Author: banglarmukh official

  • ভেবেছিলাম আমি প্রস্তুত, আসলে তা নয়: সানি লিওন

    ভেবেছিলাম আমি প্রস্তুত, আসলে তা নয়: সানি লিওন

    সাবেক পর্নস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওনের ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ মুক্তি পেয়েছে। সানির বায়োপিক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শক মহলে। কেউ বলছেন, সত্যিটা সামনে এসেছে। আবার কারও মনে হয়েছে, সানির জীবনের অনেক ঘটনাই নাকি দেখানো হয়নি।

    সানি লিওন জানিয়েছেন, তিনি ছবিটির জন্য প্রস্তুতই ছিলেন না। বিশেষ করে বাবা-মার মৃত্যু আরও একবার দেখতে হয়েছে তাকে। সেটা তাকে আরও একবার দুঃখ দিয়েছে।

    সানি লিওনের মা মারা যান ২০০৮-এ। ক্যানসারে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১০-এ মারা যান বাবা।  মিড ডে-কে দেওয়া সাক্ষাত্কারে সানি লিওন বলেছেন, আমি জানি যে, ছবিতে যারা অভিনয় করেছেন তারা আমার আসল বাবা-মা নন। কিন্তু আবেগ ও পরিস্থিতিটা তো একই ছিল। অনস্ক্রিন বাবাকে ক্যানসারে ভুগতে দেখা বা কফিনে মাকে, ঘটনাগুলিকে জীবন্ত করা সহজ ছিল না। হৃদয়ের ব্যথা কখনই মুছে যায় না। আমিই এসব পরিস্থিতির মধ্য দিয়ে আরও একবার যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম। ভেবেছিলাম আমি এসবের জন্য প্রস্তুত, আসলে তা নয়।

  • বরিশালে সাদিক আবদুল্লাহর বিজয়

    বরিশালে সাদিক আবদুল্লাহর বিজয়

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১ লাখ ৭ হাজার ৩শ’ ৫৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১শ’ ৩৫ ভোট। সোমবার রাত ১২টা ৫ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান এই বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

    এছাড়া মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের মাওলানা ওবাইদুর রহমান মাহবুব ৬ হাজার ৪শ’ ২৩ ভোট, বাসদের ডা. মনিষা চক্রবর্তী ১ হাজার ৯শ’ ১৭ ভোট, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ৬৯৬ ভোট, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট একে আজাদ ২শ’ ৪৪ এবং স্বতন্ত্র (জাপা বিদ্রোহী) প্রার্থী বশির আহম্মেদ ঝুনু পেয়েছেন ৮১ ভোট।

    যদিও গতকাল ভোটের দিন দুপুরের মধ্যে একমাত্র আওয়ামী লীগ প্রার্থী বাদে প্রতিদ্বন্দ্বী অপর ৫ মেয়র প্রার্থী নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। এর আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ান জাপা বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ ঝুনু।

    বরিশাল সিটি করপোরেশনে মোট ২ লাখ ৪২ হাজার ১ শ’ ৬৬ জন ভোটারের মধ্যে সোমবার ১ লাখ ২৯ হাজার ৮শ’ ৪৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নানা কারনে ৩ হাজার ৪শ’ ৫১টি ভোট বাতিল করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। প্রদত্ত মোট ভোটের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৩শ’। ভোট প্রদানের হার ছিলো ৫৫ ভাগ।

    অনিয়মের অভিযোগে নগরীর পশ্চিম কাউনিয়ার সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ এবং অপর ১৫টি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত করে নির্বাচন কমিশন। এই ১৬ কেন্দ্রের মোট ভোটার ৩১ হাজার ২শ’ ৮৭ জন। এই সকল ভোট কোন প্রার্থীর অনুকূলে গেলেও চূড়ান্ত ভোটের ফলাফলে কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

    এদিকে চূড়ান্ত ফল ঘোষণার পর রাত সাড়ে ১২টায় নগরীর কালীবাড়ি রোডের নিজ বাসবভবনে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক আবদুল্লাহ বলেন, তার এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই জনগণ ভোট দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছে।

    দায়িত্ব নেওয়ার পর নগরীর সুবিধা বঞ্চিত, বস্তিবাসী এবং বর্ধিত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহ সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড করার প্রতিশ্রুত দেন নব নির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহ।

  • জয়ের দ্বারপ্রান্তে আরিফুল হক চৌধুরী

    জয়ের দ্বারপ্রান্তে আরিফুল হক চৌধুরী

    সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর জয় প্রায় ‘নিশ্চিত’।

    সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে তিনি ৯০ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। ফলে ১৩২টি কেন্দ্রে প্রায় সড়ে চার হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন আরিফ।

    সোমবার রাত ১১টার ৪০ মিনিটের দিকে সিসিক নির্বাচনে মেয়র পদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান। এসময় তিনি বলেন, নির্বাচনে ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফ ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন।

    আলীমুজ্জামান আরো জানান, সিসিকের মোট ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩২টিতে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। তবে বাকি দুই কেন্দ্র স্থগিত করা হয়। স্থগিতকৃত ওই দুই ভোটকেন্দ্রে ভোটের সংখ্যা ৪ হাজার ৭৮৭।

    এক্ষেত্রে স্থগিতকৃত ওই দুই কেন্দ্রে নির্বাচন হলে কামরান যদি সকল ভোট পান, তবে তিনি আরিফের চেয়ে ১৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হবেন। আর স্থগিতকৃত ওই দুই কেন্দ্র থেকে আরিফ যদি আরও ১৬২টি ভোট পান, তবে তার বিজয় পুরোপুরি নিশ্চিত হবে।

    এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ঢাকায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
    নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সিসিক নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের ১০ হাজার ৯৫৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান ২ হাজার ১৯৫ ভোট, সিপিবি-বাসদের প্রার্থী আবু জাফর ৯০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ২৯২ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম ৫৮২ ভোট পেয়েছেন।

    সিসিকের প্রথম দুই মেয়াদের মেয়র কামরান। গত নির্বাচনে কামরানকে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আরিফ। কামরানের ভোট ছিল ৭২ হাজার ২৩০, আরিফ পেয়েছিলেন এক লাখ ৭ হাজার ৩৩০ ভোট।

  • নিজ কেন্দ্রে হারলেন কামরান

    নিজ কেন্দ্রে হারলেন কামরান

    সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নিজের কেন্দ্রেও হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। ১৩০ ভোটে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে হেরেছেন তিনি।

    সিলেট সিটির ১৪ নম্বর ওয়ার্ডের সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন কামরান। দিনভর ভোটগ্রহণ শেষে সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

    ফলাফল অনুযায়ী, সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী ভোট পেয়েছেন ৭৭৬টি, নৌকা প্রতীকে কামরান  ৬৪৬ ভোট পেয়েছেন। নাগরিক ফোরামের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২৬ ভোট।

    এদিকে সর্বশেষ ফলাফলে মেয়র পদে বিএনপি মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর জয় প্রায় ‘নিশ্চিত’।

    সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে তিনি ৯০ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। ফলে ১৩২টি কেন্দ্রে প্রায় সড়ে চার হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন আরিফ।

    উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী ভোটার।

  • সৌদিতে পৌঁছেছেন ৬৭,০০০ বাংলাদেশি হজযাত্রী, আরও ২ জনের মৃত্যু

    সৌদিতে পৌঁছেছেন ৬৭,০০০ বাংলাদেশি হজযাত্রী, আরও ২ জনের মৃত্যু

    চলতি বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব এসে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন, গাজীপুর সদর উপজেলার সালেমা খানম (৬৪) তাঁর পাসপোর্ট নং BE0838281 এবং খুলনা সদর উপজেলার আব্দুর রাজ্জাক মিয়া (৬২) তাঁর পাসপোর্ট নং BM0683441।

    মক্কা বাংলাদেশ হজ অফিস জানায়, গতকাল রবিবার মক্কায় আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার হজ করতে এসে সৌদিতে মারা গেলেন ১০ বাংলাদেশি।

    মৃত সালেমা খানম এমজি এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে গত ২৭ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব আসেন। মৃত আব্দুর রাজ্জাক আনিকা এভিয়েশনের মাধ্যমে হজ পালনের জন্য গত ১৬ জুলাই সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবে আসেন।

    এদিকে ২৯জুলাই রাত ১২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৩টি এবং সৌদিয়ার ৯৬টি মোট ১৮৯টি ফ্লাইটে ৬৭হাজার ২৭২জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

  • বরিশালে বিপুল ভোটে এগিয়ে আওয়ামী লীগের সাদিক

    বরিশালে বিপুল ভোটে এগিয়ে আওয়ামী লীগের সাদিক

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে ‍এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৯৩টি কেন্দ্রে সাদিক পেয়েছেন ৯৩ হাজার ৭০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১১ হাজার ৭৫ ভোট।

    সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। রাত ৮টা পর্যন্ত প্রিজাইডিং অফিসারের কাছ থেকে প্রাপ্ত তথ্যে এ ফল দেখা যায়। আওয়ামী লীগের প্রার্থী সাদিক এগিয়ে রয়েছেন ৫৭ হাজারের বেশি ভোটে।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল সিটি কর্পোরেশনে চতুর্থবারের এ নির্বাচনে ১২৩টি কেন্দ্রের ৭৫০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৪টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৭৮টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।

    মোট ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ২০ হজার ৭৩০ জন নারী ও ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন পুরুষ। শেষদিকে এসে ৭ মেয়রপ্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু আওয়ামী লীগের মেয়রপ্রার্থীকে সমর্থন দেওয়ায় মাঠপর্যায়ে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৯১ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • রাজশাহীর নতুন নগরপিতা লিটন

    রাজশাহীর নতুন নগরপিতা লিটন

    রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন এক লাখ ৬৫ হাজার ৩৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৩১২ ভোট। বুলবুলের চেয়ে ৮৭ হাজার ২০ ভোট বেশি পেয়েছেন লিটন।

    রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ২১৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে মেয়র পদে প্রার্থী পাঁচজন। আর ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৬০ জন। এছাড়া ১০টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদের প্রার্থী ৫২ জন।

    সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। মোট ভোটারের মধ্যে এক লাখ ৬২ হাজার ৫৩ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৫ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৮টি এবং বুথের সংখ্যা এক হাজার ২০টি।

  • চাঁদাবাজি মামলায় বিএনপির ৩৩ নেতাকর্মীর আগাম জামিন

    চাঁদাবাজি মামলায় বিএনপির ৩৩ নেতাকর্মীর আগাম জামিন

    বরিশাল সিটি নির্বাচনকালীন নগরীর কাউনিয়া থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলায় উচ্চাদালত থেকে আগাম জামিন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবসহ ৩৩ জন নেতাকর্মী।

    আজ রবিবার বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাসেফা হোসাইনের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চে শুনানি শেষে তাদের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

    বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে নগরীর কাউনিয়া কালা খা’র বাড়ি এলাকার জনৈক মো. বেল্লাল বাদী হয়ে বিএনপির ৩৯ জনকে আসামি করে কাউনিয়া থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জেলহাজতে রয়েছেন। এই ৬ জন ছাড়া অপর ৩৩ জন আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন পান।

  • তামিম-সাকিব জুটির বিশ্বরেকর্ড

    তামিম-সাকিব জুটির বিশ্বরেকর্ড

    দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে পারর্ফম করেছেন তিনি। দু’টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন। অন্যদিকে, পুরো সিরিজেই বাঁহাতি এই ওপেনারকে দারুণ সঙ্গ দিয়েছেন সাকিব আল হাসান। তিন ম্যাচেই বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন তারা। আর তাতেই গড়েছেন, বিশ্বরেকর্ড।

    তিন ম্যাচ সিরিজে সাকিব-তামিম জুটি মোট ৩৮৫ রান করেছেন। তিন ম্যাচ সিরিজে কোনো নির্দিষ্ট জুটির এটিই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

    সিরিজের উদ্বোধনী ম্যাচে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ ও দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ২০৭ রানের পার্টনারশিপ গড়েন সাকিব-তামিম। দ্বিতীয় ম্যাচে রানের ধারাবাহিকতা বজায় রাখেন তারা। আসে ৯৭ রানের জুটি। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তারা তোলেন ৮১ রান।

    এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান হাশিম আমলা ও কুইন্টন ডি কক বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে জুটিতে ৩৭২ রানে রেকর্ড গড়েছিলেন।

  • বাসচাপায় নিহত শিক্ষার্থীদের পরিচয় মিলেছে

    বাসচাপায় নিহত শিক্ষার্থীদের পরিচয় মিলেছে

    ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসচাপায় মারা যান দুই শিক্ষার্থী। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

    এ ব্যাপারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সগির মিয়া গণমাধ্যমকে বলেন, নিহত একজনের নাম আবদুল করিম, সে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ত। একই কলেজের আরেক শিক্ষার্থী দিয়া খানম ওরফে মিম। সে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

    সগির মিয়া আরো জানান, দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও ১২ জন ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।