Author: banglarmukh official

  • নদী ভাঙ্গনে হুমকির মুখে লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়।

    নদী ভাঙ্গনে হুমকির মুখে লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়।

    কাজী সাইফুলঃ

    বাকেরগঞ্জের পাতাবুনিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে বিলিন হবার পথে ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়টি। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ১৯৯৫ সালে এম পি ও ভূক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে চৌদ্দজন শিক্ষক – শিক্ষিকা ও তিন শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত।

    এক সময়ের বিশাল মাঠটি ইতিমধ্যেই নদীগর্ভে বিলিন হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সাথে আলাপ কালে তারা জানান ৩/৪ বছর ধরে নদী ভাঙ্গনে স্কুলের মাঠ, পার্শ্ববর্তী সরকারি মেডিকেল সহ অনেক স্থাপনা এরই মধ্যে নদীগর্ভে বিলিন হয়েছে। এ ব্যপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনেকবার আবেদন জানালেও অদ্যাবধি কেউ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

    বিদ্যালয়ের উন্নয়নের জন্য নেই কোন বরাদ্দ। বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন থেকে নলুয়া ইউনিয়নে প্রবেশের ফেরিঘাট সংলগ্ন মনোরম পরিবেশে গড়ে ওঠা এ বিদ্যালয়ের রয়েছে বহু ঐতিহ্য । দীর্ঘ দিন পরে বাকেরগঞ্জের মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম স্কুলটি পরিদর্শনে এলে বিষয়টি তারও নজরে আসে। তিনি স্কুলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষন করে এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের চেষ্টা চালাবেন বলে জানান ।

    বর্তমান পরিস্থিতিতে যে কোন মূহুর্তে বিলিন হয়ে যেতে পারে বিদ্যালয়ের মূল দ্বিতল ভবনটি। বন্ধ হয়ে যেতে পারে এলাকার একমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম। স্কুলের শিক্ষার্থী, অভিবাবকসহ এলাকাবাসী এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের পাশাপাশি নদী ভাংঙ্গন রোধে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্হা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।

  • উস্কানিমূলক পোস্ট শনাক্তে সাইবার ক্রাইম মনিটরিং সেল হচ্ছে

    উস্কানিমূলক পোস্ট শনাক্তে সাইবার ক্রাইম মনিটরিং সেল হচ্ছে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট, গুজব ও ভিডিও প্রচারকারীকে শনাক্ত করতে সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।  

    বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের (নোয়াখালী-৩) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে কোনো গোষ্ঠী বা দল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে যে সুনাম অর্জন করেছে তা ধরে রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। যারা সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনের (ঝালকাঠি-১) অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে চলছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    প্রধানমন্ত্রী বলেন, অপরাধ নিয়ন্ত্রণে স্পর্শকাতর স্থানসমূহে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিকশা তল্লাশিসহ উক্ত যানবাহনের যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া দেশের অভ্যন্তরে মাদকদ্রব্য অনুপ্রবেশ রোধে নৌ, সড়ক ও রেলপথে চোরাচালানের সম্ভাব্য রুটসমূহে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

  • মাদাম তুসোয় সানি লিওনের মূর্তি

    মাদাম তুসোয় সানি লিওনের মূর্তি

    পর্নস্টার থেকে বলিউডের স্টার হয়ে যাওয়া সানি লিওন এবার মোমের মূর্তি হচ্ছেন। দিল্লিতে মাদাম তুসোর মিউজিয়ামে বসছে সানি লিওনের মূর্তি। যে মাদাম তুসোয় অমিতাভ বচ্চন, অনিল কাপুরদের মত তারকাদের মূর্তি আছে তাদের পাশেই বসানো হবে সানি লিওনের মূর্তি।

    সানি লিওনের বড় ভক্ত দর্শকরা। তার সঙ্গে একটা সেলফি তোলার জন্য ব্যাকুল হয়ে থাকা দর্শকদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। ভারতসহ গোটা বিশ্বে অগণিত ভক্তের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে এই মূর্তি, এমনটিই জানালেন মাদাম তুসোর কর্তৃপক্ষ।

    অভিনেত্রী সানি লিওন (Sunny Leone) মঙ্গলবার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দিল্লীর মাদাম তুসোতে এসে নিজের মোমের মূর্তি উদ্বোধন করেছেন। এ সময় অভিনেত্রী জানিয়েছিলেন যে, নিজের মোমের মূর্তি দেখে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছেন। তিনি বলেন, ‘আমি খুবই খুশি এবং নিজের মূর্তি দেখে আপ্লুত।’ অনেক মানুষ মিলে অনেকটা সময় কাজ করে আমার মূর্তিটাকে যথাযথ আকার দিয়েছে। ওদের পরিশ্রম সত্যিই অতুলনীয়। সত্যিই এটা একটা দারুণ অনুভূতি। আমাকে এই অনন্য সন্মানে ভূষিত করায় আমি আপ্লুত’।

    ইনস্টাগ্রামে সানির (Sunny Leone) শেয়ার করা একটা ভিডিওতে দেখা গেছে, মাদাম তুসোর বিশেষজ্ঞরা সানির দেহের মাপ ও ছবি তুলে নিচ্ছে। ভিডিওর ক্যাপশনে সানি লিখেছিলেন, ‘আমি আজকের অন্যান্য সমস্ত ছবি শেয়ার করার আগে আমার মাদাম তুসো দিল্লী ফিগার তৈরি দেখে নিন!’

    সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজের স্ত্রীর প্রাপ্ত মর্যাদার জন্য অত্যন্ত গর্বিত, একটা নোট লিখে তিনি জানিয়েছেন, ‘সানি লিওনের জন্য আমি কতটা খুশি ও গর্বিত তা বলার কোনও ভাষা আমার জানা নেই। এবার থেকে চিরকাল তুমি মাদাম তুসোয় থাকবে! আমাদের চলার পথে যত বাধা এসেছে আমরা সমস্ত অতিক্রম করতে পেরেছি! তুমি একজন প্রকৃত আইকন! চিরকাল’।

    সানি লিওন একজন অ্যাডাল্ট ছবির তারকা হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন। বিগ বস তাকে বলিউডে প্রবেশের পথ তৈরি করে দেয়। জিসম 2, জ্যাকপট, রাগিনী এমএমএস 2, এক পেহেলী লীলা ইত্যাদি তাঁর অভিনীত বিখ্যাত ছবি। তার জীবন কাহিনী অবলম্বনে করণজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন ওয়েব সিরিজ শুরু হয়েছে।

  • আমি কখনোই গণমাধ্যমের সহযোগিতা পাইনি: প্রধানমন্ত্রী

    আমি কখনোই গণমাধ্যমের সহযোগিতা পাইনি: প্রধানমন্ত্রী

    সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও গণমাধ্যমের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কাজ করে যাচ্ছি দেশের জন্য। তবে এটা আমি ব্যক্তিগতভাবে বলবো যে, আমি কখনোই ওভাবে খুব একটা সংবাদমাধ্যম বা সাংবাদিকদের সহযোগিতা পাইনি, প্রচার পাইনি। হয়তো বা সেটা যারা মালিক থাকেন, তাদের কারণে। তবে সাংবাদিকদের সঙ্গে সবসময় আমার ভালো একটা সম্পর্ক রয়েছে।

    আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত সাংবাদিক ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময়ে মানুষের কথা বলার অধিকারসহ সব ধরনের অধিকারই হরন করা হয়েছিল। তারা ক্ষমতায় এসে প্রথমেই রাজনীতিবিদদের মুখে কালি দেয়। পরে নিজেদের উর্ধ্বক্রিয়ায় নিজেরাই ফেঁসে যায়।

    তিনি আরো বলেন, আমরা যখন প্রথম ৯৬ সালে ক্ষমতায় আসি, তখন থেকেই উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রুল-মডেল হিসাবে স্বীকৃত।

    শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে। আমরা আন্তরিকতার সঙ্গে সে লক্ষ্যে কাজ করছি।

    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রজীবন থেকেই সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রথমেই ইত্তেহাদ নামে একটা পত্রিকা আসে, তারপর মিল্লাত পত্রিকা ও এরপর ইত্তেফাক পত্রিকা বের হলো। তিনি সবসময় এসব পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী এমপি প্রমুখ।

  • প্রেমের টানে ঘর ছেড়ে লাশ হল কিশোর-কিশোরী

    প্রেমের টানে ঘর ছেড়ে লাশ হল কিশোর-কিশোরী

    প্রেমের টানে ঘর ছেড়ে কুড়িগ্রামে দুই কিশোর-কিশোরীর নিহত হয়েছে। নিহতরা হল- সেলিনা আক্তার (১৪) ও কিশোর জাহাঙ্গীর আলম (১৬)।

    সেলিনা কুড়িগ্রাম পৌর এলাকার ডাকুয়াপাড়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। সে আমিন উদ্দিন দ্বিমুখী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং জাহাঙ্গীর পূর্বকল্যাণ গ্রামের সৈয়দ আলীর ছেলে। সে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

    বুধবার ভোরে সদর উপজেলার বিসিক শিল্পনগরীর কাছে নলেয়ারপাড় এলাকায় পরিত্যক্ত সেচ পাম্পের পাশ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    স্থানীয়রা জানান, নিহত দুজনকে সাইকেলে করে মঙ্গলবার ঘুরতে দেখেছেন অনেকেই। স্থানীয়দের ধারণা, প্রেমের সম্পর্ক থেকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তারা বের হয়েছিল।

    ভোরে ওই স্থানে তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

    কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম জানান, সদর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। মরদেহ দুটির গলায় ওড়না পেঁচানো ছিল।

    সুরতহাল রির্পোট অনুযায়ী, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • চিকিৎসার জন্য আফজালকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

    চিকিৎসার জন্য আফজালকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

    অবশেষে অসুস্থ অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডেকে অনুদানের চেক তুলে দেন ঢাকাই চলচ্চিত্রের এ জনপ্রিয় কমেডি অভিনেতার হাতে।

    প্রায় পাঁচ শতাধিক সিনেমার অভিনেতা আফজাল শরীফ প্রায় চার বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন। যে কারণে এখন আর অভিনয় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কিছুদিন পরপর থেরাপি নিতে হয় আফজালকে। চিকিৎসার জন্য মোটা অংকের টাকা ব্যয় করতে হচ্ছে বিধায় আফজাল শরীফ প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সম্প্রতি সহায়তা চেয়েছিলেন।

    এ জন্য গত ১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জিএম সৈকত আবেদনসহ আফজাল শরীফকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেদিন আফজাল শরীফের চিকিৎসার সহায়তার জন্য আবেদনটি জমা দেওয়া হয়।

    এরপরই বুধবার ডেকে আফজাল শরীফের হাতে অনুদানের এ অর্থ তুলে দিলেন প্রধানমন্ত্রী।

  • শহিদুল আলমের জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি আগামী সপ্তাহে

    শহিদুল আলমের জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি আগামী সপ্তাহে

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন চেয়ে করা আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে। তার জামিন চেয়ে করা আবেদনটি আগামী রোববার কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন আদালত।

    বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনটি উপস্থাপন করা হয়। আদালত তখন এ মামলার শুনানির জন্য আগামী সপ্তাহ নির্ধারণ করেন। আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

    এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ ওই মামলায় শহিদুল আলমের জামিন নামঞ্জুর করেন। এর পর গত সোমবার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।

    উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উসকানিমূলক মিথ্যা প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় গত ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগে ৫ আগস্ট রাতে ধানমণ্ডির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবি। সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।

  • র‌্যাবের নতুন এডিজি কর্নেল জাহাঙ্গীর

    র‌্যাবের নতুন এডিজি কর্নেল জাহাঙ্গীর

    র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হিসেবে নিয়োগ পেয়েছেন কর্নেল মো. জাহাঙ্গীর আলম।

    মঙ্গলবার র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) হিসেবে তিনি কর্নেল মো. আনোয়ার লতিফ খানের স্থলাভিষিক্ত হন।

    কর্নেল জাহাঙ্গীর আলম, কর্নেল স্টাফ, ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল সেনানিবাস নিযুক্তি হতে প্রেষণে র‌্যাব ফোর্সেসে যোগদান করেন। ইতোপূর্বে তিনি র‌্যাব-১১ এর অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

    কর্নেল জাহাঙ্গীর গত ১৬ ডিসেম্বর ১৯৯৩; ২৯তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি ৫৫ এবং ১৬ ইস্ট বেঙ্গলের বিভিন্ন পদসহ ৩৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

    এছাড়া তিনি একটি পদাতিক ব্রিগেডে জিএসও-৩ (অপস), সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদফতরের জিএসও-২ (অপস) এবং পদাতিক পরিদফতরের জিএসও-১ এর দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি আর্মস ফোর্সেস ডিভিশন (এএফডি) এর জিএসও-১ (জয়েন্ট অপারেশন) এর দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে কুয়েত সেনাবাহিনীতে তিন বছর প্রেষণে কর্মরত ছিলেন। তিনি স্কুল অব ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাকটিকস, জালালাবাদ সেনানিবাস, সিলেট এ রণকৌশল বিভাগের প্রশিক্ষক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির জেন্টেলম্যান ক্যাডেটদের প্রশিক্ষক (প্লাটুন কমান্ডার) হিসেবে নিযুক্ত ছিলেন।

    কর্নেল জাহাঙ্গীর দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র হতে কাউন্টার টেরোরিজম কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি তুরস্ক হতে তার্কিস ভাষাসহ কোম্পানি কমান্ডার কোর্স সম্পন্ন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্ক ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, রাশিয়া, ভারত এবং শ্রীলঙ্কা হতে প্রশিক্ষণ অংশগ্রহণ করেন।

    কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, পেশাদারিত্ব, বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসা এ কর্মকর্তা গতবছরের ১১ জানুয়ারি কর্নেল পদে পদোন্নতি পেয়ে ১৯ পদাতিক ডিভিশন, ঘাটাইল সেনানিবাসে কর্নেল স্টাফ হিসেবে নিযুক্ত ছিলেন।

  • ‘আমার মতো উপদেষ্টা থাকলে খালেদার একটি চুলও কেউ স্পর্শ করতে পারতো না’

    ‘আমার মতো উপদেষ্টা থাকলে খালেদার একটি চুলও কেউ স্পর্শ করতে পারতো না’

    টাঙ্গাইলের সখীপুরে বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

    মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাকবাংলো চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি জানান। তিনি বলেন, মামলায় উল্লেখিত তিন টুকরো পাটকেল আর দেড় ফুটের দু’খন্ড রড ও কাঠের টুকরো দিয়ে কখনো নাশকতা হয় না। তাই আমি শুধু আমার দলের নেতার নাম বাদ দিতে বলবো না, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলারও প্রত্যাহার চাই।

    এছাড়াও খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ওই রকম উপদেষ্টা আছে বলেই খালেদা জিয়া জেলখানায়। আমার মতো উপদেষ্টা থাকলে খালেদার একটি চুলও কেউ স্পর্শ করতে পারতো না।’

    প্রতিবাদ সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, জেলা কমিটির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম সালেক হিটলু, সহসভাপতি আবদুল হালিম সরকার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ বক্তব্য দেন।

    উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সখীপুর থানা পুলিশ বিএনপির ১৬ জন ও কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা করে। ওই মামলার প্রতিবাদেই উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিবাদ সভার আয়োজন করে। ইতিমধ্যে ওই মামলার ছয় আসামিকে (বিএনপি নেতা) পুলিশ গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

    মামলার বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের ওই নেতার নাম মামলায় ভুল করে লেখা হয়েছে। প্রকৃতপক্ষে বিএনপির শামীম নামের এক নেতার নামের স্থলে তার নাম উঠেছে। মামলাটির সংশোধনী পাঠানো হয়েছে।

  • বিএনপির আরেক নাম হচ্ছে ‘মানি না মানবো না’: সেতুমন্ত্রী

    বিএনপির আরেক নাম হচ্ছে ‘মানি না মানবো না’: সেতুমন্ত্রী

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আরেক নাম হচ্ছে ‘মানি না মানবো না’। বিএনপি এখন দিবাস্বপ্ন দেখতেই পারে। তবে বেশি দেরি নেই এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার। কারণ তাদের স্বপ্নের সাথে জনগণের কোনো সংযোগ নেই। জনগণ যদি সাড়া না দেয় তাহলে তারা আন্দোলন করবে কাকে নিয়ে? এ ছাড়া ‘নালিশ পার্টি’ হিসেবে তো তাদের সুপরিচিতি আছেই।

    আজ বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গাঙচিল’ চলচ্চিত্রের মহরত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    বিএনপি নেতা মওদুদ আহমেদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিএনপি একমাসের মধ্যে বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখছে। দশ বছর ধরেই তো তারা এই চেষ্টা চালাচ্ছে। জনগণ বিএনপির কোনো আন্দোলনে সাড়া দেয়নি। দশ বছরে যেটা পারেননি আগামী একমাসে তা পারবে- সেটা পাগলেও বিশ্বাস করবে না। এটা একটা হাস্যকর বিষয়।

    কাদের আরও বলেন, বিদেশিদের কাছে কান্নাকাটির পর্ব শেষ করে সর্বশেষে জাতিসংঘে গিয়েও নালিশ করলো। জাতিসংঘে কান্নাকাটি করে বাংলাদেশকে ছোট করলো, অসম্মান করল। বিএনপি দেশের জনগণ ও গণতন্ত্রকে অপমান করলো।

    সেতুমন্ত্রী বলেন, পার্লামেন্টের বাইরের কেউ নির্বাচনকালীন সরকারে থাকবে না। নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে। নির্বাচনের মূল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। সরকার নির্বাচন পরিচালনায় কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে।

    এ সময় আরো বক্তৃতা করেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিবিষয়ক আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম প্রমুখ।