Category: অন্যান্য

  • বরিশাল নগরীতে স্কুল ছাত্র আবু সালেহ হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

    বরিশাল নগরীতে স্কুল ছাত্র আবু সালেহ হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

    হুজাইফা রহমান:

    বরিশাল নগরের নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবু সালেহ’র হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে নূরিয়া স্কুলের ছাত্র, শিক্ষক, সহপাঠী, বন্ধু ও স্বজনরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় নূরিয়া স্কুলের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষক জাকির হোসেন, শিক্ষক মোঃ শাহাবুদ্দিন, শিক্ষক অপূর্ব হালদার, শিক্ষক আব্দুস সালাম, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার আহবায়ক আহমেদ নবীন, সাংবাদিক এমআর মন্টু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুজাইফা রহমান।

    এছাড়াও উপস্থিত ছিলেন আবু সালেহ’র পিতা লিটন মৃধা, আত্মীয় মোঃ সাইফুল, মোঃ ইমরান, হাসান হোসেন সহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন আবু সালেহ’র বন্ধু, ফয়সাল হোসেন, পলাশ চন্দ্র পাইক, ইমরান খান, মোঃ ওপি ও সহপাঠী তাজ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে দুই শতাধিক লোকের উপস্থিতে সকলে আবু সালেহ’র হত্যাকারী হৃদয়-সহ সকল ইন্ধনদাতাদের ফাঁসির দাবি জানায়।

    উল্লেখ্য, রোববার রাতে রুপাতলীর শেরে-ই বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ’র ওপর হামলা চালায় একই এলাকার কলেজ ছাত্র হৃদয়। পরে সালেহকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত আবু সালেহ নগরের রুপাতলী এলাকার শেরে-ই বাংলা সড়কের মৃধা বাড়ির লিটন মৃধার ছেলে।

  • ঢাকা সিটিতে মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ : সাঈদ খোকন

    ঢাকা সিটিতে মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ : সাঈদ খোকন

    খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৫০০ স্কয়ার ফিটের ফ্লাটের কোনো হোল্ডিং ট্যাক্স লাগবে না। মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে তা মওকুফ করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

    বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি কর্পোরেশন আয়োজিত ঢাকার মুক্তিযোদ্ধা ও ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    মেয়র বলেন, যে সব বীর মুক্তিযোদ্ধারা আমাদের ছেড়ে চলে যাবেন, তাদের জন্য জুরাইন কবরস্থানে জায়গা সংরক্ষিত রয়েছে। আজিমপুর কবরস্থানেও যদি প্রয়োজন হয়, সেখানেও জমি বরাদ্দ দেয়া হবে।

    এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা ঢাকার বিভিন্ন রাস্তার নামকরণ মুক্তিযোদ্ধাদের নামে করাসহ গ্যাস ও বিদ্যুতের বিল মওকুফের দাবি জানান। জবাবে সাঈদ খোকন বলেন, গ্যাস ও বিদ্যুৎ সিটি কর্পোরেশনের অধীনে না। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন মেয়র।

    তিনি বলেন, ঢাকা সিটির দক্ষিণে এখন ৯০ শতাংশ রাস্তাই ব্যবহারের উপযোগী, এছাড়া শতভাগ রাস্তায় এলইডি লাইট লাগানোর কাজ শেষ হয়েছে। দক্ষিণের পথচারীদের সুবিধার্থে ১০০ পাবলিক টয়লেট নির্মাণ করার কথা জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ইতোমধ্যে ১১টি টয়লেট উদ্বোধন হয়েছে। আরও ৩০টি টয়লেট উদ্বোধনের প্রক্রিয়াধীন।

    উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ (বীর উত্তম), মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, আমীর হোসেন প্রমুখ।

     

  • ৭১’র চতনায় উজ্জীবিত  হচ্ছে বরিশাল নগরীর শিশু কিশোর ও তরুণরা

    ৭১’র চতনায় উজ্জীবিত হচ্ছে বরিশাল নগরীর শিশু কিশোর ও তরুণরা

    শেখ সুমন

    সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাহান বিজয়ের মাস উপলক্ষে বরিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শপথ পাঠ করানো, মাদক বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ রোধে সচেতনা বৃদ্ধি ও মানব স্বাক্ষর পতাকা তৈরির কার্যক্রম এগেয়ে চলছে ভালো কাজের দৃষ্টান্ত হয়ে ।

    তার এ ধারাবাহিকতায় আর বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারী ও ৭১’র চেতনার সদস্যদের উপস্থিততে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উক্ত কার্যক্রম । সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আয়োজক কমিটির আহবায়ক মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাহাত আনোয়ার হসপিটালের পরিচালক এ্যাডভোকেট লস্কর নুরুল হক, সমাজসেবক ও এ্যাপলো ডায়াগনস্টিক প্রাঃলিঃ এর পরিচালক শারমিন আনোয়ার সংস্কৃতিজন ও আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন।

    অতিথিরা তাদের বক্তব্যে এই তরুণ প্রজন্মকে পড়াশুনার পাশাপাশি দেশের জন্য কাজ করার আহ্বান জানান। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে যেন মুক্তিযুদ্ধের আবেগ ঝরানো এই কার্যক্রম কে স্বাগত জানাচ্ছে নগরীর সর্বোস্তরের মানুষ।বিশিষ্ট সংগঠক ড. বাহাউদ্দিন গোলাপের মতে “এ ধরণের আয়োজন কে আরো বেশি ছড়িয়ে দিতে হবে সকল তরুণ প্রজন্মের মাঝে, তবেই তারা বড় হয়ে উঠবে স্বাধীনতার সপক্ষের সুনাগরিক হয়ে ” । সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিবুল আহসানের কাছে জানতে চাইলে বলেন – সকলের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে তারা এই ধরণের আয়োজন সারা দেশব্যাপী বৃহৎ আকারে করার করতে প্রস্তুত।
    উল্লেখ্য পুরো মাসজুড়ে সংগঠনটির এ কার্যক্রম চলবে বরিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে।

  • বিদেশি মাশরুম খেয়ে ফর্সা হয়েছেন মোদি!

    বিদেশি মাশরুম খেয়ে ফর্সা হয়েছেন মোদি!

    তাইওয়ান থেকে আমদানি করা দামি মাশরুম খেয়ে ভারতের প্রধানমন্ত্রী নিজের গায়ের রং বদলে ফেলেছেন বলে দাবি করেছেন নরেন্দ্র মোদিরই রাজ্য গুজরাটের কংগ্রেস নেতা অল্পেশ ঠাকোর।

    আগামী ১৪ ডিসেম্বর গুজরাটের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে প্রচারের শেষ দিনে মঙ্গলবার সব পক্ষের নেতারাই ঝাঁপিয়ে পড়লেন ভোটারদের মন জয় করতে। এরই মধ্যে এমন মন্তব্য করলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া এই নেতা। খবর এবেলার।

    কংগ্রেস নেতা অল্পেশের দাবি, ‘‘আমাকে একজন বলেছেন মোদিজি এমন খাবার খান, যা আপনারা খেতে পারবেন না। কারণ সেগুলো ‘গরিবের খাবার নয়’। ”

    তিনি জিজ্ঞাসা করে নাকি জানতে পেরেছেন, নরেন্দ্র মোদি মাশরুম খান। ‘‘তো আমি জিজ্ঞাসা করলাম, মাশরুম খাওয়ায় ভুল কী আছে? মাশরুম তো সব জায়গায় পাওয়া যায়। তো সেই ব্যক্তি বললেন, মোদিজি সেই মাশরুম খান যেগুলি তাইওয়ান থেকে আসে এবং একটি মাশরুমের দাম ৮০ হাজার টাকা। ’’

    মোদি দিনে এমন ৫টি মাশরুম খান।

    এটা প্রধানমন্ত্রী হওয়ার পরে নয়, যখন নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই তাঁর এই অভ্যাস। এমনটাই দাবি অল্পেশের।

    অল্পেশ ঠাকোর এর পরে বলেন, তিনি আগে এই ধরনের কথায় বিশ্বাস করতেন না। কিন্তু এখন মোদির পুরনো ও বর্তমান ছবির তুলনা করে তিনি নিশ্চিত মাশরুমের গুণেই মোদি ফর্সা হয়েছেন।

    অল্পেশের দাবি, ‘‘আমি মজা করেই সেই ব্যক্তিকে বললাম, উনি তো আমার মতোই কালো ছিলেন। কীভাবে ফর্সা হয়ে গেলেন? আমি ৩৫ বছর আগের ছবি দেখেছি, তাতে তিনি আমার মতো কালো ছিলেন। তাহলে বুঝে দেখুন ব্যাপারটা। ’’

  • গুলিবিদ্ধ আওয়ামীলীগ নেতাকে হাসপাতালে দেখতে গেলেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

    গুলিবিদ্ধ আওয়ামীলীগ নেতাকে হাসপাতালে দেখতে গেলেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

    বরিশালের বাকেরগঞ্জে গুলিবিদ্ধ আওয়ামীলীগ নেতা সৈয়দ সুলতান হোসেন ও বিমল সাহাকে মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তার সাথে ছিলেন তার পুত্র বরিশাল মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এসময় বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি অসুস্থ আ.লীগ নেতা সুলতান ও বিমল সাহার চিকিৎসার বিষয়ে খোজখবর নেন।

    উল্লেখ্য, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান হোসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- নেয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মৃধা, শেখ জসিম, ফয়সাল হাওলাদার, জহিরুল ইসলাম, সোহেল খান, ইব্রাহীম, কামরুল ইসলাম ও বশির হাওলাদার। সোমবার ঘটনার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ। এদিকে সকালে ঘটনাস্থল মহেষপুর বাজার পরিদর্শনে যান এসপি সাইফুল ইসলাম। তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।সৈয়দ সুলতান বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মহেষপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে সুলতান হোসেন ও নেয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল সাহা মহেষপুর বাজারের চায়ের দোকানে বসে কথা বলার পাশাপাশি চা পান করছিল। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে মারধরের পাশাপাশি সুলতানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সুলতান মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় আহত নেয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল সাহা অভিযোগ করেন, বিএনপি নেতা ছালাম সিকদারসহ মুখোশধারী ১০/১২ জন দুর্বৃত্ত অতর্কিত সেখানে গিয়ে তাদের মারধর করতে থাকে। মারধরের একপর্যায়ে তিনি পড়ে গেলে দুর্বৃত্তরা সুলতানকে গুলি করে। সুলতান রাস্তায় লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শের-ই-বাংলা মেডিকেলের চিকিৎসক শাহে আলম জানিয়েছেন, সুলতানের পেটের মাঝামাঝি স্থান থেকে গুলি বের করা হয়েছে। তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। এদিকে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান জানিয়েছেন, আওয়ামী লীগ নিজেদের দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটেছে।

    সেখানে অহেতুক বিএনপি নেতা-কর্মীদের জড়িয়ে তাদের হয়রানি করা হচ্ছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের পুলিশ গ্রেফতার না করে বিএনিপ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালানোর কারণে সেখানকার বিএনপি নেতা-কর্মীরা এলাকা ছাড়া হয়েছেন। তিনি সত্যিকার ঘটনা উদঘাটন করে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার দাবি জানিয়েছেন। বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আজিজুর রহমান জানান, ঘটনার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মামলা দেয়ার প্রক্রিয়া চলছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তারাও এ মামলায় আসামি হবে।

    এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঢালাও ভাবে বিএনপি নেতা-কর্মীদের আটকের অভিযোগের বিষয়ে ওসি বলেন, ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদের আটক করা হচ্ছে। এদের মধ্যে কে কোন দল করে আমার জানা নেই।

  • আড্ডা ধানসিড়ি”র ৬০ তম সাহিত্য আড্ডা

    আড্ডা ধানসিড়ি”র ৬০ তম সাহিত্য আড্ডা

    হুজাইফা রহমান: ০৮ ডিসেম্বর শুক্রবার বরিশালে কবি জীবনানন্দ দাশ রোডের (বগুড়া রোড) কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে “আড্ডা ধানসিড়ি”র ৬০ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে । “আড্ডা ধানসিড়ি”র আড্ডারুদের উপস্থিতিতে বিকেল চারটা থেকে আড্ডা শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটানা দু’ঘন্টা প্রাণবন্ত একটি সাহিত্য আড্ডা চলে।

    সেখানে কবি শফিক আমিনের সঞ্চালনায় এবারের আড্ডায় অতিথি আড্ডারু হিসেবে ছিলেন কবি ড. অর্ণব আশিক, কবি ড. বাহাউদ্দীন গোলাপ, কবি নাসরীন ইসলাম, কবি লিলি খান ও বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক  শেখ সুমন। শুরুতেই ৮ ডিসেম্বর বরিশাল পাক হানাদার মুক্ত দিবসের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি অর্ণব আশিক বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং একটি কবিতা আবৃত্তি করেন ।

    এরপর আড্ডায় নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন আড্ডারু শফিক আমিন, ছোটন্দ্রনাথ চক্রবর্তী, শেখ সুমন, সামছুল আলম, রিপন কুমার, তাছলিমা বেগম, নাসরীন ইসলাম, লিলি খান ও হুজাইফা রহমান এবং কবি ড. বাহাউদ্দীন গোলাপ তার মূল্যবান মতামত প্রকাশ করেন । আজকের আড্ডায় বরিশালের সকল লেখকদের সাথে মেলবন্ধন হিসেবে ফেসবুকে একটি সাহিত্য গ্রুপ খোলার প্রস্তাব করেন অতিথি কবি’রা এবং তা ভেবে দেখার আশ্বাস দেন অনুষ্ঠানের সঞ্চালক কবি শফিক আমিন ।

    এছাড়া, পরিশেষে চা চক্রের মধ্য দিয়ে “আড্ডা ধানসিড়ি”র ৬০তম আড্ডার পরিসমাপ্তি ঘটে । উল্লেখ্য যে, “আড্ডা ধানসিড়ি” বরিশালের একটি সাহিত্য সংগঠন । প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বরিশালের জীবনানন্দ সড়ক (বগুড়া রোডস্থ জীবনানন্দ দাশ এর ভিটায়) অবস্থিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে সাহিত্য প্রেমীদের নিয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

  • জেরুজালেম ইস্যু; হোয়াইট হাউজের সামনে জুমার নামাজ আদায়

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউজের সামনে শুক্রবার জুমার নামাজ আদায় করেছে মুসলিমরা। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ জানাতে হোয়াইট হাউজের সামনের পার্কে মুসলিমরা নামাজ আদায় করেন। আমেরিকার মুসলিম সংগঠনগুলো এ অভিনব প্রতিবাদের ডাক দেন।

    এসময় মুসলিমরা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কাপড়, আবার কেউ কেউ ফিলিস্তিনের জাতীয় পতাকার রঙের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন। তারা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলর দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

    সূত্র : দ্য স্ট্রেইট টাইমস

  • মায়ের স্মৃতিচারণে প্রধানমন্ত্রী কাঁদলেন এবং কাঁদালেন

    মায়ের স্মৃতিচারণে প্রধানমন্ত্রী কাঁদলেন এবং কাঁদালেন

    মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের বক্তব্যের পেছনে তার মায়ের ভূমিকা, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের কথা। বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের প্রায় সবাইকে হারানোর সেই রাতটার কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী। এসময় দর্শকসারিতেও অনেককেই চোখ মুছতে দেখা যায়।

    প্রধানমন্ত্রীর বক্তব্যের এক পর্যায়ে উঠে আসে ১৫ আগস্টের সেই রাতের কথা। সেই মর্মান্তিক ঘটনার কথা বলতে গিয়ে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যান প্রধানমন্ত্রী। আবেগরুদ্ধ কন্ঠে কম্পিত গলায় তিনি বলেন, সেই ঘটনার কথা মনে পড়লে তিনি ঠিক থাকতে পারেন না।

    কিছুক্ষণ নীরব থেকে আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন প্রধানমন্ত্রী। এসময় মিলনায়তন জুড়েই যেনো একটা নীরব কান্নার সৃষ্টি হয়। পরে যখন কথা বলেন প্রধানমন্ত্রীর কণ্ঠ ছিলো আবেগ কম্পিত। তিনি বলেন তার মায়ের কথা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

    প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, সেই রাতে আমার মাকে হত্যাকারীরা নিয়ে যেতে চেয়েছিলো। কিন্তু তিনি তাদের সাথে যাননি। বরং তার স্বামী বঙ্গবন্ধুর সাথে মৃত্যুকেই বেছে নিয়েছিলেন।

    “কোন সাধারণ নারী হলে হয়তো বাঁচার চেষ্টা করতো। কিন্তু তিনি মৃত্যুকেই আলিঙ্গন করেছেন। ” অশ্রুসজল চোখে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কথাটি বলা শেষ করেই চোখ মুছে নেন তিনি। দর্শকসারিতেও অনেকেই আবেগাক্রান্ত হয়ে পড়েন। তাদেরকেও চোখ মুছতে দেখা যায়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন সেই ভাষণের আগে অনেকেই বঙ্গবন্ধুকে নানা ধরণের বুদ্ধি-পরামর্শ দিয়েছিলো। কিন্তু বেগম ফজিলাতুন্নেছাই বঙ্গবন্ধুকে বলেছিলেন, তোমার মনে যা আসে তুমি তাই বলবে, কারণ তুমি এই বাঙলার মানুষদের জন্য এতোদিন সংগ্রাম করেছো। তুমি জানো কি বলতে হবে। আর স্ত্রীর পরামর্শ শুনেই বঙ্গবন্ধু সৃষ্টি করলেন সেই ‘অমর কবিতা’, ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ’।

  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন ক্যাটরিনা!

    অল্পের জন্য প্রাণে বাঁচলেন ক্যাটরিনা!

    বলিউডের এসময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন হার্টথ্রুব অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

    ইতোমধ্যে সিনেমাটির গান ও ট্রেইলারের অ্যাকশন দৃশ্য দর্শকদের মনে কেড়েছে।    ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্যে রয়েছেন ক্যাটরিনা। সিনেমাটির তেমনি একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ক্যাটরিনা।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মরক্কোতে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং করছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। দৃশ্যটি ছিল সালমান ঘোড়ার পিঠে চড়ে ছুটবেন, অন্যদিকে দ্রুতগতির একটি গাড়ি চালাবেন ক্যাটরিনা। সেটি করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি।

    এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘এই শটটাতে আমাকে একটি সরু গলির মধ্যে দিয়ে খুবই দ্রুতগতির গাড়ি চালাতে হয়। এই সরু রাস্তা দিয়ে দিক ঠিক রাখা কঠিন হচ্ছিল। এই জন্য আমি অনেক প্রশিক্ষণও নিয়েছি কিন্তু চূড়ান্ত দৃশ্যধারণের সময় গাড়িটি গিয়ে একটি দেয়ালে ধাক্কা দেয়।

    তিনি আরো বলেন, ‘আমি গুরুতর আঘাত পেতে পারতাম। কিন্তু ক্রুরা সব তাদের দামি ক্যামেরা নিয়েই বেশি চিন্তিত ছিল, কারণ সেটি আমার গাড়ির নিচে চাপা পড়েছিল। তবে ভাগ্যভালো আমি কোনো আঘাত পাইনি এবং পরবর্তী শটেই সঠিকভাবে দৃশ্যটি করতে পেরেছি। ’

    টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল এটি। আগের সিনেমাটির মতো এই সিনেমাতেও জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা। বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

    বা:মু:প্র: তানজিল শুভ

  • জেরুজালেমকে রাজধানী স্বীকৃতির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ

    জেরুজালেমকে রাজধানী স্বীকৃতির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ

    মুসলমানদের পবিত্র শহর আল কুদসকে (জেরুজালেম) ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

    বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, পবিত্র মসজিদুল আকসাকে ঘিরে গড়ে ওঠা জেরুজালেম নগরীকে যুক্তরাষ্ট্রের প্রেসেডিন্ট অন্যায়ভাবে ইসরাইলের রাজধানী ঘোষণা করে মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। তার সাম্রাজ্যবাদী আগ্রাসী সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ব মুসলিম নেতারা ও জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে।

    তারা বলেন, জেরুজালেম শুধু ফিলিস্তিনি মুসলমানদের নয়, গোটা মুসলিম উম্মাহর। ইসলামের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসের এ ভূমি মুসলমানদের রক্তের চাইতেও পবিত্র। এটা কখনও কোনো ইহুদি গোষ্ঠীর হতে পারে না।

    হেফাজত নেতৃদ্বয় আরও বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট একজন মস্তিষ্কবিকৃত লোক। তার একের পর এক নানা বিতর্কিত ও আগ্রাসনমূলক সিদ্ধান্তে বিশ্বশান্তি মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করছে।

    তারা বলেন, বিশ্ববাসীর কর্তব্য হলো শান্তি নিরাপত্তার স্বার্থে এ উগ্রবাদী প্রেসিডেন্টের লাগাম টেনে ধরতে সোচ্চার প্রতিবাদে শামিল হওয়া। কারণ, যুক্তরাষ্ট্রের কূট রাজনীতি ও আগ্রাসী সমরনীতির কারণে গোটা মধ্যপ্রাচ্যসহ এশিয়া ও আফ্রিকার বহু দেশে চরম অস্থিতিশীলতা ও সংঘাতময় পরিস্থিতি বিরজ করছে।

    হেফাজত নেতৃদ্বয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে একতরফাভাবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলামের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ মিছিলে শামিল হওয়ার জন্য হেফাজত নেতাকর্মী, ওলামায়ে কেরাম ও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।