Author: banglarmukh official

  • লিখতে-পড়তে পারলেই সাক্ষরতা বলে না: গণশিক্ষামন্ত্রী

    লিখতে-পড়তে পারলেই সাক্ষরতা বলে না: গণশিক্ষামন্ত্রী

    এখন শুধু লিখতে-পড়তে পারলেই তাকে সাক্ষরতা বলে না। পড়ালেখার পাশাপাশি তাকে কর্মদক্ষ হলেই তাকে সাক্ষর বলা হচ্ছে। সাক্ষরতার চিত্র আগামী ১০ বছরের মধ্যে পাল্টে যাবে। সাক্ষরতা মানে একজন শিক্ষিত ও দক্ষ ব্যক্তিকে বোঝাবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি এই প্রতিপদ্যে এবার সারা দেশে সাক্ষরতা দিবস পালিত হচ্ছে।

    আগামী ১০ বছরে দেশের সব মানুষ সাক্ষরতার জ্ঞান নিয়ে নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করে গণশিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে শিক্ষার সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীর জন্য ২০১৪ সালের উপানুষ্ঠানিক শিক্ষা আইন প্রণীত হয়েছে। এর ফলে সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আামাদের সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ। এখনো ২৭ দশমিক ১ শতাংশ মানুষ নিরক্ষর রয়েছে। তাদের সাক্ষরজ্ঞান ও দক্ষ করে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন বলেন, দেশের একটি অংশ নিরক্ষর থাকবে এটি ভেবেই বঙ্গবন্ধু গণসাক্ষরতা কার্যক্রম শুরু করলেও এটি যে গতিতে চলছে তা সঠিক নয়। শুধু যোগ বিয়োগ, সাক্ষর করা আর পেপার পড়তে পারাই সাক্ষরতার মূল উদ্দেশ্য নয়। সাক্ষরতার জ্ঞান নিয়ে যেন তাদের কর্মসংস্থান তৈরি হয় সেটিই ছিল এর মূল লক্ষ্য। অথচ তা আজ স্থবির হয়ে পড়েছে। আজও দেশে শিক্ষানীতি বাস্তবায়ন হয়নি।

  • প্রভাবশালীদের কারণে অনেক সময় আইন প্রয়োগ করা যায় না

    প্রভাবশালীদের কারণে অনেক সময় আইন প্রয়োগ করা যায় না

    অনেক সময় প্রভাবশালীদের কারণে রাস্তায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া সম্ভব হয় না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

    শনিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ট্রাফিক সচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আইন কেউ মানতে চায় না, আইন প্রয়োগ করতে গেলে অনেক চাপ সহ্য করতে হয়। অনেক সময় পেছন থেকে টেনে ধরতে চায়।’

    ডিএমপি কমিশনার আরো বলেন, ‘কখনও আমরা সেটা উপেক্ষা করতে পারি কখনও বা আমাদের আপস করতে হয়। পথচারী আইন মানে না। আইন প্রয়োগকারী সংস্থাও আইন মানে না। কেউ যেখানে আইন মানে না তাহলে সড়কে শৃঙ্খলা কিভাবে ফিরে আসবে।

  • বরিশালের ঐহিত্যবাহী খাল দখলমুক্ত করতে অভিযান

    বরিশালের ঐহিত্যবাহী খাল দখলমুক্ত করতে অভিযান

    বরিশাল নগরীর ঐহিত্যবাহী জেল খাল অবৈধ দখলমুক্ত ও পুনঃখনন কাজ শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় জেল খাল দখলমুক্ত ও পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

    এরপর সিটি কর্পোরেশনের সহায়তায় ৩.২ কিলোমিটার জেল খাল অবৈধ দখলমুক্ত ও সংস্কার কাজ শুরু হয়। এর আগে জেল খাল অবৈধ দখলমুক্ত ও সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার (বীর উত্তম), মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোকলেছুর রহমান, বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার ও জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন প্রমুখ।

    জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ভূমি মন্ত্রণালয় নগরীর ঐহিত্যবাহী জেল খাল অবৈধ দখলমুক্ত করতে ৬ লাখ টাকা বরাদ্দ দেয়। পানিসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এক আদেশে জলাশয় ও বদ্ধ খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেয়। সিটি কর্পোরেশন থেকে নগরীর ২৩টি খাল পুনঃখননের জন্য মন্ত্রণালয়ে আড়াইশ কোটি টাকার একটি প্রকল্প জমা দেয়া হলেও প্রকল্পের প্রাক্কলন বেশি হওয়ায় প্রকল্প পাস হতে বিলম্ব হচ্ছে। তাই শুধুমাত্র জেল খাল পুনঃখননের জন্য একটি পৃথক প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এই ৩ প্রকল্পের সমন্বয়ে জেল খাল অবৈধ দখলমুক্ত করে সংস্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

  • ইদলিবে হামলা চালালো রাশিয়া

    ইদলিবে হামলা চালালো রাশিয়া

    সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী অধ্যূষিত অঞ্চল ইদলিবে নতুন করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এক উপদেষ্টার মতে, গতকাল তেহরানে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যকার আলোচনা এ অঞ্চলে সামরিক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ব্রিদ্রোহীদের দখলে থাকা ইদলিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এর ফলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা ব্যক্ত করেছে তুরস্ক।

    আন্তর্জাতিক সুরক্ষার দাবিতে শুক্রবারের জুমার নামাজের পর এ অঞ্চলের কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায় আল-দানা শহরের একজন বিক্ষোভকারী বলেন, তারা দাবি করেন সিরীয়দের হত্যাকাণ্ড বন্ধ করবে জাতিসংঘ।

    সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবার রুশ যুদ্ধবিমান থেকে জিহাদী জোটের মিত্র হায়াত তাহরির আল শাম ও আহরার আল শামের দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, এই হামলার লক্ষ্য ছিল বিদ্রোহীদের ঘাঁটি ধ্বংস করা।

    হায়াত তাহরির আল শামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ এবং ইদলিবে আনুমানিক ১০ হাজার সদস্য রয়েছে এই সংগঠনটির। চলতি সপ্তাহের শুরুতে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের পশ্চিমাঞ্চলে ৩০টির মতো বিমান হামলা চালায় রাশিয়া।

  • সিরিয়ায় হত্যাযজ্ঞ দেখে চুপ থাকবো না : হুঁশিয়ারি এরদোয়ানের

    সিরিয়ায় হত্যাযজ্ঞ দেখে চুপ থাকবো না : হুঁশিয়ারি এরদোয়ানের

    শামীম ইসলাম:

    সিরিয়ায় বেসামরিক মানুষের প্রাণহানি দেখে আঙ্কারা বসে থাকবে না বলে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার তেহরানে সিরিয়া ইস্যুতে ইরান এবং রাশিয়ার নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় এক বৈঠকের পর এ সতর্ক বার্তা দিয়েছেন তিনি।

    তেহরানের ওই বৈঠকের প্রেক্ষিতে শুক্রবার একাধিক টুইট করেন এরদোয়ান। তিনি বলেন, এর ফলে বেসামরিক মানুষের জীবন সন্ত্রাসীদের খেলনার বিষয়ে পরিণত হবে।

    এরদোয়ান বলেন, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যার ঘটনা যদি পুরো বিশ্ব না দেখার ভান করে বসে থাকে; তারপরও আমরা এরকম একটি খেলার সঙ্গে নিজেদের জড়াবো না অথবা পাশে বসে শুধু সেটা দেখেও যাবো না।

    তিনি বলেন, সিরিয়া যুদ্ধের দীর্ঘস্থায়ী সমাধান, শরণার্থী প্রত্যাবাসন এবং স্বেচ্ছাসেবকের কাজ করার জন্য তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ।

    সিরিয়ার শেষ বিদ্রোহী অধ্যূষিত অঞ্চল ইদলিবে মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এক বৈঠকে মিলিত হন।

    সিরিয়ার এই প্রদেশটিতে ৩০ লাখের বেশি মানুষ বসবাস করে; যার অর্ধেকের বেশি এখন বাস্তুচ্যুত।

    কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনা ছাড়াই বৈঠক শেষ হয়। বৈঠকে তুরস্ক এ অঞ্চলে যুদ্ধ বিরতির প্রস্তাব দিলে রাশিয়া এবং ইরান তা প্রত্যাখান করে। ফলে ইদলিবে সিরিয়া সরকারের নতুন করে হামলা শুরুর শঙ্কা তৈরি হয়েছে।

    রাশিয়া এবং ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে, তুরস্ক সিরিয়ার কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে; যারা আসাদ সরকারের পতন চায়।

  • সরকারের শেষ অধিবেশন শুরু রোববার

    সরকারের শেষ অধিবেশন শুরু রোববার

    চলমান জাতীয় সংসদের ২২তম আর সরকারের শেষ অধিবেশন আগামীকাল রোববার বসছে। এই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

    অধিবেশন শুরুর ১ ঘণ্টা আগে সংসদ ভবনে কমিটির বৈঠক হবে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

    বর্তমান সরকারের মেয়াদ ২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে। ডিসেম্বরের শেষে একাদশ সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে জরুরি কোনো প্রয়োজন না পড়লে এই অধিবেশনই চলতি সংসদের শেষ অধিবেশন হতে পারে।

    বহুল আলোচিত সড়ক পরিবহন বিল, ২০১৮ বিল এই অধিবেশনেই উত্থাপন করা হবে। গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। পরের দিন থেকে রাজধানীর সড়কে অবস্থান করে বেপরোয়া বাস চালকের ফাঁসি, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালনা বন্ধসহ ৯ দফা দাবি আদায়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরপর আইনটি চূড়ান্ত করে সাজা ও জরিমানা বাড়ানো হয়।

    জানা যায়, আসন্ন সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। নির্বাচনকালীন সরকার গঠনের কোনো বিধান সংবিধানে নেই। ক্ষমতাসীন সরকারই নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। তবে প্রধানমন্ত্রী চাইলে নির্বাচনকালীন সরকার গঠন করতে পারবেন।

    এর আগে সংসদের ২১তম অধিবেশন ১২ জুলাই শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল ২৫টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশেন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

  • অভিভাবকদের আগে ভালো মানুষ হতে হবে : আইজিপি

    অভিভাবকদের আগে ভালো মানুষ হতে হবে : আইজিপি

    শামীম ইসলাম:

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের কী শিক্ষা দিচ্ছি সেটার উপরই নির্ভর করছে তাদের ভবিষ্যত। ওদেরকে অবুঝ ভাববেন না। শিশুদের শুধু ভালো মানুষ হবার কথা না বলে অভিভাবকদের নিজেদের আগে ভালো মানুষ হতে হবে। কারণ আমরা যা বলছি তার চেয়ে যা করছি তাই বেশি অনুসরণ করে ওরা।

    শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর মিরপুরস্থ পুলিশ স্টাফ কলেজে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৮’ শীর্ষক ওই অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এসব বলেন তিনি।

    igp

    অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট আয়োজিত ওই অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুলিশ পরিবারের ৩৬১ জন কৃতি সন্তানকে বৃত্তি প্রদান করেন আইজিপি।

    পুলিশ পরিবারের কৃতি সন্তানদের বৃত্তি প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সাফল্যের স্বীকৃতি সুস্থ প্রতিযোগিতা তৈরি করে। ওদেরকে (শিক্ষার্থী) আরও বেশি অনুপ্রাণিত করতে হবে। কারণ ভবিষ্যতে আমাদের পরিচয়, সম্মান নির্ভর করছে ওদের উপর। ওদের কর্মে অভিভাবকরা উজ্জ্বল হয়।আমরা পুলিশ সদস্যরা পরিবার ও সন্তানদের সময় দিতে পারি কম। আমাদের মতো সরকারি চাকরীজীবিরাও। আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ হবার ক্ষেত্রে মূল ভূমিকা তো গর্বিত মা’দের। তবে বাবার আদর্শ, শিক্ষা এবং কর্ম প্রভাবিত করে আমাদের সন্তানদের। অভিভাবকদের উচিত ওদের সাথে, ওদের সামনে, গোচরে, অগোচরে নৈতিক কর্মের দৃষ্টান্ত রাখা। দিন শেষে আপনার কথা হয়, আপনি যা করছেন সন্তান সেটাই গ্রহণ করছে।

    igp

    কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘ভালো মানুষ হতে হবে। সেজন্য মানবিক বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশকে চিনতে হবে। বাংলাদেশকে চিনতে ও চেনাতে বঙ্গবন্ধু, দেশের ইতিহাস, সংস্কৃতি ও অভ্যুদ্বয়ের ইতিহাস জানতে হবে। পরীক্ষার খাতায় ভালো লিখে ভালো রেজাল্ট করাই জীবনের সব কিছু নয়, বরং পদে পদে পরীক্ষা দিতে হবে। জীবনের স্তরে স্তরে পরীক্ষায় পাস করতে পারাই ভালো মানুষ হয়ে ওঠার সিঁড়ি।’

    বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ নজিবুর রহমান বলেন, ‘হে কৃতি সন্তানেরা, তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা আজই সিদ্ধান্ত নাও কি হতে চাও। নেতা হওয়া সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া কঠিন। সমাজের চারদিকে ভালো মানুষ থাকার জন্য বিপদ তৈরি হয়েছে। টাকা বেড়েছে, কমেছে শান্তি। সোনার মানুষ হতে গেলে এসব মোকাবেলার চ্যালেঞ্জ নিতে হবে।’

    igp

    একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বিশ্বের কোথাও বাংলাদেশ পুলিশের ন্যায় কর্মঘণ্টার বাইরে এতো বেশি পরিশ্রম করতে হয় না। এরপরও অহেতুক পুলিশকে নিয়ে নানা সমালোচনা। পুলিশকে নিয়ে এতো এতো সমালোচনা ও বিরোধিতা তা কৃতিত্বের সাথে তোমাদের জবাব দিতে হবে, এভাবেই সফলতার মধ্য দিয়ে।’

    এবার পুলিশ পরিবারের ৩৬১ কৃতি শিক্ষার্থীর মধ্যে এসএসসি ৩৫৪ জন (ছেলে ১৭৫ ও মেয়ে ১৭৯), দাখিল ৪ জন, ও লেভেল ৩ জনকে (ছেলে ২, মেয়ে ১) সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।

  • সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে: এলজিআরডি মন্ত্রী

    সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে: এলজিআরডি মন্ত্রী

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক সময় সারা বাংলাদেশের বাজেট ছিল সাত হাজার কোটি টাকা। বর্তমানে শুধু পিরোজপুর জেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে দুই হাজার কোটি টাকার কাজ চলমান। দেশ যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ।
    শুক্রবার দুপুরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব  কথা বলেন তিনি।
    খন্দকার মোশাররফ হোসেন বলেন, বৃহত্তর ফরিদপুরের একজন বাসিন্দা হিসাবে বরিশাল অঞ্চলের ভান্ডারিয়ায় আজ আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই দুই অঞ্চলের মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক অনেক পুরোনো, ব্যাপক ও নিবিড়। এখানে আমি অতিথি হিসাবে আসিনি, এসেছি একজন স্বজন হিসাবে। আপনারা আমাকে আপন ভাববেন, পর ভাববেন না। ভান্ডারিয়ায় এসে আজ আমি অভিভূত। বঙ্গবন্ধুর অত্যন্ত আপনজন মানিক মিয়ার ছেলে আনোয়ার হোসেন মঞ্জু আমাকে ভান্ডারিয়ায় আসার আমন্ত্রণ জানানোয় আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এখানে আসার জন্য। আবহাওয়া বৈরী হওয়ায় আমি সংশয়ের মধ্যে ছিলাম সত্যি সত্যি আজ ভান্ডারিয়ায় আসতে পারবো কিনা। আল্লাহর অসীম রহমতে এখানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি।
    তিনি আরো বলেন, ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী সংসদীয় আসনে বারবার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর মত একজন নেতাকে ৩৪ বছর ধরে আপনারা পেয়েছেন, এটা এলাকাবাসীর পরম সৌভাগ্য। তিনি সরকারের মন্ত্রী সভার একজন সম্মানিত ও অভিজ্ঞ সদস্য এবং সারা বাংলাদেশের নেতা। এলাকার মানুষ তাকে পেয়ে যে কতটা সৌভাগ্যবান তা আজকের এই সমাবেশ দেখে আমি অনুধাবন করতে পারছি। আমাকে দেশের বিভিন্ন জেলায় যেতে হয়, কিন্তু কোথাও  এমন চমৎকার ও সমৃদ্ধ সমাবেশ আগে কখনও দেখিনি। বয়োজ্যেষ্ঠ মুরব্বী, মুক্তিযোদ্ধাসহ নানা বয়সী নারী পুরুষের এ রকম উপচে পড়া আন্তরিক উপস্থিতি আমাকে অবাক ও মুগ্ধ করেছে। এ সমাবেশ প্রমাণ করে তাদের নেতা ও প্রতিনিধি আনোয়ার হোসেন মঞ্জুর প্রতি এলাকার মানুষের শ্রদ্ধা ও ভালবাসা কতটা গভীর এবং বন্ধন কত সুদৃঢ়।
    এলজিআরডি মন্ত্রী বলেন, সরকারের গত নয় বছরে পিরোজপুর জেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এর মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৬৭ কোটি টাকার কাজ হয়েছে, ৮৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায়। চারটি পৌরসভায় ৫৫ কোটি টাকা, সাতটি উপজেলায় ৪৪ কোটি টাকা, ৫১টি ইউনিয়ন পরিষদে ৫৩ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জেলায় এ সময় কালে ৩৩টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুর মত একজন নেতার পক্ষেই এ উন্নয়নের নেতৃত্ব দেয়া সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
    জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তার বক্তব্যে বলেন, আজকের এ অনুষ্ঠান প্রমাণ করে আমাদের ঈমান যদি অটুট ও জনগণের দোয়া থাকে এবং মানুষ যদি ঐক্যবদ্ধ হয় সেখানে আল্লাহর রহমত নেমে আসে। আজকের প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন সরকারের মন্ত্রী সভার সম্মানিত সদস্য এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা সত্ত্বেও আমাদের আমন্ত্রণে তিনি ভান্ডারিয়ায় এসেছেন এই জন্য তাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। তিনি তার মন্ত্রণালয়ের অধীনে ভান্ডারিয়ায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের অনুমোদন দিয়েছেন এবং আজ উদ্বোধন করলেন।
    পাশাপাশি উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও খন্দকার মোশাররফ হোসেন মিলনায়তনের উদ্বোধন করে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন।
    পানি সম্পদ মন্ত্রী আরো বলেন, ৩৪ বছর ধরে আমি বলে আসছি যতদিন মানুষের মাঝে ঐক্য থাকবে, আমি যদি নাও থাকি এলাকার উন্নয়ন ও প্রয়োজন এভাবেই পূরণ হবে।
    ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী। আরও বক্তব্য দেন- পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা জাতীয় পার্টি জেপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু, উপজেলা জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান  টুলু এবং টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক।
    অনুষ্ঠান মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, পিরোজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও সরকারের উপ-সচিব মো. মোস্তাফিজুর রহমান, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, ভান্ডারিয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মধ্যে নদমূলা শিয়ালকাঠির সফিকুল কবির তালুকদার বাবুল, গৌরীপুরের মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়ার খান এনামুল কবির পান্না, ইকড়ির মো. হুমায়ুন কবির প্রমুখ।
    শুক্রবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আনুষ্ঠানিকভাবে ভান্ডারিয়া উপজেলার নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের  উদ্বোধন করেন। পাঁচ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করেছে। ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চার তলা কংক্রিট ফ্রেম স্ট্রাকচার মূল ভবনের ৩০টি কক্ষ রয়েছে। হলরুমসহ ভবনের সর্বমোট আয়তন ২১ হাজার বর্গফুট। ২০১৭ সালের ৭ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর শেষ হয়।
    এছাড়া এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন। এ সব উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
    খন্দকার মোশাররফ হোসেনের ভান্ডারিয়ায় আগমন উপলক্ষে সারা শহরকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়। হাসপাতাল মাঠের হেলিপ্যাড থেকে উপজেলা পরিষদ চত্বরের অনুষ্ঠানস্থল পর্যন্ত রাস্তার দুই পাশে শত শত মানুষ দাড়িয়ে অতিথিকে অভ্যর্থনা জানান। উদ্বোধনী অনুষ্ঠানের উপচে পড়া মানুষের পাশাপাশি বাইরেও শত শত মানুষ রাস্তায় ও বিভিন্ন স্থানে দাড়িয়ে অতিথিদের বক্তব্য শোনেন।
  • হাটাচলা না করায় বিশ্বের এক চতুর্থাংশ লোক অকাল মৃত্যুর ঝুঁকিতে

    হাটাচলা না করায় বিশ্বের এক চতুর্থাংশ লোক অকাল মৃত্যুর ঝুঁকিতে

    শামীম ইসলাম:
    আপনি কি আজ অন্তত কিছুটা পথ হেঁটেছেন? অফিসে কাজ কি চেয়ারে বসে করতে হয়, নাকি হাতে-কলমে করতে হয়? আজ কোন খেলাধুলা করেছেন কি? যদি এর উত্তর ‘না’ হয়ে থাকে – তাহলে কিন্তু আপনার হূদরোগ, ডায়াবেটিস বা ক্যান্সারের মত রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে অকালে মৃত্যুর ঝুঁকি। এক জরিপের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় না হবার কারণে পৃথিবীর এক-চতুর্থাংশেরও বেশি লোকই নানা গুরুতর রোগে আক্রান্ত হবার ঝুঁকির মধ্যে রয়েছে।
    তাই পৃথিবীর প্রায় দেড়শ’ কোটি লোকই এখন হয়তো অকালে অর্থাত্ স্বাভাবিক বয়সের আগেই মারা যেতে পারেন, এমন সম্ভাবনা আছে। জরিপের রিপোর্ট বলা হচ্ছে, যারা শারীরিকভাবে সক্রিয় নয় বা ব্যায়াম করে না তাদের বয়সের কোনো এক পর্যায়ে এসব রোগ হবার ঝুঁকি বেশি। ল্যানসেট গ্লোবাল হেল্থ জার্নালে প্রকাশিত এই জরিপটিতে ২০ লাখ অংশগ্রহণকারীর উপাত্তের বিশ্লেষণ করা হয়েছে।
  • বিয়ের পর দীপিকার আবারো হলিউড যাত্রা

    বিয়ের পর দীপিকার আবারো হলিউড যাত্রা

    শামীম ইসলাম:
    প্রিয়াঙ্কা চোপড়ার পর হলিউডে সফল যাত্রা দীপিকা পাডুকোনের। যদিও তার ঝুলিতে মাত্র একটি হলিউডের সিনেমা। আর একটি সিনেমা দিয়েই বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেক্ষেত্রে প্রিয়াঙ্কার চেয়েও একটি জায়গায় এগিয়ে দীপিকা। কারণ তার ‘থ্রি এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমাটি যখন মুক্তি পায় একই সময় মুক্তি পায় প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’।
    আর ‘থ্রি এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ব্যবসাসফল একটি সিনেমা। সিনেমাটির প্রচারণার জন্য সিনেমার টিম ভারতেও এসেছিল। কিন্তু সেসময় প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ খুব একটা সুবিধা করতে পারেনি। তবে ‘কোয়েন্টিকো’ দিয়ে আসে প্রিয়াঙ্কার মূল জনপ্রিয়তা। এদিকে হলিউডের নতুন ছবিতে দীপিকার আবারো অভিনয়ের কথা চলছিল অনেকদিন। মাঝে জানা যায়, বিয়ের কারণে হলিউডের আরো একটি সিনেমার প্রস্তাব আসার পরও না করেন দীপিকা। তবে এবার হলিউডের নতুন সিনেমা নিয়েই শিরোনাম হলেন।
    ‘থ্রি এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটির চতুর্থ কিস্তির জন্য আবারো ডাক পেয়েছেন দীপিকা। ছবিটির পরিচালক ডিজে কারুসু সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন। আগামী বছরের জানুয়ারি থেকে শুটিং শুরু করা হবে। আর দীপিকা তার বিয়ের আনুষ্ঠানিকতাও শেষ করতে যাচ্ছে চলতি বছর। তাই ছবির শুটিংয়ে অংশ নেওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যার কথা জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে এখনো খোলামেলা কিছু বলেননি দীপিকা।