Blog

  • রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

    একুশতম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকেলে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

    ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি  জাতীয় সংসদের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর আগে, আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এছাড়া মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৭ ফেব্রুয়ারি। এরপর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।

    প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৮। দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচনে এমপিরাই ভোট দিতে পারবেন। কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চাইলে কোনো সংসদ সদস্যের সমর্থনেই মনোনয়ন নিতে হয়। আর সিইসি সে নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তার ভূমিকা পালন করবেন।

  • মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী আজ

    মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী আজ

    বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)। মধু কবি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।

    মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।

    মধুকবি তার বিশাল প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাংলা সাহিত্যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই। অসাধারণ প্রতিভাধর এই কবি তার সৃষ্টিশীলতায় বাংলা সাহিত্যের ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর।

    মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত কলকাতায় ওকালতি করতেন। মা জাহ্নবী দেবী সাধ্বী ও গুণশালিনী নারী ছিলেন। মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয় সাগরদাঁড়িতেই। ১৩ বছর বয়সে মধুসূদন চলে যান কলকাতায়। ধর্মান্তরিত হলে মাইকেল মধুসূদনকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হতে হন। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় কপর্দকশূন্য করুণ অবস্থায় মৃত্যু হয় কবির।

    বিস্ময়কর প্রতিভার অধিকারী মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবির জন্মভিটা সাগরদাঁড়িতে ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা। শেষ হবে ২৬ জানুয়ারি। মেলার সমাপনী দিনে মধুসূদন পদক প্রদান প্রদান করা হবে। মধুমেলা উপলক্ষে সাগরদাঁড়ি সেজেছে বর্ণিল সাজে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোরের জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ উপলক্ষে দেয়া এক বাণীতে বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। জন্মভূমির প্রতি কবির গভীর অনুরাগ আগামী প্রজন্মের জন্য দেশপ্রেমের চিরন্তন উৎস হয়ে থাকবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে দেয়া এক বাণীতে বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। কালজয়ী এ সাহিত্যিকের লেখনীতে ফুটে উঠেছে বাঙালির স্বাধীনচেতা মনোভাব।

    ১৯৭৩ সাল থেকে মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়িতে তার জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়ে থাকে। ২০ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

  • দুধের কিছু অজানা ব্যবহার

    দুধের কিছু অজানা ব্যবহার

    যে কোনো বয়সে সুস্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম ও প্রোটিনসমৃদ্ধ দুধ অনেক বেশি কার্যকরী। তবে দুধের অন্য অনেক ব্যবহার আছে যা আমাদের কাছে অজানা। হ্যাঁ, পান করা বা মজাদার খাবার তৈরি করা ছাড়াও দুধের আরও কিছু ভিন্ন ব্যবহার আছে।

    ১। পোকার কামড় সারিয়ে তুলতে
    যে কোনো পোকার কামড় ব্যথাময়। পোকার এই ব্যথা জ্বালাপোড়া সারিয়ে তুলতে পারবেন দুধ দিয়ে। দুধ এবং লবণ দিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি পোকার কামড়ের স্থানে লাগান। এই মিশ্রণটি ত্বকের চুলকানি কমানোর পাশাপাশি ফোলাভাব কমিয়ে দেবে।

    ২। চামড়ার জিনিস চকচকে করতে
    চামড়ার জিনিসপত্র দ্রুত উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এই উজ্জ্বলতা ফিরে আনতে দুধের জুড়ি নেই। একটি কাপড় দুধে ভিজিয়ে সেটি দিয়ে চামড়ার জিনিসপত্র মুছে ফেলুন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেল দেখবেন আগের মত সাইন করছে।

    ৩। আসবাবপত্র পরিষ্কার করতে
    স্প্রে বোতলে দুধ এবং লেবুর রস একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। কাঠের আসবাবপত্রের উপরে স্প্রে করুন। দুধ আসবাবপত্র থেকে ধুলাবালি ময়লা দূর করে আসবাবপত্রে উজ্জ্বলতা বৃদ্ধি করে।

    ৪। ফ্রিজে রাখা মাছের স্বাদ ফিরিয়ে আনতে
    অনেক সময় ডিপ ফ্রিজে কাঁচা মাছ রয়ে যায়। বেশিদিন ফ্রিজে থাকার ফলে মাছের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই সমস্যা দূর করে দেবে দুধ। ফ্রিজ থেকে মাছ বের করে ঠান্ডা ছাড়িয়ে মাছ দুধ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর রান্না করুন। দেখবেন মাছের স্বাদ ফিরে এসেছে এবং গন্ধও নেই একেবারে।

    ৫। কাপড় থেকে দাগ তুলতে
    কাপড় থেকে দাগ তুলতে ব্যবহার করতে পারেন দুধ। কিছুটা অদ্ভুত শোনালেও দুধ দাগ দূর করতে বেশ কার্যকর। কলমের কালি দাগের উপর কিছুটা দুধ দিয়ে দিন কিছুক্ষণ ঘষুন। এই দুধে কাপড়টি সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ধুয়ে ফেলুন।

    সূত্র: রেমিডিস এন্ড হার্বস

  • নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

    নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

    পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থার বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

    বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। যা আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে দায়িত্ব পালনকারী আইজিপি এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদও শেষ হচ্ছে ওইদিন।

    ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাবেদ পাটোয়ারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন ১৯৮৬ সালে। ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা চাকরিতে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে বর্তমানে পুলিশের সর্বোচ্চ পদের এক ধাপ নিচে অতিরিক্ত মহাপরিদর্শক পদে কর্মরত। তার চাকরির মেয়াদ ২০২০ সালের এপ্রিল পর্যন্ত।

    এর আগে, ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে যথেষ্ট পরিচিতি রয়েছে তার। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের ওপর লেখা গ্রন্থ কারাগারের রোজনামচার বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

  • জাপানের আকাশে রহস্যময় ধোঁয়া!

    জাপানের আকাশে রহস্যময় ধোঁয়া!

    জাপানের কিউশু দ্বীপে সম্প্রতি অদ্ভুত এক আকাশযান দেখতে পান স্থানীয়রা। রাতের আকাশে অজানা এক আকাশযান পুরো আকাশে আলোর রেখা টেনে চলে যায়। ভোরের আলো ফোটা পর্যন্ত সেই রহস্যময় ধোঁয়ার রেখা দেখতে পান স্থানীয়রা।

    আর সেই দৃশ্যকে ঠিকই ধরে রেখেছেন স্থানীয়রা। এদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছেড়েও দেন। এরপরই ভাইরালে পরিণত হয় ঘটনাটি।

    এ ব্যাপারে অনেকেই অনেক মন্তব্য করেছেন। তবে অধিকাংশের মতামত ছিল এটা ভিনগ্রহের যান না হয়েই যায় না! আবার অনেকের মতে, এটা যুদ্ধবিমান। প্রচণ্ড গতিতে যাওয়ায় পেছনে ধোঁয়ার রেখা ফেলে গেছে।

    তবে আবহাওয়া সংবাদে বলা হয়, ওই রাতে কিমোটসুচি শহরের কাছে অবস্থিত ‘উচিনোরা স্পেস সেন্টার’ থেকে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এপসিলন ৩ (Epsilon-3) নামের রকেটটি মহাকাশে পাড়ি দেয়।

    অবশ্য কেউ কেউ বলেছিলেন, সেই রকেট সন্ধ্যায় উৎক্ষেপণের কথা! তাহলে এতো রাতে কেন তার ধোঁয়া দেখা যাবে? এ ব্যাপারে মহাকাশ সংস্থা জানায়, সেদিন খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে রকেটটিকে উৎক্ষেপণ করা হয়।

  • চেলসিকে কাঁদিয়ে ফাইনালে আর্সেনাল

    চিলিয়ান তারকা আলেক্সিস সানচেজ ছাড়া নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই শক্তিমত্তার জানান দিল আর্সেনাল। ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের ফিরতি পর্বের হাইভোল্টেজ ম্যাচে পিছিয়ে থেকেও চেলসির বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

    এমিরেটস স্টেডিয়ামে ৭ মিনিটেই চেলসিকে লিড এনে দেন ইডেন হ্যাজার্ড। পাঁচ মিনিট বাদে চেলসিরই জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে আর্সেনাল। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৬০ মিনিটের মাথায় গানারদের হয়ে জয়সূচক গোল উদযাপন করেন সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা।

    নির্ধারিত সময়ের আগে আর ম্যাচে ফিরতে পারেনি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

    এর আগে, স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত চেলসি ও আর্সেনালের মধ্যকার প্রথম লেগের খেলা গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়।

    উল্লেখ্য, শিরোপা নির্ধারণীতে ছন্দে থাকা ম্যানচেস্টার সিটির সামনে পড়বে গানাররা। শেষ চারে দুই লেগ (২-১ ও ৩-২) মিলিয়ে ব্রিস্টল সিটিকে ৫-৩ অ্যাগ্রিগেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পেপ গার্দিওলার ম্যানসিটি।

  • পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত, আহত দুই পুলিশ সদস্য

    পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত, আহত দুই পুলিশ সদস্য

    ময়মনসিংহে পুলিশের গুলিতে নাঈম (২২) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারী চক্রের হামলায় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল রাশেদ আহত হয়েছেন।

    বুধবার ভোররাতে নগরীর পাটগুদামস্থ পিবিআই অফিসের উল্টো দিকে বালুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ খসরু (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে।

    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ক’দিন আগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহতের ঘটনায় জড়িত ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ করে ছিনতাইকারীরা। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা এ সময় গুলি চালালে ঘটনাস্থলেই নাঈম (২২) নামে এক ছিনতাইকারী নিহত হন। আহত হয় দুই পুলিশ সদস্য।

    ওসি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রেস কনফারেন্স করবেন। সেখানে এ অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

  • শাহজালালে ২৩২ লাখ টাকার স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

    শাহজালালে ২৩২ লাখ টাকার স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে পাঁচ কেজি স্বর্ণসহ মোস্তফা কামাল নামে এক বিমান কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

    বুধবার দিবাগত রাতে সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। মোস্তফা কামাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতা কর্মী।

    কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া স্বর্ণের দাম আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা।

    ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদু্ল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে আটক করা হয়। তাঁর পরনে জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম।

  • সালমান খানকে বিয়ে করতে চান পপি

    সালমান খানকে বিয়ে করতে চান পপি

    বলিউড সুপারস্টার সালমান খানকে বিয়ে করতে চান ঢালিউড নায়িকা পপি।  গতকাল বুধবার একুশে টিভির একটি অনুষ্ঠানে তিনি এ ইচ্ছা পোষণ করেন।

    নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটির র‌্যাপিড প্রশ্নোত্তর পর্বে পপি বলেন, সালমান খানকে বিয়ে করতে চাই, তবে শাহরুখ খানকেও ভাল লাগে।

    পপি অারও জানান, পর্দার বাইরে এখনও প্রেম করার সময় পাননি তিনি।  তবে অভিনয় করতে করতে প্রেমের প্যাশন কিছুটা অনুভব করতে পারেন তিনি।

  • সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় বিজিবির ‘সার্ভেইল্যান্স সিস্টেম’

    সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় বিজিবির ‘সার্ভেইল্যান্স সিস্টেম’

    বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী ৫১১ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর ওই এলাকাজুড়ে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ‘কমান্ড’ স্তরের নজরদারি নিশ্চিত করতে ‘সার্ভেইল্যান্স সিস্টেম’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। শক্তিশালী করা হয়েছেসীমান্ত রক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থাও। একই সঙ্গে এই বাহিনীর স্বতন্ত্র এয়ার উইংয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে মাদকের আবাধ প্রবেশ ও চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দেওয়া তথ্য ও জাতীয় সংসদে পাঠানো মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ ৫১১ কিলোমিটার সীমান্তকে আগামী তিন বছরের মধ্যে সার্ভেইল্যান্স সিস্টেমের আওতায় আনা সম্ভব হবে। ড্রোন, রাডার, থার্মাল ক্যামেরা, ভিডিও ক্যামেরাসহ বিভিন্ন সেন্সর সমৃদ্ধ এই সিস্টেমের বদৌলতে বিজিবির বিভিন্ন ‘কমান্ড’ স্তর থেকে ওই সব এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি রাখা সম্ভব হবে।

    যশোরের পুটখালীর সাত কিলোমিটার স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যে এই সিস্টেম স্থাপন করা হয়েছে। টেকনাফ সীমান্তের ৯ কিলোমিটার এলাকা এর আওতায় আনার কাজ চলছে। এ ছাড়া টেকনাফের আরো ১৮ কিলোমিটার এবং নওগাঁর হাপানিয়ার ১৪ কিলোমিটারে সার্ভেইল্যান্স সিস্টেম বসানোর কাজও শিগগিরই শুরু হবে। বর্তমানে সদর দপ্তরসহ বিজিবির পাঁচটি রিজিওনাল সদর দপ্তর, ১৪টি সেক্টর সদর দপ্তর, বর্ডার গার্ড ট্রেইনিং সেন্টার অ্যান্ড স্কুল, পাঁচটি বর্ডার গার্ড হাসপাতাল এবং আটটি ব্যাটালিয়ন সদরসহ মোট ৩৩টি ইউনিটে ভিডিও কনফারেন্স সুবিধা চালু রয়েছে। শিগগিরই অবশিষ্ট ইউনিটগুলোও এ সুবিধা পাবে। এ ছাড়া বিজিবির সব আইসিপি ও ল্যান্ডপোর্টকে সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিজিবির গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। চারটি সেক্টর ও চারটি রিজিওনাল ইন্টেলিজেন্স ব্যুরো স্থাপন করা হয়েছে। নতুন অনুমোদিত ১৫টি ব্যাটালিয়ন স্থাপনের মাধ্যমে বিজিবি পুনর্গঠনের প্রথম পর্ব শেষ হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি বিবেচনা করে বিজিবির বিদ্যমান জনবল কাঠামো দিয়ে কক্সবাজারে একটি অ্যাডহক রিজিয়ন সদর দপ্তর স্থাপন করা হয়েছে। সময়োপযোগী ও আধুনিক শক্তিশালী বাহিনীতে রূপান্তরে অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্বতন্ত্র এয়ার উইংয়ের অনুমোদন দিয়েছে সরকার, যা তৈরির কাজ পূর্ণগতিতে এগিয়ে চলছে। চট্টগ্রামের সাতকানিয়ায় ওই এয়ার উইংয়ের হেলি বেস নির্মাণের কাজ শুরু হয়েছে।