Author: banglarmukh official

  • সেই ‘সেফুদা’র বিরুদ্ধে মামলা

    সেই ‘সেফুদা’র বিরুদ্ধে মামলা

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি সিফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে মামলা করেছেন জার্মান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্না।

    দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীল এবং বেপরোয়া কথাবার্তা ছড়ানোর দায়ে অস্ট্রিয়া প্রবাসী সেফুদার বিরুদ্ধে এই মামলা করা হয়।

    বাংলাদেশ সময় সোমবার বেলা ১২টার দিকে জার্মান বোন পুলিশ স্টেশনে এই মামলা করা হয়।

    এ ব্যাপারে বাদী মেহেদী হাসান মুন্না জানান, ইউরোপে বসে একজন ব্যক্তি এসব কুরুচিপূর্ণ মন্তব্য করছে অথচ সেখানে আমাদের অনেক নেতা আছেন তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না।

    মেহেদী হাসান মুন্না আরও জানান, সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার সাথে পরামর্শ সাপেক্ষে মামলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করি।

    এদিকে সিফাত উল্লাহ’র স্ত্রী বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছেন, তিনি আসলে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। ২৮ বছর ধরে তিনি অস্ট্রিয়ায় বসবাস করছেন।

  • এক মুরগির দাম যখন দেড় কোটি!

    এক মুরগির দাম যখন দেড় কোটি!

    ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি এখন পাগলা ঘোড়া, কোনোভাবেই থামানো যাচ্ছে না। লোকে বস্তা ভর্তি নোট নিয়ে বাজারে যাচ্ছেন, কিন্তু সেই টাকায় কী কেনা যাচ্ছে? আইএমএফের হিসেবে এ বছর ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে দশ লাখ শতাংশে!

    টাকার দাম সেখানে এতটাই কম, যে খোলা বাজারে আর পাঁচটি জিনিসের মতো বিকোচ্ছে টাকাও। চোর ডাকাতেরও আগ্রহ নেই টাকার উপরে। যদি ১০০ ডলার সোমালি টাকায় পরিণত করা হলে, রীতিমতো বস্তায় ভরে নিয়ে যেতে হবে।

    ভেনেজুয়েলার পরিস্থিত সেই পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। ধসে পড়েছে দেশের অর্থনীতি। যেখানে একটি গাজরের দাম পড়ছে বাংলাদেশি টাকায় প্রায় ৯৫০ টাকা। এক কিলো চালের দাম ৮৫০ টাকা। এক বান্ডিল টয়লেট পেপারের দাম বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকা। গত জুলাই মাসেই সেদেশের মুদ্রাস্ফীতির হার ছিল ৮২,৭০০ শতাংশ। এখন সেটা আরও বেড়েছে।

    ভেনেজুয়েলার শহর মারাকাইবোর বাসিন্দা অ্যালিসিয়া রামিরেজ বলেন, আমজনতার নাভিশ্বাস উঠেছে। মানুষ উন্মাদ হয়েছে। জানি না সরকার কী করছে। জানি না, কীভাবে রেহাই মিলবে। ক্রয়ক্ষমতা সাধারণ মানুষ দূরের কথা, অবস্থাপন্নদেরও হাতের বাইরে চলে যাচ্ছে।

    বিশেষজ্ঞদের অনুমান, বছর শেষে মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে প্রায় ১০ লাখ শতাংশের কাছাকাছি। বর্তমান প্রসিডেন্ট নিকোলাস মাদুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারে নোটের যোগান একটু বাড়িয়ে ছিলেন। কিন্তু সেই কৌশলও ব্যর্থ হয়েছে। বিবিসি

  • আফগান প্রেসিডেন্টের ভাষণের সময় কয়েক দফা রকেট হামলা

    আফগান প্রেসিডেন্টের ভাষণের সময় কয়েক দফা রকেট হামলা

    আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ কয়েক দফা রকেট হামলা হয়েছে। পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ভাষণ দেয়ার সময়ে এ হামলা হয়।

    আফগানিস্তানের তোলু সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় আফগান প্রেসিডেন্ট প্রাসাদ এবং গ্রিন জোন নামে পরিচিত এলাকায় হামলা চালানো হয়। গ্রিন জোনে অনেক দেশের দূতাবাস এবং আফগানিস্তানের সরকারি দফতর রয়েছে।

    আফগান নিরাপত্তা বাহিনী হেলিকপ্টারের সহায়তায় হামলার মোকাবেলা করেছে। ঈদগা মসজিদের ওপর দিয়ে হেলিকপ্টারগুলোতে উড়তে দেখা গেছে। হেলিকপ্টার থেকে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে রকেট ছুঁড়তে দেখা গেছে। সে সময়ে আকাশ ধূলা এবং ধোঁয়ায় ঢেকে গেছে। হামলাকারীরা একটি মসজিদের পেছনে জড়ো হচ্ছিল। কয়েক বছর এক হামলায় এটি আংশিক বিধ্বস্ত হয়েছে। ঈদের নামাজের জন্য এটি আর ব্যবহার হয় না।

    হামলায় কারা জড়িত ছিল তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। অবশ্য, এর আগে তিন মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন আশরাফ গনি। কিন্তু তালেবান নেতা শেখ হাবিবাতুল্লাহ আখুনজাদা জবাবে বলেছেন, আফগান সরকারের বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে।

  • ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আজ

    ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আজ

    ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আজ (বুধবার)। ঈদুজ্জোহার চাঁদ হাসে ঐ/ এল আবার দুসরা ঈদ!/ কোরবানি দে, কোরবানি দে,/ শোন খোদার ফরমান তাগিদ…’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কাব্যসুর আকাশ-বাতাস মন্দ্রিত করে মনপ্রাণ ভরে তুলছে ঈদের আনন্দ রোশনাইয়ে।

    বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। ঈদ উপলক্ষে  মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনের সরকারি ছুটি। তবে এ সপ্তাহের শেষ দু’দিন শুক্র ও শনিবার হওয়ায় ছুটি দাঁড়িয়েছে ৫ দিনে।

    মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কোরবানি করবেন। ইতোমধ্যে যার যার সাধ্যমত কোরবানির পশু কিনেছেন। রাজধানীতেও বরাবরের মতোই কোরবানির হাট ছিল জমজমাট। ইসলামের পরিভাষায় কোরবানি হলো- নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশে নির্দিষ্ট সময়ে তাঁরই নামে জবাই করা। মহান সৃষ্টিকর্তার দরবারে জবাই করা পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না, কেবল নিয়ত ছাড়া। ঈদুল আজহার অন্যতম শিক্ষা হচ্ছে, মনের পশু অর্থাৎ কু-প্রবৃত্তিকে পরিত্যাগ করা।

    ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদও পৃথক বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বরাবরের মতো এবারও দেশের সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, সবকটি বেসরকারি টিভি চ্যানেল ও এফএম রেডিও ঈদ উপলক্ষে কয়েক দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

    পবিত্র এই দিনটিতে উৎসবের আমেজ দিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপসমূহে জাতীয় এবং ঈদ মোবারকখচিত পতাকা দিয়ে সুশোভিত করা হয়েছে। পাশাপাশি সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ও ঈদ মোবারকখচিত পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

    প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বরাবরের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে অগণিত মানুষ নাড়ির টানে গেছেন গ্রামের বাড়িতে। যাত্রাপথ নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও কয়েকটি মহাসড়কে যানজট ছিল। সময়মত ছাড়তে পারেনি অনেক ট্রেন। তবুও হাসিমুখে বাড়ি ফিরেছেন অনেকে।

    এদিকে রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে আজ সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

    প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেখানেও ঈদ জামাতের সবপ্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন ও বাস চলাচল করবে।

    ঈদুল আজহা উপলক্ষে আজ কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল কারাগার, সরকারি হাসপাতাল, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র সরকারি আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, দুস্থকল্যাণ কেন্দ্র এবং শিশু ও মাতৃসদনগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

    রাজধানীর দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪০৯টি স্থানে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ঈদগাহের প্রধান জামাতসহ ঈদুল আজহার ২৩০টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ১৭৯টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, ইসলামে কোরবানি খুবই তাৎপর্যপূর্ণ। পবিত্র কুরআনে সূরা কাউসারে এ ব্যাপারে বলা হয়েছে- ‘অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় এবং কোরবানি করুন’। সূরা হজে বলা হয়েছে ‘কোরবানি করা পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা’।

    কোরবানির মূল উদ্দেশ্যই তাকওয়া বা খোদাভীতি। এ প্রসঙ্গে কুরআনে বলা হয়েছে- ‘এগুলোর গোশত আমার কাছে পৌঁছায় না। কিন্তু তোমাদের তাকওয়া পৌঁছে যায়।’

    প্রায় চার হাজার বছর আগে আল্লাহপাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজ পুত্র হজরত ইসমাইল (আ.)’কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহপাকের অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে।

    আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমের জন্য আল্লাহ কোরবানি ফরজ করে দিয়েছেন। এ জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরবানি করাই এ দিনের উত্তম ইবাদত। সেই ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা দেশের মুসলিম সম্প্রদায় আজ দিনের শুরুতেই ঈদগাহ বা মসজিদে সমবেত হবেন এবং ঈদুল আজহার দু’রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। নামাজের খুতবায় খতিব তুলে ধরবেন কোরবানির তাৎপর্য।

    জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হলেও পরের দুই দিনও পশু কোরবানি করার বিধান রয়েছে। সামর্থবান মুসলমানদের জন্য কোরবানি ফরজ হলেও ঈদের আনন্দ থেকে দরিদ্র-দুঃস্থরাও বঞ্চিত হবেন না। কোরবানির পশুর চামড়া বিক্রির সমুদয় অর্থ এবং কোরবানি দেয়া পশুর মাংসের তিন ভাগের এক ভাগ তাদের মধ্যে বণ্টন করে দেয়া হবে।

  • তরুনদের বরিশাল নিয়ে ভাবনার সাথে একমত সাদিক আব্দুল্লাহ

    তরুনদের বরিশাল নিয়ে ভাবনার সাথে একমত সাদিক আব্দুল্লাহ

    বরিশাল সিটিকর্পোরেশন এলাকার উন্নয়ন নিয়ে ভাবছে তরুণ প্রজন্ম । আর এই ভাবনার সাথে একমত প্রকাশ করছেন বরিশালের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ । গত রোববার রাতে মেয়রের বাস ভবনে এক মতবিনিময় সভার মাধ্যমে নগর উন্নয়নে তরুণদের নিয়ে ভাবনা সম্বলিত একটি স্বারকলিপি মেয়রের হাতে তুলে দেন তরুনদের সংগঠন অডেশাস এর  সভাপতি সাইদ পান্থ।

    এসময় আরো উপস্থিত ছিলেন , সহ সভাপতি রুম্মান, দুর্জয় সিংহ জয়, অনিরুদ্ধ খাসখেল, রিদয় সিংঘানিয়া,জয় গোপাল বিশ্বাস।

    এসময় সাদিক আব্দুল্লাহ বলেন , তরুণদের ভাবনাগুুলি সময় উপযোগী। এগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবো।

  • বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি নান্নুর পরিবারের পাশে মির্জা ফখরুল

    বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি নান্নুর পরিবারের পাশে মির্জা ফখরুল

    বরিশাল বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সরকারি বিএম কলেজের সাবেক ভিপি নান্নুর পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে গ্রেপ্তার কারাবন্দি মাহবুবুল হক নান্নুর পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন ফখরুল।

    এসময় তিনি নান্নুর পরিবারের সদস্যদের সান্তনা দেন ও শীঘ্রই তাকে কারাগার থেকে মুক্ত করার আশ্বাস দেন।

    বিএনপি মহাসচিবের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা সুমন দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    মাহবুবুল হক নান্নু বিএনপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সরকারি বিএম কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি)। গত ৫ আগষ্ট(রোববার) রিক্সাযোগে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার সময় রমনা থানাধীন কর্ণফুলি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার সভাপতি জেএম আমিনুল ইসলাম। ওইদিন রাতেই তাদেরকে রমনা থানায় হস্তান্তর করা হয়। দুইটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাছাড়া অপর মামলাটিতে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে বিচারক। এরপর থেকেই তারা কারাবন্দি আছেন।

  • প্রতিশ্রুতি রক্ষায় অবিচল সাদিক আবদুল্লাহ

    প্রতিশ্রুতি রক্ষায় অবিচল সাদিক আবদুল্লাহ

    শেখ সুমন :

    সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল সিটিকর্পোরেশনের নব নির্বাচিত নগর পিতা।  জন মানুষের আস্থাভাজন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী করেছেন জনগন। কারন, নির্বাচনের আগে তিনি অনেক অঙ্গিকার করেছেন । এখনও তিনি আনুষ্ঠানিক ভাবে মেয়রের আসনে অধিষ্ঠিত হননি। কিন্তু তার আগেই তিনি অঙ্গিকার পূরনের চেষ্টা করছেন।

    বিশেষ করে নির্বাচন পরবর্তী নগরবাসীর দুয়ারে কড়া নাড়ার বিষয়টি বেশি মাত্রায় আলোচিত হচ্ছে। অবশ্য এক্ষেত্রে পিছিয়ে নেই রাজনৈতিক পরিবারের গৃহবধূ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র স্ত্রী লিপি আবদুল্লাও। শহরের অবহেলিত এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করে সুখ-দু:খের জীবন কাহিনি শুনছেন তিনি। মেয়রপত্নী কীর্তনখোলার তীরবর্তী রসুলপুর কলোনিতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি স্বামীর ওপর আস্থা রাখার আশ্বাস দিয়ে তার পাশে থাকার আহ্বান করেন।

    একইভাবে মেয়র সাদিক ও জনগণের বাসাবাড়িতে গিয়ে গিয়ে খোঁজ খবর নেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সেই ধারাবাহিকতা বজায় রেখে চলে গেলেন শহরের কাউনিয়া এলাকার হরিজন পল্লীতে। সেখানে বসবাসরত মানুষের খোঁজ খবর নিয়েছেন তিনি। অবশ্য এই কলোনির বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নির্বাচনের আগে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ছিল। পর্যায়ক্রমে নগরীর সকলের সাথে তিনি ও তার স্ত্রী কুশল বিনিময় করবেন বলেও জানা গেছে। নির্বাচিত হয়ে নগরভবনের দায়িত্ব না নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর উদাহরণ এই প্রথম বরিশালের কোনো মেয়র সৃষ্টি করলেন।

    বিগত সময়ে নির্বাচনপূর্ব প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুড়ি দেখালেও পরবর্তীতে তাদের পাশে পায়নি নগরবাসী। অবশ্য সাদিকও প্রতিশ্রুতি বাস্তবায়নে যে জোরতর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার আঁচ পাওয়া গেছে। নিশ্চিত হওয়া গেছে, রাজনৈতিক ঝুটঝামেলা এড়াতে ইতিমধ্যে সাদিক নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন। অনাকাঙ্খিত কোনো ঘটনার দায়ভার তিনি নিতে নারাজ, সেই বিষয়টিও প্রকাশ পেয়েছে। বিশেষ করে দ্বন্দ্ব সংঘাত বা বিতর্কিতমূলক কর্মকান্ড থেকে সকল নেতাকর্মীকে সেইভ সাইডে থাকারও পরামর্শ দিয়েছেন তরুণ এই মেয়র।

    এরপরেও যদি কোনো নেতাকর্মী অস্বাভাবিক কর্মকান্ডে জড়িয়ে দল বা জাতির জনকের সুনাম ম্লান করার অপতৎপরতা দেখায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দেন তিনি। সংগত কারণে ধারণা করা হচ্ছে, সাদিক সতর্কভাবে পথ চলতে চাইছেন। বরিশালের প্রেক্ষাপট বিবেচনা করে মেয়রের এই কৌশলী পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে সচেতন মহল।

     

  • বরিশালে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

    বরিশালে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

    বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোনিয়া (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।

    বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, খবর পেয়ে বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোনিয়া নামে এক তরুণীকে আটক করা হয়েছে। এসময় তার সঙ্গে পাসপোর্ট করিয়ে দেওয়ার জন্য একজন সহযোগীও ছিলেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সহযোগী পালিয়ে যায়।

    তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন। তবে তার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • রক্তাক্ত ২১ আগস্ট, ভয়াল ২১ আগস্ট।

    রক্তাক্ত ২১ আগস্ট, ভয়াল ২১ আগস্ট।

    -কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার কলঙ্কিত অধ্যায়ের পর আরেকটি রক্তাক্ত ও কলঙ্কিত
    অধ্যায় ২১ আগস্ট।

    ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশের ওপর গ্রেনেড হামালা চালানো হয়।

    বর্বরোচিত সেই হামলার প্রধান টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন, সেই হামলায় শেখ হাসিনাসহ ৫ শতাধিক মানুষ আহত হন।

    দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা এবং তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে ২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

    সেদিন বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশে খোলা ট্রাকের ওপর স্থাপিত উন্মুক্ত মঞ্চে বক্তৃতা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    বিকেল ৫টা ২২ মিনিটে বক্তব্য শেষ করে শেখ হাসিনা সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করবেন, ঠিক সেই মুহূর্তেই অতর্কিতে গ্রেনেড বিস্ফোরণের প্রচণ্ড শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, পুরানা পল্টন এলাকা ও এর আশপাশের এলাকা।

    চারদিক থেকে সভাস্থলে গ্রেনেড এসে পড়তে থাকে, মুহূর্তের মধ্যে সমাবেশ রক্তাক্ত হয়ে পড়ে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিণত হয় মৃত্যুর জনপদে।

    শত শত মানুষের আর্তচিৎকার, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা ছিন্নভিন্ন দেহ, রক্ত আর বারুদের পোড়া গন্ধে বীভৎস পরিস্থিতি সৃষ্টি হয় গোটা পল্টন এলাকাজুড়ে। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা আহতদের সাহায্য করার পরিবর্তে ভীত-সন্ত্রস্ত এবং আহত মানুষের ওপর বেপরোয়া লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

    বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই গ্রেনেড হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের আঘাতে প্রয়াত রাষ্ট্রপতি (দলের তৎকালীন সভাপতিমণ্ডলীর সদস্য) মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন এই হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাননি। গ্রেনেড বিস্ফোরণের প্রচণ্ড শব্দে শেখ হাসিনার কানের শ্রবণশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন তাকে শ্রবণজনিত সমস্যায় ভুগতে হয়।

    গ্রেনেড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দলীয় সভাপতি শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ট্রাকের ওপর মানববর্ম রচনা করেছিলেন আওয়ামী লীগের নেতারা। সেই হত্যাযজ্ঞ থেকে দলের নেত্রীকে বাঁচাতে মরিয়া নেতাকর্মীরা মানববর্ম দিয়ে আড়াল করে তাকে দ্রুত গাড়িতে তুলে দেন।

    কিন্তু বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বের হওয়ার পথেই শেখ হাসিনার বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জ গাড়িতেও ঘাতকরা অবিরাম গুলিবর্ষণ করে, গ্রেনেড হামলায় ২৩ জন ঘটনাস্থলেই মারা যান।

    গুরুতর আহত অবস্থায় আইভি রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ২৪ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    ২১ আগস্টের সেই গ্রেনেড হামলায় যারা নিহত হন- মোস্তাক আহমেদ সেন্টু, ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, রফিকুল ইসলাম আদা চাচা, সুফিয়া বেগম, হাসিনা মমতাজ রীনা, লিটন মুন্সী ওরফে লিটু, রতন সিকদার, মো. হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মামুন মৃধা, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, আবদুল কুদ্দুস পাটোয়ারী, আতিক সরকার, নাসিরউদ্দিন সরদার, রেজিয়া বেগম, আবুল কাসেম, জাহেদ আলী, মমিন আলী, শামসুদ্দিন, আবুল কালাম আজাদ, ইছহাক মিয়া এবং অজ্ঞাতপরিচয় আরো দুজন।

    আহতের মধ্যে ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি (দলের তৎকালীন সভাপতিমণ্ডলীর সদস্য) জিল্লুর রহমান, তৎকালীন সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    দীর্ঘদিন চিকিৎসা নিয়ে আহতদের অনেকে সুস্থ হলেও অনেকেই পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন।

  • জাতি আজ আতঙ্কিত, মনে ঈদের আনন্দ নেই: রিজভী

    জাতি আজ আতঙ্কিত, মনে ঈদের আনন্দ নেই: রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে যে ভয়াবহ দুঃশাসন ও স্বৈরশাসন চলছে, এর যাঁতাকলে পিষ্ট হয়ে গোটা জাতি আজ আতঙ্কিত। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে মানুষ দিশেহারা। বাড়ি ভাড়া, গ্যাস-বিদ্যুতের দাম দফায় দফায় বেড়েছে। দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এরই মাঝে যোগ হয়েছে মামলা হামলাসহ নানা আতঙ্ক। এ অবস্থায় ঈদের আনন্দ মলিন হয়ে যায়।

    আজ সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    এসময় রিজভী বলেন, শুধুমাত্র কিছু সংখ্যক আওয়ামী ভাবাপন্ন লোক হয়তো তাদের নিজেদের নিরাপদ মনে করতে পারে কিন্তু বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোমলমতি ছাত্রছাত্রীরা এখন এ অবৈধ সরকারের নানা বাহিনী দ্বারা আক্রান্ত-ক্ষতবিক্ষত।

    গত এক দশকের মধ্যে ঈদ বাজারে এমন মন্দাভাব আগে কখনও দেখা যায়নি দাবি করে রিজভী বলেন, ব্যবসায়ীরা দোকানে দোকানে ঈদের সামগ্রী তুলে বিপাকে পড়েছেন। বেচা-বিক্রি বন্ধ। রাস্তাঘাটের বেহাল অবস্থার জন্য ঘরমুখো মানুষ প্রচণ্ড দুর্দশার মধ্যে পড়েছে।

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ড. মামুন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়েদুল ইসলাম, সহ দফতর সম্পাদক মুনির হোসেন, সহ প্রচার সম্পাদক আসাদুল করীম শাহীন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।