Author: banglarmukh official

  • পটুয়াখালী ১ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

    পটুয়াখালী ১ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বাহেরচর গ্রামের লালন মাতব্বরের স্ত্রী মাহিনুর বেগম (৩০) ও ছেলে হাসান রাব্বি (১৮)।

    গতকাল বেলা ১টার দিকে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করে রাঙ্গাবালী থানা পুলিশ।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্রের নেতৃত্বে রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল কোড়ালিয়া লঞ্চঘাটে তল্লাশি চালায়। এসময় মা-ছেলের কাছে থাকা ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

  • অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বধ্যভূমিতে মুক্তিযোদ্ধা সমাবেশ

    অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বধ্যভূমিতে মুক্তিযোদ্ধা সমাবেশ

    বরিশাল বধ্যভূমির স্মৃতি স্তম্ভ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গতকাল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড এ সমাবেশের আয়োজন করে।

    জেলা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর কমান্ডার মোকলেছুর রহমান, অধ্যক্ষ মহসীন উল ইসলাম হাবুল, স্বেচ্ছাসেবী সংস্থা’র কাজী জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র এহসান রাব্বী, সাংবাদিক আবুল কালাম আজাদ, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, সাংবাদিক সুশান্ত ঘোষ, নজরুল ইসলাম চুন্নু, প্রদীপ কুমার ঘোষ, কাজল ঘোষ, শুভংকর চক্রবর্তী, সৈয়দ দুলাল, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, নুরুল আলম নীরু, স্বেচ্ছাসেবী সংস্থার কাজী এনায়েত হোসেন শিবলু।

    সমাবেশে বক্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সমাবেশ পরিচালনা করেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী।

  • মুলাদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

    মুলাদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

    শামীম ইসলাম:

    মুলাদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার পৌর সদরের চরডিক্রি গ্রামের দেলোয়ার হোসেন সিকদারের পুত্র ইলিয়াস হোসেন (২৭) সাপের কামড়ে মারা যান।

    স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইলিয়াস পার্শ্ববর্তী বিলে ঘাস কাটতে গেলে সাপ তার হাতে আঘাত করে। পরে ইলিয়াস ঘাস নিয়ে বাড়ি ফিরে ঘটনাটি সবাইকে জানান।

    স্বজনরা তাকে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস মারা যান। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, বিষধর সাপের কামড়ে ইলিয়াসের মৃত্যু হয়েছে।

  • ‘আমরা মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়তে চাই’

    ‘আমরা মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়তে চাই’

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাব্যবস্থায় কোনো ভুল বা ক্রুটি থাকলে বলবেন, আমরা তা স্বাগত জানাই। কেননা আমরা মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়তে চাই। আমরা এগিয়ে যেতে চাই, তাই সবার সহযোগিতা প্রয়োজন। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী।

    ডিআরইউর সদস্যদের মধ্যে যাদের সন্তান ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রতি বছরের মতো এবারও সংবর্ধনা দেওয়া হয়।

    শিক্ষামন্ত্রী আরো বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসজিডি) ৪ নম্বর ধারা অনুযায়ী শিক্ষার মানের প্রতি সরকারের মনোযোগ রয়েছে। বর্তমান এবং আগামী দিনের প্রজন্মকে মানসম্মত শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য।

    ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফারুক বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন, কল্যাণ সম্পাদক কাওছার আযম, ক্রীড়া সম্পাদক আরাফত দাড়িয়া প্রমুখ।

  • ‘একমাত্র আমাদের সরকারই দেশের এতো উন্নয়ন করেছে’

    ‘একমাত্র আমাদের সরকারই দেশের এতো উন্নয়ন করেছে’

    পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, একমাত্র আমাদের সরকারই দেশের এতো উন্নয়ন করেছে। আজকে দেখেন স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রীজ বিল্ডিং এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন করে জনগণের সাথে সরকারের সম্পর্ক তৈরি করা হয়েছে। দেশে যে উন্নয়ন হয়েছে আজকে মহিলাদের উপস্থিতিই তা প্রমাণ করে। সরকারের জনপ্রিয়তা কেমন তা আর মুখে বলতে হয় না। উন্নয়নের অপ্রতিরোধ্য এ অগ্রযাত্রা অব্যাহত রাখলে বাংলাদেশ খুব শীঘ্রই উন্নয়নের চড়ম শিখড়ে পৌঁছে যাবে।

    শুক্রবার ৪৫ কোটি টাকা ব্যয়ে খানসামা ও বীরগঞ্জ সীমান্তে আত্রাই নদীর উপর জন্তিয়া ঘাটে ৪৫০ মিটার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, এই ব্রীজটি এখানে দরকার ছিলো। খানসামার দক্ষিণ অঞ্চল সদর ছাড়া বাকী পাঁচটা ইউনিয়ন তাদের জন্য এই রাস্তাই প্রধান। এই ব্রীজটির ফলে এই এলাকার মানুষের আমুল পরিবর্তন ঘটাবে। এই এলাকার উৎপাদিত পণ্য সহজেই এক এলাকা থেকে অন্য এলাকায় নেয়া যাবে। এ বিষয়টি মাথায় রেখেই আমরা এই ব্রীজটি করছি। তাই উন্নয়নের এ ধারা অব্যাহ রাখতে আগামি নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

    এছাড়াও  মন্ত্রী খানসামা উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ কিলোমিটার রাস্তা পাকাকরণের উদ্বোধন করেন।

    অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

    খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. আব্দুল জব্বার শাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান, খানসামা উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, বীরগঞ্জ আ’লীগের সভাপতি জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নুর ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, খানসামার সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান এড. আ স ম আতাউর রহমান বাচ্চু প্রমূখ।

  • ‘বসগিরি-২’ নিয়ে যা বললেন বুবলী

    ‘বসগিরি-২’ নিয়ে যা বললেন বুবলী

    ‘বসগিরি’ দিয়ে শাকিব খানের বিপরীতে ঢালিউডে অভিষেক হয়েছিল হালের আলোচিত নায়িকা বুবলীর। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিটি ব্যবসায়িক সাফল্যও পেয়েছিল। ২০১৬ সালের সেপ্টেম্বর মুক্তি পাওয়া এ ছবিটি দিয়েই মূলত ঢালিউডে নিজের আসন পোক্ত করেন বুবলী।এরপর আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে এ জুটির।

    প্রায় দুই বছর পর ছবিটির সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। মূল ছবির মতো ‘বসগিরি-২’ ও পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। আর নায়কের ভূমিকায় এবারও থাকছেন শাকিব খান। ১০ সেপ্টেম্বর ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে নায়িকার চরিত্রে কে থাকছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে নানা রকম খবর প্রকাশ হচ্ছে। বুধবার ছবিটিতে বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন বলেও খবর বেরিয়েছে। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন বুবলী নিজেই।

    আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে। বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, বুধবার ছবিটিতে অভিনয়ের বিষয়ে প্রযোজক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে, চুক্তি নয়। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে সমস্যা থাকায় তিনি ছবিটিতে অভিনয়ের বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করেননি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি আরেকটু সময় নিতে চান।

    বুবলী আরও বলেন, এমনিতেই বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারে বারবার ব্রেক হচ্ছে। যখন ‘বসগিরি ২’ এর শুটিং শুরু হবে তখন আমার গুরুত্বপূর্ণ পরীক্ষা ও কোর্স থাকবে। এ জন্যই সময় মিলাতে পারছি না।বাকিটা সময় হলেই বলা যাবে।

  • এশিয়া কাপে সেরা ব্যাটসম্যান হতে পারেন তামিম

    এশিয়া কাপে সেরা ব্যাটসম্যান হতে পারেন তামিম

    আগামী শনিবার পর্দা উঠবে এশিয়া কাপের। আবুধাবিতে উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের তারকা খেলোয়াড়দের পেছনে ফেলে টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল হতে পারেন সেরা ব্যাটসম্যান, এমনটাই বলছে ভারতের জনপ্রিয় বাংলা সংবাদপত্র । সংবাদ মাধ্যমটি বলছে, অনেকের মতে এবারে অন্যদের পিছনে ফেলে সেরা ব্যাটসম্যান হওয়ায় যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশের তামিম ইকবালের। এর জন্য কিছু কারণও ব্যাখ্যা করেছে সংবাদ মাধ্যমটি। তুলে ধরেছেন গত এক বছরে তার পারফরম্যান্সের বিষয়টিও।

    প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সব ধরনের ক্রিকেটে প্রশ্নাতীতভাবে সেরা ব্যাটসম্যান তামিম। সব ধরনের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী তামিম মাঝে কিছুদিন চোট আঘাতের জন্য মাঠের বাইরে ছিলেন। বাংলাদেশের কাছে খুশির খবর তিনি এখন সম্পূর্ণ ফিট। এশিয়া কাপে মাঠে নামবেন। নিঃসন্দেহে তাঁর কাছ থেকে চমকের অপেক্ষায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

    সংযুক্ত আররের মাটিতে খেলার তেমন অভিজ্ঞতা নেই বাংলাদেশের বর্তমান দলটির। দুবাই-আবুধাবির পিচ কী রকম আচরণ করবে তা জানা না থাকাটা দলের পক্ষে বড় সমস্যার।

    আর ঠিক এখানেই অন্যদের পিছনে ফেলে দিয়েছেন তামিম। যে কয়েক জন বাংলাদেশির অভিজ্ঞতা আছে আরব আমিরাতের মাটিতে খেলার, তাঁদের মধ্যে তামিম অন্যতম। পিএসএল-এ খেলার সুবাদে সেখানকার পিচ তামিমের খুবই পরিচিত।

    বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছেন তামিম। শেষ এক বছরে এশিয়ার অন্যতম সেরা এক দিনের ব্যাটসম্যান তিনি। এই সময় ৯টি ম্যাচ খেলেছেন। করেছেন ৮০.২৮ গড়ে ৫৬২ রান।

    ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ সিরিজেও দারুণ খেলেন তামিম। সাম্প্রতিক ফর্ম এশিয়া কাপে ধরে রাখতে পারলে বিপক্ষের কাছে বড় সড় মাথা ব্যথার কারণ হয়ে উঠবেন তিনি।

  • ‘বিএনপি-জামায়াত তিনশ’ ফেসবুক পেইজ চালাচ্ছে’

    ‘বিএনপি-জামায়াত তিনশ’ ফেসবুক পেইজ চালাচ্ছে’

    দেশবাসীকে ফেসবুক ও অনলাইনের গুজব থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি-জামায়াত দেশের বাইরে থেকে তিনশ ফেসবুক পেইজ চালাচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন ধরণের গুজব ছড়াচ্ছে। তারা এই ফেইসবুক পেইজের মাধ্যমে মিথ্যা তথ্য এবং অসত্য কিছু তথ্য প্রকাশ করে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনে বৃহস্পতিবারের বৈঠকে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সামশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১২) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    তথ্য প্রতিমন্ত্রী জানান, বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুজব ছড়ানো ও সরকারের ইমেজ নষ্ট এবং ব্যক্তিগতভাবে মন্ত্রী-এমপিদের চরিত্র হনন করা তাদের (বিএনপি-জামায়াত) উদ্দেশ্য।

    ইতোমধ্যে বেশ কয়েকটি পেইজ সনাক্ত করা হয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় অনলাইন পত্রিকাগুলোর নামে, প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করে গুজব ছড়ানো হয়। সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় বিবিসির লোগো ব্যবহার করেও এ ধরনের গুজব ছড়ানো হয়। যা পরে মিথ্যে বলে জানা যায়। সকলেই জানে যে বিএনপি-জামাতের অর্থের কোনো অভাব নেই।

    সে কারণে তারা প্রচুর অর্থ খরচ করে ফেসবুক পেইজ এবং কিছু কিছু অনলাইনের মাধ্যমে মিথ্যা গুজব ছড়াচ্ছে। তবে সরকার ফেসবুকে গুজব মনিটর করার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে গুজব সনাক্তকরণ ও প্রতিরোধ সেল তৈরি করেছে। সেপ্টেম্বরের শেষেই এর কার্যক্রম শুরু হয়ে যাবে। মনিটরিং সেল ২৪ ঘণ্টা নজর রাখবে কোন কোন তথ্য গুজব। কারণ গুজব যখন রটনা হয় তা কিন্তু অপরাধের পর্যায়ে পরে।

    তিনি আরও বলেন, তিনটি বিভাগে এই গুজব শনাক্তকরণ ও প্রতিরোধ সেল কাজ করবে। যাতে তরুণ প্রজন্ম নিযুক্ত থাকবে। তিন ঘণ্টার মধ্যে এসব তরুণরা গুজব চিহ্নিত করে তা বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদপত্র ও রেডিওকে জানিয়ে দেবে যে এই সংসদ গুজব।

    হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলাও করার পরামর্শ :

    হুইপ শহীদুজ্জামান সরকারের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারানা জানান, সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে। অতীতের যে কোনো সরকারের চেয়ে আমরা গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দিয়েছি। কিন্তু তারপরেও কোনো কোনো মিডিয়া ও সাংবাদিক ইনটেনশনালি হলুদ সাংবাদিকতা করে থাকে। কোনো ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যদি কোনো সাংবাদিক হলুদ সাংবাদিকতা করেন বা মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য প্রকাশ করেন। তাহলে তার বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ জানানো যাবে।

    তা ছাড়া আদালতেও মামলা করা যায়। এ ছাড়া ৫৭ ধারায় অভিযোগ দায়ের করা যেতে পারে। কোনো ধরনের মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য বা খবর প্রচার/ প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

  • খালেদার চিকিৎসায় ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

    খালেদার চিকিৎসায় ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

    কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  কমিটির অপর সদস্যরা হলেন- আবু জাফর চৌধুরী বিরু, অধ্যাপক তারেক রেজা এবং অধ্যাপক শামসুন্নাহার।

    কারা-কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এ তথ্য জানিয়েছেন।

    উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এরই মধ্যে একবার তার স্বাস্থ্য পরীক্ষার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করতে গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়।

  • বহুল আলোচিত সড়ক পরিবহন বিল সংসদে উত্থাপিত

    বহুল আলোচিত সড়ক পরিবহন বিল সংসদে উত্থাপিত

    দুর্ঘটনায় প্রাণহানির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে বহুল আলোচিত ‘সড়ক পরিবহন আইন ২০১৮ বিল’ সংসদে উত্থাপিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

    বিলে বলা হয়, লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি গণপরিবহনে কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। শ্রম আইন অনুযায়ী নিবন্ধিত প্রতিষ্ঠান চুক্তি ছাড়া কাউকে কন্ডাক্টর নিয়োগও করতে পারবে না। গণপরিবহন পরিচালনায় সরকারি গেজেট দ্বারা প্রতিটি মহানগর, বিভাগ এবং জেলায় একটি করে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠিত হবে। কমিটিতে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক প্রতিনিধি থাকবেন। এ কমিটি রুট পারমিট দেবে।

    বিলে মোটরযানের মালিক বা প্রতিষ্ঠানের কাছ থেকে বার্ষিক বা এককালীন চাঁদা আদায়ের বিধান রাখা হয়েছে। চাঁদার অর্থ মোটরযান দুঘর্টনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি বা তার উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ বা চিকিৎসা খরচ বাবদ দেয়ার বিধান রাখা হয়েছে। এ জন্য সরকার কর্তৃক আর্থিক সহায়তা তহবিল পরিচালনায় একটি ট্রাস্টি বোর্ড গঠিত হবে। সরকার ট্রাস্টির চেয়ারম্যান নিয়োগ করবে। এটি একটি স্বশাসিত প্রতিষ্ঠান হবে। বিলে পরিবহন খাতের বীমাসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।

    বিলে অপরাধ, বিচার ও দণ্ড অনুচ্ছেদে বলা হয়েছে, প্যানাল কোডের ক্রিমিনাল প্রসিডিউর ১৮৮৯-এ ভিন্ন কিছু না থাকলে, সাব ইন্সপেক্টর বা সমমর্যাদার কর্মকর্তা আদলতে অবহিত করলে এ আইনের অধীনে সব অপরাধ আমলযোগ্য হবে। তবে আইনের ৮৪, ৯৮ ও ১০৫ অনুচ্ছেদে বর্ণিত অপরাধসমূহ ছাড়া অপর সব অপরাধ জামিনযোগ্য হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অব পুলিশ বা সমমর্যাদার কর্মকর্তাকে এ আইনের ৬৬, ৭২, ৭৫, ৮৭, ৮৯ এবং ৯২ ধারায় বর্ণিত অপরাধসমূহ আপোষ মিমাংসা করতে পারবেন।

    এ ছাড়া অপরাধসমূহ নির্ধারিত টার্মিনাল চার্জ ব্যতীত পাবলিক প্লেসে মোটরযান চলাচলের জন্য অবৈধভাবে কোনো অর্থ আদায় করা যাবে না। করলে প্যানাল কোডের অধীন চাঁদাবাজির অপরাধ বলে গণ্য হবে।

    বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ সালে আদালতের নির্দেশে মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স ১৮৮৩ বাতিল হয়ে গেলে আবশ্যকতা বিবেচনায় ২০১৩ সালের ৭নং আইন দ্বারা এটি কার্যকর রাখা হয়। পরে চাহিদা ও নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতে সড়ক পরিবহন আইন-২০১৮ প্রণীত হয়। আধুনিক ও যুগোপযোগী করতে আইনে ১৪টি অধ্যায়ে ১২৬টি ধারা যুক্ত করা হয়েছে।

    এ ছাড়া আজ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল ২০১৮ পাস করেছে সংসদ।

    প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। পরের দিন থেকে রাজধানীর সড়কে অবস্থান করে বেপরোয়া বাস চালকের ফাঁসি, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালনা বন্ধসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরপর আইনটি চূড়ান্ত করে সাজা ও জরিমানা বাড়ানো হয়। এর আগেও আইনটি করার উদ্যোগ নেয়া হলেও রহস্যজনক কারণে তা সম্ভব হয়নি।