Category: বরিশাল

  • বরিশালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪৬৯

    বরিশালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪৬৯

    বরিশালে গত ২৪ ঘণ্টায় ৪৬৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিলো।

    শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, ডেঙ্গুতে মৃত কামরুন্নাহার (৩৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা ও মো. কালাম (৫৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। দুজনের একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    কামরুন্নাহার গত ২১ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২২ সেপ্টেম্বর দিনগত রাতে তার মৃত্যু হয়। মো. কালাম গত ১৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে শুক্রবার ২২ সেপ্টেম্বর দিনগত রাতে তার মৃত্যু হয়।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২১ হাজার ৮৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৫৩ জন। বিভাগে এখন পর্যন্ত ৮৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

    বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬০ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে আটজন ও পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৫৭ জন, পটুয়াখালীতে ৯০ জন, পিরোজপুরে ৭৮ জন, ভোলায় ৪২ জন, বরগুনায় ৮২ জন ও ঝালকাঠিতে ২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২২৭ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

  • বরিশাল থেকে ভারতে গেলো আরও ১০ টন ইলিশ

    বরিশাল থেকে ভারতে গেলো আরও ১০ টন ইলিশ

    দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয় দফায় বরিশাল নগরীর পোর্ট রোডের ইলিশ মোকাম থেকে শুক্রবার দিবাগত রাতে ভারতে পাঠানো হয়েছে ১০ টন ইলিশ। এরমধ্যে জেলা মৎস্য আড়ৎদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুলের দুটি প্রতিষ্ঠান মের্সসা মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজের মাধ্যমে আট টন এবং ঢাকার জে.জে এন্টারপ্রাইজের মাধ্যমে দুই টন ইলিশ পাঠিয়েছেন পোর্ট রোড মোকামের ব্যবসায়ী মোঃ হাবিব খান। জানা গেছে, দ্বিতীয় চালানে রপ্তানি করা ইলিশের দাম স্থানীয় বাজারের চেয়ে কম।

    ভারতে রপ্তানি করা ছয় থেকে নয়শ’ গ্রাম সাইজের ইলিশ নগরীর পোর্ট রোড বাজারে ৫৮ হাজার টাকা প্রতিমণ বিক্রি হয়েছে। সে হিসেবে প্রতিকেজি ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৪৫০ টাকা। আর ভারতে পাঠানো ইলিশের প্রতি কেজির দাম পরেছে ১০ ডলার হিসেবে ১১শ’ টাকা।

    শনিবার সকালে রপ্তানিকারক প্রতিষ্ঠান মের্সাস তানিশা ও মাহিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নিরব হোসেন টুটুল বলেন, গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে নদীতে ইলিশ নেই। সাগরেও ট্রলার যেতে পারছে না। তাই পোর্ট রোডে ইলিশের সংকট রয়েছে। যেকারণে ভারতে রপ্তানির জন্য ইলিশ কিনতে তাদের ঝামেলায় পরতে হচ্ছে। তিনি আরও জানান, সংকট থাকায় দ্বিতীয় দফায় শুক্রবার দিবাগত রাতে আট টন ইলিশ ট্রাক ভর্তি করে ভারতে পাঠানো হয়েছে। শনিবার সকালে বেনাপোলের সীমান্ত দিয়ে ট্রাক ভর্তি ইলিশ ভারতে পৌঁছেছে।

    নগরীর পোর্ট রোডের ব্যবসায়ী মোঃ হাবিব খান বলেন, ঢাকার জে.জে এন্টারপ্রাইজের মাধ্যমে পোর্ট রোড থেকে দুই টন ইলিশ শুক্রবার রাতে ভারতে পাঠানো হয়েছে।

    পোর্ট রোডের ব্যবসায়ী মোঃ মামুন জানান, শনি ও শুক্রবার পোর্ট রোড বাজারে এলসি সাইজের ইলিশ ৫৮ হাজার, কেজি সাইজের ইলিশ ৬৩ হাজার, এক কেজি দুইশ’ গ্রাম সাইজের ইলিশ ৬৮ হাজার ও দেড় কেজি সাইজের ইলিশ প্রতিমণ ৭৬ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

    ইলিশ সংকটের কারণে বাজারে দাম বেড়ে গেছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, অতীতে ইলিশের ভরা মৌসুমে মোকামে প্রতিদিন কোটি টাকার ইলিশ কেনাবেচা হতো। সেখানে এখন ৪০ থেকে ৫০ লাখ টাকার ইলিশ বিক্রি হচ্ছে।

  • বরিশালে ২ হাজার ইয়াবাসহ নারী আটক

    বরিশালে ২ হাজার ইয়াবাসহ নারী আটক

    বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩ ইয়াবাসহ সালমা (৪১) নামে এক নারী যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

    আটক সালমা পটুয়াখালী জেলার মহিপুর থানার ধুলাশার ইউনিয়নের চর চাপলি এলাকার কাশেম মিয়ার স্ত্রী।

    এনায়েত হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রিজের পাশে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অভিযান চালানো হয়।

    এ সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী যমুনা লাইন পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের দ্বিতীয় সারির সিটের যাত্রী ছিলেন আটক সামলা। তার সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ২ হাজার ৩ ইয়াবা উদ্ধার করা হয়।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মু. আ. মজিদ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

  • প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন: প্রতিমন্ত্রী ফারুক

    প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন: প্রতিমন্ত্রী ফারুক

    পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠন করলে অর্থাৎ ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়। যা দেশের সব মানুষের কাছে দৃশ্যমান।

    জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ও মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে উন্নয়নের মাধ্যমে আজ দেশ বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে।

    বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ১ নম্বর রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দশটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে রায়পাশা-কড়াপুর ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারি ভাতাভোগীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, টানা ১৪ বছরের উন্নয়নের গোটা দেশের সাথে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান পাল্টে গেছে। পদ্মা সেতু, পায়রা সেতু, পায়রা বন্দর, তাপ বিদ্যুৎকেন্দ্রসহ নানা স্থাপনা নির্মাণসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন দৃশ্যমান উন্নয়ন মূলক কাজের মাধ্যমে।

    বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তার সুদৃঢ় নেতৃত্বে উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা আপনাদের নিজেদের স্বার্থে নৌকা প্রতীকের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী।

    বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আফজালুল করীম, রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক সরদার প্রমুখ।

  • মুলাদীতে তরুণকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীর বাবা-ভাই আটক

    মুলাদীতে তরুণকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীর বাবা-ভাই আটক

    বরিশালের মুলাদীতে শ্বাসরোধে আশরাফুল আলম হাসিব (২২) নামের এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রীর বাবা ও ভাইকে আটক করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিব পূর্ব হোসনাবাদ গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে।

    স্থানীয়রা জানান, হাসিবের সঙ্গে পাশের চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের লূৎফর রহমানের মেয়ের তানজিলার বিয়ে হয়। কিন্তু হাসিবের বাবা-মা কিংবা পরিবারের সদস্যরা এই প্রেমের বিয়ে মেনে নেননি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিয়ের স্বীকৃতি না পেয়ে কিছুদিন আগে তানজিলা বাদী হয়ে হাসিব, তাঁর বাবা আব্দুল মালেক, মা জাহানারা, ভাই নাজমুলকে আসামি করে বরিশাল নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ওই মামলায় গত ১৪ সেপ্টেম্বর তাঁরা আদালতে হাজির হয়ে জামিন নেন।

    জাহানারা বেগম বলেন, ‘লূৎফর রহমান তাঁর মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে হাসিবসহ সবাইকে চাপ দিত। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লুৎফর রহমান ও তাঁর ছেলে লিমনসহ পাঁচজন বাড়িতে আসে। তাঁরা আমার হাত-পা, মুখ বেঁধে বারান্দায় রেখে ঘরের মধ্যে গিয়ে হাসিবের শ্বাসরোধে হত্যা করে। পরে বড় ছেলে নাজমুল এসে আমার বাঁধন খুলে দিলে ঘরের ভেতরে গিয়ে ছেলের লাশ দেখতে পাই।’

    হাসিবের শ্বশুর লুৎফর রহমান বলেন, ‘হাসিব ও তানজিলা প্রেম করে বিয়ে করেছে। কিন্তু আব্দুল মালেক হাওলাদার বিয়ে মেনে নেননি। তিনি বিয়ে ভাঙার জন্য হাসিবকে অনেক চাপ দিচ্ছিলেন। বিয়ে না ভাঙায় তাঁরা সবাই মিলে হাসিবকে হত্যা করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে।’

    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, হাসিবের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। হাসিবের শ্বশুর ও সম্বন্ধী এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • বরিশালে খেলতে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

    বরিশালে খেলতে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

    বরিশালের উজিরপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তাল্লুক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    মারা যাওয়া দুই শিশু হলো- মুন্সির তাল্লুক গ্রামের সভারঞ্জন হালদারের ছেলে রিয়াঙ্কা হালদার (৫) ও বিবেক বিশ্বাসের ছেলে বাপ্পি বিশ্বাস (৫)।

    জানা গেছে, রিয়াঙ্কা হালদার ও বাপ্পি বিশ্বাস বুধবার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা দুজন নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের লোকজন ও স্বজনরা সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তল্লাশি চালান। সেখান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

    উজিরপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তৌহীদুজ্জামান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

  • বরিশালে প্রবাসীর স্ত্রী হত্যায় দুই জনের ১০ বছরের কারাদন্ড

    বরিশালে প্রবাসীর স্ত্রী হত্যায় দুই জনের ১০ বছরের কারাদন্ড

    গৌরনদীর বাসিন্দা কাতার প্রবাসীর স্ত্রী সাবিনা হত্যা মামলায় দুই জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। রায় ঘোষনার সময় দণ্ডিত দুই আসামী এজলাসে উপস্থিত ছিলো।

    দণ্ডিতরা হলো-গৌরনদী উপজেলার পশ্চিম ভীমের পাড় এলাকার বাসিন্দা মৃত গোলাম আলী হাওলাদারের ছেলে আব্দুল খালেক হাওলাদার (৫২) ও আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা গ্রামের কবির মোল্লার ছেলে রাকিব মোল্লা (৩১)। হত্যার শিকার সাবিনা ইয়াসমিন (৩৫) গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিয়াশুর এলাকার বাসিন্দা কাতার প্রবাসী শহিদুল ইসলাম ওরফে শফিকুলের স্ত্রী।

    মামলার বরাতে বাদী গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক ও আদালতের বেঞ্চ সহকারী মো. কামরুল ইসলাম জানান, ২০২০ সালের ২০ নভেম্বর বরিশাল-ভুরঘাটা রুটের বাস পিএস ক্লাসিক্যালে একটি ড্রাম নিয়ে উঠে অজ্ঞাত এক ব্যক্তি। ড্রামের কাচের জিনিস রয়েছে জানিয়ে ড্রামটি ভুরঘাটা লোকাল বাস কাউন্টারের সামনে রাখে। পরে ভ্যান আনার কথা বলে ড্রাম নিয়ে আসা লোকটি পালিয়ে যায়।

    কাউকে না পেয়ে স্থানীয়রা ড্রাম খুলে অজ্ঞাত নারীর লাশ পায়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে আসামী করে মামলা করেন এসআই আব্দুল হক। পরে পিবিআই পরিদর্শক কবির হোসেন কাতার পাঠানোর টাকা নিয়ে দ্বন্ধে সাবিনাকে হত্যায় দণ্ডিত দুই জনকে অভিযুক্ত করে চার্জশীট দেয়। আদালত ৯ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

  • দূর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ১৯টন ইলিশ গেলো ভারতে

    দূর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ১৯টন ইলিশ গেলো ভারতে

    প্রতিবছরের ন্যায় এবছরও দূর্গাপূজা উপলক্ষে ইলিশ আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। সেই আবেদনের ভিত্তিতে বরিশালের ৫ প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন বানিজ্য মন্ত্রনালয়। যারা ৫০ টন করে ইলিশ ভারতে পাঠাতে পারবেন।

    অনুমতি পাওয়ার পর বরিশাল থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো শুরু হয়েছে। এ লক্ষে বুধবার রাতে প্রথম চালান পাঠানো হয়েছে বরিশাল নগরীর পোর্ট রোড মৎস বন্দর থেকে।

    গতকাল সকাল থেকেই মৎস ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মব্যস্ততায় যেন প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে দখিণের বৃহত এই মৎস মোকামটিতে।

    হাবিবুর রহমান নামে মৎস শ্রমিক জানান, ইলিশ রপ্তানির এই কাজের সাথে আমরা কয়েক হাজার শ্রমিক জড়িত। এই সময়টায় আমাদের দিন অনেক ভালো কাটে, এভাবে সবময় ইলিশ রপ্তানি হলে আমাদের আর কষ্টে দিন কাটাতে হবে না।

    রপ্তানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক ও বরিশাল মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল জানান, বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। এ প্রতিষ্ঠন হলো, মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সী গোল্ড এন্টারপ্রাইজ।

    তিনি আরও জানান, প্রথম চালানে ১৯ টন ইলিশ মাছ যাবে। মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ ওই মাছ রফতানি করবে। বেনাপোলের সিমান্ত দিয়ে ভারত যাবে এবং আগামীকাল ভারতের বাজারে এই ইলিশ পাওয়া যাবে।

    বরিশাল মহানগর আওয়ামী লীগের এই শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জানান, কয়েকদিন পরে আবার ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিচ্ছে সরকার, তাই আমরা ইলিশ রপ্তানিতে সমস্যা পরবো সময় নিয়ে, আমাদের সময়টা বাড়িয়ে দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ রইলো।

  • বরিশালে একদিনে ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

    বরিশালে একদিনে ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

    বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময়ে মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন।

    বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২১ হাজার ১২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৪১ জন। এছাড়া গোটা বিভাগে ৮৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫৮ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে সাতজন ও পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

    মৃত আব্দুর রাজ্জাক পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি গত ১৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পটুয়াখালী থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩২৪ রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১১৬ জন, পটুয়াখালীতে ৯১ জন, পিরোজপুরে ৪৫ জন, ভোলায় ৪০ জন, বরগুনায় ২৮ জন আছেন ও ঝালকাঠিতে চারজন।

    এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ১৯৭ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এরমধ্যে বরিশালে ৪৯০ জন, পটুয়াখালীতে ২৬৫ জন, ভোলায় ১১০ জন, পিরোজপুরে ১৫৭ জন, বরগুনায় ১৫৭ জন ও ঝালকাঠিতে ১৮ জন।

  • বরিশাল নগরীর অধিকাংশ সড়কেরই বেহাল দশা

    বরিশাল নগরীর অধিকাংশ সড়কেরই বেহাল দশা

    গত কয়েকদিনের বর্ষায় ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি জমে আছে সড়কের খানাখন্দে। সড়ক সংলগ্ন ড্রেনের উপচে পড়া নোংরা পানি আর ভাঙ্গাচুড়ো ইট বিছানো পথে দায় হয়ে পড়েছে চলাচল। ফলে প্রতিনিয়ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বরিশাল নগরবাসী। যেকারণে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    বিশেষ করে নগরীর অক্সফোর্ড মিশন রোড, মুসলিম গোরস্থান রোড, কালু শাহ সড়ক ছাড়াও বর্ধিত এলাকার আটটি ওয়ার্ডের অধিকাংশ সড়কের বেহাল দশা। নগরবাসীর দাবি, গত ১০ বছরে সিটি মেয়র আহসান হাবিব কামাল ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আমলে এসব সড়কগুলোতে কোন সংস্কার করা হয়নি। যেসব রাস্তায় কাজ শুরু হয়েছিলো সামান্য কাজ করেই ড্রেন ও রাস্তার কাজ ফেলে রাখা হয়েছে। ফলে এসব সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। যা অপসারণ হতে সময় লাগে কয়েকদিন।

    ভূক্তভোগী নগরবাসীরা জানিয়েছেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বেশ কয়েকটি সড়কের সংস্কার কাজ করলেও তা নিজের পছন্দের কাউন্সিলরদের এলাকায়। যেসব ওয়ার্ডের কাউন্সিলর তার পছন্দ নয়, সেসব এলাকায় কোন উন্নয়ন তিনি করেননি। নগরীর গোরস্থান রোডের সংস্কার কাজের দরপত্র নিয়ে স্থানীয় কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার দ্বন্ধে সড়কটির অবস্থা এখন চরম বিপদজনক। প্রতিদিনই এ সড়কে ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। একই অবস্থা অক্সফোর্ড মিশন রোডের। এসব সড়কে যানবাহন চলাতো দূরের কথা নগরবাসীর চলাচলও অসম্ভব হয়ে পরেছে। সচেতন নগরবাসীর দাবি, নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত দায়িত্ব গ্রহণের পরই এসব সড়কের কাজ শুরু করা হতে পারে।

    এ ব্যাপারে সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অনেক সড়কের কাজ অনুমোদন হয়েও থেমে আছে। যেসব সড়কের কথা বলা হচ্ছে, তার সবগুলোর টেন্ডারও হয়ে গেছে। কাজেই পছন্দ অপছন্দের এলাকা বলে কোনো অভিযোগ সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ক্ষেত্রে সঠিক নয়। তিনি আরও বলেন, কিছু কাজ এখনও ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো ইচ্ছে করে বিলম্ব করছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, ৫৮ বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি করপোরেশন এলাকায় বর্তমানে প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস। তিনটি থানা, ৩০টি ওয়ার্ড এবং ১২৫টি মহল্লা নিয়ে গঠিত সিটি করপোরেশন এলাকা। এখানকার ৫২ হাজার বাড়ির হাউজিং ট্যাক্স ও বাড়ি ভাড়া পাল্লা দিয়ে বাড়ানো হলেও বাড়েনি শহরের উন্নয়ন। বরিশাল নগরীর প্রধান তিনটি সড়ক বাদ দিলে সিটি করপোরেশন এলাকার প্রতিটি সড়কেরই বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটসহ ডুবে যায় বাসা-বাড়ি। আগামী ১৩ নভেম্বর সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর শেষ কর্মদিবস। এরপরই দায়িত্ব গ্রহণ করবেন সদ্য নির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।