Author: banglarmukh official

  • পুলিশ অন্যায় হয়রানি করলে পোশাক খুলে নেওয়া হবে

    পুলিশ অন্যায় হয়রানি করলে পোশাক খুলে নেওয়া হবে

    গাজীপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেছেন, ‘পুলিশের কোনো সদস্য অন্যায় করলে বা জনগণকে হয়রানি করলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ওই পুলিশ সদস্যের পোশাক খুলে নেওয়া হবে। সত্যিকারের জনবান্ধব পুলিশিং বলতে যা বোঝায়, আমরা গাজীপুরে তা বাস্তবায়ন করতে চাই।’

    গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, তিনটি বিষয়ে তিনি জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করবেন। সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে জেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

    সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার নানা সমস্যার চিত্র, অভিযোগ ও অনিয়ম তুলে ধরে এগুলো সমাধানে পুলিশ সুপারের ত্বরিত হস্তক্ষেপ কামনা করেন। পুলিশ সুপার তার বক্তব্যে গাজীপুরের ঐতিহ্য তুলে ধরে বিরাজমান সমস্যা ও অভিযোগ সমাধানে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে তিনি কার্যকর ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন।

    মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, গাজীপুরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন অবৈধ যানবাহন বন্ধ করা হবে। তিনি গাজীপুরে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার কথা ব্যক্ত করেন। এ জন্য তিনি সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মো. গোলাম সবুর, মো. আমিনুল ইসলাম ও পংকজ দত্ত। অনুষ্ঠান শেষে গাজীপুরের পুলিশ সুপার সাংবাদিকদের শুভেচ্ছা জানান। ২৬ আগস্ট এসপি শামসুন্নাহার গাজীপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চাঁদপুরের পুলিশ সুপার ছিলেন।

  • ছাত্রলীগ নেতাকে পেটালেন আওয়ামী লীগ নেতা!

    ছাত্রলীগ নেতাকে পেটালেন আওয়ামী লীগ নেতা!

    ‘কৃষক আইয়ুব আলীর বাড়িতে মাদকদ্রব্য আছে’—পুলিশকে এই মিথ্যা তথ্য দিয়ে হট্টগোল বাধানো এবং ওই কৃষকের গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা লুটের বিচারে শালিস বৈঠক বসেছিল গত সোমবার সদর উপজেলার ছাতনী ইউনিয়নের শিবপুর গ্রামে। ওই বৈঠকে বিশৃঙ্খলা শুরু হলে দাঁড়িয়ে ‘শান্ত হোন, শান্ত হোন’ আহ্বান জানাচ্ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পলাশ কুমার মণ্ডল। তখন শালিস সভাপতি আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন ও তার সমর্থকরা পলাশকে পিটিয়ে জখম করেন। নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নে কৃষক আইয়ুব আলীর বাড়ি।

    তিনি অভিযোগ করেন, গত ২৫ আগস্ট শনিবার রাত আড়াইটায় ইউপি সদস্য ও যুবলীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এমরান আলীর ইন্ধনে পুলিশ তার বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। এ সময় পুলিশের সঙ্গে থাকা চার সোর্স তার গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এমরান আলীর ইন্ধনে কৃষককে নাজেহাল করায় ইতিমধ্যে এএসআই আবুল কালামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

    পলাশ কুমার জানান, শালিসের সভাপতি ও অন্যান্য আওয়ামী লীগ নেতারা ইউপি সদস্য এমরান আলীর পক্ষ নিয়ে বিচারের নামে প্রহসন করেছেন। তিনি প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা তোফাজ্জল তাকে পিটিয়ে জখম করেন। পলাশ এই অনাচারের বিচার দাবি করেছেন। শালিস বৈঠকে সিদ্ধান্ত হয়, এমরানকে সবার কাছে ক্ষমা চাইতে হবে। মুচলেকা দিতে হবে। ভবিষ্যতে এরকম মিথ্যাচার করলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। শালিসে উপস্থিত শত শত মানুষ এই বিচারকে ‘প্রহসনের বিচার’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন।

    তোফাজ্জল হোসেন দাবি করেন, শালিসে তিনি কোনো পক্ষপাতিত্ব করেননি। তিনি বলেন, আমি শুধু পরিস্থিতি শান্ত করতেই পলাশকে থাপ্পড় মেরেছি। সে শালিস পন্ড করতে চেয়েছিল।

    বাড়ি লুটের ঘটনা নিয়ে কেন শালিস করছেন? জবাবে তিনি বলেন, অভিযুক্ত ইউপি সদস্য এমরান আমার পরিষদের সদস্য। তাই বিচার করেছি। পুলিশের তাণ্ডবের বিচারের কি হবে, প্রশ্ন করা হলে তোফাজ্জল বলেন, ওটা পুলিশ বিভাগীয় ব্যাপার।

  • কার্গোর সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ল‌ঞ্চে ফাটল

    কার্গোর সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ল‌ঞ্চে ফাটল

    ঝালকাঠির সুগন্ধা নদীতে কার্গোর সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে গেছে। এতে পানি প্রবেশ করতে থাকায় লঞ্চটি ব‌রিশাল নৌ বন্দ‌রে নোঙর ক‌রা হয়। প্রাণে বেঁচে যান প্রায় দেড় হাজার যাত্রী।

    মঙ্গলবার রাত ৮টায় ঝালকা‌ঠির গাবখান চ্যা‌নে‌লে এই দুর্ঘটনা ঘ‌টে। লঞ্চটি মেঘনা নদীতে প্রবেশ করলে বড় ধরনের দুর্ঘটনায় পড়ত বলে মনে করছেন বিআইডব্লিটিএ’র কর্মকর্তারা।

    লঞ্চের যাত্রীরা জানান, বরগুনা থে‌কে‌ ঢাকায় আসছিল যাত্রীবাহী শাহরুখ-১ নামের একটি ল‌ঞ্চ। রাত ৮টার দি‌কে ঝালকা‌ঠির গাবখান চ্যানে‌লে এক‌টি কা‌র্গোর সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয় লঞ্চটির। এ সময় লঞ্চের তলা ফে‌টে ভেতরে পা‌নি প্র‌বেশ কর‌তে থাকে। যাত্রীরা অ‌নেকবার মাস্টার‌কে লঞ্চটি নোঙর কর‌তে বললেও তি‌নি তা ক‌রেন‌নি। পাশাপা‌শি প্রথম থে‌কেই সার্চ লাইট না জ্বা‌লি‌য়ে মাস্টার বেপ‌রোয়াভা‌বে লঞ্চ চালা‌চ্ছি‌লেন বলে যাত্রীরা অভিযোগ করেন। একপর্যা‌য়ে যাত্রীরা হুলস্থুল শুরু কর‌লে মাস্টার বাধ্য হ‌য়ে ব‌রিশাল নদী বন্দরে লঞ্চ‌টি নোঙর কর‌ান। এতে বড় ধর‌নের দুর্ঘটনা থে‌কে রক্ষা পায় প্রায় দেড় হাজার যাত্রী।

    এরপ‌রেই বিআইড‌ব্লিউ‌টিএ, নৌ পু‌লিশ ও থানা পু‌লিশ যাত্রী‌দের ব‌রিশাল নদী বন্দ‌রে নামি‌য়ে দেয়।

    তবে লঞ্চটির যতটুকু অংশ ফেটে গিয়েছিল তাতে ঢাকা পৌঁছাতে কোনো সমস্যা হত না বলে দাবি করেছেন শাহরুখ ১ ল‌ঞ্চের মাস্টার উজির অালী। তিনি বলেন, সামান্য অংশ ফে‌টে গি‌য়ে‌ছিল। এ‌তে কো‌নো সমস্যা হত না। যাত্রী‌দের হুলস্থুলতার কার‌ণে লঞ্চ নোঙর করা হ‌য়ে‌ছে।

    ব‌রিশাল বিআইড‌ব্লিউ‌টিএ’র নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভা‌গের উপ প‌রিচালক আজমল হুদা মিঠু সরকার ব‌লেন, নৌ প‌রিবহন অ‌ধিদপ্ত‌রের শিপ সা‌র্ভেয়াররা লঞ্চ‌টি পর্যবেক্ষণ কর‌ছেন। পূর্ণাঙ্গ সা‌র্ভে না করা পর্যন্ত লঞ্চ‌টি‌কে যাত্রার জন্য উপ‌যো‌গী বলা যা‌চ্ছে না। তাই লঞ্চ‌টির যাত্রা বাতিল করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি যে‌কো‌নো অবস্থা‌তেই লঞ্চ‌টি‌কে ব‌রিশাল নদী বন্দর থে‌কে অন্য কোথাও না নেয়ার জন্য নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

    ‌তি‌নি আরো ব‌লেন, লঞ্চ‌টি মেঘনা নদী‌তে গি‌য়ে বড় দুর্ঘটনার শিকার হ‌তে পারত।

    এছাড়া যাত্রীদের বিষ‌য়ে তি‌নি জানান, বিকল্প লঞ্চ না আসা পর্যন্ত অর্থাৎ সকাল পর্যন্ত তা‌দের বন্দ‌রে অথবা ল‌ঞ্চে অবস্থান নি‌তে হ‌বে। এক্ষে‌ত্রে নৌ পু‌লিশ ও থানা পু‌লিশ নিরাপত্তার জন্য সারারাত বন্দ‌রেই থাক‌বে ব‌লে সিদ্ধান্ত নেয়া হ‌য়ে‌ছে।

  • শেবাচিম হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

    শেবাচিম হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

    বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার দুপুর ১২টায় সাইফুল ইসলাম নামের ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। তিনি বরিশালের বানারীপাড়ার কুমারপাড়া গ্রামের মো. নূরুজ্জামানের ছেলে।

    হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি গত এক বছর ধরে নিজেকে কখনো ইন্টার্ন চিকিৎসক, কখনো মেডিক্যাল অফিসার দাবি করে গলায় একটি স্টেথোস্কোপ ঝুলিয়ে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে রাউন্ড দিয়ে আসছিলেন।

    এ সময়ে তিনি রোগী ও তাদের স্বজনদের সাথে বিভিন্নভাবে প্রতারণামূলক কথা বলে টাকা-পয়সা হাতিয়ে নেন। এমনকি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে বাকেরগঞ্জ উপজেলার বিত্তবান এক পরিবারের মেয়েকে বিয়েও করেছেন। তিনি বরিশাল নগরীর সাগরদী ইসলামি আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেছেন বলে জানিয়েছেন।

    বেশ কিছু দিন পূর্বে চিকিৎসক পরিচয়ধারী সাইফুল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল রশিদের ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। বিষয়টি বুঝতে পেরে আবদুল রশিদ ক্যানসার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তরিৎ কুমার সমাদ্দারকে জানালে তিনি ওই ভুয়া চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। আর তখনই ধরা পড়ে যায় যে, সাইফুল ভুয়া চিকিৎসক।

    পরে সংশ্লিষ্ট বিভাগের সহকারী অধ্যাপক ডা. মহসিন হোসেন ভুয়া চিকিৎসক সাইফুলকে হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেনের নিকট সোপর্দ করেন। পরিচালক ডা. বাকির হোসেন সাইফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১টায় বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন।

    এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম পিপিএম জানান, হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক পরিচয়কারী সাইফুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • ড. কামালের বাসায় বৈঠকে যুক্তফ্রন্টের নেতারা

    ড. কামালের বাসায় বৈঠকে যুক্তফ্রন্টের নেতারা

    গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে বসেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট নেতারা।

    মঙ্গলবার কামাল হোসেনের বেইলি রোডের বাসায় রাত ৮টার দিকে বৈঠকে বসেন যুক্তফ্রন্টের নেতারা।

    বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জেএসডি সভাপতি অা স ম আবদুল রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের অাহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা মহাসচিব মেজর অব. মান্নান প্রমুখ।

    এর আগে মঙ্গলবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যুক্তফ্রন্টের এক সভা অনুষ্ঠিত হয়।

    সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব, বিকল্প ধারা যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, নাগরিক ঐক্য নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

  • মোদিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে নকশাল নেতা গ্রেফতার

    মোদিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে নকশাল নেতা গ্রেফতার

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে নকশাল মনোভাবাপন্ন নেতা ভারভারা রাও-কে গ্রেফতার করেছে দেশটির মহারাষ্ট্রের পুলিশ। মঙ্গলবার হায়দরাবাদে স্থানীয় পুলিশের সহায়তায় তাঁর বাসায় অভিযান চালায় মহারাষ্ট্রের পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় কবি ও লেখক ভারভারা রাও-কে। এদিন তাঁর দুই মেয়ের বাসাতেও অভিযান চালানো হয়। গ্রেফতারের পরই তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারভারাকে।

    যদিও পুলিশ তরফে বলা হয়েছে ভীমা-কোরেগাঁওতে বিক্ষোভ ও সহিংসতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগেই ভারভারা রাও-কে গ্রেফতার করা হয়েছে।

    উল্লেখ্য, গত জুনে গত জানুয়ারীতে মহারাষ্ট্রের ভীমা-কোরাগাঁওতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত জুন মাসে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওয়িস্ট)-এর পাঁচ সদস্যকে আটক করে পুলিশ। এর মধ্যে রোনা উইলসন নামে এক অভিযুক্তের দিল্লির বাসা থেকে একটি চিঠি উদ্ধার করা হয়, সেই চিঠি থেকেই মোদিকে হত্যার পরিকল্পনার বিষয়টি জানতে পারে পুণে পুলিশ।

    হুমকির চিঠিতে বলা হয় রাজীব গান্ধীর মতোই একটি মাওবাদী সংগঠন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করা হবে। এই কাজ বাস্তবায়িত করতে এম-৪ রাইফেল ও চার লাখ গুলি কেনার জন্য ৮ কোটি রুপির প্রয়োজন বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়। মাওবাদীদের পক্ষ থেকে ওই হুমকি বার্তা আসার পরই সেসময় দেশটির একাধিক জায়গায় অভিযান চালানো হয়।

    মোদিকে হত্যার সেই ছক বানচাল করতে এদিনও দিল্লি, মহারাষ্ট্র, গোয়া, তেলেঙ্গানা ও ঝাড়খন্ডের আটটি জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ।

  • খালেদাকে রাজনীতি থেকে চিরতরে বিয়োগ করতে হবে: ইনু

    খালেদাকে রাজনীতি থেকে চিরতরে বিয়োগ করতে হবে: ইনু

    তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘২০১৮ সালের নির্বাচনটি একারণেই গুরুত্বপূর্ণ যে, এ নির্বাচনের মাধ্যমেই রাজাকার ও রাজাকারদের মাতাস্বরূপ বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে চিরতরে বিয়োগ করতে হবে। তবেই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাবে, আর বিপদে পড়বে না। জঙ্গি-রাজাকার ও এদের পৃষ্ঠপোষকমুক্ত রাজনীতির চূড়ান্ত বিজয়ের জন্য শেখ হাসিনার নেতৃত্ব ও মহাজোটের ঐক্য বজায় রাখতেই হবে।’

    স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের নেতৃত্বে মঙ্গলবার টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে ১৪ দলের শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়ে পুষ্পস্তবক ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

    ইতিহাসের দিকে দৃষ্টিপাত করে মন্ত্রী বলেন, ‘একাত্তরে যে রাজাকার-সাম্প্রদায়িক অপশক্তিকে ‘মাইনাস’ বা বিয়োগ করা হয়েছিল, পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকারীরা সেই অপশক্তিকে রাজনীতিতে ‘প্লাস’ বা যোগ করে। এটি একটি জাতীয় দুর্ঘটনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার এদেরকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করার সংগ্রাম করছি।’

    ‘সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া ও বিএনপি রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক অপশক্তির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘তারা এদেরকে রক্ষা করার সবরকম অপচেষ্টায় লিপ্ত। সেকারণে বাংলাদেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ করতে হলে এই অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষক উভয়কেই ‘মাইনাস’ করতে হবে।’

    ‘এখানে মিটমাটের কোনো সুযোগ নেই, যারা এদের সঙ্গে মিটমাটের কথা বলেন, তারা নির্বাচন ও গণতন্ত্রের নামে খুনি ও অপরাধীদের হালাল করতে চান’, বলেন তথ্যমন্ত্রী।

  • ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতা ছিল

    ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতা ছিল

    ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্য পুনরায় বিএনপি-জামায়াত জোট সরকারকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের জঘন্য হামলা সংঘটিত হতে পারে না।

    মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোটের পৃষ্ঠপোষকতাতেই ২১ আগস্টের সেই হামলা হয়েছিল। তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলার ঘটতে পারে না।’

    তিনি আরও বলেন, যুদ্ধের ময়দানে ব্যবহৃত আর্জেজ গ্রেনেড সেখানে ব্যবহার হয়েছিল। কারণ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়াই এই হামলার উদ্দেশ্য ছিল।

    শেখ হাসিনা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে সভা করতে গিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার হয়ে নিহত হয়েছিল আওয়ামী লীগের আইভি রহমানসহ ২২ জন নেতা-কর্মী এবং দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি। আহত হয়েছিল শত শত নেতা-কর্মী।

    তিনি বলেন, ‘প্রধান বিরোধী দলের সন্ত্রাস বিরোধী একটি সভায় এ ধরনের প্রকাশ্য দিবালোকে যে গ্রেনেড হামলা হতে পারে তার নজীর বিশ্বে সম্ভবত আর কোথাও নেই।’

    অনুষ্ঠানের শুরুতেই ফুলের তোড়া দিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।

    অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে মিলন কান্তি দত্ত, নির্মল কুমার চ্যাটার্জি, শৈলেন্দ্রনাথ মজুমদার, অ্যাডভোকেট কিশোর রঞ্জন পাল, বিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে, দেবাশিষ পালিত ও সুব্রত পাল বক্তৃতা করেন।

    অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত হিন্দু পুরোহিত ও মহারাজসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

  • শাহরুখের পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

    শাহরুখের পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

    ভারতের এক সময়ের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল নাটক ‘কসৌটি জিন্দেগি কি’। একতা কাপুর প্রযোজিত এ সিরিয়ালের প্রেরণা-অনুরাগের জীবন কাহিনী দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে টিভি পর্দায় চোখ রাখতেন অসংখ্য ভক্ত। এটি শুরু হয়েছিল ২০০১ সালের দিকে আর শেষ হয়েছে ২০০৮ সালে। সিরিয়ালটির প্রতি তখনকার মানুষের আগ্রহ দেখে আবারও নতুন রূপে  ‘কসৌটি জিন্দেগি কি’ দর্শকদের সামনে আনতে চলেছেন একতা কাপুর। শোনা যাচ্ছে, ‘কসৌটি জিন্দগি কি টু’-এর প্রমোশনাল ভিডিও-র জন্য এবার নাকি ৮ কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান।

    জি নিউজের খবর, ‘কসৌটি জিন্দগি কি টু’-এর প্রমোশন যাতে শাহরুখ খানের হাতেই হয়, সে বিষয়ে প্রথম থেকেই চেষ্টা চালাচ্ছিলেন একতা। অবশেষে কিং খান-কে রাজি করাতে পারেন টেলিভিশন ‘কুইন’। একতার সঙ্গে একটি শুটও করেন শাহরুখ। কিন্তু, একতা সুপার হিট মেগার প্রমোশনের জন্য শাহরুখ খান ৮ কোটি পারিশ্রমিক নিয়েছেন শুনে অনেকেই ভ্রু কুঁচকোতে শুরু করেন।

    জানা যায়, এই নতুন মেগার জন্য একটি ভিডিও শুট করার কথা ছিল শাহরুখের। কিন্তু শেষ পর্যন্ত ৩টি ভিডিও আরও শুট করেন কিং খান। ফলে, একতার সঙ্গে প্রথম ভিডিও শুটের জন্য ৫ কোটি নেন বাদশা খান। এরপর আরও ৩টির জন্য এক এক কোটি করে পারিশ্রমিক নেন শাহরুখ খান। ফলে, সবকিছু মিলিয়ে ৮ কোটি পারিশ্রমিক পকেটে পুরে ফেলেন বলিউডের বাদশা খান।

    এদিকে ‘কসৌটি জিন্দগি কি টু’-এর শুটিংয়ের পাশাপাশি এখন ‘জিরো’-র জন্য ব্যস্ত শাহরুখ খান। পরিচালক আনন্দ এল রাই-এর এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ এবং অানুশকা শর্মা। শুধু তাই নয়, এই সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খান-কেও। ইতিমধ্যে সেই ভিডিও-ও প্রকাশ্যে এসেছে।

  • বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝড়ের আশঙ্কা

    বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝড়ের আশঙ্কা

    উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    মঙ্গলবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

    এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।