Author: banglarmukh official

  • নতুন রাজনৈতিক জোটকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী

    নতুন রাজনৈতিক জোটকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী

    আগামী নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত নতুন রাজনৈতিক জোটকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দলের অংশগ্রহণেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

    তিনি বলেন, বাংলাদেশে তো রাজনৈতিক দল দুইটি। একটি আওয়ামী লীগ অপরটি আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগ বিরোধীদের তো একটা জায়গা লাগবে। এ জন্য তারা যে ঐক্য করেছে আমি তাদের সাধুবাদ জানাই যে, ঐক্যটা থাক।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে ডা. বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল হোসেন এবং অন্যদের নিয়ে নতুন জোট গঠন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তার দলও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একটি ভালো বিরোধী জোট প্রত্যাশা করে।

    অতীতে জোটের নেতৃবৃন্দের কেউ কেউ সরকার বিরোধী ষড়যন্ত্রে যুক্ত ছিল উল্লেখ করে তিনি বলেন, আমি আশা করবো তাদের জোট নির্বাচন বানচালের জন্য নয় বরং সংঘবদ্ধভাবে নির্বাচনে অংশ গ্রহণের জন্যই হবে।

    বিমসটেক সম্মেলন শেষে দেশে ফেরার পর সেই বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন হলেও আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার, খালেদা জিয়ার কারাবাস এবং রোহিঙ্গা সমস্যার মত বিষয় সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে স্থান করে নেয়।

    শেখ হাসিনা আগামী নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে ইভিএম’র আংশিক ব্যবহারকে সমর্থন করে বলেন, জাতীয় নির্বাচনে এর ব্যাপক ব্যবহারের জন্য আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।

    তিনি বলেন, কিন্তু বিএনপি ইভিএম পদ্ধতির বিরোধিতা করছে। কারণ কি তাদের জাল ভোট প্রদানের নীল-নকশা বানচাল হয়ে যাবে, এই ভয়ে।

    তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা অতীতে ভোট চুরি ও ভোটের কারসাজিতে অভ্যস্ত ছিল তারাই কিনা এখন নির্বাচনের অনিয়মের বড় বড় কথা বলছে।

    শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এতে কোন সন্দেহ নেই। কারণ, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়ার রাজনীতি আমরা করি না। জনগণ যদি ভোট দেয় তবেই আমরা ক্ষমতায় থাকবো, না হলে নয়। আর আমার বিশ্বাস থেকেই আমি কথাগুলো বলছি।

    প্রধানমন্ত্রী বলেন, কারো ক্ষমতা নেই এই নির্বাচনকে বানচাল করার। কারণ, এটাই দেশকে এগিয়ে নেয়ার একমাত্র পথ এবং জনগণও এটা জানে যে, দেশে কেবল গণতান্ত্রিক সরকার থাকলেই দেশ উন্নত হতে পারে।

    তিনি বলেন, ষড়যন্ত্রই যেন দেশে এক সময় একটা প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছিল ’৭৫-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর। তাঁর নিজের ওপরও বেশ কয়েকবার প্রাণঘাতী হামলা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

    শেখ হাসিনা বলেন, দেশে একটি সুবিধাবাদী মহল রয়েছে যাদের দেশে অগণতান্ত্রিক সরকার থাকলে বেশ সুবিধা হয়, তারা কদর পায়, রাষ্ট্রীয় ক্ষমতার ভাগ পায়।

    ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি আসনে সাংসদরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় দেশের সেই স্বার্থান্বেষী মহল নির্বাচনের নিরপেক্ষতার বিরুদ্ধে অপপ্রচার চালায়। কিন্তু নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের মধ্যে ড. কামাল হোসেন নিজেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েই জাতীয় সংসদ সদস্য হয়েছিলেন।

    তিনি স্মরণ করেন বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া নির্বাচনী আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ড. কামাল হোসেন।

    প্রধানমন্ত্রী ভবিষ্যতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের বিচারের জন্য কমিশন গঠন হতে পারে বলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উল্লেখ করেন।

    তিনি বলেন, এই হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত খুনীদের আমরা বিচার করেছি। কিন্তু এর ষড়যন্ত্রকারী যারা তাদের কোন তদন্ত হয়নি বা বিচার হয়নি এবং সেটা হওয়া উচিত এটা হলো বাস্তবতা। এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক রিপোর্ট আছে, অনেক গবেষণা হয়েছে। তাই একটা সময় আসবে যখন দেখা যাবে এগুলোও বেরিয়ে আসবে।

    সংবাদ সম্মেলনে মঞ্চে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

  • স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি ” সুপারহিট

    স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি ” সুপারহিট

    শৌখিন এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি” আগামী ৪ সেপ্টেম্বর, ২০১৮ইং, সন্ধ্যা ৬ টায় শুধু মাত্র  ইউটিউব চ্যানেলে আসছে….. গত ২৭ এপ্রিল ২০১৮ ইং, শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শৌখিন এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি” এর তিনটি প্রদর্শনী হয়েছিল। তিনটি প্রদর্শনীতে মোট দর্শক সংখ্যা ছিল ৬৭৯ জন। আমরা আন্তরিক কৃতজ্ঞ সেই সকল দর্শকদের প্রতি। যারা আমাদের এই কাজটি প্রদর্শনীর বিনিময়ে দেখে আমাদের উৎসাহিত করেছিলেন। আর যারা সেই সময় দেখতে পারেননি তাদের সবার জন্যই  ইউটিউব চ্যানেলে দেখুন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি”। আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের অনুপ্রানিত করবে এবং সামনের পথকে সুগম করবে।

    শৌখিন এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি” দর্শকের মনে সাড়া জাগিয়েছে,চিত্রনাট্য ও পরিচালনায় তরুন পরিচালক ও অভিনেতা,হামিদুর রহমান পাপ্পু,রচনা মোঃআলমগীর, বরিশাল এর মেয়ে বিটিভির সংবাদ পাঠিকা,জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী তাসমি চৌধুরী হানসা,অভিনিত এই চলচ্চিত্রে,বরিশাল এর কৃতিসন্তান মঞ্চ অভিনেতা,হাসিব চৌধুরী সহ অন্যান্য কলাকুশলি অভিনিত এই চলচ্চিত্রটি এখন বেশ আলোচিত,দর্শকের মন জয় করে নিয়েছে,সবার মন জয় করে,স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি””দেখা যাক কতদুর নিজেকে আলোকিত করে,দেখার অপেক্ষায় রইলো সমগ্র দর্শক।

    https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fattribution_link%3Fa%3DX8aLakTA2o8%26u%3D%252Fwatch%253Fv%253DO8a2YGIKoS8%2526feature%253Dshare&h=AT26s22n19sfy4cRgTLSMXYvDe-ki-L1mjX_XUnQkzUxYfsRkxpZ_sGqh-2YLWXfyKxBrxsRJ2gRuXhx5orQURmNNarq2IjAoFRLx2KAAnBuMw1TTc01303txQfQ5hUgjXk

  • সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

    সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

    ধর্মকে ব্যবহার করে কোনো ব্যক্তি বা গ্রুপ যাতে সামাজিক শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সকল ধর্মের লোকদের আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জন্মাষ্টমী উপলক্ষে আজ রবিবার বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

    রাষ্ট্রপতি বলেন, ‘ধর্ম মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায়, জনকল্যাণে অনুপ্রাণিত করে। কোন ধর্মই জঙ্গিবাদ, মৌলবাদ অথবা সন্ত্রাসবাদকে সমর্থন করে না।’

    যদি কেউ আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং একই সঙ্গে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

    যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের মহান স্বাধীনতা যুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে সকল ধর্ম, বর্ণ ও মতের লোকরা অংশ নেওয়ায় বিজয় ত্বরাম্বিত হয়েছে।

    রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে অসাম্প্রদায়িক চেতনাকে কাজে লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন।

    সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য উল্লেখ করে রাষ্ট্রপতি বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও বন্ধুত্ব আরো জোরদারে সকল ধর্ম বিশ্বাসের লোকদের প্রতি আহ্বান জানান।

    বাংলাদেশে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, সকল ধর্মীয় উৎসবই আনন্দ-উল্লাসের, কিন্তু প্রতিটি উৎসবই সকলের অংশগ্রহণে সার্বজনীন হয়ে ওঠে।

    আবদুল হামিদ বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে দীর্ঘদিনের ঐতিহ্যগত ঐক্য যৌথ প্রচেষ্টা ও পারস্পরিক সহানুভবতার মাধ্যমে গড়ে উঠেছে।

    এ সময় তিনি হিন্দু সম্পদায়ের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সমাজ থেকে সকল ধরনের অবিচার, নিপীড়ন, নির্যাতন ও সংঘাত দূর করে জনগণের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির সম্পর্ক তৈরি করাই ছিল শ্রী কৃষ্ণের মূল মতাদর্শ।

    রাষ্ট্রপতি বলেন, সমাজে ধর্ম ও ভালো লোককে রক্ষায় সকল ধরনের অপশক্তি নির্মূলে সমাজে শ্রী কৃষ্ণের আবির্ভাব হয়েছিল।

    এ সময় অভ্যর্থনায় রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীবলম্বীর ব্যক্তিবর্গ, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশায় নিয়োজিত হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিগণ। এ সময় তারা রাষ্ট্রপতিকে জন্মাষ্টমীর ফুলেল শুভেচ্ছা জানান।

    সংসদ সদস্য, বিচারপতি, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার, হিন্দ্র ধর্মাবলম্বী জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গও বঙ্গভবনের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন।

  • রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু

    রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু

    রংপুরের সিওবাজার এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে অন্য একটি বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

    আজ রবিবার নগরীর সিও বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছলে বিপরীতমুখী দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

    রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • কেউ সাম্প্রদায়িক মেরুকরণে পা দেবেন না

    কেউ সাম্প্রদায়িক মেরুকরণে পা দেবেন না

    কেউ সাম্প্রদায়িক মেরুকরণে পা দেবেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক মেরুকরণ করার ডাক দিয়েছে বিএনপি। ওই সাম্প্রদায়িক শক্তি যদি আবার ক্ষমতায় আসতে পারে তাহলে ২০০১ সালের চেয়ে ভয়াবহ পরিবেশ সনাতন ধর্মালম্বীদের জন্য অপেক্ষা করছে।

    আজ রবিবার দুপুরে পলাশীর মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্বক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, আমি প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন ছদ্মবেশী শত্রুকে বেশি ভয় পাই। এদের আগামী নির্বাচনে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এছাড়া স্থানীয় সংসদ সদস্য হাজি মো. সেলিম জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।

  • খালেদার মুক্তি কোর্টের মাধ্যমে আনতে হবে: প্রধানমন্ত্রী

    খালেদার মুক্তি কোর্টের মাধ্যমে আনতে হবে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা কোর্ট (আদালত) দিয়েছেন। তাই তার মুক্তি কোর্টের মাধ্যমে আনতে হবে। অন্যথায়, তার দ্রুত মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।

    সদ্য সমাপ্ত নেপাল সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী আরও বলেন, মামলা কিন্তু আমরা দেইনি। উনাদেরই পছন্দের ফখরউদ্দিন ও মঈনউদ্দিন সাহবের আমলেই এই মামলাটি হয়েছিল। মামলাটি কিন্তু আমরা করেনি।

  • ‘জামায়াত ইসলাম সুকৌশলে শিশুদের মগজ ধোলাই দিয়ে যাচ্ছে’

    ‘জামায়াত ইসলাম সুকৌশলে শিশুদের মগজ ধোলাই দিয়ে যাচ্ছে’

    জামায়াত ইসলাম সুকৌশলে শিশু-কিশোরদের মগজ ধোলাই দিয়ে বিপথগামী করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। রবিবার সকালে মাদারীপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কঠিন ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। তার কারণ জামায়াত ইসলাম কিন্তু বসে নেই। তারা সুকৌশলে আমাদের ছেলে-মেয়ে, শিশু কিশোরদের মগজ ধোলাই দিয়ে যাচ্ছে। সেই মগজ ধোলাইয়ের বিরুদ্ধে পাল্টা মগজ ধোলাই দিতে হবে। এজন্যে বিভিন্ন উৎসব করতে হবে।’ মন্ত্রী এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের মুক্তিযুদ্ধের চেনতায় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে অনুরোধ করেন।

    নৌমন্ত্রী আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতিমধ্যে ইভিএম ব্যবহার করে সফলতা পেয়েছে নির্বাচন কমিশন। এক সময় মানুষ সীল দিতেও পারতো না, সীল দেয়া শিখেছে। তেমনি ইভিএম পদ্ধতি একবার চালু হলে মানুষ সেটার প্রতিও আস্থা পাবে। একটি নির্বাচনে ইভিএম ব্যবহার হলেই মানুষের চর্চা হয়ে যাবে, জনগণ ভালোভাবে এটি বুঝতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারে বিএনপির বিরোধীতা কোন প্রভাব ফেলবে না। ইভিএম কেনার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চুড়ান্ত।

    মাদারীপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত ‘জয় বাংলা’ উৎসবের প্রস্তুতি সভায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান খান, চৌধুরী নূরুল আলম বাবু প্রমুখ। পরে জয় বাংলা উৎসবের জন্যে একটি উদযাপন কমিটি গঠন করা হয়।

  • মিরপুরে বাসচাপায় পুলিশের এসআই নিহত

    মিরপুরে বাসচাপায় পুলিশের এসআই নিহত

    রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় উত্তম কুমার নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

    রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুহুল আমিন সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, এসআই উত্তম কুমার ঢাকার রূপনগর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়।

  • তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না : প্রধানমন্ত্রী

    তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না : প্রধানমন্ত্রী

    নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা তাদের আলোচনায় বসতে চেয়েছিলাম, কিন্তু তারা যে অপমান করেছে, তারপর তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না, আপনারা যে যা-ই বলুন, আমি অন্তত বসবো না। তারা নির্বাচনে আসবে কিনা আসবে না সেটা তাদের ব্যাপার।

    তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা কোর্ট (আদালত) দিয়েছেন। তাই তার মুক্তি কোর্টের মাধ্যমে আনতে হবে। অন্যথায়, তার দ্রুত মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।

    নেপালে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে রবিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    ইভিএম এর ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এটা অনুশীলনের ব্যাপার।

    প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের রাষ্ট্রপতি থিন কিয়াও’র সঙ্গে আলোচনা হয়েছে, তবে মিয়ানমার যা বলে তা করে না।

    প্রধানমন্ত্রী বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী, নেপালের প্রধানমন্ত্রী শর্মা অলি, ভুটানের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা শেরিং ওয়াংচুকসহ অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরেন। উল্লেখ করেন এসব বৈঠকে আলোচনার বিষয়াদিও।

    বিমসটেক সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে কাঠমান্ডু যান প্রধানমন্ত্রী। দুই দিনের সফর শেষে শুক্রবার (৩১ আগস্ট) বিকেল আড়াইটার দিকে দেশে ফেরেন তিনি।

  • ফর্মুলা বা সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন’

    ফর্মুলা বা সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন’

    স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে কোন ফর্মুলা নয়, সংলাপ সংলাপ করেও লাভ হবে না। ভারত-আমেরিকাসহ সংসদীয় গণতন্ত্রের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। দেশের জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে।
    রবিবার সকালে শহরের মুজিব সড়কের মুক্তা প্লাজার সামনে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।

    তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রীস্টানসহ সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করছে।

    জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান।

    অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাড. কে এম হোসেন আলী হাসান, জাতীয় পরিষদ সদস্য হীরক গুন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নরেশ ভৌমিকসহ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের লোকজন অংশগ্রহণ করেন। পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।