Author: banglarmukh official

  • চীনের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৮

    চীনের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৮

    উত্তর-পূর্ব চীনের হারবিন শহরের একটি হট স্পিং হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

    এ ব্যাপারে চীনা সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ সম্পর্কে জানতে তদন্ত চলছে। এখনও অগ্নিদগ্ধ হোটেলটিতে উদ্ধার তৎপরতা চলছে।

    এদিকে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে হতাহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • হত্যাকারী যেই হোক, ক্ষমা পাবে না : ওবায়দুল কাদের

    হত্যাকারী যেই হোক, ক্ষমা পাবে না : ওবায়দুল কাদের

    সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত। হত্যাকারী যেই হোক, যত প্রভাবশালী হোক, ক্ষমা পাবে না। নিরপেক্ষভাবে বিচার হবে। বিচারে যারাই দোষী সাব্যস্ত হবে, শাস্তি তাদের পেতেই হবে।

    শনিবার সকালে পতেঙ্গা এলাকায় টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন।

    এ সময় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজের ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। কর্ণফুলী টানেল প্রকল্পের বিভিন্ন অংশ মন্ত্রীকে দেখান উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) ড. অনুপম সাহা।

    আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • তিনি আমার অভিভাবক: বুবলী

    তিনি আমার অভিভাবক: বুবলী

    ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘ক্যাপ্টেন খান’। ছবিটি নিয়ে ঈদের দিন একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে মুখোমুখি হয়েছিলেন ছবির দুই তারকা। সেখানে ক্যাপ্টেন খানের পাশাপাশি ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শাকিব-বুবলী। কথা প্রসঙ্গে এক পর্যায়ে শাকিবকে অভিভাবক হিসেবে অকপটে স্বীকার করে নেন বুবলী।

    অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, অন স্ক্রিনে বুবলীর সঙ্গে আমার একটা ভালো ক্যামিস্ট্রি তৈরি হয়েছে। মুখের কথা শেষ হতে না হতেই উপস্থাপকের প্রশ্ন- অফ স্ক্রিন? জবাবে শাকিব খান বলেন, খুব ভালো বন্ধু। এরপর আরও কিছু একটা বলতে চাচ্ছিলেন শাকিব। এমন সময় বুবলী বলেন, অফ স্ক্রিনে তিনি তো আমার অভিভাবক-পরামর্শদাতা। তাকে আমি অভিনয়ের গুরু বলি।

    এরপর কিছুটা অপ্রস্তুত শাকিব খান বলেন, এক সাথে কাজ করেছি, এক সাথে কাজ করছি…আজকে তো তাকে ঈদ মোবারকও জানানো হয়নি…। সুতরাং সমস্ত রসায়নের সবকিছু কিন্তু ক্যামেরার সামনে বলতে হয় না। এটা হচ্ছে আমাদের দর্শকদের আগ্রহের একটা কারণ থাকে। তাই অফ স্ক্রিনে গল্প অফ স্ক্রিনে থাক। আপাতত অন স্ক্রিন নিয়ে কথা বলি।

    সংবাদপাঠিকা থেকে ২০১৬ সালে ‘বসগিরি’ ছবি দিয়ে ঢালিউডে নাম লেখান বুবলী। মাঝের সময়ে ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’ মতো ব্যবসা সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু তার প্রতিটি ছবির বিপরীতে থাকেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিবের মতো জনপ্রিয় একজন নায়কের বিপরীতে একের পর ছবিতে নায়িকার হওয়ার কারণে অনেকের ঈর্ষার কারণও তিনি।

    এই প্রসঙ্গেও এদিন বুবলীকে প্রশ্ন ছোঁড়া হয়- শুরু থেকে কেবল শাকিব খানের বিপরীতে আপনাকে দেখা যাচ্ছে, অন্য কারও সঙ্গে নয় কেন? জবাবে বুবলী বলেন, এটা গল্পের ওপর নির্ভর করে, পরিচালকের পছন্দের ওপর নির্ভর করে, প্রযোজকদের বিনিয়োগের ওপর নির্ভর করে। কারণ দিন শেষে একটা ছবির পেছনে অনেক টাকা বিনিয়োগ করা হয়। এখন সেই পরিচালক ও প্রযোজকেরা যখন চান শাকিব ও বুবলী একসঙ্গে কাজ করুক, সেখানে আমাদের কী করার আছে! তবে সামনে শাকিব ছাড়াও অন্য নায়কের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানান বুবলী।

  • বিপাকে পিএসজি, শাস্তি হলে ছাড়তে হবে নেইমার-এমবাপ্পেকে!

    বিপাকে পিএসজি, শাস্তি হলে ছাড়তে হবে নেইমার-এমবাপ্পেকে!

    এবার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। স্পেনের রেডিও স্টেশন ‘ওন্দা সেরো’র রিপোর্ট ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে শুক্রবার সকাল থেকেই। উয়েফার ক্লাবগুলোর অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থা যদি তদন্তের শেষে পিএসজির আর্থিক অনিয়মের জন্য শাস্তির পথে হাঁটে তাহলে ক্লাবটিকে ছেড়ে দিতে হতে পারে নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের যেকোন একজনকে।

    এছাড়া ওন্দা সেরোর রিপোর্ট অনুযায়ী, উয়েফার অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থার শাস্তি কার্যকর হলে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি রিয়াল মাদ্রিদ, মোনাকো, বার্সেলোনা। নেইমারের জন্য প্রস্তুত করতে পারে রিয়াল মাদ্রিদ। মোনাকো তাদের পুরোনো তারকা এমবাপ্পেকে নিতে তৎপর হবে। বার্সেলোনার ভূমিকা আপাতত দর্শকের।

    এদিকে, ফিনান্সিয়াল ফেয়ার (প্লে এফএফপি) কথায়, ফুটবলার কেনা-বেচার ক্ষেত্রে আর্থিক নিয়ম মেনে চলা, যাতে কোন ক্লাব অতিরিক্ত অর্থ ব্যয় করে বাড়তি সুবিধা না নিতে পারে। এই নিয়মের দিকে চোখ রেখে সব সময় পা ফেলতে হয় ম্যানচেস্টার সিটি, কখনও পিএসজি, কখনও রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো ধনী ক্লাবগুলোকে।

    উল্লেক্য, গত বছর নেইমারের জন্য বার্সেলোনাকে ২২ কোটি ২০ লক্ষ ইউরো ট্রান্সফার মূল্য দিয়েছিল পিএসজি। তারপর মোনাকো থেকে এমবাপ্পেকে নিতে আইনের ফাঁক খুঁজে বের করেছিল পিএসজি কর্তারা। গত বছরেই এমবাপ্পেকে তারা নিয়েছিল লোনে। কিন্তু একটি শর্ত চুক্তিতে রাখা হয়েছিল। বলা হয়েছিল, এখন লোনে নিলেও পরে পাকাপাকি ভাবে এমবাপেকে কিনে নেওয়ার ‘অপশন’ আছে। সেখানে ট্রান্সফার মূল্য উল্লেখ ছিল ১৮ কোটি ইউরো।

    সেই সময় পিএসজি ঘোষণা করেনি, তারা এমবাপ্পের সঙ্গে পাকাপাকি চুক্তি করছে। তাহলে সেই বছরের অ্যাকউন্টেই ১৮ কোটি ইউরো ট্রান্সফার মূল্যের হিসেব ঢুকে যেত। সরাসরি আর্থিক বেনিয়মের খাতায় চলে যেত তাদের বার্ষিক হিসাব। এখন যা পরিস্থিতি তাতে এফএফপি নিয়ে পিএসজির বিরুদ্ধে তদন্তে যদি তারা দোষী সাব্যস্ত হয়, তাহলে কোপ পড়বে এই দুই তারকার যেকোন যে একজনের উপর। নেইমারকে বিক্রি করতে হতে পারে। অথবা, এমবাপ্পের সঙ্গে যে লোন চলছে, তা বাতিল করতে হতে পারে।

  • রাণীনগরে লটারির র‌্যাফেল ড্রতে সন্ত্রাসীদের গুলি, আহত ৩

    রাণীনগরে লটারির র‌্যাফেল ড্রতে সন্ত্রাসীদের গুলি, আহত ৩

    নওগাঁর রাণীনগরের ঘোষগ্রাম-বেতগাড়ীতে ফুটবল টুর্নামেন্টের অবৈধ লটারির ড্র-এর সময় সন্ত্রাসীদের গুলিতে ৩জন আহত হয়েছেন।

    শুক্রবার রাতে ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটেছে।

    আহত ৩ জনের মধ্যে মো: রোবায়েত হোসেন (১০) নামের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় গুলি লাগায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ।

    স্থানীয়রা জানান, শুক্রবার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রীড়া সংসদ কর্তৃক এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যার পর খেলা উপলক্ষে অবৈধ লটারি ছাড়া হয়। র‌্যাফেল ড্র চলাকালিন সময়ে রাত ১১টার সময় কে বা কাহারা অর্তকিত ভাবে গুলি ছোড়ে। এতে ভবানীপুর মন্ডলপাড়া গ্রামের জাবের মন্ডলের ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো: রোবায়েত হোসেনের মাথায় গুলি লেগে গুরুতর আহত হলে তাকে প্রথমে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করা হয়। মো: রোবায়েত হোসেন ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহত অপর ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।

    রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • রংপুর চালকেকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    রংপুর চালকেকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় আবুল কালামের(২৮) নামের এক চালককে হত্যা করে তার ব্যাটারীচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১২টায় পাশের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খালেয়া বিরাবাড়ি এলাকায় একটি বাঁশঝাড় সংলগ্ন নর্দমা থেকে আবুল কালামের লাশ উদ্ধার করা হয়। সে তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের নেকিরহাট এলাকার আব্দুল হকের ছেলে।

    লাশ উদ্ধারের দায়িত্বে থাকা গঙ্গাচড়া মডেল থানার এসআই শফিউজ্জামান জানান, স্থানীয় কৃষকরা লাশটি দেখে বেলা ১১টায় থানায় খবর দেয়। ১২টায় গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় জখমের চিহ্ন রয়েছে। অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা চালক কালামকে শ্বাসরোধে হত্যা করে লাশটি ওই নর্দমায় ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এসআই শরিফুজ্জামান।

    নিহতের বড়ভাই রডমিস্ত্রী মোকসেদুল হক জানান, শুক্রবার দুপুরে খাওয়ার পর নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি কালাম। দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করি। কয়েকদিন আগে আমার মা নতুন অটোরিকশাটি কালামকে কিনে দিয়েছিল।

    গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান জানান, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নানা-নাতি নিহত

    রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নানা-নাতি নিহত

    রাজশাহীর কাটাখালীতে অটোভ্যান উল্টে নানা-নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালীর সমশাদিপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত হলেন, কাটাখালীর দেওয়ানপাড়া এলাকার নাজিম (৫০) ও তার নাতি আরাফাত (৩)। আহতরা হলেন নাজিমের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও তাদের আরেক নাতি নোমান (৫)।
    নাজিমের চাচাতো ভাই ও কাটাখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোতালেব জানান, সকালে নাজিম পরিবারের সদস্যদের নিয়ে নিজের অটোভ্যানে কাপাশিয়া এলাকায় শালিকার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ভ্যানের ডান পাশের চাকার শকাব ভেঙে রাস্তার উপর উল্টে যায়। এতে তারা চারজন আহত হন। পরে তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসকরা নাজিম ও তার নাতি আরাফাতকে মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে ভর্তি করা হয় আছিয়া বেগমতে। তবে নোমানকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়।
    কাটাখালী থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই নাজিম মারা যায়। আর শিশু আরাফাত মারা যায় চিকিৎসাধীন অবস্থায়। হাসপাতালে দুইজনের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের ব্যবস্থা করা হয় বলে জানান ওসি।
    এদিকে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাগরপাড়ার মোড়ে একটি বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে যায়। এতে দুইজন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

  • বরিশালে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০, অস্ত্রসহ আটক ১

    বরিশালে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০, অস্ত্রসহ আটক ১

    বরিশালে ছাত্রদলের নব-গঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিতদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জনের মতো আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও একজনকে দেশিয় অস্ত্রসহ আটক করে।

    আহতদের মধ্যে বেশ কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তিও করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৯ আগস্ট বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপরপরই পদবঞ্চিতরা দলীয় কার্যালয় দখল করে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল। ধারাবাহিকতায় পদবঞ্চিত নেতারা তাদের কর্মীদের নিয়ে নব গঠিত ছাত্রদলের কমিটি বাতিল করে পুনরায় কমিটি ঘোষণার দাবিতে শুক্রবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নগরের সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ ডাক দেয়।

    ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাহারের ঘোষণাকারী সোহেল রাঢ়ী ও পদবঞ্চিত রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে দলীয় কার্যালয়ে ছাত্র সমাবেশ শুরু হয়। ছাত্র সমাবেশে একাত্মতা প্রকাশ করে মহানগর ছাত্রদলের পদবঞ্চিত কিছু নেতাকর্মীরাও। ওই সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানের বিরুদ্ধে বক্তব্যের পাশাপাশি তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একইসঙ্গে বরিশাল জেলা ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানান বক্তারা।

    এদিকে পদবঞ্চিত নেতাকর্মীদের সমাবেশ চলাকালীন সময়ে দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এনিয়ে উভয়গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে রুপ নিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে উভয়পক্ষে প্রায় ১০ জন আহত হয়। পরে থানা পুলিশের হস্তক্ষেপ ও লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় ঘটনাস্থল হতে পদবঞ্চিত রিমন নামে একজন ছাত্রদল নেতাকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশ।

    এ বিষয়ে পদবঞ্চিত নেতা বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন এবং পদ প্রত্যাহারকারী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী বলেন, কেন্দ্রীয় কমিটি প্রভাবিত হয়েছে বরিশাল জেলা ছাত্রদলের বিতর্কিত কমিটি ঘোষণা করেছে। এই কমিটিতে ত্যাগীদের বঞ্চিত করে নিষ্ক্রিয়দের ওপরের পদে দায়িত্ব দিয়েছে।

    তারা বলেন, আমরা জেলা ছাত্রদলের বিতর্কিত ওই কমিটি বাতিলের দাবিতে কমিটি ঘোষণার পর পরই দলীয় কার্যালয়ে অবস্থান নেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলাম। সে অনুযায়ী পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ে আমরা ছাত্র সমাবেশ কর্মসূচি পালন করছিলাম। এতে মহানগর ছাত্রদরের পদবঞ্চিতরাও একাত্ততা প্রকাশ করেন।

    বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি জানান, ছাত্রদলের কয়েকজন কর্মী দলীয় কার্যালয়ে তালাবদ্ধ করে রেখেছিল। আমরা সেখানে গিয়ে তালা ভেঙে সমাবেশ করি এবং দলীয় কার্যালয়ে অবস্থান নেই। এছাড়া সেখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন কমিটি দেওয়া হয়েছে যোগ্যতা অনুসারে। তাই এখানে দোষের কিছু নেই।

    এই বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে এবং ঘটনাস্থল থেকে একজনকে ধারালো অস্ত্রসহ আটক করে। এছাড়া ঘটনাস্থলে পুলিশও মোতায়ন করা রয়েছে।

  • ‘ভারসাম্যের রাজনীতি স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গঠন করতে পারে’

    ‘ভারসাম্যের রাজনীতি স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গঠন করতে পারে’

    বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, একমাত্র ভারসাম্যের রাজনীতিই স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গঠন করতে পারে।

    তিনি বলেন, নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশে স্বেচ্ছাচারী সরকার প্রতিষ্ঠা হয়, ইতিহাস আমাদের সেই শিক্ষায় দেয়।

    বৃহস্পতিবার রাজধানীর কুড়িল বিশ্বরোডের দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ইতিহাস বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় একক দলীয় ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা বাড়িয়ে দেয়, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য এবং মন্ত্রীদের মধ্যে দুর্নীতির প্রবণতা বাড়িয়ে দেয়।

    ফলে সরকার দেশের স্বার্থের বদলে দলীয় স্বার্থকে প্রধান্য দেয়। এ থেকে মুক্তির একমাত্র উপায় ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করা, ফলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং একক সংখ্যাগরিষ্ঠতার জোরে স্বেচ্ছাচারের মাধ্যমে একটি দলের স্বার্থ উদ্ধারের প্রবণতা বন্ধ হবে।

    তিনি বলেন, দেশের মানুষ এবং রাজনৈতিক নেতাদের এটাও বুঝতে হবে, ভবিষ্যতে ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করে দেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

    সাবেক এই রাষ্ট্রপতি বলেন, র‌্যাব, পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেক কর্মকাণ্ডের জন্য তাদের অপবাদ দেয়া হয়। কিন্তু সে সবের জন্য মূলত রাজনৈতিক নেতা, সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরাই দায়ী। কারণ তারা ওই সমস্ত বাহিনীকে অগণতান্ত্রিক কার্যকলাপ করতে বাধ্য করেন। আসলে এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্য হুকুমদাতারাই অপরাধের মূল হোতা।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, মাহবুব আলী, সাহিদুর রহমান, শাহ আহম্মেদ বাদল, মাহফুজুর রহমান, শাহ আলম, বিএম নিজাম, ওবায়দুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ।

  • উত্তরে শতভাগ দক্ষিণে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ

    উত্তরে শতভাগ দক্ষিণে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শতভাগ এবং দক্ষিণে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুই সিটির পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    সংবাদ সম্মেলনে উত্তরের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, এ বছর কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং ছিল। তবে পূর্বঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্যের সঙ্গে এ কাজ সম্পন্ন করা হয়েছে।

    তবে সংবাদ সম্মেলনে দক্ষিণের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন জানান, বর্জ্য অপসরণে ২৪ ঘণ্টায় সম্পন্ন হয়েছে ৯০ ভাগ কাজ।

    সাঈদ খোকন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেয়া হয়েছিল। সে কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। আগামীকালও কোরবানি হবে। সেগুলোও অপসারণ করে নগরবাসীকে শতভাগ পরিচ্ছন্ন নগরী উপহার দেব। ইতোমধ্যে ১৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ হয়েছে। বাকি বর্জ্য অপসারণে কাজ চলছে।

    DNCC

    তিনি আরও বলেন, পশু জবাইয়ের স্থান নির্ধারিত করা হলেও নগরবাসীর সেভাবে সাড়া পাইনি। আশা করছি, আগামীতে নগরবাসী আরও সচেতন হবে।

    প্যানেল মেয়র জামাল মোস্তফা জানান, স্বল্পসময়ে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কাজে ২৮০টি বিভিন্ন ধরনের যানবাহন ও যন্ত্রপাতি নিয়োজিত ছিল। ডিএনডিসির নিজস্ব ২৭০০ পরিচ্ছন্ন কর্মীসহ সর্বমোট ৯৫০০ মানুষ নিরলস পরিশ্রম করে শহর আবর্জনা মুক্ত করেছে।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বছর ডিএনসিসিতে আনুমানিক দুই লাখ ১৫ হাজার পশু কোরবানি হয়েছে। ডিএনসিসি পশু জবাইয়ে ১৮৩টি স্থান নির্ধারণ করেছিল। এ ছাড়া সরকারি ও ব্যক্তি মালিকানায় আবাসিক কমপ্লেক্সের অভ্যন্তরে উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত ৩৬৬টি স্থানসহ মোট ৫৪৯টি স্থানে উল্লেখযোগ্য সংখ্যক পশু কোরবানি হয়েছে।

    ডিএনসিসি ও প্রাইমারি ওয়েস্ট সার্ভিস কালেকশন প্রোভাইডার/ভ্যান সার্ভিসের কর্মীরা বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং কন্টেইনারে জমা করে প্রতিটি ওয়ার্ডকে বর্জ্যমুক্ত করেছেন।

    DSCC

    সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে উত্তরের ৭, ২৭ ও ৩১ নম্বর কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডকে কোরবানি বর্জ্যমুক্ত ঘোষণা করেন। এরপর ক্রমান্বয়ে অন্যান্য ওয়ার্ডকেও বর্জ্যমুক্ত ঘোষণা করা হয়। এসটিএস এবং নির্ধারিত স্থানে কন্টেইনারে বর্জ্য জমা হওয়ার পরপরই তা ল্যান্ডফিলে পরিবহনের কাজ শুরু হয়।

    ডিএসসিসি ও ডিএনসিসির নগরভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থপতি মোবাশ্বের হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন, তারেকুজ্জমান রাজিব, ডা. জিন্নাত আলী, দেওয়ান আব্দুল মান্নান, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।