Author: banglarmukh official

  • ‘মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা ইন্টারকন্টিনেন্টাল’

    ‘মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা ইন্টারকন্টিনেন্টাল’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি স্থাপনা। এই হোটেলে ‘৭১ সালে বঙ্গবন্ধু অনেক রাজনৈতিক মিটিং করেছেন। মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর নতুনরূপে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে অাজ অান্তর্জাতিক মানের একটি স্থাপনা নতুন করে শুরু হলো। ঐতিহ্য অার অাধুনিকতায় নতুন করে সাজানো হয়েছে এই হোটেল।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) ফারুক খান, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান মো. মহিবুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

    মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি সাংবাদিক মার্কটালি এবং সায়মন্ড ড্রিংকসহ অনেকে এই হোটেলে উঠেছিলেন। পাকিস্তানি মিলিটারিরা খবর পেয়ে এই হোটেল ঘেরাও এবং অাক্রমণ করেছিল। রান্নাঘরে লুকিয়ে থাকা সাংবাদিক সায়মন্ড ড্রিংক পালিয়ে যান। তিনি একমাত্র সাংবাদিক যিনি গণহত্যার ছবি তুলে সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। পরে অন্য সাংবাদিকরাও ‘৭১ এর হত্যা ও নির্যাতনের অনেক ছবি তোলেন।

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যেহেতু অার্থসামাজিকভাবে উন্নত হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ করতে অাসছেন সে কারণে উন্নত হোটেল প্রয়োজন। এ ছাড়া হোটেলটির অবস্থানও খুব সুন্দর জায়গায়। পাশে সবুজবেষ্টিত রমনা পার্ক রয়েছে।

    তিনি বলেন, বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া একেবারে গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে। প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের মানুষকে সুন্দর এবং উন্নত জীবন দেয়ার লক্ষ্যে অামরা কাজ করছি। বাংলাদেশের মানুষ ভালো থাকলে, উন্নত জীবন পেলে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারবে। তখনই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

  • মুলাদীতে আট মাস ধরে ভাতা পাচ্ছেন না হতদরিদ্ররা

    মুলাদীতে আট মাস ধরে ভাতা পাচ্ছেন না হতদরিদ্ররা

    মুলাদীতে দীর্ঘ ৮ মাস ধরে ভাতা পাচ্ছেন না বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবারা। ভাতা নির্ভরশীল এসব পরিবার অসহায়ভাবে দিনযাপন করছে। উপজেলা সমাজসেবা অফিস ও সোনালী ব্যাংক কর্মকর্তাদের খামখেয়ালীপনায় অসহায় বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের পরিবারগুলো সরকারি ভাতা থেকে বঞ্চিত হচ্ছে।

    পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা গেলেও এসব পরিবারগুলোকে ভাতা দেয়ার কোনো উদ্যোগ নেয়া হয়নি। ঈদের ন্যূনতম আনন্দ থেকে বঞ্চিত পরিবারগুলোর মধ্যে এনিয়ে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ৩ মাস পর পর এসব সুবিধাভোগীদের ভাতা দেয়ার কথা থাকলেও জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দীর্ঘ ৮ মাস ধরে ভাতা না পাওয়ার পরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের ভাতা প্রদানের কোনো ব্যবস্থা করেনি। জানা গেছে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫ হাজার ৪৬৩ জন বয়স্ক ভাতা, ২ হাজার ২৫৭ জন বিধবা ভাতা এবং ১ হাজার ১৫৫ জন প্রতিবন্ধীকে সরকারি ভাতা প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়।

    এসব সুবিধাভোগীদের বিগত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ভাতা প্রদান করা হয়েছে। পরবর্তীতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মার্চ পর্যন্ত এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে জুন পর্যন্ত ভাতা প্রদানের কথা থাকলেও সেপ্টেম্বর মাসেও ভাতা দেয়া হয়নি। বয়স্ক ভাতা নির্ভরশীল উপজেলার সদর ইউনিয়নের আমজেদ আলী বেপারী জানান, ‘‘সরকারের দেয়া ভাতা দিয়ে আমাদের সংসার ও চিকিৎসা খরচ চলে। কিন্তু অনেক দিন ধরে ভাতা না পাওয়ায় ওষুধপত্র কিনতে পারছি না।” ওই গ্রামের বিধবা ভাতাভোগী হালিমা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, সরকারি ভাতা না পাওয়ায় সংসার চালাতে পারছেন না। কবে ভাতা দেয়া হবে তাও জানেন না।

    এসব সুবিধাভোগীদের ভাতা প্রদানে বিলম্বের জন্য উপজেলা সমাজ সেবা অফিস এবং সোনালী ব্যাংক পরস্পরকে দোষারোপ করেছে। সমাজসেবা অফিস তালিকা দেয়ার পরও ব্যাংক ভাতা প্রদানের উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছে, আর সোনালী ব্যাংক দাবি করছে তালিকা না পাওয়ায় ভাতা প্রদান করা যাচ্ছে না। উপজেলা সমাজসেবা অফিসার উত্তম কুমার বিশ্বাস জানান, ভাতা প্রদানের জন্য বরাদ্দকৃত তালিকা ঈদের আগেই ব্যাংকে পাঠানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানের কারণে ব্যাংক এসব সুবিধাভোগীদের ভাতা দিতে পারেনি।

    মুলাদী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম জানান, পৌরসভা ও মুলাদী সদর ইউনিয়ন তালিকা দিতে বিলম্ব করায় ভাতা প্রদানে বিলম্ব হচ্ছে। তবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা হবে।

  • নাইট ক্লাবে আজান-দরুদ পড়িয়ে প্রশংসায় ভাসছেন যুবক

    নাইট ক্লাবে আজান-দরুদ পড়িয়ে প্রশংসায় ভাসছেন যুবক

    নাম গুশ মিফতাহ। তিনি ইন্দোনেশিয়ার একজন ধর্মপ্রচারক। নাইট ক্লাবে উপস্থিতদের আজান, কালিমা ও দরুদ পড়িয়ে প্রশংসায় ভাসছেন এই যুবক।

    এ ঘটনা এক সপ্তাহ আগের। ইন্দোনেশিয়ার বাতি শহরের অবস্থিত সবচেয়ে বড় নাইট ক্লাব ‘বসি ভিভিআইপি ক্লাব’ এ উপস্থিত অতিথিদের সামনে স্টেজে উঠেন ওই যুবক। এরপর মাইক নিয়ে তিনি আজান দেন। আজানের পরে তিনি কালিমা পড়েন এবং দরুদ পড়েন। তার সঙ্গে উপস্থিত অতিথিদেরও পড়তে অনুরোধ করলে সবাই একসঙ্গে দরুদ পড়েন।

    এই ঘটনার দৃশ্য ভিডিও করা হয়। এক সপ্তাহ আগে গুশ মিফতাহ সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে ও ইউটিউবে প্রকাশ করেন।

    মিফতাহর ওই ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক মাধ্যম ভিডিওটি ভাইরাল হয়েছে।

    গুস মিফতাহ স্থানীয় একটি ইসলামিক বোর্ডিং ‘ওরা আজি পেসান্ত্রেন’ এর প্রধান কর্মকর্তা।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, নাইট ক্লাবের স্টেজে গায়ক বা জকি’র স্থানে দাঁড়িয়ে মিফতাহ। তার হাতে মাইক্রোফোন। সামনে বসে আছেন কয়েকশ অতিথি।

    মিফতাহ অতিথিদের উদ্দেশে মাইক্রোফোন হাতে নিয়ে প্রথমে ‘আল্লাহু আকবর’, আল্লাহু আকবর’ বলে আজানের কিছু অংশ উচ্চারণ করেন। এরপর তিনি কালিমা ও পরে দরুদ পড়া শুরু করেন।

    একপর্যায়ে মিফতাহ উপস্থিত অতিথিদের ও তার সঙ্গে দরুদ পড়তে আহ্বান জানালে সবাই মিলে দরুদ পড়া শুরু করেন।

  • জাতিসঙ্ঘ বিরক্ত হয়ে মির্জা ফখরুলকে তলব করেছে :  কাদের

    জাতিসঙ্ঘ বিরক্ত হয়ে মির্জা ফখরুলকে তলব করেছে : কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতীক নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে।

    ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিএনপির আগামী মাস থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
    এ সময় সড়ক ও জনপথ ( স ও জ) বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসঙ্ঘে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি তো এখন পুরোপুরি একটি নালিশ পার্টিতে পরিনত হয়েছে। তারা যে একটি নালিশ পার্টি তারা তা বারবার প্রমাণ করেছে। জাতিসঙ্ঘে গিয়েও তারা তারই পুনরাবৃত্তি করবে।

    তিনি বলেন, কোনো দেশে সংকট থাকলে তা নিরসনের জন্য জাতিসংঘ তাদের একজন দূত পাঠায়। তিনি ওই সংকট নিরসনের জন্য প্রচেষ্ঠা চালান। বর্তমানে দেশে কোন সংকট না থাকায় তারা কোন দূত পাঠায়নি।

    কাদের বলেন, কিন্তু এরপরও বিএনপির নেতারা এত নালিশ শুরু করেছে যে জাতিসংঘও বিরক্ত হয়ে তাদের নালিশ শুনার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা তলব করেছে। অবশ্য আমাদের এ নিয়ে কোন মাথাব্যথা নেই। তবে জাতিসংঘে তাকে কেন ডাকা হয়েছে তা নিয়ে আমরা তড়িঘড়ি করে কোন মন্তব্যও করতে চাই না।

    তিনি বলেন, জাতিসংঘ বিশ্বের আন্তঃরাষ্ট্রিক সর্বোচ্চ একটি ফোরাম। রোহিঙ্গা ইস্যুতে তারা আমাদের পাশে এসে দাড়িয়েছে। তাই এ বিষয়ে অহেতুক মন্তব্য করা ঠিক হবে না।

    তিনি বলেন, জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করবে কি না তা আমরা জানি না। তারা অবাধ, সুষ্ঠু নির্বাচন চাইতে পারে। আমরাও সে ধরনের নির্বাচনই চাই।
    তিনি বলেন, ‘ আমরা সংবিধানের বাইরে কারো চাপের কাছে নতি স্বীকার করব না। সংবিধান অনুযায়ী দেশের নির্বাচন হবে। নির্বাচন চলাকালে নির্বাচন কমিশন (ইসি)কে স্বাধীন ও কতৃত্বপূর্ণ দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে মাত্র।’
    প্রস্তাবিত সড়ক পরিবহন অ আইনটি পাস হতে পারে।

    ভারতের আসামের নাগরিক পঞ্জী বহির্ভুত অধিবাসীদের বিতাড়নের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (ভারত) এখনও এ প্রক্রিয়া চূড়ান্ত করেনি। পরিস্থিতির প্রেক্ষাপটে বিষয়টি দেখা হবে।
    ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত ১২ তলা ভবনটি উদ্বোধন করবেন। এ ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন ইনটেরিয়রের কাজ চলছে।

    এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র অর্থায়নে ভবনটি নির্মিত হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

    জাতিসঙ্ঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্কে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত ২টায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সাথে গেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

    জানা গেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য সংস্থাটির সদর দফতরে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় একটি আলোচনায় অংশ নেবেন বিএনপি মহাসচিব। এতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মির্জা ফখরুল নিজ দল বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অবস্থান তুলে ধরবেন।

    একটি সূত্র জানিয়েছে, এ সফরে মার্কিন পররাষ্ট্র দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও বিএনপি প্রতিনিধিদলের বৈঠক হতে পারে।

    প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব। দলটিকে এই আগ্রহের কথা জানিয়ে গত সপ্তাহে বিএনপি মহাসচিবকে নিউ ইয়র্কে যেতে আমন্ত্রণ পাঠান অ্যান্তোনিও গুতেরেস।

    জানা গেছে, বাংলাদেশে জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে বিএনপি মহাসচিব বরাবর আমন্ত্রণপত্র পাঠানো হয়।

    জানা গেছে, জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি। একই সাথে বিএনপিসহ বিরোধী দল-মতের ওপর ‘সরকারের দমনপীড়নের’ চিত্রও তুলে ধরা হবে। বিগত তিন সিটি নির্বাচন, গুম, খুনসহ রিমান্ডে নিয়ে নির্যাতনের বর্ণনাসহ সমসাময়িক পরিস্থিতির একটি সচিত্র প্রতিবেদনও জাতিসঙ্ঘ মহাসচিবকে হস্তান্তর করা হবে বলেও জানা গেছে।

    গত জুলাই মাসের শুরুতে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তখন তার আগমনের উদ্দেশ্য ছিল মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখা। ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও যৌথ বৈঠক করেন জাতিসঙ্ঘ মহাসচিব।

    বিএনপি ওই সময় জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে একটি বৈঠকের প্রত্যাশা করেছিল। কিন্তু তা যেকোনো কারণেই হোক হয়নি। এরই প্রোপটে জাতিসঙ্ঘের মহাসচিব বিএনপিকে নিউ ইয়র্কে ডেকেছেন বলে ধারণা করা হচ্ছে।

    বিএনপি নিরপে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময়ও বিএনপি একই দাবিতে অনড় ছিল। ওই নির্বাচনের আগে বিবদমান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে সমঝোতায় আনার চেষ্টা করেছিলেন তৎকালীন জাতিসঙ্ঘ মহাসচিবের পাঠানো বিশেষ দূত তারানকো। যদিও তারানকোর সে সমঝোতার ফর্মুলা পরে মানা হয়নি।

  • তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলার আদালত স্থানান্তর

    তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলার আদালত স্থানান্তর

    তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের ঘটনায় ছাত্রলীগের চার নেতাসহ সাতজনের বিরুদ্ধে করা মামলা বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে, ১২ আগস্ট সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

    অভিযোগপত্রে উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মাহমুদ, পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান এবং পাথরঘাটা কলেজের নৈশপ্রহরী জাহাঙ্গীর হোসেনসহ আরো দুই জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে, নৈশপ্রহরী জাহাঙ্গীর উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন, ছাত্রলীগের চার নেতা কারাগারে আছেন এবং বাকি দুই জন পলাতক রয়েছেন।

    আদালত সূত্রে জানা গেছে, মামলাটি দীর্ঘ এক বছর তদন্ত শেষে পাথরঘাটা উপজেলা ও কলেজ ছাত্রলীগের চারনেতা, পাথরঘাটা কলেজের নৈশপ্রহরী জাহাঙ্গীরসহ আরও দুই জনকে অভিযুক্ত করে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ। বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় পরবর্তী কার্যক্রমের জন্য বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্থানান্তর করেন।

    এদিকে, দীর্ঘ এক বছর পর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলেও ধর্ষণের পর হত্যার শিকার ওই তরুণীর পরিচয় সনাক্ত করতে পারেনি ডিবি পুলিশ।

    এ বিষেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. বশির উদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ দেশের বিভিন্ন জায়গায় ওই তরুণীর গলিত মরদেহের ছবি পাঠানো হয়েছে। কিন্তু তার কোনো পরিচয় পাওয়া যায়নি। এমনকি রিমান্ডে বারবার চেষ্টা করেও আসামিদের মুখ থেকে ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

    ২০১৭ সালের ১০ আগস্ট পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১১ ও ১২ নভেম্বর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছাত্রলীগ নেতা মাহমুদ ও নৈশপ্রহরী জাহাঙ্গীর।

  • বরিশালে চাল বোঝাই ট্রাক উল্টে জমিতে : চালক ও হেলপার আহত

    বরিশালে চাল বোঝাই ট্রাক উল্টে জমিতে : চালক ও হেলপার আহত

    বরিশালের আগৈলঝাড়ায় চাল বোঝাই ট্রাক উল্টে গিয়ে জমিতে পরেছে। চালক ও হেলপার আহত, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসা প্রদান করেছে।

    প্রত্যক্ষদর্শী ও এসআই শাহনুর মিয়া জানান, যশোরের নাভারন থেকে টরকী বন্দরের উদ্যেশ্যে বুধবার ছেড়ে আসা ৪শ বস্তা চাল বোঝাই ট্রাক যশোর ট-১৪-৪০৮৮ বুধবার আগৈলঝাড়া উপজেলার বড়মগড়া এলাকা অতিক্রম কালে উল্টে জমিতে পড়ে যায়।

    এসময় যশোর শারশার নিশ্চিন্তপুর এলাকার চালক হেলাল শেখ (২৪) ও হেলাপার আহত হয়।

    চালক জানান, চালগুলো টরকী বন্দর এলাকার কালাচাঁদ রায়ের।

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এসআই জাহিদুল ইসলাম জানান, এ রিপোর্ট লেখা পর্যস্ত চাল উত্তোলনের জন্য চেষ্টা চলছে। অধিকাংশ চাল পানিতে পরে নষ্ট হয়ে গেছে।

  • বিশ্বের সবচেয়ে বড় শাপলার বিল বরিশালের সাতলা থেকে ঘুরে আসুন।

    বিশ্বের সবচেয়ে বড় শাপলার বিল বরিশালের সাতলা থেকে ঘুরে আসুন।

    কাজী সাইফুল:
    লাল আর সবুজের মাখামাখি দূর থেকেই চোখে পড়বে। কাছে গেলে ধীরে ধীরে সবুজের পটভূমিতে লালের অস্তিত্ব আরো গাঢ় হয়ে ধরা দেবে। চোখ জুড়িয়ে দেবে জাতীয় ফুল শাপলার বাহারি সৌন্দর্য। আগাছা আর লতাগুল্মে ভরা বিলের পানিতে ফুটে আছে হাজার হাজার লাল শাপলা।
    সূর্যের সোনালি আভা শাপলা পাতার ফাঁকে ফাঁকে পানিতে প্রতিফলিত হয়ে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিলের সৌন্দর্য। নৌকা কিংবা হাঁটুপানি মাড়িয়ে বিলের ভেতর ঢুকলে মনে হবে বাতাসের তালে তালে এপাশ-ওপাশ দুলতে দুলতে হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছে শাপলারা। সে হাসিতে বিলজুড়ে ছড়িয়ে পড়ছে আনন্দধারা। বরিশাল সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রাম। গ্রামের নামেই বিলের নাম—সাতলা বিল।
    তবে শাপলার রাজত্বের কারণে সেটি এখন শাপলা বিল নামেই বেশি পরিচিত। ইতিমধ্যে বরিশালের গণ্ডি ছাড়িয়ে বিলের কথা ছড়িয়ে পড়েছে অন্যান্য স্থানে, বিশেষ করে শহরে ইট- পাথরে বন্দি জীবন কাটানো মানুষ প্রশান্তির আশায় ছুটে আসে এ বিলে। শীত মৌসুমে পর্যটকের ভিড় বাড়ে। পর্যটকদের প্রশান্তি বিলানো ছাড়াও এই বিল ও তার শাপলা স্থানীয়দের অন্নেরও জোগান দেয়।
  • একাদশ জাতীয় সংসদ নির্বাচন এ প্রার্থী চূরান্ত হবে বরিশাল বিএনপির

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন এ প্রার্থী চূরান্ত হবে বরিশাল বিএনপির

    একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত না নিলেও ১১৫ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে বরিশাল বিভাগের ২১ আসনের ৭টিতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। একাধিক জরিপে এসব আসনে বড় ধরনের কোনো ঝামেলার তথ্য পায়নি দলটি।

    দেশব্যপী চালানো জরিপ এবং পঞ্চম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনের ফল বিশ্লেষণ করে আসনগুলোতে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আন্দোলনকেই প্রধান টার্গেট করে এসব প্রার্থীর পরিকল্পনা অনুযায়ী ওই সংসদীয় আসনে সংগঠন গোছানো হচ্ছে। লন্ডন ও গুলশান কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

    এ নিয়ে বিএনপি নীতিনির্ধারণী পর্যায়ের কোনো নেতা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক নীতিনির্ধারক বলেন, যেসব আসনে বড় ধরনের কোনো ঝামেলা নেই সেখানে একক প্রার্থীর একটি তালিকা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী প্রার্থীর কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে বার্তা দিচ্ছেন।

    ওই নীতিনির্ধারক আরও জানান, যেসব আসনে কমপক্ষে ৩ থেকে সর্বোচ্চ ৭ জন প্রার্থী আছেন সেখানে ঝামেলা হচ্ছে। লন্ডনে চিকিৎসাধীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দায়িত্বশীল নেতারা এগুলো নিয়ে কাজ করছেন। তবে ২০ দলীয় জোটের শরিক ও ঐক্য প্রক্রিয়ায় যুক্ত দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের আসনে বিএনপি নিজ দলের কাউকে মনোনয়ন দেবে না বলেও জানান তিনি।

    দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিক জরিপ চালিয়েছেন। জরিপে এগিয়ে থাকা প্রার্থী, বিগত তিনটি জাতীয় নির্বাচনের ফল এবং প্রার্থীর রাজনৈতিক অবস্থা বিবেচনা করে সবুজ সংকেতও দেয়া হচ্ছে।

    মনোনয়নের নিশ্চয়তা পাওয়া প্রার্থীদের পরিকল্পনামতো সংশ্লিষ্ট সংসদীয় আসনের সংগঠন গোছানো হচ্ছে। তাদের কঠোর আন্দোলনের প্রস্তুতির বার্তা দেয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিতে বলা হচ্ছে।

    জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই। এবার বেশিদিন নয়, স্বল্প সময়ের আন্দোলনেই দাবি আদায় করা হবে। পাশাপাশি নির্বাচনের জন্যও প্রস্তুতি রয়েছে।

    ৩০০ আসনে মনোনয়ন প্রত্যাশীদের অবস্থা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আছে। তিনি জরিপ চালিয়েছেন। যেখানে প্রার্থী প্রায় নিশ্চিত, বড় কোনো ঝামেলাও নেই সেখানে একজনকে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলা হচ্ছে। তিনি সরাসরি ফোন করে এ নিয়ে কথা বলছেন।

    চূড়ান্ত হওয়া তালিকায় থাকা ১১৫ আসনের মধ্যে বরিশালের আসনগুলো হলো, বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাব হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন, ভোলা-৩ মেজর (অব.) এম হাফিজউদ্দিন আহমেদ, ভোলা-৪ নাজিমউদ্দিন আলম, বরিশাল-৫ মজিবর রহমান সরোয়ার, ঝালকাঠি-১ ব্যারিস্টার শাহজাহান ওমর। বরিশালের এই ৭টি আসনে একক প্রার্থী ঘেষণা করেছে বিএনপি।

    অন্যান্য আসনগুলোতে একাধিক প্রার্থী ও ঝামেলা থাকায় তা চূড়ান্ত করা হয়নি। বরিশালের চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের নাম পরিবর্তনের কোন সম্বাবনা নেই।

  • গোলাগুলিতে নারায়ণগঞ্জে ২ জন নিহত

    গোলাগুলিতে নারায়ণগঞ্জে ২ জন নিহত

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দরে পৃথক ঘটনায় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুজনই ডাকাত ছিলেন। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ওই দুজন নিহত হয়েছেন।

    গতকাল সোমবার দিবাগত গভীর রাতে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৮ নম্বর সেক্টর এলাকায় এবং বন্দর উপজেলার সোনাচরা এলাকায় ঘটনা দুটি ঘটে।

    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৮ নম্বর সেক্টর এলাকায় দুই দল ডাকাত মালামাল ভাগাভাগি নিয়ে গোলাগুলি শুরু করে। পুলিশ খবর পেয়ে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজা মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এদিকে বন্দর থানার ওসি শাহীন মণ্ডল জানান, গতকাল রাত সোয়া তিনটার দিকে বন্দর উপজেলার সোনাচরা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাতদের গুলিতে ইব্রাহিম হোসেন (৪১) নামের এক ডাকাত নিহত হয়েছেন।

    ঘটনাস্থল থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ইব্রাহিম হোসেন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নরসিংদী, গাইবান্ধা এবং আড়াইহাজার থানায় ৮-১০টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এই ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ হোসেন এবং কনস্টেবল হারুন অর রশিদ আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

  • পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮০০০ টাকা

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮০০০ টাকা

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫১ শতাংশ বাড়িয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এই মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে। বর্তমানে ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা।

    বৃহস্পতিবার সচিবালয়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান। যদিও ন্যূনতম মজুরি ১২ থেকে ১৮ হাজার টাকার মধ্যে করার দাবি ছিল পোশাক শ্রমিক সংগঠন গুলোর।

    শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘নির্ধারিত মজুরির মধ্যে মূল মজুরি ৪ হাজার ১০০ টাকা, বাড়ি ভাড়া ২ হাজার ৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ভাতা ৩৫০ টাকা, খাদ্য ভাতা ৯০০ টাকা।’

    পুনর্নির্ধারিত অন্যান্য ধাপগুলোর মজুরির বিষয়ে জানতে চাইলে মুজিবুল হক বলেন, ‘ডিটেইলস কাজের এখনও বাকি আছে। পূর্ণাঙ্গ কাজ করে আমরা গেজেট করব। গ্রেডগুলো আগের মতোই থাকবে।’

    চলতি বছরের ১৪ জানুয়ারি পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার। স্থায়ী চার সদস্যের সঙ্গে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে এই মজুরি বোর্ড গঠিত হয়েছিল। কিন্তু বোর্ডে মালিক ও শ্রমিক পক্ষের অনড় অবস্থানের কারণে ন্যূনতম মজুরি নির্ধারণে কোনো সিদ্ধান্ত আসছিল না। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে নির্ধারিত হলো এই মজুরি।

    এর আগে ২০১৩ সালের ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। ওই মজুরি কার্যকর হয় একই বছরের ডিসেম্বর মাস থেকে। ৫ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের নিয়ম রয়েছে।

    পোশাক খাতে ৪০ থেকে ৪৫ লাখ শ্রমিক কাজ করে, এদের উপর নির্ভরশীল কয়েক কোটি মানুষ জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন আর নেই, প্রধানমন্ত্রী একটা সেক্টরে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তিন বছরে দু’বার মজুরি কাঠামো ঘোষণা করেছেন। এটা গার্মেন্টস সেক্টরের জন্য করা হয়েছে।’

    তিনি বলেন, ‘অনেকগুলো মিটিং করে বাজার বিশ্লেষণ করে সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে তারা অনেক চিন্তা-ভাবনা করেছে। শ্রমিকদের পক্ষ থেকে একটা প্রস্তাব যায়, মালিকদের পক্ষ থেকেও একটা প্রস্তাব আসে। অনেক মিটিং হওয়ার পরও তারা ঐকমত্যে আসতে পারেননি।’

    ‘প্রথমে মালিকদের পক্ষ থেকে মজুরি ৬ হাজার টাকা, এরপর আরও কিছু বাড়াতে বাড়াতে ৭ হাজার টাকায় তারা আটকে যান এবং তারা বলেন, তারা এর বেশি পারবেন না। শ্রমিকদের পক্ষ থেকে ১২ হাজার টাকার প্রস্তাব ছিল, তারা বলেছেন ১২ হাজার টাকার কমে হবে না। এই যখন অবস্থা, আমরা দেখলাম অক্টোবরের পর নির্বাচন কালীন সরকার হবে ও নির্বাচনের শিডিউল ঘোষণা হবে, তখন এই কাজগুলো নীতিগত ভাবে এই সরকার করতে পারবে না,’- বলেন প্রতিমন্ত্রী।

    তিনি আরও বলেন, ‘বেতন পুনর্নির্ধারণের ক্ষেত্রে যখন অচলাবস্থা তখন প্রধানমন্ত্রী নিজে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের ডেকে আলাপ করেন। আলাপ করে তিনি সিদ্ধান্ত দেন- আমাদের সব পক্ষকে বাঁচিয়ে রাখতে হবে। গার্মেন্টেসের ক্রেতারা এখন মূল্য কমিয়ে দিয়েছে।’

    ‘সার্বিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ন্যূনতম মজুরি হবে ৮ হাজার টাকা। অর্থাৎ যে শ্রমিকরা আজতে অ্যাপয়েন্টমেন্ট পাবে তার মজুরি সব মিলিয়ে হবে ৮ হাজার টাকা। গ্রেড অনুযায়ী বেতন আরও বাড়বে। কোনো শ্রমিককে ৮ হাজার টাকার কম মজুরি দেয়ার সুযোগ কোনো মালিকের নেই।’

    প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত দুই পক্ষের জন্যই যুগোপযোগী ও যৌক্তিক মন্তব্য করে জাতীয় পার্টির নেতা মুজিবুল হক বলেন, ‘বোর্ডের সদস্যরাও প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন।’

    প্রতিমন্ত্রী বলেন, ‘পাঁচ বছর শেষ হওয়ার পর থেকেই এই মজুরি কার্যকর হবে। এ জন্য সময়মতো গেজেট প্রকাশ করা হবে।’

    গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করা হয়েছে। আশা করি কাঙ্ক্ষিত এই মজুরিতে আপনারা সন্তুষ্ট হবেন। আপনারা আপনাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে দেশের অর্থনীতিকে মজবুত করতে কাজ করে যাবেন।’

    ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম বলেন, ‘ন্যূনতম মজুরি বোর্ড আজকে পঞ্চমসভায় বসেছিলাম। আমরা দুই পক্ষের প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলাম বেশ কয়েকটি মিটিংয়ে। একটা পর্যায়ে আমরা থেমে গিয়েছিলাম, মালিকরা কোনো ক্রমেই ৭ হাজার টাকার বেশি দিতে রাজি হচ্ছিলেন না। আমরা সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের জন্য চেষ্টা করেছি।’

    তিনি বলেন, ‘মালিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেখানে আরও এক হাজার টাকা বেড়েছে। সেই বিষয়টি আজ বোর্ড মিটিংয়ে উপস্থাপন করা হয়। আমরাও সবাই সম্মতভাবে মনে করেছি ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা যুক্তিযুক্ত হবে। সেই হিসেবে আমরা আজকে সুপারিশটা তৈরি করেছি।’

    বোর্ডে মালিকপক্ষের সদস্য ও বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা ন্যূনতম মজুরি ৭ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি হই। শ্রমিক প্রতিনিধিরা ১২ হাজার টাকায়ই থাকে। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ৮ হাজার টাকা দিতে রাজি হই। এটা আগামী ডিসেম্বরের বেতন থেকে কার্যকর হবে।’

    পোশাক শ্রমিকদের প্রতিনিধি ও শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা সামসুন্নাহার ভূঁইয়া বলেন, ‘এই মজুরিটা শ্রমিকের জীবনযাত্রার মান সবকিছু মিলিয়ে খুব বেশি হয়ে গেছে, আমি তা বলব না। মালিকরা ৬ হাজার ৩ টাকার পর আবার বাড়াতে চাচ্ছিলেন না। আমাদের পক্ষ থেকে দিয়েছিলাম ১২ হাজার ২০ টাকা। পরে প্রধানমন্ত্রী বিজিএমইএ’র সভাপতিকে মাথায় হাত দিয়ে বাচ্চাদের মতো বলতেছিলেন, ছোট ভাই এটা মেনে নাও। প্রধানমন্ত্রীর ঘোষিত ৮ হাজার টাকা আমরা শ্রমিকরাও মেনে নিয়েছি।’

    শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফললুল হক মন্টু বলেন, ‘শ্রমিকরা অনেক দাবি-দাওয়া করেছিলেন, তাদের দাবি ছিল ১২ হাজার, ১৬ হাজার, ১৮ হাজার টাকার। অনেকেই সন্তুষ্ট হতে পারেননি। প্রধানমন্ত্রী সবকিছু বিশ্লেষণ করে ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি দিয়েছেন।’

    এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ন্যূনতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।