Blog

  • বিএনপির জোটে ফাটল! আসছে বিএনজেপি জোট

    বিএনপির জোটে ফাটল! আসছে বিএনজেপি জোট

    জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি) এর নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে ২০ দলীয় ঐক্যজোট। জোটে থাকছেন বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা শরীকদের একাংশ। আগামী ১৮ ফেব্রুয়ারি (রোববার) আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে জানা গেছে। বিএনজেপি’র চেয়ারম্যান মো. ফয়েজ চৌধুরী নতুন জোট গঠনের বিষয়ে নিশ্চিত করেছেন।

    ২০ দলীয় জোটে থাকা শরীক দলের মধ্যে জামায়াত ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের নেতারা দল থেকে বেরিয়ে নতুন দল গঠন করতে যাচ্ছেন। এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) অনেক দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা রয়েছেন। সেসব দলের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে ২০ দলীয় ঐক্যজোট।

    জোটে এলডিপি, বিজেপি, এনপিপি, ইসলামী ফন্ট, পিডিপি, লেবার পার্টি, জাতীয় নাগরিক মঞ্চ, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামিক ঐক্যজোট, বিডিপি, খেলাফত মজলিস, বিএনডেপিসহ বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ফয়েজ চৌধুরী।

    তিনি বলেছেন, বিএনপি জোটে শীর্ষ নেতাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমাদের জোটে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। খুব শিগগিরই তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোট ত্যাগ করবেন। আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আমাদের জোটে আসার জন্য।

    তিনি বলেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রত্যাখ্যান করেছেন। বিএনপির নেতৃত্ব ছেড়ে বিএনজেপি জোটে যোগদান করবেন। মুক্তিযোদ্ধের চেতনায় বাংলাদেশ গড়াই হবে এই জোটের মূল লক্ষ্য।

    ফয়েজ চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জোট দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জোটের নেতৃত্ব দেবে বিএনজেপি।

    তিনি বলেন, আমরা চাই একটি টেকসই গণতন্ত্রের জন্য আগামী দিনে একটি শান্তিপূর্ণ আন্দোলন করতে। আর এই শান্তিপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দেবে বিএনজেপি, বিএনপি নয়। আপনারা জানেন বিএনপি ইতিপূর্বে অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে, তাদেরকে জনগণ চিরতরে প্রত্যাখ্যান করেছে। তাই আমি বিএনপির এ কর্মকাণ্ডের জন্য তাদের নেতাদের বিচার দাবি করছি।

  • জাতীয় উদ্যানে সিংহের পেটে শিকারি

    শেষে কি না শিকারি নিজেই শিকার হয় গেল। সিংহকে মারতে গিয়ে সিংহের পেটেই চলে গেল এক শিকারি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে।

    ক্রুগার জাতীয় উদ্যানের উপকণ্ঠে একটি পার্কের মধ্যে ওই শিকারির দেহ উদ্ধার হয়েছে। তবে দেহটি যখন উদ্ধার করা হয়, তখন তার অংশ বিশেষ বলতে কিছুই ছিল না। সবই ততক্ষণে সিংহদের পেটে চলে গেছে। কিন্তু কী ভাবে বোঝা গেল যে সিংহের  দল যাকে খেয়েছে সে এক শিকারি?

    এ প্রসঙ্গে পুলিশের এক কর্মকর্তা বলেন, সব তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে ওই লোকটা শিকারি ছিল। শুধুমাত্র মৃতের মাথা আর দেহের অল্প একটু অংশ ছাড়া কিছুই উদ্ধার হয়নি। তবে দেহের কাছে একটা শিকারি বন্দুক উদ্ধার হয়েছে। শিকারি বন্দুকের জন্যই মৃত ব্যক্তিকে শিকারি বলেই সন্দেহ হয়েছে পুলিশের।

    গত এক বছর ধরেই এই অঞ্চলে শিকারির সমস্যা ক্রমে বাড়ছিল। সিংহদের শরীরে কোনো ভাবে বিষ প্রয়োগ করে তাদের মেরে ফেলা হচ্ছিল। সিংহের পাশাপাশি শিকারিদের লক্ষ্য ছিল গণ্ডাররাও। গণ্ডারের খড়গ মূলত চীন, ভিয়েতনামে বিক্রি করা হয়।

  • ইসরায়েল পাগল হয়ে গেছে

    ইসরায়েল পাগল হয়ে গেছে

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক ও মিডিয়া উপদেষ্টা বাসিনা শাবান বলেছেন, ‘সিরিয়া কর্তৃক এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করায় ইসরায়েল পাগল হয়ে গেছে।’

    সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের ইসলামি বিপ্লববার্ষিকীর এক অনুষ্ঠানে রবিবার তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, এফ-সিক্সটিন জঙ্গিবিমানটি ইরান ভূপাতিত করেছে বলে ইসরায়েল অভিযোগ করছে। কিন্তু এ অভিযোগের কোনো ভিত্তি নেই। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই বিমানটি ভূপাতিত করেছে। শুধু জঙ্গিবিমান নয়, ইসরাইলের অনেক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। এজন্য ইসরায়েল এখন পাগল হয়ে গেছে। কারণ এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ইসরায়েলি যুদ্ধাস্ত্রগুলোর টিকে থাকার ক্ষমতা নেই।

    শনিবার সকালে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এফ-সিক্সটিন জঙ্গিবিমানকে ভূপাতিত করার পর তেল আবিব জনমতকে ধোঁকা দিতে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে।

    ইসরায়েল দাবি করছে, সিরিয়া নয় বরং ইরান জঙ্গিবিমানটি ভূপাতিত করেছে। তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

  • জায়গাটা নোংরা লাগছে; কাজ করতে ইচ্ছে করছে না: সুজন

    জায়গাটা নোংরা লাগছে; কাজ করতে ইচ্ছে করছে না: সুজন

    বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আমার কাজ করতে ইচ্ছেই করছে না। নোংরা লাগছে জায়গাটা।’ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে নিজের ক্ষোভ এভাবেই প্রকাশ করেছেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

    মূলত, ঘরের মাঠে লঙ্কানদের কাছে ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজের হারের পর সোশ্যাল মিডিয়ায় যে তীব্র সমালোচনা চলছে।  তাতেই ভীষণ ক্ষুব্ধ হয়েছেন সাবেক এই ক্রিকেটার।

    পাশাপাশি জাতীয় দলের দায়িত্ব নিতে চান না ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘খারাপ ফলের দায় আমি নিতেই পারি। আমাদের পরিকল্পনায় ভুল থাকতে পারে, আরও কিছু থাকতে পারে। কিন্তু আরও অনেক ঘটনা তো আসে মিডিয়ায়। আমার ওপরও অনেক দায় আসে। এটা আমি বোর্ডকে বলব। ব্যক্তিগতভাবে আমি একটুও আগ্রহী নই।

    নোংরা বিষয়টা ঠিক কেমন- জানতে চাইলে সুজন বলেন, ‘বলার কিছু নেই। আপনারাও জানেন, আমরাও জানি। নোংরা বলতে গেলে যে, মিডিয়ায় যেভাবে বলা হয়, আমাদের ক্রিকেটের একটা বড় অন্তরায় মিডিয়াও। আমরা এত ফিশি হয়ে যাচ্ছি আস্তে আস্তে, মিডিয়ার কারণে আমাদের ক্রিকেট আটকে আছে কিনা, সেটাও একটা প্রশ্ন এখন আমার কাছে।’

    সুজন ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘মিডিয়ায় এত বেশি আলোচনা হচ্ছে… আমার এটা মনে হচ্ছে, এত বছর ধরে ক্রিকেটে আছি, এত গসিপিং, এত কিছু ঠিক আছে। এসব হবেই। ভালো-খারাপ আসবেই। সবকিছুই আসবে। কিন্তু কিছু কিছু জিনিস নেতিবাচক হয়ে যাচ্ছে আমাদের ক্রিকেটের জন্য।’

    এদিকে মার্চে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ ‘নিদাহাস কাপ’ এ তিনি জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘এটা বোর্ড ঠিক করবে। কারণ বোর্ডই আমাকে এই দায়িত্ব দিয়েছে।  কাজ করব না, এই কথা আমি কখনোই বলতে চাই না। কিন্তু দেখা যাচ্ছে, কেউ কাজ করলেই বাঙালির সবচেয়ে বড় সমস্যা। দল হেরে যাওয়ার পরও যে আমি এই দেশে আছি, এটাই বড় কথা। চন্দিকা যখন প্রথম এসেছিল, আরও বড় বড় কোচ এসেছে, তখনও শুরুতে ফল খারাপ হয়েছে। কিন্তু এ রকম হয়নি।’

  • মাদারীপুরে জুট মিলে ভয়াবহ আগুন

    মাদারীপুরে জুট মিলে ভয়াবহ আগুন

    মাদারীপুর টিবি ক্লিনিক এলাকায় হায়দার কাজী জুট মিল প্রাইভেট লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বিকেলে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এতে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ সূত্র জানা যায়, বিকেলে মিলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত মিলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে মাদারীপুর ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, স্থানীয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    জুট মিলের পরিচালক কাজী মোক্তার জানান, আগুনে মিলে থাকা প্রায় দেড় লাখ মন পাট, প্রায় শতাধিক মেশিন ও ৩টি গোডাউন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

    পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে পুলিশ।

  • প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেয়া হবে

    প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেয়া হবে

    শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী জানিয়েছেন, প্রশ্নফাঁস ঠেকাতে পর্যায়ক্রমে বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) তুলে দেওয়া হবে।

    সোমবার জাতীয় সংসদে প্রশ্ন ফাঁস ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, এমসিকিউ প্রশ্ন পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে। তাহলে প্রশ্নফাঁসের সুযোগ থাকবে না। এসময় একটি চক্র প্রশ্নফাঁস করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। ইতিমধ্যে তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

    এসময় সংসদে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস এখন স্বাভাবিক হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণের বাইরে। চরম ব্যর্থতা বলব না। মনে হয় সাহসী সৎ নিষ্ঠাবান লোক সেখানে নেই। তিনি বলেন, শিক্ষা বোর্ড দুর্নীতির আখড়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ করতে পারে না। সৎ নিষ্ঠাবান লোক খুঁজে বের করে দায়িত্ব দেওয়া উচিত। কোচিং ব্যবস্থাও দায়ী। এটা চিরতরে বন্ধ করে দেওয়া উচিত।

    এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে বিভিন্ন কৌশল নেয়ার পরও এই পর্যন্ত সব বিষয়েরই এমসিকিউ প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই ফেসবুকসহ ইন্টারনেটে ফাঁস হয়েছে। এর আগে শিক্ষা সচিবও প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন।

    উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কড়া হুশিয়ারি এবং প্রশ্নপত্র ফাঁস করার যারা হোতা, যারা এর সঙ্গে সম্পৃক্ত সে ধরনের যারা অপরাধীদের ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণাতেও রোধ করা যায়নি প্রশ্নফাঁস।

  • বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গ্রেফতার

    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গ্রেফতার

    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার ও বংশাল থানা বিএনপির সভাপতি আবদুর রাজিব এ তথ্য নিশ্চিত করেছেন। ডিসি মারুফ হোসেন সরদার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন নাশকতার ঘটনায় রমনা থানার একটি মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন।

  • ইন্টারপোলের রেড নোটিশে গ্রেফতার হচ্ছেন তারেক রহমান

    ইন্টারপোলের রেড নোটিশে গ্রেফতার হচ্ছেন তারেক রহমান

    খালেদা জিয়ার সঙ্গে দুর্নীতির একই মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেয়া হয়েছে ১০ বছরের সশ্রম কারাদণ্ড। অন্যদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও তিনি আসামি। ওই মামলায় দোষী সাব্যস্ত হলে তার আরও বড় সাজা হবে।

    এ প্রসঙ্গে বিএনপির এক সিনিয়ার নেতা বলেন, সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় মামলায় জর্জরিত তারেক রহমানের পক্ষে দেশে আসা অসম্ভব। কারণ, এলেই তিনি গ্রেফতার হবেন। তিনি গ্রেফতার হলেও আমরা তাকে ছাড়িয়ে আনার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারব না, তা খালেদা জিয়ার কারাগারে যাওয়ার ঘটনায় প্রমাণিত।
    বর্তমানে তারেক রহমান ফেরারি আসামি। ফলে তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ হাতে নিয়েছে ইন্টারপোল। পুলিশ সদর দফতরের ন্যাশনাল কাউন্সিলিং ব্যুরো (এনসিবি) সূত্রে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজাপ্রাপ্ত তিন আসামিকে ফিরিয়ে আনার লক্ষ্যে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হচ্ছে।

    এ প্রসঙ্গে এনসিবি’র সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহীউল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা আইন মন্ত্রণালয়ে বিচার বিশ্লেষণ করে পলাতক আসামিদের বিষয়ে একটি সিদ্ধান্ত নেবে। ওই সিদ্ধান্ত পুলিশ সদর দফতরের এনসিবিতে পাঠানোর পর, আমরা সেটি ফ্রান্সে ইন্টারপোলের সদর দফতরে পাঠিয়ে দেবো। রেড নোটিশ জারির চুড়ান্ত সিদ্ধান্ত ইন্টারপোলের সদর দফতর থেকেই দেয়া হবে।

    অপরদিকে, লন্ডনে বাংলাদেশ হাই-কমিশনে হামলায় মদদের অভিযোগে গ্রেফতার হতে পারেন খালেদার ছেলে তারেক রহমান। খালেদা গ্রেফতারের আগের দিন বুধবার তারেকের নেতৃত্বে একদল বিক্ষোভকারী লন্ডনে বাংলাদেশ হাই-কমিশনে স্মারকলিপি জমা দিতে গিয়ে হামলা চালান। কিছু আসবাবপত্র ভাঙ্গার পাশাপাশি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেয়াল থেকে নামিয়ে মাটিতে ফেলে মাড়ায় বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ এই অরাজকতা চলার পরে পুলিশ এসে বিক্ষোভ ভেঙে দেয়। বিএনপি’র এক নেতা নাসির আহমেদ শাহিনকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড।

    তিনিই পুলিশকে জানান, তারেকের নির্দেশেই তারা বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনার পরে বাংলাদেশ হাই-কমিশন তারেক রহমানকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে লন্ডন পুলিশের কাছে লিখিত অভিযোগ করে।

    বাংলাদেশের কূটনৈতিক সূত্রের দাবি, বিদেশি দূতাবাসে হামলার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। প্রধান আসামি তারেক রহমানকে গ্রেফতারের কথা বিবেচনা করছে পুলিশ।
    ফলে এক দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ইন্টারপোলের রেড নোটিশে গ্রেফতার এবং অন্যদিকে লন্ডনে অরজকতার মামলায় গ্রেফতারের সম্ভাবনা সৃষ্টি। সর্বোপরি ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত হয়ে সাজাপ্রাপ্ত হলে তারেকের রাজনৈতিক ক্যারিয়ারেরই যবনিকাপাত হয়ে যাবার সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

  • মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করবে সরকার- শিল্পমন্ত্রী

    মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করবে সরকার- শিল্পমন্ত্রী

    গোয়েন্দা সংস্থাগুলো মাদক ব্যবসায়ীদের তালিকা করছে জানিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘সব গোয়েন্দা সংস্থার তালিকা সমন্বয় করে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।’

    সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আমির হোসেন আমু সাংবাদিকদের এ কথা জানান।

    তিনি বলেন, ‘তুলনামূলক অপরাধ পরিসংখ্যানে দেখা গেছে, ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ ও চুরি উল্লেখযোগ্যভাবে কমেছে। অর্থাৎ এক্ষেত্রে আইন-শৃঙ্খলার যথেষ্ট উন্নতি সাধন হয়েছে।’
    শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা বিশেষভাবে মাদকের ব্যাপারে কনসার্ন। মাদক পাচার, মাদক ব্যবসায়ী, গডফাদার-সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়া তালিকার ভিত্তিতে মোট ৮৬০ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এরমধ্যে ১৮৮ জন জেল হাজতে আছে। তারপরেও এটার ব্যাপারে আরও তৎপর হওয়ার প্রয়োজন। সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আগামীতে তৎপরতা আরও বৃদ্ধি পাবে।’

    গত ডিসেম্বর মাসে মাদকসেবী, মাদক ব্যবসায়ী মিলে মোট ১০ হাজার ১২৩ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে আমু বলেন, ‘সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। সব গোয়েন্দা সংস্থা থেকে মাদক ব্যবসায়ীদের লিস্ট তৈরি করা হচ্ছে। সব গোয়েন্দা সংস্থার তালিকা সমন্বয় করে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।’

    ‘আমরা মাদকের বিষয়ে জোর দিচ্ছি। জঙ্গি ব্যাপারটা মোটামুটি একটা নিয়ন্ত্রণের পর্যায়ে আছে। মাদকটা যাতে আর বিস্তার লাভ করতে না পারে সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করেছি।’
    কমিটির সভাপতি বলেন, ‘আমরা কতগুলো কর্মপন্থা নিচ্ছি। জনগণকে সম্পৃক্ত করা, সব স্কুল কলেজের শিক্ষকদের সম্পৃক্ত করতে চাই। তারা যাতে ক্লাসে এ বিষয়ে বক্তব্য দেন। মসজিদে খুৎবার আগে বয়ানে যাতে ইমাম সাহেবরা মাদকের ক্ষতির জিনিসটা তুলে ধরেন। যাতে একটা সামাজিক বিপ্লব হয়। এগুলো যাতে কার্যকর হয় সেজন্য মনিটরিংও করা হবে।’

    ২০১৬ সালের জুলাই থেকে এ পর্যন্ত জঙ্গিবিরোধী মোট ৩২টি বড় অভিযান পরিচালিত হয়েছে জানিয়ে আমির হোসেন আমু বলেন, ‘অভিযানে ৭৮ জন নিহত হয়েছেন। শীর্ষ জঙ্গি গ্রেফতার হয়েছেন ৬৪ জন, ভিকটিম উদ্ধার হয়েছেন ১০৩ জন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন ৮ জন। নিহতদের মধ্যে পুলিশ ৬ জন, র‌্যাব একজন ফায়ার সার্ভিসের একজন রয়েছেন।’

    তিনি বলেন, ‘২০১৩ সাল থেকে এ পর্যন্ত জঙ্গি অভিযানে নিহত, হত্যা চেষ্টা, বোমা হামলা ইত্যাদি নিয়ে মোট ৮০টি মামলা হয়েছে। এরমধ্যে চারটি মামলার বিচার শেষ হয়েছে। চার্জশিট হয়েছে ২৮টি মামলার। প্রায় সব মামলার রহস্য উদঘাটিত হয়েছে।’

    গত ডিসেম্বরে দেশে ১৬ হাজার ৫৪২টি মামলা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, ‘এরমধ্যে উদ্ধারজনিত যেমন- অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, বিস্ফোরক উদ্ধার মামলা ৮ হাজার ৭৭৫টি। যা মোট মামলার ৫৩ শতাংশ।’

    আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • নাগরিকত্ব পাচ্ছেন বরিশালের লুসি হল্ট- আন্তমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত

    নাগরিকত্ব পাচ্ছেন বরিশালের লুসি হল্ট- আন্তমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত

    বিট্রিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমবার আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। তিনি জানান, লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে বাংলাদেশ নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্তের কারনে খুব দ্রুতই বাংলাদেশের নাগরিকত্বের কাগজপত্র হাতে পেতে যাচ্ছেন তিনি।

    এরআগে গত ৮ ফ্রেব্রুয়ারি বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ১৫ বছরের জন্য ভিসা ফি মুক্ত পাসপোর্ট নিলেন বিট্রিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট। এসময় তাকে স্থায়ীভাবে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া যায় কিনা সে বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আশ্বাসের চারদিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রনালয়ের সভায় লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো। ৫৭ বছর আগে অক্সফোর্ড মিশনের একজন কর্মী হিসেবে ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট বাংলাদেশে এসেছিলেন। সেবার হাত বাড়িয়ে দিয়েছেন মানুষের প্রতি। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহতদের সেবা করেছেন জীবনের মায়াত্যাগ করে।

    দেশ স্বাধীনের পরও তিনি বাংলাদেশ ছেড়ে যাননি। তিনি ভালোবেসেছেন এখানকার মানুষকে। তাইতো মৃত্যুর পরও যেন তাকে বরিশালের মাটিতে সমাধিস্থ করা হয়, সেই সিদ্ধান্ত নিয়েছেন লুসি। প্রতিবছর ভিসা নবায়ন ফি দিতে সমস্যা হওয়ার ফলে ভিসা নবায়ন ফি মওকুফ সহ বাংলাদেশী নাগরিকত্বের জন্য দাবী জানিয়েছিলেন তিনি।

    ইতিপূর্বে জেলা প্রশাসন থেকে তার লুসির এ আবেদন পররাষ্ট্রমন্ত্রনালয়ে পাঠানো হয়েছিলো।তবে এটা তাদের আওতাভুক্ত না হওয়ায় কোন ফলাফল পাওয়া যায়নি। বর্তমান জেলাপ্রশাসক আসার পরপরই নতুন করে আবেদন তৈরি করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে তা পাঠান। যার কয়েকসপ্তাহের মধ্যেই লুসি হল্টের ভিসা ফি মওকুফ করে ১৫ বছরের অগ্রিম ভিসা প্রদান করা হয়। উল্লেখ্য, ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে জন্মগ্রহণ করা লুসির বাবা জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট।

    ১৯৪৮ সালে উচ্চমাধ্যমিক পাস করা লুসির বড় বোন রুট অ্যান রেভা ফেলটন স্বামী ও তিন ছেলে নিয়ে ব্রিটেনেই বসবাস করেন। লুসি ১৯৬০ সালে প্রথম বাংলাদেশে আসেন এবং যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশনে। কর্মজীবন থেকে ২০০৪ সালে অবসরে যাওয়া লুসিএখনও দুঃস্থ শিশুদের মানসিক বিকাশ ও ইংরেজি শিক্ষা দেয়ার পাশাপাশি শিশুদের জন্য তহবিলও সংগ্রহ করছেন।