Author: banglarmukh official

  • জঙ্গি দমনে রাজশাহীতে নামছে সিআরটি

    জঙ্গি দমনে রাজশাহীতে নামছে সিআরটি

    রাজশাহী সংলগ্ন ভারতীয় সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বেশ কয়েকজন সদস্য গ্রেফতার হয়েছেন পদ্মার দুর্গম চরাঞ্চল থেকে।

    এরাই সীমান্তের বাসিন্দাদের আশ্রয়-প্রশ্রয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানেও থামছে না তাদের কার্যক্রম।

    তবে জঙ্গিবাদসহ যে কোনো অপরাধ দমনে আসছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ টিম। আমেরিকার বিখ্যাত বাহিনী সোয়াত টিমের আদলে গঠন করা হয়েছে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) নামে দলটি।

    নগর পুলিশ বলছে, জঙ্গি দমনে পুলিশের এই বাহিনী বিশেষ ভূমিকা রাখবে। এছাড়াও মাদক চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংসতা মোকাবিলায় প্রস্তুত থাকবে এ টিম। টিমের ২৪ সদস্যকে যে কোনো অপারেশন পরিচালনায় দক্ষ করে গড়ে তোলা হয়েছে।

    আরএমপির মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, ২৪ সদস্যের এ দলটির নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত উপ-কমিশনার। এছাড়া দুইজন করে সিনিয়র সহকারী কমিশনার ও পুলিশের পরিদর্শক থাকবেন দলে।

    এর পাশাপাশি থাকবেন পাঁচজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী সহকারী উপ-পরিদর্শক ও ১৩ জন চৌকষ কনস্টেবল। দল গঠন শেষ। যে কোনো সময় মাঠে নামতে প্রস্তুত বিশেষ এই দলটি।

    তিনি আরও জানান, গত ৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত একমাস এ দলের সদস্যরা জর্ডানে ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি টেররিজম অ্যাসিসট্যান্স (এটিএ) তাদের তত্ত্বাবধান করেছে।

    এ দিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্তারা বলছেন, রাজশাহীর গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ এবং চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি সীমান্তজুড়ে প্রায়ই জঙ্গিদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের ধরতে এপারে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর হলে কাঁটাতার পেরিয়ে জঙ্গিরা সহজেই চলে যান সীমান্তের ওপারে।

    এখানকার সীমান্তপথে বছরজুড়েই মাদক পাচার হচ্ছে। আর এ সুযোগে জঙ্গিরা ভারত থেকে অস্ত্র, গানপাউডার, বিস্ফোরক ও গুলি আনছে। এই পথে জাল টাকাও ভারতে যাচ্ছে। এলাকা দুর্গম হওয়ায় অভিযানও চালানো যাচ্ছে না সময়মতো। তবে যে কোনো সময় এখানেও অভিযানে নামতে পারে সিআরটি।

    এদিকে, ভারতীয় সীমান্ত ঘেঁসা গোদাগাড়ী উপজেলার দক্ষিণ পাশের পদ্মার চরাঞ্চল সাহেবনগর, চর বয়ারমারী, চর নওশেরা ঘুরে জানা গেছে, এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। কিন্তু এ পেশার আড়ালে অনেকেই মাদক পাচার ও মানবপাচারে জড়িত।

    দক্ষিণ-পশ্চিমের চর আলাতুলির কোদালকাঠি, পোলাডাঙ্গা ও বগচর এলাকা সীমান্ত অপরাধের স্বর্গরাজ্য। সীমান্তের সোনাইকান্তি ও খরচাকা এলাকা মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচারের অন্যতম রুট।

    র্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম জানিয়েছেন, সীমান্ত এলাকায় আগের চেয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাঝেমধ্যেই এসব এলাকায় অভিযান চালানো হচ্ছে।

    জানতে চাইলে রাজশাহীর বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার বলেন, সীমান্তে চোরাচালান ও জঙ্গি কার্যক্রম বন্ধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে।

    এ অঞ্চলে জঙ্গিবাদ দমনে সিআরটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদি আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার।

    তিনি বলেন, এ অঞ্চলটি জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ। সম্প্রতি এ অঞ্চলে জঙ্গি কয়েকটি আস্তানার সন্ধানও মিলেছে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে আরএমপিতে বিশেষ এই বাহিনী গঠন করা হয়েছে।

  • যুক্তরাষ্ট্রে গ্যাসের পাইপ লাইনে পরপর ৭০ বার বিস্ফোরণ

    যুক্তরাষ্ট্রে গ্যাসের পাইপ লাইনে পরপর ৭০ বার বিস্ফোরণ

    গ্যাসের পাইপ  লাইনে বিস্ফোরণের জেরে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্রের বস্টন শহরের ওই ঘটনার পর বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, লরেন্স, আন্ডোভার এবং উত্তর অ্যান্ডোভার এলাকায় পর পর ৭০ টি বিস্ফোরণ ঘটেছে।

    পুরো এলাকা বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে। আশেপাশরে বাড়ি থেকে কয়েকশ মানুষকে বের করে নিয়ে এসেছে দমকল বাহিনীর কর্মীরা। বর্তমানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন।

    ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রশাসন। ধোঁয়ার উৎস সন্ধান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। তাছাড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বেশ কয়েকজন অসুস্থ।

    জানা গেছে লরেন্স জেনারেল হাসপাতালে ছয় জনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, কমবেশি ৭০টি  বিস্ফোরণ হয়েছে গ্যাসের পাইপ লাইনে।

    আর তার জেরেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এর মধ্যে কোনো নাশকতার ছক আছে বলে মনে করছে না প্রশাসন। গ্যাসের লাইনে চাপ বেশি হয়ে যাওয়াতেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

  • শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

    শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

    কোনো ঘোষণা ছাড়াই শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা। জানা গেছে, ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু হবে। চলবে টানা কয়েক দিন। নাম নিবন্ধনের কোনো ঘোষণা না এলেও হঠাৎ শোনা গেল বাছাই কার্যক্রমের খবর। কিন্তু এমন কাণ্ড কেন হলো এবার? ঘোষণা দিতে কেন আপত্তি আয়োজকদের?

    গত বছর থেকে অন্তর শোবিজ এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী ঘোষণা ছাড়াই প্রতিযোগিতা শুরুর বিষয়ে বলেন, ‘নিজের টাকা দিয়ে অনুষ্ঠান বানাচ্ছি, ঘোষণা দেওয়ার কী আছে? গত বছর ছিল প্রথমবারের মতো আয়োজন, তাই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলাম।’

    স্বপন চৌধুরী আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে নাকি নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়। বিষয়টা একেবারে নিজেদের মতো করছে তাদের প্রতিষ্ঠান। সারা দেশ থেকে নাকি ৩০ হাজারের মতো প্রতিযোগী এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অনলাইনে নাম নিবন্ধন করেছেন। আজ রাতে তাদের মধ্য থেকে ১২০০ প্রতিযোগীকে বাছাই করা হবে। এই প্রতিযোগীরা আগামী কয়েক দিন বিচারকদের মুখোমুখি হবেন। গ্র্যান্ড ফিনালের জন্য কয়েক ধাপে সেরা ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত করা হবে।

    এর আগে ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসর। গ্র্যান্ড ফিনালের মঞ্চে সেদিন চ্যাম্পিয়ন হিসেবে নাম ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের। পরে চ্যাম্পিয়ন বিবাহিত বলে প্রমাণিত হওয়ায় বিচারকদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন চ্যাম্পিয়ন জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।

  • নেইমারকে নিয়ে এত কথা কেন : পিএসজি সভাপতি

    নেইমারকে নিয়ে এত কথা কেন : পিএসজি সভাপতি

    সবেমাত্র এক বছর হলো বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) গিয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। কিন্তু গত ৬ মাস ধরেই তার দল বদলের গুঞ্জন শুরু হয়েছে। এক্ষেত্রে নেইমারের সম্ভাব্য গন্তব্য হিসেবে বলা হচ্ছে স্প্যানিশ লিগ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম। বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটি ইতিমধ্যে নেইমারকে নিয়ে বেশ কিছু বিবৃতিও দিয়েছে। এতেই চটে গেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

    গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে নেইমার এবং রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে খেলাইফি বলেছেন, ‘আমি এসব মোটেও পছন্দ করি না। আমরা রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা বলেছি। এটা হতাশাজনক। অন্য ক্লাবগুলো আমাদের খেলোয়াড়দের নিয়ে কথা বলে, এটা ঠিক না। আমাদের ভালো একটা সম্পর্ক আছে। তারা পিএসজিকে সম্মান করে। আমরা রিয়াল মাদ্রিদ এবং তাদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে সম্মান করি। আমি মনে করি, পর্দার পেছনে কিছু না করার সবার জন্যই ভালো হবে।’

    ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। এরপর সতীর্থ এডিনসন কাভানিসহ বেশ কয়েজনের সঙ্গে তার বিবাদের সৃষ্টি হয়। দর্শকরাও দুয়োধ্বনি শুনিয়ে দেয় নেইমারকে। এরপরেই স্পেনের সংবাদ মাধ্যমে খবর বের হয়, ২৬ বছর বয়সী নেইমারকে পেতে ৩১ কোটি ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল। তবে গত জুলাইয়ে এসব প্রতিবেদন পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দেয় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

  • মুসলিমদের প্রতিটি বাড়িতে ডিজিটাল পদ্ধতিতে নজরদারি!

    মুসলিমদের প্রতিটি বাড়িতে ডিজিটাল পদ্ধতিতে নজরদারি!

    মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপরে চরম নির্যাতন চালাচ্ছে সরকার। দীর্ঘদিনের নির্যাতন এখন মাত্রা ছাড়িয়ে গিয়েছে বলেও উঠছে অভিযোগ। চীন প্রশাসনের বিরুদ্ধে এমনই অভিযোগ জমা পড়ল জাতিসংঘে। অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

    চীনের জিনজিয়াং প্রদেশে বাস করে উইঘুর নৃগোষ্ঠীর মুসলিমরা। এই সম্প্রদায় চীনে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ। অনেক উইঘুর নৃগোষ্ঠেীর মানুষকে ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলেও শোনা যায়। ক্যাম্পে থাকা ব্যক্তিদের উপরেও চলে নির্মম অত্যাচার।

    হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে উইঘুর সম্প্রদায়ের মানুষদের নির্বিচারে আটক করে নিরাপত্তারক্ষীরা। বাধা দেওয়া হয় নিত্যদিনের ধর্মীয় অনুশাসনে। একই সঙ্গে রাজনৈতিক স্বার্থেও ব্যবহার করা হয় তাঁদের।

    আরও চাঞ্চল্যকর বিষয় হচ্ছে ডিজিটাল উপায়ে সম্প্রতি জিনজিয়াং প্রশাসন উইঘুরদের উপরে কড়া নজরদারি শুরু করেছে। উইঘুর মুসলিমদের প্রতিটি বাড়িতে বসানো হয়েছে কিউআর কোড। এই উপায়ে দূরে থেকেও ডিজিটাল পদ্ধতিতে নজরদারি চালানো হয় প্রতিটি বাড়িতে।

    এই উপায়ে কোন বাড়িতে কে কখন ঢুকছে বা বাইরে বেরোচ্ছে তার উপরে চলে নজরদারি। বাইরে থেকে কেউ আসলেও সেদিকেও নজর রাখে প্রশাসন। কেন আসা হয়েছে? সেই প্রশ্নই করা হয় আগন্তুককে। উত্তর সন্দেহজনক হলেই নিরাপত্তারক্ষীরা তুলে নিয়ে যায়। যদি সন্দেহ দৃঢ় হয় কিন্তু প্রমাণ না মেলে তাহলে ডিএনএ টেস্টের মতো পরীক্ষার সম্মুখীনও হতে হয়।

    স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন যে বাড়িতে সাধারণ গল্প করা হলে বা গান গাইলে সেটাও রেকর্ড করা হয়। প্রশাসনের যদি কিছু বেগতিক মনে হয় তাহলেই চলে নির্যাতন।

    যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি অনৈতিক মনে হচ্ছে না। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যে জিনিজিয়াং প্রদেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ইসলামিক জঙ্গিরা। সেই কারণেই নিরাপত্তাজনিত কারণে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ক্যাম্পে অত্যাচারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে জিনজিয়াং প্রশাসন।

  • জাতিসংঘের সরাসরি সহায়তা চেয়েছে বিএনপি

    জাতিসংঘের সরাসরি সহায়তা চেয়েছে বিএনপি

    আসন্ন একাদশ সংসদ নির্বাচনে জাতিসংঘের সরাসরি সহায়তা চেয়েছে বিএনপি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে সাক্ষাত করে এই সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্র সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    একাধিক সূত্রে জানা গেছে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের দাফন অনুষ্ঠানে যোগ দিতে গুতেরেস ঘানায় অবস্থান করায় সহকারী মহাসচিব জেনকোর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়।

    সাক্ষাতে দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধীদের দমন-পীড়নের অভিযোগ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে থেকে দাবি করা হলেও বিএনপি মহাসচিব এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।

    জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরা সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহাসচিবের আমন্ত্রণে এসেছিলাম। আসন্ন নির্বাচনসহ বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।

    জেনকার সঙ্গে বৈঠকে ফখরুলের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং লন্ডন থেকে আসা সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ূন কবীর। সাক্ষাত শেষে বিএনপি মহাসচিব ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন।

  • জিয়া ১১ হাজার যুদ্ধাপরাধীকে জেল থেকে মুক্ত করেছিলেন

    জিয়া ১১ হাজার যুদ্ধাপরাধীকে জেল থেকে মুক্ত করেছিলেন

    নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধুর আটক করা ১১ হাজার যুদ্ধাপরাধীকে জেল থেকে মুক্ত করে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। তারপর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে নানা ষড়যন্ত্র করছেন।

    শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠ এলাকায় ড্রেজার বেইজ নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, আগুন ও বোমায় অসংখ্য মানুষ হত্যা করে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে খালেদা জিয়া ক্ষমতায় আসতে চেয়েছিলেন। এছাড়া পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি বলেই পাকিস্তান খালেদা জিয়ার ঘাড়ে চেপে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির স্থিতিশীলতা এবং বাংলাদেশের সম্পদ ধ্বংসের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়।

    তিনি বলেন, বাংলাদেশের ভূগর্ভ উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় নদী খনন কাজ চলছে। তাই উন্নয়নের অগ্রগতি ধরে রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত সচিব ভোলানাথ দে, বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র সিবিএ’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

  • লজ্জা ঢাকতে পারছেন না মির্জা ফখরুল : ড. হাছান মাহমুদ

    লজ্জা ঢাকতে পারছেন না মির্জা ফখরুল : ড. হাছান মাহমুদ

    আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, মির্জা ফখরুলদের জাতিসংঘে যাওয়া জনগণকে ধোঁকা দেওয়া ছাড়া অন্য কিছু নয়। তারা জাতিসংঘে গিয়ে জাতিসংঘের সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তা অ্যাসিস্টেন্ট সেক্রেটারির সঙ্গে দেখা করেছেন। এ লজ্জা তিনি ঢাকতেও পারছেন না। এজন্য সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন আপনারা কার সঙ্গে দেখা করেছেন তিনি তখন আমতা আমতা করছিলেন।

    শুক্রবার জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্র, নির্বাচন ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    হাছান মাহমুদ বলেন, ‘জাতিসংঘের মহাসচিব আফ্রিকায়। তারা দেখা করলেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে। আমাদের দেশের মন্ত্রণালয়ের সচিব থাকে, তারপর অতিরিক্ত সচিব, উপ-সচিব, যুগ্ম-সচিব, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অর্থাৎ বিসিএসের মাধ্যমে কেউ প্রশাসনে চাকরি নিলে সর্বপ্রথম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ পান।

    তেমনি জাতিসংঘেরও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সর্বনিম্ন বা প্রাথমিক পদবি। মির্জা ফখরুল ইসলামকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কি আলোচনা হয়েছে, তিনি আমতা আমতা করে কিছুই বলতে পারলেন না। অর্থাৎ এগুলো দেশের জনগণের সঙ্গে ভাওতাবাজি ছাড়া অন্য কিছু নয়।’

    রাজনীতিতে কিছু পরিত্যক্ত রাজনীতিবিদ আছে উল্লেখ করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, বদরুদ্দুজা চৌধুরী তারা হচ্ছে রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিত্ব। এই পরিত্যক্ত রাজনীতিবিদদের নিয়ে ঐক্য করে কোনো লাভ হবে না।

    তাদের নিজেদের এমপি হওয়ারও এলাকায় জনপ্রিয়তা নাই। তারা রাত-বিরাতে মিটিং করে খবরের জন্ম দিচ্ছেন বটে, নির্বাচন এলে দেখা যাবে খালেক ভাই আর বাবলা ভাইয়ের কাছে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। সুতরাং এদের এই সমস্ত দৌড়ঝাপেও কোনো লাভ হবে না।

  • ঘানায় চিরনিদ্রায় শায়িত হলেন কফি আনান

    ঘানায় চিরনিদ্রায় শায়িত হলেন কফি আনান

    নিজভূমি ঘানায় চিরনিদ্রায় শায়িত হলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ঘানার রাজধানী আক্রায় রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য অনুষ্ঠিত হয় নোবেল শান্তি বিজয়ী এ কূটনীতিকের। শেষকৃত্যে জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তেনিং গুতরেসসহ বিশ্বনেতারা অংশ নেন।

    জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তেনিও গুতরেস কফি আনানকে ‘ব্যতিক্রমী বিশ্বনেতা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, আনান ছিলেন মহৎ, সাহসী এবং সততা, আত্মোৎসর্গকারী এক ব্যক্তি।

    আনানের স্ত্রী ন্যানে মারিয়া শেষকৃত্য অনুষ্ঠানে বলেন, আমার ভালবাসা, তুমি আবার ফিরে এলে তোমার আবাসে। যেখান থেকে তুমি তোমার দীর্ঘযাত্রা শুরু করেছিলে। কিন্তু তোমার প্রজ্ঞা ও পরদুঃখকাতরতা আমাদের পথ চলতে নির্দেশনা দেবে।

    উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে সুইজারল্যান্ডে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ নেতা। ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত জাতিসংঘ মহাসচিব পদে দায়িত্ব পালনকালে বিশ্বশান্তিতে অবদানের জন্য ২০০১ সালে নোবেল পুরস্কার অর্জন করেন কফি আনান।

  • বরিশালে দুই দিন ব্যাপী নজরুল  সংগীত প্রশিক্ষনের উদ্বোধন

    বরিশালে দুই দিন ব্যাপী নজরুল সংগীত প্রশিক্ষনের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক ॥ আমারে দেব না ভুলিতে এই শ্লোগানে বরিশালে শুরু হয়েছে শুদ্ধ চর্চার লক্ষে নজরুল সংগীত প্রতিক্ষণ। সাম্যবাদ, প্রেম ও দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪২ তম প্রয়ান বার্ষিকী উপলক্ষে নজরুল সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

    শুক্রবার সকালে নগরীর সিটি কলেজে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজরুল সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শুভংকর চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছায়ানট শিল্পী তানভির আহমেদ শোভন, নজরুল সাংস্কৃতিক জোটের সহ সভাপতি পাপিয়া জেসমিন, সুশান্ত ঘোষ, বাসুদেব ঘোষ, অমিতা রায়, শেখ নাসের জামাল।

    আজ শনিবার নগরীর অশ্বিনী কুমার হলে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান ও কবি তপংকর চক্রবর্তী।

    অনুষ্ঠানের সভাপতিত্বে করবেন নজরুল সাংস্কৃতিক জোটের সহ সভাপতি পাপিয়া জেসমিন। পরে নজরুল সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।