Category: আন্তর্জাতিক

  • ভারতে বিমান ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০০ গাড়ি পুড়ে ছাই

    ভারতে বিমান ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০০ গাড়ি পুড়ে ছাই

    ভারতের বেঙ্গালুরুতে দেশটির বিমান বাহিনীর পাঁচদিনের চলমান মহড়ার চতুর্থ দিন ইয়েলাহানকা ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সিগারেটের আগুন থেকে ছড়িয়ে পড়া শনিবার বিকেলের এই আগুনে অন্তত ৩০০ গাড়ি পুড়ে গেছে। বেঙ্গালুরুতে দেশটির বিমান বাহিনীর এই মহড়া শুরুর দিন গত বুধবার আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষে একজন পাইলটের প্রাণহানি ঘটে।

    স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সিগারেটের আগুন থেকে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। খোলা আকাশের নিচে শুকনো ঘাসে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্কিং করে রাখা গাড়িতে।

    দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ‘উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহানকা ঘাঁটির কাছের আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ভারতীয় বিমান বাহিনীর দ্বি-বার্ষিক বিশাল এ বিমান মহড়ার জন্য শত শত বিমান পার্কিং করে রাখা ছিল এই ঘাঁটিতে।

    বেঙ্গালুরু জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এমএন রেড্ডি বলেছেন, ‘প্রচণ্ড বাতাস ও শুকনো ঘাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। খোলা আকাশের নিচে রাখা শত শত গাড়ি আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

    ভারতের বিমানবাহিনী বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া-২০১৯ নামে দ্বি-বার্ষিক বিমান মহড়া শুরু করেছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে রোববার পর্যন্ত। মেগা এই মহড়া দেখার জন্য প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ইয়েলাহানকা ঘাঁটিতে ভিড় করছেন।

  • আফগানিস্তানের বিশ্বরেকর্ড, ২০ ওভারে ২৭৮

    আফগানিস্তানের বিশ্বরেকর্ড, ২০ ওভারে ২৭৮

    টি-টোয়েন্টি ফরমেটে আফগানিস্তান রীতিমতো ভয়ংকর এক দল। গত বছর ভারতের দেহরাদুনে তাদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই আফগানিস্তান এবার টি-টোয়েন্টির প্রায় সব রেকর্ড নিজের করে নিলো আয়ারল্যান্ডের বিপক্ষে দেহরাদুনেই, ম্যাচের এক ইনিংসে।

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ডটি এতদিন দখলে ছিল অস্ট্রেলিয়ার। ২০১৬ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রান তুলেছিল তারা। আড়াই বছরের মাথায় সে রেকর্ডটি নিজের করে নিলো ক্রিকেটের নবীশ শক্তি আফগানিস্তান।

    আজ (শনিবার) দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান তুলেছে ৩ উইকেটে ২৭৮ রান। শুধু আন্তর্জাতিক নয়, সবধরণের টি-টোয়েন্টি মিলিয়ে এটি কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। জিততে হলে ২৭৯ রানের অসম্ভব এক লক্ষ্য পার করতে হবে আইরিশদের।

    এক ম্যাচে অনেকগুলো রেকর্ড হয়েছে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের সঙ্গে সর্বোচ্চ রানের জুটি ও ছক্কার বিশ্বরেকর্ড, বিনোদনের যেন পসরা সাজিয়ে বসেছিল দেহরাদুন।

    টস জিতে প্রথমে ব্যাটিং নেয় আফগানিস্তান। হযরতউল্লাহ জাজাই আর উসমান গনি উদ্বোধনী জুটিতেই তুলেন ২৩৬ রান। শুধু ওপেনিংয়ে নয়, টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।

    ৪৮ বলে ৭৩ রান করে ইনিংসের ১৮তম ওভারে এসে আউট হন উসমান। পরের ওভারে শফিকুল্লাহও ফেরেন মাত্র ৭ রানে। শেষদিকে নেমে মোহাম্মদ নাবীও ৫ বলে ১৭ করে আউট হন। তবে জাজাইকে থামানো যায়নি।

    ৬২ বলে ১১ বাউন্ডারি আর ১৬টি ছক্কায় শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে তার চেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড নেই।

    আর ১৪ রান করতে পারলে সব ধরণের টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের ১৭৫ রানের বিশ্বরেকর্ডটিও ছাড়িয়ে যেতে পারতেন জাজাই।

  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, কাশ্মীরের বিরুদ্ধে নয় : মোদি

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, কাশ্মীরের বিরুদ্ধে নয় : মোদি

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের লড়াই সন্ত্রাসবাদ ও মানবতার শত্রুদের বিরুদ্ধে। আমাদের লড়াই কাশ্মীরিদের কিংবা কাশ্মীরের বিরুদ্ধে নয়।

    পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে এক আত্মঘাতী হামলায় নিহত হয় ৪০ জন জওয়ান। এ হামলার পর ভারত জুড়ে পাকিস্তানের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় ওঠে। এমনকি কাশ্মীরের মুসলমানরা বিভিন্ন হামলা ও হুমকির শিকার হয়।

    এর প্রেক্ষিতেই শনিবার রাজস্থানের টঙ্ক-এ এক জনসভায় এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

    জনসভায় মোদি বলেন, ‘বিগত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরি শিক্ষার্থীদের সাথে যা ঘটছে-তা ছোট বা বড় ঘটনা যাই হোক না কেন-তা হওয়া উচিত নয়। কাশ্মীরের যুবকরাও সন্ত্রাসবাদ নিয়ে অতিষ্ঠ। তারাও এ লড়াইয়ে সামিল হতে চায়। তাদের সাথে নিতে হবে।’

    টঙ্কের সমাবেশ থেকে জওয়ানদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়ে মোদি বলেন, এবার পুরো হিসাব নেবো। আমি আমাদের সেনা জওয়ানদের নিয়ে গর্বিত। যে যারা তাদের সহকর্মীদের হত্যা করেছিল-সেই দেশদ্রোহীদের ১০০ ঘণ্টার মধ্যেই নিকেশ করতে পেরেছে।’

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানকে কটাক্ষ করে মোদি বলেন, ‘প্রোটোকল অনুযায়ী পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমি তাকে (ইমরান) ফোন করে অভিনন্দন জানিয়ে ছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমরা অনেক লড়াই করেছি। এবার হাতে হাত মিলিয়ে দারিদ্রতা ও অশিক্ষা দূর করতে লড়াই করা উচিত। তিনি আমাকে কথা দিয়ে বলেছিলেন যে তিনি একজন ‘পাঠান’ পরিবারের সন্তান এবং তারা কখনও মিথ্যা কথা বলে না। যাই হোক, এখন নিজের কথা সত্যি প্রমাণ করার দায়িত্ব তার।’

    কাশ্মীরের পুলওয়ামা হামলার পর ভারতের কয়েকজন রাজনীতিক যেভাবে সরব হয়েছে তারও বিরোধিতা করেন প্রধানমন্ত্রী।

    মোদি বলেন, ‘এই দেশে বসবাসকারী কিছু ব্যক্তি যেভাবে পাকিস্তানের ভাষায় কথা বলছেন তা আমাকে হতাশ করছে। এই মানুষগুলোই পাকিস্তানে গিয়ে বলেছিলেন ‘আপনারা যা কিছু করুন কিন্তু মোদিকে ক্ষমতা থেকে সরান।’ এই মানুষগুলোই মুম্বাই হামলার পর হামলাকারীদের কোনো জবাব দিতে পারেননি।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ১৫মিনিটের দিকে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে এক আত্মঘাতী  হামলায় ৪০ জন জওয়ান নিহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবারের হামলাকে সবচেয়ে বড় জঙ্গি হামলা বলা হচ্ছে।

  • ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হলেন সানি লিওন

    ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হলেন সানি লিওন

    পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)। কমপক্ষে ১৭ হাজার প্রার্থী আবেদন করেছিলেন পদটির জন্য। তবে তার মধ্যেই নজর কেড়েছে সানি লিওনির নাম। মোট ৯৮.৫০ পয়েন্ট নম্বর পেয়েছেন সানি। তার মধ্যে ৭৩.৫ শিক্ষা-সংক্রান্ত এবং ২৫ অভিজ্ঞতার ভিত্তিতে পয়েন্ট দেয়া হয়েছে তাকে। সবমিলিয়ে রেকর্ড নম্বর পেয়ে ওই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সাবেক এই পর্নতারকা।

    তবে এই সানি লিওন ‘বেবি ডল’ খ্যাত বলিউডের সেই সানি লিওন নন। এই সানি ভারতের বিহারের বাসিন্দা। ইঞ্জিনিয়ারিং পড়ার পর সরকারি চাকরি খুঁজছিলেন। তাই বিহারের জনস্বাস্থ্য কারিগরী বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার রেজাল্ট বেরোতেই বাজিমাত। ৯৮.৫০ … নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান পান সানি। আর তারপরেই ভাইরাল হয়ে যায় তার রেজাল্ট।

    ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তালিকা অনুযায়ী ওই নারীর বয়স দেয়া হয়েছে ২৭ বছর। বাবার নাম লিওনা লিওন। কোনো কোটা ছাড়াই আবেদন করা ওই নারীর ইতোমধ্যে একই পদে পাঁচ বছরের অভিজ্ঞতাও রয়েছে। যে কারণে প্রথম হয়েছেন তিনি।

    কর্মকর্তারা বলছেন, কেউ হয়তো ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে আবেদনটি করেছে। এ ঘটনায় তাদের কোনো দোষ নেই। তবে আবেদনটি ভুয়া নাকি সত্যিই সানি লিওন নামে প্রার্থী রয়েছেন বিষয়টি নিশ্চিত নয়।

    জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য দেয়া ওই সার্কুলারে মোট ২১৪ জনকে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে যৌগ্য প্রায় ১৮ হাজার প্রার্থী।

    Sunny-Leone

    পরবর্তী পরীক্ষায় তাদের মধ্য থেকে ৬৪২ জনকে নেয়া হবে। সেই পরীক্ষা সানি লিওন অংশগ্রহণ করলে পরবর্তী ধাপে হবে ভাইভা।  নাগরিকত্ব ও নামের প্রমাণসহ সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে সানি লিওনকে। সেখানে তিনি আসেন কি না সেই অপেক্ষায় এখন কর্মকর্তারা।

    এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেককে মজাও করতে দেখা গেছে। অনেকেই বলছেন, যার নামেই সানি, সে তো সোনার মেয়ে হবেই।

    ২০১৬-তে বিহারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্নীতি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল। প্রশ্ন উঠেছিল বিহারের শিক্ষাব্যবস্থার মান নিয়েও। গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল করার জন্য প্রায় এক হাজার ছাত্রকে বহিষ্কার করে বিহার বোর্ড।

    কখনো পরীক্ষায় অসুদপায় অবলম্বন, আবার কখনো ভুয়া পরীক্ষার্থী নিয়ে বারবারই দুর্নীতির অভিযোগ উঠেছে বিহারের শিক্ষাব্যবস্থায়। জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের টপারের নাম নিয়েই শুধু বিভ্রান্তি তৈরি হয়নি, তৃতীয় স্থান অধিকারীর নাম নিয়েও উঠেছে প্রশ্ন। তালিকায় দেখা গেছে, ওই পদে নাম রয়েছে ‘bvcxzbnnb।’ এমন নাম কীভাবে এলো, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা দফতরের কর্মকর্তারা।

  • চকবাজারে অগ্নিকাণ্ড; সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের শোক

    চকবাজারে অগ্নিকাণ্ড; সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের শোক

    রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন সৌদি বাদশা ও পবিত্র দুই মসজিদের রক্ষক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

    সৌদি বাদশাহ সালমান শোক বার্তায় বলেন, আমরা চকবাজারে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি এবং যার ফলে অনেক সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে। আমি আমার নিজের নামে এবং সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

    সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদও অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য  শোকবার্তা পাঠিয়েছেন। ক্রাউন প্রিন্স তার শোকবার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

  • বিশ্বকাপে হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচ, বদলে যেতে পারে ফরমেটও

    বিশ্বকাপে হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচ, বদলে যেতে পারে ফরমেটও

    এমনিতেই শিথিল হয়ে ছিল ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক। তবে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দেখা যেত বহুল প্রতীক্ষিত এ লড়াই। এবার বোধ হয় সেই পথও বন্ধ হচ্ছে। ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক এখন স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থায়। যার প্রভাব পড়তে যাচ্ছে আসন্ন বিশ্বকাপেও।

    জঙ্গিবাদের মদদ দেয়ার অভিযোগ তুলে বিশ্বকাপ থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করতে আইসিসির কাছে চিঠি পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে ভারত। এরই মধ্যে নতুন খবর, ভারতীয় সরকারের পক্ষ থেকে নাকি ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) পরিষ্কার করে জানিয়ে দেয়া হয়েছে, ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেলার প্রস্তুতি যেন নিয়ে রাখে দল।

    ফিকশ্চার অনুযায়ী, ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে টুর্নামেন্টের প্রথমপর্বেই দেখা হয়ে যাবে ভারত-পাকিস্তানের। ওই ম্যাচটি তো বটেই, পরে নকআউটেও যদি দুই দল মুখোমুখি হয়ে যায়, তবে সেটাও বর্জন করতে পারে ভারত।

    শুধু তাই নয়, ক্রিকেটের প্রভাবশালী শক্তি হিসেবে ভারতের অনুরোধে টুর্নামেন্টের ফরমেটও বদল করে ফেলতে পারে আইসিসি। ভারত সেই প্রস্তাব দেয়ারও চিন্তা করে রেখেছে।

    আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ আইসিসির সভা রয়েছে। সেই সভায় পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ না খেলার পক্ষে জোড়ালো যুক্তি উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছে ভারত। যদি সেটা বাস্তবায়ন হয়ে যায়, তবে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বে বিশ্বকাপ এবং সংশ্লিষ্ট স্পন্সররা।

  • যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

    যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

    বিভিন্ন ইস্যুতে ভারত-পাকিস্তানের তিক্ত সম্পর্ক প্রায়ই আক্রোশে রুপ নেয়। সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য করা যায় দুই দেশের ক্রিকেট ম্যাচে। তবে ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার পর এই দুই দেশের মধ্যে চরম উত্তেজন বিরাজ করছে। প্রতিশোধের আগুন জ্বলছে ভারতের বুকে। ওদিকে পাকিস্তানের হুঙ্কারও থেমে নেই। আর এই উত্তেজনা আরো এক ধাপ বাড়াচ্ছে দেশ দুটির গণমাধ্যম। যুদ্ধের আশঙ্কা থেকে সামরিক দিক থেকে কার কত শক্তি সেই হিসেব কষছে গণমাধ্যমগুলি।

    সর্বশেয় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবর দিয়েছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। এমনকি দেশটির হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে।

    পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তার প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। এ সংক্রান্ত দুইটি সরকারি নথি তাদের হাতে এসেছে বলে দাবি তাদের। নথি দুটির মধ্যে একটি বেলুচিস্তানের পাকিস্তানি সেনাঘাটির এবং অপরটি পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় প্রশাসনকে (পিওকে) দেওয়া একটি নোটিশ।

    গত ২০ ফেব্রুয়ারি জিলানি হাসপাতালকে চিঠি দিয়ে জরুরি অবস্থার জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছে কোয়েটার পাক সেনাঘাঁটি। হেডকোয়ার্টার্স কোয়েটা লজিস্টিকস এরিয়ার ফোর্স কমান্ডার জিলানি হাসপাতালের আবদুল মালিককে চিঠিতে লিখেছেন, ভারতের সঙ্গে জরুরি ভিত্তিতে যুদ্ধ লাগলে সিন্ধ ও পাঞ্জাব থেকে আহত সেনা ও সাধারণ মানুষ হাসপাতালে আসতে পারে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সেই হাসপাতাল থেকে তাদের বেলুস্তানের সিভিল হাসপাতালে পাঠানোর পরিকল্পনা হবে।

    এছাড়া ওই চিঠিতে আরো বলা হয়েছে, প্রদেশের সব সেনা ও সাধারণ হাসপাতালে সবরকম মেডিকেল সহযোগিতার জন্য পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজন হলে সেনা হাসপাতালের পাশাপাশি সাধারণ হাসপাতালেও ২৫% আসন আহত সৈনিকদের জন্য সংরক্ষিত করে রাখার নির্দেশ দেওয়া হবে।

    উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪৪ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। এরপর থেকে এ ইস্যু নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে।

  • পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ দূতাবাস লিসবন এবং লিসবন মিনিসিপালিটির ওয়ার্ড জুইন্তা ফ্রেগ্রেজিয়া আরিওসের যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

    পর্তুগালের রাজধানী লিসবনের ক্যাম্পো মার্টিয়ারেস দ্য প্যাট্রিয়া তে বায়ান্নর শহীদদের স্মরণে নির্মিত স্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১০টায় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী। এরপরপরই পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়, লিসবন মিউনিসিপালিটি, জুইন্তা ফেগ্রেজিয়া আরিওসের প্রতিনিধিরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    Portugal
    বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলোর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, পর্তুগাল ছাত্রলীগ, হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল, হবিগঞ্জ জেলা কমিউনিটি অব পর্তুগালসহ পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের আরো বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

    পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বক্তব্য রাখেন। এরপর পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিনিধি, লিসবন মিনিসিপালিটির ওয়ার্ড জুইন্তা ফ্রেগ্রেজিয়া আরিওসের প্রেসিডেন্ট মার্গারিতা মার্টিন্স ভাষা দিবস নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

    Portugal

    উল্লেখ্য, পর্তুগালের রাজধানী লিসবন এবং দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে দুটি স্থায়ী শহীদ মিনার স্থাপিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস লিসবন ও জুইন্তা ফ্রেগেজিয়া আরিওস এর যৌথ উদ্যোগ ও প্রচেষ্টায় ২০১৫ সালে লিসবনের ক্যাম্পো মার্টিয়ারেস দ্য প্যাট্রিয়া পার্কে স্থায়ী শহীদ মিনারটি নির্মিত হয়েছিল। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো এবং পোর্তো মিউনিসিপালিটির যৌথ উদ্যোগে ২০১৬ সালে পোর্তো শহরের প্রাণ কেন্দ্র বিখ্যাত সাও বেন্তে নামক জায়গায় প্রতিষ্ঠিত হয় পর্তুগালে বাংলাদেশের দ্বিতীয় স্থায়ী শহীদ মিনার।

  • পাকিস্তানে হামলা মোদির জীবনের সবচেয়ে বড় ভুল হবে

    পাকিস্তানে হামলা মোদির জীবনের সবচেয়ে বড় ভুল হবে

    পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি পাকিস্তানে হামলা করেন সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে।

    ভারতীয় এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় দুবাই থেকে ওই মন্তব্য করেছেন সাবেক পাক প্রেসিডেন্ট।

    ভারত অধ্যুষিত কাশ্মীরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৯ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টির পর গতকাল বুধবার তিনি এমন মন্তব্য করেন। গত ১৪ ফেব্রুয়ারির ওই ঘটনায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগ করেছে ভারত। যদিও পাকিস্তান সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

    ‘আজতক’ওয়েবসাইট সূত্রের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, পুলওয়ামার ঘটনার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের জন্য কূটনৈতিক পদক্ষেপ নেয়া প্রসঙ্গে জেনারেল মুশাররফ বলেন, এতে কিছুই হবে না। পাকিস্তানের অর্থনীতি সঠিক পথে চলেছে এবং যদি তাদের কালো তালিকাভুক্ত করা হয় তাহলে তারা মরে যাবে না।

    মুশাররফ বলেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে আক্রমণ করেন, তবে এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। মুশাররফের দাবি, পুলওয়ামার হামলায় সিআরপিএফ কর্মীদের হত্যা বা কাশ্মীরিদের জন্য নরেন্দ্র মোদির কোনো প্রকৃত আবেগ নেই।

    তিনি বলেন, ‘মোদির হৃদয়ে এসব লোকের জন্য আগুন নেই। যদি থাকতো তাহলে তিনি আগে কাশ্মীর সমস্যার সমাধান করতেন।’

    পুলওয়ামায় হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে এক জনসভায় দেয়া ভাষণে ওই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, ‘আপনাদের হৃদয়ে যে আগুন জ্বলছে, আমার হৃদয়েও সেই আগুনই জ্বলছে।’

    কিন্তু জেনারেল মুশাররফের মতে, প্রধানমন্ত্রী মোদির অন্তরে কোনো আগুন নেই, এর চেয়েও বেশি তার হৃদয়ে আছে যখন কাশ্মীরিরা মারা যায়, পেলেট বিদ্ধ হয়। কাশ্মীরে সমস্যার সমাধান না হলে এসব বন্ধ হবে না বলেও জেনারেল মুশাররফ মন্তব্য করেন।

    জেনারেল মুশাররফ বলেন, ‘আমি ৪০ বছর ধরে সেনাবাহিনীতে ছিলাম এবং পুলওয়ামাতে নিহত সেনাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রয়েছে। তাদের পরিবারের জন্য আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। ১৯৭১ সালের যুদ্ধে আমি আমার সবচেয়ে ভালো বন্ধু হারিয়েছি। আমি স্বজন হারানোর ব্যথা জানি। যুদ্ধের পরিণতি কী হয় এবং পরিবারে কী হয় তা আমি জানি বলেও মন্তব্য করেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট।

  • চলে গেলেন জনপ্রিয় ছবির নির্মাতা

    চলে গেলেন জনপ্রিয় ছবির নির্মাতা

    ৯০-এর দশকে তার তৈরি ছবি দেখে বড় হয়েছেন অনেকেই। ‘হাম আপকে হ্যায় কন’ কিংবা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মত ছবি একসময় সাড়া ফেলে দিয়েছিল বড় পর্দায়। চলে গেলেন সেইসব ছবির প্রযোজক রাজকুমার বরজাতিয়া।

    বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজকুমার বরজাতিয়া। তার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

    বছর কয়েক আগেই ‘প্রেম রতন ধন পাও’ ছবিটি বানিয়ে ছিলেন তিনি। তার প্রোডাকশনের নাম ছিল ‘রাজশ্রী’ প্রোডাকশন।

     বর্তমানে তার ছেলে সূরয বরজাতিয়া ওই প্রোডাকশন হাউস চালান।  সকালে ‘রাজশ্রী’ প্রোডাকশনের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

    সিনেমা সমালোচক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘তাকে আদর করে ডাকা হত রাজ বাবু… অত্যন্ত নম্র স্বভাবের মানুষ ছিলেন।’

    সঙ্গীতশিল্পী অনুপ জলোটা লিখেছেন, ‘তার মৃত্যুটা বিশ্বাসই করতে পারছি না।