায়দুল কাদের।এবারের ঈদে সরকারি ছুটি কম থাকায় প্রায় একই সময়ে লাখ লাখ মানুষ নাড়ির টানে বাড়ি যাচ্ছে। পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ এবার গ্রামে যাওয়ার অভিযাত্রায় সামিল হয়েছে। এ অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর জন্য সব ধরনের গাড়ি চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জীবনের প্রতি মায়া রেখে, জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মহাসড়কে নিয়ম মেনে যাতায়াতের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সবাইকে নিরাপদে থাকতে হবে।
তিনি বলেন, এবারের ঈদযাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনার ক্রমবর্ধমান সংক্রমণ। তাই সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। পরিবহনে চলাচলের সময় বা ঈদের ছুটিকালীন মাস্ক পরতে হবে। কোভিড স্বাস্থ্যবিধির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেয় ক্ষতির কারণ হতে পারে। তাই সবাইকে মাস্ক পরাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, কোরবানির পশুবাহী গাড়ি ধীরে চলায় এবং পথে বিভিন্ন স্থানে বিকল হওয়ায় কোথাও কোথাও যানজট সৃষ্টি হচ্ছে। এজন্য তড়িৎ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে গাড়ির চাকা সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পরিবহন, মালিক-শ্রমিকসহ সবাইকে নিজ নিজ প্রয়াস জোরদারের মাধ্যম ঈদযাত্রা নির্বিঘ্ন করারও আহ্বান জানান তিনি।