Blog

  • মন্ত্রীর পদমর্যাদায় আবুল হাসানাত আবদুল্লাহ্কে গণসংবর্ধনা

    মন্ত্রীর পদমর্যাদায় আবুল হাসানাত আবদুল্লাহ্কে গণসংবর্ধনা

    শেখ সুমন :

    পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক হিসেবে মন্ত্রীর পদমর্যাদা লাভ করায় বাবুগঞ্জে সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিমানবন্দরে তাকে বরিশাল জেলা, মহানগর ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই গণসংবর্ধনা দেয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সাবেক উপমন্ত্রী ও বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বরিশাল-২ আসনের এমপি অ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন ও মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. মুনসুর আহমেদ।

    এসময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পটুয়াখালী সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. সুলতান আহমেদ মৃধাসহ বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ছাড়াও বরিশালের ১০ উপজেলার সকল চেয়ারম্যান এবং পৌর মেয়রসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এসময় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতাকালে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দক্ষিণবঙ্গ হবে এশিয়া মহাদেশের দ্বিতীয় সিঙ্গাপুর। চার লেনের মহাসড়ক, সেতু, গ্যাস আর বিদ্যুৎ দিয়ে বরিশালকে ঢেলে সাজানো হবে। আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এর জ্বলন্ত উদাহরণ। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এসময় বিভিন্ন জেলা ও উপজেলার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদানের কথা থাকলেও সম্প্রতি নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনার শোক জানিয়ে তিনি ফুল বর্জনসহ ওই গণসংবর্ধনা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন এবং নিহতদের স্মরণে অনুষ্ঠানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

    মন্ত্রীর পদমর্যাদা লাভের পর গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় তিনি ঢাকা থেকে ইউএস-বাংলার একটি বিমানে বরিশাল বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ অবস্থানের পরে তিনি সমাবেশ স্থলে আসেন। এসময় বরিশাল বিমানবন্দর এলাকায় গোটা দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।

  • থ্রেট দেবেন না, খালেদার আইনজীবীদের প্রধান বিচারপতি

    থ্রেট দেবেন না, খালেদার আইনজীবীদের প্রধান বিচারপতি

    খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আদালতকে থ্রেট দেবেন না।

    আজ বুধবার খালেদা জিয়ার জামিন রবিবার পর্যন্ত স্থগিত করে আদেশ দেওয়ার পর আইনজীবীরা হট্টগোল করলে আদালত এমন মন্তব্য করেন।

    সকালে শুনানির শুরুতেই দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, হাইকোর্ট ৪টি কারণ দেখিয়ে খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। আমরা এখনও সে আদেশের সার্টিফায়েড কপি পাইনি। আদেশের কপি পেলে লিভ টু আপিল করবো।

    এ সময় প্রধান বিচারপতি বলেন, সিপি ফাইল করে আসেন।

    তখন দুদকের আইনজীবী বলেন, সিপি ফাইল করতে রবি-সোমবার পর্যন্ত আমাদেরকে সময় দেয়া হোক। এ  পর্যন্ত জামিন স্থগিত রাখা হোক।

    এর পর আদালত বলেন, ঠিক আছে সিপি ফাইল করে আসেন রবিবারের মধ্যে। এ পর্যন্ত জামিন স্থগিত থাকবে।

    তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমাদেরকে আগে শুনেন। আমাদের বক্তব্য তো শুনেন নাই। আমাদের না শুনে এভাবে আদেশ দিতে পারেন না।

    প্রধান বিচারপতি বলেন, শুনতে হবে না। রবিবার পর্যন্ত তো স্থগিত দিয়েছি। ওই দিন আসেন তখন শুনবো।

    অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আপনি যে এক তরফাভাবে শুনানি করে আদেশ দিলে এতে আদালতের প্রতি পাবলিক পারসেপশন খারাপ হবে।

    জবাবে প্রধান বিচারপতি বলেন, আমরা পাবলিক পারসেপশনের দিকে তাকাই না। কোর্টকে কোর্টের মত চলতে দিন।

    এরপর জয়নুল আবেদীন ও এ জে মোহাম্মদ আলী বলেন, না শুনেই তো আদেশ দিলেন।

    আদালত বলেন, আমরা অন্তবর্তীকালীন আদেশ দিয়েছি। আমাদের শোনার দরকার নেই।

    জয়নুল আবেদীন বলেন, এই মামলায় চেম্বার আদালত তো স্ট্রে দেয়নি। এই সময়ের মধ্যে আসামিও বের হবে  না। তাই স্থগিত প্রয়োজন নেই।

    এ জে মোহাম্মদ আলী বলেন, আমরা তো শুনানির সুযোগ পেলাম না।

    এরপরই কার্যতালিকা থেকে অন্য মামলা শুনানি শুরু হয়।

    শুনানির এক পর্যায়ে খালেদা জিয়ার পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ দাঁড়িয়ে আদালতকে বলেন, আপনি তো না শুনেই এক তরফা আদেশ দিলেন।আমাদের কথা শুনতে হবে। কেন শুনবেন না।

    তখন প্রধান বিচারপতি বলেন, কার কথা শুনবো, কার কথা শুনবো না তা কি আপনার কাছে শুনতে হবে।

    গিয়াস উদ্দিন আবারও একটু উত্তেজিত হয়ে একই কথা বললে প্রধান বিচারপতি বলেন, আপনি কি আদালতকে থ্রেট করছেন?গিয়াস উদ্দিন বলেন, শুনে তারপর আদেশ দিতে হবে। তখন প্রধান বিচারপতি বলেন, আদালতকে থ্রেট দেবেন না।

    এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আপনি তো কোর্টকে শেষ করে দিলেন।
    তখন অ্যাটর্নি কোন উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়েই ছিলেন। এ সময় একদল আইনজীবী দালাল দালাল বলে আদালত কক্ষ ত্যাগ করেন।

  • স্টিফেন হকিং আর নেই​

    স্টিফেন হকিং আর নেই​

    খ্যাতিমান পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই। ৭৬ বছরে বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন এই বিজ্ঞানী। মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার।

    ব্ল্যাক হোল নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিলেন স্টিফেন হকিং। এছাড়াও তিনি তার বিখ্যাত বই ‘এ ব্রিফ স্টোরি অব টাইম’ এর জন্য অমর হয়ে থাকবেন।

    হকিংয়ের সন্তান লুসি, রবার্ট এবং টিম বলেন, ‘আমাদের বাবা আচমকাই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন মহান বিজ্ঞানী এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন।’

    স্টিফেন হকিংয়ের পুরো নাম স্টিভেন উইলিয়াম হকিং। তার জন্ম ১৯৪২ সালের ৮ জানুয়ারি। বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব তিনি। তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়।

    হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক (স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন। ২০০৯ সালে ওই পদ থেকে অবসর নেন তিনি।

    এছাড়াও তিনি কেমব্রিজের গনভিলি এবং কেয়াস কলেজের ফেলো হিসাবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে ভীষণরকম অচল ছিলেন। তিনি মোটর নিউরন রোগে আক্রান্ত ছিলেন।

    প্রায় ৪০ বছর ধরে হকিং তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের চর্চা করেছেন। লিখিত পুস্তক এবং বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকে হকিং একাডেমিক জগতে যথেষ্ট খ্যাতিমান হয়ে উঠেছেন।

    তিনি রয়েল সোসাইটি অব আর্টসের সম্মানীয় ফেলো। এবং পন্টিফিকাল একাডেমি অব সায়েন্সের আজীবন সদস্য ছিলেন। ২০১৪ সালে তাকে নিয়ে একটি মুভি তৈরি হয়, ‘নাম থিওরি অব এভরিথিং’।

  • এবার মহাকাশ বাহিনী গঠন করতে আগ্রহী ট্রাম্প!

    এবার মহাকাশ বাহিনী গঠন করতে আগ্রহী ট্রাম্প!

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশযুদ্ধের জন্য ‘মহাকাশ বাহিনী’ নামে বিশেষ একটি বাহিনী গঠন করতে ইচ্ছার কথা জানিয়েছেন। এ ব্যাপারে ট্রাম্প জানান, এমন একদিন আসবে যেদিন ‘মহাকাশ বাহিনী’ নামে আমাদের সশস্ত্র বাহিনীর আলাদা একটি শাখা থাকবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ জানিয়েছে, স্যান ডিয়েগোতে এক অনুষ্ঠানে সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশে দেয়া এক ভাষণে ট্রাম্প এ কথা জানান।

    এ সময় ট্রাম্প আরও বলেন, মহাকাশ নিয়ে আমার নতুন কৌশল হচ্ছে, জল, স্থল এবং আকাশের মতো মহাকাশও আমাদের কাছে এক যুদ্ধক্ষেত্র। তাই সেখানে যুদ্ধ করার জন্য মহাকাশ বাহিনী নামেও আমাদের একটি আলাদা বাহিনী থাকবে। আর সেটা হবে এক বড় ব্রেকিং স্টোরি।
    এদিকে, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার কয়েক সপ্তাহ আগেই বলেছিলেন, মহাকাশে সংঘটিত হবে এমন যেকোন যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র।

  • বৃহস্পতিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

    বৃহস্পতিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

    নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

    বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    এছাড়া শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    গত সোমবার কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ জন।নিহতদের মধ্যে বিমানের ৪ ক্রুসহ ২৬ জন বাংলাদেশি।

  • আমি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি : জাফর ইকবাল

    আমি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি : জাফর ইকবাল

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমি জানতাম না দেশের মানুষ আমাকে এতো ভালোবাসে। এ আঘাত না পেলে বিষয়টি আমার অজানাা থাকতো।

    বুধবার দুপুর দেড়টায় ক্যাম্পাসে ফিরে নিজ বাসভবনের নীচে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি।

    এ সময় তার সাথে থাকার জন্য গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি। এসময় তার সাথে অধ্যাপক ড. ইয়াসমিন হক ও তার মেয়ে ইয়েশিম ইকবালও উপস্থিত ছিলেন।

    এর আগে অধ্যাপক জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেন শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এরপর এয়ারপোর্ট থেকে সোজা শিক্ষক কোয়ার্টারে নিজ বাসভবনে পৌঁছান তিনি।

    এ সময় জাফর ইকবাল বলেন, আমি আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। কারো প্রতি তার কোনো ধরনের ক্ষোভ নেই জানিয়ে তিনি বলেন, আমি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি।

    এদিকে, ড. ইকবালের ক্যাম্পাসে ফেরা উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এ বিষয়ে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ে আলাদা করে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ সতর্কতার সাথে দেখা হচ্ছে। তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।

    অল্প পরিসরের মাধ্যমে স্যারকে বরণ করা হচ্ছে উল্লেখ করে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিতেশ্বর তালুকদার বলেন, ‘সবাই আলাদাভাবেই স্যারের কাছে চিঠি লিখছে। এছাড়া স্যারকে নিয়ে আাঁকা বিভিন্ন ছবিও দেওয়া হবে। মুক্তমঞ্চে স্যার সবার সঙ্গে কথা বলবেন এবং পরবর্তীতে নিজ বিভাগে আসবেন।’

    প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকেলে ইইই ফেস্টিভাল চলাকালীন সময়ে ছুরিকাহত হন ড. জাফর ইকবাল। ওই দিন রাত থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। আজকে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।

  • শিশুকে ধর্ষণের পর হত্যা- বস্তাবন্দী লাশ উদ্ধার,আটক-২

    শিশুকে ধর্ষণের পর হত্যা- বস্তাবন্দী লাশ উদ্ধার,আটক-২

    কাশিপুরে ৩য় শ্রেণীর শিক্ষার্থী শিমাকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শিমা কাশিপুর ২ নং ইউনিয়নের গণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংরক্ষিত কাউন্সিলার রাশিদা বেগমের বাড়ীর ভাড়াটিয়া।

    গতকাল গণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২শ গজ পিছনে হাওলাদার বাড়ীর পারিবারিক গোরস্থান থেকে বেলা সাড়ে ১১ টার দিকে বস্তাভর্তি শিমার লাশ উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। স্কুলের প্রধান শিক্ষক মোসামৎ লিমা আক্তার জানান, স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী শিমা আক্তার। রোল নং ২৫। তিনি আরো জানান, একই ক্লাসে পড়য়া শিমার ভাই আবু সায়েম ও স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা তাকে জানিয়েছেন গত সোমবার শিমা আক্তার টিফিন পিরিয়ডে পার্শ্ববতী দোকানে বসা ছিলেন। এর পরে আর শিমা স্কুলে আসেননি।

    শিমার ভাই আবু সায়েম বাড়ীতের গিয়ে বোনকে না দেখে মায়ের কাছে বলেন শিমা লেইজারের সময় ক্লাস থেকে বের হয়েছেন এরপরে আর ক্লাসে ফিরে নাই। শিমার মা স্কুলে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে শিমাকে না পেয়ে স্কুলের পক্ষ থেকে বরিশাল এয়াপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল স্কুলের মাত্র ২শ গজ দূর থেকে শিমার বস্তা বন্দি লাশ স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থাল থেকে লাশ উদ্বার করে বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত করার জন্য প্রেরণ করেন। এদিকে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ করে হত্যার অভিযোগে স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা কালু ও পারভেজ নামে দুইজনকে আটক করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

    আজ শিমা হত্যাকারীদের বিচারের দাবীতে কাশিপুর গণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করবেন বলে জানান স্কুলের প্রধান শিক্ষক লিমা আক্তার। এদিকে স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ এনে স্থানীয় এবং স্কুলের একাধিক শিক্ষার্থীরা জানান, কোন শিক্ষার্থীকে স্কুলের টয়লেট ব্যবহার করতে দেওয়া হয় না। স্কুলের টয়লেট তালা দিয়ে রাখে শিক্ষকরা। স্কুলের পাশে জনাজীর্ন টয়লেট ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের পাঠান। টয়লেট ব্যবহারের উপযুক্ত না বিধায় মেয়ে শিক্ষার্থীরা স্কুলের পার্শবত্বি বিভিন্ন বাড়িতে গিয়ে যেতে হয় আর প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা যৌনহয়রানীর শিকার হয়ে আসছেন।

    স্থানীয় এবং স্কুলের একাধিক অভিভাবকদের দাবী, শিক্ষকদের খামখেয়ালিপনার কারনেই শিমা প্রতিদিনের নেয় সোমবারও টিফিন পিরিয়ডের বিরতির সময় পাশ্ববর্তী বাড়িতে বাথরুমে যাওয়ার কারনেই আজ এই হত্যাকান্ড ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষকে অভিবাবক ও শিক্ষার্থীরা জানালেও স্থানীয় প্রভাবশালীদের কারনে মুখবুঝে থাকতে হচ্ছে শিক্ষার্থী ও অভিবাবকরা।

    এ অভিযোগ প্রধান শিক্ষক অস্বিকার করে বলেন, স্কুলে পাশের মসজিদের টয়লেট বন্ধ থাকে; আর স্কুলের টয়লেট সব সময় খোলা রাখেন।

  • ৫ সিটি কর্পোরেশনে ভোটে আপত্তি নেই সরকারের

    ৫ সিটি কর্পোরেশনে ভোটে আপত্তি নেই সরকারের

    স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কোনো মামলা না থাকলে নির্বাচন করার দিকেই এগোতে বলবেন ইসিকে।

    গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের মেয়াদ এই বছরই শেষ হচ্ছে। গাজীপুরের ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর মেয়াদ ফুরোচ্ছে।

    স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট করতে হবে।

    সেই সময় চলে আসায় ইতোমধ্যে ইসির পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে পরামর্শ চাওয়া হয়েছে।

    তারই পরিপ্রেক্ষিতে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আইনের বাধ্যবাধকতা আছে। আমরা যদি নির্বাচন না করি, তবে আইন পরিবর্তন করতে হবে।

    “আমরা চিন্তা করছি বাধাটা কোথা থেকে আসতে পারে। আমরা ডিভিশনাল কমিশনারদের কাছে জানতে চেয়েছি- এসব সিটি কর্পোরেশনে কোনো মামলা-মোকদ্দমা আছে কি না? কেউ যদি মামলা-মোকদ্দমা করে থাকে তবে তো আমরা নির্বাচন করতে পারব না।”

    এরপরই তিনি বলেন, “আমরা এই রিপোর্টটি পেলে নির্বাচন কমিশনকে বলব তাদের সুবিধামতো সময়ে নির্বাচন করতে। তারা যদি পারে একসঙ্গে পাঁচটাতেই করুক। তারা যদি পর্যায়ক্রমে করতে চায়, তাতেও আমাদের তো কোনো আপত্তি থাকবে না।”

    বিভাগীয় কমিশনারদের কাছ থেকে সপ্তাহ খানেকের মধ্যেই প্রতিবেদন পেয়ে যাওয়ার আশা করছেন খন্দকার মোশাররফ।

    চাকরি রাজস্ব খাতে স্থানান্তরে পৌরসভার কর্মীদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “তারা চাকরি নিল পৌরসভায়। স্থানীয় সরকারের সেলফ গভর্নিং বডি তারা। নিজস্ব আয়ে চলে, নিজস্ব বাজেট আছে। সরকার তাদের নিয়ন্ত্রক।

    “এখন তারা কোন উদ্দেশ্যে, কী জন্য এটা করছে, আমার বুঝতে একটু অসুবিধা হয়। সরকারের শেষ সময়, রাস্তায় দাঁড়ালাম, চাপ দিলাম, সরকার রাজি হয়ে গেল। এই রাজি হওয়া কি সম্ভব? আইন-কানুন পরিবর্তন না করে এটা কি করা যাবে?”

    তবে মন্ত্রী পৌরসভার কর্মীদের অসুবিধার বিষয়টিও স্বীকার করেন। “জাতীয় সব গ্রেডের বেতন প্রায় ডাবল হয়ে গেছে। কিন্তু পৌরসভাগুলোতে এখনও অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসেনি, ইনকামও বাড়েনি। আমরা একটা কাজ করতে পারতেছি যে একটা সিড মানি তাদের দেওয়া যায় কি-না।

  • বরিশালে সাংবাদিক নির্যাতনের ঘটনায় এসআইসহ ৮ পুলিশ সদস্য ক্লোজড

    বরিশালে সাংবাদিক নির্যাতনের ঘটনায় এসআইসহ ৮ পুলিশ সদস্য ক্লোজড

    বরিশাল মেট্রো পলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কর্তৃক সাংবাদিক হত্যা চেষ্টার অভিযোগে ৮ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। একইসাথে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন কমিশনার এস.এম রুহুল আমিন।

    ডিবির নির্যাতনে গুরুত্বর আহত সুমন শের-ই-বাংলা চিকিৎসা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্যাতিত সুমন বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি’র বরিশাল অফিসের ক্যামেরাপারর্সন।

    সুমন জানিয়েছেন, নির্যাতনের সময়ে তার গোপনাঙ্গে মারাত্মক আঘাত করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার।

    ঘটনার বর্ননায় বলেন, সুমনের ভাগ্নেকে আটক করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থল বিউটি সিনেমার গলিতে বিষয়টি জানতে যান ডিবিসি নিউজরে ক্যামেরাপার্সন সুমন। তখন সাংবাদিক পরিচয় পেয়ে হঠাৎ ক্ষেপে যান এসআই আবুল বাশার। তিনি সুমনের ভাগ্নেকে আটকে রেখে মারধর করতে শুরু করেন সুমনকে। এসময়ে হ্যান্ডকাপ পরিয়ে সন্ত্রাসী স্টাইলে পিটাতে থাকে বলেও দাবী সমুনের।

    সুমন জানায়, ডিবিসি চ্যানেলের কার্ড দেখালে মারধরের পরিমান আরও বেড়ে যায়।

    তিনি বলেন, আমার গোপনাঙ্গে বারবার আঘাত করছিল আর বাশার বলছিল ‌তোরে আজ স্পট ডেট কইরা ফালামু। ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করলে দ্রুত সুমনকে গাড়িতে তুলে নেয় এসআই বাশার ও তার সঙ্গীয় ফোর্স। গাড়িতে তুলেও পিটাতে পিটাতে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে।ডিবি অফিসে নিয়েও তার হাত-পা বেধে পেটায়।

    ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, চিকিৎসার জন্য সুমনকে নিয়ে আসার সময়ে ওই ডিবি টিম কর্তৃক লাঞ্ছনার শিকার হন আরও কয়েকজন সাংবাদিক।

    এ ঘটনায় এসআই আবুল বাশারসহ ৮ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের সহকারি কমিশনার (এসি) মো. শাখায়াত হোসেন।

  • বরিশালে সাংবাদিক নির্যাতনের বিষয়ে যা বললেন পুলিশ কমিশনার

    বরিশালে সাংবাদিক নির্যাতনের বিষয়ে যা বললেন পুলিশ কমিশনার

    বরিশালে বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কতিপয় সদস্য কর্তৃক অমানবিক নির্যাতনের ঘটনা নিয়ে কথা বললেন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন।

    তিনি বলেন,  সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় বুধবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এডিসি রুনা লায়লাকে প্রধান করে এই কমিটিকে বৃহ্ষ্পতিবারের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন। তিনি বুধবার দুপুরে একটি হত্যাকান্ডের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনের শুরুতে সুমনের সাথে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান।

    এসময় তিনি বলেন, তদন্তে কার কতটুকু দোষ এটা দেখে অপরাধ অনুযায়ী বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেয়া হবে। বিশাল পুলিশ বাহিনীর মধ্যে কিছু খারাপ থাকতে পারে। আমরা চাইবো তারা সংশোধন হবে তারা থাকবে নয়তো চলে যাবে। তিনি বলেন, আমি সাধারণ মানুষের অপরাধ যে চোঁখে দেখি, পুলিশ সদস্যদের অপরাধও একই দৃষ্টিতে দেখি। কেউ অপরাধ করলে তার শাস্তি হবে। ভালো খারাপ সব জায়গাতেই রয়েছে।

    এদিকে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি। আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনদুটির নেতৃবৃন্দ সুমনের ওপর নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তদন্ত পূর্বক দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবী জানিয়েছেন।

    অপরদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ক্যামেরাপার্সন সুমান হাসান নির্যাতনের বিষয়ে বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে বিউটি রোডের অভিযান শেষে হঠাৎ করেই ডিবি পুলিশের এসআই আবুল বাশারসহ তার টিমের সদস্যরা আমার ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা (ডিবি পুলিশ) আমাকে বেধড়ক মারধর শুরু করে এবং গায়ের জামা-কাপর ছিড়ে ফেলে। একপর্যায়ে জোর করে লাঠি দিয়ে মারধর করে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে খালি শরীরেই ওই গাড়িতে তোলা হয় আমাকে। পরে আমাকে গাড়ির ভেতরে তুলে আমার প্যান্টের বেল্ট দিয়ে গলা পেছনের দিকে টেনে ধরা হয় এবং স্পর্শকাতর স্থান চেপে ধরে। তারপর ডিবি অফিসে নিয়েও আমার বুকের ওপর লাথি দেয়াসহ বিভিন্ন ভাবে মারধর করে।