Author: banglarmukh official

  • তারা বিদেশি মদ খেয়ে গ্লাসে টুং টাং শব্দ করে : শামীম ওসমান

    তারা বিদেশি মদ খেয়ে গ্লাসে টুং টাং শব্দ করে : শামীম ওসমান

    নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, দেশে এখন নতুন খেলা হচ্ছে। খেলাটি হলো, অন্যের ঘাড়ে বন্দুক রেখে আমাদের দিকে তাক করে আছেন। কিছু বুদ্ধিজীবী এখন বিএনপিকে বুদ্ধি দেয়। তারা বিদেশি মদ খেয়ে গ্লাসে টুং টাং শব্দ করে। তারা বিদেশের টাকা খেয়ে বেঁচে আছে। তারাই গতবার বিএনপিকে বলেছিল নির্বাচনে না যেতে। এবারও তারা সেই পরিকল্পনা করছে অন্যভাবে। খালেদা জিয়ার ঘাড়ে বন্দুক রেখে বিদেশিদের খুশি করে ক্ষমতায় আসতে নীল নকশা তৈরি করছে।

    মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বন্দরের খানবাড়ি এলাকায় এক সমাবেশে শামীম ওসমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি বলেন, সেপ্টেম্বরের পর থেকে খেলা শুরু হবে। আবার সব এক হবে। বাম ডান চোর বদমায়েশ সব। তাদের টার্গেট একজন। তিনি হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন খেলা হবে, প্রথমে প্রথম রাউন্ড, পরে কোয়াটার ফাইনাল এরপর সেমি ফাইনাল। কিন্তু আমরা তখন খেলা দেখবো না। আমরাও তখন মোকাবেলা করবো। ইনশাল্লাহ নারায়ণগঞ্জেই সবচেয়ে বেশি খেলা হবে। আমরা যেদিন ক্ষমতা ছাড়বো সেদিন লাখ লাখ মানুষের সমাবেশ হবে। সেদিন আমরা আওয়াজ তুলবো আমরা শেখ হাসিনার কর্মীরা খেলবো। আর ছাড় দেব না।

    শামীম ওসমান বলেন, আওয়ামী লীগেও কিছু নেতা আছে। যারা নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা দাবি করে। নারায়ণগঞ্জের ৫টি কেন দেশের ৩০০ আসনেই নৌকা চাই। নৌকার মালিক হলেন শেখ হাসিনা। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত। কোমরে নাই মুরোদ। শুধু এখানে বলে নৌকা দিতে হবে। মুরোদ থাকলে নেত্রীর সামনে গিয়ে নৌকা চান। এসব বলে এখন বিভক্তি কইরেন না। আর আমরা দুর্বল না। আমরা শেখ হাসিনার কর্মী। আমি আমার বড় ভাই সেলিম ওসমানের শক্তি বৃদ্ধি করতে এখানে আসিনি। নারায়ণগঞ্জের মানুষ আমাদের অনেক সম্মান দিয়েছে। আমাদের তিন পুরুষ এমপি হয়েছে। আমাদের চাওয়ার কিছু নেই। আমরা সাধারণ মানুষের খেদমত করতে চাই। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী স্বাধীনতা স্বপক্ষের শক্তি।

    তিনি বলেন, যারা জামায়াতের পত্রিকা পড়ে রাজনীতি করেন তারা ভুল পথে হাঁটছেন। অনেকের মধ্যে আমাদেরও কেউ কেউ আছে। এটা বলতে চাই আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। নারায়ণগঞ্জে ২/১টা জামায়াতের পত্রিকা রয়েছে। রাজকারদের পত্রিকায় সংবাদ এসেছে বন্দরে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আমি ওই সকল পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টারদের জানাতে চাই আজকের জনসভা আওয়ামী লীগের জনসভা নয়। এই সভা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সেচ্ছাসেবক লীগের একটি সভা। প্রচণ্ডে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী এই সভায় এসে প্রমাণ করেছে বন্দরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি।

    মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

  • বরিশালে হেভিওয়েট প্রার্থী সরোয়ারের জামানত হারানোর নেপথ্যে কী?

    বরিশালে হেভিওয়েট প্রার্থী সরোয়ারের জামানত হারানোর নেপথ্যে কী?

    মজিবর রহমান সরোয়ার বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক। তিনি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রথম নির্বাচিত মেয়র, পরে সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য ও হুইপ। বিসিসি নির্বাচনের আগে সরোয়ার দাবি করেন, বিসিসির বদলে জাতীয় সংসদ নির্বাচনেই তার আগ্রহ বেশি। তবে দলের নির্দেশে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দেন তিনি। দলের ম্যান্ডেট নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করেন এই বিএনপি নেতা। তবে নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১৩ হাজার ১৩৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি। নিজের এই ফল বিপর্যয় সম্পর্কে  মজিবর রহমান সরোয়ার বলেন, ‘নির্বাচন তো শুরুই করতে দেয়নি, ভোট তো পরের কথা।’

    এত কম ভোট পাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘কোনও প্রচারণা চালতে দেয়নি। নেতাকর্মীদের আটক করেছে। আগের রাতে নৌকায় সিল মেরে রেখেছে। পরের দিন সকালেও আওয়ামী লীগের কর্মীরা নৌকায় সিল দিয়েছে। শতাধিক কেন্দ্রে পোলিং এজেন্টদের কেন্দ্রের মধ্যেই ঢুকতে দেয়নি। একারণে সকাল ১০টার দিকে আমি ভোট বর্জনের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করি। নির্বাচন কমিশনের কাছে ভোট বন্ধের আবেদন জানাই। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন।’

    তিনি বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে যেভাবে প্রহসনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছিল, সেভাবেই বরিশালের নির্বাচনে তারা গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি মেরেছে। আর এই প্রহসনের নির্বাচনের জন্য একদিন তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আগামী জাতীয় নির্বাচনেও বরিশালের এই নির্বাচনের প্রভার পড়বে।’

    পরবর্তিতে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীতে সভা-সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি দিয়ে ভোট কারচুপির বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করবো।’

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ছয়জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর মেয়র পদে ভোট দিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০০ জন ভোটার। নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের বেসরকারিভাবে পাওয়া ফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। নির্বাচনি বিধি অনুযায়ী, নির্বাচনে যেসব প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাবেন না তাদেরই জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। সে হিসেবে আট ভাগের এক ভাগের সমান ভোটের সংখ্যা হয় ১৬ হাজার ৬৬২ দশমিক ৫ ভোট। এই হিসাবে জামানত হারাচ্ছেন বিএনপি প্রার্থীসহ নির্বাচনের ছয় মেয়র প্রার্থী।

    নির্বাচনের আগের রাতে সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছিলেন, যে কোনও পরিস্থিতিতে ভোটের দিন মাঠে থাকবে বিএনপি। ভোটারদের ওপর তার আস্থা আছে। ভোট কারচুপি ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি লড়াই করবে। কিন্তু নির্বাচনের দিন দুপুরের আগেই তিনি সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। বিএনপির নেতারা নির্বাচনের এই ফলের জন্য একক কারণ হিসেবে আওয়ামী লীগের কারচুপিকে দায়ী করছেন।

  • নৌমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ

    নৌমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক জাবালে নূরের চালকদের দ্রুত বিচার ও ফাঁসি দাবিতে রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটের সড়ক অবরোধ করেছেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।

    মঙ্গলবার (৩১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে তারা এ সড়ক অবরোধ করেন। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

    রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় পূর্ব ঘোষণা অনুযায়ী ফার্মগেট ওভারব্রিজের নীচে শিক্ষার্থীরা বসে পড়েন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    অবরোধ থেকে নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক জাবালে নূরের চালকদের দ্রুত বিচার ও ফাঁসি দাবি ছাড়াও বেশ কয়েকটি দাবি করা হয়েছে।

    দাবিগুলো হলো- নৌপরিবহন মন্ত্রী সকল সংসদীয় কমিটি, মালিক-শ্রমিক ফেডারেশন ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, ক্ষতিগ্রস্ত সকল পরিবারের ন্যায্য দাবি পূরণ, পেশাদার লাইসেন্স প্রদানে স্বচ্ছতা, সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি, বিগত দিনের সকল দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় ওভারব্রিজ, সকল প্রকার দলীয় আচরণ ত্যাগ করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা, পরিবহন খাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ আইন প্রণয়ন, ক্ষতিগ্রস্তদের বাস্তবসম্মত ক্ষতিপূরণ, গাড়ির ফিটনেস ও শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা।

    Farmgate

    এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত ওয়ান স্টেপ অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

    গত রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০/১৫ জন শিক্ষার্থী।

    চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।

    ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে গ্রেফতার করেছে র্যাব-১। এর আগে নিহত মিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।

  • কোনো সরকার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না: জয়

    কোনো সরকার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না: জয়

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারীদের নাম-পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো সরকার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর নাম মহাকাশে পাঠিয়ে দিয়েছি।

    আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    জয় বলেন, প্রথমেই আমাদের সিদ্ধান্ত ছিল স্যাটেলাইট হবে নিজস্ব অর্থায়নে। আমরা সেটা করেছিও। এ কাজে যে বরাদ্দ ধরা হয়েছিল তার চেয়ে কম খরচে আমরা করতে পেরেছি। যে সময়সীমা ধরা হয়েছিল তার আগেই এটির সফল উৎক্ষেপণ হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার। বক্তৃতা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

  • বরিশালকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই

    বরিশালকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করেছে। তাই সরকারের প্রতি মানুষের আস্থা রয়েছে। প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই বরিশালের মানুষ নৌকার প্রতি আস্থা রেখেছেন।

    গতকাল রাতে চূড়ান্ত ফল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া এ কথা বলেন তিনি।

    নবনির্বাচিত এ নগরপিতা বলেন, বরিশালকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। তাই পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করতে হবে।

    গতকালের এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। বরিশালের ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। স্থগিত রয়েছে ১৬টি কেন্দ্রের ফল।

  • ‘আমি আর বাস চালামু না’

    ‘আমি আর বাস চালামু না’

    দুপুরে মেয়েকে যেখানটায় বাস পিষে দিয়ে গেছে, সেখানটায় বসে মেয়ের দুমড়ে-মুচড়ে যাওয়া ছাতার অংশ বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন জাহাঙ্গীর আলম। গত রবিবার রাজধানীর কুর্মিটোলা এলাকায় বাস পিষে মেরেছে যে দুই শিক্ষার্থীকে, তাদের একজন দিয়া খানম ওরফে মীমের বাবা জাহাঙ্গীর।

    গতকাল সোমবার বাসায় গেলে জাহাঙ্গীর জানান, তিনি নিজেও বাসচালক। ২৭ বছর ধরে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাস চালান। আজ পর্যন্ত তাঁর চালানো বাসের নিচে চাপা পড়ে কেউ মারা যায়নি। অথচ তাঁর মেয়েকেই কিনা বাসচালক পিষে মেরে ফেলল। অভিমান আর হাহাকার নিয়েই জাহাঙ্গীর বলছিলেন, ‘আমি আর বাস চালামু না। যেই বাস আমার মেয়েরে নিয়া গেল, সেই বাস আর ধরুম না আমি।’

    বিমানবন্দর সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত দুজনই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। মীম ছাড়া আরেকজন হলো আবদুল করিম রাজীব। এক মাস আগে কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল দিয়া খানম মীম। স্বপ্ন ছিল পড়াশোনা করে অনেক বড় হবে। নোয়াখালীর একটি দরিদ্র পরিবারের সন্তান আবদুল করিম রাজীব সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে। দ্বাদশ শ্রেণিতে পড়ত সে। সড়কে প্রাণ যাওয়া দুই শিক্ষার্থীর সহপাঠীরা মেনে নিতে পারছে না তাদের মৃত্যু। গতকালও তারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে।

    রবিবার রাতেই দুই শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত ১টার দিকে মীমকে দাফন করা হয়েছে তেজগাঁও এলাকায়। আর রাজীবের লাশ রাতেই নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তার লাশ গতকাল দাফন করা হয়েছে বলে জানা গেছে।

    মীমের পরিবার রাজধানীর দক্ষিণ মহাখালীর জামে মসজিদ গলির জিপিক-৭৫ নম্বর বাড়ির নিচতলায় ভাড়া থাকে। মীম ছাড়া আরেক মেয়ে রিয়া খানম ও ছেলে রিয়াদ, স্ত্রী রোকসানাকে নিয়ে জাহাঙ্গীর আলমের পরিবার। গতকাল ওই বাসায় গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীরা গিয়ে মীমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কোনো সান্ত্বনাই সন্তানহারা মা-বাবার হাহাকার থামাতে যথেষ্ট নয়।

    মেয়েকে হারিয়ে মুষড়ে পড়েছেন তার বাবা জাহাঙ্গীর, যিনি মেয়েকে অনেক বড় দেখতে চেয়েছিলেন। জানালেন, নিজে কষ্ট করে জীবন চালান, কিন্তু কোনো দিন মেয়েকে সেটা বুঝতে দিতেন না। তিনি চাইতেন মেয়ে অভাবের কথা জেনে যেন মন খারাপ না করে। জাহাঙ্গীর বলেন, ‘আমার মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায়নি। তাকে হত্যা করা হয়েছে। আমি তার হত্যার বিচার চাই।’

    জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিদিন সকালে আমি মেয়েকে বাসে তুইলা দেই। রবিবার সকাল সাড়ে ৬টায় তাকে বাসে উঠিয়ে দিছিলাম। কিন্তু কে জানত সেদিনই আমি শেষবার আমার প্রিয় মেয়েকে বাসে উঠিয়ে দিচ্ছি।’ তিনি জানান, একতা পরিবহনের বাস চালান তিনি। রবিবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁর। দুপুর পৌনে ১টার দিকে বাসা থেকে বের হয়ে যান। বের হওয়ার সময় তিনি স্ত্রীকে বলে যান যে মীম বাসায় এলে যেন তাঁকে ফোনে জানানো হয়। কিছুদূর যাওয়ার পরই তাঁর ফোনে একটি কল আসে। তাঁকে জানানো হয়, মীমকে বাস চাপা দিয়েছে। তিনি বলেন, ‘আমার হাত-পা ভেঙে আসে। কিভাবে সেখানে যামু ভাবতে পারছিলাম না। গিয়া দেখলাম আমার মেয়ে আর নাই।’

    জাহাঙ্গীর আলম তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে জানান, ঢাকায় যারা বাস চালায় তাদের ঠিকমতো গাড়ি চালানোর প্রশিক্ষণ নেই। বেশির ভাগই বাসচালকের সহকারী। তাঁর ভাষায়, ‘দুই দিন বাস চালাইয়া ড্রাইভার হইয়া গেছে। তো এরা মানুষ মারব না তো কী? এদের কোনো ঠিকানা নাই।’ তিনি বলছিলেন, ‘আমি সারা জীবন বাস চালাইছি, সেই ছোট থাইকা; কেউ আমার গাড়িতে অ্যাকসিডেন্ট হয় নাই। আমি তো কাউরে মারি নাই। তাইলে আমার মতো মানুষের মেয়ের কপাল এমন হইলো ক্যান?’

    মীমের মা রোকসানা বেগম জানান, রবিবার সকালে বাসা থেকে যাওয়ার সময় মীম তাঁকে জানিয়ে যায়, দুপুর পৌনে ১টার দিকে বাসায় ফিরবে। কিন্তু তার আর বাসায় ফেরা হলো না। আহাজারি করে তিনি বলছিলেন, প্রতিদিনের মতো সেদিনও মেয়েকে নাশতা তৈরি করে দিয়েছিলেন। কিন্তু সেই নাশতা মেয়ে খেয়েছে কি না তা আর জানা হলো না তাঁর।

    মীমের এক খালা জানান, মীম খুব শান্ত স্বভাবের ছিল। সবাই ওকে পছন্দ করত। ঘরে বসে নিজে নিজে গান-বাজনা করত। লেখাপড়ায়ও ভালো ছিল।

    অন্যদিকে রাজীবের বোন নাজমা বেগম কালের কণ্ঠকে জানান, সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন নিয়ে মেধাবী রাজীব ভর্তি হয়েছিল ক্যান্টনমেন্টের এই কলেজে। তাঁদের বাবা নেই। ঢাকার আশকোনায় খালাতো ভাইয়ের বাসায় থেকে পড়াশোনা করত সে।

  • আই অ্যাম স্যাটিসফায়েড

    আই অ্যাম স্যাটিসফায়েড

    রাজশাহী, সিলেট, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৩৯৫টি কেন্দ্রের মধ্যে ১৮টির ভোট বা ফল অনিয়ম ও গোলযোগের কারণে স্থগিত করতে হলেও ‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ’ ভোট হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণের পর সন্ধ্যায় ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, আই এম স্যাটিসফায়েড।’ তিনি জানান, অনিয়ম ও গোলযোগের কারণে বরিশালের একটি ও সিলেটের দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বরিশালে ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। রাজশাহীতে কোনো কেন্দ্র স্থগিত হয়নি। রাজশাহীতে ১৩৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সিলেটে ১৩৪টির মধ্যে দুটি ছাড়া বাকিগুলোয় শান্তিপূর্ণ ভোট হয়েছে। বরিশালে ১২৩টির মধ্যে সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ইসি তত্ক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে। বরিশালে ভোট বর্জন ও নির্বাচন বাতিলের যে দাবি প্রার্থীরা জানিয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নূরুল হুদা বলেন, বরিশালে যেসব অনিয়ম হয়েছে তা প্রত্যাশা করিনি। তা খতিয়ে দেখব। তবে পুনরায় ভোট নেওয়ার অবস্থা হয়নি সেখানে। বাসদের প্রার্থীর ওপর ক্ষমতাসীন দলের কর্মীদের হামলার অভিযোগও তদন্ত করার আশ্বাস দেন সিইসি। রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থীর ভোট না দেওয়ার বিষয় ‘তার ব্যাপার’ বলে মন্তব্য করেন সিইসি নূরুল হুদা। উল্লেখ্য, বছর শেষে সংসদ নির্বাচনের আগে এই তিন সিটি করপোরেশন নির্বাচন ছিল কার্যত নৌকা ও ধানের শীষের শেষ লড়াই। দলীয় প্রতীকে স্থানীয় এই নির্বাচন ঘিরে বড় কোনো সহিংসতা না ঘটলেও পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়ায়; তৈরি হয় জাতীয় নির্বাচনের আবহ।

  • রাজশাহীতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

    রাজশাহীতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

    রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলাম। এবার  প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৬০ জন প্রার্থী।

    এর মধ্যে বিজয়ীরা হলেন রজব আলী (১ নং ওয়ার্ড), নজরুল ইসলাম (২), কামাল হোসেন (৩), রুহুল আমিন টুনু (৪), কামরুজ্জামান কামরু (৫), নুরুজ্জামান টুকু(৬), মতিউর রহমান মতি (৭), এসএম মাহাবুবুল হক পাভেল (৮), রেজাউন নবী দুদু (৯), আব্বাস আলী সরদার (১০), রবিউল ইসলাম তজু (১১), সরিফুল ইসলাম বাবু (১২), আব্দুল মোমিন (১৩), আনোয়ার হোসেন আনার (১৪), আব্দুস সোবহান লিটন (১৫), বেলাল আহম্মেদ (১৬), শাহাদৎ আলী শাহু (১৭), শহিদুল ইসলাম পচা (১৮), তৌহিদুল ইসলাম সুমন (১৯), রবিউল ইসলাম সরকার (২০), নিযামুল আজীম নিযাম (২১), আব্দুল হামিদ সরকার টেকন (২২), মাহাতাব হোসেন চৌধুরী (২৩), আরমান আলী (২৪), তরিকুল আলম পল্টু (২৫),  আক্তারুজ্জামান কোয়েল (২৬), আনোয়ারুল আমিন আজব (২৭), আশরাফুল হাসান বাচ্চু (২৮),  মাসুদ রানা শাহিন (২৯) ও  শহিদুল ইসলাম পিন্টু (৩০)।

  • বর্তমান সময়ে মুসলমানরা সবচেয়ে খারাপ অবস্থায় : ইমাম বুখারি

    বর্তমান সময়ে মুসলমানরা সবচেয়ে খারাপ অবস্থায় : ইমাম বুখারি

    ভারতের কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে চিঠি দিয়েছেন দিল্লি জামে মসজিদের ইমাম বুখারি। চিঠিতে ইমাম বুখারি লিখেছেন, ভারতের দাড়ি-টুপি থাকলেই টার্গেট করা হচ্ছে। গত সাত দশকের মধ্যে বর্তমান সময়ে মুসলমানরা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। গোরক্ষার নামে কমপক্ষে ৬৪ জন নিরীহ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব প্রাণহানির দায় কি কেন্দ্র নেবে?

    কংগ্রেস সভাপতির কাছে তার প্রশ্ন, যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিমদের সঙ্গে অন্যায় আচরণ করছে তা প্রতিবাদযোগ্য। তাহলে কেন কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতিবাদ করা হচ্ছে না?

    তিনি আরও জানান, কংগ্রেসের ভূমিকা দেখে সত্যিই মুসলিম সম্প্রদায় আশাহত। মুসলিমরা আশা করেছিল কংগ্রেস দায়িত্ব নিয়ে বিরোধী দলের কর্তব্য পালন করবেন এবং সরকারকে এ বিষয়ে চাপ দেবেন।

  • নিউ ইয়র্কের রাস্তায় নাচলেন প্রিয়াঙ্কা

    নিউ ইয়র্কের রাস্তায় নাচলেন প্রিয়াঙ্কা

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের রাস্তায় দর্শকদের নাচে-গানে মাত করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জানা যায়, ‘ইজ নট ইট রোমান্টিক’ নামে হলিউডের একটি সিনেমার শুটিংয়ের প্রয়োজনে নেচেছেন এই অভিনেত্রী। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাচের কিছু ছবি দ্রুতই ছড়িয়ে পড়েছে।

    এ ব্যাপারে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের ৪০তম সড়কে নেচেছেন প্রিয়াঙ্কা।

    এদিকে প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি রঙের জামা পরে নাচছেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে রয়েছেন রেবেল উইলসন। তিনি উজ্জ্বল লাল রঙের জামা পরে নাচছেন। এছাড়াও লিয়াম হ্যামসওয়ার্থকে কালো রঙের পোশাক পরে নাচতে দেখা যায়।

    টড স্ট্রাউস-স্কুলসন পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করছে নিউ লাইন সিনেমা। ২০১৯ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

    নিউইয়র্কের এক স্থাপত্যবিদ নাটালিকে নিয়ে সিনেমাটির কাহিনি। সেখানে নাটালির ভূমিকায় অভিনয় করছেন রেবেল। লিয়াম ব্লেক নামে এক সুদর্শন ক্রেতার ভূমিকায়। আর প্রিয়াংকা যোগব্যায়াম শিক্ষক ইসাবেলার চরিত্রে অভিনয় করছেন।