Author: banglarmukh official

  • জাফর ইকবালের ওপর হামলা; অভিযুক্ত ৬

    জাফর ইকবালের ওপর হামলা; অভিযুক্ত ৬

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হবে। বুধবার বিকেল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন কমিশনার গোলাম কিবরিয়া।

    অভিযুক্ত ছয়জন হলেন- সুনামগঞ্জের দিরাই থানার কালিয়াকাপনের ফয়জুল হাসান ফয়েজ, তার বন্ধু সুনামগঞ্জের দিরাই থানার উমেদনগর গ্রামের সাদেকুর রহমানের ছেলে সোহাগ মিয়া, ফয়জুলের বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুর রহমান ও ভাই এনামুল হাসান।

    পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘২০১৬ সালের মাঝামাঝিতে ফয়জুলকে একটি ৮ জিবি মেমোরি কার্ড দেয় তার বন্ধু সোহাগ। ওই মেমোরি কার্ড থেকে জসিম উদ্দিন রাহমানী, তামিম উল আদনানী এবং অলিপুরী হুজুরের ওয়াজ শুনে ফয়জুল জিহাদের ব্যাপারে প্রভাবিত হয়। জসিম উদ্দিন রাহমানীর লেখা উন্মুক্ত তরবারি বইটি পড়ে এবং তিতুমীর মিডিয়ার ভিডিও দেখে ফয়জুল ধারণা করে, জাফর ইকবাল একজন নাস্তিক। দাওয়াহ-ইলাল্লাহ নামক ওয়েবসাইটে সে জাফর ইকবালের ভূতের বাচ্চা সোলায়মান বইয়ের ছবি দেখে এবং সেখানে বিভিন্ন মন্তব্য দেখে ধারণা করে, নবী সোলায়ামান (আ.)-কে কটাক্ষ করে এ বইটি লিখা হয়েছে। তখন সে জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করে। এ উদ্দেশ্যে সে ছুরি কিনে এবং তিন-চার মাস ধরে জাফর ইকবালকে হত্যার সুযোগ খুঁজতে থাকে।’

    তিনি আরও বলেন, ‘ঘটনার বিভিন্ন স্থিরচিত্র, বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল কললিস্ট ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে, ফয়জুল নিজেই জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা ও হত্যার উদ্দেশ্যে আঘাত করে। মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হচ্ছে।’

    উল্লেখ্য, গত ৩ মার্চ বিকালে শাবিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘ইইই ফেস্টিভ্যাল’ চলাকালে মঞ্চে বসে থাকা জাফর ইকবালের ওপর হামলা হয়। মাথার পেছনদিকে ও শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করা হয় তাকে। আহত জাফর ইকবালকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে নগরীর জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। মামলায় ফয়জুল হাসানকে প্রধান আসামি করে আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।

    এদিকে ঘটনার পরপরই পুলিশ ও শিক্ষার্থীরা হামলাকারী ফয়জুল হাসানাকে আটক করেছিলেন। গণপিটুনিতে আহত হওয়ার পর তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ পৃথকভাবে ফয়জুলের বাবা, মা, ভাই, মামা ও বন্ধুকে গ্রেফতার করে রিমান্ডে নেয়। রিমান্ড শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

  • মৃত স্ত্রীর সঙ্গে ৬ রাত ঘুমিয়েছেন স্বামী!

    মৃত স্ত্রীর সঙ্গে ৬ রাত ঘুমিয়েছেন স্বামী!

    পৃথিবীতে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার নজির কম নয়। তবে মৃত্যুর পর অনেকেই তখন ভয়ে দীর্ঘদিনের প্রিয় মানুষটির সঙ্গে একাকী একটি মুহূর্তও কাটাতে চান না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম রাসেল ডেভিসন। ব্রিটেনের ডার্বিশায়ারের যে বাড়িতে, যে ঘরে তাদের কয়েক দশকের বিবাহিত জীবন কেটেছে, স্ত্রী ওয়েন্ডির মৃত্যুর পর মৃতদেহ সেই ঘরেই রেখে ছয় রাত ঘুমিয়েছেন তিনি।

    দীর্ঘ এক দশক ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৫০ বছর বয়সে সম্প্রতি মারা যান রাসেল ডেভিসনের স্ত্রী ওয়েন্ডি ডেভিসন। নিজেদের শোয়ার ঘরের খাটে স্বামী রাসেল ডেভিসনের বাহুতে মাথা রেখে শেষ নিঃশ্বাস ফেলেন তিনি।

    ব্রিটেনের বর্তমান প্রথা অনুযায়ী শেষকৃত্যের আগে মৃতদেহ এলাকার সুনির্দিষ্ট হিমঘরে রাখতে হয়। কবর দেওয়া বা দাহ করার আগে একজন নার্স মৃত ব্যক্তিকে গোসল করান। কিন্তু স্ত্রীকে তিনি এতাটাই ভালোবাসতেন যে সে পথে হাঁটেননি ডেভিসন। নিজ হাতে স্ত্রীকে গোসল করিয়ে, পোশাক পরিয়ে নিজেদের বেডরুমেই ছয়দিন ধরে রেখে দেন এবং ওই ছয় দিনই তিনি মৃত স্ত্রীর সাথে একই ঘরে ঘুমিয়েছেন।

    ব্রিটেনের ডার্বিশায়ার কাউন্টি আদালতের বরাত দিয়ে বিবিসি জানায়, এতদিন মৃতদেহ ঘরে রেখে প্রথা ভঙ্গ হলেও আইন ভঙ্গ হয়নি। চিকিৎসককে জানিয়ে শেষকৃত্যের আগ পর্যন্ত ঘরে রাখলে আইন ভঙ্গ হয় না।

  • শরীরের যে পরিবর্তনগুলো অবহেলা করা উচিৎ নয়

    শরীরের যে পরিবর্তনগুলো অবহেলা করা উচিৎ নয়

    অনেক সময় আমরা শরীরের নানা নীরব লক্ষণ এড়িয়ে যাই কিংবা অবহেলা করি। যা পরবর্তীতে বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তাই যদি কখনও অনুভূত হয় যে শরীরের আকস্মিক পরিবর্তন ঘটছে, তা মোটেই অবহেলা করা উচিত নয়।

    যেসব পরিবর্তন অবহেলা করবেন না-

    ১. শরীরের কোনো স্থান হতে অনভিপ্রেত রক্তক্ষরণ
    ২. বার বার মলত্যাগ
    ৩.আকস্মিক ওজন হ্রাস
    ৪. হঠাৎ রেগে যাওয়া
    ৫. শারীরিক ক্ষমতা হ্রাস
    ৬. স্কিন র‌্যাশ যা থেকে চুলকানো হয়
    ৭. নাক ডাকা
    ৮. দীর্ঘস্থায়ী খুশখুশে কাশি
    ৯. দাঁতের সমস্যা হওয়া
    ১০. প্রিয়জনের নাম মনে রাখতে না পারা

    এ সমস্যাগুলো এক বা একাধিক এক সঙ্গে থাকতে পারে। যেমন- আকস্মিক ওজন হ্রাস, পাকস্থলী, গলনালী, প্যানক্রিয়াস অথবা ফুসফুসের ক্যান্সারের লক্ষণ। এ ব্যাপারে আমেরিকান ক্যান্সার সোসাইটির প্রধান ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মকর্তা ড. রিসার্ড ওয়েন্ডারের মতে কোনো ধরনের ডায়েটিং অথবা এক্সারসাইজ ছাড়া শরীরের ওজন ১০ কেজি কমে গেলে অবশ্যই ক্যান্সারের বিষয়টি মাথায় আনতে হবে।

    উল্লেখ্য, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব সমস্যা চিহ্নিত করা যায়। তাই তাদের মতে, শরীরের যে কোনো ধরনের রোগের লক্ষণ কোনো ভাবেই অবহেলা করা উচিত নয়।

  • সকাল-সন্ধ্যা ট্রাম্পের পূজা

    সকাল-সন্ধ্যা ট্রাম্পের পূজা

    পূজার যে স্থানে থাকার কথা লক্ষ্মী, দুর্গা, গণেশ কিংবা গোপালের মূর্তি। সেখানে স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুদ এই পূজায় মেতেছেন ভারতের তেলেঙ্গার বুসা কৃষ্ণ নামে এক যুবক। ট্রাম্পকে ‘ঈশ্বর’ মনে করে দুই বেলা এই পূজা করে আসছেন তিনি।

    ভারতের তেলেঙ্গানার জনগাঁও জেলার কন্নে গ্রামে এই কৃষকের বাড়ি। ঠাকুরঘরের সিংহাসনে ডোনাল্ড ট্রাম্পের ছবি রেখে সকাল-সন্ধ্যা পূজা করেন তিনি।

    আমেরিকা প্রবাসী ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা ২০১৭-র ফেব্রুয়ারিতে খুন হওয়ার পর থেকেই ট্রাম্পের পূজা শুরু করেন ৩১ বছর বয়সী এই যুবক।

    তার ওপর এ ঘটনার পর তিনি মনে করেন, ভালোবাসা দিয়েই জয় করা যায় সব হিংসাকে। বুসার দাবি, ভারতীয় সংস্কৃতি, ভারতীয়দের অহিংস নীতিতে ভর করেই ট্রাম্পকে তার সিংহাসনে ঠাঁই দিয়েছেন তিনি।

    দুই বেলা ট্রাম্পের ছবির সামনে রীতিমতো ঘণ্টা নাড়িয়ে আরতি, মন্ত্রপাঠ করেন এই যুবক। বিশ্বাস, তার আরাধ্য দেবতা দূরে থেকেও এসব টের পান। শুধু তা-ই নয়, এতে তুষ্টও নাকি হন তিনি! তার ‘ভগবান’কে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এ উপায়ই বার করেছেন বুসা।

    নিজের ফেসবুকে রোজ ট্রাম্পকে পূজার ছবি পোস্ট করেন বুসা।

    জানা যায়, হিন্দু দেব-দেবীর সাথে ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে পূজা করেন বুসা। একেবারে হিন্দু ধর্মের সব রীতি নীতি ঠিক রেখেই এই পূজা সারেন তিনি। কিন্তু কেন বুসা ট্রাম্পকে পূজা করেন? হিন্দুরা সাধারণত সর্বশক্তিমান ভগবানকে পূজা করে।

    এই পূজার সম্পর্কে বুসা বলেন, কিছুদিন আগেই জাতিগত হিংসার জেরে খুন হন ভারতীয় এক আইটি কর্মী। সেই থেকে শুরু। বুসা বলেন, হিংসা নয়, ভালবাসা দিয়েই সব কিছু আদায় করা যায়। আর ভারতীয়দের শেষ কথা ভালবাসা।

    এই কাজ করতে গিয়ে অনেকেই তাকে পাগল বলেছেন। তবে কারও কথা গায়ে মাখেননি বুসা।

    বুসা বলেন, প্রেসিডেন্টের কাছে পৌঁছবে তার কথা। আর তিনি সংঘাত ছেড়ে ভালবাসার এক পৃথিবী উপহার দিবেন। সেখানে কোনো জাতীগত হিংসা-বিদ্বেষ থাকবে না।

  • হলি আর্টিসান মামলা : বিচারের জন্য মহানগর আদালতে বদলি

    হলি আর্টিসান মামলা : বিচারের জন্য মহানগর আদালতে বদলি

    রাজধানী গুলশানের হলি আর্টসানে জঙ্গি হামলার ঘটনার দায়ের করা মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (২৬ জুলাই) ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামার হিরো এই আদেশ দেন।

    গুলশান থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা রাকিবুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন সিএমএম আদালত। মামলাটি এখন সিএমএম আদালত থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে। সেখানে মামলাটির বিচার কার্যক্রম হবে।

    এর আগে ২৩ জুলাই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর। এর মধ্যে ৬ জন কারাগারে ও দুই জন পলাতক রয়েছে।

    কারাগারে থাকা ছয় আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর।

    পলাতক দুই আসামি হলেন- শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। তাদের বিরুদ্ধে অভিযোগপত্রে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে।

    এ ছাড়াও বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের অব্যাহতি দানারে সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা।যার মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানে ও ৫ জন হলি আর্টিসানেই নিহত হয়েছেন।

    গুলশানে হলি আর্টিসানে সেনাবাহিনীর ‘অপারেশন থান্ডারবোল্টে’ নিহত পাঁচজন হলেন- রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।

    বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে নিহত আটজন হলেন- তামীম আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।

    উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

    ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

  • সাভারে শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

    সাভারে শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

    ঢাকা জেলার সাভারের উত্তর জামসিং এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

    বুধবার দিবাগত রাত ১০টার দিকে সোলায়মান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া জামসিং এলাকার হোসেন আলীর ছেলে।

    এলাকাবাসী জানায়, এক শিশুকে ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে জামসিং এলাকার নিজ বাড়ি থেকে কুয়েত প্রবাসী কবির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাতে ওই এলাকার বাসিন্দা আব্দুল কাদের মোল্ল্যা ধর্ষণকারীর পক্ষে কথা বললে তা প্রতিবাদ করেন মাছ ব্যবসায়ী সেলিম মিয়া। এ সময় দু’জনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কাদের মোল্ল্যা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেলিম মিয়াকে কুপিয়ে আহত করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সেলিম মিয়া, রফিক ভুট্টোসহ আহত হয় অন্তত ১০ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনার পর থেকে আব্দুল কাদের মোল্ল্যা ও তার লোকজন পলাতক রয়েছে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের চিকিৎসা চললেও রফিক নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা।

    এ বিষয়ে সাভার মডেল থানার এস আই (উপ-পরিদর্শক ) মহসিন মিয়া জানান, হত্যাকারীদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

  • মেসিদের নতুন কোচ হতে যাওয়া কে এই সাবেলা?

    মেসিদের নতুন কোচ হতে যাওয়া কে এই সাবেলা?

    বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর হোর্হে লুইস সাম্পাওলিকে ছেঁটে ফেলে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। এরপর নতুন কোচের সন্ধানে নামে তারা। এ সময় কোচের দৌঁড়ে উঠে আসা বেশ কিছু নাম। সেই তালিকায় ছিল পেপ গার্দিওলার মতো বড় নামও। কিন্তু এখন শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে আর্জেন্টিনার কোচ হিসেবে দেখা যাবে কোচ আলেসান্দ্রো সাবেলাকে। তা কে এই সাবেলা?

    সাবেলা আর্জেন্টিনার সাবেক ফুটবলার। যার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার প্রথম সারির ক্লাব রিভার প্লেটে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শিফিল্ড ইউনাইটেডে। অবসরের পর কোচিংয়ে মনোযোগ দেন সাবেলা। খেলোয়াড়ী জীবনে ‘এল মাগো’ (দ্য ম্যাজিশিয়ান) ডাকনাম ছিল সাবেলার। কোচ হিসেবেও তিনি জাদু দেখিয়েছেন।

    আর্জেন্টিনার সাবেক কোচ ড্যানিয়েল প্যাসারেলার সহকারী হিসেবে কাজ করেছেন ৭ বছর। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচিং স্টাফেও ছিলেন। তবে ২০০৯ সালে এস্তুদিয়ানতেসের কোচ হয়েই জীবনের মোড় ঘুরে যায় সাবেলার। ক্লাবটিকে কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতিয়েছেন, দলটি অ্যাপারতুরাও জিতেছে তার অধীনে। এরপর তো ২০১১ সালের আর্জেন্টিনার জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পেয়ে যান। ২০১১ থেকে ২০১৪ টানা তিন বছর জাতীয় দলের কোচ ছিলেন সাবেলা। যার কোচিংয়ে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেলেছিল মেসিরা।

  • ফের শেষ ওভারের ব্যর্থতার বৃত্তে টাইগাররা

    ফের শেষ ওভারের ব্যর্থতার বৃত্তে টাইগাররা

    ৪৮তম ওভারে বল হাতে বোলিং মার্কে আসেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তখন বাংলাদেশের প্রয়োজন ২৮ বলে ২৭ রান। স্ট্রাইকে সাব্বির। ১ রান নিয়ে মুশফিককে স্ট্রাইক দিলেন সাব্বির। পরের ৪ বলে দুটি চারের মার ও দুটি ডবল নিয়ে ১২ রান তুলেন মুশফিক।

    ৪৯তম ওভারে সমীকরণটা দাঁড়ায় ১২ বলে ১৪ রান। কিন্তু বাংলাদেশ এই ওভারে তুলে ৬ রান। ওভারের শেষ বলটি উড়িয়ে মারতে গিয়ে সাজঘরে ফিরেন সাব্বির। শেষ ওভারে বাংলাদেশের দরকার ৬ বলে ৮ রান। বোলিংয়ে ফের হোল্ডার। হোল্ডারের প্রথম বলটাই মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দি হলেন মুশফিক। সেই সঙ্গে ম্যাচটাও হাত ছাড়া হয়ে গেল বাংলাদেশের। পরের পাঁচ বলের মধ্যে প্রথম দুইটি বল ডট দিয়েছেন মোসাদ্দেক। চতুর্থ বলে ২ রান আর পঞ্চম বলে ১ রান। শেষ বলে মাশরাফি নিয়েছেন ১ রান। ফলে ৩ রানের হেরেছে বাংলাদেশ। আর এ জয়ে সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশ পুুড়ল আরেকটি শেষ ওভারের হারের বেদনায়।

    এর আগে প্রভিডেন্স স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে বাংলাদেশকে ২৭২ রানের টার্গেট দেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে বেশ ভাল সূচনা এনে দেন বিজয় ও তামিম। ৯ বলে ২ ছক্কা ও দুটি চারের মারে ২৩ রান করেন বিজয়। এরপর তামিম ও সাকিবের জুটিতে ধীর গতিতে এগুতে থাকে বাংলাদেশ। দলীয় ১২৯ রানে ৮৫ বলে ৫৪ রান করে আউট হন। ১৬ রানে ব্যবধানে আউট হন সাকিবও। সাকিব করেন ৭২ বলে ৫৬ রান।

    এরপর মুশফিক ও মাহমুদুল্লাহ দলের হাল ধরেন। দুজনের জুটি থেকে আসে ৮৭ রান। ব্যক্তিগত ৩৯ রানে মাহমুদুল্লাহ রান আউট হলে বিপাকে পড়ে বাংলাদেশ। কিন্তু মুশফিকুর রহিম অনেকটাই টেনে তুলেন বাংলাদেশকে। ১ ছক্কা ও ৫টি চারের মারে ৬৭ বলে ৬৮ রান করেন মুশফিক কিন্তু শেষ রক্ষা হয়নি। সাব্বির-মোসাদ্দেকরা আজও জ্বলে উঠতে পারেননি। ফলে ৩ রানের হারের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। আর এ জয়ে সিরিজে সমতায় ফিরেছে ক্যারিবীয়রা।

    তবে এদিন ম্যাচের শুরুতে বল হাতে দুর্দান্ত সাফল্য পায় টাইগারা। এভিন লুইসকে ব্যক্তিগত ১২ রানে এলবিডব্লিউ করে বিদায় জানান মাশরাফি। ১৮ বলে ১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে আউট হন তিনি। এরপর দলীয় ৫৫ রানে ক্রিস গেইলকে সাজঘরে ফেরান মিরাজ। ৩৮ বলে ৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।

    বল হাতে জ্বলে ওঠেন সাকিবও। ৪৩ বলে ৩ বাউন্ডারিতে ২৫ রান করা শাই হোপকে আউট করেন এই টাইগার অলরাউন্ডার। দলীয় ৭৭ রানে সাব্বির রহমানের তালুবন্দী হন হোপ। এরপর রুবেলের বলে ব্যক্তিগত ১২ রানে মুশফিকের তালুবন্দী হয়ে মাঠ ছড়েন জেসন মোহাম্মদ। রোভম্যান পাওয়েলকেও ৪৪ রানে বোল্ড করেন টাইগার পেসার রুবেল। ৭ রানে জেসন হোল্ডারকে সাকিবের বলে স্ট্যাম্পিং করেন মুশফিক। দলীয় ২৩৬ রানে অ্যাশলে নার্সকে বিদায় জানান মোস্তাফিজ। এরপর ব্যক্তিগত ৪ রানে কিমো পলকে রুবেলের বলে তালুবন্দী করেন মুশফিক। দলীয় ২৪২ রানে দেবেন্দ্র বিশুকে বোল্ড করেন মোস্তাফিজ। অবশেষে ৪৯.৩ বলে দলীয় ২৭১ রানে রান আউট হয়ে মাঠ ছাড়েন হ্যাটমায়ার।

    এর আগে, ব্যাট হাতে একাই লড়তে থাকেন হ্যাটমায়ার। ৮৪ বলে ১০০ রান তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৯৩ বলে ১২৫ রানে থামে তার ইনিংস। যার মধ্যে ছিল ৩টি বাউন্ডারি আর ৭টি ওভার বাউন্ডারি।

  • প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং, ৩ রিভিউই বাংলাদেশের পক্ষে

    প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং, ৩ রিভিউই বাংলাদেশের পক্ষে

    বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আম্পায়ারের বেশ কয়েকটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে হয়েছে সাকিব-মাহমুদুল্লাহ ও মুশফিকের। আর এর মধ্যে তিনটি সিদ্ধান্তই বাংলাদেশের পক্ষে এসেছে। ফলে আম্পায়ারের বার বার একই ধরনের ভুল করা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে দর্শক ও ভক্তদের মনে।

    দ্বিতীয় ইনিংসে প্রথমবার সাকিবকে বিষুর বলে এলবি ডব্লিউ দেন আম্পায়ার। কিন্তু মুশফিকের সঙ্গে আলাপ করে রিভিউ নেন সাকিব। পরে থার্ড আম্পায়ার রিভিউ দেখে নট আউট দেন।

    দ্বিতীয়বার আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন মাহমুদুল্লাহ। ৩০তম ওভারের চতুর্থ বলে নার্সের এলবির আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু চ্যালেঞ্জ করেন মাহমুদুল্লাহ। রিভিউয়ে দেখা যায় বল উইকেট মিস করে। ফলে সিদ্ধান্ত যায় বাংলাদেশের পক্ষে।

    আর তৃতীয় সিদ্ধান্তটি আসে মুশফিকের বিপক্ষে সেটিও এলবিডব্লিউ। কিন্তু রিভিউতে দেখা যায় বল প্যাডে আঘাত হানার আগে ব্যাট স্পর্শ করে। ফলে সিদ্ধান্ত যায় মুশফিকের পক্ষে। আর এক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এতগুলো ভুল সিদ্ধান্ত দেওয়ায় আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শক ও ভক্তরা।

  • নওয়াজের চেয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ইমরান খান

    নওয়াজের চেয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ইমরান খান

    পাকিস্তানের জাতীয় নির্বাচনে বেসরকারি ফলাফলে নওয়াজ শরিফের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান খান। তবে পিটিআই ছাড়া বাকি সব দলই কারচুপির অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে।

    পাকিস্তানের দৈনিক ডনের তথ্য অনুযায়ী, ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পেয়েছে ১১৩টি আসন। আর নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৬৪ আসন। এছাড়া বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৪৩টি, এমকিউএম ৫টি এবং এমএমএ ৯টি আসন লাভ করেছে।

    পিএমএল-এনের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বলেছেন, নির্বাচনে নজিরবিহীন কারচুপি হয়েছে এবং ফলে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটেনি। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো নির্বাচনের ফলকে ‘অযৌক্তিক ও অসঙ্গত’ বলে তা প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচনের ফলের ব্যাপারে কঠোর আপত্তি জানিয়েছে।

    তবে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনের প্রধান (সিইসি) মুহাম্মাদ রাজা খান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তিনি বৃহস্পতিবার ভোর ৪টায় রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

    অপরদিকে বুধবার সন্ধ্যার পর নির্বাচনের ফল ঘোষিত হতে শুরু করার পর পিটিআই দলের সমর্থকরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে।