Author: banglarmukh official

  • সাভারে চোর সন্দেহে যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

    সাভারে চোর সন্দেহে যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

    ঢাকা জেলার সাভারের একটি জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা ও মাইকিং চুরির অভিযোগে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বায়তুন নাজাত তালবাগ কবরস্থান জামে মসজিদে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ওই যুবকের নাম বাবুল হোসেন এবং তার বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার উত্তরপাড়া গ্রামে।

    মসজিদ কমিটি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে লোকজন চলে গেলে ওই যুবককে আটক করে মসজিদের মোয়াজ্জিন মো. মোমিন। এ সময় তার ডাকে মসজিদটিতে নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানে রম্যানেজার মো. নুরুজ্জামান ও তার সহকারীরা এগিয়ে আসে। এই সময় যুবককে মসজিদের ঢুকে চুরি করতে দেখে তারা আটক করেন। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে ওই যুবককে রশি দিয়ে বেঁধে ফেলে এভং গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে যুবক হাত বাঁশের সঙ্গে বেঁধে পুরো এলাকা ঘোরানো হয়। পরে আটক যুবকটিকে মসজিদের সামনে একটি গাছের সাথে কাপড় দিয়ে বেঁধে গণধোলাই দেয়া হয়। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পর্যায়ক্রমে গণধোলাইয়ের শিকার হওয়া যুবকটি একপর্যায়ে অচেতন হয়ে পড়ে।

    এ সময় একটি রিকশাযোগে তাকে সাভার থানায় নেওয়া হয়। কিন্তু থানায় যাওয়ার পথে যুবকটির কোনো সাড়া শব্দ না পেয়ে মৃত ভেবে রিকশাওয়ালা ভয়ে তাকে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    মসজিদের ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নুরুজ্জামান বলেন, ফজরের নামাজ শেষে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মোয়াজ্জিন হুজুর চোর চোর বলে চিৎকার করে। এ সময় আমাদের লোকজন এগিয়ে এসে ওই যুবকটিকে আটক করে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে যুবককে হেয় প্রতিপন্ন করার জন্য বাঁশের সঙ্গে বেঁধে এলাকা ঘোরায়। এসময় কিছু লোকজন তাদের লাঠি দিয়ে পেটায় বলেও জানান তিনি।

    জানতে চাইলে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ চুন্ন মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কে বা কারা ওই যুবককে পিটিয়ে হত্যা করেছে সে বিষয়ে আমরা কিছু জানি না। তবে কিছুদিন আগেও আমাদের মসজিদের একটি মাইক চুরি হয়। সে কারণে হয়তো মোয়াজ্জিন হুজুরসহ অন্যান্যরা যুবকটিকে আটক করেছিলো। এছাড়া ঘটনার পর থেকে মোয়াজ্জিন হুজুর মসজিদে না থাকায় এ বিষয়ে আমরা কেউ পরিষ্কার করে কিছু বলতে পারছি না।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির  বলেন, তালবাগ কবরস্থান মসজিদে চোর সন্দেহে হত্যা করা হয়েছে। নিহত যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    তবে এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • এবার বাস ঢুকে গেল সিনেমা হলে, রিকশা ভেঙে চুরমার

    এবার বাস ঢুকে গেল সিনেমা হলে, রিকশা ভেঙে চুরমার

    বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে রাজধানী যখন উত্তল, ঠিক তখনই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা হলের পিলারে আঘাত করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ওই বাসের ধাক্কায় একটি রিকশা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন রিকশাচালক। এদিকে এ ঘটনার পরপরই বাসটি রেখে এর চালক পালিয়ে যায়।

    মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আজ সরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা হলের পিলারে আঘাত করেছে। বাসটির ধাক্কায় একটি রিকশা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়েছে, রিকশাচালকও আহত হয়েছেন। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

    উল্লেখ্য, রবিবার রাজধানীর এয়ারপোর্ট রোডে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হয় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর। এরপরেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশকিছু বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আজও রাজধানীর বেশ কিছু স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

  • মিরপুরে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জে এক ছাত্র ঢামেকে

    মিরপুরে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জে এক ছাত্র ঢামেকে

    মিরপুর ১০ নম্বরে পুলিশের লাঠির আঘাতে আহত আহাদ আলসান (১৯) নামে এক শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মিরপুরের শহিদ পুলিশ স্মৃতি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাসা মিরপুর ১ নম্বর সেকশনের প্রিয়াঙ্কা হাউজিংয়ের ৫ নম্বর রোডে।

    আহাদের বাবা নুরে আলম জানান, সে সকালে কলেজে যায়। সেখানে কলেজর গেইট বন্ধ হয়ে যাওয়ায়, সে বাসার উদ্দেশ্যে আসার পথে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জের সময় তার মাথায় ও পিঠে লাঠির আঘাত পড়ে। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়।

    ঐ বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উসমান বলেন, তার মাথার সামনে দিকে আঘাত রয়েছে, সেখানে কিছু অংশ ভেঙে দেবে গেছে। তবে ভিতরে রক্তক্ষরণ হয়নি।

  • ডিসেম্বরের মধ্যে সমগ্র বাংলাদেশ বিদ্যুতায়ন হবে

    ডিসেম্বরের মধ্যে সমগ্র বাংলাদেশ বিদ্যুতায়ন হবে

    বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমরা অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি। আমরা হাতে লণ্ঠন দিচ্ছি, বাড়ি আলোকিত করছি। মানুষের সাহস আলোকিত করছি, জীবন আলোকিত করছি। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দেশে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আমরা সাফল্যে থাকব। আজ মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আয়োজিত সৌরবাতি বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশে বিদ্যুতায়ন করতে যাচ্ছি। এই বাংলাদেশ হবে সফলকাম আধুনিক বিশ্বের পরিবেশ বান্ধব একটি বাংলাদেশ।

    বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আজকে আলোর বার্তা সবার হাতে চলে আসছে। শেখ হাসিনা সমগ্র গ্রামকে আলোকিত করছেন। আপনাদের একমাত্র বার্তা হবে, আগামীতে যে করেই হোক নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করা। এর কোনো বিকল্প নেই। আমরা যদি মাথা উঁচু করে বিশ্বের কাছে এক নম্বর দেশ হতে চাই, তাহলে নৌকা মার্কার কোনো বিকল্প নাই। জামায়াত-বিএনপি জোট প্রত্যেকটা ঘরে ঘরে ষড়যন্ত্র করতে যাচ্ছে। আমাদেরকে মোকাবেলা করতে হবে।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ ছাড়াও এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক ফজলুল হক।

    এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, কৃষি বিভাগের উপপরিচালক আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

    এদিন নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী-কওমী-নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা সহ ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর মাঝে একটি করে সৌরবাতি বিতরণ করা হয়।

  • কামরানের বাসায় স্ত্রী ও মেয়েকে নিয়ে বিএনপি প্রার্থী আরিফ

    কামরানের বাসায় স্ত্রী ও মেয়েকে নিয়ে বিএনপি প্রার্থী আরিফ

    সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ফলাফলে এগিয়ে থাকা বিএনপির আরিফুল হক চৌধুরী কুশল বিনিময় করতে আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় গেছেন।

    মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মাছিমপুরের  কামরানের বাসায় যান। এসময় আরিফের সঙ্গে ছিলেন স্ত্রী শ্যামা হক ও তার মেয়ে সায়ইকা তাবাসসুম চৌধুরী।

    কামরানের বাসায় গিয়ে আরিফ তার সঙ্গে কুশল বিনিময় করে তার সহযোগিতা চান। এসময় বদর উদ্দিন কামরান তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আরিফুল হক নিজেই।

    আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও কামরান আমার বড় ভাই। তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। সব ভেদাভেদ ভুলে একটি পরিকল্পিত সিলেট গড়তে একসঙ্গে কাজ করতে চাই আমরা।

    বদরউদ্দিন কামরান বলেন, আরিফুল আমার বাসায় এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে।

    সোমবার সিলেটে সিটি নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের থেকে এগিয়ে রয়েছেন। তবে দু’টি কেন্দ্রে স্থগিত জটিলতায় তাকে এখন পর্যন্ত বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।

    সোমবার ভোট শেষে রিটার্নিং কর্মকর্তা ১৩২ কেন্দ্রের যে ফলাফল ঘোষণা করেন, তাতে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

  • ১১ জেলায় নতুন ডিসি

    ১১ জেলায় নতুন ডিসি

    ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। জেলাগুলো হল- কুষ্টিয়া, নোয়াখালী, মানিকগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, শেরপুর, খুলনা, সুনামগঞ্জ ও বান্দরবান। আর এই ১১ জেলার বর্তমান ডিসিদের সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ দেয়া হয়েছে।

    নতুন ডিসিদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের উপ-পরিচালক তন্ময় দাসকে নোয়াখালীতে, দুদক কমিশনারের একান্ত সচিব এস এম ফেরদৌসকে মানিকগঞ্জে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানকে ফেনীতে, পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম-পরিচালক মো. শহীদুল ইসলামকে খাগড়াছড়িতে, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ ডেজ এম নুরুল হককে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিয়া শিরিনকে নীলফামারীতে, আইএমইডির উপ-সচিব আনার কলি মাহাবুবকে শেরপুরে, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হেলাল হোসেনকে খুলনায়, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদকে সুনামগঞ্জে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক মোহাম্মদ দাউদুল ইসলাম বান্দরবানের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

    বান্দারবানের ডিসি মো. আসলাম হোসেনকে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার ডিসি মো. জহির রায়হানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক, খাগড়াছড়ির ডিসি মো. রাশেদুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মাহমুদুল হাসানকে রাজউকের পরিচালক, নীলফামারীর ডিসি মোহাম্মদ খালেদ রহীমকে জীবন বীমা কর্পোরেশনের জিএম, শেরপুরের ডিসি মল্লিক আনোয়ার হোসেনকে পরিবেশ অধিদফতরের পরিচালক এবং সুনামগঞ্জের ডিসি মো. সাবিরুল ইসলামকে রাজউকের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

    নোয়াখালীর ডিসি মো. মাহবুব আলম তালুকদারকে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব, মানিকগঞ্জের ডিসি নাজমুস সাদাত সেলিমকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

    ফেনীর ডিসি মনোজ কুমার রায়কে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব, খুলনার ডিসি মো. আমিন উল আহসানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব পদে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

  • হাজার টেস্টের রেকর্ড গড়ছে ইংল্যান্ড

    হাজার টেস্টের রেকর্ড গড়ছে ইংল্যান্ড

    বার্মিংহামের এডজবাস্টনে ভারতের বিপক্ষে কাল বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড ক্রিকেট দল। এ টেস্ট দিয়ে ক্রিকেটে প্রথম দল হিসেবে হাজারতম টেস্ট খেলতে নামছে ইংলিশরা। টেস্ট ফরম্যাটে আজ অবধি কোন দলই ১ হাজার টেস্ট খেলতে পারেনি। প্রথম দল হিসেবে ইংল্যান্ডই এমন রেকর্ড করতে যাচ্ছে। ইংল্যান্ডের ইতিহাস সৃষ্টির ম্যাচে সাক্ষী হবে ভারত। সৌভাগ্য বিরাট কোহলির দলের।
    ১৮৭৭ সালের ১৫ মার্চ টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মেলাবোর্নে লড়েছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেটিই ছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। এরপর এখন পর্যন্ত ৯৯৯টি টেস্ট খেলেছে তারা। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এটি। এই রেকর্ড আরও বড় করতে যাচ্ছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামলেই বিশ্ব ক্রিকেটে এক অনন্য ইতিহাসের জন্ম দিবে ইংল্যান্ড। ৯৯৯ ম্যাচে অংশ নিয়ে এখন পর্যন্ত ৩৫৭টি জয়, ২৯৭টি হার ও ৩৪৫টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। এরমধ্যে দেশের মাটিতে ৫১০ ম্যাচ খেলেছে ইংলিশরা। ২১৩টি জয়, ১১৯টি হার ও ১৭৮টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড।
    ইংল্যান্ডের পরই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ৮১২ ম্যাচ খেলে সবচেয়ে বেশি টেস্ট খেলার তালিকায় দ্বিতীয় স্থানে অসিরা। তবে অস্ট্রেলিয়ার জয় ইংল্যান্ডের চেয়েও বেশি। ৩৮৩ ম্যাচে জিতেছে তারা। ২১৯টি ম্যাচে হার ও ২০৮টি ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৫৩৫ ম্যাচ। ৫২২ ম্যাচ খেলে চতুর্থস্থানে রয়েছে ভারত। ২০০০ সালে টেস্ট অভিষেকের পর আজ অবধি ১০৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১০টি জয়, ৮২টি হার ও ১৬টি ম্যাচ ড্র করেছে টাইগাররা। বাসস।
  • রাজশাহী-বরিশালে নতুন নির্বাচন দিতে হবে: ফখরুল

    রাজশাহী-বরিশালে নতুন নির্বাচন দিতে হবে: ফখরুল

    রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সেখানে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। তিন মহানগরে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
    মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা রাজশাহী ও বরিশালের ভোটের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কারণ, এটা কোনো নির্বাচনই হয়নি। ভোট চুরি নয়, ডাকাতি হয়েছে। রাজশাহী ও বরিশালের সিটি নির্বাচনে সীমাহীন কারচুপি হয়েছে।
    সেখানে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। সিলেট সিটি নির্বাচন সুষ্ঠু হলে আমাদের দলের মেয়র প্রার্থী আরিফুল হক লক্ষাধিক ভোটে জয়লাভ করতেন।একইভাবে বরিশাল এবং রাজশাহীতে সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমাদের দলের প্রার্থীরা লক্ষাধিক ভোটে জয়লাভ করতেন।
    ফখরুল বলেন, রাজশাহী, বরিশাল ও সিলেট এই ৩টি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের নাটক শেষ হয়েছে। এই নির্বাচনে আমাদের কথাই সত্য প্রমাণিত হলো-শেখ হাসিনার সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতে পারে না। প্রমাণিত হলো এই অযোগ্য নির্বাচন কমিশিনের পরিচালনায় কোন নির্বাচনেই জনগণের রায়ের প্রতিফলন ঘটানো সম্ভব নয়। গাজীপুর ও খুলনার মতো এই তিনটি সিটি কর্পোরেশনে ভোট চুরি বা কারচুপি নয়, ভোট ডাকাতির মহোৎসব অনুষ্ঠিত হলো। বিরোধী দলগুলোর প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ এই সরকারের প্রশাসন এবং অযোগ্য নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন পুলিশের মতোই আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার জন্য নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। শুধু নির্বাচনের দিনে নয়, সিডিউল ঘোষণার দিন থেকেই পুলিশের বিশেষ স্কোয়াড মাঠে নেমেছে। মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানী, হুমকি ও ভয় দেখিয়ে বিরোধী দলের কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দুরে রাখা, নির্বাচন কমিশনের নিজস্ব আইন ভঙ্গ, শত শত অভিযোগে কোনও কর্ণপাত না করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন গোটা নির্বাচন ব্যবস্থাকে আবারও ধ্বংস করল।
    মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন গঠনের পর থেকেই আমরা বলে এসেছি- এই কমিশন আওয়ামী লীগের প্রতি পক্ষপাত দুষ্ট এবং অযোগ্য। তারা আচরণ বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। পুলিশের নির্যাতন বন্ধ করতে উচ্চ আদালতের নির্দেশ মানতে পুলিশকে বাধ্য করতে পারেনি। বরিশালে কয়েকদিন আগে থেকেই বাইরে থেকে হাজার হাজার আওয়ামী কর্মী জড়ো করা হয়েছিল- কেন্দ্রগুলো থেকে বিএনপি‘র এজেন্টদেরকে বের করে দিয়েছে।
    মির্জা ফখরুল বলেন, সরকার গণতন্ত্রকে সম্পূর্ণরুপে ধ্বংস করছে। জনগণের ভোটের অধিকার হরণ করছে। লক্ষ্য একটি-একদলীয় শাসন ব্যবস্থা ভিন্নরুপে প্রতিষ্ঠা করে চিরদিন ক্ষমতায় থাকা। আওয়ামী লীগ এখন একটি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে তারা জয়ী হতে পারবে না বলেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে তারা জাতীয় সংসদের নির্বাাচন করতে চায়। ২০১৪ সালের মতোই একতরফা নির্বাচন করার নীল নক্শা করছে। জনগণ তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দিবে না। দেশে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে প্রথমেই বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলীয় সকল বন্দীদের মুক্তি দিতে হবে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্বাচনকালীন সময়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকার গঠন  করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে পূর্ণস্বাধীন করতে হবে। বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। সরকারকে আহবান জানাবো কালবিলম্ব না করে অবিলম্বে উপরোক্ত দাবিগুলো মেনে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই তামাশা ও ভোট ডাকাতির নির্বাচনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখান করছি এবং অবিলম্বে এই ফলাফল বাতিল করে নতুন নির্বাচন প্রদানের আহবান জানাচ্ছি। তিন সিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম, অনাচার, ভোট জালিয়াতি ও ভোট সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
    ‘সিলেটে কারচুপির পরও কীভাবে বিএনপির প্রার্থী জিতলেন’-এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কারচুপি না হলে সিলেটে ‘লক্ষাধিক ভোটে বিএনপি জয়লাভ করত’। আমাদের প্রার্থীরা এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। রাজশাহীতে বুলবুল ভোট পর্যন্ত দিতে পারে নাই, ভোট না তিনি এই অনিয়মের বিরুদ্ধে ভোট কেন্দ্রে বসে প্রতিবাদ করেছেন।
    সিলেটে কারচুপির পরও কীভাবে বিএনপির প্রার্থী জিতল-এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কারচুপি না হলে সিলেটে ‘লক্ষাধিক ভোটে বিএনপি জয়লাভ করত’।ফখরুল বলেন, সোমবার সারাদিন তিন সিটিতে ভোট কিভাবে করেছে ক্ষমতাসীনরা তা আপনারা দেখেছেন। আমাদের প্রার্থীরা এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। রাজশাহীতে বুলবুল ভোট পর্যন্ত দিতে পারে নাই, ভোট না তিনি এই অনিয়মের বিরুদ্ধে ভোট কেন্দ্রে বসে প্রতিবাদ করেছে। এ বারের তিন সিটির নির্বাচন খুলনা-গাজীপুর মডেলের ভিন্ন রূপ, তবে এটি ভয়ংকর রূপ। মির্জা ফখরূল জাতীয় নির্বাচনে ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার না করার দাবি জানান।
    সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
  • বরিশালে আ.লীগের ১৫ বিএনপির পাঁচসহ ২২ কাউন্সিলর নির্বাচিত

    বরিশালে আ.লীগের ১৫ বিএনপির পাঁচসহ ২২ কাউন্সিলর নির্বাচিত

    বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে সাধারণ ৩০ ওয়ার্ডের মধ্যে ২২ জন কাউন্সিলরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

    এর মধ্যে তিনজনের প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। অপর ১৯ জন সোমবার অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছেন।

    অনিয়মের অভিযোগে ১টি কেন্দ্রের ভোট বাতিল এবং ১৫টি কেন্দ্রের ফল স্থগিত করায় সংশ্লিষ্ট ৮ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ফল স্থগিত রাখা হয়েছে।

    একই কারণে সংরক্ষিত ৫টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ফলও আটকে গেছে। তবে ১০টি সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সাধারণ কাউন্সিলদের মধ্যে ১৫ জন আওয়ামী লীগ দলীয়, পাঁচজন বিএনপির, একজন জাতীয় পার্টি ও একজন স্বতন্ত্রভাবে জয়ী হন। পাঁচজন সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে তিনজন আওয়ামী লীগের ও দুইজন বিএনপির।

    রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ফল স্থগিত থাকা ওয়ার্ডগুলোর কাউন্সিলর প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা এবং স্থগিত কেন্দ্রের মোট ভোটার সংখ্যা নির্বাচন কমিশনে (ইসি) পাঠনো হবে। ইসি থেকে পরবর্তী সিদ্ধান্তের পর নির্ভর করবে সাধারণ ৮ ওয়ার্ড ও সংরক্ষিত ৫ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ফল।

    সাধারণ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আমীর হোসেন বিশ্বাস (আওয়ামী লীগ), ২ নম্বর ওয়ার্ডে মুরতজা আবেদীন (জাপা), ৩ নম্বর ওয়ার্ডে মো. হাবিবুর রহমান ফারুক (বিএনপি), ৪ নম্বর ওয়ার্ডে তৌহিদুর রহমান বাদশা (আওয়ামী লীগ), ৫ নম্বর ওয়ার্ডে কেফায়েত হোসেন রণি (স্বতন্ত্র), ৬ নম্বর ওয়ার্ডে খান মো. জামাল হোসেন (বিএনপি), ৭ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম খোকন (বিএনপি), ৮ নম্বর ওয়ার্ডে মো. সেলিম হাওলাদার (বিএনপি), ৯ নম্বর ওয়ার্ডে হারুন অর রসিদ (বিএনপি), ১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান (আওয়ামী লীগ), ১২ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন ভুলু (আওয়ামী লীগ), ১৩ নম্বর ওয়ার্ডে মেহেদি পারভেজ আবীর (আওয়ামী লীগ), ১৫ নম্বর ওয়ার্ডে লিয়াকত হোসেন খান (আওয়ামী লীগ), ১৬ নম্বর ওয়ার্ডে মোশারফ আলী খান বাদশা (আওয়ামী লীগ) ১৮ নম্বর ওয়ার্ডে মীর জাহিদুল কবির (বিএনপি), ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নাইমুল হোসেন লিটু (আওয়ামী লীগ), ২১ নম্বর ওয়ার্ডে শেখ সাইয়েদ আহম্মেদ মান্ন (আওয়ামী লীগ), ২৪ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান শরীফ (আওয়ামী লীগ), ২৬ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবীর (আওয়ামী লীগ), ২৮ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর হোসেন(আওয়ামী লীগ), ২৯ নম্বর ওয়ার্ডে ফরিদ আহম্মেদ (আওয়ামী লীগ) ও ৩০ নম্বর ওয়ার্ডে আজাদ হোসেন মোল্ল কালাম (আওয়ামী লীগ)।

    ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখার কারণে যেসব ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ফল ঘোষণা হয়নি সে ওয়ার্ডগুলো হচ্ছে- ১০, ১৪, ১৭, ২০, ২২, ২৩, ২৫ ও ২৭।

    সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে (সাধারণ ১, ২ ও ৩) মিনু রহমান, ২ নম্বর ওয়ার্ডে (সাধারণ (৪, ৫ ও ৬) জাহানারা বেগম, ৩ নম্বর ওয়ার্ডে (সাধারণ ৭, ৮ ও ৯) কোহিনুর বেগম, ৪ নম্বর ওয়ার্ডে (সাধারণ ১০, ১১ ও ১২) আয়েশা তৌহিদা লুনা (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এবং ১০ নম্বর ওয়ার্ডে (সাধারণ ২৮, ২৯ ও ৩০) রাশিদা পারভীন।

    এছাড়া ১৫ কেন্দ্রের ফলাফল স্থগিত থাকার কারণে সংরক্ষিত ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ফলাফল ঘোষণা করেননি রিটার্নিং কর্মকর্তা।

  • প্রহসনের নির্বাচন বাতিল এবং মেয়র প্রার্থী ডা: মনীষার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    প্রহসনের নির্বাচন বাতিল এবং মেয়র প্রার্থী ডা: মনীষার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    ব্যাপক ভোট ডাকাতি এবং কারচুপির বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ বাতিল করে পুনরায় নির্বাচন এবং গতকাল ভোট কারচুপি হাতেনাতে ধরে ফেলার পর মেয়র প্রার্থী ডা: মনীষা চক্রবর্ত্তীর উপর হামলাকারী আওয়ামীলীগ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ সকাল ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর অশিনীকুমার হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্ত্তী, জেলা সদস্য এবং সদ্য নির্বাচনের সংরক্ষিত-৩ আসনের কাউন্সিলর প্রার্থী জোহরা রেখা, জেলা সদস্য এইচ এম ইমন, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, বাবুল তালুকদার, ছাত্র ফ্রন্টের সভাপতি সন্তু মিত্র। সমাবেশের সভাপত্বি করেন বাসদ বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, পরিচালনা করেন বদরুদ্দোজা সৈকত।
    ডা: মনীষা চক্রবর্ত্তী বলেন, স্বাধীনতার পরবর্তীতে শুধু বরিশালেই না বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টমানের নির্বাচনের উদাহরণ তৈরি হয়েছে গতকালকের এই সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে। প্রত্যেকটা কেন্দ্রেই চলেছে ভোট ডাকাতির মহোৎসোব। আগে থেকেই ব্যালটে সিল মেরে সরবরাহ করা, জোর করে নৌকা প্রতীকে সিল দেয়ানো, অন্য প্রতীকে সিল দিলে ব্যালট ছিড়ে ফেলা এমনকি মারধোরের ঘটনাও ঘটেছে। আমাদের শতাধিক পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে, মারধোরের ঘটনাও ঘটেছে। এমনকি আমার নিজের স্কুলে সিল মারা ব্যালট হাতেনাতে ধরে ফেলায় আমার উপরে নৌকার পোলিং এজেন্টসহ নৌকার ব্যাচ পড়া ৭/৮ জন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শারীরিকভাবে আহত করেছে। একজন মেয়র প্রার্থীকে এভাবে কেন্দ্রের মধ্যে লাঞ্চিত করার ঘটনাটিও বিরল। আমরা লিখিতভাবে রিটার্নিং অফিসারকে অভিযোগ দায়ের করার পরও কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। তাই এই প্রহসনের নির্বাচন অবিলম্বে বাতিল করে পুন:রায় নির্বাচন দেয়া উচিত।
    সভাপতির বক্তব্যে ইমরান হাবিব রুমন বলেন, এভাবে ভোট কারচুপির মাধ্যমে যারা মেয়র হবেন তারা হবেন লুটপাট আর দুর্নীতিবাজদের মেয়র আর জনগণের ভালবাসা পেয়ে জোরপূর্বক পরাজিত করলেও ডা: মনীষা চক্রবর্ত্তীই আগামী দিনের অসহায়-খেটে খাওয়া সাধারণ মানুষের সত্যিকারের মেয়র।
    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।